Category: প্রচ্ছদ

  • জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর পর দলের নেতাকর্মীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

    শনিবার (২৬ মার্চ) ভোরে ৫টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

    এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    আজ দিনভর জাতীয় স্মৃতিসৌধসহ দেশের প্রতিটি অঞ্চলে সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের শহীদদের ফুল দিয়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করবেন।

    প্রতি বছরই বিশেষ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। সকাল থেকেই মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। ধীরে ধীরে ফুলে ফুলে ঢেকে যায় গৌরবের সৌধ।

    এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্মৃতিসৌধ ঘিরে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল। পথে আটকে পড়া মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শ্রদ্ধা নিবেদনের জন্য। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে চলে যাওয়ার পরই তারা ছুটে যান স্মৃতিসৌধে।

  • আজ মহান স্বাধীনতা দিবস

    আজ মহান স্বাধীনতা দিবস

    আজ ২৬ মার্চ। বাঙালির সেই গৌরবদীপ্ত দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এ দিনে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের বাংলাদেশ নামে দেশটি স্বগৌরবে স্থান পায়।

    বাঙালি জাতির জীবনে ২৬ মার্চ দিনটি একইসঙ্গে গৌরব ও শোকের। একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক জান্তা বাঙালির ওপর চালায় ইতিহারের নৃশংসতম হত্যাযজ্ঞ।


    ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। যে ঘোষণা বাংলাদেশসহ বিশ্ব গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।


    স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে জাতি মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের পৃথক বাণী দিয়েছেন।

    দেশবাসীকে জানিয়েছেন শুভেচ্ছা। দিবসটি উদযাপনে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দল এবং সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক এ দিনটি উদযাপন করা হবে। আজ সাধারণ ছুটির দিন।

    ১৯৭১ সালের ২৬ মার্চ, একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলেও ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান নামের পৃথক রাষ্ট্রের জন্মের পরই তরুণ ছাত্রনেতা শেখ মুজিব এ ভূখণ্ডে একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।


    দিনে দিনে পাকিস্তানিদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যমূলক মনোভাব স্পষ্ট হয়ে উঠেছিল।


    শেখ মুজিব যে কোনো ত্যাগের বিনিময়ে বাঙালিদের অধিকার ও আত্মমর্যাদা রক্ষার প্রশ্নে অটল ছিলেন। তার অত্যন্ত সুদূরপ্রসারী চিন্তার ফসল ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। যে সংগঠন দুটির সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

    ’৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ, ’৬২-এর আইয়ুব বিরোধী আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থানসহ সব আন্দোলন-সংগ্রামে এ সংগঠন দুটির ভূমিকা ছিল অপরিসীম। গণরোষের মুখে আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে বাধ্য হয়েছিল।

    শেখ মুজিব হয়ে উঠেছিলেন বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর, বঙ্গবন্ধু। ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা করেছিলেন, ‘আজ হতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এদেশটির নাম হবে পূর্ব-পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ।

    বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ ’৭০-এর নির্বাচনে জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু, পাক-সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে টালবাহানা শুরু করে।

    শেখ মুজিব অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে দীর্ঘ ২৩ বছরের শাসন-শোষণ থেকে মুক্তির লক্ষ্যে সুনির্দিষ্ট রূপরেখা দেন। ২৩ মার্চ সারাদেশে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়।


    একাত্তরের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা ‘অপারেশন সার্চ লাইট’ এর নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। চালায় নির্মম হত্যাযজ্ঞ।

    ২৬ মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পূর্বেই তিনি স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। বাঙালির জননেতাকে পাকিস্তানের মিয়াওয়ালী কারাগারে বন্দি করে অমানুষিক নির্যাতন চালানো হয়।

    জাতির পিতার ডাকে বাংলার মুক্তিপাগল জনতা ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত হয়ে যার যা কিছু আছে তাই নিয়ে দেশমাতৃকার মুক্তির জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

    যুদ্ধকালীন ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে মন্ত্রী করে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।

    পরবর্তীকালে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য সারাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় এবং একজন প্রধান সেনাপতি নিয়োগ করা হয়।

    দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শত্রুমুক্ত হয়। ‘পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত/ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে/নতুন নিশান উড়িয়ে/দামামা বাজিয়ে দিগ্বিদিক/এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা।’ সত্যিই বাংলায় এসেছে সেই মহার্ঘ্য স্বাধীনতা।

    এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি হায়েনার ছোবল থেকে সত্যিই স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। লক্ষ প্রাণের বলিদানে আর লাখো মা-বোনের সম্ভ্রমহানিতে অর্জিত এ স্বাধীনতা জাতির জীবনে চির অম্লান হয়ে থাকবে।

  • করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১০২

    করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১০২

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জনেই রয়েছে।

    একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১০২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক শূন্য ৩ শতাংশ।

    শুক্রবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৩২টি নমুনা সংগ্রহ ও ৯ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৬৪৭ জনে।

    গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন এক হাজার ২৬৮ জন। করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জনে।

  • ২০ সেকেন্ডে ১২ রাউন্ড গুলি ছোড়ে খুনি, টিপুর শরীরেই লাগে ১০টি

    ২০ সেকেন্ডে ১২ রাউন্ড গুলি ছোড়ে খুনি, টিপুর শরীরেই লাগে ১০টি

    আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে চার-পাঁচদিন আগে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইলে হত্যার হুমকি দিয়েছিলেন। এর সপ্তাহ না পেরোতেই রাজধানীর ব্যস্তসড়কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো তাকে। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে এ কিলিং মিশনে অংশ নেন দুজন। মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরে তারা মোটরসাইকেলে আসেন। তাদের একজন চালক, অন্যজন পিস্তলধারী। মাত্র ২০ সেকেন্ডে কিলিং মিশন শেষে নির্বিঘ্নে পালিয়ে যান তারা।

    পুলিশ বলছে, যে ব্যক্তি গুলি করেছেন, তিনি পেশাদারের চেয়েও পেশাদার। প্রকাশ্যে ব্যস্ত সড়কে এত কম সময়ে এতগুলো গুলি ছোড়া খুব সহজ ব্যাপার না। হত্যাকারীর ছোড়া ১২ রাউন্ড গুলির ১০টি টিপুর গলা, বুক, পেট, কাঁধ, পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়।

    তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, টিপুকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের ঠিক সামনে থেকে গুলি করা হলেও আগে থেকে তাকে নজরদারি করছিল আরও কয়েকজন। প্রাথমিকভাবে স্পষ্ট যে, এটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেট ও মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া নম্বরের সূত্র ধরে এখন তদন্ত চলছে। এছাড়া ঘটনায় বেশকিছু ফুটপ্রিন্ট, আলামত ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

    সিসিটিভি ফুটেজে ২০ সেকেন্ডের কিলিং মিশন
    এদিকে, জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ জাগো নিউজের হাতে এসেছে। ঘটনাস্থলের পাশের একটি বহুতল ভবনে বসানো সিসিটিভি থেকে ফুটেজটি নেওয়া। ফুটেজে টিপু হত্যা মিশনের স্পষ্ট ধারণা পাওয়া যায়।

    ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বৃহস্পতিবার রাত ঠিক ১০টা ২১ মিনিট ২০ সেকেন্ড। আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর ব্যক্তিগত সাদা রঙের নোয়াহ মাইক্রোবাসটি যানজটে আটকা পড়ে শাহজাহানপুর ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের ঠিক সামনে। এটি খিলগাঁও রেলগেট অভিমুখে যাওয়ার রাস্তা। এর ১০ সেকেন্ড আগে বিপরীত দিকের রাস্তা ধরে উল্টোপথে একটি মোটরসাইকেল আসে।

    মোটরসাইকেলটি শাহজাহানপুর রেলওয়ে হাফেজিয়া সুন্নীয়া আলিম মাদরাসা ও এতিমখানার সামনে এসে ঘুরিয়ে আবার রাজারবাগ অভিমুখে দাঁড় করান চালক। এর মধ্যে মোটরসাইকেলের পেছনে থাকা অস্ত্রধারী সড়ক বিভাজক পার হয়ে রাস্তার মাঝখানে অবস্থান নেন। এসময় রাস্তায় খুব ধীরগতিতে গাড়ি চলছিল। ১০টা ২১ মিনিট ৫০ সেকেন্ডে টিপুর গাড়ির বাম দিক দিয়ে একেবারে কাছে গিয়ে প্রথম গুলি ছোড়া হয়। আচমকা আক্রমণ দেখে টিপুর গাড়ির গতি বাড়িয়ে দেন চালক মুন্না।

    তবে সামনেই রিকশার জট থাকায় গাড়িটি বেশি দূর এগোতে পারেনি। গাড়ি থেকে কিছুটা পিছিয়ে পড়ায় হামলাকারী দৌড়ে সামনে এসে খুব কাছ থেকে গাড়ির সামনের আসনে বসে থাকা টিপুকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়েন। ওইসময় গাড়ির জানালার কাচ ভেদ করে গুলিবিদ্ধ হন টিপু। এসময় আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। ১০ সেকেন্ড টিপুকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এরপর আশপাশে এলোপাতাড়ি কয়েকটি গুলি ছুড়তে দেখা যায়।

    পরে টিপুর গাড়ির সামনে দিয়ে আবার সড়ক বিভাজক পার হয়ে রাস্তার উল্টো পাশে মাদরাসার সামনে দাঁড়ানো মোটরসাইকেলের দিকে চলে যান হত্যাকারী। রাত ১০টা ২২ মিনিট ১০ সেকেন্ডে দেখা যায়, মাইক্রোবাসের পেছনের আসনে বসে থাকা দুজন গেট খুলে বাইরে এসে মোটরসাইকেলটিকে ধাওয়া দিলে হত্যাকারীরা পালিয়ে যান। এরপর মাইক্রোবাসটি ঘিরে ধীরে ধীরে লোকজন জড়ো হতে থাকে।

    বন্ধ ছিল এলাকার সব মার্কেট
    হত্যাকাণ্ডের ঘটনার ঠিক উল্টোপাশে ফুটপাতের চা দোকানি হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, ‘বৃহস্পতিবার এখানকার (শাহজাহানপুর) সব মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন। রাত ৯টার দিকে আমার চা দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সাড়ে ১০টার দিকে মানুষের চিৎকার শুনে বাসা থেকে বের হই। রাস্তায় এসে দেখি দুজনকে গুলি করা হয়েছে। এরপর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

    নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘বৃহস্পতিবার ওই এলাকার মার্কেট বন্ধ থাকে। এ কারণে হয়তো হত্যাকারীরা এ জায়গাটা বেছে নেয়। যাতে আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজে তারা ধরা না পড়ে। এ হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। মোটরসাইকেলে আসা দুজন ছাড়াও এ চক্রে আরও একাধিক ব্যক্তি থাকতে পারেন। জাহিদুল ইসলাম টিপু কখন, কোথা থেকে, কোন গাড়িতে আসছিল, সেগুলো টার্গেট করেছিল।’

    নিহত টিপুর স্ত্রী যা বলছেন
    জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি।

    তিনি বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে আমার মোবাইলে কল আসে। জানানো হয়, কে বা কারা আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে। ওর (টিপু) সঙ্গে ছিল মেরাজ (৫৫), আবুল কালাম (৬০) ও গারিচালক মনির হোসেন মুন্না (৩৪)। গাড়িটা আমাদের নিজেদের। মতিঝিল এজিবি কলোনির গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্টের কাজ শেষ করে বাড়িতে ফিরছিল সবাই।’

    ফারহানা ইসলাম ডলি বলেন, ‘মাইক্রোবাসের বাম পাশের জানালার গ্লাস ভেদ করে গুলি আমার স্বীমার শরীরে লেগেছে। তার গলার ডান পাশে, বুকের বাম পাশের ওপরে, বুকের বাম পাশে বোগলের কাছাকাছি, পেটের মধ্যভাগে নাভির ওপরে, বাম কাঁধের ওপরে ও নিচে, পিঠের বাম পাশে মাঝামাঝি স্থানে, পিঠের বাম পাশে কোমর বরাবর, পিঠের ডান পাশে কোমরের ওপরে একাধিক, পিঠের ডান পাশের বাহুর নিচে ও নিতম্বের ডান পাশের নিচে একাধিক স্থানে গুলি লেগেছে।’

    টিপুর স্ত্রী জানান, তার স্বামী গত ১০ বছর ধরে বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক থাকাকালে দলীয় কোন্দল ছিল। পাশাপাশি গত ৫ বছর ধরে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গর্ভানিং বডির সদস্য ছিলেন টিপু। মতিঝিল কাঁচাবাজারে গ্র্যান্ড সুলতান নামে তাদের একটি রেস্টুরেন্ট আছে। তার স্বামী ওই রেস্টুরেন্ট দেখাশোনা করতেন। চার-পাঁচদিন আগে টিপুকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়।

    খুনিদের শনাক্তে কাজ করছে র‌্যাব
    র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘খিলগাঁও রেলগেটের আগে জাহিদুল ইসলাম টিপুকে বহনকারী মাইক্রোবাসটি সিগন্যালে ছিল। সেই মুহূর্তে একজন দুষ্কৃতকারী হেলমেট ও মাস্ক পরা অবস্থায় মাইক্রোবাসটির বাম পাশ দিয়ে গুলি চালান। এতে জাহিদুল ইসলাম টিপু ও তার গাড়িচালক গুলিবিদ্ধ হন। এসময় মাইক্রোবাসের ডান পাশে রিকশায় প্রীতি নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।’

    খন্দকার আল মঈন বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনায় বেশকিছু ফুটপ্রিন্ট, আলামত ও সিসিটিভি ফুটেজ পেয়েছি। এছাড়া বেশকিছু মোটিভ র‌্যাবের কাছে এসেছে। সেগুলো পর্যালোচনা করছি। যিনি গুলি করেছেন, তাকেও সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করছি। র‌্যাব ছাড়াও পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।’

    খুনি পেশাদারের চেয়েও পেশাদার, বলছে পুলিশ
    ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ জাগো নিউজকে বলেন, ‘নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় তিনি অজ্ঞাত আসামি উল্লেখ করেন। নিহতের স্ত্রী সুনির্দিষ্টভাবে কাউকে সন্দেহ করছেন না। তিনি শুধু বলেছেন, তার স্বামীকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছেন।’

    তিনি বলেন, ‘মামলাটি আমরা তদন্ত করছি। এ ঘটনায় রিকশা আরোহী সামিয়া আফরান জামাল প্রীতি নামের ২২ বছরের একজন তরুণীও নিহত হয়েছেন। তার পরিবারে এখনো থানায় আসেনি। টিপুর স্ত্রীর করা মামলায় প্রীতিকে অন্তর্ভুক্ত করা হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা খুনিদের গ্রেফতারের চেষ্টা করছি।’

    jagonews24

    শাহজাহানপুরে সন্ত্রাসী হামলায় নিহত কলেজছাত্রী প্রীতি। ছবি: সংগৃহীত

    ডিসি আ. আহাদ বলেন,

     ‘মোটরসাইকেলে ছিলেন দুজন। একজন চালক, অন্যজন পিস্তলধারী। তিনি মূলত গুলি করেছেন। দুজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। এছাড়া আরও কয়েকজন তাদের সহযোগী আশপাশে থাকতে পারেন। যারা টিপুর গাড়ির গতিবিধির ওপর হয়তো নজর রাখছিল। ঘটনাস্থল থেকে ১২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। খুব কাছ থেকে গুলি করা হয়। যিনি গুলি করেছেন তিনি পেশাদারের চেয়েও পেশাদার।’

    তিনি আরও বলেন, ‘চার-পাঁচদিন আগে নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে একটি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়। কিন্তু টিপু কিংবা তার স্ত্রী ডলি পুলিশকে হুমকির বিষয়টি তখন জানাননি। তবে ওই নম্বরের সূত্র ধরে আমরা তদন্ত করে যাচ্ছি।’

  • আ’লীগ নেতাকে গুলি করে হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র‌্যাব

    আ’লীগ নেতাকে গুলি করে হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র‌্যাব

    রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে, গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়া গেছে। কিলিং মিশনে অংশ নেয়া দুর্বৃত্তদের চিহ্নিত করা হয়েছে। অচিরেই আইনের আওতায় আনার হবে বলে জানিয়েছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

    আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এ কথা জানান খন্দকার আল মঈন।


    তিনি বলেন, এ ঘটনায় মতিঝিল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অপরাধী ধরতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    খন্দকার মঈন বলেন, জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের ঘটনায় আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বেশ কিছু মোটিভও আমরা হাতে পেয়েছি। সেগুলো আমরা পর্যালোচনা করছি। ঘটনায় শুটারদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শনাক্তের চেষ্টা করছি।

    র্যা ব ছাড়াও সিআইডি, থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার একাধিক টিম কাজ করছে। আমি মনে করি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার মোটিভ উন্মোচন ও শুটারদের শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করা সম্ভব হবে।

    খন্দকার মঈন বলেন, ইতোপূর্বেও র্যা ব অনাকাঙ্ক্ষিত এ ধরনের গুলির ঘটনা গুরুত্বের সঙ্গে দ্রুত সময়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। গতরাতের ঘটনায়ও হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে।

    বৃহস্পতিবার রাত ১০টার দিকে এজিবি কলোনি থেকে শাহজাহানপুর খিলগাঁওয়ের বাগিচা এলাকার বাসায় ফিরছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। আমতলার মসজিদ কাছে খিলগাঁও রেলগেট সিগনালে পড়ে তার গাড়ি।

    এসময় হেলমেট পরিহিত যুবক গাড়ির জানালা দিয়ে টিপুকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে টিপু ও গাড়ি চালক মনির হোসেন মুন্না গুলিবিদ্ধ হয়। পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী সামিয়া আফরিন প্রীতিও গুলিবিদ্ধ হন।

    রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক টিপু এবং প্রীতিকে মৃত ঘোষণা করেন।

  • আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি’র মাতার ১৭তম মৃত্যুবাষির্কী অনুষ্ঠিত

    আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি’র মাতার ১৭তম মৃত্যুবাষির্কী অনুষ্ঠিত

    পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরি বীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি’র মাতা মরহুমা আমেনা বেগমের ১৭তম মৃত্যুবাষির্কী উপলক্ষে রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    দোয়া মোনাজাতে অংশ নেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।

  • বরিশাল ওয়াইডব্লিউসিএ নার্সারী স্কুল এর বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    বরিশাল ওয়াইডব্লিউসিএ নার্সারী স্কুল এর বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    বরিশাল ওয়াইডাব্লিউসিএ নার্সারি স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।আজ বৃহস্পতিবার এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক এ এস এ মহিউদ্দীন মানিক, প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা এ্যাঞ্জেলা বাড়ৈ ও সকল শিক্ষিকাবৃন্দ।

  • মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সাবেক এমপি খালেকের মৃত্যুদণ্ড

    মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সাবেক এমপি খালেকের মৃত্যুদণ্ড

    একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল খালেক মণ্ডল ওরফে জল্লাদ খালেকসহ দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    বৃহস্পতিবার (২৪ মার্চ) চেয়ারম্যান বিচারপতি মো. শহিনুর ইসলমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন।এর আগে শুনানি শেষে এ মামলা রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন।


    এ মামলায় আসামি খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। পলাতক খান রোকনুজ্জামানের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম।

    রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ছিলেন মোখলেসুর রহমান বাদল ও রেজিয়া সুলতানা চমন।

    চার আসামির মধ্যে খালেক মণ্ডল গ্রেফতার, কমান্ডার আব্দুল্লাহ হেল বাকী শর্তসাপেক্ষে জামিনে ছিলেন। বাকি দুই আসামি খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলাম টেক্কা খান ছিলেন পলাতক। বিচারচলাকালীন সময়ে বাকী এবং টেক্কা খান মারা যান।

    ২০১৭ সালের ১৯ মার্চ এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আনুষ্ঠানিক অভিযোগে আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ছয়জনকে হত্যা, দু’জনকে ধর্ষণ, ১৪ জনকে শারীরিক নির্যাতনের অভিযোগ।


    ২০১৮ সালের ৫ মার্চ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়। পরে একই বছরের ১৫ মার্চ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

    ২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার উদ্দেশে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে আব্দুল খালেক মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। ওই বছরের ২৫ আগস্ট খালেক মণ্ডলের বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল।

    শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ পাঁচজনকে হত্যার অভিযোগে ২০০৯ সালের ২ জুলাই খালেক মণ্ডলের বিরুদ্ধে মামলাটি করেন শহীদ রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী।

  • বরিশালে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    বরিশালে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা রাখার স্ট্যান্ড নির্ধারণ, অযথা শ্রমিক হয়রানি-মামলা-নির্যাতন বন্ধ করা ও নীতিমালা চূড়ান্ত করে দ্রুত ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে।

    ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যেগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়, যা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। এতে করে বরিশাল নগরীজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন গন্তব্যে ছোটা মানুষ।

    ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা সমন্বয়ক মানিক হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি খালেকুজ্জামান লিপন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুল রশিদ ফিরোজ, বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সদস্য সচিব মনীষা চক্রবর্তীসহ আরও অনেকে।

    ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা সমন্বয়ক মানিক হাওলাদার বলেন, ‘যাত্রীদের কাছ থেকে ভাড়া নেই ৫ টাকা, আর আমাদের মামলা দেয়া হয় ৫ হাজার টাকার। প্রতিবাদ করলে মামলার পরিমান অহেতুক বাড়িয়ে দেয় পুলিশ। আমরা এর থেকে নিস্তার চাই।

    ‘রাস্তায় যাত্রী নামানোর জন্য রিকশা বা ইজিবাইক দাঁড় করালেই পুলিশ হাজির হয়। আমাদের হয়রানি করে। আমাদের নিয়ে এত সমস্যা থাকলে কেন রাস্তায় নামতে দিয়েছে সরকার। নগরীতে রাস্তা ছাড়া কোনো স্থান নেই যেখানে গাড়ি দাঁড় করানো যায়। যদি স্ট্যান্ড থাকতো তাহলে আমাদের গাড়ি রাখতে সুবিধা হতো। আর এতে পুলিশি হয়রানিতেও পড়তে হতো না আমাদের।’

    কেন্দ্রীয় সভাপতি খালেকুজ্জামান লিপন বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে সরকার যদি ইজিবাইক চলাচল বন্ধ করে দেয় তাহলে চালকরা চুপ থাকবে না। ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক বন্ধ করে দেয়া হলে ১ কোটি মানুষ বেকার হয়ে পড়বে। বিক্ষোভ সমাবেশ শেষে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা মিছিল বের করে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

    মানুষের ভোগান্তির বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, আন্দোলনকারীদের সড়ক বন্ধ না রেখে পাশে গিয়ে তাদের প্রোগ্রাম করতে বলা হয়েছিল। কিন্তু তারা তা করেনি। এই কারণে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন। তবে বিকল্প সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখে যতটা সম্ভব মানুষের ভোগান্তি এড়ানোর চেষ্টা করা হয়েছে।

  • স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

    স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এসময় প্রধানমন্ত্রী অনুষ্ঠানের মঞ্চ থেকে নেমে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন আহমেদ ও আব্দুল জলিলের কাছে গিয়ে তাদের পুরস্কার তুলে দেন।

    এবার ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে ছয়জন স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তারা হলেন—বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম (মরণোত্তর), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর) এবং সিরাজুল হক (মরণোত্তর)।

    চিকিৎসাবিদ্যা’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম এবং ‘স্থাপত্যে’ মরহুম স্থপতি সৈয়দ মঈনুল ইসলাম স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।

    এছাড়া ‘গবেষণা ও প্রশিক্ষণে’ পুরস্কার পেয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের কাজ সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়া হয়।

    পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, সম্মাননাপত্র, পাঁচ লাখ টাকার চেক দেওয়া হয়।

    এসময় অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ বিজয়ীদের সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনানো হয়।

    গত ১৫ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য ১০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ‘সাহিত্য’ ক্ষেত্রে মরহুম আমির হামজাকে রাষ্ট্রীয় এ সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

    তালিকা ঘোষণার পরই আমির হামজাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সমালোচনার মুখে গত ১৮ মার্চ স্বাধীনতা পুরস্কারের তালিকার ‘সাহিত্য’ ক্যাটাগরি থেকে মরহুম আমির হামজার নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশোধিত তালিকায় ৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ছিল। পরে ওই তালিকায় যুক্ত হয় ‘বিদ্যুৎ বিভাগ’।

    ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এ পুরস্কার দিয়ে আসছে সরকার। এটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।