Category: প্রশাসন

  • ভোটের সঙ্গে পেছাল সরকারি স্কুলের ভর্তি

    ভোটের সঙ্গে পেছাল সরকারি স্কুলের ভর্তি

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সারাদেশের বার্ষিক পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। তবে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করায় সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের সিদ্ধান্ত আটকে গেল। নির্বাচনের তারিখ পিছিয়ে যাওয়ায় এখন জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তা করছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

    অধিদফতর সূত্রে জানা গেছে, প্রথম দফায় ২৩ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মাউশি সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষার কার্যক্রম নির্বাচনের পর চূড়ান্ত করা হবে। ফলে তারিখ নির্ধারণ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রাথমিক খসড়ায় ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত করার কথা থাকলেও পরে তা পিছিয়ে ২৮ থেকে ৩০ ডিসেম্বর নেয়ার কথা জানা যায়।

    এদিকে আজ সোমবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে। এর ফলে এখন পূর্বের সম্ভাব্য তারিখেও ভর্তি পরীক্ষা নিতে পারছে না অধিদফতর।

    মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. আব্দুল মান্নান  বলেন, নির্বাচনের তারিখ চূড়ান্ত না হওয়ায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে আজ (সোমবার) খবর পেলাম আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন ভর্তি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে আয়োজন করা সম্ভব হবে।

    কারণ হিসেবে তিনি বলেন, কমিশন আগেই জানিয়েছে, নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। অন্যদিকে ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে।

    পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হতে পারে -জানতে চাইলে তিনি বলেন, তারিখ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে জানুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলাপ করে তারিখ নির্ধারণ করা হবে।

    এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সরকারি বিদ্যালয়) নাজমুল হোসেন  বলেন, নির্বাচনের সময় পিছিয়ে যাওয়ায় আগের প্রস্তাবিত সময়ে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হবে না। এখন জানুয়ারিতে এ পরীক্ষা আয়োজন করতে হবে। এ বিষয়ে মাউশির প্রস্তাবনা পাওয়ার পর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সময় নির্ধারণ করা হবে।

    ১ জানুয়ারিতে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক পেতে সমস্যা হবে কিনা -জানতে চাইলে তিনি বলেন, পাঠ্যবইয়ের চাহিদা আগেই দেয়া হয়েছে, তাই পহেলা জানুয়ারিতে পাঠ্যপুস্তক উৎসব পালিত হওয়ার পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে কোনো সমস্যা হবে। সকল শিক্ষার্থী ক্লাস অনুযায়ী নতুন পাঠ্যপুস্তক হাতে পাবে।

    উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    সোমবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ ঘোষণা দেন।

  • কোচিং শিক্ষকের মৃত্যুদণ্ড স্কুলছাত্র হত্যায়

    কোচিং শিক্ষকের মৃত্যুদণ্ড স্কুলছাত্র হত্যায়

    রাজধানীর কাফরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সজল চন্দ্র মজুমদারকে (১৪) অপহরণের পর হত্যার অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক সবুজ চন্দ্র সূত্রধরের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

    রায়ের পর্যবেক্ষণে বলা হয়, “মর্মান্তিক ও ভয়ঙ্কর এরকম  ঘটনা সভ্য সমাজে মোটেও গ্রহণযোগ্য ও সহনীয় নয়। এ ধরনের অভিশাপ থেকে সমাজকে মুক্তি দিতে অপরাধীকে কোনোভাবেই অনুকম্পা দেখানোর সুযোগ নেই।

    মামলা সূত্রে জানা গেছে, সজল কাফরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে ২০১৩ সালের ২৮ আগস্ট জন্মাষ্টমীর দিন রাতে উত্তর কাফরুলের বৌ বাজারের বাসা থেকে বের হয়। এরপর তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৮টার দিকে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে সজলের কোচিং সেন্টারের শিক্ষক সবুজ সূত্রধর ফোন করে জানান, সজল তার কাছে আছে। ফেরত পেতে ৫০ হাজার টাকা লাগবে। বিকাশের মাধ্যমে তাকে টাকা দেয়ার জন্য বলা হয়। ওই রাতেই কাফরুল থানায় সাধারণ ডায়েরি করেন সজলের মা সুচিত্রা রানী। পরদিন সজলের বস্তাবন্দি লাশ অজ্ঞাত হিসেবে ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। লাশ মর্গে ছয় দিন অজ্ঞাত হিসেবে পড়ে থাকার পর সজলের স্বজনরা তার লাশ শনাক্ত করেন।

    এ ঘটনায় সজলের বাবা শ্যামল দত্ত বাদী হয়ে মামলা করেন। শ্যামল দত্ত একজন সেলুন ব্যবসায়ী। মামলার পর কোচিং সেন্টারের শিক্ষক সবুজ চন্দ্র সূত্রধরকে গ্রেফতার করে পুলিশ। এরপর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৪ সালে মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। বিভিন্ন সময় ১৪ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

  • পদ্মায় ফেরির ধাক্কায় স্পীডবোট ডুবি, নিখোঁজ ২

    পদ্মায় ফেরির ধাক্কায় স্পীডবোট ডুবি, নিখোঁজ ২

    শামীম ইসলাম:

    শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে পদ্মা নদীতে ফেরির ধাক্কায় স্পীডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দুই যাত্রী নিখোজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ, নৌপুলিশ এবং ফায়ার সার্ভিস মাঝ নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিভাবে নিঁখোজ যাত্রীদের নাম ও পরিচয় জানা যায়নি।

    রবিবার সন্ধ্যায় শামীম মাদবরের মালিকানাধীন একটি স্পীডবোট ২৪ জন যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে কাঠালবাড়ি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। চায়না চ্যানেলের কাছে বিকল হয়ে পড়লে ডাম্ব ফেরি সাথে ধাক্কা লেগে স্পীডবোটটি  ডুবে যায়।

    পুলিশ জানায়, এই ঘটনায় ২২ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও এখনও দুই জন যাত্রী নিখোঁজ রয়েছে। ঘটনার পরপরই শিবচর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।

    জাকির হোসেন মোল্লা জানান, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট ডুবির ঘটনায় দুই যাত্রী নিখোজ রয়েছে। স্পীডবোট বিকল হয়ে গেলে ফেরির ধাক্কায় তা ডুবে যায়। নিখোঁদের উদ্ধারে তৎপরতা চলছে।

  • যে বেটারা আমার গাড়ি ঘুরিয়ে দিয়েছে, আমি ওদের মাথা ঘুরিয়ে দেব: কাদের সিদ্দিকী

    যে বেটারা আমার গাড়ি ঘুরিয়ে দিয়েছে, আমি ওদের মাথা ঘুরিয়ে দেব: কাদের সিদ্দিকী

    কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, রাজশাহীর সমাবেশে আসতে যেসব পুলিশ আমার গাড়ি ঘুরিয়ে দিয়েছে আমি ওদের মাথা ঘুরিয়ে দেব।

    শুক্রবার বিকালে রাজশাহীর আলিয়া মাদ্রাসার মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় জনসভায় তিনি এ কথা বলেন।

    পুলিশদের প্রতি ক্ষোভ প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, আপনি এ রকম বয়োজ্যেষ্ঠ মানুষদের সামনে বললেন আপনাদের মিটিং করতে বাধা নেই, আমার গাড়ি তো পাঁচবার ধরছে পুলিশ, তারপরেও আমাকে ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে। আল্লাহ যদি আমাকে দুটি বছর সময় দেয় তাহলে আমি খুঁজে বের করব, আমি খুঁজে বের করব, যে বেটারা আমার গাড়ি ঘুরিয়ে দিয়েছে আমি ওদের মাথা ঘুরিয়ে দেব।

    তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের কথা দিয়েছিলেন, আর পুলিশ ধরবে না, সভা সমাবেশে বাধা দেবে না। আপনারা রাস্তায় মিটিং করবেন না, আপনারা মাঠে মিটিং করবেন। আপনারা রাজশাহীর নেতারা, আপনার রাজশাহীর পুলিশরা আমাদের রাস্তায় মিটিং করতে বলেছিল। আপনি (শেখ হাসিনা) বলেন রাস্তায় মিটিং করবেন না আর আপনার পুলিশরা বলে রাস্তায় মিটিং করতে।

    সমাবেশে বঙ্গবীর বলেন, আমি টাঙ্গাইল থেকে সড়কপথে এসেছি, আমি গরিব মানুষ, গরিবের মতো চলাফেরা করি, রাস্তায় রাস্তায় শেখ হাসিনার মাইটা পুলিশরা বাধা দিয়েছে, আমাকেও ঘুরাতে পারে নাই, এই মাঠের মানুষকেও ঘুরাতে পারে নাই।

    পুলিশদের উদ্দেশে কাদের সিদ্দিকী আরও বলেন, আমরা সংসদে থাকতে অন্তত ৭ বার পুলিশদের সুযোগ-সুবিধার জন্য প্রস্তাব করেছিলাম সেই জন্য আজকে এত বেতন। শুধু হাসিনার কথা নয় আর কদিন পর আমাদের কথাও শুনবেন আপনারা।

    তিনি বলেন, যে পুলিশরা ঘুষ দিয়ে ভর্তি হয়েছেন, আমি এই রাজশাহীর মাদ্রাসা মাঠে কথা দিয়ে গেলাম, আপনাদের ঘুষের টাকা আমি ফিরিয়ে দেব। সব টাকা দিতে পারব না। আমি একটা মনে মনে হিসাব করে রেখেছি যারা আওয়ামী লীগের আমলে পুলিশে ভর্তি হয়েছে তাদের প্রত্যককে আমরা ১০ লাখ টাকা আমরা ফিরিয়ে দেব।

  • খালেদা জিয়াকে দেখলে কান্নায় বুক ফেটে যায়: ফখরুল

    খালেদা জিয়াকে দেখলে কান্নায় বুক ফেটে যায়: ফখরুল

    কারাবন্দি দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে যেখানে রাখা হয়েছে দেখলে কান্নায় বুক ফেটে যায়। শুক্রবার বিকালে রাজশাহীর মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় জনসভায় একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের চিকিৎসকরা বলেছেন এখানে তাকে আরও চিকিৎসা দিতে হবে। কিন্তু সরকার জোর করে খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে নিয়েছে।

    গণতান্ত্রিক লড়াইয়ে খালেদা জিয়ার অবদান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তিনি এমন একজন নারী যিনি গণতন্ত্রের জন্য স্বামী হারিয়েছেন। এরশাদবিরোধী আন্দোলনে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। বড় ছেলে তারেক রহমান নির্বাসিত।

    তিনি বলেন, তাকে (খালেদা জিয়া) হাসপাতাল থেকে চিকিৎসা সম্পন্ন না করে জোর করে আবার কারাগারে পাঠানো হয়েছে। এর মাধ্যমে কারাভ্যন্তরে রেখে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

    এর আগে দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়। শারীরিক অসুস্থতার কারণে জনসভায় যোগ দিতে পারেননি জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তবে ঢাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে জনসভায় বক্তব্য দেন তিনি।

    জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে জনসভায় যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

  • বরিশাল বাবুগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

    বরিশাল বাবুগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

    বরিশালের বাবুগঞ্জে কয়লা বোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চারজন। শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় উপজেলার রহমতপুর-মীরগঞ্জ সড়কের ক্ষুদ্রকাঠী এলাকার আল-আরাবী ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- বাবুগঞ্জ পাঁচ রাস্তা এলাকার অটোরিকশা চালক রাহাত (২০) ও বাবুগঞ্জ ভেটেরিনারি মেডিসিন অনুষদের সেকশন অফিসার মো. রুপম (২৬)। অপরজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

    আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- ভেটেরিনারি মেডিসিন অনুষদের কর্মচারী তাজুল ইসলাম (৪০), ভেটেরিনারি এলাকার সুমন (১৮) ও সাঈদুল ইসলাম (২০)। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অব্দুর রহমান মুকুল জানান, বাবুগঞ্জের রহমতপুর থেকে মিরগঞ্জমুখী কয়লা বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-৩৪০৮ ) বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে একজন এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত চারজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তিনি আরও জানান, পুলিশ ট্রাক ও অটোরিকশাটি জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

  • আইন শৃঙ্খলা বাহিনী এখন নির্বাচন কমিশনের অধীনে

    আইন শৃঙ্খলা বাহিনী এখন নির্বাচন কমিশনের অধীনে

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, কোথাও গণগ্রেফতার হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী এখন পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে।

    আজ শনিবার সকালে রাজধানীর মগবাজারে এক সুধী সমাবেশে তিনি জানান, যাদের নামে সুনির্দিষ্ট মামলা বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে কেবল তাদেরই গ্রেফতার করা হচ্ছে। নির্বাচন ঘিরে কোন সংঘাতের সৃষ্টি হলে তা আইনশৃঙ্খলা বাহিনী দমন করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

    এসময় সুধী সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন আয়োজকরা। রমনা-তেজগাঁওয়ের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের পক্ষে নৌকায় ভোট চান বক্তারা।

  • পুলিশ ও আওয়ামীলীগের বক্তব্য মিলছে না

    পুলিশ ও আওয়ামীলীগের বক্তব্য মিলছে না

    রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পিকআপের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। পুলিশের ভাষ্য, তারা আওয়ামী লীগের দুই পক্ষের মিছিলে ছিল। তবে কে কোন পক্ষের সমর্থক ছিল, তা পুলিশ জানাতে পারেনি।

    অন্যদিকে আওয়ামী লীগের দাবি, মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    আজ শনিবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এটাই নির্বাচনী সহিংসতায় বড় ধরনের প্রাণহানির প্রথম ঘটনা। নিহত দুজন হলো আরিফ হোসেন (১৪) ও মো. সুজন (১৮)। এদের মধ্যে সুজন নির্মাণশ্রমিক এবং আরিফ প্রিন্টিংয়ের কাজ করত। এ ঘটনায় আরও কয়েক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা–১৩ আসনের সাংসদ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও ওই আসনে মনোনয়নপ্রত্যাশী মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের কর্মী–সমর্থকদের মধ্যে এই সংঘাতের ঘটনা ঘটে। আজ সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য তাঁর কর্মী–সমর্থকদের একটি গাড়িবহর মিছিল নিয়ে মোহাম্মদপুর এলাকার সুনিবিড় হাউজিংয়ের সামনে যায়। এ সময় নানকের সমর্থকেরা বাধা দেন। তখন দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

    নাম প্রকাশ না করার শর্তে পুলিশের মোহাম্মদপুর বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আরিফ ও সুজন আওয়ামী লীগের দুই পক্ষের মিছিলে অংশ নিয়েছিল।

    আরিফ ও সুজনের বন্ধু নুরুল আমিন জানান, সুজন নবীনগর হাউজিংয়ের ১০ নম্বর রোডে থাকে। পেশায় রাজমিস্ত্রির কাজ করে সে। তার বাবার নাম রুহুল আমিন।

    নুরুল আমিন আরও জানান, আজ সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা নুর আলম তাদের একটি প্রোগ্রামে যাওয়ার দাওয়াত দেন। এ জন্য তারা ১০–১২ জন তরুণ–কিশোর বন্ধু মিলে নবোদয় হাউজিং লোহার গেট এলাকায় যায়। সেখানে মিছিল করে একটি পিকআপ ভ্যানে ওঠে তারা। এর পরপরই কারা যেন পিকআপ ভ্যানে ঢিল ছুড়তে থাকে। এ সময় পিকআপ থেকে সবাই তাড়াহুড়ো করে নামতে শুরু করে। চালক পিকআপভ্যানটিও পেছনের দিকে চালাতে থাকেন। এ সময় কয়েকজন পড়ে গেলে পিকআপটি সুজন ও আরেক কিশোরের ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যায়। গুরুতর অবস্থায় সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সুজনের মৃত্যু হয়।

    এদিকে নিহত আরিফের ভাই আলাউদ্দিন বলেন, ‘আমার ভাইকে হত্যা করা হয়েছে। আরিফ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের কোনো কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিল।’ ময়নাতদন্তের জন্য আরিফের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর। তিনি বলেন, আরিফ প্রিন্টিংয়ের কাজ করে। তার বাবার নাম মো. ফারুক হোসেন। ভোলা জেলার লালমোহনে গ্রামের বাড়ি। ঢাকার তুরাগ হাউজিংয়ের ঢাকা উদ্যান পানির পাম্পের পাশে তার বাসা।

    সোহরাওয়ার্দী হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসক সোনিয়া আকতার বলেন, হাসপাতালে আরিফকে মৃত অবস্থায় পাওয়া যায়। ছেলেটিকে যাঁরা নিয়ে এসেছেন, তাঁরা বলেছেন, সড়ক দুর্ঘটনায় সে আহত হয়েছে। মারামারির ঘটনায় আহত ১৬ জনকে সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে ক্যাজুয়ালটি বিভাগে পাঠানো হয়েছে। অন্যরা জরুরি বিভাগে চিকিৎসাধীন।

    নিহত সুজন ও আরিফ আওয়ামী লীগের কর্মী জানিয়ে আওয়ামী লীগের নেতা সাদেক খান দাবি করেন, মাদক ব্যবসায়ীরা এই ঘটনা ঘটিয়েছে। তাদের বাধার কারণে দুজন মারা গেছে। এখানে জাহাঙ্গীর কবির নানকের লোকজন জড়িত ছিলেন না। আর ঘটনার সময় তিনি (সাদেক খান) ধানমন্ডি ৩ নম্বরে ছিলেন।

    এ ব্যাপারে জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।

  • নাশকতা এড়াতে খুলনা বিভাগে র‌্যাব’র বিশেষ নিরাপত্তা টহল

    নাশকতা এড়াতে খুলনা বিভাগে র‌্যাব’র বিশেষ নিরাপত্তা টহল

    এ.আই. অহিদ (খুলনা জেলা):

    প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী তফসীল ঘোষনা করেন। তফসীল ঘোষনার পরপরই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় খুলনা বিভাগের ০৯টি জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে খুলনা বিভাগের প্রতিটি জেলায় টহল জোরদার করেছে র‌্যাব-৬। নিরাপত্তা টহল জোরদারকৃত র‌্যাব-৬’র আওতাধীন জেলাগুলো হচ্ছে- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, মাগুরা ও নড়াইল।

    র‌্যাব-৬’র সূত্র জানান, নির্বাচনকে সামনে রেখে জনগনের জান-মালের সার্বিক নিরাপত্তা, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও নাশকতাকারীদের কর্মকান্ডের বিরুদ্ধে হুঁশিয়ারির অংশ হিসেবে র‌্যাব-৬’র খুলনা ক্যাম্প, যশোর ক্যাম্প এবং ঝিনাইদহ ক্যাম্প থেকে একযোগে বিশেষ টহল শুরু হয়েছে। এর মধ্যে খুলনা ক্যাম্প থেকে ১২টি বিশেষ মহড়া শুরু হয়ে খুলনা মহানগরী এবং অন্যান্য ক্যাম্পগুলো থেকে ১২টি মহড়া দায়িত্বপূর্ণ এলাকায় টহল অব্যাহত রেখেছে। র‌্যাব-৬’র সহকারী পরিচালক এএসপি মোঃ তোফাজ্জল হোসেন জানান, নির্বাচনকালীন সময়ে নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং যেকোন নাশকতার বিরুদ্ধে র‌্যাব-৬ সদা প্রস্তুত রয়েছে।

  • বরিশালে ডিবির মাদক মামলায় অভিযুক্ত অবৈধ কর্ম-পরিষদ ভিপি মঈন তুষারসহ ৭ জন

    বরিশালে ডিবির মাদক মামলায় অভিযুক্ত অবৈধ কর্ম-পরিষদ ভিপি মঈন তুষারসহ ৭ জন

    বরিশালের বহুল আলোচিত সমালোচিত ছাত্রলীগ নেতা মঈন তুষারের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ পেয়েছে পুলিশ। ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২ মাদক বিক্রেতা গোয়েন্দা পুলিশকে এমন তথ্য উপাত্ত দিয়েছে।
    এই ঘটনায় বরিশাল বিএম কলেজের ভিপি মঈন তুষারসহ ৭ জনকে অভিযুক্ত করে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

    তবে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ বলছে- বুধবার নগরীর ২১ নম্বর ওয়ার্ড থেকে ২২২ বোতল ফেন্সিডিলসহ মুশফিকুল হাসান মাসুম (৩৮) এবং সবুজ ইসলাম শাহিন (৪০) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

    তাদের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত ভিপি মঈন তুষারসহ আরও ৫ মাদক ব্যবসায়ির পরিচয় পাওয়া গেছে।

     বাকি চারজন হলেন- শহরের গোরস্থান রোডের বাসিন্দা শাহরিয়ার সাচিপ রাজিব, জিয়া সড়ক এলাকার আদনান আলম বাবু, বিএন খান কলেজের শিক্ষক মো. হারুন খান এবং রাজশাহীর আছমত খান।

    আলোচিত এই মামলার বাদী গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিষ পাল বলছেন- মুশফিকুল হাসান মাসুম এবং সবুজ ইসলাম শাহিনকে জিজ্ঞাসাবাদে ভিপি তুষারসহ আরও ৫ জনের নাম প্রকাশ করেছে। যে কারণে তাদেরসহ মোট সাতজনকে অভিযুক্ত করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

    সেই মামলায় গ্রেপ্তার দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে পলাতক ভিপি মঈন তুষারসহ বাকি ৫জনকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

    এক সময়ের প্রভাবশালী ছাত্রলীগ নেতা মঈন তুষার সাবেক সিটি মেয়র আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরনের অনুসারী। কিন্তু হিরনের মৃত্যুর পরে, তিনি রাজনীতি ছেড়ে ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পরেন এবং নিজেকে গুটিয়ে ফেলেন।

    মঈন তুষার অভিযোগ করেছেন- রাজনৈতিক ভাবে হয়রানিতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ এখন পুলিশকে ব্যবহার করে ফায়দা লুটতে চাইছে। যার অংশ হিসেবে মাদক সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।