Category: প্রচ্ছদ

  • করোনা : বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ, মৃত্যু ৬ হাজার

    করোনা : বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ, মৃত্যু ৬ হাজার

    চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৬ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় ২০ লাখে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ কোটি ৪৮ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ লাখ ২২ হাজার।

    মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ১৩০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ২২ হাজার ৪৪ জনে।

    একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২২ হাজার ৪৬১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় দেড় লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৯৩ জনে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪৬০ জন এবং মারা গেছেন ১ হাজার ১৯১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ২৯ লাখ ৪৯ হাজার ২৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৯১ হাজার ৫৮৯ জন মারা গেছেন।

    অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ১০৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৩০০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৭৬৭ জনের।

  • স্ত্রীদের সঙ্গে নিয়ে র‍্যাংক ব্যাজ পরলেন অতিরিক্ত আইজিপিরা

    স্ত্রীদের সঙ্গে নিয়ে র‍্যাংক ব্যাজ পরলেন অতিরিক্ত আইজিপিরা

    পুলিশে প্রথমবারের মতো পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিরা তাদের স্ত্রীদের উপস্থিতিতে র‍্যাংক ব্যাজ পরলেন। রোববার (২৩ জানুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরে বাহিনীটির মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের ব্যাজ পরিয়ে দেন। এ সময় আইজিপির সঙ্গে কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন অতিরিক্ত আইজি (এঅ্যান্ডআই) ড. মো. মইনুর রহমান চৌধুরী।

    আইজিপি ড. বেনজীর আহমেদ দেশ ও জনগণের কল্যাণে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের প্রতি আহবান জানিয়ে বলেন, পুলিশের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। মানুষের প্রত্যাশা পূরণে নিজেদের অতিক্রম করে তাদেরকে সেবা দিতে হবে। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনারা পুলিশের সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়েছেন। পুলিশ বাহিনী থেকে আপনাদের আর কিছু পাওয়ার নেই। এখন শুধু দেওয়ার পালা। আপনারা এখন দেশ ও জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করবেন।

    পুলিশ সদর দপ্তর সূত্রে জানায়, বাংলাদেশ পুলিশের ইতিহাসে এবারই প্রথম র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে তাদের স্ত্রীরাও উপস্থিত ছিলেন।

    পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) ড. হাসান উল হায়দার, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.শাহাবুদ্দিন খান, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. মাহাবুবর রহমান ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

  • করোনা : ২৪ ঘণ্টায় দেশে ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৯০৬

    করোনা : ২৪ ঘণ্টায় দেশে ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৯০৬

    দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন। শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ।

    করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে।

    রোববার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    গতকাল শনিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৯ হাজার ৬১৪ জন; শনাক্তের হার ছিল ২৮ দশমিক ০২ শতাংশ।

    আজ রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন।

    এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৮৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

    ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মারা গেছেন। এছাড়া খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে মারা গেছেন একজন করে।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধি

  • যুব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

    যুব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

    যুব বিশ্বকাপে আরব আমিরাতকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাতকে ১৪৮ রানে অলআউট করে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে শিরোপাধারী বাংলাদেশের জয় ৯ উইকেটে। যুব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল রকিবুল হাসানের দল।

    বৃষ্টির কারণে ৩৫ ওভারে ১০৭ রানের নতুন লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৬১ বল হাতে রেখে। ৬৯ বলে ৬৪ রানের দারুণ ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন মাহফিজুল।


    ইংল্যান্ডের বিপক্ষে হেরে শিরোপা ধরে রাখার অভিযান শুরুর পর টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ আটে জায়গা পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সবগুলো জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড।


    সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।

    বাংলাদেশ ও আরব আমিরাত দুই দলের জন্যই ম্যাচটি ছিল বাঁচা-মরার। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে বোলিং নিয়ে বাংলাদেশের শুরুটা হয় দারুণ। ইনিংসের তৃতীয় আর নিজের দ্বিতীয় ওভারে আশিকুর ফিরিয়ে দেন আরব আমিরাতের দুই ওপেনারকে।

    ৬ ওভারের প্রথম স্পেলে ২ মেডেনে স্রেফ ৬ রান দিয়ে আশিকুরের প্রাপ্তি ওই দুই উইকেট।

    এরপরই ইনিংসের সেরা ৪৪ রানের জুটি আরব আমিরাত পায় ধ্রুব পারাশার ও আলিশান শারাফুর ব্যাটে। অধিনায়ক আলিশানকে (৬৩ বলে ২৩) কিপারের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান।

    ৮২ বলে ৩৩ রান করা পারাশারকে বিদায় করেন অধিনায়ক রকিবুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আরব আমিরাত। ৬৪ বলে ৩ চারে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন পুণ্য মেহরা।

    ৩১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদশের সফলতম বোলার রিপন। কানাডার বিপক্ষে ৮ উইকেটে জয়ের ম্যাচে এই পেসার ২৪ রানে নিয়েছিলেন ৪ উইকেট।

    চার গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা পেয়েছে সুপার লিগ কোয়ার্টার-ফাইনালে। বাংলাদেশ, ভারত, ইংল্যান্ডের সঙ্গে শেষ আটে ওঠা বাকি পাঁচ দল হলো দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।

    প্রতি গ্রুপের বাকি দুটি করে দল লড়বে প্লেট কোয়ার্টার-ফাইনালে।

    শেষ আটের লাইনআপ

    বাংলাদেশ-ভারত

    ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

    শ্রীলঙ্কা-আফগানিস্তান

    পাকিস্তান-অস্ট্রেলিয়া

    আগামী শনিবার সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে গত আসরের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

  • অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন বিএমপি কমিশনার

    অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন বিএমপি কমিশনার

    পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদোন্নতি পেয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের  কমিশনার মো. শাহাবুদ্দিন খান সহ সাতজন কর্মকর্তা। তারা বাংলাদেশ পুলিশের ১২তম ও ১৫তম ব্যাচের কর্মকর্তা।

    শনিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

    ১২তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি ড. হাসান উল হায়দার।

    ১৫তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্বে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. শাহাবুদ্দিন খান, শিল্প পুলিশের প্রধান ডিআইজি মাহবুবুর রহমান ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

    এর আগে গেল বছরের ১৭ মে চারজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়। পুলিশ সদরদপ্তরের তথ্য বলছে, অতিরিক্ত আইজিপি পদে আটটি শূন্য পদের মধ্যে সাতটি পূরণ হলো।

  • করোনা আক্রান্ত তালুকদার মোঃ ইউনুস

    করোনা আক্রান্ত তালুকদার মোঃ ইউনুস

    বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস করোনা আক্রান্ত হয়েছেন। উপসর্গ দেখা দিলে আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করালে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রিপোর্ট পজেটিভ আসে।

    বিষয়টি জেলা আওয়ামী লীগের একাধিক নেতা ও তালুকদার মোঃ ইউনুসের পরিবার থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    করোনা রিপোর্ট পজেটিভ আসার পর তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছে। শারীরীক কোন জটিলতার সৃষ্টি হয়নি। তালুকদোর মোঃ ইউনুস সুস্থ রয়েছেন

  • ফাইজারের টিকা নিতে পারবে ৫ থেকে ১১ বছর বয়সীরা

    ফাইজারের টিকা নিতে পারবে ৫ থেকে ১১ বছর বয়সীরা

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা প্যানেল শুক্রবার ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ টিকার স্বল্প পরিমাণের একটি ডোজ ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেয়ার সুপারিশ করেছে।

    এই সুপারিশের আগে এ সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাকরণ সম্পর্কিত স্ট্র্যাটেজিক এডভাইজারি গ্রুপ অফ এক্সপার্ট বা কৌশলগত উপদেষ্টা দলের বিশেষজ্ঞদের বৈঠকে পরে এই কোম্পানির টিকা মূল্যায়ন করে। ডব্লিউএইচও এর আগে ১২ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেয়ার সুপারিশ করেছিল।h

    শুক্রবার একটি ভার্চুয়াল ব্রিফিংয়ের সময় এসএজিইয়ের চেয়ারম্যান আলেজান্দ্রো ক্রাভিওটো সাংবাদিকদের বলেন, কমিটির মতে ৫-১১ বছর বয়সীদের টিকা দানের ক্ষেত্রে কম অগ্রাধিকার দেয়া উচিত। তবে কেবল ওই সব শিশু যাদের আগে থেকে কোনো স্বাস্থ্যগত সমস্যা আছে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমেই টিকা দিতে হবে।

    কম বয়সী জনগোষ্ঠীর জন্য প্রস্তাবিত ডোজ হচ্ছে ৩০ মাইক্রোগ্রামের পরিবর্তে ১০ মাইক্রোগ্রাম।

    ক্রাভিওটো বলেন, প্যানেল আরো সুপারিশ করছে যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করার ৪ থেকে ৬ মাস পরে বুস্টার ডোজ নেয়া উচিত।

    তিনি বলেন, স্বাস্থ্য এবং অন্য ফ্রন্টলাইনে কর্মরত কর্মীদের সাথেই বয়স্কদেরও বুস্টারের জন্য অগ্রাধিকার দেয়া উচিত।

  • কুয়াকাটায় পর্যটকদের ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

    কুয়াকাটায় পর্যটকদের ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

    পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমেছে পর্যটকের। সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে গতকাল সৈকতে এ সকল পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা সমুদ্রে সাঁতার কাটাসহ প্রিয়জনদের সঙ্গে আনন্দ উন্মাদনায় মেতেছেন।

    বাড়তি পর্যটকদের আনাগোনায় বুকিং রয়েছে অধিকাংশ হোটেল-মোটেল। তবে এ সকল পর্যটকদের মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি। অনেকেই ব্যবহার করছে না মাস্ক। অনেকেই মানছে না সামাজিক দূরত্ব। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের সংক্রমণ ঠেকাতে সৈকতে ট্যুরিষ্ট পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করতে দেখা গেছে।

    স্থানীয় ও পর্যটক ব্যবসায়ীরা জানান, বরিশাল-কুয়াকাটা সড়কের লেবুখালী পয়েন্টে ‘পায়রা সেতু’ চালু হওয়ায় পর্যটক বেড়েছে। তবে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারে ভ্রমণ পিপাসুরা এখানে ছুটে আসেন। উপভোগ করছেন সাগরের সৌন্দর্য, একই স্থান থেকে সূর্যোদয়-সূর্যাস্তের অপরূপ দৃশ্য। সৈকতজুড়ে পর্যটকের ঢল। শামুক-ঝিনুকের দোকানসহ বিপনি বিতানগুলোতে রয়েছে পর্যটকদের উপচেপড়া ভিড়।

    তবে করোনা পরিস্থিতিতে গত দেড় বছর কুয়াকাটায় হোটেল ব্যবসায় মন্দা পরিস্থিতি ছিল। এ সময় প্রত্যেকটি হোটেলের মালিকদের লোকসান গুনতে হয়েছে। ধারকর্জ করে কর্মচারীদের বেতন দিতে হয়েছে বলে একাধিক আবাসিক হোটেল ব্যবসায়ী বলেছেন। সৈকত লাগোয়া আচার ও ঝিনুক ব্যবসায়ী খাইরুল ইসলাম সংগ্রাম জানান, বেশি পর্যটক আসায় তাদের বিক্রিও বেড়েছে। তবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার পর্যটকের সংখ্যা বেশি থাকে।

    আবাসিক হোটেল ‘সমুদ্রবাড়ি রিসোর্টের’ পরিচালক জহিরুল ইসলাম মিরণ বলেন, তাদের হোটেলে স্বাস্থ্যবিধি মেনেই রুম বুকিং দেয়া হচ্ছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো. আবদুল খালেক বলেন, অনেক পর্যটক আসায় পর্যটন পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।

    পর্যটকদের স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে মাইকিং করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

  • বিশ্বে করোনায় একদিনে সংক্রমণ ৩৫ লাখ, মৃত্যু প্রায় ৯ হাজার

    বিশ্বে করোনায় একদিনে সংক্রমণ ৩৫ লাখ, মৃত্যু প্রায় ৯ হাজার

    করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রনের দাপটে কাঁপছে বিশ্ব। এর মধ্যেই শুক্রবার বিশ্বজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫ লাখ ৬৯ হাজার ৬১০ জন, আর এ রোগে এই দিন মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৯১ জনের।

    আক্রান্ত-মৃত্যুর এই হার আগের দিন বৃহস্পতিবারের চেয়ে কিছু বেশি। ওই দিন বিশ্বে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৪ লাখ ৫৯ হাজার ও এ রোগে মৃতের সংখ্যা ছিল ৮ হাজার ৮৫৭ জন।


    ২০২০ সালে মহমারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য। ওয়েবসাইটটির পরিসংখ্যান বিশ্লেষণ করে আরও জানা গেছে, শুক্রবারের পর বিশ্বে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ৩৪ কোটি ৬৭ লাখ ২৩ হাজার ১৯৩ জন এবং মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ২ হাজার ৯০২ জন।

    মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ও মৃতের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র; গত কয়েক মাস ধরে দৈনিক সংক্রমণ-মৃত্যুও সবচেয়ে বেশি ঘটছে সেখানে। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৭ হাজার ৫১২ জন এবং এ রোগে মারা গেছেন ২ হাজার ৭৭৪ জন।


    যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অন্যান্য যেসব দেশে এই দিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সে দেশগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ৪ লাখ ৮৫১ জন, মৃত ২৩৩ জন), ভারত (নতুন আক্রান্ত ৩ লাখ ৩৫ হাজার ৪৫৮ জন, মৃত ৪৮৯ জন), ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ১০৬ জন, মৃত ৩৭৩ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ৮২০ জন, মৃত ৩৯৬ জন), স্পেন (নতুন আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ৯৫ জন, ‍মৃত ১৪২ জন), জার্মানি (নতুন আক্রান্ত ১ লাখ ৩৮ হাজার ৬৩৪ জন, মৃত ১৭৫ জন), আর্জেন্টিনা (নতুন আক্রান্ত ১ লাখ ১৮ হাজার ১৭১ জন, মৃত ১৬০ জন) এবং ব্রিটেন (নতুন আক্রান্ত ৯৫ হাজার ৭৮৭ জন, মৃত ২৮৮ জন)।

    বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার ৫৫৪ জন। এই রোগীদের মধ্যে কোভিডের মৃদু উপসর্গ বহন করছেন ৬ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৫৫৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৯৫ হাজার ৯০০ জন।


    এছাড়া শুক্রবার করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ লাখ ১৪ হাজার ৫৭৬ জন। এই নিয়ে মহামারির গত দু্ই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা পৌঁছেছে মোট ২৭ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ৮৩৬ জনে।

    ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

  • শেবাচিমের ফুটপাত দখল করে চলছে রমরমা বাণিজ্য, দুর্ভোগে রোগীরা

    শেবাচিমের ফুটপাত দখল করে চলছে রমরমা বাণিজ্য, দুর্ভোগে রোগীরা

    নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিনবঙ্গের মানুষের একমাত্র ভরসাস্থল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফুটপাত দখল করে চলছে অবৈধ ব্যাবসা। এতে বিপাকে পরেছে দূর থেকে আগত রুগী ও তাদের স্বজনরা।

    দক্ষিণবঙ্গের সর্ববৃহত সরকারী চিকিৎসাকেন্দ্র শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকান। এতে রুগী নিয়ে গেট থেকে ঢোকার সময় পরতে হচ্ছে বিপাকে।

    সুত্র জানায়,এই অস্থায়ী দোকান গুলো বার বার উঠিয়ে দেওয়া হলেও সবাই আবার দোকানগুলা নিয়ে বসে। প্রত্যেকে কোন এক ক্ষমতাধর ব্যাক্তির ছত্রছায়ায় দোকান গুলো গড়ে তোলে। তবে ঐ ক্ষমতাধর ব্যাক্তিদের নাম জানতে চাইলে সুত্র বলার জন্য রাজি হয় নি।

    এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক রুগী বলে, এত দোকান এর জন্য আমাদের রুগীর গাড়ি নিয়ে ঢুকতে পারছিলাম না। পরে এমারজেন্সি গেট থেকে রুগী আনতে হয়েছে।

    এ ব্যাপারে শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে সে ফোন রিসিভ করেন নি।