Category: প্রচ্ছদ

  • একদিনে আরও ১৬৬৭ মৃত্যু, শনাক্ত ৮ লাখের বেশি

    একদিনে আরও ১৬৬৭ মৃত্যু, শনাক্ত ৮ লাখের বেশি

    আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে বিশ্বে আবারও বেড়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৮ লাখ ২৩ হাজার ৩২৫ জন। আগের দিনের তুলনায় মৃত্যু প্রায় ৬০০ এবং শনাক্ত বেড়েছে তিন লাখেরও বেশি। মহামারি শুরুর পর এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৪ লাখ ৬ হাজার ৯৩১ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ২৭২ জনে।

    গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই আছে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশগুলো।

    বুধবার (২৭ জুলাই) সকালে বৈশ্বিক করোনাভাইরাসে মৃত্যু, সংক্রমণ ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    জাপানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১১ জন এবং মারা গেছেন ৫৫ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৫ লাখ ৫৯৫ জন শনাক্ত এবং মারা গেছেন ৩১ হাজার ৯৪০ জন।

    দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৬৪৩ জন। শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ৬০৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ৭৭ হাজার ৫৬৩ জন।

    একদিনে যুক্তরাষ্ট্রে ৮৮ হাজার ১১ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৩০১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ১৮ জন এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৫২ হাজার ৯৩৫ জনের।

    গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে সংক্রমিত ৮৭ হাজার ৫৬২ জন এবং মারা গেছেন ১১৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৬৭৯ জন। এসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন শনাক্ত ৯৯ হাজার ২৬৮ জন এবং মারা গেছেন ১৭ জন।

    একদিনে ইতালিতে শনাক্ত ৮৮ হাজার ২২১ জন এবং মারা গেছেন ২৫৩ জন। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৭ লাখ ৭২ হাজার ৮৩৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ২৩২ জন। মেক্সিকোতে নতুন শনাক্ত ৪ হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২০ জন।

    গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে মারা গেছেন ৩৭ জন এবং সংক্রমিত ২৫ হাজার ৭১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৪৪ লাখ ৭২ হাজার ৭৫৫ জন এবং মারা গেছেন ৮ হাজার ৬৮৬ জন।

    রাশিয়ায় একদিনে মারা গেছেন ৪৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৮৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার ৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮২ হাজার ২৩৬ জন।

    অস্ট্রেলিয়ায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৬ হাজার ২০৯ জন এবং মারা গেছেন ১০০ জন। এসময়ে থাইল্যান্ডে শনাক্ত ১ হাজার ৮২৮ জন এবং মারা গেছেন ৩৫ জন; চিলিতে শনাক্ত ৪ হাজার ৪৩৩ জন এবং মারা গেছেন ১০ জন; ইরানে শনাক্ত ১১ হাজার ৩৫ জন এবং মারা গেছেন ৪১ জন।

  • সিটি মেয়রের শোক

    সিটি মেয়রের শোক

    তানজিম হোসাইন রাকিবঃ নগরীর জর্ডান রোডস্থ বায়তুর নুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আজ বিকাল ৪ টায় শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

    তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

  • শাহান আরা বেগমের সমাধিতে নগর ছাত্রলীগের শ্রদ্ধা

    শাহান আরা বেগমের সমাধিতে নগর ছাত্রলীগের শ্রদ্ধা

    তানজিম হোসাইন রাকিবঃ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ( এমপি) র সহধর্মিণী ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা, বীর মুক্তিযোদ্ধা ৭৫র ১৫ আগষ্টের শহীদ জননী, সংস্কৃতি ব্যক্তিত্ব সাহান আরা বেগমের সমাধিতে বরিশাল মহানগর ছাত্রলীগে নবগঠিত কমিটির পক্ষথেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ মঙ্গলবার এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্না, যুগ্ন আহবায়ক মাইনুল ইসলাম এবং আরিফুর রহমান শাকিল সহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

  • পদ্মা সেতুর সব সুবিধা নিতে পরিকল্পনা জরুরি: স্পিকার

    পদ্মা সেতুর সব সুবিধা নিতে পরিকল্পনা জরুরি: স্পিকার

    অনলাইন ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পদ্মা সেতু থেকে সব ধরনের সুবিধা নেওয়ার জন্য পরিকল্পনা নিতে হবে। এ লক্ষ্যে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।

    মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের লেখা ‘আমাদের অর্থে আমাদের পদ্ম সেতু’ বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করে চন্দ্রাবতী একাডেমি।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এই বইয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাবে পদ্মা সেতুকে জানার সুযোগ পাবো। এই বইটির মাধ্যমে তথ্য উপাত্ত ছড়িয়ে যাবে। এটা খুব ভালো উদ্যোগ।

    তিনি বলেন, পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদার নিদর্শন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃড়তা ও অদম্য সাহসের জন্য পদ্মা সেতু হয়েছে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন আমাদের প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর চ্যালেঞ্জও নিয়েছেন তিনি। এটা শুধু ইট পাথরের সেতু নয়। এই সেতু আমাদের আবেগ ও গৌরবের অধ্যায়।

    তিনি আরও বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইকোনমিক লাইফ লাইনে পরিণত হয়েছে। তবে পদ্মা সেতু থেকে সব ধরনের সুবিধা নেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা নিতে হবে।

    অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

    অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, পদ্মা সেতুর ওপরে বই প্রকাশ করে আমরা খুশি। তবে এই বইতে দু’জনের লেখা নিতে পারিনি। একজন জামিলুর রেজা চৌধুরী এবং ওপর জন আমার বড় ভাই আবুল মাল আব্দুল মুহিত।

    তিনি বলেন, পদ্মা সেতু পরিপ্রেক্ষিতে বলতে চাই, বিদেশিদের পরামর্শ সব সময় সঠিক নয়। বিদেশিরা কোনো কিছু বললেই লাফালাফি বন্ধ করতে হবে। পদ্মা সেতু থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এছাড়া তারা (বিদেশি) বলেন, বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার হচ্ছে। তবে প্রাইভেসির নামে কোনো তথ্য দেওয়া হয় না।

    অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিশ্বব্যাংক যখন পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দিল, তখন অনেকেই আশঙ্কায় ছিলেন, এটা বোধ আর হবে না। তবে সেই সেতু তৈরি সম্ভব হয়েছে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৯৯৬ সালে জাপানে গিয়ে এই সেতুর জন্য ঋণ চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই ঋণ হয়নি। এখন সেই সেতু হয়েছে। এটা শুধু সেতু নয়, এটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

    তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের কর্মকর্তারা পদ্মা সেতু নিয়ে দুর্নীতির তদন্ত করতে চেয়েছিলেন। আমরা বলেছিলাম, এটা আপনারা করতে পারবেন না। আমাদের আইন অনুযায়ী আমরা তদন্ত করবো। পরে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করে। কানাডার আদালতও পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতির প্রমাণ পায়নি। বিশ্বব্যাংকের ঋণ না পাওয়ায় আমাদের ‘শাপে বর’ হয়েছে। বঙ্গবন্ধুর ভাষায় আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না।

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, পদ্মা সেতুতে শুধু মাত্র বাংলাদেশের প্রকৌশলীরা সিদ্ধান্ত নিয়েছেন। এটা নিয়ে আলাদা একটি গবেষণা হতে পারে। তিনি এ বিষয়ে একটি গবেষণা ও প্রকাশনার প্রস্তাব দেন।

    অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এই বইটি রেফারেন্স হিসেবে কাজ করবে। পদ্মা সেতুর সব কিছু হয়তো বলা যাবে না। অনেক বিষয় বিহাইন্ড থেকে যাবে। বইটি প্রকাশ করার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানাই।

    তিনি বলেন, পদ্মা সেতু তৈরিতে গভর্নেন্স ও ম্যানেজমেন্ট ঠিক রাখার চেষ্টা করেছি। এটা ঠিক ছিল বলেই পদ্মা সেতু সম্ভব হয়েছে। আর এই সেতু এতো স্বচ্ছভাবে তৈরি হয়েছে যে, এটা নিয়ে কোনো নেতিবাচক কথা বলার সুযোগ নেই।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. শামসুল হক, চন্দ্রাবতী একাডেমির স্বত্বাধিকারী কামরুজ্জামান কাজল।

  • নভেম্বরের পর মিলবে না প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা

    নভেম্বরের পর মিলবে না প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা

    নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। ওই সময়ের পর চাইলেও প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবে না কেউ। এছাড়া নতুন করে টিকা কেনার সম্ভাবনাও কম।

    মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য জানান।

    দেশে বর্তমানে প্রথম ও দ্বিতীয় ডোজের দেড় কোটি টিকা মজুত আছে জানিয়ে তিনি বলেন, যারা এখনো এই দুই ডোজ গ্রহণ করেননি, দ্রুত তাদের নিয়ে নেওয়া উচিত। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।

    তিনি বলেন, দেশে এখনো ৩৩ লাখ মানুষ প্রথম ও ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা নেননি। তবে বুস্টার ডোজের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে।

    শামসুল হক বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের গড়িমসি লক্ষ করা গেলেও বুস্টার ডোজ কার্যক্রম চলমান থাকবে। এখনো সাড়ে ৬ কোটি মানুষ বুস্টার ডোজ নেননি। টিকা গ্রহণে মানুষের সাড়াও কম মিলছে বলে জানান তিনি।

    এই কর্মকর্তা আরও জানান, আগস্ট থেকে শুরু হবে ৫ থেকে ১১ বছর বসয়সীদের টিকা কার্যক্রম। এজন্য নিবন্ধন শুরু হয়েছে। সবমিলিয়ে টিকা পাবে ৪ কোটি ২০ লাখ শিশু।

    এর আগে ৭৫ লাখ বুস্টার ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণে ১৯ জুলাই বুস্টার ডোজ দিবস পালন করে সরকার। তবে সেই লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় স্বাস্থ্য বিভাগ।

    দিবসটিতে সকাল ৯টা থেকে সারাদিনে বুস্টার ডোজ নেন ৫৬ লাখ ৩৭ হাজার ৩ জন, যা লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ। এর মধ্যে ২৬ লাখ ৫৭ হাজার ৪১০ জন পুরুষ ও ২৯ লাখ ৭৯ হাজার ৫৯৩ জন নারী বুস্টার ডোজ নেন।

    ২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়।

    বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, সিনোভ্যাক এবং জনসন ও জনসনের টিকা দিচ্ছে সরকার।

  • সজীব ওয়াজেদ জয়ের ৫২ তম জন্মদিন আজ

    সজীব ওয়াজেদ জয়ের ৫২ তম জন্মদিন আজ

    তানজিম হোসাইন রাকিবঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণুবিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন আজ। তিনি ১৯৭১ সালের ২৭ জুলাই জন্ম নেন। দেশ স্বাধীন হওয়ার পর তাঁর নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। কম্পিউটারবিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এর ধারাবাহিকতায় দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠান।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবার নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারতে চলে যান তিনি। তাঁর শৈশব ও কৈশোর কাটে ভারতে। সেখানকার নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন সজীব ওয়াজেদ জয়। তাঁদের একটি মেয়ে আছে।

    জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান ২০১০ সালে। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয় তাঁকে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তিনি। ২০০৭ সালে জয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড’ নির্বাচিত হন।

    দলীয় ঘরানা ছাড়াও তথ্যপ্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্যপ্রযুক্তির বিকাশ, তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন জয়। বিশেষ করে দেশের তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে আত্মনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ নিচ্ছেন তিনি।

  • বঙ্গবন্ধুর সমাধিতে নবগঠিত নগর ছাত্রলীগের শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে নবগঠিত নগর ছাত্রলীগের শ্রদ্ধা

    তানজিম হোসাইন রাকিবঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত বরিশাল মহানগর ছাত্রলীগ। আজ দুপুরে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

    এর আগে সোমবার দুপুরে স্ত্রী ও সন্তানকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ । পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

    পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লেখেন মেয়র।

    এ সময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্না, যুগ্ন আহবায়ক মাইনুল ইসলাম এবং আরিফুর রহমান শাকিল, সদস্য সচিব কাজী রানা, সাইফুল ইসলাম পারভেজ ও ফয়সাল বিন নয়নসহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি মেয়রের শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি মেয়রের শ্রদ্ধা

    নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    সোমবার দুপুরে স্ত্রী ও সন্তানকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান মেয়র। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

    পরে মহানগর আওয়ামী লীগের পক্ষে ও ছাত্রলীগের নেতার্মীদের সাথে নিয়েও শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লেখেন মেয়র।

    এ সময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্না, মঈনুল, আরিফুর রহমান শাকিল, সদস্য সচিব কাজী রানা, সাইফুল ইসলাম পারভেজ ও ফয়সাল বিন নয়নসহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৮

    করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৮

    নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫৪৮ জনের।

    সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৭১ জনে।

    এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২ হাজার ৩২৩ জনে।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন। একই সময়ে ৬ হাজার ৯৩৯টি নমুনা সংগ্রহ করা হয়।

    পরীক্ষা করা হয় ৬ হাজার ৯৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ।

  • ডেপুটি স্পিকারের মরদেহ ঈদগাহে

    ডেপুটি স্পিকারের মরদেহ ঈদগাহে

    অনলাইন ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এড. ফজলে রাব্বী মিয়ার লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সোমবার (২৫ জুলাই) সকাল ৮ টা ৪৫ মিনিট নাগাদ ইকে-৫৮২ নামক বিমানের একটি ফ্লাইটে তার লাশ বিমানবন্দরে এসে পৌঁছায়।

    সেখান থেকে সকাল ৯টায় একটি লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় বিমানবন্দরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানসহ কয়েকজন সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

    পরে সেখান থেকে বিমানবন্দরের টার্মিনাল-২ এর ৮ নাম্বার গেট দিয়ে মরদেহটি নিয়ে ঈদগাহের উদ্দ্যেশে রওনা হয়। এ সময় জাতীয় সংসদের সাদা পোশাক পরিহিত একদল নিরাপত্তাকর্মী স্পিকারের লাশবাহী গাড়িটি নিয়ে চলে যায়।

    জানা গেছে, বিমানবন্দর থেকে তার লাশ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নেওয়া হবে। সেখানে সকাল সাড়ে ১০টায় তার প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। পরে একইদিনে বেলা তিনটায় গাইবান্ধা সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

    দীর্ঘ নয় মাস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্ক স্ট্যাটের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মারা যান ডেপুটি স্পিকার এড. ফজলে রাব্বী মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

    গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছিলেন তার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা।

    ডেপুটি স্পিকার এড. ফজলে রাব্বী মিয়া (১৫ এপ্রিল ১৯৪৬ – ২২ জুলাই ২০২২) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি ২৪ জানুয়ারি ২০১৪ থেকে ২২ জুলাই ২০২২ পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের সর্বশেষ অনুষ্ঠিত হওয়া নির্বাচনে তিনি গাইবান্ধা-৫ আসন থেকে সপ্তমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।

    গাইবান্ধায় জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।