Category: প্রচ্ছদ

  • ১২ জুন বরিশাল সিটি নির্বাচনের তারিখ ঘোষনা

    ১২ জুন বরিশাল সিটি নির্বাচনের তারিখ ঘোষনা

    নিউজ ডেস্ক :: দেশের পাঁচ সিটি করপোরেশনে ভোটের তফসিল ঘোষণা, বরিশালে ১২ জুন ভোট গ্রহণ।

    দেশের পাঁচটি সিটি কর্পোরেশন গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

    গাজীপুর সিটি নির্বাচন ২৫ মে, খুলনা ও বরিশাল ১২ জুন সিলেট ও রাজশাহী ভোট ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    বিস্তারিত আসছে…

  • পূণ্যার্থীদের পদচারণায় মুখর দুর্গাসাগর

    পূণ্যার্থীদের পদচারণায় মুখর দুর্গাসাগর

    বরিশালের বাবুগঞ্জের ঐতিহ্যবাহী দুর্গাসাগরে সনাতন সম্প্রদায়ের স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকালে সূর্যোদয় থেকেই দুর্গাসাগরে এ উৎসব পালন করেন তারা। প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী মাধবপাশা দুর্গাসাগরে হাজারো পূণ্যার্থীর আগমন ঘটেছে।

    এ স্নান উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
    জানা গেছে, চন্দ্রদ্বীপের রাজবংশের চতুদর্শ রাজা শিব নারায়ণের অকাল মৃত্যুর সময় তার স্ত্রী রানী গর্ভবতী ছিলেন। শিব নারায়নের মৃত্যুর পর তার পুত্র পঞ্চদশ রাজা জয় নারায়ণ জন্মগ্রহণ করেন। বিধবা রানী দুর্গাবতী বুদ্ধিমতি ও প্রজাবৎসল ছিলেন। আঠারো দশকের শেষভাগে নাটোরের রানী ভবানী ও চন্দ্রদ্বীপের রানী দুর্গাবতী জমিদারী পরিচালনা করে বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।

    তিনি প্রজাদের মঙ্গলের জন্য অনেক পুকুর ও দীঘি খনন করেন। রানী দুর্গাবতী ১৮৭০ সালে বরিশালের বাবুগঞ্জে মাধবপাশায় এই দুর্গাসাগর খনন করেন।

    উৎসবে আগত পূণ্যার্থী গৌতম সাহা জানান, মনের সন্তুষ্টি ও পূর্ণতা পাবার আশায় এখানে পূর্ব পুরুষের সময়কাল থেকে স্নান করতে আসেন। এই দিনটিকে ঘিরে দুর্গাসাগর পারে উৎসবের আমেজ বিরাজ করে।

    এদিকে এ স্নান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানান নগরীর এয়ারপোর্ট থানার পরিদর্শক (অপারেশন) মো. জামাল হোসেন।

    ১৯৭৪ খ্রিষ্ঠাব্দে বাংলাদেশ সরকার দীঘিটি পুনঃখনন করেন।

  • বরিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    বরিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    মুক্তিযুদ্ধে শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি এবং আলোচনা সভাসহ দিনভর সরকারি-বেসরকারি নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনী এবং সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।

    সকাল ৮টায় বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার মো. আমীন-উল আহসান। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

    এছাড়া বঙ্গবন্ধু উদ্যানে সীমিত পরিসরে কুচকাওয়াজ এবং শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
    সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কীর্তনখোলা নদীর বিআইডবি্লউটিএ ঘাটে নৌ বাহিনীর জাহাজ প্রদর্শন করা হয়।

    এদিকে দিবসটি পালন উপলক্ষ্যে সকাল ১০টায় নগরীর ওয়াপদা কলোনীর স্মৃতি-৭১ নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সহ সরকারী কর্মকর্তারা। এছাড়া আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনারবাংলা এবং প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহবান জানান সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ।

    অপরদিকে দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় সদর রোডে র‌্যালি করে বিএনপি। পরে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন তারা।

    এছাড়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

  • শ্রেণিকক্ষে আটকে বাবা-ছেলেকে নির্যাতন, ভিডিও ভাইরাল

    শ্রেণিকক্ষে আটকে বাবা-ছেলেকে নির্যাতন, ভিডিও ভাইরাল

    ফরিদপুরের মধুখালী উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ তুলে একটি স্কুলের শ্রেণিকক্ষে আটকে ১৫ বছর বয়সী এক কিশোর ও তার বাবাকে নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

    এ ঘটনায় জড়িত অভিযোগে প্রধান অভিযুক্ত মো. কুতুবউদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম প্রধান অভিযুক্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গত শুক্রবার (১৭ মার্চ) দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ তুলে স্থানীয় একটি স্কুলের শ্রেণিকক্ষে আটকিয়ে নির্যাতনের অভিযোগে সোমবার মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে এ ঘটনায় তাৎক্ষণিক প্রধান অভিযুক্ত কুতুবউদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

    খোঁজ নিয়ে জানা যায়, নির্যাতনের শিকার ওই কিশোরের পরিবার উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি নামক এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

    তাদের গ্রামের বাড়ি মাগুরায়। ওই কিশোর ও তার বাবা পৃথক দুটি জুট মিলে শ্রমিকের কাজ করেন। কিশোরের মা প্রবাসে রয়েছেন। যৌন নির্যাতনের অভিযোগ ওঠা শিশু তার সৎ বোন।

    স্থানীয়দের অভিযোগ, ওই কিশোরের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সৎ বোনকে যৌন নির্যাতন করে আসছে বাবা-ছেলে মিলে। আর এমন অভিযোগের সূত্র ধরেই তাদের স্থানীয় একটি স্কুলের শ্রেণিকক্ষে আটকে কয়েকজন যুবক ও যুবতী মিলে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করে। পরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় ওঠে। নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি তোলা হয়।

    এ ব্যাপারে মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, অতি শিগগিরই এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

    এ ঘটনায় ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা ও শিক্ষকরা জড়িত আছে কি না, সেটা খতিয়ে দেখা হবে। এছাড়া এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে আমি বিষয়টি নিয়ে ফরিদপুরের পুলিশ সুপারের (এসপি) সাথে কথা বলেছি।

  • বাংলাদেশ হবে একটি স্মার্ট দেশ : প্রধানমন্ত্রী

    বাংলাদেশ হবে একটি স্মার্ট দেশ : প্রধানমন্ত্রী

    বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দারিদ্র্য-ক্ষুধামুক্ত স্মার্ট ও সোনার বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    স্বাধীনতা দিবসের এক বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আসুন আমরা জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলি। বাংলাদেশ হবে একটি স্মার্ট দেশ।


    ৫১-সেকেন্ডের শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আসসালামুআলাইকুম, আমি স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে এবং বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ’

    মহান স্বাধীনতা দিবসে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শেখ হাসিনা বলেন, ‘২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম ও ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি। ’

    ‘ভাল থাকুন, সুস্থ থাকুন’ বলে প্রধানমন্ত্রী তার বার্তাটি শেষ করেন।

    অডিও-ভিজ্যুয়াল বার্তাটি দেশের প্রতিটি মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে পাঠানো হয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্মসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

  • আজ রাত সাড়ে ১০টায় অন্ধকার নামবে সারাদেশে

    আজ রাত সাড়ে ১০টায় অন্ধকার নামবে সারাদেশে

    আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। এ উপলক্ষ্যে আজ শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে অন্ধকার নামবে। পালিত হবে প্রতীকী ‘ব্ল্যাক আউট’।

    এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

    যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করেছেন এবং সংবাদপত্রসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।

    এদিন সকাল সাড়ে ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গণহত্যা দিবসের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    ঢাকাসহ সব সিটি করপোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এদিন বাদ জোহর দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।

  • গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান প্রধানমন্ত্রী

    গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান প্রধানমন্ত্রী

    ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ শনিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেছেন, ‘সাড়ে সাত কোটি মানুষের মধ্যে ৩ কোটি মানুষ মানুষ গৃহহারা হয়, এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। রাস্তায় রাস্তায় লাশ পড়ে ছিল, লাশ শেয়াল কুকুরে খেয়েছে, সেটা মানুষ দেখেছে, মেয়েদের ক্যাম্পে ধরে নিয়ে পাশবিক অত্যাচার করেছে।

    কাজেই ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক সেটাই আমরা চাই। ’
    তিনি আরও বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত এই দেশ জাতির পিতা গড়ে তুলেছিলেন, স্বল্পোন্নত দেশ হিসেবেও আমরা স্বীকৃতি পেয়েছিলাম। মাত্র তিন বছর সাত মাস তিনদিন তিনি ক্ষমতায় ছিলেন। ’

    ১৯৭১ সালে বাংলাদেশের মাটিতে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।

    ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা চালায় বাংলাদেশে। স্বাধীনতার ৪৬ বছর পর জাতীয় সংসদে সিদ্ধান্ত নিয়ে ২০১৮ সাল থেকে জাতীয়ভাবে দেশে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হচ্ছে।
    ইতিহাসের অন্যতম বৃহত্তম গণহত্যা হলেও জাতিসংঘে বা আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক কোনো দলিলে এর স্বীকৃতি এখনো নেই।

  • ডিজিটাল নিরাপত্তা মামলায় বরিশালে দুই সাংবাদিককে অব্যাহতি

    ডিজিটাল নিরাপত্তা মামলায় বরিশালে দুই সাংবাদিককে অব্যাহতি

    নিজস্ব প্রতিবেদক।।
    বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত।
    আজ বৃহস্পতিবার (২৩মার্চ) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এই আদেশ দেন।

    মামলা সূ্ত্রে জানা যায়, বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারকে নিয়ে বরিশাল ক্রাইম নিউজে একটি সংবাদ প্রকাশ হয়।
    সেই ঘটনায় সাংবাদিক এস এন পলাশ ও খন্দকার রাকিবের বিরুদ্ধে মামলা দায়ের করেন কাউন্সিলর এনামুল হক বাহার।

    মামলাটি দীর্ঘদিন পরিচালিত হওয়ার পরে আজ বিচারক মামলা থেকে দুই সাংবাদিককে অব্যাহতি দেন।

    সাংবাদিক এস এন পলাশ ঢাকা টাইমসের বরিশাল জেলা প্রতিনিধি ও খন্দকার রাকিব বরিশাল ক্রাইম নিউজের প্রকাশের দ্বায়িত্ব পালন করছেন।

  • স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

    স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

    স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য এবার চারজন স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম।

    এছাড়া সাহিত্যে মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন), সংস্কৃতিতে পবিত্র মোহন দে, ক্রীড়ায় এ এস এম রকিবুল হাসান, গবেষণা ও প্রশিক্ষণে বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) ও ড. ফেরদৌসী কাদরী পুরস্কার পেয়েছেন। আর পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানটি হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

    উল্লেখ্য, সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার প্রদান করে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

  • বঙ্গবন্ধুর বাংলাদেশে মানুষ ঠিকানাবিহীন থাকবে না : প্রধানমন্ত্রী

    বঙ্গবন্ধুর বাংলাদেশে মানুষ ঠিকানাবিহীন থাকবে না : প্রধানমন্ত্রী

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভূমি-চতুর্থ দফায় দেশের বিভিন্ন উপজেলা ৩৯ হাজার ৩৬৫ পরিবারকে ভূমি ও ঘর দেওয়ার অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী গাজীপুরের শ্রীপুর, বরিশালের বানারীপাড়া ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার সঙ্গে সরাসরি যুক্ত হন।

    একই অনুষ্ঠান থেকে তিনি সাত জেলার (মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা) সব উপজেলাসহ সারাদেশের ১৫৯ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন।

    ইতিপূর্বে আরও দুই জেলার (পঞ্চগড় ও মাগুরা) সব উপজেলাসহ মোট ৫২ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দেশে এখন সর্বমোট ৯টি জেলা এবং ২১১টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তিনিই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন।

    দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না, আমরা সে লক্ষ্যেই কাজ করছি। আমি খুবই আনন্দিত চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫ পরিবারকে ভূমি ও গৃহ দিতে পারছি। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারা অনেক আনন্দের।
    তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল।

    এ দল মানুষের পাশে থাকে। তাদের জন্য কাজ করে। আমাদের একটাই লক্ষ্য জাতির জনক বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। আমরা চাই দেশের সবার ঘর-বাড়ি থাকবে।