Category: প্রচ্ছদ

  • বরিশাল অনলাইন প্রেসক্লাবের শোক প্রকাশ

    বরিশাল অনলাইন প্রেসক্লাবের শোক প্রকাশ

    দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    শনিবার (৫ ফেব্রুয়ারি) বরিশাল অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মজিবর রহমান নাহিদ স্বাক্ষরিত এক শোক বার্তায় সংগঠনের সভাপতি খান রুবেল ও সাধারণ সম্পাদক রিপন হাওলাদার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

    এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • বরিশালে পরিত্যক্ত টয়লেটের ওপর থেকে শিশুর মরদেহ উদ্ধার

    বরিশালে পরিত্যক্ত টয়লেটের ওপর থেকে শিশুর মরদেহ উদ্ধার

    স্টাফ রিপোর্টার//মোঃ শুভঃ বরিশালের রুপাতলীতে গলাকাটা এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবা‌দের ৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

    নগরের রুপাতলী রে‌ডিও সেন্টার সংলগ্ন দেয়ালঘেরা একটি জ‌মি‌র পরিত্যক্ত টয়লেট থেকে শ‌নিবার সকা‌লে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

    কোতয়ালি মডেল থানার প‌রিদর্শক (তদন্ত) লোকমান হোসেন এ সব তথ্য নিশ্চিত করেছেন।

    উদ্ধার হওয়া মৃত ৯ বছর বয়সী ইয়া‌সিন সিএন‌জিচালিত অটোরিকশাচালক ছগির হোসে‌নের ছে‌লে। ছগির ঢাকার মহাখালী‌তে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকলেও ছেলে ইয়া‌সিন দাদী শিরীন বেগ‌মের সঙ্গে বরগুনা সদ‌রের বদরখালী ইউ‌নি‌য়নের ফুলঝু‌ড়ি গ্রা‌মে থাকত।

    নিউজবাংলাকে দাদি শিরীন বেগম জানান, নিজের চিকিৎসার জন্য গত সোমবার না‌তি ইয়া‌সিন‌কে নি‌য়ে ঢাকা থে‌কে ব‌রিশা‌লের রুপাতলী এলাকায় বোন আ‌লেয়া বেগ‌মের বাসায় ওঠেন। কিন্তু সেখানে টাকা শেষ হয়ে যাওয়ায় টাকা যোগাতে বোনের সঙ্গে দিনমজু‌রের কাজ শুরু ক‌রেন তিনি।

    টাকা যোগাড় হলে রোববার বরগুনা‌য় ফিরে নাতিকে এক‌টি মাদ্রাসায় ভ‌র্তি করার কথা ছি‌ল।

    এরই মধ্যে শুক্রবার সকা‌লে না‌তিকে বোনের বাসায় রে‌খে কা‌জে যান এবং দুপু‌রের ম‌ধ্যে ফি‌রে আ‌সেন। এ‌সে তাকে বাসায় না দে‌খে কোথায় গে‌ছে জান‌তে চাই‌লে বোন আ‌লেয়া জানান, ইয়া‌সিন‌ বা‌হি‌রে গে‌ছে।

    এতে তিনি ধরে নেন, ইয়াসিন হয়ত খেলাধুলা করতে বাইরে গেছে। কিন্তু বিকেলেও ফিরে না আসায় আ‌লেয়াসহ তার স্বামী সিরাজ ও ছে‌লে আলা‌মিনকে নি‌য়ে তাকে খুঁজতে বের হন। এরপর সন্ধ্যা পর্যন্ত কোনও খোঁজ না পে‌য়ে তার ছেলে ছগির হোসে‌নেকে বিষয়‌টি জানান।

    খবর পেয়ে ছগির ও তার বর্তমান স্ত্রী শ‌নিবার সকা‌লে ব‌রিশা‌ল আসেন। এরই মধ্যে নগরের রুপাতলী রে‌ডিও সেন্টার সংলগ্ন দেয়ালঘেরা একটি জ‌মি‌তে এক শিশুর মরদেহের খোঁজ পান তারা। সেখানে গিয়ে দেখেন পরিত্যক্ত একটি টয়লেটের ওপর ইয়াসিনের গলাকাটা দেহ পরে আছে।

    ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের অ‌তি‌রিক্ত উপ পু‌লিশ কমিশনার ফজলুল ক‌রিম ব‌লেন, ‘শিশু‌টি‌কে যেভা‌বে গলা‌কে‌টে হত্যা করা হ‌য়ে‌ছে তা লোমহর্ষক। আমরা পু‌রো বিষয়‌টি খ‌তি‌য়ে দেখ‌ছি।

    ‘প্রাথ‌মিকভা‌বে জিজ্ঞাসাবা‌দের জন্য শিশু‌টির দা‌দির বোন আ‌লেয়া, তার স্বামী সিরাজুল ইসলাম ও ছে‌লে আলা‌মিন‌কে জিজ্ঞাসাবা‌দের জন্য থানায় নেয়া হ‌য়ে‌ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ক‌রে আই‌নের আওতায় আনা হবে।’

    কোতয়ালি মডেল থানার প‌রিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘এটি হত্যাকাণ্ড নিশ্চিত। তবে বিস্তারিত তদন্তের পরেই বলা যাবে।’

  • সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বরিশাল অনলাইন প্রেসক্লাব’র নিন্দা ও প্রতিবাদ

    সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বরিশাল অনলাইন প্রেসক্লাব’র নিন্দা ও প্রতিবাদ

    খবর বিজ্ঞপ্তি ॥ পেশাগত দায়িত্ব পালনকালে বরিশাল আদালত চত্ত্বরে সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। আজ সংগঠনের সভাপতি খান রুবেল ও সাধারণ সম্পাদক রিপন হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে আরও বলা হয়, অনতিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠিন শাস্তির আওতায় আনা হয়।

  • জুন মাসের মধ্যেই যান চলাচলের জন্য খুলবে পদ্মা সেতু

    জুন মাসের মধ্যেই যান চলাচলের জন্য খুলবে পদ্মা সেতু

    চলতি বছরের জুন মাসের মধ্যেই বহুল প্রতিক্ষিত স্বপ্নের পদ্মাসেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন এরই মাঝে সেতুর মূল কাজ হয়েছে শতকরা ৯৬ ভাগ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০ দশমিক পাঁচ শূন্য ভাগ।

    আজ মঙ্গলবার সকালে রাজধানীর সেতু বিভাগে বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। এসময় সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অগ্রগতি শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে ।
    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ফেজের মধ্যে এয়ারপোর্টে হতে বনানী পর্যন্ত প্রথম ফেজের কাজ শেষ হয়েছে শতকরা ৭৮ দশমিক পাঁচ শূন্য ভাগ এবং বনানী মগবাজার অংশের অগ্রগতি শতকরা ৩১ ভাগ জানিয়ে তিনি এ প্রকল্পের কাজ আরো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

    এয়ারপোর্ট আশুলিয়া-ইপিজেড এক্সপ্রেসওয়ে এবং এট-গ্রেডে চারলেন সড়কের কাজ শুরুর প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, টেস্ট পাইলিং কাজও শেষ হয়েছে।

    সিনহা হত্যা মামলার রায় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাসী।

    আইন সবার জন্য সমান, অপরাধী যেই দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যারা বিচারবিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করে তারা এ রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবে।

    পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী এক সৌজন্য সাক্ষাৎ করেন।

  • মেজর সিনহাকে যে কারণে হত্যা করা হয়

    মেজর সিনহাকে যে কারণে হত্যা করা হয়

    কক্সবাজারের টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ এবং তার পেটোয়া বাহিনীর নানা অপকর্ম জেনে ফেলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এসব তথ্য ফাঁস হলে নিজের পেশাগত জীবনের ক্ষতি হতে পারে এমন আশঙ্কা থেকেই সিনহাকে হত্যার ছক তৈরি করেন প্রদীপ। পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের ৩১ জুলাই রাতে সিনহাকে হত্যা করা হয়।

    কক্সবাজারের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে দাখিল করা অভিযোগপত্রে এসব তথ্য উঠে এসেছে। অভিযোগপত্রে বলা হয়, সেনাবাহিনীর মেজর পদ থেকে স্বেচ্ছায় অবসরের পর ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলের ধরার জন্য কাজ করছিলেন সিনহা। এ কাজের জন্য দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে প্রামাণ্যচিত্র তৈরি করছিলেন তিনি।

    এরই ধারাবাহিকতায় টেকনাফ গিয়ে ওসি প্রদীপ কুমার দাশ এবং তার বাহিনীর নানা অপকর্ম জেনে ফেলেন সিনহা। আর এ জন্য প্রদীপের দৃষ্টিতে পড়েন তিনি।

    সিনহা হত্যা মামলাটি তদন্ত করেন কক্সবাজার র‌্যাব-১৫-এর দুই কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. জামিলুল হক ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম। প্রায় এক বছরের শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে ৩১ জানুয়ারি আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। সবশেষ বহুল আলোচিত এ মামলায় রায় ঘোষণা করেন আদালত। রায়ে প্রদীপ কুমার ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।

    অভিযোগপত্রের ১২ পাতার দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়, সিনহা মো. রাশেদ খান দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে ‘জাস্ট গো’ নামে একটি ইউটিউব চ্যানেল করার উদ্যোগ নেন। এ চ্যানেলের ডকুমেন্টারি তৈরির লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে তথ্য সংগ্রহ শুরু করেন। এজন্য তিনি গ্রাম বাংলার আনাচে-কানাচে ঘুরে ভ্রমণ-পিপাসুদের জন্য বিভিন্ন স্থানে প্রামাণ্যচিত্র ধারণ করেন। এরই ধারাবাহিকতায় তিনি তার সহযোগীদের নিয়ে ২০২০ সালের ৭ জুলাই কক্সবাজারের রামু থানাধীন হিমছড়ি নীলিমা রিসোর্টের একটি কটেজে উঠেন। সেখানে তিনি আশপাশের চিত্রধারণসহ বিভিন্ন পেশার মানুষের জীবন-জীবিকার তথ্যাদি সংগ্রহ করেন এবং তা ভিডিওচিত্রে ধারণ শুরু করেন।

    এরপর সিনহা টেকনাফে একই ধরনের প্রামাণ্যচিত্র ধারণ শুরু করেন। তখন সাধারণ মানুষের জীবন-জীবিকার তথ্য সংগ্রহ করার সময় ওসি প্রদীপের মাদক নির্মূলের নামে টেকনাফ থানায় নিরীহ মানুষের ওপর নির্যাতন-নিপীড়নের তথ্য জানতে পারেন। নির্যাতনের শিকার অনেক ভিকটিম পরিবারের সদস্য সিনহা এবং তার সহযোগীদের কাছে প্রদীপের অত্যাচারের রোমহর্ষক বর্ণনা দেন। এসব শুনে সিনহা এবং তার সহযোগীরা ওসি প্রদীপ, পরিদর্শক মো. লিয়াকত আলী এবং তাদের পেটুয়া বাহিনীর নাম সংগ্রহের চেষ্টা করেন।

    এসব কাজের একপর্যায়ে ওসি প্রদীপের সঙ্গে সিনহা মো. রাশেদ, শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতের দেখা হয়ে যায়। তখন তাদের সঙ্গে ক্যামেরাসহ ভিডিও ধারণের নানা সরঞ্জাম ছিল। তারা ওসি প্রদীপের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেন। তখন প্রদীপ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদের এসব কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন।

    ওসি প্রদীপ এও বলেন, তিনি মেজরের ধার ধারেন না। তিনি বহু সাংবাদিককে পিটিয়েছেন, জেলে পাঠিয়েছেন। এসময় প্রদীপ সিনহাদের ভয়ভীতি দেখান, হুমকি দেন এবং কক্সবাজার ছেড়ে যেতে বলেন।

    প্রদীপ তাদের হুমকি দিয়ে বলেন, ইন্টারভিউ, ভিডিওচিত্র বানিয়ে ইউটিউবে প্রচার করে তার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এবং কর্তৃপক্ষকে জানালে মেজর সাহেব ও তাদের ধ্বংস করে দেবেন। এরপর ওসি প্রদীপ তার থানা এলাকায় নিয়োজিত সব সোর্সের সঙ্গে কথা বলেন ও গোপন বৈঠক করেন।

    অভিযোগপত্রের একই পাতার তৃতীয় অনুচ্ছেদে বলা হয়, ওসি প্রদীপের হুমকির বিষয়টিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে সিনহা এবং তার সঙ্গীরা নিলীমা রিসোর্টে অবস্থান করেই প্রামাণ্যচিত্রের কাজ চালিয়ে যেতে থাকেন। তারা কক্সবাজার না ছাড়ায় ওসি প্রদীপের সন্দেহ হয় যে, সিনহা সেনাবাহিনীর সাবেক অফিসার পরিচয় দিয়ে টেকনাফে তার নানা কুকর্মের তথ্য-উপাত্ত সংগ্রহ করতে ভিকটিম পরিবারের লোকজনের সঙ্গে গোপনে যোগাযোগ করছেন।

    এসব অপকর্মের বিষয়গুলো প্রচার হলে তার চাকরির বিরাট ক্ষতি হবে অনুমান করে বিষয়টি তিনি বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. লিয়াকত আলীকে জানান।

    এরই ধারাবাহিকতায় ২০২০ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে ওসি প্রদীপ ও লিয়াকত আলী তাদের সোর্স মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ এবং আসামি মো. নিজাম উদ্দিনের মাধ্যমে সিনহা এবং তার সঙ্গীদের সম্পর্কে খবর নেওয়ার চেষ্টা করেন।

    অভিযোগপত্রের ১৩ পাতার প্রথম অনুচ্ছেদে বলা হয়, জুলাই মাসের তৃতীয় সপ্তাহের দিকে মো. লিয়াকত আলী পুলিশের সোর্সদের সিনহা এবং তার ভিডিও দলকে তাড়াতাড়ি খুঁজে বের করার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হন সিনহা মো. রাশেদ।

    হত্যাকাণ্ডের চার দিন পর ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে নয় জনকে আসামি করে হত্যা মামলা করেন।

    মামলায় প্রধান আসামি করা হয় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. লিয়াকত আলীকে (৩১)। ওসি প্রদীপ কুমার দাশকে (৪৮) দুই নম্বর এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতকে (৩০) তিন নম্বর আসামি করা হয়।

    বাকি ছয় আসামি হলেন- উপপরিদর্শক (এসআই) টুটুল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. লিটন মিয়া (৩০), কনস্টেবল ছাফানুর করিম (২৫), মো. কামাল হোসাইন আজাদ (২৭), মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. মোস্তফা। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেন র‌্যাবকে।

  • করোনা : বরিশাল শেবাচিমে একদিনে শনাক্ত ৪৪.৪৪ শতাংশ

    করোনা : বরিশাল শেবাচিমে একদিনে শনাক্ত ৪৪.৪৪ শতাংশ

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২১ জন রোগী।

    এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সবশেষ নমুনা পরীক্ষায় ৪৪.৪৪ শনাক্ত করোনা শনাক্ত হয়েছে।

    মেডিকেল কলেজের পরিচালক কার্যালয় সূত্র জানায়, সোমবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ১৭ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে তিনজন রোগী ছাড়পত্র নিয়েছেন এবং নানা উপসর্গ নিয়ে আটজন রোগী করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ২১ জন রোগী। যার মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ।

    এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সোমবার রাতে ১৩৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.৪৪ শতাংশ।
    এর আগে রবিবার ৪২.৭০ করোনা শনাক্ত হয় আরটি পিসিআর ল্যাবে। চলতি মৌসুমে গত ১৫ জানুয়ারি সর্বনিম্ন ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হয় বরিশালে

  • সিনহা হত্যা: ‍ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড

    সিনহা হত্যা: ‍ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড

    কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার বাকি ১৩ আসামির মধ্যে ছয় জনকে যাবজ্জীবন এবং সাতজনকে খালাস দেওয়া হয়েছে।

    সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। এ সময় এজলাসে ওসি প্রদীপসহ ১৫ আসামি আসামি উপস্থিত ছিলেন।

    দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে গত ১২ জানুয়ারি রায়ের জন্য এদিন ধার্য করেন বিচারক।

    ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফে দুটি ও রামুতে একটি মামলা করে। ঘটনার পাঁচ দিন পর ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ পুলিশের নয় সদস্যের নামে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    ২০২০ সালের ৬ আগস্ট ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ মামলার আসামি সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তদন্তে নেমে হত্যার ঘটনায় স্থানীয় তিন বাসিন্দা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য, প্রদীপের দেহরক্ষীসহ আরও সাতজনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর ২০২০ সালের ২৪ জুন চার্জশিটভুক্ত আসামি কনস্টেবল সাগর দেব আত্মসমর্পণ করলে এ মামলার ১৫ আসামিই আইনের আওতায় আসেন।

    ২০২০ সালের ১৩ ডিসেম্বর প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র‌্যাব-১৫ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম। এতে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়।

    বর্তমানে কারাগারে থাকা ১৫ আসামি হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, দেহরক্ষী রুবেল শর্মা, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, বরখাস্ত কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন, বরখাস্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিটন মিয়া, বরখাস্ত কনস্টেবল সাগর দেব, বরখাস্ত এপিবিএনের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান, বরখাস্ত কনস্টেবল মো. রাজীব ও মো. আবদুল্লাহ, টেকনাফ থানায় পুলিশের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি ফরিদুল আলম জানিয়েছেন, এ মামলায় আট দফায় ৮৩ সাক্ষীর মধ্যে ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা করা হয়। এরপর ৯ থেকে ১২ জানুয়ারি মামলায় উভয়পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন।

  • বরিশালের নবাগত বিভাগীয় কমিশনারের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

    বরিশালের নবাগত বিভাগীয় কমিশনারের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

    বরিশালে কর্মরত সকল পর্যায়ের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত বিভাগীয় কমিশনার মো. ‍আমিন ‍উল ‍আহসান। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল সার্কিট হাউজে বরিশাল জেলা প্রশাসনের ‍আয়োজনে ‍এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক জসীম ‍উদ্দীন হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ‍আলোচনা করেন বিভাগীয় কমিশনার মো. ‍আমিন ‍উল ‍আহসান।

    এসময় মঞ্জে ‍উপস্থিত ছিলেন শহীদ ‍আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ‍এসএম ‍ইকবাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ‍এসএম জাকির হোসেন ও স্থানীয় পত্রিকার সম্পাদক কাজী ‍আবুল কালাম ‍আজাদ।

    এছাড়াও বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও মুরাদ ‍আহমেদ, বর্তমান কমিটির সহ-সভাপতি পুলক চ্যাটার্জি ‍এবং কাজী ‍আল মামুন, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ‍আব্দুর রাজ্জাক ভূইয়াসহ সাংবাদিক নেতৃবৃন্দ ‍উপস্থিত ছিলেন।

    মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ বরিশালে গণমাধ্যম কর্মীদের পেশাগত মান ‍উন্নয়নের পাশাপাশি কর্মক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা কামনা করেন নবাগত বিভাগীয় কমিশনারের নিকট। ‍এসময় সাংবাদিকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন বিভাগীয় কমিশনার ‍আমিন ‍উল ‍আহসান।

  • ১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

    ১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

    আন্দোলনের ১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল তাদের পানি খাইয়ে অনশন ভাঙান। এসময় তার সঙ্গে স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকও উপস্থিত ছিলেন।

    এর মাধ্যমে দীর্ঘ ৭ দিনের অনশন ভাঙেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার ভোরে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখতে ক্যাম্পাসে যান মুহম্মদ জাফর ইকবাল। এ সময় দাবি আদায়ে পাশে থাকার আশ্বাস দিলে তারপর অনশন ভাঙতে রাজি হন শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে জাফর ইকবাল বলেন, আমি মনে করেছিলাম যারা অনশন করতেছে তাদের যথাযথভাবে মেডিক্যাল সাপোর্ট দিচ্ছে। তবে এখানে এসে যা দেখলাম তা দেখে খুবই হতাশ হয়েছি। চিকিৎসা না দিয়ে ডাক্তাররা খুবই অমানবিক কাজ করেছেন।

    শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাফর ইকবাল বলেন, এই কয়দিনে তোমরা দেশের সব মহলকে দেখিয়ে দিয়েছ। তোমাদের কথা সবার কাছে পৌঁছে গেছে। আমি নিজেও এখান থেকে ফিরে তোমাদের কথা পৌঁছে দেব। আমি চাই না তোমরা নিজেদের জীবনকে হুমকির মধ্যে ফেলে দাও। তাই তাড়াহুড়ো করে চলে এসেছি তোমাদের দেখতে আর অনশন ভাঙাতে।

    আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে টাকার অনুদান তুলে দিয়ে তিনি বলেন, আমি তোমাদের হাতে ১০ হাজার টাকা তুলে দিলাম। এখন দেখি আমাকে কে গ্রেফতার করে? আমি দেখতে চাই কারা আমাকে অ্যারেস্ট করতে আসেন।

    উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেল তিনটা থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৪ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এর মধ্যে অনশনকারী এক শিক্ষার্থীর পরিবারের সদস্য অসুস্থ হওয়ায় অনশন ভেঙে বাড়ি ফিরে গেছেন তিনি। পরে গত রোববার সেখানে নতুন করে আরও পাঁচ শিক্ষার্থী যোগ দিয়েছিলেন।

    উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন। তবে অনশন ভাঙলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন শিক্ষার্থীরা।

  • বরিশাল : করোনা শনাক্তের হার ৪০ ভাগের বেশি

    বরিশাল : করোনা শনাক্তের হার ৪০ ভাগের বেশি

    বরিশালে এখনও করোনা শনাক্তের হার ৪০ ভাগের বেশি। গত মঙ্গলবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৬২ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১.৯৭ ভাগ।

    এর আগে গত সোমবার রাতের রিপোর্টে শনাক্তের হার ছিল ৪৮.০৭ ভাগ, রবিবার ৩৬.২০ ভাগ, শনিবার ৩২.০৮ ভাগ, শুক্রবার ৪৩.৩৯ ভাগ, বৃহস্পতিবার ৩২.০৮ ভাগ, বুধবার ২৪.৫৪ ভাগ, মঙ্গলবার ২৬.৩৮ ভাগ, সোমবার ১৭.৭২ ভাগ, রবিবার ১২.২২ ভাগ এবং গত শনিবার (১৫ জানুয়ারি) ছিল ৫.০৪ ভাগ।

    এদিকে, শেবাচিমের করোনা ওয়ার্ডে গত মঙ্গলবার চিকিৎসাধীন ছিল ২৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসায় সুস্থ হয়ে ১১ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে তিনজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ১৫ জন রোগী।

    এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে নানা উপসর্গ নিয়ে ৭ হাজার ৫০৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪২৮ জনের করোন ছিল পজেটিভ।