Category: প্রশাসন

  • বরিশাল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপন বিষয়ে প্রশিক্ষণ প্রদান

    বরিশাল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপন বিষয়ে প্রশিক্ষণ প্রদান

    অদ্য ১৭-০৮-২০২১ খ্রিঃ মঙ্গলবার জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম, পুলিশ সুপার বরিশাল মহোদয়ের উদ্যোগে বরিশাল জেলা পুলিশ লাইনস্ ড্রিল শেডে পুলিশের ভবনসমূহে অগ্নি নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বরিশাল জেলা ফায়ার সার্ভিসের সহযোগিতায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

    উক্ত মহড়ায় বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ ফরহাদ সরদার। এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আগুন লাগলে আমরা অনেকেই জানিনা ঠিক কি করা উচিত। আবার আগুন লাগলে করণীয় কাজ গুলো জানলেও অনেকেই ঘাবড়ে যাওয়ার কারণে কিংবা ভয় পেয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। হঠাৎ আগুন লাগলে তাৎক্ষণিক কিছু কৌশল অবলম্বন করে আমরা বেঁচে যেতে পারি বা ক্ষতির পরিমাণ কমাতে পারি। তিনি ফায়ার সার্ভিসের অকুতোভয় সদস্যদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

    এ সময় বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা উপস্থিত পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করেন। যার মাধ্যমে পুলিশ সদস্যরা মাঠ পর্যায়ে জনগণকে অগ্নিনির্বাপক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    উক্ত অনুষ্ঠানে বরিশাল জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদায়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বরিশাল জেলা পুলিশের জুলাই-২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    বরিশাল জেলা পুলিশের জুলাই-২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    অদ্য ১১-০৮-২০২১ খ্রিঃ বুধবার দুপুর ১২.৩০ ঘটিকায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বরিশাল জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের পক্ষে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ শাহজাহান হোসেন এর সভাপতিত্বে জুলাই-২১ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জুলাই-২০২১ মাসের গুরুত্বপূর্ণ মামলাসমূহের রহস্য উদঘাটন ও তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ জুলাই-২০২১খ্রিঃ মাসের পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়। জেলায় আইন শৃংখলা রক্ষা এবং অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় জনাব মোঃ আলাউদ্দিন (অফিসার ইনচার্জ বাকেরগঞ্জ থানা), জনাব এস এম মাকসুদুর রহমান (অফিসার ইনচার্জ মুলাদী থানা), এসআই মোঃ হারুন-অর-রশিদ (গৌরনদী থানা), এএসআই এস এম আসাদুল ইসলাম (গৌরনদী থানা) গণকেসম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করে সবাইকে ভবিষ্যতে আরো ভাল কাজ করার পরামর্শ প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল),অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (সদর),এবং অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ ।

  • বিট অফিসার হবেন তার এলাকার মানুষের সবচাইতে আপনজন; বিএমপি কমিশনার

    বিট অফিসার হবেন তার এলাকার মানুষের সবচাইতে আপনজন; বিএমপি কমিশনার

    “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”

    এই স্লোগানকে সামনে রেখে আজ রবিবার, ০৮ আগস্ট ২০২১ খ্রিঃ বেলা ১২:০৫ ঘটিকায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএমপি উত্তর বিভাগের কাউনিয়া ও এয়ারপোর্ট থানাধীন ০৭ টি বিট পুলিশিং কার্যালয় ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয়।

    গণমুখী পুলিশিং বাস্তবায়নের মাধ্যমে পুলিশি সেবাকে সহজলভ্য করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিট পুলিশিং একটি অন্যতম জনপ্রিয় ইভেন্ট উল্লেখ করে এ সময় তিনি বলেন, বিট পুলিশিং সমাজকে ভারসাম্যপূর্ণ করার মাধ্যমে নীরব বিপ্লব ঘটিয়েছে। আর এই বিট পুলিশিং কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যারা বিট কার্যালয়ের স্থাপনসহ বিট পুলিশিং বাস্তবায়নে এগিয়ে এসেছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

    বিশ্বজুড়ে চলমান মহামারীতেও যেন পুলিশি সেবা থেমে না থাকে সেই লক্ষ্যেই আইজিপি মহোদয়ের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের এই আয়োজন।

    এসময় তিনি বলেন, এটি শোকাবহ আগস্ট মাস, জাতীয় জীবনে এই মাসটি অনেক তাৎপর্যপূর্ণ। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ তার পরিবারবর্গ ও বরিশালের কৃতি সন্তান শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি।

    এ সময় বিভিন্ন বিট কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত সংশ্লিষ্ট এলাকার বিট অফিসার, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দগন বিট পুলিশিং সংক্রান্তে তাদের বিভিন্ন অভিমত তুলে ধরেন।

    এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এ্যান্ড প্রসিকিউশন জনাব এনামুল হক বলেন, বিট অফিসার হবে আপনাদের এলাকার সন্তানের মত। আপনাদের ঘরের ছেলে যেমনি আপনাদের পরিবারের সব কিছু জানতে পারে, তেমনি বিট অফিসারকেও আপনাদের ভাল-মন্দ সবকিছু জানতে হবে। বিট পুলিশিং এর বিষয়ে আপনাদের আন্তরিকতা ও সহযোগিতা দেখে আমরা সত্যি আশান্বিত।

    এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জনাব এস.এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার উত্তর এন্ড গোয়েন্দা শাখা জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব রাসেল, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব মাসুদ রানা, সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • পরীমনির সঙ্গে প্রেম : ডিবি থেকে সরিয়ে দেয়া হচ্ছে শিথিলকে

    পরীমনির সঙ্গে প্রেম : ডিবি থেকে সরিয়ে দেয়া হচ্ছে শিথিলকে

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্কে’ জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সিদ্ধান্তে তাকে ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনারের (এডিসি) দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

    শনিবার (৭ আগস্ট) দুপুরে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে সকালে মালিবাগের সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ওমর ফারুক বলেন, ‘ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের অনৈতিক সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি।’

    তিনি বলেন, ‘৬ আগস্ট আমরা মামলার ডকেট বুঝে পেয়েছি, আসামির হেফাজতও বুঝে পেয়েছি।

    আসামিদের মধ্যে পরীমনি, মডেল মৌ, পিয়াসা ও নজরুল ইসলাম রাজ বর্তমানে সিআইডির হেফাজতে রয়েছে।

    তবে হেলেনা জাহাঙ্গীর ও মিশু হাসান বর্তমানে আমাদের হেফাজতে নেই। তারা অন্য মামলার তদন্তে ডিএমপির হেফাজতে।’

    পরীমনি এখন আসামি। তবে এর আগে অন্য একটা মামলায় তিনি বাদী ছিলেন। ঘটনাক্রমে একজন মামলার বাদীর সঙ্গে মামলার সুপারভাইজারের (তত্ত্বাবধায়ক) অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ তদন্তে উঠে আসবে কি-না—সাংবাদিকদের এমন প্রশ্নে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ‘অবশ্যই উঠে আসবে। আমরা সুষ্ঠুভাবে তদন্ত করব।

    সেই কারণে মামলা এবং আসামি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মাধ্যম ও গণমাধ্যমে যা প্রকাশ পাবে, সেই বিষয়গুলোও তদন্তের সময় জিজ্ঞাসাবাদ করা হবে।’

    সিআইডির অতিরিক্ত ডিআইজি বলেন, ‘সবেমাত্র আমরা তদন্ত শুরু করেছি। সুতরাং এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে বেশি কিছু বলা মুশকিল। সিআইডিতে যেকোনো তদন্তই পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়।’

    ‘আমাদের ফরেনসিক ল্যাব, কেমিক্যাল ল্যাব, ডিএনএ ল্যাব ও আইটি ফরেনসিক ল্যাব রয়েছে। আমরা মামলার তদন্ত সুষ্ঠুভাবে করতে চাই।

    এর জন্য তদন্ত কার্যক্রমে আমাদের সময় লাগবে। ইতোমধ্যে সিআইডির হেফাজতে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে’ যোগ করেন তিনি।

    পরীমনির অপর্কমের অভিযোগগুলোর সঙ্গে প্রভাবশালীরাও জড়িত, এ প্রসঙ্গে শেখ ওমর ফারুক বলেন, ‘অবশ্যই, যদি প্রভাবশালী কেউ জড়িত থাকে। তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

  • “সঠিক তরিকায় শতভাগ মাস্ক পরিধানই হতে পারে মহামারী মুক্তির প্রথম সোপান। ” পুলিশ কমিশনার বিএমপি

    “সঠিক তরিকায় শতভাগ মাস্ক পরিধানই হতে পারে মহামারী মুক্তির প্রথম সোপান। ” পুলিশ কমিশনার বিএমপি

    ০৬ আগস্ট ২০২১ খ্রিঃ মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় কোতোয়ালি মডেল থানাধীন কালু খান বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে স্বাস্থ্যবিধি পালন ও বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

    তিনি বলেন, একশত বছর ঘুরে পৃথিবীতে একেক রুপ নিয়ে মহামারি এসেছে, এটা একপ্রকার বৈশ্বিক মহামারি। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে পারলে এই মহামারী মোকাবেলা করা সহজ।

    আমরা করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনতে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা বাস্তবায়নে প্রায়ই মসজিদে এসে থাকি।হাদিসে আছে মহামারিতে স্থান পরিবর্তন না করে স্বাস্থ্য সুরক্ষা বিধি রক্ষার্থে আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব রয়েছে। আমরা যদি নিয়মিতভাবে মাস্ক পরিধান না করে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলি, তবে এই পাপের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে।

    প্রতিদিনই আমাদের চারপাশ থেকে পরিচিত কেউ না কেউ মারা যাচ্ছে, তাই করোনাভাইরাস এর সংক্রমণ থেকে দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। এই মুহূর্তে তরীকা মোতাবেক মাস্ক পরিধান হলো মহামারি মুক্তির প্রথম সোপান। তাই আমরা যদি মাস্ক পরাকে আমাদের অভ্যেসে পরিণত করি, কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজড করি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং অপরকে মাস্ক পরতে বাধ্য করতে পারি, তাহলে করোনার ভয়াল ছোবল থেকে আমরা দেশ ও জাতিকে অনেকাংশেই সুরক্ষিত রেখে অল্প সময়ে এই মহামারী পরিস্থিতি মোকাবেলা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো।

    তিনি আরও বলেন, প্রয়োজন ব্যতীত ঘরে থাকার পাশাপাশি পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নানামুখী পদক্ষেপ যেমন- বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ওপেন হাউজ ডে সহ সকল কর্মকাণ্ডে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সম্পৃক্ত থেকে আমাদের সহায়তা করুন।

  • ছিনতাই নাটক সাজা‌তে ‌নি‌জে‌কে নি‌জে কে‌টেও রক্ষা হ‌লো না নগদকর্মীর

    ছিনতাই নাটক সাজা‌তে ‌নি‌জে‌কে নি‌জে কে‌টেও রক্ষা হ‌লো না নগদকর্মীর

    বাকেরগঞ্জের নুরুল্লা মুমেন, দেনার দায়ে জর্জরিত হয়ে কোন উপায়ন্তর না দেখে প্রায় ৮ মাস পূর্বে ২০২০ এর নভেম্বরে চাকরি নেন বরিশাল ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর “জি টু কনসোর্টিয়াম” এর ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) হিসেবে। ভেবেছিলেন চাকরি করে পাওনা টাকা পরিশোধ করবেন কিন্তু চাকরি নেওয়ার পর বেতনের টাকায় নিজের থাকা-খাওয়ার পর অবশিষ্ট যা থাকে তা দিয়ে পাওনা পরিশোধ করতে না পারায় তারমধ্যে তৈরি হয় এক ধরনের হতাশা।

    এমতাবস্থায় মরার উপর খাড়ার ঘা হয়ে পড়েন ছিনতাইয়ের কবলে। ১৮-০৭-২১ খ্রিঃ বরিশাল শহরের বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর টাকা কালেকশন করার সময় আনুমানিক রাত ৮ ঘটিকায় নগরির বৈদ্য পাড়ায় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে ছিনতাই করে নেয় মার্কেট থেকে সংগৃহীত নগদ প্রায় ৮ লক্ষ টাকা।

    সংবাদ পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেন কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঘটনাস্থল ও ক্রাইমসিন পর্যালোচনা, ভিকটিম নুরুল্লাহ মোমেনের দেওয়া ছিনতাইয়ের ঘটনার বিবরন, ভিকটিমের শরিরের আঘাতের ধরন, ভিকটিম যেই পথে চলাচল করেছে সে সমস্ত পয়েন্টে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পূর্বে স্থাপিত সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পুলিশের কাছে ঘটনাটি বেশ রহস্যজনক মনে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার একটি চৌকস টিম ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভিকটিম নুরুল্লাহ মোমেন স্বীকার করেন যে আসলে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন নি, আর তার সাথে কোন ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। মূলত তিনি নিজেই তার ডান হাতের বাহুতে ব্লেড দিয়ে পোচ দিয়ে নিজেকে রক্তাক্ত করে ছিনতাইয়ের ঘটনা সাজিয়েছেন।

    চাকুরীতে ঢোকার পূর্বেই অভিযুক্ত( কথিত ভিকটিম) তার এলাকার বিভিন্ন মানুসের কাছ থেকে ধার করা প্রায় ১ লক্ষ ৭৬ হাজার টাকা তিনি চাকরিতে ঢোকার পর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর “জি টু কনসোর্টিয়াম” এর মার্কেট থেকে বিভিন্ন সময় ধীরে ধীরে সরিয়ে পাওনাদারদের পাওনা পরিশোধ করেছেন।

    অপরদিকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর “জি টু কনসোর্টিয়ামে এই ১ লক্ষ ৭৬ হাজার টাকার হিসাব বোঝানোর জন্যই তিনি এই ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন। এই ১ লক্ষ ৭৬ হাজার টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভিকটিম যখন তার অফিসের অপর ডিএসও হাফিজের মোবাইল ফোন দিয়ে ম্যানেজার সেলিম খানকে ঘটনা জানান তখন ম্যানেজার সেলিম খান তাকে ১ লক্ষ ৭৬ হাজার টাকার পরিবর্তে টাকার অংক বাড়িয়ে ৮ লক্ষ টাকা বলতে বলেন।

    তাৎক্ষণিক পুলিশ অভিযুক্ত (কথিত ভিকটিম) নুরুল্লাহ মোমেন, পিতা- রুহুল আমিন, মাতা- আমেনা বেগম বিউটি, সাং- মধ্য নিয়ামতি ( টহরকোলা হাওলাদার বাড়ী), থানা বাকেরগঞ্জ, জিলা- বরিশাল কে সাথে নিয়ে তার বের করে দেওয়া মতে কোতোয়ালি মডেল থানাধীন বৈদ্যপাড়া রাস্তার পাশের জঙ্গল থেকে একটি Gillette Wilkinson sword ব্লেড যা দিয়ে সে তার হাতে পোচ দিয়ে নিজেকে রক্তাক্ত করেছে ও একটি কালো রঙের ব্যাগ উদ্ধার করেন।

    ব‌রিশাল মে‌ট্টোপ‌লিটন পু‌লি‌শের একটি চৌকস টিমের পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টায় একটি সাজানো ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচিত হয়। অভিযুক্ত নুরুল্লা মুমেনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    *মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স*
    *বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স*

  • স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করে ঈদ আনন্দ ভাগাভাগি করার আহ্বান। ” পুলিশ কমিশনার বিএমপি

    স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করে ঈদ আনন্দ ভাগাভাগি করার আহ্বান। ” পুলিশ কমিশনার বিএমপি

    ১৯ জুলাই ২০২১ খ্রিঃ সকাল ১২ঃ০০ ঘটিকায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    উপহার সামগ্রী বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয়।

    এসময় তিনি বলেন, ” শুধু বৈশ্বিক মহামারী চলাকালীন গণমানুষের জীবনে মানবিক বিপর্যয়েই নয় , বরিশাল মেট্রোপলিটন পুলিশ সবসময়ই সাধ্যমত সুবিধা বঞ্চিতদের পাশে সদাজাগ্রত থেকে ঈদ আনন্দ ভাগাভাগি করে আসছে।

    তারই ধারাবাহিকতায় দেশের এই বিপর্যয় মোকাবেলায়ও সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অসহায় -দুস্থদের পাশে ঈদের ট্রেডিশনাল খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি।

    এই ঈদ যেন স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আনন্দ ভাগাভাগির ঈদ হয় সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে, সকল বিত্তবান ব্যক্তি, বিভিন্ন ক্লাব-সংগঠন সহ সকলে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুস্থদের পাশে, বিশেষ করে যারা আত্মসম্মানের ভয়ে কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারে না তাদের পাশে দাড়াতে হবে।
    এসময় তিনি পাশে স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন মেনে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য প্রধান অতিথি মহোদয় আহ্বান জানান ।

    এ-সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর এন্ড গোয়েন্দা শাখা জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খাঁন মোহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • নগরীতে করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার বিএমপি

    নগরীতে করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার বিএমপি

    ১৭ জুলাই ২০২১ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় বরিশাল মহানগরীর কাকলির মোড় শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টবল হারুন অর রশিদ পুলিশ বক্সের সামনে করোনা প্রতিরোধ বুথ স্থাপন করা হয়।

    করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে এবং
    স্টেপ্স টু এসডিজিএস ও জিবিএফ এর সহযোগিতায় করোনা প্রতিরোধ বুথটি নগরীর চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত হয়েছে। স্থাপিত এই বুথ থেকে পথচারীরা হ্যান্ড স্যানিটাইজ করাসহ নির্ধারিত বুথে পুরাতন মাস্ক রেখে নতুন মাস্ক সংগ্রহ করতে পারবেন। উদ্যোগটি গ্রহণ করেছেন,#মানবতার_আহ্বানে_বরিশাল_জিলা_স্কুল_সকল_ব্যাচ।

    বৈশ্বিক মহামারীতে দেশ ও দেশের মানুষকে করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে সুরক্ষার প্রয়াসে বরাবরের মতো সৃজনশীল মহতী উদ্যোগের জন্য বরিশাল জিলা স্কুলের সকল ব্যাচের শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়ে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার মহোদয় বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা যদি এভাবে যার যার অবস্থান থেকে নিজেরা সাহায্যের হাত বাড়িয়ে দেই, সমাজের অসহায় ও দুস্থদের পাশে দাড়াই, বিশেষ করে যারা আত্মসম্মানের ভয়ে কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারে না তাদের পাশে দাড়ানোর পাশাপাশি আমরা যদি মাস্ক পরাকে অভ্যেসে পরিণত করি, কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজড করি, সামাজিক দূরত্ব বজায় রাখি তবে আল্লাহর অশেষ রহমতে অচিরেই আমরা এই মহামারী থেকে মুক্তি পাবো।

    “মানবতার আহ্বানে বরিশাল জিলা স্কুল সকল ব্যাচ’র ” মূখ্য সমন্বয়ক জনাব মোঃ দিপু হাফিজুর রহমান জানান , আমরা বৈশ্বিক মহামারির শুরু থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ সহ নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছি, আপাততঃ পরীক্ষামূলকভাবে চারটি করোনা প্রতিরোধ বুথ স্থাপন করা হলেও পর্যায়ক্রমে, চাহিদা অনুযায়ী বরিশাল শহরের বিভিন্ন পয়েন্টে এ ধরনের করোনা প্রতিরোধ বুথ স্থাপন করা হবে।

    এ-সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা জনাব শারমিন সুলতানা রাখি, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব মাসুদ রানা, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা, জনাব নূরুল ইসলাম পিপিএম, “মানবতার আহ্বানে বরিশাল জিলা স্কুল সকল ব্যাচ” জনাব মোঃ আজিজ রহমান, স্টেপ্স টু এসডিজিএস এর জনাব আকিব, জনাব অর্ণব, জনাব জাবেদ সহ বরিশাল জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

  • পশুর হাট পরিদর্শন করলেন বিএমপি কমিশনার

    পশুর হাট পরিদর্শন করলেন বিএমপি কমিশনার

    মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় অদ্য ১৮ জুলাই ২০২১ খ্রিঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন-এর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিতব্য পশুর হাট পরিদর্শন করেন ।

    এসময় কুরবানী পশু হাঁটের সংশ্লিষ্ট ইজারাদার ও ব্যবসায়ীদের সাথে শারীরিক দূরত্ব, স্বাস্থ্য সুরক্ষা বিধি তথা শৃঙ্খলা বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক মতবিনিময় করেন।

    এসময়ে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • চলে গেলেন সাবেক আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকী

    চলে গেলেন সাবেক আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকী

    বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি‌ ও সচিব এ. ওয়াই. বি. আই. সিদ্দিকী (৭৬) ক্যান্সারে আক্রান্ত হয়ে গতরাত (১৭ জুলাই) ০১.০৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া———-রাজিউন)।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

    জনাব সিদ্দিকী ১৯৪৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ থেকে ০৭ জুন ২০০০ সাল পর্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সাথে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    মরহুমের প্রথম জানাযা আজ (১৮ জুলাই) সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, সাবেক পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

    জানাযা শেষে একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করেন।

    পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন নেতৃবৃন্দও পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।

    জানাযা শেষে বাংলাদেশ পুলিশের ব্যাবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঠানো হয়েছে। সেখানে আজ (১৮ জুলাই) বাদ আছর দক্ষিণ রহমতনগর মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    আইজিপির শোক

    সাবেক আইজিপি ও সচিব এ. ওয়াই. বি. আই. সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

    আইজিপি আজ এক শোকবার্তায় বলেন, জনাব এ. ওয়াই. বি. আই. সিদ্দিকী একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন। আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশ ও জনগণের কল্যাণ এবং বাংলাদেশ পুলিশের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি বাংলাদেশ পুলিশের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

    আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।