Category: ক্রিকেট

  • বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দেওয়া নিয়ে মুখ খুললেন পান্ত

    বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দেওয়া নিয়ে মুখ খুললেন পান্ত

    চেন্নাই টেস্টে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার রিশাভ পান্ত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় তার ‘পরামর্শে’ ফিল্ডিংয়ে পরিবর্তন আনেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

    পরে এই ঘটনা নেটিজেনদের মধ্যে বেশ আলোচনার জন্ম দেয়। অবশেষে ফিল্ডিং সাজানোর ঘটনায় মুখ খুলেছেন চেন্নাই টেস্টের সেঞ্চুরিয়ান পান্ত।

    ম্যাচ শেষে পান্ত বলেছেন, ‘আমি মাঠের বাইরে অজয় জাদেজার (ভারতের সাবেক ব্যাটার) সঙ্গে কথা বলি। তিনি একবার বলছিলেন, তুমি যেখানেই খেলো এবং যার বিরুদ্ধেই খেলো না কেন; ক্রিকেটের মান উন্নত হওয়া উচিত। আমি দেখছিলাম (বাংলাদেশের) মিড-উইকেটে কোনো ফিল্ডার নেই। একই জায়গায় দু’জন ফিল্ডারকে দাঁড়িয়ে থাকতে দেখি, তাই আমি তাদের একজন ফিল্ডারকে সেদিকে যেতে বলেছিলাম।’

    প্রসঙ্গত, ২০২২ সালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার পর চেন্নাই টেস্ট দিয়েই সাদা পোশাকে মাঠে ফেরেন পান্ত। ফিরেই বাংলাদেশের বিপক্ষে তুলে নেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে তার ১০৯ রানের ইনিংসে বড় লিডের পথে এগিয়ে যায় ভারত।

    সঙ্গত কারণেই সেঞ্চুরিটি তার জন্য বিশেষ, ‘চেন্নাইয়ের এই সেঞ্চুরি আমার কাছে খুব স্পেশাল। দুর্ঘটনার পর আমি ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলতে চাইছিলাম, এটা আমার সেই দুর্ঘটনার পর প্রথম টেস্ট ম্যাচ। আশা করি আগামী দিনে আরও ভালো খেলতে পারব।’

  • চেন্নাইয়ে টাইগার সমর্থককে চরম অপমান

    চেন্নাইয়ে টাইগার সমর্থককে চরম অপমান

    দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ইতোমধ্যে চেন্নাই টেস্ট শেষ হয়েছে। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

    সদ্য শেষ হওয়া চেন্নাই টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫১৫ রানের টার্গেট তাড়ায় ২৮০ রানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

    ভারত সিরিজে বাংলাদেশ দলকে সমর্থন করতে গিয়ে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন রবি নাকে এক টাইগার সমর্থক। দেশের একটি অনলাইন পোর্টালকে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, চেন্নাই টেস্ট চলাকালীন খেলা দেখতে আসা ভারতীয়রা নাকি তার মা-বাপ তুলে গালিগালাজ করেছেন।

    পুরো শরীরে টাইগারের ছবি এঁকে স্টেডিয়ামে উপস্থিত হয়ে বাংলাদেশ দলের হয়ে সমর্থন করে যাওয়া রবি জানিয়েছেন, ‘রাস্তায় আমি হাঁটতে গেলে আমাকে মওকা মওকা বলে গালি দিচ্ছে ভারতীয়রা। আমি হিন্দি ভাষা কিছুটা বুঝি, কিন্তু চেন্নাইয়ে তামিল ভাষায় গালি দিচ্ছে সেটা কিছুই বুঝি না। একজন বাঙালি ছিল তিনিই আমাকে বুঝিয়ে বলেছেন আপনাকে ভীষণ খারাপ ভাষায় গালি দিচ্ছে।’

    রবি আরও জানান, ‘আমাকে পতাকা ওড়াতে দিচ্ছে না। আমি ওদের দেখিয়েছি যে আমি টিকিট নিয়ে এসে মাঠে ঢুকেছি। আমিও আইসিসি ফ্যামিলি মেম্বার। তারপরও আমি টিকিট দিয়ে ঢুকেছি। মুশফিকুর রহিম আমাকে টিকিট দিয়েছেন। বাংলাদেশ কিংবা অন্য যে কোনো দেশে আমার ও শোয়েবের টিকিট লাগে না। তারপরও আমি আইনকে সম্মান করি। টিকিট দিয়ে ঢোকার পরও সেই সম্মান পাইনি।’

    রবি বলেন, ‘ভারত কোনোদিন বাংলাদেশের ভালো চায় না। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না। আমি নিরাপত্তারক্ষীর কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু পাইনি। ওরা বাংলাদেশে গেলে আমরা অনেক সাহায্য করি, ভারতীয় ক্রিকেট দলের সর্মথক সুধীরকেও করি। ভারতীয়রা আমার মা-বোন তুলে গালাগালি করেছে।’

    তিনি আরও বলেন, ‘আমি লাল-সবুজের পতাকা উড়াবই, তাতে যদি আমার বুকে গুলিও চালায়। আমি সহ্য করতে না পেরে একটা সময় বলেছি, আমি আমার মায়ের দোয়া নিয়ে এসেছি, আপনারা গুলি চালান, গুলি চালান, তবুও আমার পতাকা উড়ানো থামবে না। যদি ওরা গুলি চালায় মাঠে আমি পতাকা উড়াবই। যে কোনো কিছুর বিনিময়ে।’

  • স্ট্র্যাপ কামড়ে ধরে সাকিবের ব্যাটিং, কালো জাদু বলছেন ভক্তরা

    স্ট্র্যাপ কামড়ে ধরে সাকিবের ব্যাটিং, কালো জাদু বলছেন ভক্তরা

    নিজের ইচ্ছে মতো সব কিছু ঘটবে, কিংবা ভাগ্য সুপ্রসন্ন হবে; এমন আশায় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর আশ্রয় নিয়ে থাকেন অনেকে। চেন্নাই টেস্টে সাকিব আল হাসানও তেমনটি করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন ভক্তরা। বিষয়টি মজার ছলে হলেও ভক্তদের এমন মন্তব্যের কারণ- ব্যাট করার সময় বারবার হেলমেটের স্ট্র্যাপ কামড়ে ধরতে দেখা গেছে সাকিবকে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে হঠাৎ ব্যাটিংয়ের সময় এমনটা কেন করছেন সাকিব।

    চেন্নাইয়ে দুই ইনিংসেই সাকিবকে দেখা গেছে হেলমেটের স্ট্র্যাপ কামড়ে ধরতে। এমনটি নিয়ে ধারাভাষ্য কক্ষেও কথা হয়েছে দীনেশ কার্তিক এবং তামিম ইকবালের। সাকিবের এমনটি করা নিয়ে কার্তিকের ব্যাখ্যা, শরীরের ভারসাম্য বজায় রাখতেই এমন কাজ করছেন সাকিব। ব্যাট করার সময় মাথা লেগ সাইডের দিকে ঝুঁকে থাকায় বল দেখতে তার অসুবিধা হতে পারে। সেটি এড়ানোর জন্যই তিনি এ কাজ করছেন।

    কার্তিকের এমন মন্তব্যের সঙ্গে একাত্মতা পোষণ করেন তামিম। সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ব্যাট করার সময় সাকিবের মাথা একদিকে হেলে থাকত। তা ঠেকানোর জন্যই সাকিব স্ট্র্যাপ কামড়ে ধরে রেখেছেন।

    সাকিবের স্ট্র্যাপ কামড়ে ধরার বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই সাকিবের এমন স্ট্র্যাপ কামড়ে ধরার কারণ জানতে চেয়েছেন। যেখানে আসছে বেশ মজার মজার উত্তর। যার মধ্যে অনেকেই বলছেন, কালো জাদু করছেন সাকিব। ব্যাট হাতে ফর্মে ফেরার জন্যই এমনটি করছেন তিনি। কেননা, সম্প্রতি ব্যাট হাতে রান খরায় ভুগতে হচ্ছে বাংলাদেশের তারকা এই অলরাউন্ডারকে।

    ‘কালো জাদু’র ব্যাপারটা রসিকতা হলেও এর কারণ হিসেবে জানা গেছে, বিসিবির মেডিকেল বিভাগ থেকেই মাথার অবস্থান ঠিক আছে কি না, তা বুঝতে সাকিবকে এই রবারের স্ট্র্যাপ ব্যবহার করতে বলা হয়। এর আগে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তাকে জার্সি কামড়ে ধরে ব্যাটিং করতে দেখা গিয়েছিল।

    সাকিবের স্ট্র্যাপ কামড়ে ব্যাটিং করার আরেকটা কারণ তার চোখের সমস্যা। কেননা, সবশেষ ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই রেটিনার সমস্যায় ভুগছেন তিনি। ভারত ও লন্ডনে চোখের বিশেষজ্ঞ চিকিৎসকও দেখিয়েছেন। সে সময় বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন, অতিরিক্ত মানসিক চাপে থাকলে সাকিবের চোখের রেটিনার নিচে একধরনের তরল পদার্থ জমে, যেটা ঝাপসা করে দেয় দৃষ্টি। সেই মানসিক চাপ কাটাতেই ব্যাটিংয়ের সময় এমনটা করে থাকতে পারেন সাকিব।

    স্ট্র্যাপ কামড়ে ধরেও অবশ্য ব্যাট হাতে সফল হননি সাকিব। প্রথম ইনিংসে ৩২ ও দ্বিতীয় ইনিংসে ২৫ রান করেছেন সাকিব। বল হাতে দেখা পাননি উইকেটের। ফিল্ডিংয়ে ক্যাচ ছেড়েছেন তিনি। সাকিবের এমন ম্যাচে ব্যর্থ দল। বাংলাদেশ ম্যাচ হেরেছে ২৮০ রানে।

  • বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান এখন মুশফিকের

    বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান এখন মুশফিকের

    চেন্নাই টেস্ট শুরুর আগে তামিম ইকবালের চেয়ে ৮ রান পিছিয়ে ছিলেন মুশফিকুর রহিম। তিন ফরম্যাট মিলিয়ে দেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক হতে হলে আর ৯ রানের প্রয়োজন ছিল। তবে প্রথম ইনিংসে ৮ রানে আউট হলে তামিমের পাশে বসার সুযোগ পান তামিম। তাকে ছাড়িয়ে যেতে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয় ইনিংস পর্যন্ত।

    এ যাত্রায় মুশফিক আউট হয়েছেন ১৩ রানে। দুই ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে তামিমের দেশের জার্সিতে সর্বোচ্চ ১৫, ১৯২ রানের মাইলফলক ছাপিয়ে শীর্ষে আরোহণ করেছেন মুশফিক।

    দেশের অভিজ্ঞ এই ব্যাটার এখন পর্যন্ত ৯১ টেস্টে করেছেন ৫ হাজার ৯১৩ রান। ২৭১ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৭ হাজার ৭৯২ রান। আর টি-টোয়েন্টি থেকে অবসরের আগে ১০২ ম্যাচে করেছিলেন ১ হাজার ৫০০ রান। সবমিলিয়ে মুশফিকের রান ১৫ হাজার ২০৫। দুইয়ে থাকা তামিম ইকবালের রান ১৫ হাজার ১৯২।

    বাংলাদেশের হয়ে রানের হিসাবে ১৫ হাজারি ক্লাবে নাম উঠেছে শুধু মুশফিক এবং তামিমের। তিনে থাকা সাকিব আল হাসানের রান ১৪ হাজার ৬৯৬। ৪র্থ স্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের রান ১০ হাজার ৬৯৪। ১০ হাজার রান আর কেউ করতে পারেননি।

    চার সিনিয়রের পর এই তালিকায় আছেন লিটন দাস। দেশের হয়ে ২৪৪ ম্যাচ খেলে ফেলা লিটনের রান ৭ হাজার ১৮৩।

  • ভারত সিরিজে সাকিবের কাছে শান্তর চাওয়া

    ভারত সিরিজে সাকিবের কাছে শান্তর চাওয়া

    পাকিস্তান সিরিজে খেলা অবস্থাতেই বড় দুঃসংবাদ পেয়েছিলেন সাকিব আল হাসান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে এক গার্মেন্টসকর্মীকে হত্যার দায়ে রাজধানীর আদাবর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সে সময় সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরানোরও জোর দাবি উঠেছিল।

    তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অভিযোগ প্রমাণের আগ পর্যন্ত সাকিবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায়। যার ফলে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ পান সাকিব। পাকিস্তান সিরিজে বলে-ব্যাটে একেবারে মন্দ পারফর্ম করেননি তিনি। বিশেষ করে মিরাজের সঙ্গে তার স্পিন জুটি বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের পথ সুগম করেছে।

    কানাডায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে সরাসরি পাকিস্তানে গিয়ে সিরিজে খেলেছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব। মামলার খড়গ মাথার ওপরে থাকায় ভারত সিরিজের আগেও দেশে ফেরা হয়নি তার। দুই সিরিজের মাঝের সময়ে খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। সেখানে সারের জার্সিতে বল হাতে আলো ছড়িয়ে একমাত্র ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।

    এবার দুয়ারে ভারত মিশন। শোনা যাচ্ছে, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য চেন্নাইতে স্পিন সহায়ক উইকেট তৈরি করছে ভারত। এমনটা হলে ‘বোলার’ সাকিবের গুরুত্ব বেড়ে যাবে অনেক।

  • সিংহের ডেরায় বাঘিনীদের গর্জন, সিরিজ বাংলাদেশের

    সিংহের ডেরায় বাঘিনীদের গর্জন, সিরিজ বাংলাদেশের

    শ্রীলংকায় স্বাগতিকদের বিপক্ষে হ্যাটট্রিক জয় তুলেছে বাংলাদেশ নারী এ দল। তাতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ৩-০তে এগিয়ে বাংলাদেশ। অর্থাৎ ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাঘিনীরা।

    রোববার সিরিজ নিশ্চিত করার ম্যাচে ১০ রানের জয় পেয়েছে রাবেয়া খানরা। তার আগে প্রথম ম্যাচে ৭ উইকেট ও দ্বিতীয়টিতে ১০৪ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। এমন দাপুটে সিরিজ জয়ে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা নিয়ে রাখল বাংলাদেশ।

    বিশ্বকাপের প্রস্তুতির অংশ হওয়ায় বাংলাদেশ ‘এ’ দলের কথা বলা হলেও মূলত, এটিই বিশ্বকাপের ছায়া দল। যেই দলে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও।

    সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৭ রানের স্বল্প পুঁজি গড়েছিল বাংলাদেশ। জবাবে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক মেয়েরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন দিলারা আক্তার।

  • ‘ক্রিকেটারদের সঙ্গে দেখার করার জন্য মুখিয়ে ছিলাম’

    ‘ক্রিকেটারদের সঙ্গে দেখার করার জন্য মুখিয়ে ছিলাম’

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

    বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

    এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন।

    ঐতিহাসিক সিরিজ জয়ের কীর্তি নিয়ে ডা. ইউনূস বলেছেন, ‘আমি সিরিজ জয়ের পরপরই অধিনায়কের সঙ্গে কথা বলেছি। কিন্তু ওদের সবার সঙ্গে দেখা করে (পুরো) জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলাম।’

    প্রধান উপদেষ্টার সংবর্ধনা আর অভিনন্দন পেয়ে খুশি বাংলাদেশের ক্রিকেটাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এখানে আসতে পেরে প্রত্যেক খেলোয়াড়ই খুশি। সত্যিই এটা আমাদের অনুপ্রাণিত করবে।’

    পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। জয়ের পরপরই জাতীয় দলকে সংবর্ধনার ঘোষণা দিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    সেই সিরিজ শেষে দেশে পৌঁছার পর ব্যস্ত সময় কাটছে জাতীয় দলের ক্রিকেটারদের। চলতি মাসেই ভারত সফর করতে হবে তাদের। সেই মিশনকে সামনে রেখে চলছে অনুশীলন।

    গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যস্ত সময় কাটছে ড. ইউনূসেরও। তবে শত ব্যস্ততার মধ্যে বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা।

    প্রসঙ্গত, আগস্ট-সেপ্টেম্বরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্ট খেলতে পাকিস্তান সফর করে বাংলাদেশ। এ সফরে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয়ের পর দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটে জয় তুলে নেয় তারা।

    সিরিজ জয়ের পর ড. ইউনূস জাতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’

  • তোপের মুখে সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা

    তোপের মুখে সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা

    গত সোমবার সুপ্রিম কোর্টের জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার যে নির্দেশ দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ডোনা গঙ্গোপাধ্যায়কে।

    তিনি বলেছেন, ‘এতলোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে। লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা তো আমাদের কর্তব্য। রেপ-টেপ সব জায়গাতেই হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?’

    ডোনা আরও বলেন, ‘এটা তো আমাদের গর্ব, বাংলার যে সব মানুষ প্রতিবাদ করছে। একদিকে ব্যাপারটা দুঃখের, তবে সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে’।

    সোমবার বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ডাকে এক নাচের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় জনরোষের মুখে পড়েছেন এই নৃত্যশিল্পী।

    ডোনার মন্তব্যের ভিডিও ফেসবুকে শেয়ার করেন অদিতি রায় নামে এক সংবাদকর্মী। তিনি লেখেন, ‘সেই তো! খুবই খুশি হওয়ার মতোই ব্যাপার। তবে আসল ব্যাপারটা হল কে এই নারী? থাকে কোথায়? খায় কী? মাথায় কিছু নেই, না হয় হৃদয়ে?’

    সেই পোস্টে দীপ্সিতা ধর লেখেন, ‘ছোটবেলায় ওনার নাচ দেখতে গেছিলাম মিলেনিয়াম পার্কে, ভালো লাগেনি, এই কথা গুলো শোনার পর নাচটা কম খারাপ লাগছে।’

    সেই পোস্টের স্ক্রিনশট নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে সাফাই গাইলের সৌরভ-পত্নী। ডোনা লেখেন, ‘আমি ডোনা গঙ্গোপাধ্যায়, প্রথমত একজন নারী, তারপর এক কন্যা সন্তানের মা। আমি পাগল নই যে ধর্ষণকে সমর্থন করব। বরং, আমি নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছি। আমি বলেছি, আমি নাচের অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি। যদি নারী সাংবাদিকরা আমার কথার ভুল ব্যাখ্যা করে তাহলে আমরা কী করে একটা আদর্শ সমাজ গড়ব। যেখানে নারীরা মাথা উঁচু করে বাঁচবে, খুব দুঃখের! আর যদি আপনাদের মনে হয় যে সঠিক উদ্দেশ্য নিয়ে চলা একজন নারীকে ছোট করে আপনারা খুশি থাকবেন, তাহলে আমারও মনে হয় আপনাদের চিকিৎসার প্রয়োজন’।

  • এক দশক পর ইংল্যান্ডকে হারাল শ্রীলংকা

    এক দশক পর ইংল্যান্ডকে হারাল শ্রীলংকা

    প্রথম দুই টেস্ট হেরে সিরিজ হাতছাড়া হয়েছে শ্রীলংকার। ধবলধোলাই এড়াতে সিরিজের শেষ টেস্টটা জিততেই হতো লংকানদের। কিন্তু ইংলিশদের বিপক্ষে যে গত এক দশকে সাদা পোশাকে কোন জয় নেই তাদের। ধনঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ মাথায় নিয়ে অবশেষে সফল হলো সফরকারীরা।

    পেসারদের নৈপুণ্য ও পাথুম নিসাংকার ব্যাটে ভর করে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংলিশদের ৮ উইকেটে হারিয়েছে শ্রীলংকা। সিরিজ ২-১ ব্যবধানে হারলেও শেষটা সুন্দর করার তৃপ্তি সঙ্গী হয়েছে তাদের।

    রোববার (৮ সেপ্টেম্বর) ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৫৬ রানে অলআউট করেই জয়ের সুবাস পায় শ্রীলংকা। ২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে ১ উইকেট হারিয়ে ৯৪ রান তুলেও ফেলেছিল লঙ্কানরা।

    ভারত সফরে বাংলাদেশের টেস্ট দলে থাকতে পারেন যারা

    চতুর্থ দিনে অপরাজিত সেঞ্চুরি করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নিসাঙ্কা। ১২৪ বলে ১৩ চার এবং ২ ছক্কায় করেন ১২৭ রান। তার ব্যাটিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ৪০.৩ ওভারেই ২১৯ রান তুলে জয় নিশ্চিত করে শ্রীলংকা।

    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে অধিনায়ক ওলি পোপের সেঞ্চুরিতে ৩২৫ রান তোলে ইংল্যান্ড। ১৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ইংল্যান্ডকে সম্মানজনক স্কোর এনে দেন পোপ।

    জবাব দিতে নেমে নিসাংকা (৬৪), অধিনায়ক ধনঞ্জয়া (৬৯) এবং কামিন্দু মেন্ডিসের (৬৪) ফিফটির পরও ২৬৩ রানে থামতে হয় লংকানদের। তবে ৬২ রানের লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে সেটাকে সফরকারীদের নাগালের বাইরে নিয়ে যেতে ব্যর্থ হয় ইংল্যান্ড। দুই লংকান পেসার লাহিরু কুমারা এবং বিশ্ব ফার্নান্দোর আগুনে বোলিংয়ে ১৫৬ রানে থমকে যায় স্বাগতিকদের ইনিংস। ২১ রানে ৪ উইকেট নেন কুমারা, ৩ উইকেট যায় ফার্নান্দোর ঝুলিতে।

  • শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

    শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

    পাকিস্তান ক্রিকেট দলকে ধবলধোলাই করে তাদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে এসব তথ্য।

    ড. ইউনূস শান্তকে বলেন, সরকার ও আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ দল দেশে ফেরার পর সংবর্ধনার কথাও বলেন তিনি।

    পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই দাপুটে ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ এবং সিরিজ জয়ের স্বাদ পেলো টিম-টাইগার্স।