Category: প্রশাসন

  • বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১০

    বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১০

    বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা-গাঁজা ও গাঁজাগাছসহ অন্তত ১০ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতের এই পৃথক অভিযানে বাবুগঞ্জ পুলিশ স্থানীয় রাকুদিয়া নামক গ্রাম থেকে ১২টি গাঁজা গাছসহ আল আমিন (৩৫) ও সিংহেরকাঠি এলাকা থেকে ইউসুফ আলী (৩০) নামের অপর ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ।

    একই রাতে বরিশাল শহরের রুপাতলী আদর্শ সড়ক থেকে সাইফুল ইসলামসহ তিনজনকে এককেজি গাঁজা ও লালাদিঘির পাড়ে অভিযান চালিয়ে আরও কেজি গাঁজা উদ্ধার ও বিক্রেতা কাসেমসহ চারজন গ্রেপ্তার করে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানিয়েছেন।

    অন্যদিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুরের মোল্লারহাটে র‌্যাবের অভিযানে ৪৬০ গ্রাম গাঁজাসহ রুস্তম শিকদার নামের এক মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে।’

  • বরিশাল নগরীতে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশাল নগরীতে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশাল নগরীর চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে বিশুদ্ধ খাদ্য ও পরিবেশ আদালতের বিশেষ ও মেট্রোপলিটন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ৬৫ হাজার টাকা জরিমানা করেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়- মেয়াদোত্তীর্ণ ও পঁচা-বাসি খাবার রাখার অপরাধে নগরীর বনফুল বেকারীকে ১০ হাজার টাকা, ওয়েস্টার্ন ফুডকে ৩০ হাজার, চৌমাথা এলাকার লেক ভিউ রেস্তোরাঁকে ২০ হাজার এবং ঢাকা সর্মা হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ ভ্রাম্যমাণ আদালত অভিযানে সহযোগিতা করেছেন র‌্যাবের একটি টিম।

  • বরিশালে মিলেছে ভয়ানক প্রতারক চক্রের সন্ধান, নারীসহ গ্রেপ্তার ১০

    বরিশালে মিলেছে ভয়ানক প্রতারক চক্রের সন্ধান, নারীসহ গ্রেপ্তার ১০

    বরিশালে মিলছে একটি গ্রুপভিত্তিক ভয়ানক প্রতারক চক্রের সন্ধান। চক্রটি সুন্দরী তরুণীদের ব্যবহার করে সমাজের উচ্চবিত্তদের প্রেমের ফাঁদে ফেলে। এবং শারীরিক সম্পর্কের প্রলোভনে আবাসিক বাসায় নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ শেষে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব কেড়ে নেয়। সম্প্রতি বরিশাল শহরের বগুড়া রোডের বাসিন্দা পেশায় ঠিকাদার এক যুবক তাদের প্রতারণার শিকার হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে একটি অভিযোগ করেন। মূলত সেই অভিযোগের সূত্র ধরে মঙ্গলবার দিনভর ডিবি পুলিশের বিশেষ একটি টিম অভিযান চালিয়ে এই চক্রের শেকড় খুঁজে পায়। এবং চক্রের মূলহোতা ৫ নারীসহ অন্তত ১০ জনকে গ্রেপ্তারেও সফলতা আসে। তবে এ চক্রের সাথে বরিশাল সরকারি ব্রজমোনহন (বিএম) কলেজছাত্রীসহ আরও অন্তত ৩০ জনের বেশি জড়িত, অনুমান।

    ডিবি পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে- ভয়ানক এই চক্রের কোন এক তরুণী সদস্য ধনকুবের ব্যক্তিকে টার্গেট করে তার সাথে প্রথমে মুঠোফোনে কথা বলা শুরু করে। ধীরে ধীরে তাদের মাঝে সম্পর্ক গভীর হলে একপর্যায়ে সুন্দরী তরুণীর প্রস্তাবে উভয়ের মাঝে দেখা সাক্ষাত হয়। পরে ব্যক্তিকে অন্তরঙ্গ সময় কাটানোর প্রস্তাব দিয়ে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট কোন একটি আবাসিক ভবনে। মুলত সেখানে নেওয়ার পরে ওই ব্যক্তিকে শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে বিবস্ত্র করলে তরুণী সঙ্গী দুজন পুরুষ এসে নিয়ে ডিবি পরিচয় দিয়ে তাকে গ্রেপ্তার হুমকি দেয় এবং ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে অর্থসহ সর্বস্ব কেড়ে নিয়ে তাকে মুক্তি দেয়।

    অভিন্ন তথ্য দিয়ে ডিবি পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বগুড়া রোডের বাসিন্দা সোহেল আল মাসুদের ক্ষেত্রেও একই ধরণের প্রতারণা হয়েছে। বিএম কলেজের অনার্স চতুর্থ বর্ষের এক ছাত্রী মুঠোফোনে ঘনিষ্ট হলে দীর্ঘদিনের আলাপচারিতায় তাদের মাঝে হৃদয়ঘটিত সম্পর্ক হয়। ওই ছাত্রী মঙ্গলবার সকালে শহরের কালিবাড়ি রোডে সরকারি বরিশাল কলেজের সামনে দেখা করে এবং কলেজছাত্রী তার স্বজনের বাসায় মাসুদের সাথে অন্তরঙ্গ সময় কাটানোর প্রস্তাব দিয়ে নিয়ে যায়। শহরের ১৮ নম্বর ওয়ার্ডের চ্যাটার্জী লেনের লাবু মিয়ার ভাড়াটিয়া বাসায় নিয়ে ঠিকাদারকে আটকে বিবস্ত্র করে এমন সময়ে প্রতারক চক্রের দুই সদস্য জাকির ও মামুন ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে মারধরের একপর্যায়ে বিবস্ত্র শরীর ভিডিও করে। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ঠিকাদারের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা ও পরবর্তীতে বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতারণার শিকার মাসুদ পুরো ঘটনাটি উল্লেখ করে ওইদিন পুলিশ কমিশনারের কাছে একটি অভিযোগ করলে তাদের ধরতে মাঠে নেমে সফলতা পায় ডিবি পুলিশ।

    অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি জানান, মঙ্গলবার দিনভর শহরের বিভিন্ন আবাসিক ভবনে হানা দিয়ে চক্রটির মুলহোতা খুশি বেগমকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে চক্রের অপরাপর সদস্য জাকির হোসেন ও তার স্ত্রী মঞ্জুয়ারা মনি, মকবুল হোসেন ও তার স্ত্রী লিজা বেগম, মামুন বায়াতী, সেলিম হাওলাদার, আরিফুর রহমান তালুকদার, ফারজানা আক্তার ঝুমুর এবং আশা আক্তারকেও গ্রেপ্তারে সফলতা আসে। তবে এ চক্রের সাথে বিএম কলেজ পড়–য়া নারী শিক্ষার্থীসহ আরও অন্তত ৩০ জনের বেশি জড়িত রয়েছে। এখন তাদেরকেও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

    এর আগে বুধবার অপরাহ্নে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুরো ঘটনাটি বর্ণনা করেন নগর বিশেষ শাখার উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।’

  • ঝালকাঠিতে ইয়াবাসহ গ্রেফতার এক যুবলীগকর্মী

    ঝালকাঠিতে ইয়াবাসহ গ্রেফতার এক যুবলীগকর্মী

    ঝালকাঠিতে ২২ পিস ইয়াবাসহ যুবলীগকর্মী মাদক ব্যবসায়ী মারিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি। পুলিশ জানায়, মারিয়াজ ইতিপূর্বেও মাদকসহ আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। যুবলীগ কর্মীর পরিচয়ের আড়ালে তিনি এ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

    একটি সূত্র জানিয়েছে, মারিয়াজের সঙ্গে মাদক ব্যাবসায় কয়েকজন যুবলীগের নেতা ও কর্মী প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে। এমনকি প্রায় সময়ই মারিয়াজের এলাকায় যুবলীগের লোকজনকে গোপন বৈঠক করতে দেখা গেছে।

    সুত্র জানায়, কিছুদিন আগে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ যুবলীগ নেতা মিলন আটক হন।সেই মিলনের সহযোগী ছিলেন মারিয়াজ।

    এ ব্যাপারে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান জানান, আটক মারিয়াজের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

  • বরিশালে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি ঠেকাতে মাঠে প্রশাসন

    বরিশালে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি ঠেকাতে মাঠে প্রশাসন

    বরিশালে অতিরিক্ত মুল্যে মাস্ক বিক্রি ঠেকাতে মাঠে নেমেছে প্রশাসন। শহরের ব্যবসাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দিনভর অভিযান চালিয়েছেন। এসময় অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি অপরাধে অন্তত চার দোকানিকে জরিমানাও করেন। ২০/৩০ টাকা মুল্যের মাস্ক দাম বাড়িয়ে তারা ১৫০/২০০ টাকা মূল্যে বিক্রি করছিল।

    জেলা প্রশাসন সূত্র জানায়- মরণঘাতি করোনাভাইরাস বাংলাদেশেও বিস্তার লাভ করেছে এমন সংবাদ ছড়িয়ে শহরের চকবাজারসহ আশপাশের ব্যবসায়ীরা সম্প্রতি মাস্ক অতিরিক্ত মূল্যে বিক্রি শুরু করলে বিষয়টি জেলা প্রশাসককে অভিযোগ আকারে অবহিত করে। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত চকবাজারের বিক্রিয় কেন্দ্রগুলোতে হানা দেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়- প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির প্রমাণ মিললে নগরীর ফলপট্টি এলাকার ২ দোকানিকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা, মহসীন মার্কেটের ১ দোকানিকে ২০ হাজার টাকা এবং জেলা পরিষদ মার্কেটের একটি দোকানে ৫ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন। এবং অপরাপর ব্যবসাপ্রতিষ্ঠান মালিকদের করোনাকে পুঁজি করে মাস্ক বাণিজ্য সম্পূর্ণরুপে বন্ধ রাখার হুঁশিয়ারি দেন।

    এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, অভিযোগের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় চার দোকানিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

  • জনবান্ধব কর্মকাণ্ড ও কর্তব্য পালনের মাধ্যমে আত্মপ্রকাশ করতে চাই : পুলিশ কমিশনার

    জনবান্ধব কর্মকাণ্ড ও কর্তব্য পালনের মাধ্যমে আত্মপ্রকাশ করতে চাই : পুলিশ কমিশনার

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, একটি উন্নত বাংলাদেশ, মানবিক বালাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সমুন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার ব্রত নিয়ে আমাদের কাজ করতে হবে। সত্যিকার অর্থে যে আমরা জনগণের পুলিশ, তা আমরা আমাদের আচরণ, জনবান্ধব, নারী বান্ধব, শিশু বান্ধব কর্মকাণ্ড ও কর্তব্য পালনের মাধ্যমে আত্মপ্রকাশ করতে চাই।

    পুলিশ কমিশনার বলেন, ঐতিহাসিক ভাবেই মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা স্বাধিন ভূ-খন্ড পেয়েছিলাম । ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলো। এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হতে যাচ্ছে। তাই সর্বোচ্চ ন্যায়ের ভিত্তিতে দূর্ণীতিমূক্ত নিয়োগ প্রাপ্ত যে সকল পুলিশ সদস্যগণ মৌলিক প্রশিক্ষণ শেষে এই মাসে যোগদান করেছো তাঁরা সত্যি ভাগ্যবান, তোমাদের প্রতি শুভেচ্ছা রইল।

    রোববার (৮ মার্চ) পুলিশ লাইন্সে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আয়োজিত মাষ্টার প্যারেড পরিদর্শন শেষে তিনি একথা বলেন ।

    মোঃ শাহাবুদ্দিন খান বলেন, এই মাসে এই মুজিব বর্ষ উপলক্ষে আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করেছি, আমরা মুক্তিযদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে একটি সুন্দর আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষে “মুজিব বর্ষে”র অঙ্গিকার ,পুলিশ হবে জনতার “ এই স্লোগানকে সার্থক করতে আমরা আরও সততা নিষ্ঠার সাথে কাজ করে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই । আমরা চেইন অব কমান্ড তথা শৃঙ্খলার শক্তি কাজে লাগিয়ে অপরাধের বিরুদ্ধে “জিড়ো টলারেন্স “ দেখিয়ে সত্যিকারের শৃঙ্খল ,সত্যিকারের দেশপ্রেমিক , সমাজের প্রতি -দেশের প্রতি অনুগত বাহিনী হিসেবে আমরা আমাদের সেবার মান আরও বাড়াতে পারি। জনগণ যেখান থেকে সরাসরি সেবা নিয়ে থাকেন (থানা-ফাঁড়ি), সেসব যায়গায় জনদরদী মন নিয়ে, তাঁদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়ে পাশে দাঁড়াতে হবে। এভাবে নিরাপত্তার সেবা পৌঁছে দিয়ে আমরা একটি নিরাপদ বরিশাল গড়তে পারি।

    অনুষ্ঠিত মাষ্টার প্যারেড এ প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আবুল কালাম আজাদ, প্যারেড উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ফোর্স ) মোঃ মাসুদ রানা।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দপ্তর) খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড পিএমটি) রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকারিয়া রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ( এসি কোতোয়ালি) মোঃ রাসেল আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কমিউনিটি পুলিশ এন্ড বন্দর থানা) মোঃ নাসির উদ্দিন মল্লিক, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা এন্ড স্টাফ অফিসার) মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার ( ট্রান্সপোর্ট এন্ড এয়ারপোর্ট থানা) মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নরেশ কর্মকারসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • বরিশালে ছাত্রলীগ নেতাসহ চার কিশোর গ্যাং গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

    বরিশালে ছাত্রলীগ নেতাসহ চার কিশোর গ্যাং গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

    বরিশালে জনৈক এক ছাত্রলীগ নেতাসহ কিশোর গ্যাং গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার রাতে শহরের পশ্চিমপ্রান্ত কাজিপাড়া এলাকা থেকে হাফিজুর রহমান রুমি নামের ছাত্রলীগ নেতা ও তার গ্যাং গ্রুপের তিন সদস্যকেও গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহৃত বেশকিছু লোহার পাইপ উদ্ধার করে। রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব রুপাতলী অফিস কার্যালয় সূত্র এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করে।

    স্থানীয় একটি সূত্র জানায়- হাফিজুর রহমান রুমি জেলা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। সাম্প্রতিকালে শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে তাকে সংগঠনের সহ-সম্পাদক পদ থেকে বহিস্কার করে। পরে তিনি স্থানীয় একটি কিশোর গ্যাং গ্রুপ তৈরি করে নিজ এলাকা শহরের ২২ নম্বর ওয়ার্ডে আধিপত্য বিস্তার করে চলছিলেন।

    র‌্যাব অফিস সূত্রে জানা গেছে- ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান রুমি নেতৃত্বাধীন এ কিশোর গ্যাং গ্রুপটি মারপিট, ছিনতাই ও ইভটিজিংয়ের মতো নানাবিধ অপরাধে জড়িত। অতিসম্প্রতি স্থানীয় এক যুবককে চক্রটি পিটিয়ে গুরুতর আহত করে। এই ঘটনায় একটি মামলা হলে র‌্যাব তদন্ত শুরু করে। একপর্যায়ে শনিবার রাতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাবের একটি টিম ওই ছাত্রলীগ নেতা ও তার সহযোগী উজ্জল হাওলাদার (২১), মো. হৃদয় গাজী (২০) এবং মোঃ আরিফুর রহমানকে (২০) গ্রেপ্তার করে। এ সময় তাদের আস্তানায় অভিযান চালিয়ে ছুরি চাকু, লোহার পাইপ ও খেলনা পিস্তল উদ্ধার করে।

    এ ঘটনায় একটি মামলা দায়ের পরবর্তী র‌্যাব তাদের কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ নুরুল ইসলাম এ তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন।’

  • বরিশালে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, এলজিআরডি কর্মচারী গ্রেপ্তার

    বরিশালে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, এলজিআরডি কর্মচারী গ্রেপ্তার

    বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার আবাসিক হোটেল সাঁততারায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার বশির উদ্দিন হাওলাদার (৪৪) বরিশাল নগরের কাউনিয়া হাজেরা খাতুন বিদ্যলয় সংলগ্ন সড়কের ভাড়াটিয়া ও এলজিআরডি’র বরিশাল সদরের চতুর্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস) বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

    থানায় দেওয়া অভিযোগের বরাত দিয়ে হোটেল সাঁততারা’র মালিকের ছোটভাই সানাউল্লাহ চৌধুরী জানান, গত বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আটক বশির হাওলাদার নিজেকে ডিবি পুলিশের সদস্য হুমায়ুন কবির নামে পরিচয় দিয়ে হোটেলে প্রবেশ করে। এসময় তিনি হোটেলের বেশ কয়েকটি কক্ষ তল্লাশি করেন এবং হোটেল অনৈতিক কাজ করা হয় বলে অভিযোগ তোলেন। এরপর হোটেলে মালিকের ছোটভাই সানাউল্লাহ চৌধুরী ও হোটেল ম্যানেজার ইউসুফকে মারধর এবং নানানভাবে ভয়ভীতি দেখিয়ে দুই দফায় ৩২ হাজার ৫ শত টাকা নেয়। পরে ২০৪ নাম্বার কক্ষে থাকা বাচ্চাসহ এক নারীর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটানোর অভিযোগ তুলে একটি সাঁদা কাগজে মুচলেকা নেন। যেখানে আরও ১ লাখ টাকা ডিবি পুলিশের পরিচয়দানকারী ব্যক্তিকে দেয়ার কথা লেখা ছিলো।

    সানাউল্লাহ চৌধুরী জানান, এসময় ওই ব্যক্তি আমাকে ৫০ হাজার ও হোটেল ম্যানেজারের কাছ থেকে তার বাবার নম্বার নিয়ে কল দিয়ে ৫০ হাজার টাকা দেয়ার জন্য বলেন। পরবর্তীতে ওই ব্যক্তি ২০৪ নম্বার কক্ষে থাকা বাচ্চাসহ ওই নারীকে এবং ওই নারীর স্বামী পরিচয়দানকারী মাইক্রেবাসের চালক আফসারকে নিয়ে চলে যান। বিষয়টি হোটেল মালিক সোলায়মান চৌধুরীকে জানানো হলে তিনি বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেন।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. খায়রুল আলম জানান, তিনি বিষয়টি জানার পরপরই হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষন করে এর সত্যতা পান। পরবর্তীতে এয়ারপোর্ট থানাকে মামলা নিতে বলেন এবং ঘটনার তদন্তসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেই। এরপর বিষয়টি নিয়ে এডিসি (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে উত্তর জোনের আওতায় এয়ারপোর্ট ও কাউনিয়া থানা পুলিশের সদস্যরা অভিযানে নামেন। অভিযানের আগে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ থেকে অভিযুক্তর ছবি ও নানান মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে রোববার (০১ মার্চ) ভোরে কাউনিয়া এলাকা থেকে বশির উদ্দিন হাওলাদারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বেশ কিছু তথ্য দিয়েছে এবং তার পরিচয় হিসেবে এলজিআরডি’র বরিশাল সদর অফিসে এমএলএসএস পদে কর্মরত রয়েছে বলে জানিয়েছেন।

    তিনি বলেন- এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তারকৃতর কাছ থেকে ডিবি লেখা একটি জ্যাকেট ও হোটেল মালিকের ভাইয়ের কাছ থেকে নেওয়া সাদা কাগজের মুচলেকাটি উদ্ধার করা হয়েছে।’

  • বরিশালে আলোচনা সভার মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

    বরিশালে আলোচনা সভার মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

    স্টাফ রিপোর্টার//মিতু আক্তার:

    মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’-শ্লোগান নিয়ে বরিশালে চতুর্থ পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ উপলক্ষে আলোচনা সভা এবং কর্মরত অবস্থায় নিহত ২৫ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা দেয়া হয়েছে।

    আজ বরিবার সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ লাইনস অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।

    জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও বরিশাল ১০ম আমর্ড ব্যাটালিয়নের অধিনায়ক আবু নাছের মো. খালেদ।
    সভার শেষ পর্যায়ে কর্মরত অবস্থায় নিহত বরিশালের ২৫ পুলিশ সদস্যদের স্বজনদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে নিহত পুলিশ সদস্যদের স্মরনে পুষ্পার্ঘ্য অপর্ণ এবং তাদের রুহের শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • বরিশালে পাচারকালে ৫০ মণ জাটকা উদ্ধার

    বরিশালে পাচারকালে ৫০ মণ জাটকা উদ্ধার

    বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সন্ধ্যারাতে কোস্টগার্ড বরিশাল স্টেশনের একটি টিমের অভিযানে উদ্ধার এ জাটকাগুলো শহরের বিভিন্ন মাদ্রাসা ও মন্দিরে বিতরণ করা হয়েছে। তবে জাটকা পাচারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    বরিশাল মৎস্য অফিস সূত্র জানায়- ভোলা থেকে বিপুল পরিমাণ জাটকা ইলিশ ট্রলারযোগে বরিশালে পাচার হচ্ছে এমন খবরে কোস্টগার্ডের একটি টিম কালাবদর নদীতে অবস্থান নেয়। সন্ধ্যার দিকে ট্রলারটি আসে এবং দুর থেকে কোস্টগার্ড সদস্যদের অবস্থান লক্ষ্য করে পাচারে জড়িতরা পালিয়ে যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা ট্রলারভর্তি জাটকা ইলিশ উদ্ধার করে বরিশালে নিয়ে আসে। পরে উদ্ধার জাটকাগুলো জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নগরীর বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিতরণ করা হয়।

    এ তথ্য নিশ্চিত করে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, পাচারকারীদের আটক না করা গেলেও জাটকা সরবরাহের কাজে নিয়োজিত ট্রলারটি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।’