Category: ক্যাম্পাস

  • ফল প্রকাশ, বাকৃবিতে অনার্সে ভর্তি ৩০ নভেম্বর

    ফল প্রকাশ, বাকৃবিতে অনার্সে ভর্তি ৩০ নভেম্বর

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবষের্র স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার রাত সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। মেধা তালিকাভুক্ত শিক্ষার্থীদের আগামী ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।

    ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ছয়টি অনুষদে ১২০০ সিটের বিপরীতে ১২০০ জন মেধাতালিকায় ও ১২০০ জন অপেক্ষামান শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় পাশের হার ৯৩ ভাগ। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬৫.৬৭% ও ছাত্রী ৩৪ % । মেধাতালিকায় সর্বোচ্চ স্কোর ৮৯ এবং সর্বনি¤œ স্কোর ৬৪ দশমিক ২৫।

    মেধা ও অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের ৮ নভেম্বর থেকে ১৯ নভেম্বর রাত ১২ টার মধ্যে বাকৃবি ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) অনুষদ ভিত্তিক অপশন ও তথ্য প্রদান করতে হবে। মেধা তালিকাভুক্ত প্রার্থীদের অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।

    উল্লেখ্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে প্রায় ২৫ হাজারের অধিক শিক্ষার্থী আবেদন করেছিলেন। এবার ১২০০ সিটের বিপরীতে মোট ১২ হাজার ২শত ১২ জন আবেদনকারীকে মেধার ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে ৯.৬৭ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। পরীক্ষায় উপস্থিতি ছিল ৭২.৪৯ শতাংশ।

  • বরিশাল বোর্ডে শিক্ষকসহ বহিষ্কার ১৫

    বরিশাল বোর্ডে শিক্ষকসহ বহিষ্কার ১৫

    জেএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় বরিশাল বোর্ডে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১৭২টি কেন্দ্রে ৩৪৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বরিশাল জেলায় ১০২৫ জন, ঝালকাঠি জেলায় ৩৪১ জন, পিরোজপুর জেলায় ৪০৬ জন, পটুয়াখালি জেলায় ৬৮৫ জন, বরগুনা জেলায় ৩৯১ জন, ভোলা জেলায় ৬শ জন রয়েছে।

    অপরদিকে রবিবার বহিষ্কৃত পরীক্ষার মধ্যে ভোলা জেলায় ১১ জন এবং পটুয়াখালী ও বরগুনা জেলায় ১ জন করে রয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম।

    অপরদিকে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলায় বি.জি ইউনিয়ন একাডেমি পরীক্ষা কেন্দ্র থেকে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

    বহিষ্কৃত শিক্ষকরা হলেন- কুশঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মৃণাল কুমার মন্ডল ও ডেবরা বালিকা বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন।

  • ভ্যাটমুক্ত হতে পারে ইংলিশ মিডিয়াম স্কুল

    ভ্যাটমুক্ত হতে পারে ইংলিশ মিডিয়াম স্কুল

    ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষার্থীদের পড়ালেখার ব্যয় কমাতে ভ্যাটমুক্ত করার ঘোষণা আসতে পারে। এমন ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সম্প্রতি ইংলিশ মিডিয়াম স্কুল ওনার অ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকে অর্থমন্ত্রী এমন ইঙ্গিত দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

    সূত্র জানায়, গত ৩০ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম সচিবের সঙ্গে তিনটি এজেন্ডা নিয়ে বৈঠক হয় ইংলিশ মিডিয়াম স্কুল ওনার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের। বৈঠকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভ্যাট আরোপের ফলে বাস্তব চিত্র তুলে ধরেন স্কুল প্রতিনিধিরা। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলের ভর্তি, টিউশন ফিসহ অন্যান্য ব্যয়ে সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ করায় শিক্ষা ব্যবস্থায় কীরূপ বৈষম্য হচ্ছে তাও তুলে ধরেন তারা।

    এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা সংশোধনী নীতিমালায় শিক্ষক নিয়োগ এবং অভিভাবক-শিক্ষক প্রতিনিধি নির্বাচনের যে রূপরেখা দেয়া হয়েছে তার নেতিবাচক কিছু দিক তুলে ধরা হয়।

    বৈঠকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসিস্টেন্ড ফাউন্ডেশনের সভাপতি ও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের প্রিন্সিপাল মো. মোর্শেদুল ইসলাম।

    তিনি বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলে ভ্যাট আরোপ করায় বাংলা ও ইংলিশ শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের বৈষম্য তৈরি হয়েছে। ভর্তি ও টিউশন ফি-তে ভ্যাটযুক্ত হওয়ায় পড়ালেখায় ব্যয় বেড়ে গেছে, যা শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলছে।

    ‘ইংলিশ মিডিয়াম স্কুলের মালিক সমিতির দুটি সংগঠনের নেত্রীবৃন্দ অর্থমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান পরিস্থিতি আমরা অর্থমন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। ভ্যাট বাতিলে দ্রুত ইতিবাচক ব্যবস্থা নেয়া হবে বলেও আমাদের আশ্বাস দিয়েছেন’-বলেন তিনি।

    তিনি আরও বলেন, সভায় ভ্যাট মওকুফ ছাড়া আরও দুটি বিষয় নিয়ে আলোচনা হয়। তা হলো- সংশোধনী নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগে জটিলতা এবং স্কুল পরিচালনায় অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া।

    ‘সংশোধনী নীতিমালায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়াসহ বাংলা মাধ্যমের সব প্রক্রিয়া অনুসরণ করতে বলা হয়েছে। এতে নিয়োগে সময়ক্ষেপণসহ নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। এছাড়া স্কুল অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি গঠনের কথা বলা হলেও কোন প্রক্রিয়ায় হবে তা উল্লেখ করা হয়নি।’

    মোর্শেদুল ইসলাম বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনায় সরকারি কোনো সহায়তা দেয়া হয় না। সেক্ষেত্রে বাংলা মিডিয়ামের আদলে আমাদের পরিচালনা করা কতটা যৌক্তিক তা তুলে ধরা হয় বৈঠকে। বিষয়গুলো সহজীকরণে অর্থমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন। দ্রুত এসব বিষয়ে সহজীকরণ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক সভায় অংশগ্রহণকারী শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বলেন, সভায় তিনটি বিষয় নিয়ে আলোচনা হলেও ইংলিশ মিডিয়াম স্কুলে অরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট মওকুফের বিষয়টি মূল বিষয় হিসেবে উত্থাপিত হয়। অর্থমন্ত্রী ভ্যাট মওকুফের ইঙ্গিত দিয়েছেন। দ্রুত এ বিষয়ে নির্দেশনা দেয়া হবে বলেও মন্ত্রী ইংলিশ মিডিয়াম ওনার সমিতির প্রতিনিধিদের প্রতিশ্রুতি দিয়েছেন।

    তিনি বলেন, শিক্ষক নিয়োগ সহজীকরণ ও স্কুল ম্যানেজিং কমিটি গঠনে গাইডলাইন চাওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষক নিয়োগে একটি প্যানেল তৈরি ও কমিটি গঠনে নতুনভাবে দিকনির্দেশনা দেয়া হবে বলে তাদের জানিয়ে দেয়া হয়েছে।

    উল্লেখ্য, ২০১৬ সালে ইংলিশ মিডিয়াম স্কুলে সাত শতাংশ ভ্যাট থেকে বাড়িয়ে সাড়ে সাত শতাংশ আরোপ করা হয়। এ নিয়ে আদালত পর্যন্ত গড়ায়। সানিডেল ও সানবিম স্কুলের দুই শিক্ষার্থীর অভিভাবকের করা রিটের শুনানি শেষে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট ছয় মাসের জন্য স্থগিত করেন। এরপর দুই মাস ভ্যাট দিতে হয়নি অভিভাবকদের।

    তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৪ অক্টোবর আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। ফলে নভেম্বর মাসে থেকে স্কুলগুলোকে আবার ভ্যাট দেয়া শুরু করতে হয়।

  • সরকারি হলো আরও ৫ মাধ্যমিক বিদ্যালয়

    সরকারি হলো আরও ৫ মাধ্যমিক বিদ্যালয়

    আরও পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

    বিদ্যালয়গুলো হলো গাইবান্ধার ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং সৈয়দপুরের তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়।

    আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব বিদ্যালয়ের শিক্ষকরা অন্য বিদ্যালয়ে বদলি হতে পারবেন না। সর্বশেষ গত ১০ আগস্ট তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

    উল্লেখ্য, যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হচ্ছে।

  • দেশের এগারতম শিক্ষা বোর্ড ‘ময়মনসিংহ’

    দেশের এগারতম শিক্ষা বোর্ড ‘ময়মনসিংহ’

    দেশের এগারতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হল ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগের চার জেলা নিয়ে নতুন এই শিক্ষা বোর্ড গঠন করেছে সরকার।

    গত ২৮ অাগস্ট এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

    বর্তমানে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর ও দিনাজপুরে সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে। এছাড়া মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের জন্য রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড। ময়মনসিংহ হচ্ছে দেশের ১১তম শিক্ষা বোর্ড।

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন বোর্ড গঠন সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্সের ক্ষমতাবলে সরকার ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং উন্নয়নের উদ্দেশ্যে ময়মনসিংহ শহরে শিক্ষা বোর্ড স্থাপন করল।

    উল্লেখিত আদেশে এই চার জেলার শিক্ষা প্রতিষ্ঠানের উপর থেকে ঢাকা শিক্ষা বোর্ডের এখতিয়ার রহিত করে এসব জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও উন্নয়নের ক্ষমতা নবগঠিত বোর্ডের উপর ন্যস্ত করা হয়েছে।

    উল্লেখ্য, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ গঠনের সিদ্ধান্ত অনুমোদন করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এ বিভাগ গঠনের পর থেকেই ময়মনসিংহে একটি শিক্ষা বোর্ড স্থাপনের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের আগস্টের মাঝামাঝি সময়ে সরকার ময়মনসিংহে নতুন শিক্ষা বোর্ড স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেয় এবং এর যৌক্তিকতা যাচাইয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করে।

    শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) চৌধুরী মুফাদ আহমেদ নেতৃত্বাধীন এই কমিটির মতামতের ভিত্তিতে ময়মনসিংহে নতুন শিক্ষা বোর্ড স্থাপনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠানোর পর তা অনুমোদন করেন। এরপরই নতুন শিক্ষা বোর্ড গঠনের আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

  • বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

    বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের স্নাতকের (পাস) আজ রবিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ দুপুর ২টায় সমাজ বিজ্ঞান ৪র্থ পত্র, সমাজকর্ম ৪র্থ পত্র, মার্কেটিং  ৪র্থ পত্র এবং পদার্থবিজ্ঞান ৪র্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    আজকের পরীক্ষা স্থগিত হলেও অন্যদিনের পরীক্ষা অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, বন্যাজনিত কারণে ১৩ অাগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

  • ঢাবির অধিভুক্ত ৭ কলেজের মাস্টার্স পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর

    ঢাবির অধিভুক্ত ৭ কলেজের মাস্টার্স পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শেষ পর্বের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

    রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    শিক্ষার্থীরা স্ব-স্ব কলেজ থেকে পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি জানতে পারবে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএস শেষ পর্ব (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

    সময়সূচি অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বর পরীক্ষা শুরু হবে। শেষ হবে আগামী ৩১ অক্টোবর। প্রতিদিন দুপুর ২টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে বলে জানানো হয়েছে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।

    অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজ।

    পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ব-স্ব কলেজের অধ্যক্ষ কর্তৃক মনোনীত প্রতিনিধির মাধ্যমে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে সংগ্রহ করতে হবে। ঢাবি ইস্যুকৃত প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্রে মোবাইল ফোন ও যেকোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে। নিজ প্রতিষ্ঠান ছাড়া পাঁচটি ভিন্ন কলেজের কেন্দ্রে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    সে অনুযায়ী বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের পরীক্ষার কেন্দ্র ঢাকা কলেজ, ঢাকা কলেজের পরীক্ষার কেন্দ্র ইডেন কলেজ, ইডেন কলেজের পরীক্ষা কেন্দ্র বেগম বদরুন্নেছা কলেজ, তিতুমীর কলেজের পরীক্ষার কেন্দ্র বাঙলা কলেজ এবং বাঙলা কলেজের পরীক্ষার কেন্দ্র তিতুমীর কলেজে নির্ধারণ করা হয়েছে।

    উল্লেখ্য, সময়সূচিতে কোনো অসঙ্গতি থাকলে তা প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

  • বিসিএস-এ আবেদনকারী সর্বোচ্চ ঢাকা বিভাগে

    বিসিএস-এ আবেদনকারী সর্বোচ্চ ঢাকা বিভাগে

    ৩৮তম বিসিএস অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে বৃহস্পতিবার। এবার ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ প্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    জানা গেছে, গত ১০ জুলাই থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ফি জমা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৭৩৫ জন। ফি জমা দেয়ার শেষ তারিখ ১৩ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

    এর আগে ৩৭তম বিসিএস-এ অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ পরীক্ষার্থী।

    পিএসসি সূত্র জানায়, দেশের ৮ বিভাগের মধ্যে বিসিএস-এ সর্বোচ্চ আবেদনকারী ঢাকায়। এ বিভাগ থেকে ১ লাখ ৮১ হাজার ৩৪৩ আবেদন জমা পড়েছে। দ্বিতীয় অবস্থানে রাজশাহী, আবেদনকারীর সংখ্যা ২৯ হাজার ৭৪৩, চট্টগ্রামের ২৮ হাজার ৯৪৮, রংপুরের ২৩ হাজার ৪৬১, ময়মনসিংহের ২১ হাজার ৭৭৪, খুলনার ২০ হাজার ৫৯৭, সিলেটের ১৩ হাজার ১০৫ এবং বরিশালের ৮ হাজার ৪৫২ জন আবেদন করেছেন।

    পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জাগো নিউজকে বলেন, সরকারি ক্যাডার ও ননক্যাডার পদ বেড়ে যাওয়ায় আবেদনকারীর সংখ্যাও বেড়েছে।

    তিনি বলেন, ৩৮তম বিসিএস-এ প্রিলিমিনারি পরীক্ষা অক্টোবরের শেষ দিকে হতে পারে। যারা আবেদন করে এখনও টাকা জমা দিতে পারেনি তাদের জন্য ১৩ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

    তথ্য মতে, ৩৮তম বিসিএস-এ মাধ্যমে জনপ্রশাসনে দুই হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০ পদসহ সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে।