Category: আন্তর্জাতিক

  • বিছানায় মোবাইল চার্জে রেখে ঘুম, বিদ্যুতায়িত হয়ে চিরঘুমে যুবক

    বিছানায় মোবাইল চার্জে রেখে ঘুম, বিদ্যুতায়িত হয়ে চিরঘুমে যুবক

    বিছানায় ফোন চার্জে রেখে ঘুমিয়েছিলেন ২২ বছরের এক যুবক। গভীর ঘুমে মগ্ন সেই যুবকের হাত মোবাইলের চার্জারের ওপর পড়েছিল। আর এতেই বিদ্যুতায়িত হয়ে ঘুম থেকে চিরঘুমে চলে গেছেন ওই যুবক।

    ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, গত সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে থাইল্যান্ডের নাখন রাতচ্যাশিমা প্রদেশে। ওই যুবক তার কক্ষে রাতে একাই ঘুমিয়েছিলেন।

  • পুরনো জিনিসের মার্কেট থেকে কেনা ১ হাজার টাকার আংটি নিলামে ৭ কোটি

    পুরনো জিনিসের মার্কেট থেকে কেনা ১ হাজার টাকার আংটি নিলামে ৭ কোটি

    অনলাইন ডেস্ক: পুরনো জিনিসের মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি আংটি পছন্দ হয়ে যায় এক নারীর। পকেটের ১৩ ডলার (১০৯৮ টাকা) দিয়ে কিনেও নিলেন সেটি। তখনও জানতেন না, কী অমূল্য(!) সম্পদ হাতে উঠেছে তার। বুঝলেন তখনই, যখন নিলামে ওই আংটির দাম উঠলো সাড়ে ৮ লাখ ডলার (প্রায় ৭ কোটি টাকা)।

    সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে ঘটেছে চমকপ্রদ এ ঘটনা।

    সুপারমার্কেটে দেখা এক আগন্তুকের জন্যই আংটির ব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন ওই নারী। আগন্তুক বারবার তার আংটির দিকে রহস্যময় দৃষ্টিতে তাকাচ্ছিলেন। এমনকি তার পিছুও নিয়েছিলেন। এতে ভয় পেয়ে দ্রুত সরে পড়েন ওই নারী।

    তবে, মাথায় আংটির ভূত থেকেই যায়! কী আছে এতে? জানতে যুক্তরাজ্যভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান সোথবির কাছে যান ওই নারী। বিষয়টি জানাতে এক সপ্তাহ সময় নেয় প্রতিষ্ঠানটি।

    ওই নারী তখনো ভাবেননি, জীবনের সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে তার জন্য। সাত দিন পর প্রতিষ্ঠানটি জানায়, তার আংটিতে আছে বিশালাকার ২৬ ক্যারেটের সাদা হীরা।

    সোথবির জুয়েলারি বিভাগের প্রধান জেসিকা উইন্ডহাম জানান, আংটিটি উনবিংশ শতাব্দীর কোনো রাজ পরিবারের সম্পদ ছিল।

    পরে, নিলামে তোলা হলে সেটির দাম ওঠে সাড়ে ৮ লাখ ডলার।

  • কাতার ইমিগ্রেশন আমাকে আটক করেনি- ক্যাপ্টেন ফজল মাহমুদ

    কাতার ইমিগ্রেশন আমাকে আটক করেনি- ক্যাপ্টেন ফজল মাহমুদ

    অনলাইন ডেস্ক :: পাসপোর্ট ছাড়া কাতারে গেলেও দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিমানের পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীকে আটক বা জিজ্ঞাসাবাদ করেনি। কাতারে অবতরণের পর পাসপোর্ট না পেয়ে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরপর হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে হোটেলে ছিলেন। বাংলাদেশ থেকে পাসপোর্ট যাওয়ার পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ফজল মাহমুদ। এখন তিনি কাতারেই অবস্থান করেছেন। খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানান ফজল মাহমুদ। আজ শুক্রবার মুঠোফোনে সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন তিনি।

    নিজের ভুলের কারণে ঘটনাটি ঘটেছে জানিয়ে ক্যাপ্টেন ফজল মাহমুদ বলেন, ‘গত ৩ জুন ডলার এনডোর্স করতে ঢাকার একটি ব্যাংকে গিয়েছিলাম। ব্যক্তিগত একটি ছোট ব্যাগে পাসপোর্টটি ছিল। ব্যাংকের কাজ শেষ করে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট অপারেশন অফিসে যাই। সেখানে ব্যাগটি রেখে আসি। অফিসের সহকর্মীরা ব্যাগটি দেখে আমার লকারে রেখে দেন।’

    ফজল মাহমুদ জানান, ৫ জুন রাতে ফ্লাইটে ঢাকা থেকে দোহায় যান তিনি। ঢাকায় শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনে তাঁর দুই আঙুলের ছাপ নেওয়া হয়। এরপর পাসপোর্টও দেখতে চাওয়া হয়নি। রাতে দোহায় বিমান অবতরণের পর অফিশিয়াল ব্যাগ থেকে খুঁজতে গিয়ে পাসপোর্ট পাননি। তখন দোহা এয়ারপোর্টে বিমানের স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগযোগ করেন। এ ছাড়া ঢাকায় বিমান অফিসে কথা বলেন। তখন লকারে থাকা তাঁর ব্যক্তিগত ছোট ব্যাগে পাসপোর্ট রয়েছে বলে জানাতে পারেন। পরে অন্য ফ্লাইটে পাসপোর্টটি পাঠিয়ে দেওয়া হয়। পাসপোর্ট না থাকায় তিনি দোহা বিমানবন্দরে ইমিগ্রেশনে যাননি। বিমানবন্দরের ভেতরে অরিক্স এয়ারপোর্ট হোটেলে ছিলেন। পরদিন ৬ জুন পাসপোর্ট পেয়ে ইমিগ্রেশন সম্পন্ন করান। কাতার ইমিগ্রেশনের পক্ষ থেকে পাসপোর্টের বিষয়ে ফজল মাহমুদের কাছে কিছু জানতে চাওয়া হয়নি বা আলাদা করে জিজ্ঞাসাবাদও করা হয়নি। এমনকি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও কোনো অভিযোগ করেনি।

    বিমান সূত্রে জানা গেছে, ফজল মাহমুদ প্রায় ৩০ বছর ধরে বিমানের পাইলট হিসেবে ফ্লাইট পরিচালনা করছেন। অভিজ্ঞতার কারণে বিমানের ভিভিআইপি ফ্লাইটগুলো তিনিই পরিচালনা করে থাকেন।

    বিমানের ফ্লাইট পরিচালনায় সংশ্লিষ্ট এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের যেকোনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট ছাড়ার আগে পাইলট, কেবিন ক্রুদের জেনারেল ডিক্লারেশন ফরম পূরণ করতে হয়। এই ফরমে পাসপোর্ট নম্বর, জন্মতারিখ, গন্তব্যসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হয়। এ ছাড়া তাঁদের ব্যক্তিগত পাসপোর্ট অবশ্যই সঙ্গে নিতে হয়। এরপর বিদেশে পৌঁছানোর পর ওই দেশের বিমানবন্দরে ইমিগ্রেশনে পাসপোর্ট দেখিয়ে বিমানবন্দর থেকে বের হতে হয়।

    ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে গত বুধবার রাতে বিমানের একটি ফ্লাইটে করে ঢাকা ছেড়ে কাতারের উদ্দেশে রওনা দেন ক্যাপ্টেন ফজল মাহমুদ। কিন্তু পাসপোর্ট না থাকায় দোহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের স্টাফদের জন্য নির্ধারিত হোটেলে যেতে পারেননি তিনি। এরপর কাতার ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে আটক করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

    ক্যাপ্টেন ফজল মাহমুদকে আটক করেনি বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকেও দাবি করা হয়। এ ব্যাপারের বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, পাসপোর্টবিহীন থাকার কারণে ফজল মাহমুদকে কাতার ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করেনি। এ বিষয়ে ভুল তথ্য এসেছে।

    এ ব্যাপারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক বলেন, ক্যাপ্টেন ফজল মাহমুদের পাসপোর্টটি কাতারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাঁর বদলে বিকল্প পাইলট কাতারে যাচ্ছেন। যিনি ওখানে রয়ে গেছেন, তাঁর দেশে ফিরে আসতে হলেও তো পাসপোর্টটি পাঠিয়ে দিতে হবে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না? জানতে চাইলে বিমানসচিব বলেন, ‘তাঁকে পানিশমেন্ট (শাস্তি) দিতে হলেও তো পাসপোর্টটি পাঠাতে হবে। তিনি দেশে ফিরে আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করতে কাতার যাওয়া উড়োজাহাজের পাইলটের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীকে। তাঁর পরিবর্তে বিমানের জ্যেষ্ঠ পাইলট ক্যাপ্টেন আমিনুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

  • শিগগিরই ক্রিপটোকারেন্সি আনছে ফেসবুক

    শিগগিরই ক্রিপটোকারেন্সি আনছে ফেসবুক

    অনলাইন ডেস্ক:

    ক্রিপটোকারেন্সিক্রিপটোকারেন্সিজুন মাসের শেষ দিকেই দীর্ঘ প্রতীক্ষিত ভার্চ্যুয়াল মুদ্রা ক্রিপটোকারেন্সি ছাড়তে যাচ্ছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। দীর্ঘদিন ধরেই ফেসবুকের এ ভার্চ্যুয়াল মুদ্রা নিয়ে গুঞ্জন রয়েছে। ‘প্রজেক্ট লিব্রা’ নামে একটি প্রকল্পের অধীনে ফেসবুক তাদের ভার্চ্যুয়াল মুদ্রা তৈরি করছে।

    বৈশ্বিক ফেসবুক ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এ মুদ্রা তৈরি করা হচ্ছে। এ মুদ্রার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন দেশে লেনদেন ও অনলাইনে কেনাকাটা করতে পারবেন। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    যেসব ব্যবসায়ী ফেসবুকের এ ক্রিপটোকারেন্সি গ্রহণ করবেন, তাঁদের বিশেষ বোনাস দেওয়ার পরিকল্পনাও করেছে ফেসবুক। প্রজেক্ট লিব্রার সঙ্গে যুক্ত কর্মীরা চাইলে তাদের বেতন ক্রিপটোকারেন্সিতে নিতে পারবেন।

    নিরাপত্তার কথা বিবেচনা করে ফেসবুক তাদের ভার্চ্যুয়াল মুদ্রা আনতে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করছে এবং বিটকয়েনের চেয়ে আরও কেন্দ্রীয় ব্যবস্থাভিত্তিক করার উদ্যোগ নিয়েছে।

    এ ছাড়া বাইরের থার্ড পার্টি প্রতিষ্ঠানকে এর সঙ্গে যুক্ত করছে। ১ কোটি মার্কিন ডলার লাইসেন্স ফি দিয়ে ফেসবুকের সহযোগী হতে পারবে থার্ড পার্টি প্রতিষ্ঠান। এ ছাড়া এ মুদ্রা টেকসই রাখতে ব্যবস্থা নেবে ফেসবুক।

    গত ফেব্রুয়ারিতে মার্ক জাকারবার্গ বলেছিলেন, ব্লকচেইন প্রযুক্তিতে ফেসবুক লগইন করতে তিনি আগ্রহী। গত মে মাস থেকে ফেসবুক ক্রিপটোকারেন্সিভিত্তিক পেমেন্ট সিস্টেম তৈরিতে কর্মী নিয়োগ দিতে শুরু করে।

    এ ছাড়া ফেসবুকের মেসেঞ্জারের প্রধান ডেভিড মার্কাসের নেতৃত্বে একদল কর্মী ফেসবুকে ব্লকচেইনের ব্যবহারের সম্ভাব্যতা খতিয়ে দেখছেন।

  • ৫ জি সেবা উন্নয়নের জন্য রাশিয়ান টেলিকম কোম্পানির সাথে চুক্তি করেছে হুয়াওয়ে

    ৫ জি সেবা উন্নয়নের জন্য রাশিয়ান টেলিকম কোম্পানির সাথে চুক্তি করেছে হুয়াওয়ে

    অনলাইন ডেস্কঃ

    ৫ জি সেবা উন্নয়নের জন্য রাশিয়ান টেলিকম কোম্পানির সাথে চুক্তি করেছে হুয়াওয়ে। এই চুক্তির আওতায় আগামী বছর থেকে পরবর্তী প্রজন্মের জন্য ৫ জি সেবা উন্নয়নে কাজ করে যাবে প্রতিষ্ঠান দুটি। চীনের প্রধানমন্ত্রীর তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে এ চুক্তি করেন।

    সম্প্রতি গুগল তার কিছু সেবা তুলে নেয়ার ঘোষণা দিলে বিপদের মুখে পড়ে হুয়াওয়ে। ধারণা করা হচ্ছে আমেরিকাসহ পশ্চিমের বেশ কিছু দেশ নিরাপত্তা ইস্যুতে হুয়াওয়কে কে অবাঞ্ছিত ঘোষণা করার পর চীন রাশিয়ার সাথে চুক্তি করার এমন উদ্যোগ নিয়েছে। ফাইভ জি প্রযুক্তির উন্নয়ন ও পরিষেবাকে সমৃদ্ধ করার এ পাইলট প্রকল্প চলবে ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত। এমনটি জানিয়েছে রাশিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান এমটিএস।

    গুগল থেকে হুয়াওয়ে যে সকল পরিষেবা পাবে না বা বঞ্চিত হবে মূলত সেগুলো নিয়ে কাজ করবে এমটিএস। প্রযুক্তি দুনিয়ার আধিপত্য নিয়ে আমেরিকা ও চীনের অঘোষিত যুদ্ধের একটি অন্যতম প্রতিষ্ঠান হুয়াওয়ে। যার ফলে হুয়াওয়কে বেশকিছু পরিষেবা থেকে বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়। কেবল দুটি দেশের মধ্যে নয় বরং প্রযুক্তি দুনিয়া থেকে এটি এখন একটি বড় ধরনের লড়াই।

  • সেতুর মূল অংশই ‘চুরি’ হয়ে গেছে!

    সেতুর মূল অংশই ‘চুরি’ হয়ে গেছে!

    রাশিয়ার আর্কটিক অঞ্চলে একটি পরিত্যাক্ত সেতুর একাংশ চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, দেশটির মিরমানসকের আমবা নদীর ওপর স্থাপিত সেতুটির মূল অংশই চুরি হয়ে গেছে। সেতুটির বর্তমান অবস্থার কিছু ছবি এরই মধ্যে রাশিয়ার সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, সেতুটির দুই পারের অংশ অক্ষত আছে। শুধু নদীর ওপরে থাকা অংশটি হাওয়া হয়ে গেছে। এই সেতুর ছবি রাশিয়ার সামাজিক যোগাযোগের মাধ্যম গত মাসের মাঝামাঝি ভিকে-তে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা গেছে, দুটি পাশাপাশি সেতুর একটির মাঝের মূল অংশ নেই।

    স্থানীয়রা বলছেন, চোরেরা সেতুটি চুরি করেছে। প্রথম যে ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পাওয়া গিয়েছিল, তাতে দেখা গেছে, সেতুটির মাঝখানের কিছু অংশ (৭৫ ফুট) নদীতে পড়ে আছে। কিন্তু পরবর্তী ছবিগুলোতে আর তা দেখা যায়নি। অভিযোগ উঠেছে, চোরেরা ধাতব পদার্থের জন্য সেতুটি চুরি করে থাকতে পারে।

    দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, এই ঘটনায় কিরভসক এলাকার পুলিশ বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, সেতুর ধাতব পদার্থ বিক্রি করে অর্থ উপার্জনের জন্যই সেতুটি চুরি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

  • কাতারে পাসপোর্টবিহীন পাইলট, তদন্তে কমিটি

    কাতারে পাসপোর্টবিহীন পাইলট, তদন্তে কমিটি

    সঙ্গে পাসপোর্ট না নিয়ে প্রধানমন্ত্রীকে আনতে কাতার গিয়ে বিপাকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ফজল মাহমুদের ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগমকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী তারিক সালমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কমিটির সদস্য সচিব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক-১) যুগ্মসচিব মো. জাহাঙ্গীর আলমকে। কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব (রাজনৈতিক-৪) মো. হেলাল মাহমুদ শরীফ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী।কমিটিকে ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর পাসপোর্টবিহীন দোহা ভ্রমণের কারণ অনুসন্ধান, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দায়িত্ব অবহেলার বিষয়ে দায়-দায়িত্ব নিরূপণ এবং বহিরাগমণ ও পাসপোর্ট অধিদপ্তরের কার্যপদ্ধতির ত্রুটি নিরূপণ করার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (৫ জুন) রাতে কাতারের রাজধানী দোহায় দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্যাপ্টেন ফজল মাহমুদ। সেখানে বিমানবন্দরের ইমিগ্রেশন তার সঙ্গে পাসপোর্ট না থাকায় তাকে আটকে দেয়। যদিও পরেরদিন ওই পাইলটের পাসপোর্ট কাতারমুখী অপর একটি ফ্লাইটে পাঠানো হলে তিনি ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ শেষ করেন।বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে, ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ উড়োজাহাজ নিয়ে কাতার যান ক্যাপ্টেন ফজল মাহমুদ। প্রধানমন্ত্রী ফিনল্যান্ড থেকে ফেরার পথে কাতারে ট্রানজিট নেবেন। সেখান থেকে বিমানের ওই বোয়িং ৭৮৭ উড়োজাহাজে চড়ে শনিবার সকালে দেশে ফেরার কথা রয়েছে।এ ব্যাপারে বিমান সচিব মহীবুল হক বৃহস্পতিবার জানান, ‘রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানো হয়েছে। তবে পাসপোর্ট ছাড়া ওই পাইলট কিভাবে হযরত শাহজালাল বিমানবন্দর পার হয়ে সেখানে গেলেন, তা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হবে।’স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৃহস্পতিবার বলেন, পাসপোর্ট না থাকায় বিমানের পাইলটকে কাতারে আটকে দেয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।তার একদিন পর আজ শুক্রবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো।

  • হুয়াওয়ে ফোনে আর ফেসবুক, হোয়্যাটসঅ্যাপ চলবে না

    হুয়াওয়ে ফোনে আর ফেসবুক, হোয়্যাটসঅ্যাপ চলবে না

    এবার হুয়াওয়েকে আরেকটি দুঃসংবাদ দিল মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান ফেসবুক। এখন থেকে হুয়াওয়ের নতুন স্মার্টফোনে থাকবে না ফেসবুক অ্যাপ। থাকবে না ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়্যাটসঅ্যাপের অ্যাপ্লিকেশনও।

    শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। অবশ্য এ বিষয়ে এখনো হুয়াওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। তবে এই সিদ্ধান্ত হুয়াওয়ের নতুন স্মার্টফোনের ক্ষেত্রে কার্যকর হবে। অর্থাৎ এখন থেকে যেসব স্মার্টফোন তৈরি করবে হুয়াওয়ে, সেগুলোতে থাকবে না ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়্যাটসঅ্যাপ প্রিইনস্টল অবস্থায় থাকবে না।

    তবে ডাউনলোড করে এই অ্যাপগুলো ব্যবহার করা যাবে। কিন্তু এই অ্যাপগুলো আর আগে থেকে স্মার্টফোনে প্রিইনস্টল করতে পারবে না হুয়াওয়ে।

    ট্রাম্প প্রশাসন গত ১৫ মে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রে ‘কালো তালিকাভুক্ত’ করে। সরকারি অনুমোদন ছাড়া মার্কিন সংস্থা থেকে প্রযুক্তিসেবা নেওয়ার পথ বন্ধ হয়ে যায় হুয়াওয়ের। এরপরই অবশ্য এই বিধিনিষেধ ৯০ দিনের জন্য শিথিল করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ।

    মোবাইল চিপ থেকে শুরু করে সফটওয়্যার পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে হুয়াওয়ে নানা মার্কিন প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। এগুলোর মধ্যে আছে গুগল, মাইক্রোসফট, এআরএম, প্যানাসনিকসহ আরও অনেক কোম্পানি। এসব কোম্পানি এখনো হুয়াওয়েকে সেবা দিচ্ছে। কিন্তু তিন মাসের মেয়াদ শেষ হলে এবং নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে আর কোনো সেবা দেওয়া হবে না।

  • পাকিস্তানি নারী সাংবাদিকের পায়ে ‘বাংলাদেশের জাতীয় পতাকা’!

    পাকিস্তানি নারী সাংবাদিকের পায়ে ‘বাংলাদেশের জাতীয় পতাকা’!

    বিশ্বকাপে ২২ গজে বাংলাদেশ-পাকিস্তান মহারণ শুরু হতে এখনো মাস খানেক বাকি। তবে তার আগেই শুরু হয়ে গেল দ্বৈরথ মাঠের বাইরে। পাকিস্তানি সাংবাদিক নাকি নিজের জুতায় বাংলাদেশের পতাকা ব্যবহার করেছেন। এমন অভিযোগে উত্তাল সোশ্যাল মিডিয়া। এই পাকিস্তানি সাংবাদিককে বিশ্বকাপ থেকে বহিষ্কারেরও দাবি জানিয়েছেন বাংলাদেশি সমর্থকরা।

    আইসিসির টুইটার অ্যাকাউন্ট থেকে শুক্রবার সকালে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, জনপ্রিয় পাকিস্তানি উপস্থাপিকা জয়নাব আব্বাস সাক্ষাৎকার নিচ্ছেন পাকিস্তানের জাতীয় দলের কোচ মিকি আর্থারের।

    বিপত্তি সেখানে নয়। যত কাণ্ড বাঁধিয়েছে জয়নাব আব্বাসের জুতা। দেখা যাচ্ছে, তিনি যে ‘স্পোর্টস শু’পরে রয়েছেন, তাতে বাংলাদেশের জাতীয় পতাকা। অন্তত, বাংলাদেশি সমর্থকদের দাবি এমনটাই। এতেই ক্ষুব্ধ বাংলাদেশের সমর্থকরা বিশ্বকাপ থেকে তাঁর অপসারণের দাবি জানিয়েছেন।

    পাকিস্তানের ক্রীড়া দুনিয়ার পরিচিত মুখ জয়নাব আব্বাস। পাকিস্তানের সুপার লিগে (পিএসএল) উপস্থাপিকার ভূমিকায় দেখা যায় তাঁকে। জনপ্রিয় স্পোর্টস চ্যানেল ইএসপিএন কিংবা টেন স্পোর্টসেও তিনি অনেক শো হোস্ট করেছেন। পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এ প্রায়ই কলাম লেখেন তিনি। সেই জয়নাব আব্বাসকে নিয়েই বিতর্ক তুঙ্গে।

    তাঁর জুতায় তিনি কি সত্যিই বাংলাদেশি পতাকা লাগিয়েছেন, সেই বিষয়ে তিনি এখনো মুখ খোলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকের বক্তব্য, একজন দায়িত্বশীল স্পোর্টস অ্যাঙ্কর হিসেবে তিনি মোটেই এমন কাজ করবেন না।

    তিনি আসলে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড গুচ্চির সামগ্রী ব্যবহার করেন। আর গুচ্চির পোশাক, বেল্ট, জুতো ইত্যাদিতে যে ‘লোগো’, তাতে দুই পাশে সবুজ, মাঝে লাল রং ব্যবহার করা হয়। সেই চিহ্নই বাংলাদেশিদের কাছে ভুল বার্তা নিয়ে হাজির হয়েছে।

    অবশ্য এর পাল্টা যুক্তিও রয়েছে। অনেকেই আবার বলছেন, গুচ্চি ব্র্যান্ডের চিহ্নটি তিনটি সরলরেখার মতো। যেখানে মাঝখানের রেখাটি লাল এবং বাকি দুটি সবুজ। তবে জয়নাবের জুতোর লাল অংশ বৃত্তের মতো। যার সঙ্গে সাদৃশ্য রয়েছে বাংলাদেশের পতাকার। সব মিলিয়ে যুক্তি, পাল্টা যুক্তিতে উত্তাল সোশ্যাল মিডিয়া।

  • নেইমারের ধর্ষণ নিয়ে উদ্বিগ্ন নাইকি

    নেইমারের ধর্ষণ নিয়ে উদ্বিগ্ন নাইকি

    ব্রাজিলের অন্যতম স্ট্রাইকার নেইমার জুনিয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গভীরভাবে উদ্বিগ্ন বিশ্বের বৃহত্তম ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি।

    ব্রাজিলের একটি টিভিকে অভিযোগকারী নারী সাক্ষাৎকার দেওয়ার একদিন পর নাইকি বিবৃতি দিল। ইনস্টাগ্রাম পোস্টে নেইমার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, মিথ্যা অভিযোগ করে তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে।

    নেইমারের আইনজীবী রয়টার্সের করা প্রশ্নের উত্তর দেননি। ব্রাজিল তারকার বিরুদ্ধে অভিযোগ নিয়ে ওঠা প্রশ্নে নাইকি জানিয়েছে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা।

    “সাম্প্রতিক অভিযোগগুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা চালিয়ে যাব।”

    রিও দি জেনেইরোতে বৃহস্পতিবার নেইমারের আইনজীবী মেরা ফের্নান্দেস সাংবাদিকদের সঙ্গে স্পন্সরশিপের বিষয়গুলো নিয়ে কথা বলেননি। তার মক্কেল নির্দোষ বলেও দাবি করেন তিনি।

    মাস্টারকার্ডের ব্রাজিলের একজন প্রতিনিধি রয়টার্সকে নিশ্চিত করেন, তাদের প্রতিষ্ঠান এ মাসে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার সঙ্গে সঙ্গতি রেখে বিজ্ঞাপন প্রচারের পরিকল্পনা করেছে। কিন্তু বিজ্ঞাপনে মাস্টারকার্ড নেইমারকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে ব্রাজিলের তিনটি বড় পত্রিকা যে খবর দিয়েছে, সে বিষয়টি নিশ্চিত করেননি তিনি।

    মাস্টারকার্ডের যুক্তরাষ্ট্রের মুখপাত্র এ বিষয়ে করা প্রশ্নের কোনো উত্তর দেননি।

    ২০১৮ বিশ্বকাপে নিজেদের বিজ্ঞাপনে নেইমারকে রাখা ব্রাজিলিয়ান এয়ারলাইন গল লিনিয়াস আরিয়াস ইন্তেলিজেন্তেস এসএ জানায়, তাদের স্পন্সরশিপ চুক্তি জাতীয় দলের সঙ্গে; ব্যক্তিগত কারো সঙ্গে নয়। সংস্থাটির প্রেস মুখপাত্র নেইমারের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

    গত বছর নেইমারকে নিয়ে বিজ্ঞাপন তৈরি করা ম্যাকডোনাল্ডস করপোরেশন এবং প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের জিলেট ব্র্যান্ড জানিয়েছেন, ব্রাজিল তারকার সঙ্গে বর্তমানে তাদের চুক্তি নেই।

    পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মাসে প্যারিসের একটি হোটেলে ২৭ বছর বয়সী নেইমার তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন এক নারী। সাও পাওলোর পুলিশ অভিযোগের তদন্ত করছে।

    গণমাধ্যমে অভিযোগ নিয়ে খবর আসার পর নেইমার ইন্সটাগ্রামে একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, তার কাছ থেকে জোর করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। ওই নারীর সঙ্গে আদানপ্রদান করা বার্তা এবং ইনস্টাগ্রামে ওই নারীর কাছ থেকে পাওয়া ব্যক্তিগত ছবিও প্রকাশ করেন পিএসজির এই ফরোয়ার্ড।

    ওই নারীর অনুমতি না নিয়ে একান্ত ব্যক্তিগত বার্তা এবং ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে নেইমার কোনো অপরাধ করেছেন কিনা, সেটা তদন্ত করছে রিও দে জেনেইরোর পুলিশ।

    নেইমারের আইনজীবী ফের্নান্দেস জানিয়েছেন ‘সাইবার ক্রাইম’ নিয়ে হওয়া তদন্তে এরই মধ্যে রিও দে জেনেইরোর পুলিশের সঙ্গে কথা বলেছেন নেইমার। কিন্তু সাও পাওলো পুলিশের সঙ্গে কথা বলার জন্য এখনও সময় করে উঠতে পারেননি। তবে শিগগিরই কথা বলবেন তাদের সঙ্গে।

    জাতীয় দলের কয়েকজন সতীর্থ নেইমারের পাশি দাঁড়িয়েছেন। তবে কোচ তিতে গত সোমবার জানান, নেইমারের বিষয় নিয়ে তিনি আগেভাবে কোনো অভিমত দিবেন না।

    কাতারের বিপক্ষে খেলা প্রীতি ম্যাচে ডান গোড়ালিতে চোট পাওয়ায় কোপা আমেরিকায় খেলা হচ্ছে না নেইমারের।