Category: প্রচ্ছদ

  • কোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি: আইজিপি

    কোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি: আইজিপি

    বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলছেন, পবিত্র কোরআন একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা। একজন ভাল মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি।

    তিনি বলেন, পুলিশ বাহিনীতে যে যেই ধর্মেরই আছেন- সবাইকে আমরা ধর্ম পালনে উৎসাহিত করি। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তারা ভালো করেন। আর যারা পড়েন না তাদেরও উচিত চেষ্টা করা। একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে সমাজে, পরিবারে ও রাষ্ট্রে তার ভূমিকা পালন করবেন। শুধু আচরণে নয় বিশ্বাসেও ধর্মীয় চেতনাকে লালন করতে হবে।

    শুক্রবার (২২ এপ্রিল) বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

    সুদ-ঘুস, জুয়া খেলা, মাদক- ইসলামে বারণ করে দেওয়া আছে জানিয়ে ড. বেনজীর আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি, যে যেই ধর্মেরই হোক না কেন, ধর্ম পালনের মাধ্যমে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ় হয়। কারণ সব ধর্মেই ভালো কাজ করার উপদেশ দেওয়া হয়, অন্যায় কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

    আইজিপি বলেন, আমাদের বাহিনীর প্রত্যেক সদস্য, যারা যে ধর্মের আছেন তারা তাদের ধর্মের যে বিধানাবলী আছে তা পালনের চেষ্টা করবেন। বিশেষ করে যারা মুসলমান আছেন তারা পবিত্র কোরআনে যে বিধানাবলী আছে, কোরআন-হাদিসে যে পরামর্শগুলো আছে তা তাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিপালনের চেষ্টা করলে অনেক সমস্যার সমাধান হবে।

    এ সময় তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর মধ্যে ধর্মীয় চর্চার ক্ষেত্রে আজান ও কেরাত প্রতিযোগিতার গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।

    প্রতিযোগিতায় আজানে প্রথম হয়েছেন নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই (নিরস্ত্র) এম মহিউদ্দিন, দ্বিতীয় নোয়াখালী জেলা পুলিশের কনস্টেবল মো. মনিরুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. মুসলিম উদ্দিন।

    কেরাতে প্রথম হয়েছেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কনস্টেবল মো. শরীফ উদ্দিন, দ্বিতীয় র‌্যাব-১৩ রংপুরের এএসআই (সশস্ত্র) মো. ওমর ফারুক এবং তৃতীয় হয়েছেন রাজশাহী পুলিশ একাডেমির নায়েক মো. আরিফুর রহমান।

    ‘জঙ্গিবাদ দমনে ইসলামের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই (নিরস্ত্র) এম মহিউদ্দিন, দ্বিতীয় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উচ্চমান সহকারী শেখ রেজাউল কবির এবং তৃতীয় হয়েছেন টিঅ্যান্ডআইএমের বেতার কনস্টেবল মো. ইব্রাহীম হোসেন।

    বাংলাদেশ পুলিশের সব ইউনিটের সাব ইন্সপেক্টর থেকে তদনিম্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানে আজান ও কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা আজান দেন এবং কোরআন তেলাওয়াত করে শোনান।

  • বরিশাল প্রেসক্লাবে সংবাদপত্র হকার্স ইউনিয়নের ইফতার অনুষ্ঠিত।

    বরিশাল প্রেসক্লাবে সংবাদপত্র হকার্স ইউনিয়নের ইফতার অনুষ্ঠিত।


    বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এই ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার অনুষ্ঠান পরবর্তীত নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    এর আগে বরিশাল প্রেসক্লাবে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি পুলক চ্যাটার্জি ও কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান সুজন, দৈনিক দখিনের মুখ পত্রিকার যুগ্ম সম্পাদক ডা. আল আমিন, বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আরিফিন তুষার, পাঠাগার সম্পাদক খান রুবেল, দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার সম্পাদক এস. আলাল, বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি,বরিশাল অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য,বাংলার মুখ ২৪.কম এবং দৈনিক বরিশাল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী, বরিশাল প্রেসক্লাবের সদস্য জিয়াউদ্দিন বাবু, সংবাদপত্র হকার্স ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. মাহমুদুল হাসান কামাল, এম রহমান নিউজ এজেন্সির পরিচালক মো. ফিরোজ কামাল, মো. রিয়াজ হোসেন, মো. জাকির হোসেন, রকি নিউজ এজেন্সির সত্ত্বাধিকারী মো. রকি, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. নেছার জমাদ্দার ও সাধারণ সম্পাদক মো. মাসুম সিকদার প্রমূখ। এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রিপন।

    দোয়া মোনাজাত এবং ইফতার পরবর্তী নগরীর কালিবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে হকার্স ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ করানো হয়। তাদের শপথ বাক্য পাঠ করান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

  • বারবার নির্বাচিত করেছে বলেই দেশের উন্নতি করতে পেরেছি

    বারবার নির্বাচিত করেছে বলেই দেশের উন্নতি করতে পেরেছি

    নরসিংদী জেলায় প্রায় ১০ লাখ মেট্রিক টন বার্ষিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেন।

    এসময় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই বাংলাদেশের উন্নতি করতে পেরেছি। আমরা ডেল্টা প্ল্যান করেছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে প্রজন্মের পর প্রজন্ম যেন উন্নত জীবন পায়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি।’

    চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনশক্তি গড়ে তো হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কৃষি ও খাদ্য পণ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছি। গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীল শষ্য ও খাদ্য উৎপাদন করছি। এই পণ্যগুলো রফতানির উদ্যোগ নিচ্ছি।’ প্রধানমন্ত্রী এ সময় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।

    এদিকে,  ২০২৩ সালের ডিসেম্বরে নতুন সার কারখানাটি উৎপাদনে আসবে বলে জানানো হয়েছে। আর এই কারখানা থেকে বছরে সোয়া নয় লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। এদিন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিটাক, বিসিক ও বিএসইসির সমাপ্ত চারটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষের ফল প্রকাশ

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষের ফল প্রকাশ

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২০ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

    বৃহস্পতিবার (২১ এপ্রিল) এ ফল প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান।

    তিনি বলেন, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৭৯ টি কলেজের মোট ৪ লাখ ৭৪ হাজার ২৪৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফল আজ সন্ধ্যা ৭টা থেকে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuh1Registration No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।

    এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকেও ফলাফল জানা যাবে।

  • আগামী বছর থেকে প্রাথমিকে সমাপনী পরীক্ষা হচ্ছে না

    আগামী বছর থেকে প্রাথমিকে সমাপনী পরীক্ষা হচ্ছে না

    আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি ও ইবতেদায়ী) পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

    তিনি বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে সব ধরনের পরীক্ষা তুলে দেওয়া হবে। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলা হবে।

    বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা জানান।

  • ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষ: নাহিদের পর চলে গেলেন মুরসালিন

    ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষ: নাহিদের পর চলে গেলেন মুরসালিন

    রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত দোকান কর্মচারী মো. মুরসালিন (২৪) মারা গেছেন।

    বৃহস্পতিবার ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।

    মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে ব্যবসায়ী ও শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় দিনের সংঘর্ষে আহত হন মুরসালিন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেলের আইসিইউতে মুরসালিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন মো. ইয়াসিন (১৮) ও মো. কানন চৌধুরী (২০)।

    নিহত মুরসালিনের ভাই নূর মোহাম্মদ বলেন, আমার ভাই নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে একটি প্যান্টের দোকানের কর্মচারী ছিল। সে কামরাঙ্গীরচরে পশ্চিম রসুলপুর এলাকায় থাকতো।

    মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে সংঘর্ষের ঘটনায় নাহিদ (১৮) নামে এক ডেলিভারিম্যান ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন কামরাঙ্গীরচরে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন নাহিদ। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন তিনি।

    সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত।

    বুধবারও ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে। তিন দিনের এ ঘটনায় উভয়পক্ষের অর্ধ শতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

    সংঘর্ষের ঘটনায় জড়িত তিনজনকে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন- ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের নাসিম, রাষ্ট্রবিজ্ঞানের লিটন ও পদার্থবিদ্যা বিভাগের আবদুল্লাহ আল মাসউদ। চিহ্নিত তিনজনই ঢাকা কলেজের ছাত্রলীগকর্মী বলে জানা গেছে। এদিকে সংঘর্ষের জেরে টানা দুদিন বন্ধ থাকার পর আজ (বৃহস্পতিবার) সকালে খুলছে নিউমার্কেট।

  • যা আছে নতুন সরকারি কর্মচারী আচরণ বিধিমালার খসড়ায়

    যা আছে নতুন সরকারি কর্মচারী আচরণ বিধিমালার খসড়ায়

    সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ৪৩ বছরের পুরোনো। এই প্রেক্ষাপটে নতুন আচরণ বিধিমালা করার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ২০২২’ এর খসড়া করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে খসড়া বিধিমালায়। এছাড়া অনুমোদন ছাড়া কোনো কর্মচারী অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্প্রচারেও অংশ নিতে পারবেন না। মূল্যবান সামগ্রী, অস্থাবর সম্পত্তি অর্জন বা হস্তান্তর এবং উপহার গ্রহণের ক্ষেত্রেও নতুন নিয়মের কথা বলা হয়েছে খসড়া বিধিমালায়।

    নতুন আচরণ বিধিমালার কোনো বিধান লঙ্ঘন ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’এর আওতায় অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং এ বিধিমালার আওতায় অসদাচরণের দায়ে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

    নতুন আচরণ বিধিমালার বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেন, ‘সরকারি কর্মচারীদের আচরণ বিধিমালাটি বেশ পুরোনো। এখন যুগ পরিবর্তন হয়েছে। আমাদের কাজের পরিমাণ বেড়েছে। কর্মচারীদের মনোভাব এখন গণমুখী। সবকিছু মাথায় রেখে কর্মচারীদের আগের খোলস থেকে বের করে নিয়ে আসার জন্য নতুন আচরণ বিধিমালা করা হচ্ছে।’

    তিনি বলেন, ‘আমরা কর্মচারীদের সংশ্লিষ্ট সবগুলো আইন আধুনিক করার কাজ করছি। সেই কার্যক্রমের অংশ হিসেবেই নতুন আচরণ বিধিমালার খসড়া করা হয়েছে। আমরা দ্রুত এটি চূড়ান্ত করবো।’

    সম্পদের হিসাব

    খসড়া বিধিমালা অনুযায়ী, প্রত্যেক সরকারি কর্মচারী নির্ধারিত ছক অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে তার বা তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা শেয়ার সার্টিফিকেট, সিকিউরিটি, বিমা পলিসি এবং অলংকারাদিসহ নগদে রূপান্তরযোগ্য সব স্থাবর-অস্থাবর সম্পত্তির ঘোষণা করবেন।

    প্রত্যেক কর্মচারী প্রতি পাঁচ বছর অন্তর ডিসেম্বর মাসে বিগত পাঁচ বছরের হিসাব বিবরণীতে প্রদর্শিত সম্পত্তির হিসাব বিবরণী বা আয়কর সনদ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে দাখিল করবে। সরকার আদেশের মাধ্যমে এই বিধির অধীনে সম্পত্তির হিসাব বিবরণী দাখিলের পদ্ধতি এবং যে কর্তৃপক্ষের কাছে দাখিল করবে তা নির্ধারণ করতে পারবে বলে বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

    আগের বিধিমালায় আয়কর বিবরণী দাখিলের বিষয়টি ছিল না, একই সঙ্গে অলঙ্কারের ক্ষেত্রে ৫০ হাজার টাকার বেশি হলে, সেটার হিসাব দিতে হতো। নতুন বিধিমালায় সেই সীমা তুলে দেওয়া হচ্ছে।

    মূল্যবান সামগ্রী, অস্থাবর সম্পত্তি অর্জন বা হস্তান্তর

    কোনো সরকারি কর্মচারী ৫ লাখ টাকার বেশি মূল্যের কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি কেনাবেচা বা অন্য কোনো পন্থায় হস্তান্তরের ক্ষেত্রে বিভাগীয় প্রধান বা সচিবকে জানাবেন। কর্মচারী নিজেই বিভাগীয় প্রধান হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে এবং সরকারের সচিব হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের কাছে ঘোষণা দেবেন। এ ঘোষণায় সার্বিক অবস্থা, প্রস্তাবিত বা দাবি করা মূল্য এবং বিক্রি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে হস্তান্তরের ক্ষেত্রে হস্তান্তরের পদ্ধতির বিবরণ থাকবে।

    সরকারি কর্মচারী বা তার পরিবারের কোনো সদস্য সরকারের অনুমোদন ছাড়া কেনাবেচা, দান, উইল বা অন্যভাবে বহিঃবাংলাদেশ অবস্থিত কোনো স্থাবর সম্পত্তি অর্জন বা হস্তান্তর করতে পারবেন না। কোনো বিদেশি নাগরিক বিদেশি সরকার বা বিদেশি সংস্থার সঙ্গে কোনো প্রকার ব্যবসায়িক লেনদেন করতে পারবেন না কোনো সরকারি কর্মচারী।

    কোনো সরকারি কর্মচারী নির্মাণ ব্যয় বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থের উৎস উল্লেখ করে এই উদ্দেশ্যে আবেদনের মাধ্যমে সরকারের অনুমোদন গ্রহণ ছাড়া ব্যবসায়িক বা আবাসিক ব্যবহারের অভিপ্রায়ে নিজে বা অন্য কোনো মাধ্যমে কোনো ভবন, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট নির্মাণ করতে বা কিনতে পারবেন না বলে খসড়া বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

    উপহার গ্রহণ নিয়ে যে নিয়ম আসছে
    কোনো সরকারি কর্মচারী সরকারের অনুমতি ছাড়া নিকটাত্মীয় বা ব্যক্তিগত বন্ধু ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছ থেকে এমন কোনো উপহার গ্রহণ বা তার পরিবারের কোনো সদস্যকে বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে উপহার নেওয়ার অনুমতি দিতে পারবেন না, যে উপহার গ্রহণ সরকারি কর্তব্য পালনে তাকে কোনো ধরনের দায়বদ্ধতায় আবদ্ধ করে।

    তবে যদি মনোকষ্ট দেওয়া ছাড়া উপহারের প্রস্তাব প্রত্যাখ্যান না করা যায়, তাহলে উপহার গ্রহণ করে তা নিষ্পত্তির সিদ্ধান্তের জন্য সরকারের কাছে হস্তান্তর করতে হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

    তবে যে ধর্মীয় বা সামাজিক প্রথা অনুযায়ী বিবাহ অনুষ্ঠান, বার্ষিকী, অন্ত্যেষ্টিক্রিয়া এবং ধর্মীয় অনুষ্ঠানে উপহার নেওয়ার নীতি প্রচলিত অনুষ্ঠানে দাপ্তরিক লেনদেনের সঙ্গে সম্পৃক্ত নয় এমন নিকটাত্মীয় বা ব্যক্তিগত বন্ধুর কাছ থেকে উপহার গ্রহণ করা যাবে। উপহারের মূল্য মূল বেতনের সমপরিমাণ বা ৫০ হাজার টাকার বেশি হলে তা সরকারকে অবহিত করতে হবে।

    বিদেশি রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি কোনো উপহার দেওয়ার প্রস্তাব দিলে, মনে কষ্ট দেওয়া ছাড়া উপহার গ্রহণ এড়িয়ে যাওয়া সম্ভব হলে সংশ্লিষ্ট কর্মচারীর তা করা উচিত। যদি তা সম্ভব না হয় তবে তিনি উপহার গ্রহণ করতে পারবেন এবং নিষ্পত্তির আদেশের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় উপহার গ্রহণের বিষয়টি জানাবেন।

    সরকারের সচিব বা সমপদমর্যাদা সম্পন্ন কোনো কর্মকর্তা বা প্রতিষ্ঠান প্রধান দেশে বা বিদেশে কোনো বিদেশি প্রতিষ্ঠান বা বিদেশি সরকারের কর্মকর্তার দেওয়া শুভেচ্ছা স্মারক উপহার হিসেবে গ্রহণ করতে পারবেন। যদি গ্রহণ করা উপহার সরকারি অফিস বা সরকারি বাসভবনে ব্যবহার উপযোগী হয় তাহলে তা ব্যবহার করতে হবে। যদি ব্যবহার সম্ভব না হয় তবে সরকারি কর্মকর্তা তা নিজের ব্যবহারের জন্য রাখতে পারবেন।

    সরকারি কর্মচারী তার কর্ম অধিক্ষেত্রে কোনো ব্যক্তি বা শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসায়ী বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা অন্য কোনো সংস্থায় ব্যক্তিগত আতিথ্য পরিহার করবেন বলেও খসড়া বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

    অনুমতি ছাড়া ফেসবুকের সম্প্রচারেও অংশগ্রহণ নয়

    সরকারি কর্মচারী বিভাগীয় প্রধানের অনুমতি বা প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া প্রিন্ট বা ইলেকট্রনিক বা অনলাইন মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) সম্প্রচারে অংশগ্রহণ করতে বা কোনো সংবাদপত্র বা সাময়িকীতে নিজ নামে বা বেনামে বা অন্যজনের নামে কোনো নিবন্ধ বা পত্র লিখতে পারবেন না। অন্য বিষয়গুলো আগে থাকলেও ‘অনলাইন মিডিয়া’ ও ‘সামাজিক যোগাযোগ মাধ্যম’ নতুন বিধিমালায় যুক্ত করা হচ্ছে।

    সরকারি কর্মচারী নিজ নামে প্রকাশিত কোনো লেখা বা জনসম্মুখে তার দেওয়া বক্তব্যে বা বেতার বা টেলিভিশন বা কোনো প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো বিবৃতি বা মতামত প্রকাশ করতে পারবেন না, যা সরকারের সঙ্গে জনগণের কিংবা কোনো শ্রেণি বিশেষের সম্পর্কের ক্ষেত্রে কিংবা বিদেশি রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে সক্ষম।

    রাজনীতিতে যুক্ত হতে পারবেন না

    আগের মতোই সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য হতে বা অন্য কোনোভাবে এর সঙ্গে যুক্ত হতে পারবেন না বা বাংলাদেশ বিদেশের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারেই সহায়তা করতে পারবেন না।

    সরকারি কর্মচারী নিজে বা তার পরিবারের কোনো সদস্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের প্রচলিত কোনো আইনে সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কাজ হিসেবে গণ্য এমন কোনো আন্দোলনে বা কার্যক্রমে অংশগ্রহণ করতে বা অন্য কোনো উপায়ে সহযোগিতা করতে পারবেন না বলে নতুন বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

    তথ্য অধিকার আইনের ক্ষেত্র ছাড়া তথ্য প্রকাশে মানা

    খসড়ায় বলা হয়েছে, সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব পালনকালে তার দখলে থাকা দলিল, এসব দলিলের বিষয়বস্তু বা তথ্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অন্য কোনো মন্ত্রণালয় বিভাগ বা সংযুক্ত দপ্তরে কর্মরত কোনো সরকারি কর্মচারীর কাছে বা অন্য কোনো বেসরকারি ব্যক্তির কাছে বা সংবাদ মাধ্যমে প্রকাশ করতে পারবেন না। তবে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ অনুযায়ী যে সকল তথ্য প্রদানে বা প্রকাশের ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে তা এই বিধির আওতাভুক্ত হবে না।

    রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে তদবির নয়

    সরকারি কর্মচারী আচরণ বিধিমালার খসড়ায় বলা হয়েছে, সরকারি কর্মচারী কোনো বিষয়ে তার পক্ষে হস্তক্ষেপ করার জন্য কোনো অনুরোধ বা প্রস্তাব নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপযুক্ত কর্তৃপক্ষ ছাড়া কোনো রাজনৈতিক বা বেসরকারি ব্যক্তির দ্বারস্থ হতে পারবেন না।

    এতে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী তার চাকরি সংক্রান্ত কোনো দাবির সমর্থনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার বা কোনো সরকারি কর্মচারীর ওপর কোনো রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব খাটাতে পারবেন না। একইসঙ্গে চাকরি সংক্রান্ত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যম ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের আবেদন দাখিল করতে পারবেন না।

    এতে আরও বলা হয়, কোনো সরকারি কর্মচারী নারী সহকর্মীর প্রতি কোনো প্রকারের এমন কোনো ভাষা ব্যবহার বা আচরণ করতে পারবেন না যা অনুচিত বা অসঙ্গত এবং দাপ্তরিক শিষ্টাচার ও নারী সহকর্মীদের মর্যাদাহানি ঘটায়। সরকারি কর্মচারীর অনুচিত বা অসঙ্গত ভাষা প্রয়োগ সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হলে সরকারের ব্যাখ্যা চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

    কোনো সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না। যদি কোনো সরকারি কর্মচারীর স্ত্রী বা স্বামী বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে সংশ্লিষ্ট কর্মচারী বিষয়টি সরকারকে লিখিতভাবে জানাবেন।

    ফটকা কারবার, বিনিয়োগ, চাকরি-ব্যবসা

    কোনো সরকারি কর্মচারী এমন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন না যার মূল্য প্রতিনিয়ত অস্বাভাবিকভাবে ওঠানামা করে। তবে পুঁজিবাজারে নিবন্ধিত কোনো কোম্পানির প্রাথমিক শেয়ার বা বন্ড ক্রয়ে বিধি-নিষেধ কার্যকর হবে না।

    নতুন বিধিমালায়ও কোনো সরকারি কর্মচারী সরকারের অনুমোদন ছাড়া অন্য কোনো ব্যবসায় জড়িত হতে বা অন্য কোনো চাকরি বা কাজ গ্রহণ করতে পারবেন না।

    তবে জাতীয় বেতন স্কেলের ১৭ থেকে ২০ গ্রেডভুক্ত সরকারি কর্মচারীরা অনুমোদন ছাড়া দাপ্তরিক দায়িত্বে ব্যাঘাত না ঘটিয়ে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবহিত রেখে পরিবারের সদস্যদের শ্রম কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীকে সম্পত্তির ঘোষণাপত্রের সঙ্গে ব্যবসার বিস্তারিত বিবরণ দাখিল করতে হবে বলে খসড়া বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

  • নিউমার্কেটে সংঘর্ষ: দুই মামলায় ব্যবসায়ী-শিক্ষার্থীসহ আসামি ১২০০

    নিউমার্কেটে সংঘর্ষ: দুই মামলায় ব্যবসায়ী-শিক্ষার্থীসহ আসামি ১২০০

    রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। একটি মামলা বিস্ফোরক আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে। দুই মামলাতে নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২০০ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম।তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে ২৪ জন এজাহারনামীয়সহ ব্যবসায়ী-কর্মচারী অজ্ঞাতনামা তিনশজন। এছাড়া একই মামলা অজ্ঞাতনামা হিসেবে ঢাকা কলেজের ৭০০ জনকে আসামি করা হয়েছে।তিনি আরও বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে করা আরেকটি মামলায় অজ্ঞাতনামা দেড়শ থেকে দুইশজনকে আসামি করা হয়েছে। দুটি মামলার বাদী- নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ও পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির।এর আগে সোমবার (১৭ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত।এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আর সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান নাহিদ হাসান মানে এক কুরিয়ারকর্মী।জানা যায়, ঘটনার দিন মঙ্গলবার কামরাঙ্গীরচরে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন নাহিদ। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় তিনি অজ্ঞাত আসামি উল্লেখ করেছেন।অন্যদিকে, সংঘর্ষের ঘটনায় আহত মো. মুরসালিন (২৪) নামে এক দোকান কর্মচারী মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।

  • বিদ্যুৎ অফিসের ভুলে দগ্ধ হয়ে তারে ঝুলছিল শ্রমিক

    বিদ্যুৎ অফিসের ভুলে দগ্ধ হয়ে তারে ঝুলছিল শ্রমিক

    মাদারীপুরের ভুরঘাটা বাজারের আবুল হাসেম ফিলিং স্টেশনে নতুন গ্যাস স্টেশনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আবুল হাসান নামের এক শ্রমিক আহত হয়েছেন।

    বুধবার (২০ এপ্রিল) দুপুরে কালকিনি উপজেলার শিমুল-পলাশ মার্কেটের সামনে ঘটে।

    পল্লিবিদ্যুৎ অফিস ও স্থানীয় সূত্র জানায়, কালকিনির ভুরঘাটা বাজারের আবুল হাসেম ফিলিং স্টেশনের গ্যাস স্টেশনে বিদ্যুৎ সংযোগের জন্য পল্লিবিদ্যুৎ অফিস বরাবর আবেদন করা হয়। নতুন সংযোগ অনুমোদন হয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে খুঁটি ও তার লাগানো শেষ হয়। পরে বিদ্যুৎ সংযোগের জন্য পল্লিবিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে অফিস থেকে জানানো হয় লাইন বন্ধ আছে, আপনারা কাজ করতে পারেন।
    আবুল হাসানসহ আরও দুজন সংযোগের কাজ শেষ করে নামছিলেন। এসময় হঠাৎ তারে বিদ্যুৎ চলে এলে আবুল হাসান বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি অজ্ঞান হয়ে তারের সঙ্গে ঝুলতে থাকেন।

    স্থানীয়রা পল্লিবিদ্যুৎ ও ফায়ার সার্ভিস অফিসে ফোন করে বিদ্যুৎ বন্ধ করান। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস দগ্ধ অবস্থায় আবুল হাসান উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

    দগ্ধ আবুল হাসান মাগুরা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

    এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মকবুল মিয়া বলেন, ‘আমার লাইনম্যান পল্লিবিদ্যুৎ অফিসে যোগাযোগ করে লাইন বন্ধ করে কাজ করছিল। কিন্তু তারা না বলে কেন বিদ্যুৎ চালু করলো আমি জানি না।’

    এ ব্যাপারে কালকিনি পল্লিবিদ্যুৎ অফিসের ডিজিএম আ. মাজেদ বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।

    এ ব্যাপারে কালকিনি পল্লিবিদ্যুৎ অফিসের ডিজিএম আ. মাজেদ বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।

  • প্রধানমন্ত্রী জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছেন: স্পিকার

    প্রধানমন্ত্রী জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছেন: স্পিকার

    জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।’

    তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল দুখী মানুষের মুখে হাসি ফোটানো। এজন্য তিনি অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে জনগণের ভাগ্যোন্নয়নে আজীবন কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। এসব কাজের অধিকাংশই এখন দৃশ্যমান।’

    বুধবার (২০ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অসহায় প্রতিবন্ধী ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তার সুফল আজ প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছে। নিজ অর্থায়নে পদ্মা সেতু, ঘরে ঘরে বিদ্যুৎ এবং আশ্রয়ণ প্রকল্পের সফলতাও জনগণ আজ ভোগ করছে।’

    এসময় স্পিকার উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। জনগণ যেন উন্নয়নের সব সুফল সহজেই পায়, সেজন্য পীরগঞ্জের সব কর্মকর্তাদের আন্তরিকতা সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান উপস্থিত ছিলেন।

    এসময় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা উপকরণ হিসেবে পীরগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রীদের মধ্যে ৫০টি বাইসাইকেল এবং পীরগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাৎসরিক এককালীন শিক্ষাবৃত্তি হিসেবে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০০ জনকে দুই হাজার ৪০০ টাকা হারে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৫০ জনকে ছয় হাজার টাকা হারে এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য ২৫ জনকে ৯ হাজার ৬০০ টাকা হারে বিতরণ করা হয়।