Category: প্রচ্ছদ

  • ভর্তুকি মূল্যে বরিশালে টিসিবি’র পণ্য বিক্রি শুরুঃ বিসিসি মেয়রের তদারকি

    ভর্তুকি মূল্যে বরিশালে টিসিবি’র পণ্য বিক্রি শুরুঃ বিসিসি মেয়রের তদারকি

    আসন্ন পবিত্র রমজানের পূর্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বরিশালে ১ লক্ষ ২৯ হাজার ৯ শত ২১ জনের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২০ মার্চ) সকাল ১০টায় বরিশাল সদর উপজেলার ১নং ওয়ার্ড রায়পাশা-কড়াপুর এলাকায় উপকারভোগীদের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কাজের উদ্ধাধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর বিভিন্ন পয়েন্টে পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করেন। বরিশাল নগরীর ১২টি স্পটে টিসিবি’র পণ্য বিক্রয় কাজে সরাসরি সহযোগিতা করছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ৩টি ট্রাকসেলের মাধ্যমে এই সকল পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। সিটির বাহিরের উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক কার্যক্রম পরিচালনা করেন।

    এরআগে শনিবার বরিশাল সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়তন সভা কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাশ এক সভা করেন। সভায় জানানো হয়, জনপ্রতি ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে ২ কেজি সয়াবির তৈল ও ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা ডাল বিক্রয় করা হবে।

    এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল জেলা সহকারী পরিচালক শাহ্ মো. শোয়াইব মিয়া ও বরিশাল জেলা টিসিবি প্রধান আল আমিন।

    বরিশালের সকল পৌরসভাসহ ১০ উপজেলার মধ্যে বরিশাল সদর উপজেলায় ১৫ হাজার ২শত ৭০ জন, মেহেন্দিগঞ্জ পৌর ও উপজেলায় ১৮ হাজার ২শত ৭৭ জন, বাবুগঞ্জ উপজেলায় ৮ হাজার ৩শত ১ জন, গৌরনদী পৌরসভা সহ উপজেলায় ১৩ হাজার ৭শত ৮১ জন, হিজলা উপজেলায় ১৪ হাজার ১১ জন, বাকেরগঞ্জ পৌরসভা সহ উপজেলায় ১৬ হাজার ৬শত ৭৬ জন, বানারীপাড়া পৌরসভাসহ উপজেলায় ৭ হাজার ৯শত ৯৪ জন, মুলাদী পৌর ও উপজেলায় ১০ হাজার ৬শত ৭৫ জন, আগৈলঝাড়া উপজেলায় ১০ হাজার ৬শত ৪১ জন ও উজিরপুর পৌরসভা সহ উপজেলায় ১৪ হাজার ২শত ৯৫ জন সহ সর্বমোট ১ লক্ষ ২৯ হাজার ৯শত ২১ জন উপকারভোগীদের মাঝে এসকল পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।

  • বঙ্গবন্ধুর গৃহীত থানা স্বাস্থ্য কেন্দ্র বিশ্বে সমাদৃত মডেল:আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি

    বঙ্গবন্ধুর গৃহীত থানা স্বাস্থ্য কেন্দ্র বিশ্বে সমাদৃত মডেল:আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি

    পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী মর্যদা) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনা ছিল একটি সমৃদ্ধ দেশ গড়তে হলে চাই স্বাস্থ্যবান জাতি। সেই লক্ষ্যে তাঁর গৃহীত ১০ শয্যার থানা স্বাস্থ্য কেন্দ্র বিশ্বে আজ সমাদৃত মডেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা নির্মমভাবে নিহত হওয়ার পর বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাঁধাগ্রস্থ হয়।

    মঙ্গলবার সকাল ১১টায় আগৈলঝাড়ায়  সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে ন্যাশনাল আই কেয়ার এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম  উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, দীর্ঘ ২১ বছর পর জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ১৯৯৬ হতে ২০০১ এবং ২০০৮ হতে ২০২২ মেয়াদকালে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। গত ৫০ বছরে দেশের স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে তাঁর ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক অন্যতম। 

    আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেন, কমিউনিটি ক্লিনিক থেকে প্রতিদিন প্রায় ৪ লক্ষ মানুষ প্রাথমিক চিকিৎসা সেবা পান। এখান থেকে প্রয়োজনীয় ২৭ ধরণের ঔষধ বিনামূল্যে রোগীদের বিতরণ করা হয়। এছাড়া ৩৭টি সরকারি মেডিকেল কলেজ, ৫টি সামরিক বাহিনী পরিচালিত মেডিকেল কলেজ এবং ৯৬টি বেসরকারি মেডিকেল কলেজ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের মাধ্যমে জনগণ চিকিৎসা সেবা পাচ্ছে।

    তিনি বলেন, আমাদের দেশে প্রস্তুতকৃত ঔষধ দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের ৫৭টি দেশে রপ্তানি করা হচ্ছে। আগে ধারণা ছিল, আমেরিকা, ইউরোপ, ইতালির মতো উন্নত বিশ্বের দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা খুব ভাল। কিন্তু করোনা মহামারি আমাদের সেই ধারণা পাল্টে দিয়েছে। কারণ বিশ্বের ঐসব উন্নত দেশ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সামাল দিতে হিমসিম খেয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আমাদের দেশের চিকিৎসক ও নার্সবৃন্দের অক্লান্ত পরিশ্রমে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ইতোমধ্যে আমরা ১ম, ২য় ও ৩য় ডোজ টিকা দিতে সক্ষম হয়েছি। উন্নত বিশ্বের তুলনায় করোনা ভাইরাসে বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। 

    গৌরনদীর কৃতিসন্তান লোকমান হোসেন মিয়া আজ স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব হিসেবে কর্মরত রয়েছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত হয়েছে। এখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। কোভিড টেষ্ট করার সরঞ্জাম বসানো হয়েছে। দুটি এ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে। চিকিৎসক ও নার্স পোষ্টিং দেয়া হয়েছে। তবে হাসপাতাল দুটিতে আরও কিছু সমস্যা রয়েছে। সেগুলো দ্রুত সমাধানের পদক্ষেপ নেয়ার জন্য আমি তাকে অনুরোধ জানাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল আই কেয়ার এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউট এর উদ্যোগে চারটি কেন্দ্রে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই চক্ষু চিকিৎসার মাধ্যমে রোগীরা তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে বলে আমি আশা করছি। সভার সভাপতিত্ব করেন ন্যাশনাল আই কেয়ার এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ডা. গোলাম মোস্তফা।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ন শাহীন খান, বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার, বরিশাল পুলিশ সুপার মো. মারুফ হোসেন। এছাড়াও  বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

    সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস,  পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত প্রমুখ।  পরে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে রোগী বাচাইয়ের বুথ পরিদর্শন করেন অতিথিরা। বাছাইকৃত রোগীদের বিনামূল্যে ২৩ মার্চ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন করা হবে বলে জানান আয়োজকরা। 

  • তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে পায়রায় প্রধানমন্ত্রী

    তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে পায়রায় প্রধানমন্ত্রী

    দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তক তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে পটুয়াখালীর পায়রায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি পায়রায় অবতরণ করে। এসময় তাকে বাংলাদেশ পুলিশের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

    করোনা মহামারির মধ্যে টুঙ্গিপাড়ার বাইরে এই প্রথম দেশের অন্যত্র সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণে আসছেন পটুয়াখালির কলাপাড়ায়। ধানখালীর পায়রাতে সর্বাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি এরই মধ্যদিয়ে দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণাও দেবেন শেখ হাসিনা।

    পায়রায় অবতরণে করে প্রধানমন্ত্রী তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন এবং এর নাম ফলক উন্মোচন করেন। এসময় এক হাজার ৩২০টি পায়রাও ওড়ানো হয়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে পায়রায় আগে থেকেই সাজ সাজ রব ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীকে বরণ করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে ২০০ নৌকা। কোল জেটিতে রঙিন পাল তোলা এসব নৌকা থেকে পতাকা নাড়িয়ে এবং সংগীত পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানানো হয়।

    পায়রায় কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রটি চালুর মধ্যদিয়ে ২০২০ সালেই বাংলাদেশ আলট্রা সুপার ক্রিটিক্যাল ক্লাবে প্রবেশ করে। আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিশ্বের ১৩তম দেশ; এশিয়ায় সপ্তম এবং দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া শুধু ভারতে এ ধরনের একটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে।

    এশিয়ার চীন, তাইওয়ান, জাপান ও মালয়েশিয়াতে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্র রয়েছে। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কেন্দ্রগুলোতে চীন ও বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো ঢাকনাযুক্ত কোল ইয়ার্ড (ডোম) ব্যবহার করে না। ডোম ব্যবহারের ফলে বাতাসের মাধ্যমে খোলা কয়লা থেকে কয়লার গুঁড়া ছড়ানোর সুযোগ কমে যায়। এটি বিশ্বের মধ্যে শুধুমাত্র চীন ও বাংলাদেশ ব্যবহার করছে।

    বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) ও চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট করপোরেশনের (সিএমসি) সমান অংশীদারে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (বিসিপিসিএল) বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে। কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা।

    ৬৬০ মেগাওয়াট করে দুই ইউনিট মিলে বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা এক হাজার ৩২০ মেগাওয়াট। এর মধ্যে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি উৎপাদনে আসে ২০২০ সালের মে মাসের ১৫ তারিখে। সমান ক্ষমতার দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসে একই বছরের ৮ ডিসেম্বর। তবে সঞ্চালন অবকাঠামো নির্মাণ শেষ না হওয়ায় কেন্দ্রটি হতে ক্ষমতার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

    বাংলাদেশ ও চায়না পাওয়ার কোম্পানির (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল আলম সাংবাদিকদের জানান, দুটি লাইনে বিদ্যুৎ সঞ্চালন হবে। একটি পায়রা-গোপালগঞ্জ-আমিনবাজার, আরেকটি পায়রা-খুলনা-যশোর। এরই মধ্যে গোপালগঞ্জ-রামপাল গ্রিড লাইন নির্মাণকাজ শেষ হয়েছে। পায়রা-গোপালগঞ্জ-আমিনবাজার লাইনটির পদ্মা রিভার ক্রসিং কাজ এখনো শেষ হয়নি। চলতি বছরের ডিসেম্বর নাগাদ এই কাজ শেষ হবে। এর পরই রাজধানীতে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এছাড়াও রামপালে নির্মিত সাবস্টেশনের মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ খুলনা অঞ্চলে সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী উদ্বোধনের দু-তিনদিন পর থেকে ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

    উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা এক হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

  • বরিশাল শহীদ জননীর কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

    বরিশাল শহীদ জননীর কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

    বরিশালের শহীদ জননী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র কবর জিয়ারত করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

    গতকাল সকালে তিনি কবর জিয়ারত এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাসহ ওয়ার্ড কাউন্সিলর’রা উপস্থিত ছিলেন।

  • ছাহেব রহ. এর মাজার জিয়ারত ও নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম মসজিদ পরিদর্শনে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ

    ছাহেব রহ. এর মাজার জিয়ারত ও নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম মসজিদ পরিদর্শনে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ

    হজরত কায়েদ হুজুর ছাহেব রহ. এর মাজার জিয়ারত এবং দোয়া মোনাজাত করেন পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক(মন্ত্রী),বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

    এসময় তার পুত্র এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগ সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, গৌরনদী পৌর মেয়র ,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যন সহ নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

    অপরদিকে বরিশাল নগরীর বাঘিয়া মুসলিম গোরস্থানে নবনির্মিত শহীদ জননী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম মসজিদ পরিদর্শন করেন।

  • তিন দিন পর করোনায় দুজনের মৃত্যু

    তিন দিন পর করোনায় দুজনের মৃত্যু

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় টানা তিন দিন পর মৃত্যু দেখলো বাংলাদেশ। এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (১৫, ১৬ ও ১৭ মার্চ) করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। ফলে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা হয়েছে ২৯ হাজার ১১৪ জন।

    গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।

    শুক্রবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  • দোল পূর্ণিমা আজ

    দোল পূর্ণিমা আজ

    সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব আজ। বাংলাদেশে এ উৎসবটি ‘দোলযাত্রা’ ও ‘দোল পূর্ণিমা’ নামে পরিচিত। এ উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়।

    এ উৎসব ঘিরে রাজধানীহ সারাদেশে মন্দিরে মন্দিরে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও দোল উৎসবের আয়োজন হয়েছে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে উৎসব সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হবে।

    সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই থেকে দোল উৎসবের প্রচলন। এ কারণেই দোলযাত্রার দিন সকালে রাধা-কৃষ্ণের বিগ্রহে আবির-গুলাল মেখে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তেরাও মাতেন আবির ও গুলাল খেলায়। ফাল্গুনের এ পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম। ফলে এ দিনটিকে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে।

    দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এদিন সকাল থেকেই নারী-পুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হন। দোল পূর্ণিমায় শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে।

    বিশ্বের অনেক দেশে এ উৎসব শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে অধিক পরিচিত। তবে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, উড়িষ্যা প্রভৃতি স্থানে ‘দোল উৎসব’ এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারত ও নেপালে ‘হোলি’ নামে পরিচিত। কোনো কোনো স্থানে এ উৎসব ‘বসন্ত উৎসব’ নামেও পরিচিত।

    দ্বাপর যুগে পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে আবির।

    দোল পূর্ণিমা ঘিরে রাজধানীতে বিশেষত পুরান ঢাকায় হোলি খেলার প্রচলন রয়েছে। ‘হোলি’ বা ‘দোলযাত্রা’ উৎসব উপলক্ষে এদিন নগরবাসী একে অন্যকে বর্ণিল রঙে রাঙিয়ে মাতোয়ারা হন। আবির খেলার উচ্ছ্বাসে মাতেন তরুণ-তরুণীরা। নানা রঙে-ঢঙে হোলির আনন্দে শামিল হন সব ধর্ম-বর্ণের আবালবৃদ্ধবনিতা।

  • পবিত্র শবে বরাত আজ

    পবিত্র শবে বরাত আজ

    মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত আজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ (শুক্রবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। শবে বরাত মুসলামানদের কাছে লাইলাতুল বরাত নামেও পরিচিত। পবিত্র শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়।

    ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে বলে ‘লাইলাতুল বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ–অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন মুসলমানরা।

    মুসলমানদের বিশ্বাস, মহিমান্বিত এই রাতে মহান আল্লাহতায়ালা মানুষের ভাগ্য অর্থাৎ তার নতুন বছরের ‘রিজিক’ নির্ধারণ করে থাকেন। এই রাতে বাবা-মা, আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করা হয়।

    পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটিসহ উপাদেয় খাবার তৈরি করার প্রচলন রয়েছে। এসব খাবার আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। সন্ধ্যার পর অনেকে কবরস্থানে যান আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করতে।

    এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ওয়াজ ও দোয়া মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

    পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। সমাজের দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, আসুন সব প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তিসমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।

    এদিকে, পবিত্র শবে বরাতে আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে শবে বরাত রাতে আতশবাজি ফোটানো নিষিদ্ধ ঘোষণার বিষয়টি মাইক দিয়ে মহল্লায় মহল্লায় প্রচার করা হয়েছে।

  • বরিশালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী উদযাপন

    বরিশালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী উদযাপন

    এই দিনে ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) তাঁর জন্মশতবর্ষিকী ও জাতীয় শিশু দিবস।

    জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটার পাশাপাশি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন করেন জেলা প্রশাসন বরিশাল।

    উদযাপন উপলক্ষে বিভাগীয় কমিশনার বরিশাল এর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয় সেখানে বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

    এসময় বরিশাল জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ১১ টার দিকে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন কর্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), উপ-মহা পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত)বরিশাল রেঞ্জ বরিশাল একেএম এহসান উল্লাহ, অধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল মুখ. মোস্তফা কামাল, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভায় অতিথিরা তার জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষে অতিথিরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কেক কাটেন।

    কেক কাটা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমির পরিবেশনায় মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা বিজয়ী দের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

    দেয়ালিকা প্রতিযোগীতা অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে সুবিধাজনক সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয় তারি অংশ হিসেবে কালেক্টরেট জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দুপুর জেলা প্রশাসক সরকারি শিশু পরিবারে শিশুদের সাথে কেক কাটেন এবং তাদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করেন নিজ হাতে পরে সেখান জেলা প্রশাসক শিশুদের সাথে দুপুরের খাবার খান।

  • বরিশালে দোল উৎসবে মাতল তরুণ-তরুণীরা

    বরিশালে দোল উৎসবে মাতল তরুণ-তরুণীরা

    বরিশাল নগরীর শীতলাখোলায় দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাঞ্চন উদ্যানের সামনে সকাল ১০টা থেকে এ উৎসব শুরু হয়। বিভিন্ন এলাকার শত শত তরুণ-তরুণী এতে অংশ নিয়ে হোলি খেলায় মেতে উঠেন।

    ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব হয়ে থাকে। পঞ্জিকার হিসাবমতে শুক্রবার এই উৎসবের দিন। তবে একদিন আগেই শীতলাখোলা যুব সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

    জাতি ধর্মের বিভেদ ভুলে শিশু যুব থেকে সব ধরনের লোকজন এ অনুষ্ঠানে হোলি খেলায় মেতেছেন।

    অংশ নেয়া ব্যক্তিরা বলেন- করোনায় টানা দুই বছরে দোল উৎসব তারা উদযাপন করতে পারেননি। এবার তাই উৎসবে অংশ নিতে পেয়ে বেশ উপভোগ করছেন।

    এ উৎসবের অন্যতম উদ্যোক্তা স্বাগতা দাস বলেন, প্রায় দুই মাস আগে থেকেই আমরা আমাদের প্রস্তুতি শুরু করি। টি-শার্ট বিতরণের কাজ বুধবার শেষ করি। দোল উৎসবে বাড়তি আনন্দ দিতে চারজন ডিজেও ছিল এখানে। রঙের খেলায় মেতে ওঠেন তরুণ-তরুণীরা।