Category: প্রচ্ছদ

  • করোনা: বিশ্বে একদিনে আক্রান্ত ১০ লাখ

    করোনা: বিশ্বে একদিনে আক্রান্ত ১০ লাখ

    বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬২৮ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৭৪ হাজার ৩১০ জনে।

    একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬ হাজার ৮৫৭ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ১০ লাখ ১৭ হাজার ৭২২ জনে।


    রোববার (৩ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।


    যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬৬১ জন এবং মারা গেছেন ১৫০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১৮ লাখ ২৬ হাজার ৩৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৮ হাজার ১৫৯ জন মারা গেছেন।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৯৭ জন এবং মারা গেছেন ৩৩৯ জন।

    অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯৪৯ জন।

  • ধৈর্য ও সংযমে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

    ধৈর্য ও সংযমে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

    পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বলেন, ‘আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈয ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।’

    পবিত্র মাহে রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি এ উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যলাভ এবং ক্ষমালাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

    প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে সারাবিশ্ব আজ বিপর্যস্ত। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সে কারণে স্বাস্থ্যবিধি মেনে রমজানের তারাবিসহ অন্যান্য নামাজ আদায়ের আহ্বান জানাচ্ছি। সিয়াম পালনের পাশাপাশি আমরা যেন ঘরে অবস্থান করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।’

    তিনি বলেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সকলের জীবন মঙ্গলময় হোক। আমাদের দেশ ও জাতি তথা বিশ্ববাসী এই করোনা মহামারি থেকে মুক্তি পাক- মহান রাব্বুল আল-আমিনের কাছে এই দোয়া করি। মহান আল্লাহ তায়ালার কাছে সবার হেফাজত কামনা করেন প্রধানমন্ত্রী।

  • অবশেষে সিটি মেয়রের নির্দেশে টিসিবির পণ্য পাচ্ছেন সাংবাদিকরা

    অবশেষে সিটি মেয়রের নির্দেশে টিসিবির পণ্য পাচ্ছেন সাংবাদিকরা

    গতকাল দৈনিক আজকের বার্তাসহ বরিশালের বিভিন্ন পত্রিকায় “নগরীতে টিসিবির পণ্য পাচ্ছেন না সাংবাদিকরা” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র।
    তিনি গতকাল সন্ধ্যায় নিজ বাসভবনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সাথে দেখা হলে তিনি তাৎক্ষণিকভাবে এ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে আজ থেকে (মঙ্গলবার) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে পূর্বের ন্যায় নিয়মিত টিসিবির পণ্যবাহী গাড়ি পৌঁছে দেয়ার নির্দেশ প্রদান করেন।
    পাশাপাশি নগরীর ৩০ ওয়ার্ডের গড়িয়ারপার এলাকার সেতুবন্ধন ক্লাব সংলগ্ন স্থানেও টিসিবির পণ্যবাহী গাড়ি প্রেরণের নিদের্শ দেন। এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সিটি মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বরিশালের সাংবাদিক এবং সংশ্লিষ্টরা।

  • নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে অর্ধদিবস হরতাল

    নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে অর্ধদিবস হরতাল

    নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মতো সোমবার বরিশালেও অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।

    হরতাল সফল করতে সোমবার সকাল ৬টা থেকে নগরীতে প্রচারপত্র বিলি, বিক্ষোভ মিছিল-সমাবেশ শুরু করেছেন নেতাকর্মীরা। তারা নগরীর নতুনবাজার, জেলখানা মোড় ও কাকলী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

    এ সময় চালকদের গাড়ি চালনা বন্ধের অনুরোধ করা হয়। হরতালে নাগরিক ভোগান্তি রোধে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    বাম গণতান্ত্রিক জোট, বরিশাল সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের নেতৃত্বে পিকেটিংয়ে অংশ নেন বরিশাল জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বিরেন্দ্র নাথ, বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি কিশোর চন্দ্র বালা প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন দাম এবং গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

    তাই সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবাইকে হরতাল পালনের আহ্বান জানাচ্ছি।

    কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, নগরবাসীকে নিরাপত্তা দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • একদিনে ২৩২৬ জনের মৃত্যু, শনাক্ত ১০ লাখের কম

    একদিনে ২৩২৬ জনের মৃত্যু, শনাক্ত ১০ লাখের কম

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে দুই হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন নয় লাখ ৮৯ হাজার ৫১২ জন রোগী। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন নয় লাখ ৬৫ হাজার ৬৫৯ জন।

    এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৪৮ হাজার ২৭২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ২১ লাখ ১৩ হাজার ৪০৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪১ কোটি ৬৩ লাখ ৫৮ হাজার ৫৬৯ জন।

    করোনায় এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে তিন হাজার ৬৫ জনের মৃত্যু হয়। ওই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ২৯ হাজার ৬৭০ জন রোগী। এছাড়া সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৯ হাজার ৯১০ জন।

    সোমবার (২৮ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    একদিনে বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৮ হাজার ১৩০ জন। একই সময়ে মারা গেছেন ২৮২ জন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৮ লাখ ১৫ হাজার ৮৪১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৮৯৯ জন।

    অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৩৮ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ২৮০ জন। রাশিয়ায় এখন পর্যন্ত এক কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৬৭ হাজার ৩৫১ জন।

    করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে চার হাজার ৯৫২ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ১৬ লাখ ২১ হাজার ৮৮৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ তিন হাজার ৪৬৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ছয় কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ২৬ জন।

    একদিনে ভারতে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ৩২ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৫১ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৬৬ জন। করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি ২৪ লাখ ৮২ হাজার ২৬২ জন।

    ব্রাজিলে একদিনে মারা গেছেন ১১৪ জন। এসময়ে দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৩৯ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৯৮ লাখ ৪২ হাজার ৪১৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৫৮ হাজার ৯২৬ জন।

    এছাড়া ২৪ ঘণ্টায় ইতালিতে ৮২ জন, জাপানে ৯৮ জন, ইন্দোনেশিয়া ১০০ জন, মেক্সিকোতে ১০১ জন, ফিলিপাইনে ১৩১ জন, থাইল্যান্ড ৮৪, চিলি ৮৩, হংকংয়ে ১৫১ জন করোনায় আক্রান্ত হয়ে মার গেছেন।

  • রিকশাচালকেরও লাগবে লাইসেন্স, ভাড়া থাকবে নির্ধারিত

    রিকশাচালকেরও লাগবে লাইসেন্স, ভাড়া থাকবে নির্ধারিত

    ঢাকা মহানগরে চলাচল করা সব রিকশা আসছে নিবন্ধনের আওতায়। লাইসেন্স নিতে হবে চালককেও। রিকশাচালকের বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। রিকশার রং, কুশন প্রভৃতিতে থাকবে নতুনত্ব। মালিকরা ইচ্ছেমতো জমা আদায় করতে পারবে না। একই সঙ্গে দূরত্ব অনুযায়ী ট্রাফিক অঞ্চলভেদে নির্ধারণ করে দেওয়া হবে ভাড়া।

    এসব নিয়ম রেখে ২১ মার্চ ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অযান্ত্রিক যানবাহন চলাচল (নিয়ন্ত্রণ) প্রবিধান’-এর গেজেট জারি করা হয়েছে। দক্ষিণ সিটিও এমন প্রবিধান করতে যাচ্ছে বলে জানা যায়।

    প্রবিধান অনুযায়ী, অঞ্চলভেদে রিকশাচালকদের পোশাকের রং ভিন্ন হবে। অযান্ত্রিক যানবাহন বা রিকশাচালকের কাছ থেকে মালিক দৈনিক সর্বোচ্চ কত টাকা ভাড়া (জমা) আদায় করতে পারবেন, তা করপোরেশন নির্ধারণ করে দিতে পারবে। কোনো রিকশায় দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বেশি বহন করা যাবে না।

    এছাড়া অতিরিক্ত ভাড়া দাবি করা বা নির্ধারিত জোনে নির্দিষ্ট দূরত্বে যেতে অস্বীকৃতি জানালে রিকশাচালককে জরিমানা করা যাবে। রিকশাচালকের বয়স ১৮ বছরের কম বা ৫০ বছরের বেশি হতে পারবে না।

    এতে আরও বলা হয়েছে, রিকশার ভেতরে বা বাইরে কোনো রকম বাণিজ্যিক বিজ্ঞাপন বা অশ্লীল ছবি/চিত্র সাঁটানো যাবে না।

    প্রবিধান অনুযায়ী, অনিয়মের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা এবং নিবন্ধন-লাইসেন্স বাতিল ও রিকশা জব্দ করতে পারবে সিটি করপোরেশন।

    এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. সেলিম রেজা জাগো নিউজকে বলেন, রিকশা বা অযান্ত্রিক যানবাহন নিয়ে তেমন কোনো বিধিবিধান ছিল না। প্রবিধানটি করা খুব দরকার ছিল, সেটি হয়েছে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে প্রবিধানের গেজেটও করেছি। আমরা এখন এটি ধীরে ধীরে বাস্তবায়নের দিকে যাবো। প্রবিধানের আলোকে আমরা ব্যবস্থা নেবো। আমরা কিছু রিকশার লাইসেন্সও দেওয়া শুরু করছি।

    তিনি বলেন, এই প্রবিধানের আওতায় অযান্ত্রিক যানবাহনকে আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। রিকশাচালকেরও লাইসেন্স লাগবে। আরও কিছু নতুন বিষয় এসেছে। সবাইকে সঙ্গে নিয়ে সেগুলো বাস্তবায়ন করা হবে। আশা করছি ভালো কিছু হবে।

    প্রবিধান অনুযায়ী, করপোরেশনের অঞ্চল বা ওয়ার্ডভিত্তিক ‘অযান্ত্রিক যানবাহন ব্যবস্থাপনা শীর্ষক কমিটি’ দায়িত্ব পালন করবে। কমিটির আহ্বায়ক হবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা/মেয়রের মনোনীত কর্মকর্তা/ওয়ার্ড কাউন্সিলর। সাত সদস্যের এই কমিটিতে শ্রমিক, রিকশা মালিক ও চালক সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন।

    এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফরিদ আহাম্মদ জাগো নিউজকে বলেন, অযান্ত্রিক যানবাহন নিয়ে আমরাও একটি প্রবিধান করছি। একটি খসড়া করা হয়েছে, খসড়াটি চূড়ান্ত করার কাজ চলছে।

    jagonews24

    তিনি আরও বলেন, আমাদের অংশে রাস্তাঘাট সরু। প্রচুর ঘোড়ার গাড়ি রয়েছে। উত্তরে রাস্তাঘাট বেশি প্রশস্ত। তাই আমাদের প্রবিধানটি উত্তরের তুলনায় কিছুটা ভিন্ন হবে।

    রিকশাচালকের লাইসেন্স ও যোগ্যতা
    সিটি করপোরেশন এলাকায় কোনো ব্যক্তি কোনো অযান্ত্রিক যানবাহন চালাতে চাইলে তাকে অবশ্যই লাইসেন্স নিতে হবে। লাইসেন্স প্রথমত এক বছরের জন্য ইস্যু করা হবে এবং মেয়াদ শেষে নির্ধারিত ফি দিয়ে তা নবায়ন করতে হবে।

    ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালক দিয়ে অযান্ত্রিক যানবাহন বা রিকশা চালাতে দেওয়া যাবে না। যদি কোনো মালিক ড্রাইভিং লাইসেন্স না থাকা চালক দিয়ে রিকশা চালান তবে রেজিস্ট্রেশন বাতিল করা হবে বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা করা হবে বা উভয় দণ্ড দেওয়া হবে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে চালককে সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানা করা হবে। একই সঙ্গে জব্দ ও বাজেয়াপ্ত করা হবে করপোরেশনের দেওয়া রিকশার নম্বরটি। একবার জব্দ করা হলে রিকশার লাইসেন্স নম্বরটিও বাতিল হয়ে যাবে বলে প্রবিধানে উল্লেখ করা হয়েছে।

    কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে না দেওয়া হলেও অযান্ত্রিক যানবাহন বা রিকশাচালকের লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীকে নিবন্ধকের কাছে কয়েকটি বিষয়ে উপযুক্ত বিবেচিত হতে হবে।

    চালক শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত বলে সিটি করপোরেশনের একজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সনদ বা প্রত্যয়ন লাগবে। আবেদনকারীকে সিটি করপোরেশন ও এর আশপাশের প্রধান প্রধান সড়ক, স্থাপনা, অফিস আদালত, গুরুত্বপূর্ণ স্থান ইত্যাদির বিষয়ে ধারণা থাকতে হবে। আবেদনকারীকে সড়কপথে চলাচল করার সময় যেসব নিয়ম-কানুন, ট্রাফিক সংকেত অন্য চালকরা মেনে চলেন- তা জানতে ও বুঝতে হবে।

    রিকশাচালকের লাইসেন্স পেতে আবেদনকারীর বয়স ১৮ বছরের কম এবং ৫০ বছরের বেশি হতে পারবে না।

    রিকশাভাড়া নির্ধারণ

    সিটি করপোরেশন এলাকায় ট্রাফিক অঞ্চলভিত্তিক ভাড়ার তালিকা নির্ধারিত থাকবে। এই প্রবিধান অনুযায়ী করপোরেশন প্রতিটি অযান্ত্রিক যানবাহন বা রিকশার জন্য দূরত্ব অনুযায়ী একটি ভাড়ার তালিকা তৈরি করতে পারবে। মুদ্রিত ভাড়ার তালিকা জনবহুল এলাকায় দৃশ্যমান করে টাঙাতে হবে। রেজিস্ট্রেশনের সঙ্গে রিকশার মালিককে সংশ্লিষ্ট জোনের সব ভাড়ার তালিকাও সরবরাহ করতে হবে। জনগণের সুবিধার্থে কখনো চালককে লাইসেন্স দেখাতে বলা হলে লাইসেন্সের সঙ্গে ভাড়ার তালিকাটিও দেখাতে হবে।

    নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দাবি করা বা নির্ধারিত জোনে নির্দিষ্ট দূরত্বে যেতে অস্বীকৃতি জানালে রিকশাচালককে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে বলে প্রবিধানে উল্লেখ করা হয়েছে।

    যেমন হবে রিকশা
    প্রবিধানে বলা হয়েছে, প্রতিটি অযান্ত্রিক যানবাহন তথা রিকশার গঠন ও আকৃতি সুন্দর, মজবুত এবং কমপক্ষে দুজন স্বাস্থ্যবান মানুষ বসার মতো উপযুক্ত হতে হবে। রিকশার চাকা হবে মজবুত রাবারের টায়ার বেষ্টিত, চলার সময় কোনো রকম বাজে শব্দ ও কম্পন হবে না এবং সঠিকভাবে উপযুক্ত প্লাসবোর্ড দিয়ে সুরক্ষিত থাকবে।

    স্প্রিং ও এক্সেলগুলো ধাতব বস্তু দিয়ে গঠিত হবে, যা শক্তিশালী, সঠিকভাবে গঠিত এবং মরিচা থেকে মুক্ত হবে। রিকশার হুড এবং কুশনের কাভার সুন্দর শক্ত কাপড় বা করপোরেশন অনুমোদিত ক্যানভাস বা অন্য কোনো বস্তু দিয়ে নির্মিত হবে, যা দেখতে সুন্দর হবে এবং পানি চুঁইয়ে পড়বে না। ঢাকা মহানগরীতে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী রিকশা আলাদা রঙের হুড ও কুশনে আবৃত হতে হবে।

    ভাঙাচোরা বা খুঁতযুক্ত কিংবা ত্রুটিপূর্ণ কোনো অযান্ত্রিক যানবাহন বা রিকশাকে রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না।

    প্রতিটি অযান্ত্রিক যানবাহনের হেডলাইট থাকতে হবে এবং পেছনের বাতি উজ্জ্বল হতে হবে। পেছনের প্রতিটি বাতিতে লালগ্লাস এমনভাবে লাগাতে হবে যাতে পেছনে কোনো গাড়ির পাঁচ মিটারের মধ্যে থেকে তা দৃশ্যমান হয়।

    গরু বা ঘোড়া দিয়ে চালিত যানবাহন হলে টানা প্রাণী, গরু কিংবা ঘোড়া যাতে কোনো ধরনের সংক্রামক ব্যাধিতে আক্রান্ত না থাকে, স্বাস্থ্যবান ও রোগমুক্ত হয় এবং দেখতেও যাতে সুন্দর হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নিবন্ধকের মতামত অনুযায়ী ওই প্রাণীদের জন্য ব্যবহার্য দড়ি বা চেনগুলো চামড়া দিয়ে বা ভালো কোনো আবরণে যাতে প্রাণীর জন্য আরামদায়কভাবে মোড়ানো থাকে, সে ব্যবস্থা মালিককে করতে হবে।

    উপরের শর্তের ব্যত্যয় ঘটলে অযান্ত্রিক যানবাহন/রিকশা/ভ্যানগাড়ি বা ঘোড়া/গরুর গাড়ির মালিককে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা এবং ওই অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন বাতিল করা যাবে।

    অযান্ত্রিক যান-রিকশা চলাচলের নিয়ম
    নির্ধারিত এলাকা/অঞ্চল/জোন ছাড়া কোনো এলাকায় কোনো অযান্ত্রিক যানবাহন/রিকশা চলাচল করতে পারবে না। একই সঙ্গে দুই লেন, চার লেন বা ছয় লেনের সড়কে অযান্ত্রিক যানবাহন/রিকশা চলাচল কিংবা ক্রসিং কিংবা পার্কিং কিংবা সাময়িক অবস্থান করতে পারবে না।

    নির্ধারিত অঞ্চল ও জোন অনুযায়ী অযান্ত্রিক যানবাহনের রেজিস্ট্রেশন কার্ডের রং এবং চালকের পোশাকের রং ভিন্ন ভিন্ন হবে এবং করপোরেশন তা নির্ধারণ করবে। অযান্ত্রিক যানবাহনের রেজিস্ট্রেশন কার্ডের রং ও চালকের পোশাকের রং ব্যবহার করা বাধ্যতামূলক বলে গণ্য হবে।

    অযান্ত্রিক যানবাহনের পার্কিংয়ের স্থান নির্ধারণ করে করপোরেশন সময়ে সময়ে বিজ্ঞপ্তি জারি করবে। নির্ধারিত পার্কিং স্থানের বাইরে কোনো অযান্ত্রিক যানবাহন বা রিকশা পার্কিং আইনত দণ্ডনীয় হবে।

    প্রত্যেক রিকশাচালক বাহুতে বা কব্জিতে একটি ব্যাজ ধারণ করবেন, যা সিটি করপোরেশন লাইসেন্সের সঙ্গে সরবরাহ করবে। এজন্য করপোরেশন যুক্তিসঙ্গত ফি নিতে পারবে।

    রিকশার নিবন্ধন
    যেসব অযান্ত্রিক যানবাহন বা রিকশা সিটি করপোরেশন সীমানার মধ্যে চলাচল করবে, এর প্রতিটিকেই নিবন্ধকের তত্ত্বাবধানে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হবে। নিবন্ধন প্রতি দুই বছর পর পর নবায়ন করতে হবে।

    প্রতিটি অযান্ত্রিক যানবাহনের প্রকার অনুযায়ী লাইসেন্স ভিন্ন প্রকৃতির ও ফর্মের হবে। লাইসেন্সে প্রত্যেক লাইসেন্সধারীর স্ট্যাম্প সাইজের রঙিন ছবি ও বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ থাকবে।

    নির্ধারণ করে দেওয়া হবে মালিকের জমা
    প্রবিধানে অযান্ত্রিক যানবাহন বা রিকশার মালিকের দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে। অযান্ত্রিক যানবাহন বা রিকশাচালকের কাছ থেকে মালিক দৈনিক সর্বোচ্চ কত টাকা ভাড়া আদায় করতে পারবেন তা করপোরেশন নির্ধারিত করে দিতে পারবে। নির্ধারিত দৈনিক ভাড়ার অতিরিক্ত ভাড়া কোনো মালিক আদায় করতে পারবেন না।

    করপোরেশন রিকশার দৈনিক ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরও যদি কোনো মালিক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করেন তবে মালিককে শাস্তি দেওয়া যাবে। করপোরেশন ওই মালিকের রিকশার লাইসেন্সও বাতিল করতে পারবে।

    jagonews24

    বিজ্ঞাপন বা অশ্লীল ছবি সাঁটানো যাবে না রিকশায়
    নিবন্ধকের লিখিত অনুমতি ছাড়া কোনো রিকশা কিংবা ভ্যানে ছাপানো লিখিত বা অন্য কোনো উপায়ে ভেতরে বা বাইরে কোনো রকম বাণিজ্যিক বিজ্ঞাপন কিংবা অশ্লীল ছবি/চিত্রমালা ইত্যাদি সাঁটানো কিংবা প্রদর্শন করা যাবে না বলে প্রবিধানে জানানো হয়েছে।

    রিকশাচালকদের জন্য প্রশিক্ষণ
    সিটি করপোরেশন চালকদের জন্য রিকশা চালানোর ও নিয়ম-কানুন শেখাতে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এতে তারা সড়কপথে চলাচল করার সময় পালনীয় নিয়ম-কানুন, ট্রাফিক সংকেত, দূরত্ব অনুয়ায়ী নির্ধারিত ভাড়া বিষয়ে জানতে পারবেন। যুক্তিসঙ্গত কারণ ছাড়া পরপর দুবার প্রশিক্ষণে অংশগ্রহণে ব্যর্থ হলে চালকের লাইসেন্স বাতিল করা যাবে।

    বিভিন্ন অপরাধের শাস্তি
    যদি কেউ এই প্রবিধান ভঙ্গ করে সিটি করপোরেশনের মধ্যে কিংবা নির্ধারিত জোনের বাইরে অযান্ত্রিক যানবাহন বা রিকশা চালান তাহলে মালিককে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং চালককে সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানা করা যাবে। একই সঙ্গে রিকশার লাইসেন্স ও চালকের লাইসেন্স বাতিল করা যাবে।

    কোনো রিকশাচালক একক বা দ্বৈত যাত্রীকে কোনো স্থানে নিয়ে যাওয়ার ব্যাপারে রিকশার যান্ত্রিক ত্রুটি ছাড়া অন্য কোনো কারণে অস্বীকৃতি জানাতে পারবেন না। কোনো চালক কোনো ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে চালককে ৫শ টাকা জরিমানা ও লাইসেন্স বাতিল করা যাবে।

    অযান্ত্রিক যানবাহন বা রিকশা কোনো বেআইনি বা অনৈতিক কাজে ব্যবহার হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা যাবে এবং যানবাহন জব্দ বা বাজেয়াপ্ত করা যাবে।

    কোনো রিকশায় দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বেশি বহন বা রিকশার আয়তনের চেয়ে বড় বা বেশি ওজনের বস্তু বা দ্রব্যাদি বহন করা যাবে না।

    পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান ছাড়া রিকশা পার্কিং করা যাবে না। নির্ধারিত স্থান ছাড়া পার্কিং করা হলে রিকশার মালিক বা চালককে সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানা করা যাবে।

    করপোরেশনের ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা জরিমানা আরোপ করতে পারবেন বলেও প্রবিধানে উল্লেখ করা হয়েছে।

  • বাম জোটের অর্ধদিবস হরতাল শুরু

    বাম জোটের অর্ধদিবস হরতাল শুরু

    নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল শুরু হয়েছে।

    সোমবার (২৮ মার্চ) ভোর ৬টায় শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ১১ মার্চ সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি।

    এতে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

    বাম জোটের ডাকা অর্ধদিবস হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি ও প্রগতিশীল ছাত্র জোট। হরতালের সমর্থনে কর্মসূচিও ঘোষণা করে প্রগতিশীল ছাত্রজোট।

    কর্মসূচিগুলো হলোঃ
    ২১ মার্চ দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালযয়ে, ২২ মার্চ বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ২৪ মার্চ বেলা ১১টায় বুয়েটের পলাশীতে হরতালের সমর্থনে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করবেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। এছাড়া ২৭ মার্চ সন্ধ্যা ৬টায় শাহবাগে মশাল মিছিল করবে তারা।

  • নারীর ক্ষমতায়নে দক্ষিন এশিয়ায় আমরা শীর্ষে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    নারীর ক্ষমতায়নে দক্ষিন এশিয়ায় আমরা শীর্ষে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
    তার কঠোর পরিশ্রমের জন্য বিগত দশ বছরে আমরা বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে আজ উন্নয়নশীল দেশে এসে পৌঁছেছি।২০৩০ সালের ভেতরে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের ভেতরে সমৃদ্ধশালী দেশে পৌঁছাবো। সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে হলে নারীর ক্ষমতায়ন দরকার। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দিন দিন নারীর ক্ষমতায়ন উন্নতি লাভ করছে।
    রোববার (২৭ মার্চ) বরিশাল নগরীর দক্ষিন আলেকান্দা এলাকাস্থ এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
    এসময় তিনি আরো বলেন,নারীর ক্ষমতায়নে দক্ষিন এশিয়ায় আমরা শীর্ষে রয়েছি। দেশকে সমৃদ্ধশালী করতে হলে মেয়েদের নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জনসংখ্যাবহুল বাংলাদেশে অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী। সুতরাং নারীদের পিছিয়ে থাকলে আজ আর হবে না, নারীদের সামনের দিকে অগ্রসর হতে হবে।
    আজকের মেয়েরা ভবিষ্যতে এ দেশের রাষ্ট্রনায়ক, মন্ত্রী হবে, বড় বড় পদে থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, বিরোধী দলের নেতাও নারী। আমাদের অনেক নেত্রী রয়েছে, সচিব রয়েছেন নারী। এছাড়া বিচার বিভাগ, সেনাবাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী,স্বাস্থ্য বিভাগ, স্কুল-কলেজেসহ সকল প্রশাসনে নেতৃত্বে নারী রয়েছে। সুতরাং প্রধানমন্ত্রীর লক্ষ্য অনুযায়ী দেশকে সমৃদ্ধশালী করতে হলে আজ যারা স্কুলে মেয়েরা আছো, তাদের প্রতি প্রত্যাশা ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করো।
    তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পরে দক্ষিনাঞ্চলের উন্নয়ন হয়েছে। আজ পদ্মাসেতু আর সপ্ন নয়, বাস্তবায়নের শেষ প্রান্তে এসে দাড়িয়েছে।আগামী ৩-৪ মাসের মধ্যে এর কাজ শেষ হয়ে গেলে আমরা দক্ষিনাঞ্চলের মানুষ এই পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় যাতায়াত করতে পারবো। এ অঞ্চলে পায়রা বন্দর হয়েছে। এখানে বিদেশী জাহাজ আসবে বিদেশীরাও আসবে। বরিশাল বিভাগীয় শহর হওয়ায় এখানে অফিস হবে।
    তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো, বরিশাল শহরে ভোলা থেকে গ্যাসলাইন আনার। যেটার প্রতিশ্রুতি আমিও দিয়েছিলাম।এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করবো ২০২৩ সালের মধ্যে গ্যাস আনার। তবে আনতে না পারলেও গ্যাস আনার কার্যক্রম শুরু হয়ে যাবে। আর বরিশালে গ্যাস এসে গেলে এখানেও শিল্প কারখানা গড়ে উঠবে। বিদেশী অফিস আর শিল্প কারখানা হলে পরে এখানে অনেক ছেলে-মেয়েদের কর্মসংস্থান হবে।
    এজন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহবান থাকবে সেসব বড় বড় ভালো কাজে যাতে তোমরা যোগদান করতে পারো এজন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এজন্য যারা শিক্ষার্থী রয়েছো তাদের ভালোভাবে লেখাপড়া করতে হবে, কম্পিউটারের কাজ শিখতে হবে।বিশেষ করে মেয়েদের কম্পিউটারের ওপর পারদর্শি হয়ে ওঠো, এতে তোমাদের কাজ পেতে সুবিধা হবে। আর যোগ্যতা অর্জন না করলে ভালো কর্মসংস্থানের সুযোগ নেই।
    তিনি বলেন, আমি পানি সম্পদ মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দিন-রাত দক্ষিনাঞ্চলসহ নদী ভাঙ্গন কবলিত এলাকায় ছুটে বেড়াই এবং ভাঙ্গন রোধে কাজ করে যাচ্ছি।একনেক থেকে পাস হলে আগামী ২-৩ মাসের ভেতরে দক্ষিনাঞ্চলের ১০-১২ টি প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। যার ফলাফল ৩-৪ বছরের  মধ্যে দেখতে পাবে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পৌঁছানো।  সে লক্ষ্যে পৌঁছানোর জন্য মেয়েদের দায়িত্বশীল হতে হবে, লেখাপড়া করতে হবে,মান উন্নয়ন করতে হবে।
    বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

    এ-সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বিসিসি’র কাউন্সিলর ২০নং ওয়ার্ড জিয়াউর রহমান বিপ্লব, ৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন রুবেল, মহানগর আ’লীগের সাবেক সদস্য ও ১৪নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মেজবাহুল ইসলাম দিপু,জেলা যুবলীগের সমাজসেবা সম্পাদক সাইকুল্লাহ খান লাবুসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • রাজপথে আওয়ামী লীগ নেতা ও কলেজছাত্রী হত্যা: শুটার গ্রেফতার

    রাজপথে আওয়ামী লীগ নেতা ও কলেজছাত্রী হত্যা: শুটার গ্রেফতার

    রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যার ঘটনায় একজন শুটারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    রোববার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে একটি ডিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


    ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যা মামলার সর্বশেষ আপডেট নিয়ে ব্রিফিং ডাকা হয়েছে। আজ (রোববার) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

    এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের দিকে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে।

    গুলিতে টিপু, তার গাড়িচালক মুন্না এবং রিকশা আরোহী কলেজশিক্ষার্থী প্রীতি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপু ও প্রীতির মৃত্যু হয়।

    এরপর শুক্রবার নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। মামলা নাম্বার ১৮(৩)২২। অভিযোগে তিনি কারো নাম উল্লেখ করেননি। অজ্ঞতানামা আসামি হিসেবে অভিযোগ করেন।


    মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানাধীন ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনস্থ বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেন।

    তারা আমার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে গুলি করেন।

    জাহিদুল ইসলাম টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন নিশ্চিত করেছেন। আর প্রীতি রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।

    জানা গেছে, ঘটনার সময় টিপু গাড়িতে ছিলেন। গুলিতে তার গাড়িচালক মনির হোসেন মুন্না (২৬) আহত হন। এছাড়া শিক্ষার্থী প্রীতি রিকশায় ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।

    রাত সোয়া ১১টার দিকে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত মুন্না সেখানে চিকিৎসাধীন।

  • অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের আগুনের সূত্রপাত এসি কেবিন থেকে

    অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের আগুনের সূত্রপাত এসি কেবিন থেকে

    রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে ‘অ্যাডভেঞ্চার-৯’ নামের লঞ্চটির দ্বিতীয় তলার একটি এসি কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

    নৌপরিবহন অধিদপ্তরের (শিপিং সার্ভে) প্রধান প্রকৌশলী মাহবুব হোসেন এ তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এমভি অ্যাডভেঞ্চার-১ লঞ্চের দ্বিতীয় তলার একটি এসি কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে আগুনে কোনো প্রাণহানি ঘটেনি।


    ‘আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এবং নিভে গেছে। সকাল ১০টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এর আগে রোববার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস।


    ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা শাহজাহান শিকদার বলেছিলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

    লঞ্চটির সুপারভাইজার মো. মাসুদ বলেছিলেন, ‘ভেতরে কোনো যাত্রী নেই, কিন্তু আমাদের ৫০-৬০ জনের মতো স্টাফ আছে।

    ফায়ার সার্ভিসের খুদেবার্তায় জানানো হয়, বাহিনীর সাতটি ইউনিট রোববার বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।