Category: আন্তর্জাতিক

  • মুরসিকে হত্যা করা হয়েছে, দায় নিতে হবে সরকারকে

    মুরসিকে হত্যা করা হয়েছে, দায় নিতে হবে সরকারকে

    মুসলিম ব্রাদারহুডের দাবি, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হত্যা করা হয়েছে। তার মৃত্যুকে ভয়াবহ হিসেবে আখ্যায়িত করেছে মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই মৃত্যুর দায় নিতে হবে মিশর সরকারকে। মুরসি কারাগারে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পান নি। এর প্রতিবাদে দেশে দেশে মিশরীয় দূতাবাসগুলোর বাইরে বিক্ষোভের ডাক দিয়েছে মুসলিম ব্রাদারহুড। মুরসি মারা যাওয়ার পর মঙ্গলবার কায়রোর পূর্বাঞ্চলে মদিনা নাসর কবরস্তানে তাকে দাফন করা হয়েছে। তার আইনজীবী আবদেল মোনেম আবদেল মাকসুদ বলেছেন, এ সময় মুরসির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রোববার তিনি আদালতে অচেতন হয়ে পড়েন।

    এর একদিন পরেই সোমবার মারা যান মুরসি। তার নামাজে জানাজা পড়ানো হয়েছে তোরা জেলখানার হাসপাতাল এলাকায়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

    মুসলিম ব্রাদারহুডের নেতা ছিলেন মোহাম্মদ মুরসি। আরব বসন্তের ধারাবাহিকতায় ৩০ বছরের স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের পর মিশরে প্রেসিডেন্ট নির্বাচিত হয় ২০১২ সালে। ওই নির্বাচনে নাটকীয়ভাবে নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। এটাই সেখানে প্রথম কোনো গণতান্ত্রিক নির্বাচন। কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারেন নি মুরসি। এক গণ প্রতিবাদ ও সামরিক অভ্যুত্থানে ২০১৩ সালের জুলাই মাসে তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়। ক্ষমতা কেড়ে নেন সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল সিসি। তারপর তিনি প্রেসিডেন্ট হন। ওদিকে ক্ষমতা থেকে উৎখাতের পর পরই গ্রেপ্তার করা হয় মুরসিকে। তারপর থেকে তিনি জেলেই ছিলেন।

    মিশরে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ হয়েছে। তবে তারা তাদের নেতা মোহাম্মদ মুরসির মৃত্যুকে একটি হত্যাকা- আখ্যাযিত করে তার জানাজায় গণজমায়েত আহ্বান করেছিল। কিন্তু মঙ্গলবার তাকে দাফন করার সময় মদিনা নাসর কবরস্থান ছিল ফাঁকা। কোনো নেতাকর্মী বা সাধারণ মানুষকে দেখা যায় নি সেখানে। তবে নিজেদের ওয়েবসাইটে মুসলিম ব্রাদারহুড একটি বিবৃতি দিয়েছে। তাতে সারা বিশ্বে মিশরীয় দূতাবাসের বাইরে প্রতিবাদে জমায়েত হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ব্রাদারহুড।

    বেশ কয়েক বছর ধরে রিপোর্ট প্রকাশ হচ্ছিল যে, মুরসির সঙ্গে কারাগারে অশোভন আচরণ ও নির্যাতন করা হচ্ছে। তাই অধিকারকর্মীরা বলছেন, তার মৃত্যুকে জেলখানায় নিঃসঙ্গ রেখে তার ওপর পর্যায়ক্রমে দুর্ব্যবহারের অভিযোগের প্রেক্ষাপতে দেখা উচিত। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মুরসির মৃত্যুর দায় এখন মিশর সরকারকে নিতে হবে। তারা তার উপযুক্ত মেডিকেল সেবা ও কারাগারে বন্দির মৌলিক অধিকার দিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে একই রকম বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আরেক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলেছে, সাবেক এই প্রেসিডেন্টের মৃত্যুর দায় নিতে হবে মিশর সরকারকে। মুরসি মারা যাওয়ার শেষ কয়েক ঘন্টায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের জন্য আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে তারা।

    মোহাম্মদ মুরসির বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি প্রায় ৬ বছর ধরে জেলে বন্দি ছিলেন। ডায়াবেটিস, লিভার ও কিডনি সহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ভুগছিলেন তিনি। ২০১২ সালে বিক্ষোভকারীদের ওপর গুলি করে হত্যা করার অভিযোগে অভিযুক্ত হয়ে তিনি ২০ বছরের জেল ভোগ করছিলেন। তার বিরুদ্ধে রয়েছে কমপক্ষে ৬টি মামলা। অন্যদিকে উপসাগরীয় দেশ কাতার সংশ্লিষ্ট গোয়েন্দাগিরির দায়ে তাকে দেয়া হয়েছিল যাবজ্জীবন জেল। এ ছাড়া তার বিরুদ্ধে রয়েছে জেলবিদ্রোহ করা, বিচার বিভাগকে অবমাননা করা ও সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ। তবে তার সমর্থকরা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন।

  • অজুহাত দেখানোর দিন শেষ, বাংলাদেশকে কৃতিত্ব দিন: ক্যারিবীয় কোচ

    অজুহাত দেখানোর দিন শেষ, বাংলাদেশকে কৃতিত্ব দিন: ক্যারিবীয় কোচ

    বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে হারের পর বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা একটু কঠিন হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। পাঁচ ম্যাচে ১ জয় ও তিন হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বর অবস্থানে রয়েছে ক্যারিবিয়ানরা। তাই সেমিফাইনালে যেতে হলে বাকি থাকা সব ম্যাচে জেতার পাশাপাশি তাদের চেয়ে থাকতে হবে রানরেটের দিকেও।

    প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক প্রকার দাপটের সঙ্গেই বিশ্বকাপ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পরপর তিন ম্যাচে হারের পর এখন পা মাটিতে নেমে গেছে তাদের। সবশেষ বাংলাদেশের বিপক্ষে ৩২১ রান করেও হারের মুখ দেখেছে দলটি। তবে এই হারের পর কোন অজুহাত দিতে চান না ক্যারিবিয়ানদের সহকারী কোচ রডি এস্টিক।

    রডি বলেন, ‘আমি মনে করি এই পিচে এবং মাঠের সাইজ অনুসারে আমরা প্রায় ৬০ রান কম করেছি। বাংলাদেশ এক উইকেটে ত৭০ রান তোলার পর থেকে সবসময়ই আমরা তাদের থেকে পিছিয়ে ছিলাম। আমাদের বড় খেলোয়াড়রা জ্বলে উঠতে পারেনি। তবে ৩২১ রান করার পর এটা ডিফেন্ড করা দরকার ছিল। আমরা হয়তো এখানে দাঁড়িয়ে বলতে পারি, যদি এটা হতো, ওটা হতো। এসব বলে এখন আর পার পেয়ে যেতে পারি না। আমরা ভালো খেলিনি এজন্যই ম্যাচ হেরেছি।’

    তিনি আরও বলেন, ‘আমাদের আরো শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। টুর্নামেন্টে আমাদের হাতে আরো চার ম্যাচ আছে। এবং আমরা কারো উপর আঙুল তুলতে কিংবা দোষারোপ করতে পারি না। আমাদের একত্রিত থাকতে হবে। এভাবেই একটা ভালো দল ঘুরে দাঁড়ায়। আমাদের অজুহাত না খুঁজে এর সমাধান বের করতে হবে।’

    বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিশেষজ্ঞ স্পিনার খেলায়নি ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এতে তাদের বোলিং আক্রমণটা একমুখী হয়ে গিয়েছিল। কিন্তু নিজেদের এই গেম প্ল্যানের পক্ষেই সাফাই গাইলেন ক্যারিবীয় সহকারী কোচ রডি এস্টিক।

    রডির ভাষায়, ‘আমরা যদি বাংলাদেশের বিরুদ্ধে স্পিন অ্যাটাক করতাম, তাহলে সবাই বলতো, নিজেদের শক্তির দিকেই জোর দেয়া উচিত ছিল আমাদের। বাংলাদেশকে কৃতিত্ব দিন। তারা ভালো খেলেছে এবং বেশ উন্নতি করছে। শেষ পাঁচ বারের দেখায় প্রতিবারই তারা আমাদের হারিয়েছে। আমাদের এসব মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে এবং সমাধান খুঁজতে হবে। আমরা এখনো ছিটকে পড়িনি, লড়াই করে ফেরার সুযোগ আছে।

  • আফগানিস্তানকে ৩৯৮ রানের টার্গেট দিল ইংল্যান্ড

    আফগানিস্তানকে ৩৯৮ রানের টার্গেট দিল ইংল্যান্ড

    আফগানিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়েছে স্বাগতিক ইংল্যান্ড। অধিনায়ক ইয়ন মরগানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৯৭ রান করেছে ইংলিশরা। এই ম্যাচে ১৭টি ছয় মেরে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড গড়েন মরগান।

    ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করেন জেমস ভিন্স ও জনি বেয়ারস্টো। ২৬ রান করে আউট হন ভিন্স। দ্বিতীয় উইকেট জুটিতে বেয়ারস্টোকে সাথে নিয়ে ১২০ রান যোগ করেন রুট। ব্যক্তিগত ৯০ রান করে গুলবাদিন নাঈবের বলে প্যাভিলিয়নে ফেরত যান তিনি।

    এরপর তৃতীয় উইকেটে রুট ও অধিনায়ক ইয়ন মরগান চার-ছয়ে বল সীমানা পার করতে থাকেন। মাত্র ৫৭ বলে তিনি তুলে নেন বিশ্বকাপের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। সেই সাথে ১৭টি ছক্কা মেরে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডটিও নিজের করে নেন মরগান।

    অন্যদিকে অর্ধশতক তুলে নেন রুট। তবে বেয়ারস্টোর মতো তিনিও সেঞ্চুরি মিস করেন। ৮৮ রান করে গুলবাদিন নাঈবের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

    মরগানের পর জস বাটলার (২) ও বেন স্টোকস (২) দ্রুত বিদায় নেন। শেষ দিকে মঈন আলীর ৯ বলে ৩১ রানে ঝড়ো ইনিংসের কল্যাণে ৬ উইকেটে ৩৯৭ রানে বিশাল সংগ্রহ দাড় করায় ইংল্যান্ড।

  • এই বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ইংল্যান্ডের

    এই বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ইংল্যান্ডের

    বিশ্বের সবচেয়ে ভয়ংকর ব্যাটিং লাইনআপ এখন ইংল্যান্ডের। তিনশো-সাড়ে তিনশো রান তাদের জন্য যেন হাতের মোয়া। আফগানিস্তানের বিপক্ষেও রানের পাহাড়ই গড়লো ইয়ন মরগানের দল। গড়লো চলতি বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।

    মরগানের ৭১ বলে ১৪৮ রানের ভয়ংকর ক্যাপ্টেনস নকে ভর করে ৬ উইকেটে ৩৯৭ রান। অর্থাৎ জিততে হলে আফগানিস্তানকে করতে হবে ৩৯৮ রান।

    বিশ্বকাপের মঞ্চ যে কত কঠিন, সেটি হারে হারেই টের পাচ্ছে আফগানিস্তান। বড় দলগুলোকে হারিয়ে দেয়ার হুঙ্কার ছেড়ে বিশ্বকাপে আসা দলটি এখন পর্যন্ত একটি ম্যাচেও লড়াই করতে পারেনি।

    আজ (মঙ্গলবার) ম্যানচেস্টারে হট ফেবারিট ইংল্যান্ডের বিপক্ষে বল করতে নেমে আরও একবার বাস্তবতা টের পেলেন রশিদ খান, মোহাম্মদ নবীরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে তাদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন বেয়ারস্টো-রুট মরগানরা।

    জনি বেয়ারস্টো একটুর জন্য সেঞ্চুরি পাননি। ৯৯ বলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় ইংলিশ ওপেনার আউট হন ৯০ রানে। ৩১ বলে ২১ করে সাজঘরে ফেরেন জেমস ভিন্স।

    দলীয় ৪৪ রানের মাথায় ভিন্স আউট হওয়ার পর বেয়ারস্টো আর জো রুট দ্বিতীয় উইকেটে যোগ করেন ১২০ রান। এরপরই সবচেয়ে ভয়ংকর জুটিটা মাঠে দাঁড়িয়ে যায়।

    তৃতীয় উইকেটে মরগানের সঙ্গে রুট ১০১ বলে গড়েন ১৮৯ রানের জুটি। গুলবাদিন নাইবের বলে রুটের আউটে ভাঙে এই জুটি। ৮২ বলে ৫ চার আর ১ ছক্কায় ডানহাতি এই ব্যাটসম্যান করেন ৮৮ রান।

    তবে মাঠে আসার পর থেকে আউট হওয়ার আগ পর্যন্ত রীতিমত তান্ডব চালিয়ে গেছেন মরগান। ৭১ বলে ১৪৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে ইংলিশ অধিনায়কও হন নাইবেরই শিকার।

    তবে তার আগে বিশ্বরেকর্ড গড়া হয়ে গেছে মরগানের। ইনিংসে ৪টি চারের সঙ্গে ১৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ওয়ানডেতে কোনো ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটিই।

    শেষদিকে বেশ কয়েকটি উইকেট তুলে নিতে পেরেছে আফগানিস্তান। ৯ রানের ব্যবধানে ৩ উইকেট ফেলে দেয় তারা। এরপর আরও কয়েকটি উইকেট হারানোয় চারশ হয়নি ইংল্যান্ডের।

    আফগানিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন গুলবাদিন নাইব আর দৌলত জাদরান।

  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। ভূমিকম্পের পর দেশটিতে জরুরি সুনামি সতর্কতা জারি করেছে সরকার। দেশটির উত্তর উপকূলে মঙ্গলবার ভূমিকম্পটি আঘাত হানে বলে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

    এর আগে পাওয়া প্রতিবেদন থেকে জানা গেছে, সমুদ্র উপকূলে স্বাভাবিকের চেয়ে বেশি গতির ঢেউ আছড়ে পড়ছে। এমনটা দেখা যাওয়ার পর দেশটির ইয়ামগাতা, নিগাতা, ইশিকাওয়া নামক অঞ্চলগুলোতে জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

    তবে ভূমিকম্পের কারণে প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতি হওয়ার কোনো খবর এখনো পাওয়া যায়নি। দেশটির হোনসু দ্বীপ থেকে ৫৩ মাইলে দূরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে দেশটির আবহাওয়া-সংক্রান্ত সংস্থা ওসব অঞ্চলের সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বীপেগুলোতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

    ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপান সাগরের সাত মাইল গভীরে। দেশটির সংবাদমাধ্যম এনএইচকে মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন সুনামি দেখার জন্য ওইসব এলাকায় সমুদ্র উপকূলের কাছাকাছি না যায়।

  • ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির নতুন কমিটি ঘোষনা

    ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির নতুন কমিটি ঘোষনা

    বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সম্প্রতি নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। প্যারিসে সিম্পলনের অভিজাত এক রেস্টুরেন্টে বিগত কমিটি বিলুপ্ত করে ওবায়দুল ইসলাম রিয়াদকে সভাপতি, মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এনামুল হক স্বপনকে প্রধান উপদেষ্টা করে এ কমিটি ঘোষনা করা হয়।

    এর আগে সিদ্দিক খানের পরিচালনায় বিদায়ী সভাপতি মোতালেব খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাসির উদ্দিন চুন্নু, সোহরাব ভূঁইয়া, রিপন খান, সাইফুল ইসলাম মিরাজ, জলিল শরীফ, শামীম রহমান, মির্জা রাহাত, তপু খান, মোস্তফা কামাল, এস কে কামাল, মারুফ ফয়সাল, আব্দুস সালাম, শামীম সিকদার, সোহেল রানা, ইকবাল হোসাইন, রিকন দেওয়ান, আরিফ রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করে সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করার নির্দেশনা দেয়া হয়।

    নবনির্বাচিত নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করে বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজের মঙ্গলে এ কমিটি কাজ করে যাবে।
    এসময় তারা আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে দেশ ও জাতীর কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • বাংলাদেশের দুই নারী পাইলট এখন রোল মডেল

    বাংলাদেশের দুই নারী পাইলট এখন রোল মডেল

    বাংলাদেশের প্রথম দুই নারী হেলিকপ্টার পাইলটের সুনাম এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। তাঁরা হলেন ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না-ই-লুৎফী। এক বছরের বেশি সময় হলো তাঁরা কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (মনুস্কো) কাজ করছেন। খোদ জাতিসংঘ বলেছে, এই দুই নারী পাইলট এখন কঙ্গোর নারীদের কাছে রোল মডেলে পরিণত হয়েছেন।

    নাইমা ও তামান্নাকে নিয়ে জাতিসংঘ গত রোববার একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে তাঁরা শান্তিরক্ষা মিশনে নারী পাইলট হিসেবে নিজেদের চ্যালেঞ্জিং কাজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম দুই নারী হেলিকপ্টার পাইলট তাঁরা। ২০১৪ সালের ডিসেম্বরে তাঁরা বিমানবাহিনীর সামরিক পাইলট হিসেবে প্রথম স্বীকৃতি পান। এরপর ২০১৭ সালের ডিসেম্বরে তাঁরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাজে কঙ্গোতে যান। শান্তিরক্ষা মিশনে কাজ করা প্রথম বাংলাদেশি নারী পাইলটও তাঁরাই।

    বাংলাদেশের জন্য তো বটেই, সাব-সাহারা অঞ্চলের যুদ্ধবিধ্বস্ত দেশ কঙ্গোর নারীরাও এখন এই দুই বাংলাদেশি নারীকে অনুপ্রেরণা মানছেন। জাতিসংঘ তাঁদের সম্পর্কে বলেছে, ‘কঙ্গোর নারীদের রোল মডেল হতে এই দুই নারী পাইলটকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে এই অবস্থানে আসতে হয়েছে। এখনো প্রতিদিন তাঁদের অনেক বিপজ্জনক বাধা ডিঙোতে হয়। তবে তাঁরা সব কাজই সফলভাবে শেষ করেন।’

    নাইমা ও তামান্নাকে নিয়ে জাতিসংঘ একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে
    ভিডিওতে শান্তিরক্ষা মিশনে নিজেদের চ্যালেঞ্জিং কাজের অভিজ্ঞতা বর্ণনা
    বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম দুই নারী হেলিকপ্টার পাইলট তাঁরা
    ২০১৪ সালে তাঁরা বিমানবাহিনীর সামরিক পাইলট হিসেবে প্রথম স্বীকৃতি পান
    ২০১৭ সালের ডিসেম্বরে তাঁরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে যান

    ভিডিওতে তামান্না বলেন, ‘আমি নিজেকে নারী হিসেবে দেখি না। আমি একজন শান্তিরক্ষী—এটাই আমার পরিচয়।’ নিজের পেশা নিয়ে তিনি বলেন, যন্ত্র নারী-পুরুষে ভেদ করে না। এ জন্যই পুরুষ আধিপত্যশীল সমাজে নারী হয়েও এই পেশায় আসতে পেরেছেন তিনি। তামান্না বলেন, দেশের প্রথম নারী সামরিক পাইলট হিসেবে যখন বিমানবাহিনীতে নিয়োগ পেয়েছিলেন, তখন তাঁর উত্তেজনা আকাশ ছুঁয়েছিল। নারীরাও এগোচ্ছে ভেবে ভীষণ গর্ব হয়েছিল।

    নাইমা বলেন, ‘কঙ্গোর নারীরা আমাদের দেখে অনুপ্রেরণা পান। কিশোরীরা আমাদের দেখে তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সংকল্প দৃঢ় করে। নিজেদের অধিকারের জন্য নিজেকেই লড়তে হবে—এটা নারীদের বুঝতে হবে। ভালো কিছু অর্জন করতে চাইলে তাদের কঠোর পরিশ্রম করতে হবে।’

    এই দুই নারী পাইলট ভিনদেশে শান্তিরক্ষা কাজকে ‘মহৎ’ হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পেরে তাঁরা গর্বিত। নারীদের এই পেশায় প্রতিষ্ঠা পাওয়ার পথ সুগম করতে তাঁরা যা যা প্রয়োজন, সব করবেন বলে জানান।

  • দর্শনার্থীর মোবাইল ছিনিয়ে নিয়ে বানরের সেলফি!

    দর্শনার্থীর মোবাইল ছিনিয়ে নিয়ে বানরের সেলফি!

    ইন্দোনেশিয়ার বালি দ্বীপে একটি পার্কে বেড়াতে আসা একদল পর্যটকের মোবাইল কেড়ে নিয়ে তাদের সঙ্গে সেলফি তুলছে বানর। সেলফি তোলা নিয়ে বানরটি যা করেছে তা নিয়ে টুইটারে ব্যাপক আলোচনা হচ্ছে।

    এ ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নারী পর্যটক জুডি হিকস, তার স্বামী ও ছেলে-মেয়েদের সঙ্গে।

    অস্ট্রেলিয়ার ওই দম্পতি ছুটি কাটাতে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বালিতে। বালির পাশের উবুদ মানকি ফরেস্টে তারা ঘুরতে গিয়েছিলেন। ওই পার্কটি বানরদের অভয়ারণ্য হিসেবে পরিচিত।

    বালিতে ট্যুর গাইডকে ছবি তোলার জন্য মোবাইলটি হস্তান্তর করেন তারা। মোবাইলে ছবি তোলার জন্য সবাই প্রস্তুত। জুডির পরিবারে সবাই যখন পোজ দিচ্ছিলেন তখনই এমন মোবাইল কেড়ে নিয়ে নিজেই সেলফি তোলা শুরু করে বানরটি।

    মোবাইল দেখামাত্রই বানরটি দূর থেকে ছুটে আসে। এসেই ঝাঁপিয়ে পড়ে ট্যুর গাইডের হাত থেকে কেড়ে নেয় মোবাইলটি। তারপরই সবার সামনে দাঁড়িয়ে সুন্দর পোজ দিয়ে ছবি তোলেন। বানরের তোলা সেই সেলফি টুইটারে পোস্ট করে ঘটনার কথা সবাইকে জানান অস্ট্রেলীয় ওই পর্যটক। পরে সেই ছবি ভাইরাল হয়।

  • মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানিও পা রাখছেন রুপালি পর্দায়

    মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানিও পা রাখছেন রুপালি পর্দায়

    বলিউড ও টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর পর ছোট ছেলে নমশি চক্রবর্তীর অভিষেকের খবরের মধ্যে আরও একটি খবর জানা গেল। সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সুন্দরী মেয়ে দিশানিও পা রাখতে যাচ্ছেন রুপালি পর্দায়। খবর এই সময়ের।

    সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে বিস্তারিত কিছুই জানায়নি। এরই মধ্য ইনস্টাগ্রামে তারকা হয়ে উঠেছেন দিশানি। তাঁর ছবি দেখে অনেকেরই মত, বলিউডে সেনসেশন হতে পারেন মিঠুন-কন্যা। সম্প্রতি নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে অভিনয় শিক্ষা শেষ করেছেন দিশানি। ফ্যাশন সেন্সেও পিছিয়ে নেই তিনি। তাঁর সাজগোজ দেখে অনেকেই তাঁকে আগামী দিনের ফ্যাশনিস্তাই বলছেন।

    উল্লেখ্য, মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর রুপালি পর্দায় অভিষেক ঘটেছে কয়েক বছর আগেই। যদিও বাবার জনপ্রিয়তার ধারের কাছেও যেতে পারেননি তিনি। ‘হোন্টেড’ নামে একটি ভৌতিক ছবিতে মিমোর অভিনয় প্রশংসিত হলেও আর কোনো ছবি সাফল্য এনে দেয়নি তাকে।

  • তীব্র প্রতিক্রিয়ার মুখে ‘হালাল নাইটক্লাব’ বন্ধ করল সৌদি

    তীব্র প্রতিক্রিয়ার মুখে ‘হালাল নাইটক্লাব’ বন্ধ করল সৌদি

    বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে হালাল নাইটক্লাবটি বন্ধ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

    গত বৃহস্পতিবার রাত থেকে আনুষ্ঠানিকভাবে ওই নাইটক্লাবটি চালুর কথা থাকলেও দেশটির অধিকাংশ নাগরিকের আপত্তির মুখে উদ্বোধনের রাতেই এটি বন্ধ ঘোষণা করা হয়। খবর অ্যারাবিয়ান বিজনেসের।

    সম্প্রতি জেদ্দায় বিখ্যাত ব্র্যান্ড নাইটক্লাব হোয়াইটের কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হলে বিষয়টি নিয়ে সৌদি নাগরিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও বিতর্ক সৃষ্টি হয়।

    পবিত্র নগরী মক্কা শহরের পাশে এমন কার্যক্রম শুরুর বিষয়ে দেশটির অধিকাংশ নাগরিকই অসন্তুষ্টি প্রকাশ করেন। হালাল নাইটক্লাবের খবর প্রকাশিত হলে বিশ্বব্যাপী মুসলিমদের মাঝেও ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

    গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নাইটক্লাবের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে হোয়াইটের একজন দায়িত্বশীল ব্যক্তিকে কথা বলতে শোনা যায়। বিনোদনের জন্য ডিস্কোকে একটি সম্মানিত কাজ হিসেবে উল্লেখ করেন তিনি।

    এমন আলোচনা-সমালোচনার মধ্যে সৌদি আরবের সংস্কৃতি বিভাগ একটি টুইট বার্তায় জানায়, অনলাইনে ছড়িয়ে পড়া ওই নাইটক্লাবের ভিডিওটি দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই সংস্কৃতি বিভাগ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছে।

    নাইটক্লাবটি খুলতে কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়নি বলেও জানানো হয়।

    এদিকে নাইটক্লাবটির উদ্বোধনী শোতে অংশ নিতে মার্কিন শিল্পী, গীতিকার নে ইয়োকে আমন্ত্রণ জানানো হয়েছিল। নাইটক্লাবটির অনুমতি বাতিল করায় মাঝপথ থেকে ফিরে যান তিনি।

    এ বিষয়ে ইন্সটাগ্রামে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন নে ইয়ো বলেন, জেদ্দার মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি পথেই ছিলাম। এরইমধ্যে জানতে পারলাম কর্তৃপক্ষ নাইটক্লাবটি বন্ধ করে দিয়েছে। আমি আশা করছি অন্যকোনো সময়ে আমাদের দেখা হবে। জেদ্দার হোয়াইটদের প্রতি আমার ভালোবাসা রইল।

    ধর্মীয়ভাবে রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে এতদিন সিনেমা, নারীদের গাড়ি চালানোসহ বিভিন্ন বিষয় ধর্মীয় কারণে নিষিদ্ধ ছিল। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘কট্টরপন্থা’ উপড়ে ফেলে ‘মধ্যপন্থার’ ইসলাম ধর্মে ফেরার ঘোষণা দিয়েছেন।

    সেই ধারাবাহিকতায় দুবাই ও বৈরুতের বিখ্যাত ব্র্যান্ড নাইটক্লাব হোয়াইট সৌদি আরবের জেদ্দায় হালাল নাইটক্লাব চালুর ঘোষণা দিয়েছিল।

    এ হালাল নাইটক্লাবে বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা ও সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হলেও মদ বা অ্যালকোহল জাতীয় পানীয় নিষিদ্ধ ছিল।

    ড্যান্সে আগ্রহী নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত রেখে ওই নাইটক্লাবের লাউঞ্জের একটি অংশে ড্যান্স ফ্লোর রাখা হয়েছিল।

    শুরু থেকে নাইটক্লাবটির বিষয়ে নীরব রয়েছে সৌদি মিডিয়াগুলো। আরব নিউজ, আল আরাবিয়া, আশ-শারকুল আওসাতসহ সৌদির শীর্ষস্থানীয় কোনো মিডিয়া এ নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।