Category: ক্যাম্পাস

  • কুবিতে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

    কুবিতে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৭তম আবর্তনের মোহাম্মদ কাউসার। অভিযুক্ত ছাত্রদল কর্মী তৌহিদুল ইসলাম একই আবর্তনে অধ্যায়নরত। ছাত্রদলের মিটিং-এ না যাওয়াকে কেন্দ্র করে এ মারধরের ঘটনা ঘটে।

    বৃহস্পতিবার রাত ১১টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ১০০৪ নং রুমে এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচার চেয়ে হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দেন মোহাম্মদ কাউসার।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নবীন শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল কিভাবে কাজ করবে তা নিয়ে মতবিনিময় করার জন্য হলের ৪০০৪ নম্বর কক্ষে মিটিং ডাকেন ছাত্রদলের আহ্বায়ক মামুনের অনুসারী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ১৬তম আবর্তনের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী মাজাহারুল ইসলাম আবির ও মাহদুজ্জামান ইপেল। এ ছাড়াও ওই কক্ষে উপস্থিত ছিলেন জুনায়েদ লামিম ও মেহেদী হাসান শাহিন। জুনিয়রদের মিটিং এ ডাকার দায়িত্ব পান ১৭তম আবর্তনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তোফায়েল মাহমুদ নিবিড় ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম।

    এ সময় তৌহিদ ১০০৪ নং রুমে এসে কাউসারকে মিটিংয়ের যাওয়ার জন্য জোর করেন। কাউসার না যেতে চাইলে তৌহিদ মশারি ছিঁড়ে ফেলেন। এ সময় তৌহিদ বাহির থেকে কাঠের তক্তা নিয়ে এসে কাউসার মারতে শুরু করেন। এ সময় আরেক ছাত্রদল কর্মী তোফায়েল মাহমুদ নিবিড় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

    ভুক্তভোগী শিক্ষার্থী জানান, রাত ১১টায় আমি রুমে ঘুমাচ্ছিলাম। তখন ছাত্রদল কর্মী তৌহিদ আমাকে ঘুম থেকে ডেকে তুলে মিটিংয়ে যেতে বলে। আমি না যেতে অস্বীকৃতি জানানোর পরও সে জোর করে। এক পর্যায়ে আমার মশারি টান দিয়ে ছিঁড়ে ফেলে এবং গালিগালাজ শুরু করে। তখন আমি তাকে ধাক্কা দিয়ে চলে যেতে বলি কিন্তু সে কিছুক্ষণ পর কাঠের তক্তা নিয়ে এসে আমার মাথায় পাঁচ-ছয়বার আঘাত করে। তখন আমি হাত দিয়ে কোনো রকম নিজেকে রক্ষা করি।

    অভিযুক্ত ছাত্রদল কর্মী ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ তাওহীদুল ইসলাম জানান, ১৭তম আমরা সবাই মিলে বসবো, কথাবার্তা বলবো এজন্য আমি তাকে ডাকতে যাই । রুমে গিয়ে দেখি সে মশারির ভেতরে শুয়ে আছে। আমি ডাকলেও, সে ওঠেনি। তারপর আমি তার মশারি উঠালে সে আমাকে ধাক্কা দেয়। তখন আমি তাকে গাছের তক্তা দিয়ে তিন-চারটা বারি দেই। ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের কর্মী কি-না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গে ভাইয়ের ব্যক্তিগত সম্পর্ক আছে আর কিছু না।

    হলের আবাসিক শিক্ষার্থী নৃবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের জুনায়েদ লামিমকে মিটিংয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই। মিটিং ডাকা হয়েছিল ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের বিষয়ে কথা বলতে।

    মারধরের বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লা আল মামুন বলেন, আমাদের কোনো মতবিনিময় সভা ছিল না। যারা মারামারি করেছে তারা কেউ আমার অনুসারী না। আসলে তারা কারা আমি জেনে আপনাকে জানাবো।

    এ বিষয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন জানান, আমি ঘটনাটি শুনেছি। সবার সঙ্গে কথা বলে ঘটনাটি পর্যবেক্ষণ করে হল প্রশাসন সিদ্ধান্ত নিবে।

  • জবি ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের বাকি ৭ লাখ টাকা, দাবি পরিচালকের

    জবি ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের বাকি ৭ লাখ টাকা, দাবি পরিচালকের

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ায় গত আড়াই বছরে ছাত্রলীগের নেতাকর্মীরা বাকি খেয়েছেন ৭ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পরিচালক মো. মাসুদ এ দাবি করেছেন।

    তিনি জানান, গত আড়াই বছরে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যান্টিন থেকে ৭ লাখ টাকার মতো বাকি খেয়েছেন। পরবর্তীতে আর টাকা দেননি। এখন তাদের সবাই পলাতক। ক্যাম্পাসে আসেন না।

    ক্যাফেটেরিয়া পরিচালক জানান, ক্যাফেটেরিয়ায় জবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজির নামে বাকি রয়েছে ১ লাখ ৮৮ হাজার টাকা এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইনের নামে বাকি রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।

    এছাড়াও বাকির হিসাবে রয়েছে ছাত্রলীগের আরও অন্তত ৫ নেতাকর্মীর নাম। শাখা ছাত্রলীগের সভাপতির ‘মাই ম্যান’ খ্যাত রবিউল ইসলাম রবির নামে বাকি ৫২ হাজার টাকা। এ ছাড়া সাধারণ সম্পাদক আক্তার হোসাইনের ‘গ্রুপ লিডার’ খ্যাত মিরাজের নামে বাকি রয়েছে ৭৫ হাজার টাকা, সহ-সভাপতি মেহেদী হাসান বাবুর নামে বাকি ৫৫ হাজার টাকা।

    সাধারণ সম্পাদক প্যানেলের আরও দুই নেতা তামিম ও সাজবুলের নামে বাকি রয়েছে যথাক্রমে ১২ হাজার ও ৯ হাজার টাকা। ছাত্রলীগের এই সাত নেতাকর্মীদের নামেই বাকি সর্বমোট ৬ লাখ ৪১ হাজার টাকা। এ ছাড়া অনেকে বাকি খেলেও হিসাব নেই ক্যাফেটেরিয়া পরিচালক মো. মাসুদের কাছে।

    ক্যাফেটেরিয়া পরিচালক মো. মাসুদ বলেন, দীর্ঘদিন বাকি খেয়েছে তারা। টাকা দেবে দেবে করে আর দেয়নি। এর বাইরে আরও অনেকে আছে যারা টুকটাক খেয়েছে, তার হিসাব নেই। খেয়ে তারা টাকা দিত না, আবার খাবার দিতে দেরি হলেও ক্যান্টিনের ওয়েটারদের মারধরও করেছে সাজবুলসহ বেশ কয়েকজন।

    তিনি আরও বলেন, ক্যাফেটেরিয়ার পরিচালনা বাবদ সপ্তাহে খরচ হয় ৩৯ হাজার ৭৫০ টাকা, মাসে ১ লাখ ৫৯ হাজার টাকা। এ ছাড়া মালামাল বাবদ খরচ তো আছেই। তার ওপর এত টাকা বাকি। যেখান থেকে আমি মালামাল কিনি, সেখানেও আমার ধার করে কেনা লাগে। এত টাকা এখন কীভাবে উঠাব, আর কিভাবে আমি এই লস (লোকসান) পূরণ করব?

    এ বিষয়ে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদককে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

    বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ড. কেএএম রিফাত হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে বিষয়টি সত্য হলে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা রেগুলার স্টুডেন্ট হলে তাদের থেকে টাকা আদায় করার ব্যবস্থা করা হবে এবং প্রশাসনিকভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

  • ছাত্রশিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বুধবার

    ছাত্রশিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বুধবার

    দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি বন্ধ রেখেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ৫ আগস্ট পটপরিবর্তনের পর প্রকাশ্যে আসে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরে সেক্রেটারিকে পরিচয় করিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। এবার ঢাবিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছে সংগঠনটি।

    মঙ্গলবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এম ফরহাদ বলেছেন আগামীকাল বুধবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

    তিনি বলেন, আগামীকাল আমাদের কমিটি প্রকাশ করা হবে। এটি অনলাইনে ফেসবুক পেজে প্রকাশ করা হবে। আমাদের কমিটি প্রস্তুত করার কিছু নেই। যে কমিটি আছে, তা প্রকাশ করা হবে।

    এর আগে গত ২১ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, সাংগঠনিক সিদ্ধান্তেই আমরা আত্মপ্রকাশ করছি। আমরা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে চাইনি। আমাদের এতদিন বাধ্য করা হয়েছিল। আমাদের পুরো কমিটি শিগগিরই প্রকাশ করা হবে।

  • শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সমন্বয়ে জবিতে কমিটি

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছয় শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সমন্বয়ের মাধ্যমে সুরাহা করার জন্য বিশ্ববিদ্যালয়টিতে এই কমিটি গঠন করা হয়।

    কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দীনকে আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হককে সদস্যসচিব করা হয়েছে।

    মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

    আদেশে বলা হয়, এ কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট সব বিষয়াদি সমন্বয় করবে। জকসু গঠনের আইনগত দিক পর্যালোচনা করে চূড়ান্ত নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (সেন্ট্রাল) অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ কমিটি প্রয়োজনে নিজ তত্ত্বাবধানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।

    কমিটির অন্য সদস্যরা হলেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শরমীন, ছাত্রকল্যাণ পরিচালক ড. রিফাত হাসান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন আহমেদ ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন।

  • গুচ্ছ ভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ পর্যায়ের ভর্তির তারিখ ঘোষণা

    গুচ্ছ ভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ পর্যায়ের ভর্তির তারিখ ঘোষণা

    চলতি বছর সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

    মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ২৮ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা হতে ২৯ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল কাগজপত্র জমা দেওয়ার বিষয়টি পরবর্তী সময়ে জানানো হবে। ইতিপূর্বে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে জিএসটির অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও শিক্ষার্থীর করণীয় কিছু নেই। মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়েই জমা থাকবে।

  • প্রথম নারী উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

    প্রথম নারী উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম এবং প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

    সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. শুচিতা শরমিনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পাঁচ শর্তে নিয়োগ প্রদান করা হলো।

    নিয়োগের শর্তে বলা হয়েছে, ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। উপযুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন।

    শুচিতা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে প্রথম শ্রেণিতে বিএসসি এবং এমএসসি সম্পন্ন করে ২০০৩ সালে প্রভাষক পদে ওই বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজে পিএইচডি করছেন। এ ছাড়াও তিনি ডক্টরাল রিসার্চ স্কলার হিসেবে কর্পোরেট কমিউনিটি ইনভলভমেন্টে ও সুইজারল্যান্ড এবং ভারতের দ্বারা যৌথভাবে পরিচালিত দুর্যোগ ঝুঁকি হ্রাসে গবেষণায় অংশ নেন।

    শুচিতা শারমিন জাপানের কিউশু ইউনিভার্সিটির রিসার্চ স্কলার ছিলেন এবং সেখানে তিনি ইনটেনসিভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ে আচরণ ও স্বাস্থ্য বিজ্ঞান বিভাগে গবেষণা পরিচালনা করেন। বাংলাদেশ, জাপান, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, নেপাল, মালয়েশিয়া এবং ভারতে তার স্নাতক এবং স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে নিমন্ত্রিত হয়ে বক্তৃতা ও গবেষণা করেছেন। আন্তর্জাতিক জার্নালে তার ৪৫টিরও বেশি নিবন্ধ এবং তিনটি বই প্রকাশিত হয়েছে।

    উল্লেখ্য, শিক্ষার্থীদের আল্টিমেটামের মুখে ২০ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া পদত্যাগ করেন।

  • শহিদদের স্মরণে ঢাবিতে এক মিনিট নীরবতা পালন

    শহিদদের স্মরণে ঢাবিতে এক মিনিট নীরবতা পালন

    ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফেসবুক পেইজ ‘ডিইউ অ্যাডমিনিস্ট্রেশন-এ পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

    ওই পোস্টে বলা হয়, গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন কর্মসূচির মধ্য দিয়ে ঢাবির ক্লাস শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস ব্যতীত অন্য সকল বর্ষের ক্লাস আজ রোববার থেকে শুরু হয়েছে।

    এতে আরও বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করা হবে। ক্লাস শুরুর প্রাক্কালে রোববার সকাল সাড়ে নয়টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে ২০২৪’র ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কর্মসূচিতে নেতৃত্ব দেন।

    প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং বিভিন্ন অনুষদের ডিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়ানো হয়।

    এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও কার্যকরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।

    তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা এক ধরনের মানসিক ট্রমার মধ্যে রয়েছে। এই ট্রমা নিরসন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এরপর, সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিভিন্ন অনুষদের ক্লাসরুম পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। সৌহার্দ্যপূর্ণ, হৃদ্যতাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে ক্লাস অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • জবিতে মশাল মিছিল

    জবিতে মশাল মিছিল

    ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত মব জাস্টিস ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা পাহাড়ে সংঘটিত অরাজকতারও সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

    শুক্রবার রাতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিজ্ঞান অনুষদ ঘুরে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা মব জাস্টিসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

    সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পাহাড়ে সংঘটিত সহিংসতায় আমরা মর্মাহত। এসব ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। স্বৈরাচার হটিয়ে নতুন বাংলাদেশ গড়তে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। নতুন বাংলাদেশ গড়ার সেই স্বাধীনতা আমরা ভূলুণ্ঠিত হতে দেবো না।

    এসময় বাংলা বিভাগের শিক্ষার্থী হাসান সজীব বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা শিক্ষার্থী। এদের মধ্যে এমন কেউ কি ছিল না যে এটার প্রতিবাদ করবে? হল প্রোভোস্ট কোথায় ছিল? বিশ্ববিদ্যালয় প্রশাসনও এ হত্যার দায় এড়াতে পারে না। আমরা পাহাড়ে সংঘটিত সহিংসতারও বিচার দাবি করছি।

    প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নওশিন বলেন, যারা হত্যা করেছে আমরা সুধু তাদের বিচার চাই না, যারা এই হত্যাকাণ্ড বসে বসে দেখেছে, ভিডিও করেছে কিন্তু প্রতিবাদ করেনি তাদেরও বিচার করতে হবে। পাহাড়ের ঘটনারও আমরা সুষ্ঠু তদন্ত চাই। এসব ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত নাকি ষড়যন্ত্র তা বের করতে হবে।

    পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ঢাবির তোফাজ্জেল হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। পাঁচ আগস্ট পর্যন্ত যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে, দেশকে অস্থিতিশীল করতে এটা তাদের নতুন ষড়যন্ত্র। আবরার ফাহাদের হত্যাকারীদের মতো তোফাজ্জল ভাইয়ের হত্যাকারীদেরও বিচার করতে হবে। দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করা চলবে না।

    প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পাহাড়ে গণপিটুনিতে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছেন সারাদেশের মানুষ। এদিন দুপুরে একই দাবিতে মানববন্ধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘হিউম্যান রাইটস সোসাইটি’।

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন আজ সোমবার থেকে শুরু হচ্ছে। বিকাল ৪টার পর শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধন করবেন।

    ভর্তি কমিটির পূর্বসিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে এবং ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

    এবার চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’।

  • সুষ্ঠু তদন্ত চাই, না হলে আমরণ অনশন : ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতরা

    সুষ্ঠু তদন্ত চাই, না হলে আমরণ অনশন : ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতরা

    নিউজ ডেস্কঃঃ ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৬ নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কারের কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বহিষ্কৃত নেত্রীরা। তা না হলে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করার হুমকি দিয়েছেন।

    সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলেজ গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

    সংবাদ সম্মেলন থেকে বহিষ্কৃত নেত্রী সুস্মিতা বাড়ৈই বলেন, কীভাবে তদন্ত ছাড়া এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। এ ভিত্তিহীন বহিষ্কারাদেশ যদি প্রত্যাহার এবং এর সুষ্ঠু বিচার না করা হয় তাহলে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করব।

    সংবাদ সম্মেলনের শুরুতে আমরণ অনশনে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত ১ নম্বর সহসভাপতি সোনালি আক্তার বলেন, সোমবার দুপুর থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অনশন শুরু হবে।

    তিনি বলেন, ‘আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌস আপুর ওপর হওয়া হামলার ঘটনায় এতসব ঘটনা। অথচ সেই আপুর ওপর হওয়া হামলার কোনো বিচার না করে আমরা যারা এটির বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।’

    তিনি বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের এই সিদ্ধান্তের মাধ্যমে সুষ্ঠু বিচার না হয়ে একপাক্ষিক বিচার হয়েছে। এই একপাক্ষিক বিচারের প্রতিবাদে আমরা একটু পর ধানমন্ডির পার্টি অফিসে গিয়ে আমরণ অনশন করব।’

    এর আগে রোববার রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

    সেইসঙ্গে শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অপরাধে প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

    এতে আরও বলা হয়, অধিকতর তদন্তের মাধ্যমে এই বিশৃঙ্খলার সঙ্গে ইডেন কলেজ ছাত্রলীগের যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    গত ২২ সেপ্টেম্বর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ‘সিট বাণিজ্য ও চাঁদাবাজির’ অভিযোগ এনে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে ছাত্রীনিবাসের একটি কক্ষে আটকে রেখে মারধর করার অভিযোগ ওঠে।

    এ ঘটনায় মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশের বিক্ষোভে ইডেন কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রীভা ও রাজিয়ার বহিষ্কারের দাবি তোলে।

    পরে এ ঘটনায় রোববার দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ আসে কেন্দ্রীয় কমিটি থেকে। তদন্ত কমিটির সদস্য করা হয়— ইডেন কলেজ ছাত্রলীগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি তিলোত্তমা শিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি।

    তদন্ত কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে রোববার দুপুরে বিরোধী পক্ষ সংবাদ সম্মেলন করে সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে।

    এরপর বিকেলে শাখা ছাত্রলীগের সভাপতি সংবাদ সম্মেলন করতে এলে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ। প্রায় আধঘণ্টা ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করে কলেজ কর্তৃপক্ষ। দুইপক্ষের মারপিটে কলেজ শাখার সভাপতিসহ অন্তত ১০ জন আহত হন বলে জানা গেছে। সংঘর্ষের জন্য উভয়পক্ষ পরস্পরকে দায়ী করেছে।