Category: আন্তর্জাতিক

  • তেল রফতানি চলবে, কেউ ঠেকাতে পারবে না: ইরান

    তেল রফতানি চলবে, কেউ ঠেকাতে পারবে না: ইরান

    আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল রফতানি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে তেহরান। ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও অনানুষ্ঠানিক বা অপ্রচলিত উপায়ে তেল রফতানি চালিয়ে যাবে তার দেশ।

    গত বছরের নভেম্বরে মার্কিন সরকার ইরানের তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা দিলেও আটটি দেশকে ছয় মাসের জন্য ইরানের কাছ থেকে তেল কেনার অনুমতি দিয়েছিল। গত মাসের গোড়ার দিকে ওই আট দেশকে দেয়া সে অনুমতি প্রত্যাহার করে নেয় ওয়াশিংটন। মার্কিন প্রশাসন ঘোষণা করে, তারা ইরানের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনবে।

    কিন্তু ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা ‘শানা’কে দেয়া সাক্ষাৎকারে জাঙ্গানে বলেন, “আমরা অপ্রচলিত উপায়ে তেল বিক্রি চালিয়ে যাচ্ছি যা সম্পূর্ণ গোপনীয়। এটি প্রকাশ হয়ে পড়লে আমেরিকা সঙ্গে সঙ্গে সে পথ বন্ধ করে দেবে।

    কি উপায়ে ইরান তেল রফতানি চালিয়ে যাচ্ছে তার সামান্যতম ইঙ্গিত না দিয়ে তেলমন্ত্রী বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনো পরিসংখ্যান প্রকাশ করব না।

    ইরান বর্তমানে প্রতিদিন কি পরিমাণ তেল রফতানি করছে এবং কতো বৈদেশিক মুদ্রা অর্জন করছে তা গোপনীয় তথ্য বলে তিনি উল্লেখ করেন।

    ইরানের অভিজ্ঞ এ তেলমন্ত্রী শুরু থেকেই বলে এসেছেন, তার দেশের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনার যে কথা আমেরিকা বলছে তা ‘দিবাস্বপ্ন’ ছাড়া আর কিছু নয়। তবে জাঙ্গানে একথাও বলেন, নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমেরিকা বর্তমানে ‘পাক্কা শয়তানে’ পরিণত হয়েছে। ইরান বর্তমানে ইতিহাসের কঠিনতম নিষেধাজ্ঞা মোকাবিলা করছে বলেও স্বীকার করেন তিনি।

  • সেনা কর্মকর্তাকে রাক্ষুসে মাছ পিরানহা ভর্তি পুকুরে ফেললেন কিম

    সেনা কর্মকর্তাকে রাক্ষুসে মাছ পিরানহা ভর্তি পুকুরে ফেললেন কিম

    যত দিন যাচ্ছে, তত যেন আরও নৃশংস হয়ে উঠছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। একেবারে জেমস বন্ডের ছবির আদলেই এক শীর্ষ সেনা কর্মকর্তাকে রাক্ষুসে পিরানহা মাছ ভর্তি পুকুরে ফেলে নাকি হত্যা করেছেন কিম।

    সংবাদ মাধ্যম ‘ডেইলি স্টার’ সূত্রে খবর, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে এক সেনাকর্তাকে হিংস্র পিরানহা ভরা পুকুরে ছুঁড়ে ফেলে হত্যা করলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন।

    গত মে মাসে আমেরিকায় তার দূত হিসেবে পাঠানো কূটনীতিকের পরে কিমের অভিনব হত্যালীলায় এটিই সাম্প্রতিকতম সংযোজন।

    সূত্রের খবর, কিমের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন ওই কর্মকর্তা। কোনওভাবে সেই খবর পৌঁছে যায় তার কাছে। তারপরই ওই সেনাকর্তাকে হত্যার নির্দেশ দেন কমিউনিস্ট দেশটির প্রধান। তবে এই মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি অত্যন্ত নৃশংস ছিল। প্রথমে ওই সেনাকর্তার হাত, পেট ও পা ধারাল চাকু দিয়ে চিড়ে ফেলা হয়। তারপর তাকে ফেলে দেয়া হয় পিরানহা ভরা পুকুরে।

    রক্তের গন্ধে ধেয়ে আসে হাজার হাজার রাক্ষুসে মাছ। মুহূর্তের মধ্যে অসহায় মানুষটিকে আঁচড়ে, কামড়ে জীবন্ত খেয়ে ফেলে তারা। বিদ্রোহীদের বার্তা দিতেই এই পন্থা নিয়েছেন কিম, এমনটাই মনে করা হচ্ছে।

    অনেকের ধারণা, ১৯৬৫ সালে মুক্তি পাওয়া জেমস বন্ডের ছবি ‘ইউ ওনলি লিভ টোয়াইস’ ছবি থেকেই এই অভিনব হত্যার ছক সাজিয়েছেন কিম বলেই মনে করছেন অনেকে। ওই ছবির ভিলেন ব্লোফিল্ডের একটি পিরানহা ভর্তি পুকুর ছিল, যেখানে ছুঁড়ে ফেলে সহকারী হেলগা ব্র্যান্ডকে সে খুন করার ফন্দি এটেছিল। তবে এই প্রথম নয়, এর আগেও কোন দোষ পেলেই হত্যার নির্দেশ দিয়েছেন কিম।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে খুন করা হয়েছে উত্তর কোরিয়ার বিশেষ দূত কিম হায়োক চোল ও তার সঙ্গী পররাষ্ট্র মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে। তারপরই এমন কাণ্ডে আবারও কিমের নৃশংসতায় শিউড়ে উঠছে বিশ্ববাসী।

  • সাউদ্যাম্পটনে আমলা-মার্করামের বিদায়ের পরই বৃষ্টির হানা

    সাউদ্যাম্পটনে আমলা-মার্করামের বিদায়ের পরই বৃষ্টির হানা

    বিশ্বকাপের ১৫তম ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাউদ্যাম্পটনের রোজ বোলে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সোমবার বিকাল সাড়ে ৩টায়। টানা তিন ম্যাচে হারে ১০ দলের মধ্যে নবম স্থানে প্রোটিয়ারা। ফলে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ফাফ ডু-প্লেসিসদের।

    অন্যদিকে, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পরের ম্যাচে নিশ্চিত জয়ের ম্যাচ তারা তুলে দেয় অস্ট্রেলিয়ার হাতে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়াতে চাইবে আজ। আগের দুই ম্যাচে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে তালিকার সাতে আছে ক্যারিবিয়ানরা।

    এমন সমীকরণ মাথায় নিয়ে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে। প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত হানেন শেলডন কোটরেল। দলীয় ১১ রানে ব্যক্তিগত ৬ রান করে বিদায় নেন হাশিম আমলা। এরপর কোটরেল বিদায় করেন এইডেন মার্করামকে। দক্ষিণ আফ্রিকার রান তখন ২৮। বিদায়ের আগে মার্করাম করেন ৫ রান। এখন ক্রিজে আছেন কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিস। ডি কক ১৭ রানে অপরাজিত আছেন। আর ডু প্লেসিসের এখনো রানের খাতা খোলার আগেই আঘাত হানে বৃষ্টি।

    বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগ পযর্ন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭.৩ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ২৯ রান করেছে প্রোটিয়ারা।

  • নেশনস লিগের প্রথম চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

    নেশনস লিগের প্রথম চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

    ইউরো চ্যাম্পিয়নশিপ ছাড়াও ইউরোপের দেশগুলোকে নিয়ে প্রথমবারের মত আয়োজন করা হয় উয়েফা নেশন্স লিগ। সেই লিগের প্রথম আসরের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা ঘরে তুলল পর্তুগাল।

    পোর্তোর এস্টাডিও দো দ্রাগাওয়ে অনুষ্ঠিত সেই অসাধারণ ম্যাচে বার্নার্ডো সিলভার পাস থেকে ৬০ মিনিটে দুর্দান্ত গোলটি করলেন গনকালো গুয়েদেস। এই একমাত্র গোলেই নেশন্স লিগের শিরোপা জিতে নিলো পর্তুগাল।

    পর্তুগাল ৩১তম মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। তবে সেমি-ফাইনালে হ্যাটট্রিক করা রোনালদোর জোরালো হেড রুখে দেন বার্সেলোনা গোলরক্ষক ইয়াসপের সিলেসেন। প্রথমার্ধের বাকি সময়েও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে দলটি, যদিও এ সময়ে নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।

    তবে ৬০ মিনিটে ওলন্দাজদের বিপক্ষে অসাধারণ একটি গোল আদায় করে নেয় পর্তুগিজরা। অ্যাটাকিং হাফ থেকে বল নিয়ে এগিয়ে যান বার্নার্ডো সিলভা। বক্সের মধ্যে গিয়ে নিজে চেষ্টা করেন শট নেয়ার। কিন্তু ডাচ ডিফেন্ডারদের কারণে শট নেয়ারই চেষ্টা করেননি।

    ম্যাচে ৪৩ ভাগ বল পজেশন ছিল পর্তুগালের। ৫৭ ভাগ ছিল ডাচদের দখলে। তবে, গোলে শট নিয়েছে বেশি পর্তুগালই। ১৮টি। এরমধ্যে অন টার্গেটই ছিল ৭টি। বিপরীতে নেদারল্যান্ডস শট নিয়েছে কেবল ৪টি। যার মধ্যে অনটার্গেট শট ছিল মাত্র ১টি।

    ৩ বছর আগে ফ্রান্সকেও ১-০ গোলে হারিয়ে প্রথমবারেরমত ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল পর্তুগিজরা। এদিকে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর এই নিয়ে ১০ ম্যাচ খেলে অপরাজিত রইলো পর্তুগাল।

    এদিকে গত ইউরো এবং বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। সেই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে ডাচরা। যার প্রতিফলন উয়েফা নেশন্স কাপের ফাইনালে খেলা।

  • হন্ডুরাসকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

    হন্ডুরাসকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

    কোপা আমেরিকা শুরুর আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলো ব্রাজিল। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচে চালকের আসনে বসা ব্রাজিল সবশেষ প্রীতি ম্যাচে হন্ডুরাসকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে।

    ইনজুরির কারণে নেইমার ছিটকে গেলেও ঘরের মাঠ এস্তাদিও বেইরা-রিও স্টেডিয়ামে পুরো ম্যাচ জুড়েই বল দখলে আধিপত্য দেখায় স্বাগতিকরা। ব্রাজিলের গোল উৎসব শুরু হয় ম্যাচের ষষ্ঠ মিনিটেই। দানি আলভেজের পাস থেকে জেসুস হেড দিয়ে গোল করলে প্রথমে অফ সাইডের কারণে গোল বাতিল করা হয়। পরে ভিডিও রেফারির সহায়তায় গোলটি নিশ্চিত করা হয়। ১৩তম মিনিটে ফিলিপে কৌতিনিয়োর কর্নারে চিয়াগোর হেড দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পেলে ব্যবধান দ্বিগুণ হয়।

    ২৯তম মিনিটে আর্থারকে ফাউল করেন রোমেল কিয়োতো। রেফারি ভিএআরের সাহায্যে হন্ডুরাসের এই খেলোয়াড়কে লালকার্ড দেখান। চোট পেয়ে খেলা চালিয়ে যেতে পারেননি আর্থার। বার্সেলোনার এই মিডফিল্ডারের জায়গায় নাপোলির আলানকে নামান তিতে।

    সফল স্পট কিকে ৩৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন বার্সেলোনা মিডফিল্ডার কৌতিনিয়ো। ডি-বক্সের মধ্যে রিশার্লিসন ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। একটু পর কৌতিনিয়োর শট পোস্টে লেগে ফিরে।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই সতীর্থের বাড়ানো বলে রিশার্লিসন হেড করার পর কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন জেসুস। ৫৫তম মিনিটে তাকে তুলে নিয়ে লিভারপুলের ফরোয়ার্ড ফিরমিনোকে নামান কোচ।

    পরের মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা আয়াক্সের ফরোয়ার্ড নেরেসের দারুণ গোলে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। ৬৫তম মিনিটে সুযোগ নষ্টের পরপরই প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে পেয়ে যাওয়া বল জালে পাঠান ফিরমিনো। পাঁচ মিনিট পর টোকায় জাল খুঁজে নেন অরক্ষিত রিশার্লিসন।

    আগামী শুক্রবার শুরু হতে যাওয়া এবারের কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিযোগিতাটির আটবারের চ্যাম্পিয়নরা। ‘এ’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পেরু।

  • সময় এসেছে সরে যাওয়ার’‌, অবসর ঘোষণা যুবরাজের

    সময় এসেছে সরে যাওয়ার’‌, অবসর ঘোষণা যুবরাজের

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন যুবরাজ সিং।

    সোমবার সাংবাদিক সম্মেলন করে অবসরের কথা জানানোর সময় ভারতীয় ক্রিকেটের এককালের ‘‌পোস্টার বয়’‌ বললেন, “‌গত ২৫ বছর ধরে ২২ গজে থাকার পর এবং গত ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আমি সিদ্ধান্ত নিয়েছি সরে যাওয়ার।”

    তিনি বলেন, “এই খেলা আমাকে শিখিয়েছে কীভাবে লড়তে হয়, পড়ে গেলে ধুলো ঝেড়ে কীভাবে উঠে দাঁড়াতে হয় আর এগিয়ে যেতে হয়। ক্রিকেট আমাকে সর্বস্ব দিয়েছে, আর এজন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি।

    ক্যান্সারকে হারিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে সফলভাবে ফিরে আসা ৩৭ বছরের যুবরাজ ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, “আমি সত্যিই খুব ভাগ্যবান যে ভারতের হয়ে ৪০০টা ম্যাচ খেলেছি। যখন প্রথম ক্রিকেট খেলতে শুরু করি একথাটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি।”

    ২০০০ সালে নাইরোবিতে আইসিসি আয়োজিত নকআউট টুর্নামেন্টে প্রথমবার ভারতের হয়ে আন্তর্জাতিক একদিনের ক্রিকেট খেলেন যুবরাজ। ২০০৩ সালে মোহালিতে ভারত-নিউজিল্যান্ড টেস্টে সিরিজে তার প্রথমবার টেস্ট খেলা। মোট ৪০টা টেস্ট খেলে যুবরাজের রান ১৯০০, গড় ৩৩.‌৯২। টেস্টে তিনটি শতক এবং ১১টি অর্ধ শতরান আছে তার।

    ২০০৭ সালে বেঙ্গালুরুতে ভারত-পাকিস্তান টেস্টে ১৬৯ তাঁর টেস্টে সর্বোচ্চ রান। ৩০৪টি একদিনের ম্যাচে যুবরাজের মোট রান ৮৭০১। গড় ৩৬.‌৫৫। ১৪টি শতক এবং ৪২টি অর্ধ শতরান করেছেন যুবরাজ একদিনের ম্যাচে। ২০১৭ সালে কটকে ভারত-ইংল্যান্ড ম্যাচে ১৫০ রান তার একদিনের ম্যাচে সর্বোচ্চ রান।

  • রোহিঙ্গাদের মিয়ানমার নিতে চায় না- প্রধানমন্ত্রী

    রোহিঙ্গাদের মিয়ানমার নিতে চায় না- প্রধানমন্ত্রী

    রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের নেতিবাচক মনোভাবের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই রোহিঙ্গাদের ব্যাপারে চায় যে এরা বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত যাক। মিয়ানমার এদের নিতে চায় না। এখানেই সমস্যা। আপনারা দেখেছেন আমরা চুক্তি করেছি। সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। তারপর তাদের সঙ্গে যোগাযোগও আছে। কিন্তু ওইভাবে তাদের সঙ্গে সাড়া পাই না। মিয়ানমারই আগ্রহী নয়।

    রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

    সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপারে আমরা খুবই উদ্বিগ্ন। রোহিঙ্গাদের সুরক্ষার বিষয়ে সরকারের গৃহিত পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি। ওখানে (কক্সবাজার) ভাগ করা আছে। আমাদের বর্ডার ফোর্স একটা অঞ্চল দেখে, আমাদের পুলিশ দেখে এবং আমাদের সেনাবাহিনী। আমরা বলেছি ওটাকে ক্লাস্টার করে চারদিকে একটা সিকিউরিটি ব্যারিকেড দিয়ে দিতে। সব সময় টহলে রাখতে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এদের সাহায্য করতে আসে বা ভলানটিয়ার সার্ভিস দিতে আসে তাদের সাংঘাতিক আপত্তি ভাসানচরে নেয়ার ব্যাপারে। কক্সবাজারে আরাম আয়েশে থাকে, যা পায় কিছু খায় আর কিছু রাখে। খরচ হয় না। এজন্য তারা… করতে চায় না। সেটা নিয়ে কথা হচ্ছে। এত সুন্দর ঘরবাড়ি আমরা করে দিয়েছি তারপরও পছন্দ হয় না।’

    তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সবাই জানে, সম্মান করে। বাংলাদেশ থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইতিহাস থেকে তো আর মুছতে পারেনি। ওই সময় যারা যুবক ছিল, ছাত্র ছিল তারাই এখন বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতায়। ফলে তাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অন্যরকম একটা অনুভূতি আছে। কাজেই সেজন্য সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক।’

    জাপান সফরে সফল হয়েছি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাপান সফর যেমন আমরা সফল হয়েছি চীনেও হবো। ইতোমধ্যে আমার দাওয়াত ছিল। কিন্তু সেই সময় সম্ভবত আমাদের পার্লামেন্টের ছিল জরুরি কিছু বিষয়। আমরা যেতে পারিনি। আগামী জুলাই মাসে আবার দাওয়াত দিয়েছে চীনের প্রেসিডেন্ট। ৩০ জুন আমাদের বাজেট পাস হওয়ার পর ওখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার সামিট হবে। তারিখটা ঠিক হবে।’

    এর আগে ত্রিদেশীয় সফর শেষে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট গতকাল শনিবার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

    সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেল ৫টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফরসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

    কাতার এয়ারলাইন্সের একটি বিমান ফিনল্যান্ড সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে কাতারের রাজধানী দোহার উদ্দেশে হেলসিংকি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

    বিমানটি স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    সৌদি আরবে তিনদিনের সফর শেষে শেখ হাসিনা গত ৩ জুন ত্রিদেশীয় সফরের দ্বিতীয় গন্তব্য জেদ্দা থেকে ফিনল্যান্ডের হেলসিংকি পৌঁছান।

    ফিনল্যান্ডে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ জুন ফিনিস প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং ৫ জুন অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন।

    সৌদি আরবে তিনদিনের সফরকালে প্রধানমন্ত্রী বাদশাহর আমন্ত্রণে মক্কায় অনুষ্ঠিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন। এ ছাড়া তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং মদিনায় প্রিয় নবী হযরত মুহাম্মদের (সা.) রওজা জিয়ারত করেন।

    প্রধানমন্ত্রী গত ২৮ মে ত্রিদেশীয় সফরের প্রথম গন্তব্য জাপানের রাজধানী টোকিও যান। জাপানে চারদিন অবস্থানকালে শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আড়াই বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তিসহ ৪০টি ওডিএ চুক্তি স্বাক্ষর করেন।

    এ ছাড়া প্রধানমন্ত্রী ‘ফিউচার ফর এশিয়া’ বিষয়ক নিক্কেই সম্মেলনেও যোগ দেন। ওই সম্মেলনে প্রধানমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সফরে তিনি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও গোলটেবিল বৈঠক করেন।

  • মোদী ২০৪৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে: রাম মাধব

    মোদী ২০৪৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে: রাম মাধব

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের স্থায়িত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব। তাঁর দাবি, পরিবারতন্ত্রের বিরোধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের অতীতের সকল ‘রেকর্ড’ ভেঙে দেবেন। স্বাধীনতার ১০০ বছর পর পর্যন্ত, অর্থাৎ ২০৪৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি।

    ত্রিপুরার একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। সেখানে দাঁড়িয়ে রাম মাধবের উক্তি, ‘ভারতীয় জনতা পার্টির ডিএনএ-তেই জাতীয়তাবাদ ভরে রয়েছে। এবং একমাত্র সেই কারণেই আরও দশক শাসন করবে বিজেপি।’

    নরেন্দ্র মোদীর জমানায় বেকারত্বের হার নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। সরকারের তথ্যও বলছে, বিগত ৪৫ বছরের সর্বোচ্চ হারে পৌঁছেছে দেশের বেকারত্ব। তবুও রাম মাধব বিশ্বাসী, মোদীর ‘নতুন ইন্ডিয়া’য় কেউ গৃহহীন রইবে না। দেশের কোনও ব্যক্তিকে কর্মহীন হয়ে থাকতে হবে না।

    তার ভাষায়, ‘সর্বাধিক সময় ধরে কংগ্রেসই এই দেশকে শাসন করেছে। স্বাধীনতার পর ১৯৫০ সাল থেকে ১৯৭৭ পর্যন্ত শাসক করেছিল কংগ্রেস। আমি আপনাদের বলে রাখছি, মোদীজি ওই রেকর্ডও ভেঙে দেবেন। যতদিন না স্বাধীনতার শতবর্ষ হচ্ছে বিজেপিই ক্ষমতায় থাকবে।’

    কিন্তু কিসের জোরে এমন দাবি করছেন তিনি? রাম মাধবের বক্তব্য, ‘জাতীয়তাবাদের ভিত্তিতেই তৈরি হয়েছে বিজেপি। আমাদের দলের অস্তিত্বই দাঁড়িয়ে এর উপর। নির্বাচন থাকুক বা না থাকুক, বিজেপি মানেই জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ মানেই বিজেপি।

    গত ৩০ মে শপথ নিয়ে নিজের দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রিত্বের সফর শুরু করেছেন মোদী। এর আগে ২৩ মে প্রকাশ পায় লোকসভা ভোটের ফলাফল। সেখানে গতবারের রেকর্ড ভেঙে এবার একাই ৩০৩টি আসন পেয়ে সরকার গঠন করে বিজেপি। এহেন পরিস্থিতিতে, দেশে কর্মসংস্থানই সবথেকে বড় চ্যালেঞ্জ নতুন মোদী সরকারের জন্য। সেই দিকে যে ঘাটতি রয়েছে তা মোদী কীভাবে মেটান সেদিকেই নজর ভারতীয়দের।

  • সৌদির রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার মুর্তজার মৃত্যুদণ্ড ঠেকাতে তোলপাড় বিশ্ব

    সৌদির রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার মুর্তজার মৃত্যুদণ্ড ঠেকাতে তোলপাড় বিশ্ব

    প্রবল সর্বাত্মকতাবাদী ও দমনমূলক সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে মাত্র ১০ বছর বয়সে সোচ্চার হয়েছিল মুর্তজা কুরেইরিস। আরব বসন্তের ঢেউ এসে নাড়া দিয়েছিল তার চৈতন্যে। ২০১১ সালে অহিংস প্রতিবাদী এক সাইকেল মিছিল থেকে মুর্তজা দাবি করে বসেছিল ‘মানবাধিকার’। সেই অপরাধের প্রহসনের বিচার শেষে সদ্য ১৮তে পা রাখা সেই মুর্তজার ফাঁসি কার্যকরের অপেক্ষায় সৌদি আরব। এ নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। মানবাধিকার সংগঠনগুলো এই সৌদি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। রিয়াদকে এই মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে বের করে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে তারা। তার ফাঁসি কার্যকর হলে সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কারও মৃত্যুদণ্ড কার্যকর হবে। মানবাধিকার কর্মীরা বলছেন, ১৮ বছর বয়সী মুর্তজার মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা হবে বিশ্বের শিশুদের আইনি সুরক্ষার সবথেকে ভয়াবহ লঙ্ঘনের ঘটনা।

    আরবের দুর্নীতিপ্রবণ ও জনবিরোধী শাসকদের বিরুদ্ধে যখন বসন্তের ঢেউ খেলে গিয়েছিল, সে সময় সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল ১০ বছর বয়সী শিশু মুর্তজা কুরেইরিস। বন্ধুদের সঙ্গে নিয়ে নিরস্ত্র অবস্থায় সাইকেল নিয়ে অহিংস প্রতিবাদে নেমেছিল সে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সম্প্রতি তাদের এক বিশেষ অনুসন্ধানের মাধ্যমে জানতে সক্ষম হয়, সুদীর্ঘ নিপীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে তার মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছে। সবশেষে শান্তিপূর্ণ সরকার বিরোধিতার শাস্তি হিসেবে ওই শিশুর মৃত্যুদণ্ডের সাজা ঘোষিত হয়েছে।

    যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, তাকে ‘বিচারিক হত্যা’র বলি বানানোর অপেক্ষায় রয়েছে সৌদি কর্তৃপক্ষ। রিপ্রাইভ নামের মানবাধিকার সংগঠনের পরিচালক মায়া ফোয়া বলছেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে শিশুদের ফাঁসিতে ঝোলানোর থেকে বড় অপরাধ তেমন একটা নেই।’ তিনি বলেন, ১৮ বছর বয়সী মুর্তজা কুরেইরিসের মৃত্যুদণ্ড ঘোষণা করে সারা বিশ্ব থেকে তাদের দায়মুক্তি বিজ্ঞাপিত করছে।

    মুর্তজাকে গ্রেফতার দেখানো হয় ২০১৪ সালে, যখন তার বয়স ১৪। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় ২০১১ সালের ঘটনায়, যখন তার বয়স ছিল ১০। সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়া, আগ্নেয়াস্ত্র রাখা ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। একটি মানবাধিকার বিষয়ক ইউরোপীয় সৌদি সংগঠন মুর্তজার মামলার বিষয়টি পর্যবেক্ষণ করে যাচ্ছে। গত সপ্তাহে তারা জানিয়েছে, ২০১৮ সালের আগস্টে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে মুর্তজার ফাঁসির সুপারিশ করেছে প্রসিকিউশন। তারা জানায়, দোষী সাব্যস্ত হওয়ার আগে তাকে নির্জন কক্ষে আটক রাখা হয়। কোনও আইনজীবীর সঙ্গে তাকে দেখাও করতে দেওয়া হয়নি।

    নেদারল্যান্ডভিত্তিক মানবাধিকার সংগঠন ফ্রিডম অ্যান্ড হিউম্যান রাইটস-এর পক্ষ থেকে বলা হয়েছে, মানবাধিকারের দাবিতে ১০ বছর বয়সে সাইকেল র‍্যালির মাধ্যমে প্রতিবাদে নেমেছিল মুর্তজা। ৩ বছর পর তাকে আটক করা হয়। সৌদি আরবের প্রতি ওই সংগঠনের আহ্বান: ‘সরকারবিরোধিতার কারণে ১৩ বছর বয়সে আটক হওয়া শিশুকে মৃত্যুদণ্ড দেবেন না’।

    অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকেও জানানো হয়েছে, ২০১৮ সালের আগস্টে মুর্তজার ফাঁসির সুপারিশ করা হয়েছে। মৃত্যুদণ্ড সৌদি আরবের জন্য নতুন কিছু নয়। প্রায়শই তা কার্যকর করা হয় শিরোশ্ছেদের মধ্য দিয়ে। সুদীর্ঘ দিন আটক রাখা, নিপীড়নের মধ্য দিয়ে স্বীকারোক্তি আদায় আর প্রহসনের বিচারকার্যের মধ্য দিয়ে দণ্ড কার্যকর করা হয়। তবে শিশু অবস্থায় করা কোনও কথিত অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা সেখানেও বিরল, যা মুর্তজার ক্ষেত্রে ঘটতে যাচ্ছে।

    ২০১৭ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশনের মৃত্যুদণ্ড সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সৌদি আরব জানায়, যথাযথ প্রক্রিয়া মেনে কেবল ভয়াবহ গুরুতর অপরাধের ক্ষেত্রেই মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং দোষীদের আত্মপক্ষ সমর্থনে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ছোটখাট অপরাধেই মৃত্যুদণ্ড দেয় সৌদি আরব, এবং দেশের ভিন্ন ধর্মাবলম্বী গোষ্ঠীগুলোকে দমন করতে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সেখানকার রাজতান্ত্রিক শাসকরা।

    অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য গবেষণা বিভাগের পরিচালক লিন মালৌফ বলেন, ‌‘নাগরিকদের বিক্ষোভকে দমন করার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সৌদি আরব কর্তৃপক্ষ। এমনকি নিতান্তই শিশুদেরও গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দিতে পারে সৌদি প্রশাসন।’

    অ্যামনেস্টির প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৪ সালের সেপ্টেম্বরে মুর্তজাকে গ্রেপ্তার করে আল-দাম্মামের একটি কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়। এক মাস তাকে সেখানে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। মুর্তজাকে মিথ্যা প্রলোভন দেখানো হয় যে, যদি তিনি নিজের অপরাধ স্বীকার করে নেন, তবে তাকে ছেড়ে দেওয়া হবে। তবে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সৌদি সরকার। মুর্তজার বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো ‘রাজ্যবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া, জঙ্গি সংগঠনে অংশ নেওয়া বড় ভাইয়ের জানাজায় অংশ নেওয়া, পুলিশ স্টেশনে ককটেল বোমা ছুঁড়ে মারা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি করা।

    শিয়া সংখ্যালঘুদের প্রতি সৌদি সরকারের বৈষম্যের প্রতিবাদে বিভিন্ন সময়ে এসব বিক্ষোভ করা হয়। অ্যামনেস্টি জানায়, যেকোনো ধরনের প্রশাসনবিরোধী কর্মকাণ্ড, বিক্ষোভ কঠোর হাতে দমন করে সৌদি আরব প্রশাসন। মৃত্যুদণ্ড এ ধরনের বিক্ষোভ দমনের অন্যতম হাতিয়ার। অ্যামনেস্টির মালৌফ বলেন, ‘সৌদি আরবের মৃত্যুদণ্ডকে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করতে আন্তর্জাতিক গোষ্ঠীর একজোট হয়ে এগিয়ে আসতে হবে।’

  • পৃথিবীর বাইরেও প্রাণের সন্ধান মিলতে পারে!

    পৃথিবীর বাইরেও প্রাণের সন্ধান মিলতে পারে!

    সৌরজগতের বাইরেও কি প্রাণ রয়েছে? আর তা নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রমাণ কিংবা সূত্র হাতে পাননি মহাকাশ বিজ্ঞানীরা। কিন্তু দীর্ঘদিন এই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালালেও হাল ছাড়েননি তারা। নিত্য-নতুন তথ্য এবং প্রযুক্তির সাহায্যে মহাকাশে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তবে লড়াইয়ে কিছুটা আশার আলো দেখতে শুরু করেছেন তারা।

    দীর্ঘদিন ধরে ব্রিটেনের লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সৌরজগতে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন। তাদেরই এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। বিজ্ঞানীদের বিস্ফোরক দাবি, সৌরজগতে থাকা গ্রহগুলোর উপগ্রহগুলোতে প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে।

    শুধু তাই নয়, গ্রহগুলোকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকা উপগ্রহগুলোতে ভিনগ্রহী প্রাণের উপযোগী পানি থাকতে পারে বলেও মনে করছেন তারা। দীর্ঘদিন ধরে এই বিষয়ে গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা।
    লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এখনও পর্যন্ত প্রায় চার হাজারেরও বেশি গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে। যেগুলো সৌরজগতে প্রতি মুহূর্তে প্রদক্ষিণ করছে। আর এই কয়েক হাজার গ্রহের মধ্যে খুব ছোট কোনও অংশে প্রাণের খোঁজ মিলতে পারে বলে আশা করছেন এই মহাকাশ বিজ্ঞানীরা।

    তাদের দাবি, যদি আরও ভালো করে এগুলো পরীক্ষা করা যায় তাহলে কিছু গ্রহ, বিশেষত বৃহৎ গ্যাসের ভাণ্ডার গ্রহগুলোর উপগ্রহে তরল অবস্থায় পারি খোঁজ পাওয়া যেতে পারে।

    তাদের এই দাবি মহাকাশ বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দিয়েছে। নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। গবেষকদের একাংশের মতে, লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি যদিও সত্যি হয় তাহলে মহাকাশ বিজ্ঞানে সবচেয়ে বড় বিপ্লব ঘটতে চলেছে। কারণ যে আবিষ্কার নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে গবেষণা চলছে তার একটা নতুন রাস্তা খুলে যাবে বলেও মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। যদিও অন্য একটি অংশের মতে এই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। কারণ একাধিকবার সৌরজগতে প্রাণের সন্ধান নিয়ে নানান দাবি করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত প্রাণের কোনও খোঁজ পাওয়া যায়নি। ফলে গবেষণা আরও চালিয়ে যেতে হবে বলে মনে করছেন বিজ্ঞানীদের অপর অংশ।

    যদিও লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের গবেষক ফিল জে সাটন জানিয়েছেন, সংশ্লিষ্ট গ্রহের অভিকর্ষজ টানের কারণে এই উপগ্রহগুলোর অভ্যন্তরে একটা উষ্ণতার সৃষ্টি হয়। যে কারণে সেই সমস্ত গ্রহ, উপগ্রহগুলোতে প্রাণের ভান্ডার তৈরি হয়। যা আমরা বর্তমানে পৃথিবীর মতো গ্রহগুলোর মধ্যে খুঁজে বের করার চেষ্টা করছি।

    তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, যদি আমরা ওই গ্রহগুলোকে খুঁজে বের করতে পারি, তাহলে তাদের উপগ্রহগুলোতে পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান পাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে।

    রয়্যাল অ্যাস্টোনমিক্যাল সোসাইটির জার্নাল ‘মান্থলি নোটিস’-এ এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রটিতে সৌরজগতের বাইরের জে১৪০৭বি গ্রহের একাধিক উপগ্রহের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।