Category: আন্তর্জাতিক

  • ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয়ের সম্ভাবনা সৃষ্টি করবে নিউজিল্যান্ড

    ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয়ের সম্ভাবনা সৃষ্টি করবে নিউজিল্যান্ড

    বিশ্বকাপের আসন্ন বিরতিতে দল ঘুরে দাঁড়াবে এবং শিরোপা জয়ের ভাল একটা সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা করছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বুধবার চেস্টার লি স্ট্রিটে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১১৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে কিউইরা। এটি ছিল আসরে তাদের টানা তৃতীয় পরাজয়। ফলে নিউজিল্যান্ডের পরিবর্তে তৃতীয় দল হিসেবে ইংল্যান্ড সেমি-ফাইনাল নিশ্চিত করে।

    শুরুতে ছয় ম্যাচের মধ্যে ৫ জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা কিউইরা এর আগে পরপর হেরেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। যে ম্যাচের প্রতিপক্ষ ছিল ভারত।

    ইংল্যান্ডের কাছে হারের কারণে টুর্নামেন্ট থেকে যে নিউজিল্যান্ড ছিটকে পড়েছে সেটি বলা যাচ্ছে না। যদিও শুক্রবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ফলাফলের দিকেই তাদের তাকিয়ে থাকতে হবে। তবে সুযোগ বেশী থাকছে কিউইদেরই। কারণ ওই ম্যাচে পাকিস্তান যদি বাংলাদেশের কাছে হেরে যায় তাহলে কোন রকম সমীকরণ ছাড়াই চতুর্থ দল হিসেবে সেমি-ফাইনালে স্থান পাবে নিউজিল্যান্ড। আর পাকিস্তান জয় পেলেও বেশী সুযোগ থাকছে কিউইদের। কারণ তখন পয়েন্টের দিক থেকে দুই দল সমানে পৌঁছলেও ওই জয় এতটাই বড় ব্যবধানে হতে হবে যা নিউজিল্যান্ডের বিশাল নেট রান রেটকেও ছাড়িয়ে যায়। যেটি পাকিস্তানিদের পক্ষে অসম্ভব ব্যাপার। কারণ তিনশ’ রানেরও বেশী ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে তবেই শেষ চারে পৌঁছতে হবে পাকিস্তানিদের। যেটি হবে অবিশ্বাস্য ও বিশ্বকাপের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বর্তমানে নেট রান রেটে এখনো পাকিস্তানের চেয়ে অনেকদূর এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

    শেষ চারে জায়গা হলেও আগামী সপ্তাহের আগে মাঠে নামতে হবে না নিউজিল্যান্ডের।

    উইলিয়ামসন বলেন, ‘আমরা যদি সেমি-ফাইনালে উন্নীত হতে পারি, তাহলে এর আগে একটি ছোট্ট বিরতি পাব। নকআউট পর্বে সেমি-ফাইনালে খেলার সুযোগ পেলে যে কোনো কিছুই ঘটতে পারে। কারণ আমরা জানি আমাদের সেরা পারফর্মেন্সটি এখনো বাকী রয়েছে। তাই আমরা জানি যদি সুযোগ পাই তাহলে যে কোন দলকে হারানোর সুযোগ থাকবে। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা সেখান থেকে মাত্র কয়েক দিনের দূরত্বে আছি।

  • সেতুর কাজে অনিয়ম, প্রকৌশলীর মাথায় কাদা ঢাললেন এমপি

    সেতুর কাজে অনিয়ম, প্রকৌশলীর মাথায় কাদা ঢাললেন এমপি

    ভারতের মহারাষ্ট্র প্রদেশের এক বিধানসভা সদস্য সেতু নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে অনিয়মের অভিযোগ পাওয়ায় প্রকৌশলীর মাথায় কাদা ঢেলে তাকে তিরস্কার করেছেন। ওই এমপি একা নন তার সঙ্গে থাকা সমর্থকরাও সেসময় তাকে অনুসরণ করে ওই প্রকৌশলীর মাথায় কাদা ঢালেন।

    ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাদেশিক গণপূর্ত দফতরের প্রকৌশলীর মাথায় বালতি ভর্তি কাদাপানি ঢেলে দেয়ার কাজটি করেছেন কংগ্রেস দলীয় এম নীতেশ রাণে ও তার সমর্থকরা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্রের প্রদেশের মুম্বাই-গোয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঘটনার শিকার প্রকৌশলীকে সেতুর ওপরই কাদাভর্তি কয়েক বালতি পানি মাথায় ঢেলে দেয়া হচ্ছে।

    ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিরোধী দল কংগ্রেসের হয় ওই এমপি। তবে এমন কাজ করার পেছনে আরও একটি কারণ আছে। তিনি শুধু কংগ্রেসের বিধায়ক নন, তিনি মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ রাণের ছেলে।

    বৃহস্পতিবার নীতেশ রাণে তার সংসদীয় এলাকার কঙ্কাভেলি নামক স্থানে একটি সেতু সংস্কারের কাজ পরিদর্শনে যান। কিন্তু সেতুর কাজে নিম্নমান এবং সড়কের ওপর একাধিক গর্ত দেখে ক্ষুব্ধ হন তিনি। তারপর পাশে থাকা সমর্থকদের নিয়ে নির্বাহী প্রকৌশলীর মাথায় এবং শরীরে বালতি ভর্তি কাদাপানি ঢেলে দেন।

    গত ২৬ জুন উচ্ছেদ অভিযান নিয়ে এক কর্মকর্তাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে শিরোনাম হন দেশটির অপর এক এমপি। ক্ষমতাসীন দল বিজেপির ওই এমপিকে অবশ্য গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।

  • বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

    বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

    অনলাইন ডেস্ক:

    ফের ডাউন হয়ে গেল ফেসবুক। যার জেরে বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে। লগইনে সমস্যার পাশাপাশি ছবি ঠিকমতো লোডিং হচ্ছে না বলে ইউজাররা অভিযোগ করেছেন।

    ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ ‘ইন্সটাগ্রাম’ এবং বার্তা আদান-প্রদানের অ্যাপ ‘হোয়াইটস অ্যাপ’ ব্যবহারের ক্ষেত্রেও অনেক ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিরর ও ডেইলি মেইল।ব্রিটিশ গণমাধ্যম ‘মিরর জানিয়েছে, আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে ফেসবুকে এই সমস্যা দেখা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ লগইন করার সময় সমস্যার মুখে পড়ছেন।এদিকে, ছবি আপলোডের সমস্যার মুখে পড়েছেন ৩৩ শতাংশ ব্যবহারকারী। এ নিয়ে টুইটারে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন বহু ফেসবুক ব্যবহারকারী।

    যদিও এর কারণ সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কারিগরি কারণে এই বিভ্রাট বলে প্রাথমিকভাবে মনে করছেন আইটি বিশেষজ্ঞরা।

  • আফগানিস্তানকে ৩১২ রানের লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

    আফগানিস্তানকে ৩১২ রানের লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

    গুরুত্বহীন এক ম্যাচ। দুই দলই ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে। তবে এমন ম্যাচেও দর্শক বিনোদনের পসরা সাজিয়ে বসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। আফগানিস্তানের বোলারদের তুলোধুনো করে ৬ উইকেটে ৩১১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ক্যারিবীয়রা।

    অর্থাৎ সব ম্যাচ না হেরে দেশে ফিরতে হলে ৩১২ রান করতে হবে আফগানদের।

    টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ধীরে করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৩৩ বলে ক্রিস গেইল আর এভিন লুইসের ওপেনিং জুটি থেকে আসে মাত্র ২১ রান। ১৮ বল খেলে ৭ রান করেই সাজঘরে ফেরেন গেইল।

    তবে দ্বিতীয় উইকেটে শাই হোপের সঙ্গে ৮৮ রানের জুটি গড়ে সেই ধাক্কা কাটিয়ে উঠেন লুইস। ক্যারিবীয় এই ওপেনার পেয়েছেন হাফসেঞ্চুরিও। তবে ৭৮ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৮ রান করার রশিদ খানের শিকার হতে হয়েছে তাকে।

    উইকেটে এসেই ঝড় তুলতে চেয়েছিলেন সিমরন হেটমায়ার। মারকুটে ব্যাটিংই করে যাচ্ছিলেন। ৩১ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৯ রানে পৌঁছে যাওয়া এই ব্যাটসম্যানকে থামান দৌলত জাদরান।

    এরপর ক্যারিবীয় ইনিংসের আরেক হাফসেঞ্চুরিয়ান শাই হোপকে রশিদের ক্যাচ বানান নবী। ৯২ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় হোপ করেন ৭৭ রান। ১৯২ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

    সেখান থেকে পঞ্চম উইকেটে ৬৯ বলে ১০৫ রানের বিধ্বংসী এক জুটি গড়েন জেসন হোল্ডার আর নিকোলাস পুরান। ইনিংসের ৫ বল বাকি থাকতে একাই দৌড় দিতে গিয়ে রানআউট হয়ে যান পুরান। ৪৩ বলে ৫ চার আর ১ ছক্কায় তিনি করেন ৫৮ রান। শাইদ শিরজাদের পরের বলে তুলে মারতে গিয়ে ক্যাচ হন ৩৪ বলে ৪৫ করা হোল্ডারও। তারপরও ক্যারিবীয়দের তিনশো পেরুতে কষ্ট হয়নি।

    আফগানিস্তানের পক্ষে বল হাতে সবচেয়ে সফল দৌলত জাদরান। তবে ২ উইকেট নিলেও তিনি ৯ ওভারেই খরচ করেন ৭৩ রান। ১০ ওভারে রশিদ খান ৫২ রানে নেন ১টি উইকেট।

  • মক্কা-মদিনায় অবস্থানকালে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি

    মক্কা-মদিনায় অবস্থানকালে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি

    হজ উপলক্ষে সারাবিশ্ব থেকেই লাখ লাখ হজ পালনকারী মক্কা-মদিনায় সমবেত হয়। সবাই আল্লাহর মেহমান। ব্যাপক ভিড়ের কারণে স্বাভাবিক চলাফেরা সম্ভব নয়। হজের সময়গুলোতে দলবদ্ধভাবে চলাফেরার বিকল্প নেই।

    যদিও প্রতিটি হজ কাফেলা এবং সৌদি আরবের হজ কর্তৃপক্ষ সার্বক্ষণিক হজ সেবায় প্রস্তুত। তথাপি নিজেদের মধ্যে পরামর্শের আলোকে দলবদ্ধভাবে চলাফেরায় যাবতীয় জটিলতা থেকে মুক্ত থাকা যায়।

    হজ কর্তৃপক্ষ যে দিকনির্দেশনা দেয় এবং হজ কাফেলার মুয়াল্লিমদের পরামর্শ মেনে চলা সবার জন্য একান্ত আবশ্যক। কাফেলার সঙ্গে থাকা দিনগুলোতে এমন কোনো কাজ করা যাবে না, যাতে একজনের অসুবিধার জন্য কাফেলার অন্যদের সমস্যায় পড়তে হয়।

    চলাফেরায় কাফেলার সঙ্গীদের পারস্পরিক সহযোগিতা একান্ত দরকার। মক্কা-মদিনায় অবস্থানকালীন সময় হজ পালনেচ্ছুদের পারস্পরিক সুসম্পর্ক ও যে নিয়মগুলোর প্রতি খেয়াল রাখা জরুরি, তা তুলে ধরা হলো-

    >> মুয়াল্লিম বা কাফেলা প্রধানের অনুমতি ছাড়া কোথাও না যাওয়া। আত্মীয়-স্বজন বা বাহিরে কোথাও গেলে লিখিত অনুমতি নিয়ে যাওয়া।

    >> কাফেলার জন্য নির্ধারিত থাকার জায়গার বাইরে হাজিদের অন্য কোথাও না যাওয়া। তাছাড়া বাইরে থাকার অনুমতিও নেই।

    >> হোটেলে কিংবা বাসা বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে রান্না-বান্নাসহ কাপড় স্ত্রী না করা। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এগুলো থেকে বিরত থাকা জরুরি।

    >> কাফেলার প্রত্যেককেই হজ কর্তৃপক্ষ ও মুয়াল্লিম অফিস থেকে সরবরাহকৃত কব্জি বেল্ট ও মুয়াল্লিম কার্ড নিজেদের কাছে রাখা। যাতে কেউ হারিয়ে গেলে কব্জিবেল্টের সাহায্যে নিজ নিজ কাফেলার সঙ্গে যুক্ত হতে পারে।
    >> হোটেল বা বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় একা একা না বের হয়ে দলবদ্ধভাবে বের হওয়া।
    >> হজ-ওমরার জিয়ারতের যাবতীয় কাজ তথা কাবা শরিফ তাওয়াফ, নিয়মিত জামাআতে অংশগ্রহণ, সাফা-মারওয়ায় সাঈ, আরাফাতের ময়দানে গমন, মিনায় অবস্থান, মুজদালিফায় রাত যাপন এবং শয়তানকে কংকর নিক্ষেপসহ সব জায়গায় বেশি মালামাল না নেয়া।

    >> হজের সফরে কোনোভাবেই খালি পায়ে না হাঁটা। কারণ প্রচণ্ড গরমের কারণে পায়ে ফোসকা পরতে পারে। তাই সব সময় ছোট ব্যাগে সেন্ডেল রাখা।

    >> হজের সফরে বাইরে অবস্থানকালে ছাতা, পানি সঙ্গে রাখা এবং সম্ভব হলে ফলের রস পান করা এবং চর্বিযুক্ত খাবার থেকে বিরত থাকা।
    >> কোনো ধরনের শারীরিক অসুস্থতা অনুভব করার সঙ্গে সঙ্গেই কাফেলার সঙ্গী তথা মুয়াল্লিমকে অভিহিত করা এবং বাংলাদেশ হজ অফিস কর্তৃক পরিচালিত স্বাস্থ্য ক্লিনিকে দ্রুত যোগাযোগ করা।
    >> পরিবেশ রক্ষায় হোটেলে বা বাইরে সব সময় ময়লা-আবর্জনা নির্ধারিত ডাস্টবিনে ফেলা।

    সুন্দর ও সঠিকভাবে হজ পালনে কাফেলার প্রত্যেকেই বন্ধুত্বপূর্ণ আচরণ ও ধৈর্য ধারণ করা যেমন জরুরি। ঠিক তেমনি হজ পালনে ইচ্ছুকদের উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ গুরুত্ব দেয়ায়ও জরুরি।

    আল্লাহ তাআলা হজের এ দীর্ঘ সফরকে হজ পালনকারীদের জন্য সহজ করে দিন।

    হজ পালনকারীদেরকে হজের নিয়ম-কানুনগুলো যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন।

  • মিয়ানমারের নাগরিকদের ফেরাতে চাপ তৈরি করবে সুইডেন সরকার

    মিয়ানমারের নাগরিকদের ফেরাতে চাপ তৈরি করবে সুইডেন সরকার

    বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে সে দেশের সরকারের ওপর চাপ তৈরি করবে সুইডেন সরকার।

    আজ বুধবার মন্ত্রণালয়ের কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মিজ শারলোটা স্লাইটার এ কথা জানান।

    তিনি বলেন, বাংলাদেশ সরকারকে এ সংক্রান্ত সহযোগিতা দিতে সুইডেন সরকার তার কার্যক্রম অব্যাহত রাখবে।

    এ সময় রাষ্ট্রদূত, আগামী ফেব্রুয়ারিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের অংশগ্রহণে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য ‘থার্ড গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি’ সম্মেলনে যোগ দিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

    সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রাজধানীতে গণপরিবহনের সক্ষমতা বাড়াতে মানসম্পন্ন সুইডিস বাস সরবরাহে আগ্রহ প্রকাশ করেন।

  • মিয়ানমারকেই রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে: জাতিসংঘ

    মিয়ানমারকেই রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে: জাতিসংঘ

    রাষ্ট্রহীন করে রাখা রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে মিয়ানমারের প্রতি জোর দাবি জানালেন জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনের তদন্ত কর্মকর্তা রাধিকা কুমারাস্বামী। একই সঙ্গে মায়ানমারের নেত্রী অং সান সুকিকে গণতান্ত্রিক হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

    রাখাইনে ২০১৭ সালের আগস্টে এক ডজন সেনা ও পুলিশ চৌকিতে দেশটির রোহিঙ্গা বিদ্রোহীরা হামলা চালালে কিছু হতাহত হয়। এরপরই সেনাবাহিনী সেখানকার রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে। মিয়ানমার থেকে সাত লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে পালিয়ে এসে আশ্রয় নেয়। এর বছর চারেক আগে বাংলাদেশে আরও চার লক্ষ রোহিঙ্গা এসে আশ্রয় নিয়েছে। মানবিকতার খাতিরে এই এগারো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ হিমশিম খাচ্ছে। মিয়ানমার এই রোহিঙ্গাদের ফেরত নিতে গড়িমসি করছে।

    রোহিঙ্গাদের ওপর নৃশংসতার তদন্ত করেছে জাতিসংঘ। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ওই তদন্ত শেষে জানিয়েছে, সেখানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে। ওই মিশনের অন্যতম সদস্য রাধিকা। দ্য হেগে রাষ্ট্রহীন মানুষ বিষয়ক এক বৈশ্বিক সম্মেলনে রাধিকা বলেন, রাষ্ট্রহীন রোহিঙ্গাদের শিকড় রয়েছে মিয়ানমারে। তাদের অবশ্যই নাগরিকত্ব দিতে হবে মিয়ানমারকে।

    প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করলেও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার মুসলিম রোহিঙ্গাদেরকে নাগরিক হিসেবে স্বীকার করে না। কুমারাস্বামী বলেছেন, “কেরিয়ারে বিভিন্ন স্থানে বহু নৃশংসতা দেখেছি আমি। কিন্তু রোহিঙ্গা মহিলাদের ধর্ষণ ও তাদেরকে জোর করে উৎখাতের ঘটনা আমার অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছে। রাষ্ট্রহীনতাই হল ভয়াবহ রোহিঙ্গা সংকটের মূল কারণ।

    ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রোহিঙ্গা গণহত্যার জন্য মায়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের বিচার করার আহ্বান জানিয়েছে। অবশ্য জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করেছে ,মিয়ানমার।

  • যে গোপন বিষয় জেনে ফেলায় পালাতে বাধ্য হলেন দুবাই শাসকের ৬ষ্ঠ স্ত্রী

    যে গোপন বিষয় জেনে ফেলায় পালাতে বাধ্য হলেন দুবাই শাসকের ৬ষ্ঠ স্ত্রী

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ আল মাখতুমের ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া (৪৫) দেশ ছেড়ে পালিয়ে জার্মানি হয়ে এখন লন্ডনে অবস্থান করছেন। অভিযোগ উঠেছে, পালানোর সময় তিনি তার স্বামীর ৩৩৩ কোটি টাকা সাথে করে নিয়ে গেছেন।

    দুবাইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে কেন তিনি পালালেন সেটা নিয়ে প্রিন্সেস হায়া প্রথমে মুখ না খুললেও এখন তার দাবি, প্রাণ হারানোর ভয়েই স্বামীকে ছেড়ে তিনি দুবাই থেকে পালিয়েছেন।

    দুবাইয়ের শাসক ৬৯ বছর বয়সী শেখ মোহাম্মেদ আল মাখতুম একজন বিলিয়নিয়ার। ইন্সটাগ্রামে তিনি সম্প্রতি কয়েকটি কবিতা পোস্ট করেছেন, যেখানে একজন নারীকে বিশ্বাসঘাতকতার জন্য দায়ী করেছেন।

    জর্ডান বংশোদ্ভূত প্রিন্সেস হায়া পড়াশুনা করেছেন ব্রিটেনে। ২০০৪ সালে শেখ মোহাম্মেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হন। তিনি শেখ মোহাম্মেদের ষষ্ঠ ও কনিষ্ঠ স্ত্রী। বিভিন্ন স্ত্রীর ঘরে দুবাইয়ের এই শাসকের ২৩টি সন্তান আছে বলে জানা যায়।

    প্রিন্সেস হায়া প্রথমে জার্মানি গিয়েছিলেন রাজনৈতিক আশ্রয় চাইতে। এখন তিনি বাস করছেন লন্ডনের কেনসিংটন প্যালেস গার্ডেনসের একটি টাউন হাউজে যার মূল্য প্রায় ১০৭ মিলিয়ন ডলার। তিনি এখন আদালতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

    যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন প্রিন্সেস হায়া, লন্ডনেই থাকতে চান তিনি। কিন্তু কেন তিনি দুবাইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে পালিয়েছেন?

    তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে, প্রিন্সেস হায়া সম্প্রতি তার স্বামীর এক কন্যা শেখ লতিফার দুবাই থেকে পালিয়ে আবার রহস্যজনকভাবে ফিরে আসার পেছনের কিছু গোপন বিষয় জেনে যান। শেখ লতিফা এক ফরাসি নাগরিকের সহায়তায় সাগর পথে পালিয়েছিলেন। কিন্তু ভারতীয় উপকূলে একদল সশস্ত্র ব্যক্তি তাদের বাধা দেয় ও পরে দুবাইতে ফিরিয়ে নেয়।

    ওই ঘটনায় দুবাইয়ের ভাবমূর্তি রক্ষায় প্রিন্সেস হায়া তখন সে সময় আইরিশ প্রেসিডেন্ট ম্যারি রবিনসনের সাথে কাজ করেছিলেন। দুবাই কর্তৃপক্ষ বলছে যে, শেখ লতিফা এখন দুবাইতে নিরাপদে আছেন, তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে তাকে তার ইচ্ছের বিরুদ্ধে অপহরণ করা হয়েছে।

    এরপর প্রিন্সেস হায়া সত্যি কিছু বিষয় সম্পর্কে জানতে পারেন এবং এ নিয়ে তার স্বামীর পরিবার থেকে চাপ আসতে থাকে। এক পর্যায়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন।

    একটি সূত্র জানায়, তিনিও অপহরণের শিকার হতে পারেন বলে এখন আশঙ্কা করছেন। যদিও লন্ডনে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হয়নি। তারা বিষয়টিকে একজনের ব্যক্তিগত বিষয় হিসেবে আখ্যায়িত করেছে।

    তবে যদি তার স্বামী তাকে ফেরানোর কূটনৈতিক উদ্যোগ নেন তাহলে এটা ব্রিটেনের জন্য একটি বড় মাথাব্যথার বিষয় হবে। কারণ আরব আমিরাত যুক্তরাজ্যের ঘনিষ্ঠ।

    ঘটনাটি জর্ডানের জন্যও বিব্রতকর। কারণ প্রিন্সেস হায়া জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সৎ বোন। আবার জর্ডানের বিপুল সংখ্যক নাগরিক দুবাইতে কাজ করে ও বিপুল রেমিট্যান্স আয় করে। তাই দুবাইয়ের সাথে বিরোধে জড়ানো কঠিন হবে জর্ডানের জন্যও।

  • বড় জুটি গড়লেই টার্গেট ছুঁতে পারতো বাংলাদেশ : শচীন

    বড় জুটি গড়লেই টার্গেট ছুঁতে পারতো বাংলাদেশ : শচীন

    বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার বাঁচা-মরার ম্যাচে ভারতের কাছে ২৮ রানে পরাজিত হয় বাংলাদেশ। এ পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে সেমির লড়াই থেকে ছিটকে যায় টাইগাররা।

    তবে পুরো টুর্নামেন্ট জুড়েই লড়াকু পারফরম্যান্সের জন্য প্রশংসায় ভাসছেন টাইগাররা। টাইগারদের খেলায় মুগ্ধ হয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

    গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন বলেন, ম্যাচে মিডল অর্ডারে ব্যাটসম্যানরা আরও একটু বড় জুটি গড়লেই ভারতের ৩১৫ রানের টার্গেট ছুঁতে খুব বেশি কষ্ট হতো না তাদের।

    শচীন বলেন, বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। এটা শুধুমাত্র একটা ভালো পারফরম্যান্স নয়, তারা এখন ধারাবাহিকভাবেই ভালো খেলছে। আর তা অবশ্যই স্বীকার করতে হবে এবং তার ক্রেডিট দিতে হবে।

    তিনি বলেন, ‘বাংলাদেশকে এখন ক্রিকেটের ব্র্যান্ড বলা যায়। আর বাংলাদেশের যতগুলো খেলা আমি দেখেছি, তার সবগুলোর মধ্যে এটাই ছিল সবথেকে ভালো।

    এজবাস্টনে ভারতের দেওয়া ৩১৫ রানের জবাবে ২৮৬ রান করে টিম টাইগার। সেমিফাইনালে জায়গা করে ম্যাচে ২৮ রানে পরাজিত হয় বাংলাদেশ। এই ম্যাচে হারের ফলে সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের।

    আগামী ৫ জুলাই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে।

  • রোহিতই বিশ্বের সেরা ক্রিকেটার: কোহলি

    রোহিতই বিশ্বের সেরা ক্রিকেটার: কোহলি

    আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা দুই ব্যাটসম্যানই ভারতীয় দলের। বিরাট কোহলি বেশ কয়েকবছর ধরেই আছেন শীর্ষস্থান দখল করে। আর দুইয়ে আছেন দলটির ওপেনার রোহিত শর্মা। তবে শীর্ষে থাকলেও কোহলি নিজেকে নয়; বিশ্বসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে তার ভোট গেল রোহিত শর্মার বাক্সে। গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের বিপক্ষে রোহিত ম্যাচজয়ী ইনিংস খেলায় ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন অনুষ্ঠানে এ কথা বলেন ভারতীয় অধিনায়ক।

    বাংলাদেশের বিপক্ষে ১০৪ রানের দারুণ এক ইনিংস খেললেও ব্যক্তিগত মাত্র ৯ রানে মোস্তাফিজুর রহমানের বলে তামিম ইকবালের হাতে জীবন পান রোহিত। জীবন পেয়ে সেই সুযোগটাকে বেশ ভালোভাবে কাজে লাগান তিনি। টাইগার বোলারদের আক্ষেপের আস্তাকুড়ে ফেলে তুলে নেন ক্যারিয়ারের ২৬ ও এবারের বিশ্বকাপের ৪র্থ সেঞ্চুরি।

    আর সেঞ্চুরি করেই অনবদ্য এক রেকর্ডও করে ফেলেন এই ওপেনার। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার পর এখন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক বিশ্বকাপে ৪টি সেঞ্চুরির মালিক রোহিত।

    ম্যাচ শেষে যারপরনাই রোহিতের উপর বেশ খুশি কোহলি। এবারের বিশ্বকাপে এখনো নিজের সেরাটা দিতে না পারলেও সতীর্থের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত তিনি, ‘আমি অনেক বছর ধরেই ওর এরকম ব্যাটিং দেখে আসছি। আমি জনসন্মুখে একটি বলতে চাই। আর তা হলো আমার মতে ওয়ানডে ক্রিকেটের সেরা খেলোয়াড় রোহিতই। যখন সে ব্যাট করে তখন আমরা বড় সংগ্রহের পথে থাকি। তার খেলার কৌশলও আমাদের বেশ সাহায্য করে।’

    উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১২২, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১৪০ এবং ইংল্যান্ডের বিপক্ষে ১০২ রানের তিনটি শতক হাঁকান রোহিত। যার সুবাদে এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান (৫৪৪ রান) সংগ্রাহকও এই উদ্বোধনী ব্যাটসম্যান।