Category: প্রচ্ছদ

  • বরিশালে ৭ মার্চ উদযাপন

    বরিশালে ৭ মার্চ উদযাপন

    ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

    মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর সদর রোডের সোহেল চত্বরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা।

    শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর এবং মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ অন্যরা বক্তব্য দেন।

    এদিকে সকাল সাড়ে ১০ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. আমীন-উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আকতারুজ্জামান, মেট্রো পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

    আলোচনা সভায় সিটি মেয়র বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু জাতিকে মুক্তিযুদ্ধে উদ্দীপ্ত করেছিলেন। নতুন প্রজন্মকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করতে হবে। মহানগর আওয়ামী লীগ মাঠে আছে। দক্ষিণাঞ্চলের মানুষ আবারও শেখ হাসিনাকে বিজয়ী করবে বলে প্রত্যাশা মেয়র সাদিক আবদুল্লাহর।

    শ্রদ্ধাঞ্জলি জানানোর সময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমীন-উল আহসান তরুণ প্রজন্মকে ৭ মার্চের ভাষণে উদ্দীপ্ত হয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে বিনির্মাণ করার কথা বলেন।

    অন্যদিকে দিবসটি পালন উপলক্ষে সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সদর রোডের জেলা ও মহানগর কার্যালয় এবং নগরীর ৩০টি ওয়ার্ডে আওয়ামী লীগ কার্যালয় ও ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে ৭ মার্চের ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত।

  • বাংলাদেশ কোন ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না : প্রধানমন্ত্রী

    বাংলাদেশ কোন ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না : প্রধানমন্ত্রী

    গত ১৪ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ কোন ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না। আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবো। তাহলেই গড়ে ওঠবে দক্ষ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট জনগোষ্ঠী। ’ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    গবেষণার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, গবেষণাই আমাদের সাফল্য এনে দিতে পারে- সেটা এখন প্রমাণিত। গবেষণার জন্য আমিষ ও খাদ্য উৎপাদনে সফল হয়েছি। বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে।

    শুধু নিজের দেশে নয়, বিদেশ থেকে জ্ঞান আহরণ করে দেশের উন্নয়নেও যেন ভূমিকা রাখতে পারে সে ব্যবস্থাও করেছে আওয়ামী লীগ সরকার।
    তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে যত বেশি গবেষণা বাড়বে অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষ তত ভূমিকা রাখতে পারবে, দেশ তত সামনের দিকে এগিয়ে যাবে। তাই গবেষণার দিকে বর্তমান সরকার জোর দিয়েছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি আরও বলেন, দেশ ডিজিটাল হয়েছে বলেই দেশের বিভিন্ন প্রান্তে ছেলেমেয়েরা ঘরে বসে অর্থ উপার্জন করতে পারছে।

  • ইন্সুরেন্স কোম্পানিতে বসেই ৬ দফা প্রণয়ন হয়েছিল : প্রধানমন্ত্রী

    ইন্সুরেন্স কোম্পানিতে বসেই ৬ দফা প্রণয়ন হয়েছিল : প্রধানমন্ত্রী

    দেশে প্রথমবারের মতো আজ পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস-২০২৩।

    বুধবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বীমা দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী বলেন, বীমা খাতকে গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। বীমা আইন-নীতিমালা নিয়ে কাজ চলছে।

    আওয়ামী লীগের লক্ষ্য একটাই বাংলাদেশকে সামনের দিয়ে এগিয়ে নেয়া।
    এ সময় তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার ইতিহাসের সাথে বীমা কোম্পানির যোগসূত্র রয়েছে। ইন্সুরেন্স কোম্পানিতে বসেই ৬ দফা প্রণয়ন হয়েছিল।

  • বরিশালে বাস টার্মিনালে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ

    বরিশালে বাস টার্মিনালে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ

    সড়ক পথে বরিশালের ‘জঞ্জাল’ নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে। যাত্রী টানাটানি, দালাল চক্রের অতিরিক্ত ভাড়া আদায়, মহাসড়কের পাশে অলস বাস দাঁড় করিয়ে যানজট সৃষ্টি এবং অতিরিক্ত গতিতে বাস চলাচলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা। জনস্বার্থে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সিটি মেয়র।

    এদিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় স্থায়ীভাবে যানজট নিরসনে কাশীপুর পোস্ট অফিস থেকে বাস টার্মিনাল পর্যন্ত সড়কটি ওয়ানওয়ে করে দেয়া হয়েছে। আগামী ৭ মার্চ ওয়ানওয়ে কাজের উদ্বোধন করবেন মেয়র। ওই সড়কের খানাখন্দ সংস্কার এবং অপ্রয়োজনীয় বিশাল রোড ডিভাইডার ভেঙে ছোট করতে সড়ক বিভাগকে নির্দেশনা দিয়েছেন মেয়র এবং পুলিশ কমিশনার।

    পদ্মা সেতু উদ্বোধনের আগে থেকেই বরিশালের প্রবেশদ্বার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যানজট ছিল নিত্যদিনের। সেতু উদ্বোধনের পর নথুল্লাবাদে যানজটের ভোগান্তি কয়েকগুন বেড়েছে। দিনভর পরিবহনের যানজট সামলাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে।

    বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যানজটের কারণ এবং টার্মিনালে যাত্রী অব্যবস্থাপনা ও হয়রানির চিত্র খুঁজে বের করে পুলিশ। টার্মিনালে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি যানজট নিরসনে সোমবার দুপুরে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর উপস্থিতিতে কেন্দ্রীয় বাস টার্মিনালের হলরুমে সড়ক বিভাগ, বিআরটিএ এবং বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় করেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

    এ সময় তিনি বলেন, টার্মিনালের সামনের সড়কে কোনো বাস দাঁড়াতে পারবে না। কুয়াকাটা-বরিশাল-ঢাকা রুটের বাসগুলো নথুল্লাবাদের মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী তুলতে পারবে না। কাশীপুর থেকে নথুল্লাবাদ পর্যন্ত মূল সড়কের পাশের সাইড লেনে কোনো বাস থাকতে পারবে না। যাত্রী তার পছন্দের পরিবহনে চলাচল করবেন। কোনো যাত্রীকে বাধ্য করা যাবে না বা টানাটানি করে যাত্রীদের নাজেহাল করা যাবে না। বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা জনস্বার্থে পুলিশ কমিশনারের এই প্রস্তাবে সম্মত হন।

    পুলিশ কমিশনার কাশীপুর পোস্ট অফিস পয়েন্ট থেকে টার্মিনালমুখী বাসগুলোকে পাশের সাইড লেন ব্যবহার করার পরামর্শ দেন। তবে সুশৃঙ্খলভাবে বাস চলতে মূল সড়কের পাশের লেনটি দ্রুত সংস্কারের জন্য সভায় উপস্থিত মেয়র এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম। মেয়র এবং নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জনস্বার্থে মূল সড়কের পাশের লেনটি দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করার প্রতিশ্রুতি দেন।

    পরে তারা কাশীপুর পোস্ট অফিস এলাকা সরেজমিন পরিদর্শন করেন। নথুল্লাবাদের যানজট এড়াতে কাশীপুর পোস্ট অফিস পয়েন্ট থেকে টার্মিনালমুখী যানগুলো বাম পাশের সাইড লেন দিয়ে চলাচলের বিষয়ে ঐকমত্য পোষণ করেন মেয়র ও পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টরা।

    এ সময় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ জানান, নগরীর প্রবেশদ্বার গড়িয়ারপার থেকে দপদপিয়া সেতু পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়ক সম্প্রসারণে ৫২ কোটি টাকার টেন্ডার সম্পন্ন হয়েছে। জনদুর্ভোগ লাঘবে আগামী ৭ মার্চ ওই কাজের ভিত্তি উদ্বোধন হবে।

    সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, গড়িয়ারপাড়-দপদপিয়া ১২ কিলোমিটার মহাসড়কের কোথাও ২৪ ফিট আবার কোথাও একটু বেশি প্রশস্ত। নতুন প্রকল্পের আওতায় এই মহাসড়ক ৪৮ ফিট থেকে ৬০ ফুট পর্যন্ত প্রশস্ত করা হবে। মাঝে থাকবে এক মিটার একটি ডিভাইডার। কিছু অংশে ড্রেনও ধরা আছে। এই কাজ সম্পন্ন হলে নগরীর অভ্যন্তরের যানজট স্থায়ীভাবে নিরসন হবে বলে আশা তার।

  • আবারও বাড়লো বিদ্যুতের দাম

    আবারও বাড়লো বিদ্যুতের দাম

    আবারও নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়িয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন দর ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে। গতকাল রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গেজেট আকারে প্রকাশ করেছে ‍বিদ্যুৎ বিভাগ। আজ এটি প্রচার করা হয়েছে।

    এবার গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ২০ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, আবাসিক গ্রাহকদের মধ্যে শূন্য থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৩ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ১৪ পয়সা, শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীর বিদ্যুতের দাম ৪ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬২ পয়সা এবং ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের ৬ টাকা ১ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৩১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    সেই সঙ্গে ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের ৬ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৬২ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিটের জন্য ৬ টাকা ৬৬ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ৯৯ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ১০ টাকা ৪৫ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৯৬ পয়সা এবং ৬০০ ইউনিটের ওপরে বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিল ১২ টাকা ০৩ পয়সা থেকে বেড়ে ১২ টাকা ৬৩ পয়সা করা হয়েছে।

    প্রজ্ঞাপনে পাইকারি দামের বিষয়ে বলা হয়, ‘সরকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ অনুযায়ী ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে জনস্বার্থে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) কর্তৃক বিভিন্ন বিতরণ সংস্থা বা কোম্পানিকে সরবরাহকৃত বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে।

    বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বাড়ানো হলো বিদ্যুতের দাম। গত ১৪ বছরে এ নিয়ে ১১তমবারের মতো গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম।

    এর আগে গত ১২ জানুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৫ শতাংশ বাড়ানো হয় নির্বাহী আদেশে। তিন সপ্তাহের মধ্যে তিন দফায় গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর ঘটনা ঘটলো, যা বাংলাদেশের ইতিহাসে বিরল।

    আগে কখনই এতো কম সময়ের মধ্যে দফায় দফায় দাম বাড়েনি।
    এর আগে গত ২১ নভেম্বর সর্বশেষ বিদ্যুতের পাইকারি দাম বাড়ায় বিইআরসি। তখন ইউনিট প্রতি ৫.১৭ টাকা থেকে গড়ে ১৯.৯২ শতাংশ বাড়িয়ে ৬.২০ টাকা করা হয়।

    সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বিদ্যুতের মূল্য সমন্বয় করা হবে। এই মূল্য নির্বাহী আদেশে কার্যকর হবে।

    গ্রাহকদের এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহের বিদ্যুতের মূল্য জানিয়ে দেয়া হবে যে- সমন্বিত মূল্য বাড়ছে নাকি কমছে।

  • গাজীপুর থেকে অপহৃত কিশোরী বরিশ‍ালে উদ্ধার, আটক ১

    গাজীপুর থেকে অপহৃত কিশোরী বরিশ‍ালে উদ্ধার, আটক ১

    গাজীপুর থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারীকে বরিশাল নগর থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    আটক অপহরণকারী হলেন- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার মদনপুর এলাকার কাসেম আলীর ছেলে হযরত আলী আপন (২৩)।

    রোববার (৩০ জানুয়ারি) রাতে র‌্যাব-৮ বরিশাল ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় গাজীপুরের পূবাইলের তালুটিয়ার বায়তুল মামুন জামে মসজিদের সামনে থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় গত ২৪ জানুয়ারি পূর্বাইল থানায় অপহরণ এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন কিশোরীর বাবা। পূর্বাইল থানা অপহরণকারীকে আটক করতে র‌্যাব-৮ এ সুপারিশ পাঠায়।

    এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বরিশাল নগরের ভাটিখানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরী উদ্ধারসহ অপহরণকারীকে আটক করা হয়। আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • ২৭ দিনে ১৬৭ কো‌টি ডলার পাঠালেন প্রবাসীরা

    ২৭ দিনে ১৬৭ কো‌টি ডলার পাঠালেন প্রবাসীরা

    বছরের শুরুতে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ভাব অব্যাহত আছে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারির ২৭ দিনে ১৬৭ কো‌টি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

    টাকার অংকে যার পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় দাঁড়াবে ১৭০ কোটি ডলারে।

    প্রবাসী আয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

    জানুয়ারি মাসে প্রবাসীদের আয় সাম্প্রতিক নিম্নগতি থেকে ঊর্ধ্বগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগের মাস তথা ২০২২ সালের ডিসেম্বরে এসেছিল ১৬৯ কোটি ডলার। আগের বছরের একই সময় জানুয়ারি মাসে এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। আর ২০২১ সালের জানুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ১৯ লাখ ডলার।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখানো হয়েছে, জানুয়ারির ২৭ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তার মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪০ কোটি ৫২ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৬ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

    একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে ২৭ দিনে প্রবাসী আয় এসেছে ৩০ কোটি ৮৪ লাখ ডলার।

    দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসা ব্যাংকটি হলো আল আরাফা ইসলামী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে ২৭দিনে প্রবাসী আয় এসেছে ১০ কোটি ৯৪ লাখ ডলার। আর অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ১১ লাখ ডলার; রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে অগ্রণী সর্বোচ্চ প্রবাসী আয় সংগ্রহ করা ব্যাংক।

    এ সময়ে সাত ব্যাংকে কোনো রেমিট্যান্স সংগ্রহ করতে পারেনি। ব্যাংকগুলো হলো – বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি খা‌তের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

  • ডিসি সম্মেলনে ২৫ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    ডিসি সম্মেলনে ২৫ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব, খাদ্যে ভেজাল, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, জনগণকে সরকারি সেবা প্রধানসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ২৫টি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

    নির্দেশনাগুলো হলো:

    ১. খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। পতিত জমিতে ফসল ফলাতে হবে।

    কোনো জমি যেন অনাবাদি না থাকে সে লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।
    ২. নিজেরা বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জনগণকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে।

    ৩. সরকারি অফিসসমূহে সাধারণ মানুষ যেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে যথাযথ সেবা পায় তা নিশ্চিত করতে হবে। সেবা প্রত্যাশীদের সন্তুষ্টি অর্জনই যেন হয় সরকারি কর্মচারীদের ব্রত।

    ৪. সরকারি তহবিল ব্যবহারে কৃচ্ছতা সাধন করতে হবে।

    ৫. এসডিজি স্থানীয়করণের আওতায় নির্ধারিত লক্ষ্যমাত্রাসমূহ অর্জনে তৎপরতা জোরদার করতে হবে।

    ৬. দেশে একজনও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। গৃহহীনদের জন্য গৃহনির্মাণ, ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবস্তসহ সব সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যেন প্রকৃত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রান্তিক শ্রেণির মানুষ সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে।

    জমি ও ঘর দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
    ৭. শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের পাঠদান কার্যক্রমের মানোন্নয়নে উদ্যোগী হতে হবে। অপেক্ষাকৃত দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে।

    ৮. কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রসমূহ যেন কার্যকর থাকে তা প্রতিনিয়ত তত্ত্বাবধান করতে হবে।

    ৯. শিশু-কিশোরদের শারীরিক-মানসিক বিকাশের লক্ষ্যে তাদের জন্য প্রত্যেক এলাকায় সৃজনশীল চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রীড়া সুবিধা নিশ্চিত করতে হবে।

    ১০. নাগরিকদের সুস্থ জীবনাচারের জন্য জেলা ও উপজেলায় পার্ক, খেলার মাঠ প্রভৃতির সংরক্ষণ এবং নতুন পার্ক ও খেলার মাঠ তৈরির উদ্যোগ নিতে হবে।

    ১১. পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোচ্চ সুবিধা নিতে উচ্চ-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে কাজ করতে হবে।

    ১২. সরকারি দপ্তরসমূহের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করতে হবে। নিজ নিজ জেলায় সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সাফল্য ওয়েবসাইটে তুলে ধরতে হবে।

    ১৩. জনসাধারণের মধ্যে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, গুজব ইত্যাদি রোধে উদ্যোগ নিতে হবে।

    ১৪. আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন কোনোভাবেই অবনতি না হয় সে লক্ষ্যে নজরদারি জোরদার করতে হবে।

    ১৫. মিথ্যা গুজব ছড়িয়ে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

    ১৬. মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করতে হবে। নিরীহ ধর্মপ্রাণ মানুষ যাতে জঙ্গিবাদে জড়িত না হয় সেজন্য সচেতনতা তৈরির উদ্যোগ নিতে হবে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে হবে।

    ১৭. বাল্যবিয়ে, ইভটিজিং, খাদ্যে ভেজাল, নকল পণ্য তৈরি ইত্যাদি অপরাধ প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।

    ১৮. বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে, কৃত্রিম সঙ্কট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে।

    ১৯. সরকারি জমি, নদী, বনভূমি, পাহাড়, প্রাকৃতিক জলাশয় প্রভৃতি রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে হবে। ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের উদ্দেশে নতুন সরকারি প্রতিষ্ঠান স্থাপনে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকে প্রাধান্য দিতে হবে।

    ২০. নিয়মিত নদী ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বাড়াতে হবে। সুইচগেট বা অন্য কোনো কারণে যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে জলাবদ্ধতার জন্য যেন উৎপাদন ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে।

    ২১. বজ্রপাতপ্রবণ এলাকায় তালগাছ রোপণ করতে হবে।

    ২২. পর্যটন শিল্পের বিকাশ ও রক্ষণাবেক্ষণে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। নতুন নতুন পর্যটন স্পট গড়ে তুলতে হবে।

    ২৩. জেলার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং জেলাভিত্তিক বিখ্যাত পণ্যসমূহের প্রচার, বিপণন ও ব্র্যান্ডিং করতে হবে।

    ২৪. জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রেখে সেবার মনোভাব নিয়ে যেন সরকারি দপ্তরগুলো পরিচালিত হয় সে লক্ষ্যে মনিটরিং জোরদার করতে হবে।

    ২৫. জেলার সব সরকারি দপ্তরের কার্যক্রমসমূহ যথাযথ সমন্বয়ের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ব্রতী হতে হবে।

  • আজ বরিশালে দোস্ত উৎসব মাতাবেন লালন ব্যান্ড

    আজ বরিশালে দোস্ত উৎসব মাতাবেন লালন ব্যান্ড


    এস এন পলাশ।।
    বরিশাল নগরীর একটি অরাজনৈতিক সংগঠন দোস্ত কল্যান পরিষদ। এর বাৎসরিক আয়োজন দোস্ত উৎসব আজ শুক্রবার (২০জানুয়ারি)। দিনব্যাপী রয়েছে নানান প্রোগ্রাম।
    প্রায় সারে তিনশো বন্ধুবান্ধব মিলে এই দোস্ত উৎসবের আয়োজন করেছেন তারা। তাদের এই উৎসব মাতাতে ঢাকার লালন ব্যান্ড ও আরেক ব্যান্ড তারকা মিনার যোগ দিবেন অনুষ্ঠানে।
    দোস্ত উৎসবের আয়োজকরা জানান, তাদের দোস্ত কল্যান পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটি করোনা কালিন সময় ও বিভিন্ন সময়ে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।
    শুধু তাই নয়, দোস্ত কল্যান পরিষদের একটি নির্দিষ্ট মাসিক চাঁদা তাদের বন্ধুবান্ধবের ভিতরে যারা অস্বচ্ছল তাদেরকে সহযোগীতা করে আসছে দীর্ঘদিন যাবত।
    আজ শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত রয়েছে দোস্তদের নানান আয়োজন। রাতে এই অনুষ্ঠানে যোগ দিবেন লালন ব্যান্ডের সুমি ও আরেক ব্যান্ড তারকা মিনার।
    এছাড়া দোস্ত কল্যান পরিষদের এই অনুষ্ঠানে যোগ দিবেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বরিশালের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন।
    এস এন পলাশ
    বরিশাল
    ০১৭১৩৯৬৩৬২৯

  • নতুন যুগের শুরু, মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নতুন যুগের শুরু, মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে দেশের প্রথম মেট্রোরেল পরিষেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

    সকাল ১১টায় উত্তরার দিয়াবাড়িতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেট্রোরেল কার্যক্রম উদ্বোধন করা হয়।

    উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল।

    পরদিন (বৃহস্পতিবার) থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।
    প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছয়টি বগিবিশিষ্ট ১০ সেট ট্রেন চলাচল করবে। পরে চলাচলের সময় বাড়ানো হবে এবং চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

    সম্পূর্ণভাবে মেট্রোরেল চলাচল শুরু হলে প্রতি সাড়ে তিন মিনিট অন্তর একটি ট্রেন চলবে।

    প্রতিটি স্টেশনে, যাত্রীদের ওঠা ও নামা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ট্রেনটি অপেক্ষা করবে। প্রতিটি ট্রেন ২,৩০০ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলতে পারে।