Category: প্রচ্ছদ

  • এমপিওভুক্ত হলো ২৬১৬ শিক্ষাপ্রতিষ্ঠান

    এমপিওভুক্ত হলো ২৬১৬ শিক্ষাপ্রতিষ্ঠান

    নতুন করে দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৬১৬ বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।

    বুধবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন শেষে ২ হাজার ৬১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী দুপুর ১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

    শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ১ হাজার ৯৫১টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করা হয়েছে। আর কারিগরি ও মাদরাসা পর্যায়ে এমপিওভুক্ত হয়েছে ৬৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান।

    এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য প্রাথমিক তালিকা করে এমপিও যাচাই-বাছাই কমিটি। এ তালিকা শিক্ষামন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। মন্ত্রীর অনুমোদনের পর এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী অনুমোদন শেষে এটি চূড়ান্ত হয়।

    গত ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির জন্য আবেদন করতে বলা হয়।

  • অনেক দেশেই বিদ্যুতের জন্য হাহাকার, উৎপাদন উপকরণের দাম বেড়েছে

    অনেক দেশেই বিদ্যুতের জন্য হাহাকার, উৎপাদন উপকরণের দাম বেড়েছে

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং অনেক দেশে এখন বিদ্যুতের জন্য হাহাকার চলছে। এমনটি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ উৎপাদনের উপকরণগুলোর দাম বেড়ে গেছে।

    মঙ্গলবার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ
    কথা বলেন।

    প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সেনানিবাসের পিজিআর সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

    শেখ হাসিনা বলেন, ৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশে যারা স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী- যাদের বিচারকাজ শুরু হয়েছিল, তাদেরকেই রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়। তাছাড়া যারা জাতির পিতার হত্যাকারী তাদেরকেও বিচারের হাত থেকে মুক্তি দিয়ে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে এবং বিভিন্ন দূতাবাসে তাদের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়।

    তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় থাকার কারণেই এই সেনাবাহিনীতে ১৯ বারের মতো ক্যু হয় এবং বহু সেনা সদস্য, সৈনিক, অফিসার মৃত্যুবরণ করেন। এমন একটা সময় ছিল, অফিসারদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে। অনেকের স্ত্রীকে হত্যা করা হয়েছে, পরিবারকে হত্যা করা হয়েছে। এ রকম ঘটনা তখন ঘটতে থাকে একের পর এক। প্রতিরাতে বাংলাদেশে কারফিউ চলত। মানুষের কোনো অধিকারই ছিল না। মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারত না। এরকম একটা পরিবেশ বাংলাদেশে ছিল।

    সরকারপ্রধান বলেন, একুশ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। ৭৫ সালে আমি আর আমার ছোট বোন বিদেশে ছিলাম। ৮১ সালে আমাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। অনেকটা জোর করেই দেশে ফিরতে হয়েছিল। যেখানে খুনিদের রাজত্ব, যেখানে অপরাধীদের রাজত্ব। আমি জানতাম যেকোনো সময় তারা আমাকে মারতে পারে। আমি সেটা পরোয়া করিনি। আমি মানুষের জন্য ফিরে আসি। ফিরে আসার পর থেকে আমার লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করার পাশাপাশি স্বাধীন-সার্বভৌম দেশ যেখানে আমার বাবা নিজের হাতে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌ বাহিনী গড়ে তুলে গেছেন সেগুলো যাতে আরও উন্নত হয়।

    তিনি বলেন, একদিকে করোনার একটা অভিঘাত, তার উপরে এসেছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। যার ফলে আজ পুরো বিশ্বেই যেমন তেলের দাম বৃদ্ধি পেয়েছে তেমনি অনেক দেশেই এখন বিদ্যুতের জন্য হাহাকার। বিদ্যুৎ আমরা সবার ঘরে পৌঁছে দিয়েছিলাম এবং সবাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছিল। কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে বিদ্যুতের উৎপাদনের যে উপকরণগুলো সেগুলোর দাম অত্যধিক বেড়েছে। যেমন ডিজেলের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, এলএনজির দাম বেড়েছে। সব কিছুর দাম বেড়েছে। কয়লা এখন পাওয়া যায় না।

    শেখ হাসিনা বলেন, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে পণ্য পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে। আগের মতো জাহাজ চলাচল করতে পারছে না। শুধু আমাদের দেশে না, প্রত্যেকটা দেশেই এখন জিনিসের ঘাটতি। এই সমস্যা দেখা দিয়েছে। সেখানে আমরা যদি একটু সাশ্রয় করে চলি, মিতব্যয়ী হই এবং নিজেরা নিজেদের সঞ্চয়টা বাড়াতে পারি তাতে যেকোনো সমস্যা মোকাবিলা করা যাবে। অর্থাৎ প্রতিটি পরিবারই যদি সঞ্চয়মুখী হয় যে আমরা নিজেরা কিছু করব।

    তিনি বলেন, অনেক উন্নত দেশে কিন্তু দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আমাদের দেশে যাতে সে পরিস্থিতিতে পড়তে না হয় তাই এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। কোনো জলাধার যেন খালি না থাকে। যার যেখানে যতটুকু জায়গা আছে,প্রতিষ্ঠানভিত্তিকও যেখানে যতটুকু খালি জায়গা যে যা পারবেন কিছু উৎপাদন করবেন। উৎপাদন করে অন্তত নিজেদের খাদ্যটা নিজেরা জোগাড় করার চেষ্টা করবেন, যাতে বাজারের ওপর চাপ না পড়ে।

    প্রধানমন্ত্রী বলেন, এখন আবার করোনার একটু প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এক্ষেত্রে সবার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই সঙ্গে আমরা টিকা দিচ্ছি। টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে বুস্টার ডোজটাও নিতে হবে। অনেকেই বুস্টার ডোজ নিচ্ছে না, সে ব্যাপারেও আমরা যথাযথ ব্যবস্থা নেব, যাতে প্রত্যেকে বুস্টার ডোজটা নেয়। যাতে এর প্রাদুর্ভাব আর বাড়তে না পারে।

  • করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮

    করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৮১ জনে।

    এই সময়ের মধ্যে ১ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনে।

    মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

    ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ৯৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৫ জন ঢাকা বিভাগের। রাজশাহী ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন। মৃত ৭ জনই পুরুষ।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

  • ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

    ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

    ইভ্যালির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা দায়ের করেছেন এক গ্রাহক।

    মঙ্গলবার (৫ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন চকবাজার থানার ডিসি রোডের ব্যবসায়ী চৌধুরী নাঈম সরোয়ার।

    বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসনাত। তিনি বলেন, ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি থেকে মোটরসাইকেল কেনার জন্য মামলার বাদী কোম্পানিটিকে ১ লাখ ৬০ হাজার টাকা দেন। কিন্তু ইভ্যালি মোটরসাইকেলটি দিতে পারেনি। পরে তাকে একটি চেক দেওয়া হয়। চেকটি ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়। পরে আমরা এ বিষয়ে উকিল নোটিশ দিয়েছি৷ এরপর আজ মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলার আবেদন করি। আদালত মামলাটি গ্রহণ করে তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

    উল্লেখ্য, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ১৫ সেপ্টেম্বর আরিফ বাকের নামে এক গ্রাহক ঢাকার গুলশান থানায় মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। এরপর থেকে রাসেল এখনও কারাগারে আছেন। তার স্ত্রী শামীমা নাসরিন জামিনে আছেন।

  • পদ্মা সেতু বন্যা মোকাবিলায় সহায়তা করবে: প্রধানমন্ত্রী

    পদ্মা সেতু বন্যা মোকাবিলায় সহায়তা করবে: প্রধানমন্ত্রী

    বন্যাদুর্গত সিলেট অঞ্চলে ত্রাণ ও পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে দেশের দক্ষিণাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। দক্ষিণাঞ্চলে বন্যা আসে ভাদ্র মাসের দিকে। সরকার সেই বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। এই বন্যাও আমরা মোকাবিলা করতে পারবো। পদ্মা সেতু এই বন্যা মোকাবিলায় সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি বলেন, সিলেট বিভাগ ও নেত্রকোণা জেলায় বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ দেওয়া হয়েছে। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুনর্বাসন কাজও চলছে।

    পদ্মা সেতু নির্মাণে উন্নয়নের স্বর্ণ দুয়ার উন্মোচিত হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, পদ্মা সেতুর ব্যয় নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কিন্তু বাস্তবতা পর্যালোচনা করলে দেখা যায়, এই ব্যয় তুলনামূলক বেশি নয়। ১৯৯৭ সালে আমি যখন জাপান গিয়েছিলাম, তখন পদ্মা সেতু ও রূপসা নির্মাণের বিষয়ে আলোচনা করি। ওই সময়ে রূপসা সেতু নির্মাণ হলেও পদ্মা সেতু হয়নি। পরে ফের ক্ষমতায় আসলে এই সেতু নির্মাণের উদ্যোগ নেই।

    তিনি বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে গেলে আমরা নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সংসদে এই ঘোষণা দেওয়ার পর জনগণের ব্যাপক সাড়া পাই সর্বশেষ সেতু নির্মাণে সফল হয়েছি। এই সেতুতে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হবে। দেশের অর্থনীতিতে বড়ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। এদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।

    সংসদের বাজেট অধিবেশন প্রাণবন্ত ছিল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই অধিবেশনে বিরোধী দলকে যথেষ্ট সুযোগ দিয়েছেন। বিশেষ করে বিএনপি নেতারা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। ইচ্ছেমতো তারা কথা বলার সুযোগ পেয়েছেন। আর আমাদের যারা অফিসিয়াল বিরোধী দল তারাও আলোচনার করেছেন। অধিবেশনে ২২৮ জন সংসদ সদস্য বাজেট আলোচনায় অংশ নিয়েছেন। ৩৮ ঘণ্টা ৫৭ মিনিট আলোচনা হয়েছে। আলোচনায় অংশ নেওয়ার জন্য বিরোধী দলীয় নেতাসহ সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

    এ সময় তিনি পদ্মা সেতু ব্যয় সংক্রান্ত সবধরনের তথ্য তুলে ধরেন। কেন এত ব্যয় হয়েছে তারও তথ্য-উপাত্ত তুলে ধরেন।

  • বরিশাল মেট্রোপলিটন পুলিশের নয়া কমিশনার সাইফুল ইসলাম

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের নয়া কমিশনার সাইফুল ইসলাম

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের নয়া কমিশনার সাইফুল ইসলাম। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) সাইফুল ইসলাম-বিপিএম(বার)কে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

    এছাড়া অপর এক প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম এহসান উল্লাহকে রাজশাহীর সারদার পুলিশ একাডেমির উপ-পুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।

    তারা দুজনই বরিশাল জেলার প্রাক্তন পুলিশ সুপার ছিলেন। যারা পুলিশ সুপার থাকাকালীন সময়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

  • কাজের প্রতি মন ও ভালবাসা থাকলে সরকারী অর্থ ছাড়াই উন্নয়ন করা যায়-বিসিসি মেয়র

    কাজের প্রতি মন ও ভালবাসা থাকলে সরকারী অর্থ ছাড়াই উন্নয়ন করা যায়-বিসিসি মেয়র

    বরিশাল বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমার সম্পর্কে শুরুতেই অনেকই অনেক কথা অনেক সমলোচনা করেছে আমি আপনাদের মেয়র হয়ে দেখিয়ে দিয়েছি সরকারী অর্থায়ন ছাড়া কাজের প্রতি ভালবাসা ও উন্নয়নের মন থাকলে করা যায় তাই আমি সিটি কর্পোরেশনের অর্থ দিয়ে বরিশাল শহরের দীর্ঘমেয়াদী টেকসই সড়ক নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি।

    এখানে হয়ত আপনারা বলতে পারেন বরিশালে বড় বড় অট্রালিকা গড়ে তোলা হয়নি ঠিকই কিন্তু সাধারন মানুষের জীবন যাত্রা চলাচলের জন্য যা করনীয় আমি করেছি। একই সাথে বরিশাল সিটি কর্পোরেশনকে একটি দূর্নীতি মুক্ত প্রতিষ্ঠান নগর বাশিকে উপহার দিয়েছি যা বিগত দিনে ছিল না।

    এসময় তিনি আরো বলেন আমি এখানে সকলকে সম্পৃক্ততা করেই কাজ করার চেষ্টা করছি কোন দলীয় চিন্তা ভাবনা নিয়ে কোন ডিলার নিয়োগ করি নাই ও পরিবর্তন করি নাই যারা আগেও ছিলেন আজও তারাই অছেন।

    এখানে তিনি আরো বলেন অমি যানি আপনাদের কার্ড পেতে একটু দেরি হয়েছে এতে আপনারা হয়ত আমার প্রতি অনেকেই অখুশি হয়ে থাকতে পারেন।

    কেন দেরি হয়েছে সেবিষয়ে আপনাদের শুনতে হবে। অমি প্রথমে এনজিওদের মাধ্যমে নগরীর কলোনী সহ সর্বস্থরের নাগরীকের হিসাবের তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

    পরবর্তীতে দেখলাম তাদের নাম ও হিসাবের তালিকা কাজে গড়মিল হলে আমি সহ আমার মাননীয়া প্রধানমন্ত্রী এবং আমাদের উন্নয়নমূখি দল আওয়ামী লীগের কাধে গিয়ে পড়বে।

    তাই সঠিকভাবে সকলেই যেন কার্ড পায় সেই যে দলেরই হোক নগরীর কোন ভোটার বাদ না পড়ে সেদিকে দৃষ্টি রেখে এই কার্ড তৈরী করতে সময় লেগে গেছে।

    তিনি আরো বলেন, এখন থেকে নগরীর তৃনমূল থেকে সকল প্রর্যায়ের জনগণ উপকারেভোগীর আওতায় থাকবে। তাই সেখানে স্থানীয় প্রর্যায়ের কাউন্সিলররা দেখভাল করবে।

    আজ বুধবার (২৯ই) জুন বিকালে নগরীর বান্দরোডস্থ বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়ত মঞ্চে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপকারভোগীদের মাঝে বিসিসি কর্তৃক ফ্যামিলি কার্ড বিতরন অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যতে তিনি উপরোক্ত কথা বলেছেন।

    এসময় আরো বক্তব্য রাখেন বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, টিসিবি বরিশাল বিভাগীয় কর্মকর্তা আল-আমিন হাওলাদার, বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু।

    এখানে মঞ্চে আরো উপস্থিত ছিলেন বিসিসি প্যানেল মেয়র ও বরিশাল আইনজীবী সমিতি সাধারন সম্পাদক এ্যাড,রফিকুল ইসলাম খোকন।

    বরিশাল ও টিসিবি বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা আল-আমিন হাওলাদার জানান বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের ৯০ হাজার উপকারভোগীদের মাঝে ৫২ জন ডিলার খাদ্য সরবরাহ করবে।

    অপরদিকে বরিশাল জেলার ১০ উপজেলায় ৫৩ ডিলার ১লক্ষ ২৯ হাজার,৯শত’২১ জন উপকারভোগীদের মধ্যে টিসিবির মাল বিতরন করার কাজ করবেন।

    তিনি আরো বলেন এবার বিগত দিনের মত ভ্রাম্যমান ট্রাকে করে কোন মাল বিক্রয় ও বিতরন করা হবে না। টিসিবির ডিলারগণ প্রতিটি ওয়ার্ডে স্থায়ী ঘড় নিয়ে কার্ডধারী উপকারভোগীদের মাঝে মাল দিবেন।

    এখানে কেহ অতিরিক্ত মাল দেওয়ার সুযোগ যেমন তেমনি যে মাল গ্রহন করেননি তার নামও তালিকায় ডিলাররা অন্তভূক্ত করার সুযোগ থাকছে না।

    এদিকে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাশ জানান আজ মেয়র মহাদয় নগরীতে ৬৫ হাজার কার্ড বিতরন করার উদ্ধোধন করবেন। প্রর্য়ায়ে ক্রমে অবশিষ্ট কার্ডগুলো পৌছে দেওয়া হবে।

    উদ্ধোধনী দিনে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগরীর ৩০ ওয়ার্ডে পৃথকভাবে ১০ করে উপকার ভোগীদের হাথে ফ্যামিলি কার্ড নিজ হাতে তুলে দেন।

    অন্যদিকে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর গণ ১ হাজার ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ১ হাজার করে কার্ড দেওয়া হয়ে তারা নিজ নিজ ভাবে উপকার ভোগীদের কাছে কার্ড পৌছে দিবেন বলে জানা গেছে। অনুষ্ঠান সার্বিক পরিচালনা ও সঞ্চলনা করেন বিসিসি প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাশ।

  • বরিশাল নৌ-বন্দরে দুদকের অভিযান, অবৈধ টিকেট জব্দ

    বরিশাল নৌ-বন্দরে দুদকের অভিযান, অবৈধ টিকেট জব্দ

    বরিশাল নৌ-টার্মিনালের টিকেট কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত বরিশাল জেলা কার্যালয়। এসময় কাউন্টার থেকে বিপুল পরিমান অবৈধ টিকেট এবং কাউন্টারের হিসাব খাতা জব্দ করেছেন তারা।

    মঙ্গলবার রাত অনুমানিক ৯টার দিকে দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করা হয়। তবে বিষয়টি নিয়ে আপাতত কিছু বলতে রাজি হননি বরিশাল নৌবন্দর কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান।

    তবে দুদকের বরিশাল অফিসের উপ-পরিচালক দেবব্রত মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে বরিশাল নদী বন্দরের কাউন্টারে অভিযান চালিয়েছেন তারা। এসময় সেখান থেকে অবৈধ টিকেট ও টিকেট বিক্রির হিসাবের খাতা জব্দ করেছেন।

    তিনি বলেন, অনেকদিন ধরেই বরিশাল নদী বন্দরে টিকেট কাউন্টারে টিকেট কালোবাজারির তথ্য ছিল আমাদের কাছে। বিষয়টি আমরা নজরদারিতে রেখেছিলাম। এরপর অভিযান করেছি। এ ঘটনায় আরো অনুসন্ধান চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

    জানা গেছে, দীর্ঘদিন ধরেই বরিশাল নদী বন্দরে টিকেট কালোবাজারির অভিযোগ ছিল। নদী বন্দরে বিক্রি করা টিকেট এবং যাত্রীর সঠিক হিসাব দিতে পারেনা বন্দর কর্তৃপক্ষ। গত রোজার ঈদের পরে বরিশাল থেকে কয়েক লাখ মানুষ যায় ঢাকায়।

    অথচ নদী বন্দর কর্তৃপক্ষ কি সংখ্যক যাত্রী ঢাকায় গেছেন তার সঠিক তথ্য দিতে পারেনি। এমনকি টিকেট বিক্রির যে হিসাব দিয়েছেন তার সাথে বাস্তবতার কোন মিল খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর প্রায় দুই মাসের মাথায় অভিযান চালায় দুদক।

  • শেবাচিমে ২৪ ঘণ্টায় ৩ করোনা রোগী ভর্তি, শনাক্তের হার ২০.৫৮ ভাগ

    শেবাচিমে ২৪ ঘণ্টায় ৩ করোনা রোগী ভর্তি, শনাক্তের হার ২০.৫৮ ভাগ

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নানা উপসর্গ নিয়ে ৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার একদিনের ব্যবধানে কিছুটা কমেছে।

    হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত মঙ্গলবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ১ জন রোগী।

    বুধবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ওই ওয়ার্ডে নানা উপসর্গ নিয়ে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের ৩ জনের করোনা পজেটিভ। অপরদিকে বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে একজন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। গত মধ্য এপ্রিল থেকে দুই মাসের অধিক সময় করোনা ওয়ার্ড রোগী শূন্য থাকার পর গত ১৯ জুন ফের প্রথম একজন রোগী ভর্তি হয় করোনা ওয়ার্ডে।

    এদিকে গত ১৯ জুনের পর থেকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ফের করোনা শনাক্ত হতে শুরু করেছে। সব শেষ বুধবার ৩৪ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ২০.৫৮ ভাগ।

    এর আগে গত মঙ্গলবার শনাক্তের হার ছিলো ৩২.১৪ ভাগ, সোমবার ১৫.১৫ ভাগ, রবিবার ২৩.০৭ ভাগ, শনিবার ৩৫.২৯ ভাগ, শুক্রবার ২০ ভাগ, বৃহস্পতিবার ৪৪.৪৪ ভাগ, বুধবার ১৬.৬৬ ভাগ এবং মঙ্গলবার ৩০.৭৬ ভাগ।

    ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৬শ’ ৭৬ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে ৬ হাজার ১শ’ ৯৮ জন বাড়ি ফিরেছেন। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪শ’ ৩৯ জনের করোনা ছিলো পজেটিভ।

  • করোনায় বিশ্বে আক্রান্ত-মৃত্যু বেড়েছে

    করোনায় বিশ্বে আক্রান্ত-মৃত্যু বেড়েছে

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ১ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা ছয় শতাধিক বেড়েছে। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬৩ লাখ ৫৩ হাজার ৫৭৪ জনে পৌঁছেছে।

    একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮৮ হাজার ৪২৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৪ লাখেরও বেশি বেড়েছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫৫ কোটি ৫ লাখ ৭৭ হাজার ৪০৬ জনে দাঁড়িয়েছে।

    করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

    ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ফ্রান্সে। গত ২৪ ঘণ্টায় এ দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ২৪৮ জন এবং মারা গেছেন ৩৭ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮ লাখ ২৫ হাজার ৭৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৯ হাজার ৪৪৩ জন মারা গেছেন।

    আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০ হাজার ১৬৬ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২২ লাখ ৭ হাজার ৮২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭০ হাজার ৯০০ জনের।

    যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন ২৬৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৯০ লাখ ৩০ হাজার ৭২৭ জন আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪১ হাজার ৩৫৪ জন মারা গেছেন।

    গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪১২ জন এবং মারা গেছেন ১১৭ জন। করোনা মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৫৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৮০ হাজার ১২৮ জন মারা গেছেন। একইসময়ে কানাডায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৭৯ জন এবং মারা গেছেন ৮ জন।

    চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।