Category: প্রচ্ছদ

  • দেশে করোনায় কেড়ে নিলো আরও ৪৩ জনের প্রাণ

    দেশে করোনায় কেড়ে নিলো আরও ৪৩ জনের প্রাণ

    করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ২২৫ জন মারা গেলেন ভাইরাসটিতে।

    গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮৩ জনের। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন।

    আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬২৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ।

    আর ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন।

  • জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

    জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

    নিউইর্য়কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    যাত্রাপথে প্রথমে তিনি ফিনল্যান্ড যাবেন, সেখানে দুই দিন অবস্থানের পর নিউইর্য়ক যাবেন প্রধানমন্ত্রী।

    শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০১ যোগে ফিনল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। করোনা মহামারি শুরুর টানা ১৯ মাস পর প্রথম বিদেশ সফর যাচ্ছেন শেখ হাসিনা।

    স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার সময় ফিনল্যান্ডের হেলসিংকি ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল হেলসিংকির হোটেল ক্যাম্পে যাবেন।

    রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০২ যোগে নিউইর্য়কের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।

    নিউইর্য়ক সময় বিকেল ৬টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। সেখানে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল লোটে নিউইর্য়ক প্যালেস হোটেলে যাবেন।

    সোমবার (২০ সেপ্টেম্বর) নিউইর্য়ক সময় সকাল ৯টায় রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন বিষয়ক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

    বেলা সাড়ে ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদরদপ্তরের উত্তরের লনে বাগানে বৃক্ষরোপণ এবং একটি বেঞ্চ উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।

    এ দিন বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থলে ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলের সঙ্গে বৈঠক করবেন।

    বিকেল পৌনে ৩টায় একই স্থানে বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি’র সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বিকেল ৪টায় সাসটেইনবল ডেভেলপমেন্ট সলুশ্যন নেটওয়ার্ক শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।

    মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতিসংঘ সদরদপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নেবেন শেখ হাসিনা।

    এ দিন বিকেলে সফরকালীন আবাসস্থলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোলটেবিল বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

    বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় সফরকালীন আবাসস্থল থেকে ‘হোয়াইট হাউজ গ্লোবাল কোভিড-১৯ সামিট: ইন্ডিং দ্য প্যানডেমিক অ্যান্ড বিল্ডিং ব্যাক বেটার’ শীর্ষক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশ নেবেন শেখ হাসিনা।

    দুপুর ১২টার দিকে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করবেন সরকারপ্রধান। বিকেলে ‘রোহিঙ্গা সংকট: টেকসই সমাধান অত্যাবশ্যক’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) অংশ নেবেন তিনি।

    বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল আটটায় ‘ইভেন্ট অব লিডারস নেটওয়ার্ক অন ডেলিভারিং অন দ্য ইউএন কমন এজেন্ডা: অ্যাকশন টু অ্যাচিভ ইকুয়্যলিটি অ্যান্ড কনক্লুশন’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

    বেলা ১টায় জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে ‘ফুড সিস্টেমস সামিট অ্যাজ পার্ট অব দ্য ডিকেড অব অ্যাকশন টু অ্যাচিভ দ্য সাসটেইবল ডেভেলপমেন্ট গোল (এসডিজিএস) বাই ২০৩০’ শীর্ষক অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য দেবেন তিনি।

    এ দিন দুপুরে জাতিসংঘ সদরদপ্তরে পর্যায়ক্রমে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ, জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস এবং ভিয়েতনামের রাষ্ট্রপতি নগুইয়েন জুয়ান ফুতের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

    শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বক্তব্য দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

    এদিন দুপুরে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত আটটায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধণায় ভার্চ্যুয়ালি অংশ নেবেন তিনি।

    শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিউইর্য়ক থেকে ওয়াশিংটন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।

    বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারল্যান্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০৪ যোগে ফিনল্যান্ডের হেলসিংকির উদ্দেশে ওয়াশিংটন ছাড়বেন শেখ হাসিনা।

    শুক্রবার (০১ অক্টোবর) সকাল পৌনে আটটায় হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পৌনে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারল্যান্সের বিজি-১৯০৫ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন সরকারপ্রধান। শুক্রবার (০১ অক্টোবর) রাত সোয়া ১০টায় তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

  • অর্থ আত্মসাত: ইভ্যালির চেয়ারম্যান-এমডি ৩ দিনের রিমান্ডে

    অর্থ আত্মসাত: ইভ্যালির চেয়ারম্যান-এমডি ৩ দিনের রিমান্ডে

    অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাদের হাজির করা হয়। এরপর গুলশান থানায় প্রতারণার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশার থানার উপ-পরিদর্শক ওয়াহিদুল ইসলাম।

    অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মনিরুজ্জামান লিটন তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

    শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আসামিদের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এদিন দুপুর ২টার দিকে তাদের আদালতে হাজির করে আদালতের হাজতখানায় রাখা হয়। দুপুর আড়াইটার দিকে আসামিদের তোলা হয় আদালতে।

    এর আগে দুপুর ১টায় র‌্যাব সদর দপ্তর থেকে রাসেল দম্পতিকে র‌্যাবের সাদা প্রাইভেটকারে করে গুলশান থানায় আনা হয়। সেখান থেকেই পরে নেয়া হয় আদালতে।

    গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালি এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে বিকেল ৫টা ২০ মিনিটে এ দম্পতিকে গ্রেফতার করা হয়। এরপর র‌্যাবের সাদা গাড়িতে করে তাদের নেওয়া হয় র‌্যাব সদর দপ্তরে, সেখানেই চলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ।

    গত বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক প্রতিষ্ঠানটির এমডি ও সিইও রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন।

    মামলার অভিযোগে বলা হয়, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অভিযোগকারী আরিফ বাকের ও তার বন্ধুরা চলতি বছরের মে ও জুন মাসে কিছু পণ্য অর্ডার করেন। পণ্যের অর্ডার বাবদ বিকাশ, নগদ ও সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে পুরোপুরি অর্থ পরিশোধ করা হয়।

    পণ্যগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারি ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরবরাহে ব্যর্থ হলে প্রতিষ্ঠান সমপরিমাণ টাকা ফেরত দিতে অঙ্গীকারবদ্ধ ছিল।

    কিন্তু ওই সময়ের মধ্যে পণ্যগুলো ডেলিভারি না পাওয়ায় বহুবার ইভ্যালির কাস্টমার কেয়ার প্রতিনিধিকে ফোন করা হয়। সবশেষ গত ৫ সেপ্টেম্বর যোগাযোগের মাধ্যমে অর্ডার করা পণ্যগুলো পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তারা।

    এতে আরও বলা হয়, একপর‌্যায়ে ইভ্যালি পণ্য প্রদান ও টাকা প্রদানে ব্যর্থ হওয়ার পর ৯ সেপ্টেম্বর ইভ্যালির ধানমন্ডির অফিসে যান। এসময় এমডি রাসেলের সঙ্গে কথা বলতে চাইলে তারা উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি করেন।

    একপর‌্যায়ে অফিসের ভেতরে অবস্থান করা রাসেল উত্তেজিত হয়ে তার রুম থেকে বেরিয়ে এসে তাকে ভয়-ভীতি প্রদর্শন করেন এবং পণ্য অথবা টাকা দিতে অস্বীকৃতি জানান।

    ভয়-ভীতি ও হুমকিসহ তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়। এতে তারা চরম আতঙ্কগ্রস্ত হয়ে দিনযাপন করছেন এবং পণ্য বুঝে না পাওয়ায় আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

    মামলার এজাহারে রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে তিনটি ধারায় অপরাধের কথা বলা হয়েছে। ফৌজদারি দণ্ডবিধির ধারাগুলো হচ্ছে- ৪২০, ৫০৬ ও ৪০৬।

    অনেক দিন ধরেই ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল। গত ১৪ সেপ্টেম্বর সচিবালয়ে এক সভায় ইভ্যালি, ই-অরেঞ্জসহ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নিতে সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কমিটি। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান দুই কর্মকর্তাকে গ্রেফতার করে র‌্যাব।

    গত ২৫ আগস্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডির সব ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এরপর

    এর আগে গত ২৫ এক চিঠিতে আগস্ট ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানের সব ব্যাংক অ্যাকাউন্টের হিসাব চেয়েছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে তাদের ব্যাংক হিসাবের তথ্য পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছিল। তারও আগে গত বছরের আগস্টে বিএফআইইউ নাসরিন ও রাসেলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল।

  • বরিশালে প্রাণ ফিরেছে স্কুল-কলেজে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা

    বরিশালে প্রাণ ফিরেছে স্কুল-কলেজে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা

    প্রায় ১৮ মাস পর আবারও শিক্ষার্থীদের পদভারে মুখর স্কুল-কলেজ। প্রথম দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষায় যথেষ্ট সচেতন ছিলো শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।

    এতে খুশি শিক্ষক-শিক্ষার্থীরা। তবে দীর্ঘদিন ঘরে বন্দি থাকায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ কম হয়েছে এবং তাদের মধ্যে প্রাণ চাঞ্চল্যও কম বলে মনে করেন শিক্ষকরা।

    এদিকে সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রথম দিন ভালোভাবেই কেটেছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষকরা। করোনাকে মেনে নিয়েই সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চান জেলা প্রশাসনের কর্মকর্তারা।

    বরিশাল জিলা স্কুলে প্রায় ৭ হাজার শিক্ষার্থী। প্রায় ১৮ মাস পর আজ স্কুল খুললেও ক্যাম্পাসে কোলাহল নেই শিক্ষার্থীদের। ক্যাম্পাসও অনেকটা ফাঁকা।

    কারণ প্রথম দিন ক্লাস হচ্ছে এসএসসি এবং ৫ম শ্রেণীর পরীক্ষার্থীদের। নিয়মিত ক্লাস হবে তাদের। অন্যান্য শ্রেণীর ক্লাস হবে সপ্তাহে একদিন।

    রবিবার প্রথম দিন ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়া ছিলো কর্তৃপক্ষের। ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেয়া হয়নি অভিভাবকদের। স্কুলের আঙ্গিনায় পা রেখেই হাত ধুয়ে স্যানিটাইজড করে শারীরিক দূরত্ব অনুসরণ করে ক্লাস কক্ষে বসেন শিক্ষার্থীরা।

    দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে এবং সহপাঠী-বন্ধুদের সাথে দেখা করতে পেরে খুশি শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি রক্ষা করে স্কুল চালিয়ে যেতে চান তারা। আগে অনলাইনে ক্লাস হলেও এখন সরাসরি ক্লাসে পড়াশোনায় মনোযোগ আরও বাড়বে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের।

    দীর্ঘদিন পর সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারায় হাঁফ ছেড়ে বেঁচেছেন অভিভাবকরা। প্রথম দিনের সার্বিক ব্যবস্থাপনায় খুশি তারাও। করোনা সুরক্ষায় এই ধারাবাহিকতা বজায় রাখতে চান অভিভাবকরা।

    এদিকে দীর্ঘদিন ঘরে বন্দি থাকায় শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ কম হয়েছে বলে মনে করেন বরিশাল জিলা স্কুলের সিনিয়র সহকারি শিক্ষক ফাহমিদা বেগম।

    শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য এবং উচ্ছাসেও ঘাটতি রয়েছে বলে প্রথম দিন মনে হয়েছে তার কাছে। যদিও পড়াশোনায় শিক্ষার্থীদের যথেষ্ট আগ্রহ আছে বলে তিনি জানান।

    এদিকে সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রথম দিন ভালোভাবেই অতিবাহিত হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। কঠোর বিধি-নিষেধ থাকায় শিক্ষার্থীরা ছোটাছুটি করতে পারছেন না বলে তিনি জানান।

    আপাতত ৫ম ও দশম শ্রেণীর ক্লাস হবে সপ্তাহে ৬দিন এবং অন্যান্য শ্রেণীর ক্লাস সপ্তাহে ১ দিন করে হবে বলে জানান জিলা স্কুলের প্রধান শিক্ষক।

    বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন বলেন, স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা শতভাগ রক্ষা করার চেষ্টা করছেন তারা। বিগত দিনে পড়াশোনার ক্ষতি পুষিয়ে দিতে কর্তৃপক্ষের বাড়তি নজর থাকবে বলে তিনি জানান।

    স্কুলের সার্বিক পরিস্থিতি দেখতে সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল মারুফ। এ সময় তিনি বলেন, করোনা মেনে নিয়ে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা অব্যাহত রেখে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে চান তারা।

    প্রথম দিনের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। বরিশালের কলেজগুলোতেও স্বাস্থ্য বিধি রক্ষায় কড়াকড়ি ছিলো চোখে পড়ার মতো।

  • দেশে করোনায় কেড়ে নিলো আরও ৫১ জনের প্রাণ

    দেশে করোনায় কেড়ে নিলো আরও ৫১ জনের প্রাণ

    গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৩১ জনে।

    এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১৮৭১ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জনে।

    আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

  • নিজের অফিসের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী

    নিজের অফিসের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী

    নিজের অফিসের গাড়ি কেনা বাতিল করে সেই টাকা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় খরচের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে মোটরযান ক্রয় খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করতে দেওয়া হয়েছে।

    প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

    এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তার নিজের কার্যালয়ের জন্য গাড়ি কেনা বাতিল করে সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন।

    ইহসানুল করিম আরও বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগ থেকে শুরু করে স্বাস্থ্যের অবকাঠামো ও সরঞ্জাম সুবিধা বাড়ানো, আইসিইউ বৃদ্ধি, হাসপাতালের সক্ষমতা বাড়ানো, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা, বিনামূল্যে করোনা টিকা সরবরাহসহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বহু পদক্ষেপ নিয়েছেন।

    মানুষের স্বাস্থ্যসেবার জন্য তিনি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। নিয়মিত সেসব ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় ব্যয়ের মাধ্যমে আরও বহু মানুষ উপকৃত হবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করতে রোববার (১২ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

    আহসান কিবরিয়া সিদ্দিকি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার ১৫ কোটি টাকা স্বাস্থ্যসেবার কাজে দিয়ে মিতব্যয়িতার নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা আমাদের নজরে আনুন: পুলিশ কমিশনার

    অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা আমাদের নজরে আনুন: পুলিশ কমিশনার

    এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকাল ১১  নবনির্মিত এয়ারপোর্ট থানা ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
    এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদারের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনর  মোঃ শাহাবুদ্দিন খান বলেন, ওপেন হাউজ ডে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে  জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন।
    তাই  ওপেন হাউজ ডে তে, উত্থাপিত বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি।  এরমধ্যে আমরা  তিনটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে থাকি।  সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের ভূমিকা কম নয়। আমরা সুন্দর একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে অনেকদূর এগিয়ে এসেছি আরও অনেকদূর যেতে চাই।
    এক্ষেত্রে সমাজে অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা আমাদের নজরে আনুন, এমনকি কোন পুলিশ যদি নিয়মের বাহির থেকে অপরিনামদর্শী কোন কাজ করে তা সর্বাগ্রে গোপনে বা প্রকাশ্যে আমাদের অবগত করুন।
    তিনি আরও বলেন, সমাজে কোন অপরাধ যেন দানাবাঁধতে না পারে সেই মর্মে দেশ ও জনগণের জন্য অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন কমিউনিটি পুলিশিং প্লাটফর্ম, এই প্লাটফর্মের যেন অপব্যবহার না হয় সেবিষয়ে বিশেষ খেয়াল রেখে সমাজের কল্যাণে কাজে করতে হবে। এসময় উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ কমিশনার   মোঃ এনামুল হক, অতিরিক্ত উপ পুলিশ  কমিশনার মোঃ ফারুক হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ।
  • কাল খুলছে স্কুল-কলেজ, মহামারিতেও উৎসবের আমেজ

    কাল খুলছে স্কুল-কলেজ, মহামারিতেও উৎসবের আমেজ

    আগামীকাল রোববার (১২ সেপ্টেম্বর) থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আবারও সচল হতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

    দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দিয়েছে। বছরের শুরুতে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা আয়োজন করার কথা থাকলেও এখনও তা সম্ভব হয়নি।

    এছাড়া অন্যান্য পাবলিক পরীক্ষা আয়োজন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব বিষয় বিবেচনা করে আগামীকাল থেকে শিক্ষা কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    গত ৫ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভা শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে বলেন, দেশে করোনার সংক্রমণ দ্রুত কমে যাচ্ছে। জুলাই মাসের তুলনায় সংক্রমণ ৭০ শতাংশ কমেছে।

    আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। প্রথম দিন চার-পাঁচ ঘণ্টা ক্লাস হবে। পর্যায়ক্রমে এই ক্লাসের সংখ্যা বাড়বে। শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষার্থী-শিক্ষকসহ সবাইকে মাস্ক পরিধান করতে হবে।

    পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে আলাদাভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পাঠদান কার্যক্রম পরিচালনাসহ বেশ কিছু সতর্কতা ও সচেতনতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

    এছাড়াও ডিপিই থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ের জন্য মৌলিক ক্লাস রুটিন প্রকাশ করা হলেও মাউশি থেকে একটি গাইডলাইন দিয়ে সে মোতাবেক স্কুল-কলেজে ক্লাস রুটিন তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

    এদিকে দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে রাজধানীর স্কুল কলেজগুলো। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের বরণ করতে নানা আয়োজন শুরু করেছেন।

  • আ.লীগের ২০ নেতাকে ক্ষমা করে দিয়েছেন শেখ হাসিনা

    আ.লীগের ২০ নেতাকে ক্ষমা করে দিয়েছেন শেখ হাসিনা

    দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করা প্রায় ২০ জন নেতাকে ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী সংসদের সভা শেষে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    সভা শেষে গণভবনের মূল ফটকে দাঁড়িয়ে সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন ওবায়দুল কাদের। তিনি বলেন, পাবনায় গত পৌরসভা নির্বাচন উপলক্ষে অনেকেই বিদ্রোহ করেছিলেন, পৌর এবং সদর এলাকার নেতারা।

    তারা ক্ষমা চেয়ে একটা চিঠি পাঠিয়েছেন; প্রায় ২০ জন নেতা। তাদের ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    আবার উনি (শেখ হাসিনা) এটাও বলেছেন, যারা দলের ডিসিপ্লিনের (শৃঙ্খলা) বাইরে কাজ করেছেন, বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নিতে হবে। তাদের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না।

    বৈঠকে আলোচিত সাংগঠনিক বিভিন্ন বিষয় তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, যেখানে যেখানে সাংগঠনিক সমস্যা আছে এবং যেগুলো সমাধান করা দরকার, সেগুলোর ব্যাপারে নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি।

    কিছু কিছু ছোটখাটো কলহ-বিবাদ আছে, সেগুলোও মীমাংসা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    নোয়াখালীর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ব্যাপারে এখানে কোনো কথা হয়নি।

    সাংগঠনিক সম্পাদক স্বপন (আবু সাঈদ আল মাহমুদ স্বপন) আলাপ-আলোচনা করে একটা কাঠামো তৈরি করেছেন নোয়াখালীর কমিটি নিয়ে। এ ব্যাপারে নেত্রীও অবহিত আছেন। স্বপন এখন দেশের বাইরে আছেন। ফিরে এলে প্রকাশ করা হবে।

    আবদুল কাদের মির্জা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, সাধারণ সম্পাদকের পদ থেকে আপনি অব্যাহতি চেয়েছেন- সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি কিছুই জানি না।’

    জাতীয় সম্মেলন নিয়ে সভায় কোনো কথা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ বিষয় এজেন্ডাতে ছিল না।’

  • বাড়াবাড়ি করবেন না, দলের ভিতর উপদল তৈরি করবেন না;এমপিদের প্রধানমন্ত্রীর

    বাড়াবাড়ি করবেন না, দলের ভিতর উপদল তৈরি করবেন না;এমপিদের প্রধানমন্ত্রীর

    তৃণমূলে নেতা-কর্মীদের ওপর এমপিদের ‘খবরদারি’ করতে নিষেধ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় এমপিদের হুঁশিয়ারি দিয়ে শেখ হাসিনা বলেন, নানা সমীকরণে এমপি মনোনয়ন দেওয়া হয়। তারা দলের মনোনয়নে এমপি হন। এমপি হয়েই দলকে তার ইচ্ছামতো পরিচালনায় মরিয়া হয়ে ওঠেন কেউ কেউ। এটা চলবে না। দল চলবে নিজস্ব গতিতে। নিজস্ব বলয় ভারী করতে দলের ভিতরে উপদল তৈরি করবেন না। দীর্ঘ এক বছর পর গতকাল দলের কার্যনির্বাহী সংসদের সভায় এমপিদের এমন হুঁশিয়ারি দেন দলীয় প্রধান শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বৈঠক টানা সাড়ে ৩টা পর্যন্ত চলে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অর্ধশত নেতা অংশ নেন।

    বৈঠকে প্রধানমন্ত্রীর সামনেই মাদারীপুরের তিন কেন্দ্রীয় নেতা প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ বাহাসে জড়ান। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তৃণমূলে দলীয় নেতা-কর্মীদের ওপর এমপিদের কর্তৃত্বপরায়ণ মনোভাবে ক্ষুব্ধ দলীয় প্রধান শেখ হাসিনা বলেন, তৃণমূলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের দূরে ঠেলে দেন। আবার সব কর্তৃত্ব নিতে কেউ কেউ উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক হয়ে যান। সবকিছু এমপিদের নিতে হবে কেন? দলের ওপর এমপিদের এমন খবরদারি চলবে না। দল চলবে নিজস্ব গতিতে। এমপি দলকে সহযোগিতা করবেন। কোনো বাড়াবাড়ি বরদাশত করা হবে না। কে কোথায় কী করছেন, আমার কাছে সব তথ্য আছে। সে বিবেচনায় আগামীতে দলীয় মনোনয়ন দেওয়া হবে।

    বৈঠকসূত্র জানান, কার্যনির্বাহী সংসদের বৈঠকে সাংগঠনিক সম্পাদকদের রিপোর্টে কমপক্ষে ২০-২৫টি জেলায় এমপিদের সঙ্গে নেতা-কর্মীদের দূরত্ব, কোন্দল-উপদল গঠন করার প্রসঙ্গ উঠে আসে। সম্প্রতি তৃণমূল থেকে আসা বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় সভানেত্রী বিষয়টি নিয়ে নেতাদের স্পষ্ট বার্তা দেন। আওয়ামী লীগ সভানেত্রী এমপিদের আলাদা বলয় তৈরি না করার নির্দেশ দেন। সম্প্রতি বিভিন্ন জেলায় বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। দলীয় সভানেত্রীর কাছে এসব তথ্য আছে বলে তিনি জানান। অনেক এমপির বিরুদ্ধে এলাকার নেতারা প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগও করেছেন। বিভিন্ন সংস্থার প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে।

    বৈঠকে নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক শফিকুল  ইসলাম শিমুল এমপির দ্বন্দ্ব নিয়ে বিশদ আলোচনা হয়। দীর্ঘদিন দুই নেতা দুই মেরুতে অবস্থান করছেন। এর আগে সভাপতি আবদুল কুদ্দুস অভিযোগ করেছিলেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল তাকে নাটোর শহরে ঢুকতে দেন না। এ ছাড়া শিমুলের সঙ্গে জেলার অন্য এমপিদেরও সম্পর্ক ভালো নয় বলে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামালের রিপোর্টে উঠে আসে। পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির একক কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনা হয়। একই ভাবে মাদারীপুর জেলা আওয়ামী লীগের ত্রিমুখী কোন্দলের বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনা হয়। ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, মাদারীপুর কয়েকজন কেন্দ্রীয় নেতার জেলা। এখানেই কোন্দল বেশি। নবগঠিত উপজেলা ডাসারে জেলা আওয়ামী লীগ একটি আহ্বায়ক কমিটি গঠন করে। এ কমিটিতে স্থানীয় এমপি ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপের লোক না থাকায় তিনি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। দলীয় কোন্দল নিরসনে দলীয় প্রধানের হস্তক্ষেপ কামনা করেন মির্জা আজম। এ সময় দলের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ কোনো কমিটি দেননি বলে দলীয় প্রধানকে জানান। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান অভিযোগ করেন, ‘আমি মাদারীপুর সদরের এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য। সদরে দলের বিভিন্ন কর্মসূচি পালন করেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আমাকে দাওয়াত করা হয় না।’ এ সময় আগামী কয়েক দিনের মধ্যে মাদারীপুরে দলের একজন নেতার স্মরণসভায় নাছিমকে প্রধান অতিথি করার কার্ড দলীয় সভানেত্রীকে দেখান শাজাহান খান। একই সঙ্গে জেলা ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনে তাকে ভাগ দেওয়া হয় না বলেও অভিযোগ করেন দলের এই প্রেসিডিয়াম সদস্য।

    জবাবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘উনি (শাজাহান খান) দলীয় কর্মসূচি পালন করতে চান না। ডাকলে পাওয়া যায় না। কোনো নেতা মারা গেলে স্মরণ করতে চান না। ছাত্রলীগের সভাপতি বানাতে চান নিজের ছেলেকে। মহিলা আওয়ামী লীগ সভাপতি বানাতে চান স্ত্রীকে। অন্য সহযোগী সংগঠনের নেতৃত্বে আত্মীয়স্বজনকে চান। উনি আওয়ামী লীগকে পারিবারিক লীগ বানাতে চান।’ এ সময় জবাব দিতে কথা বলা শুরু করেন শাজাহান খান। তবে উভয়কে থামিয়ে দেন প্রধানমন্ত্রী। নাছিমের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, উনি (শাজাহান খান) জাসদে ছিলেন। তোমরাই তো দলে নিয়ে এসেছ। আমি চেয়েছিলাম উনি জাসদে থেকেই আমার সঙ্গে কাজ করুক। এরপর দলের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানকে উদ্দেশ করে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বলেন, আপনি মুরব্বি। সবাইকে নিয়ে দলটা করবেন। রাজপথে আপনার অনেক অবদান রয়েছে। আমাদের দুঃসময়ে ছিলেন। নৌকা নিয়ে পাঁচবার এমপি হয়েছেন। আপনি কেন ভাগ চাইবেন? সব আপনারই হবে। আপনার করে নিতে হবে। আপনি যদি নাছিম, গোলাপসহ সবাইকে ডাকেন, কেউ আপনাকে ফেলে চলে যেতে পারবে? কেউই উপেক্ষা করতে পারবে না। এ সময় প্রধানমন্ত্রী ঠাট্টাচ্ছলে বলেন, আগে আপনাকে (শাজাহান খান) আওয়ামী লীগ হতে হবে। পদে থাকলেই হবে না, আওয়ামী লীগকে ধারণ করতে হবে।

    নাটোর, পাবনা জেলার কোন্দল নিরসনের জন্য দ্রুত সম্মেলন দিতে নির্দেশনা দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এ সময় নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন ৬ নভেম্বর ও পাবনার সম্মেলন ৭ নভেম্বর নির্ধারণ করা হয়। এ ছাড়া নরসিংদী, নারায়ণগঞ্জ, শরীয়তপুরসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ জেলাকে দ্রত সম্মেলনের তাগিদ দেন শেখ হাসিনা।

    বৈঠকসূত্র আরও জানান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা সম্মেলন ছাড়া কমিটি ঘোষণার বিরোধিতা করেন। তিনি বলেন, রেওয়াজ অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো সম্মেলন ছাড়াই প্রেস রিলিজের মাধ্যমে কমিটি ঘোষণা করছে। এ কমিটি নিয়ে অর্থনৈতিক মুখরোচক নানা আলোচনাও শোনা যায়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

    দলের সাধারণ সম্পাদক ছাড়াও আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা তাদের রিপোর্ট পেশ করেন। চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক দেশের বাইরে থাকায় এ বিভাগের রিপোর্ট পেশ করেন দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

    নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের প্রসঙ্গ উঠলে তার দেশের বাইরে (বেগমপাড়া) বাড়ি করার প্রসঙ্গটিও আলোচনায় স্থান পায়। এ সময় দলীয় সভানেত্রী শেখ হাসিনা বলেন, আমাদের (আওয়ামী লীগের) নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চলছে। এগুলোর সঠিক তথ্য-উপাত্ত দিয়ে জবাব দিতে হবে। আর দেখা যায়, অনেক সময় আমাদের দলের লোকজনও নানা ইস্যুতে বিরোধীদের সঙ্গে সুর মেলান। এতে আমরাই ক্ষতিগ্রস্ত হই। এসব করলে চলবে না। মিথ্যাচারের জবাব দিতে হবে। নির্বাচন যতই ঘনিয়ে আসবে ষড়যন্ত্র ততই বাড়বে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিদেশি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ সময় দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে এ বিষয়গুলো দেখভালের কথা বলেন তিনি।

    এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের দায়ে ইতিমধ্যে যাদের ফাঁসি হয়েছে বিদেশে বসবাস করা তাদের সন্তান, বিএনপি ও জামায়াত নেতারা, ব্যারিস্টার রাজ্জাক বিদেশে বসে কোটি কোটি টাকা বিনিয়োগ করে সরকারের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করে অপপ্রচার চালাচ্ছেন।

    টাকা বিনিয়োগ করে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, আলজাজিরা ও বিভিন্ন মানবাধিকার সংস্থাকে দিয়ে সরকারের বিরুদ্ধে বিদেশে কুৎসা রটানো হচ্ছে।

    শেখ হাসিনাকে উদ্ধৃত করে বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী জানান, গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাইনি করোনার কারণে। এবারও যেতাম না। বেশির ভাগ কার্যক্রম ভার্চুয়ালিই হবে। তবু যাচ্ছি কারণ সেখানে একসঙ্গে অনেক দেশের সরকারপ্রধান উপস্থিত থাকবেন। সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে সেসবের জবাব দিতে যাচ্ছি।

    সভায় বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আলোচনা হয়। এ সময় চিঠি দিয়ে ক্ষমা চাওয়ায় পাবনার একটি নির্বাচনে দলের প্রার্থীর বিপক্ষে কাজ করা ২০ জন নেতাকে ক্ষমা করে দেওয়া হয়। এ বিষয়ে বৈঠকে উপস্থিত এক নেতা জানান, বিদ্রোহীদের নিয়ে সভায় আলোচনা হয়েছে। যারা অতীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বা দলের প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন তাদের দল থেকে একেবারে বহিষ্কার না করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেমন তাকে ভবিষ্যতে দলীয় মনোনয়ন না দেওয়া বা দলের গুরুত্বপূর্ণ পদে না রাখা ইত্যাদি।

    সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক সচরাচর চার মাস বা দুই মাস পর করতাম। কিন্তু করোনাভাইরাসের কারণে সেগুলো সময়মতো করতে পারিনি। এখন করোনা কিছুটা কমেছে। এ ছাড়া আমি গতবার জাতিসংঘের অধিবেশনে যেতে পারিনি। এবার যাচ্ছি। তাই মনে করলাম একটা সভা করি। প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর মহান মুক্তিযুদ্ধে শহীদ, ১৫ আগস্টে নিহতসহ আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। রীতি অনুযায়ী এরপর সভায় শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।

    বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরবর্তী (দ্বাদশ) নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করার নির্দেশনা দিয়েছেন তিনি। দলের বিভিন্ন উপকমিটির সেমিনারের মাধ্যমে পরবর্তী নির্বাচনের যে ইশতেহার হবে, সেখানে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে সেগুলো আপডেট করার জন্য উপকমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন স্বাস্থ্য ও শিক্ষায় কী কী অন্তর্ভুক্ত করা হবে তা তুলে ধরা।