Category: প্রশাসন

  • বরিশালে স্ত্রী নির্যাতন মামলায় এএসআই জেলহাজতে

    বরিশালে স্ত্রী নির্যাতন মামলায় এএসআই জেলহাজতে

    যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) কারাগারে পাঠিয়েছেন আদালত। ইসা খান নামের এই পুলিশ কর্মকর্তা ভোলা পুলিশ লাইনসে কর্মরত।

    বৃহস্পতিবার ইসা খান বরিশালের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. আবু শামীম আজাদ আবেদন নামঞ্জুর তাঁকে কারাগারে পাঠান।

    আদালত সূত্র জানায়- ২০১৭ সালের ২১ অক্টোবর পারিবারিকভাবে শাহনাজ আফরোজের সঙ্গে পটুয়াখালীর মোহাকাঠি গ্রামের ইসা খানের বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকার ছাড়াও ইসাকে মোটরসাইকেল কেনার জন্য নগদ আড়াই লাখ টাকা দেয় শাহনাজের পরিবার। সাত মাস ভালোই চলছিল তাঁদের দাম্পত্য জীবন। এর মধ্যে সন্তান সম্ভবা হন শাহনাজ আফরোজ। ওই সময় ইসা খান আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। শাহনাজের পরিবারের লোকজন টাকা দিতে অস্বীকৃতি জানালে শাহনাজকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়।

    পরবর্তীতে ২০১৮ সালের ৯ নভেম্বর বরিশাল পুলিশ লাইনসে ইসা খানের বাসভবনে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা হলে তাও ব্যর্থ হয়। সেখানে বসে পুনরায় মারধর করায় শাহনাজের গর্ভপাত ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলে শাহনাজকে নিয়ে সংসার করার কথা বলে অভিযোগ তুলে নেওয়ায় ইসা।

    সর্বশেষ গত বছরের ১০ আগস্ট অসুস্থতার জন্য শাহনাজ তাঁর ভাইয়ের বাসায় গেলে সেখানে গিয়ে পুনরায় যৌতুকের দাবিতে তাঁকে মারধর করেন ইসা। পুনরায় মীমাংসার চেষ্টা করলে রাজি না হওয়ায় গত ১ জানুয়ারি স্বামী ও তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে মামলা করেন শাহনাজ।

    ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ইসা খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

  • বরিশালে মাদক মামলায় ১ ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

    বরিশালে মাদক মামলায় ১ ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

    মাদক মামলায় ঝালকাঠির মো. রুবেল হাওলাদারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা দণ্ডে দণ্ডিত করা হয়েছে। গতকাল বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের জজ কে এম শহীদ আহম্মেদ ওই রায় দেন।

    মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সনের ১ আগস্ট বরিশাল জেলার বানারীপাড়া রোডস্থ ঝালকাঠি রাস্তার পশ্চিম পাড়ে জনৈক হিরিু খা’র পুকুরের দক্ষিণ পাশে পুকুরের পাকা ঘাটের উপর দাঁড়ানো আসামির ডান পকেট থেকে ৪৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    মামলার বাদী র‌্যাব-৮ এর ডিএডি মামুনুর রশিদ ঘটনার দিনই বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৬ সনের ৩১ আগস্ট মামলার চার্জশিট দেন বানারীপাড়া থানার এসআই মোঃ জসিম উদ্দিন।

    আদালতে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ঝালকাঠির বীরঙ্গল গ্রামের মোঃ কামাল হাওলাদার এর ছেলে মোঃ রুবেল হাওলাদার (৩০) কে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার দণ্ডে দণ্ডিত করা হয়েছে।

  • বরিশালে খুনসহ একাধিক মামলার ২ পলাতক আসামী গ্রেপ্তার

    বরিশালে খুনসহ একাধিক মামলার ২ পলাতক আসামী গ্রেপ্তার

    বরিশালে খুনসহ একাধিক মামলা পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর-খাজুরিয়া গ্রামে র‌্যাবের একটি টিম হানা দিয়ে নান্নু দেওয়ান (৩২) এবং জলিল দেওয়ানকে (৩০) গ্রেপ্তারে সফল পায়। সোমবার সকালে বরিশাল র‌্যাব রুপাতলী কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তার অভিযানের বিষয়টি সংবাদমাধ্যমকে অবহিত করা হয়েছে।

    র‌্যাব সূত্র জানায়- মেহেন্দিগঞ্জ থানায় নান্নু দেওয়ানের বিরুদ্ধে ডাকাতিসহ ০৩ টি মামলা এবং জলিল দেওয়ানের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ০৩ টি মামলা রয়েছে।

    একই তথ্য দিয়ে স্থানীয় একটি সূত্র জানায়- আদালতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও তারা এলাকায় অবস্থান নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন। উভয়ের অত্যাচারে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ থাকলেও প্রভাব-প্রতিপত্তির কারণে মুখ খুলছিলন। রোববার তাদের গ্রেপ্তারের খবরে স্থানীয়রা স্বস্তি পেয়েছে।

    র‌্যাবের ডিএডি শেখ মোফাচ্ছেল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, উভয়কে গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট মেহেন্দিগঞ্জ থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে।’

  • বরিশালে আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ১৫ নারী-পুরুষ আটক

    বরিশালে আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ১৫ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর দু’টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।

    রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নগরের পোর্ট রোডস্থ হোটেল জোনাকি ও হোটেল গালিবে এ অভিযান পরিচালিত হয়।

    আটকদের মধ্যে নয়জন নারী, চারজন পুরুষ ও দু’জন হোটেল ম্যানেজার রয়েছেন বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেওয়া মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ।

    তিনি জানান, হোটেল জোনাকি ও হোটেল গালিবে অসামাজিক কার্যকলাপের অপরাধে ওই ১৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাতে চকবাজার হোটেল পাতারহাটে অভিযান চালিয়ে সাতজন নারী, ছয়জন পুরুষ ও দু’জন হোটেল ম্যানেজারসহ ১৫ জনকে আটক করা হয়েছিল।

  • বরিশালে মাদক ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড

    বরিশালে মাদক ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড

    বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার ফিশারী রোড থেকে ১৯শ’ পিস ইয়াবাসহ আটক আব্দুর রহিমকে ১৫ বছরের কারাদণ্ড ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের দণ্ডাদেশ দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

    দণ্ডপ্রাপ্ত রহিম বরিশালের বানারীপাড়া উপজেলার রাজ্জাকপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। মামলার বাদী হচ্ছেন র‌্যাবের ডিএডি বিদ্যুত কুমার রায়।

    আদালতের বেঞ্চ সহকারি হেদায়েতুন্নবী জাকির বলেন, ২০১৫ সালের ১৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ নগরীর ফিশারী রোডের মায়ের দোয়া খাবার হোটেলের সামনে অভিযান চালায়। সেখান থেকে আটক করা হয় রহিমকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৯শ’ পিস ইয়াবা।

    এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়। তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই প্রদীপ মিত্র একই বছরের ২১ এপ্রিল একমাত্র রহিমকে অভিযুক্ত করে চার্জশীট দেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

  • ছাত্রলীগ নেতার ধর্ষণের শিকার সেই ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন

    ছাত্রলীগ নেতার ধর্ষণের শিকার সেই ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন

    বরিশাল জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী বনী আমিনের ধর্ষণের শিকার সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

    এদিকে, নির্যাতিতা ওই কলেজ ছাত্রীর পরিবারকে নানাভাবে হুমকি-ধামকি দেয়ার অভিযোগ করে অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন নির্যাতিতা ছাত্রীর বাবা।

    পুলিশ জানায়, গত রবিবার সরকারী মহিলা কলেজে ক্লাস শেষে নিজ বাড়ি উজিরপুরের উদ্দেশ্যে ফিরছিলেন ওই ছাত্রী। নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে ওই ছাত্রীকে জোরপূর্বক গাড়িতে তুলে ভয়ভীতি দেখিয়ে কুয়াকাটায় নিয়ে যায় বনি আমিন। সেখানকার একটি আবাসিক হোটেলে তাকে রাতভর ধর্ষণ করে সে।

    ওই ছাত্রীর মা বিষয়টি জানতে পেরে ওই রাতেই নগরীর বিমান বন্দর থানায় মেয়ে অপহরণের একটি মামলা দায়ের করেন।
    এদিকে, বনি আমিন বিষয়টি জানতে পেরে সোমবার রাতে কলেজ ছাত্রীকে ঝালকাঠিতে তার এক আত্মীয়ের বাড়িতে রেখে সটকে পড়ে। ওই রাতেই নির্যাতিতাকে ঝালকাঠি থেকে উদ্ধার করে পুলিশ।

    তবে অভিযুক্ত বনি আমিনকে বুধবার বিকেল পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।

    বনি আমিনের পারিবারিক সূত্র জানায়, গণপাড়া এলাকার বাসিন্দা বনি আমিনের ভাতিজির সাথে নির্যাতিতা ওই ছাত্রী পড়াশোনা করতো। এই সুবাদে তাদের বাসায় যাওয়া-আসায় বনির সাথে তার পরিচয় হয়। বনি আমিনকে চাচা বলে ডাকতো নির্যাতিতা।

    নগরীর বিমান বন্দর থানার ওসি জাহিদ বিন আলম বরিশালটাইমসকে জানান, নির্যাতিত ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার অভিযোগ তদন্তের পাশাপাশি ছাত্রী ধর্ষণে অভিযুক্ত বনি আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    অপরদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারি লাইব্রেরিয়ান মধুসুদন হালদার বলেন, তার অভিযোগের সত্যতা এবং মামলার কাগজপত্র পেলে ভিসির মাধ্যমে বনি আমিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বরিশালে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করল ছাত্রলীগ নেতা!

    বরিশালে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করল ছাত্রলীগ নেতা!

    বরিশালে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করার গুরুতর অভিযোগ উঠেছে জনৈক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বরিশাল সরকারি কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে গত রোববার শহরের নথুল্লাবাদ এলাকা থেকে তুলে নিয়ে যায় দুই সন্তানের জনক জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক বনি আমিন। ওইদিন রাতভর কুয়াকাটা সমুদ্রসৈকতের একটি আবাসিক হোটেলে কিশোরীকে আটকে রেখে ধর্ষণ করে সে। পরে সোমবার রাতে ঝালকাঠি জেলা শহরের এক আত্মীয়র বাড়িতে তাকে পৌঁছে দিয়ে পালিয়ে যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইস্যু ক্লার্ক বনি আমিন। রাতে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ কিশোরীকে উদ্ধার করে বরিশালে নিয়ে আসে। তবে ঘটনার পর থেকে ছাত্রলীগ নেতা আত্মগোপন করায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে- রোববার ক্লাস শেষে বাড়ি উজিরপুরের উদ্দেশে রওনা দিয়ে শহরের নথুল্লাবাদ পৌছানোর পরে কিশোরীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় ছাত্রলীগ নেতা বনি আমিন। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে তাকে কুয়াকাটা সমুদ্রসৈকতের একটি আবসিক হোটেলে নিয়ে রেখে রাতভর ধর্ষণ করে। ঘটনার দিন রাতে কিশোরীর মা খাদিজা বেগম বরিশাল বিমানবন্দর থানায় একটি অপহরণ অভিযোগ দেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে নামার খবরটি প্রকাশ পেলে বনি আমিন ঝালকাঠি জেলা শহরের বাসিন্দা কলেজছাত্রীকে তার আত্মীয়র বাড়িতে পৌঁছে দিয়ে আত্মগোপনে চলে যায়।

    একটি সূত্র জানায়- শহরের গণপাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে বনি আমিনের ভাতিজির সাথে বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণিতে পড়াশোনা করতো কিশোরী। এই সুবাদে তাদের বাসায় যাওয়া আসায় পরিচিত হওয়ার একপর্যায়ে বনি আমিনকে চাচা বলে সম্বর্ধন করতো কলেজছাত্রী।

    কিশোরীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়- কিশোরী ক্লাস শেষে উজিরপুরে যাবে এমন ধারণা অনুমানে নিয়ে রোববার একটি প্রাইভেটকার নিয়ে নথুল্লাবাদে অবস্থান নেয় ছাত্রলীগ নেতা। এবং তাকে সেলফোনে কল করে। কিছুক্ষণ পরে কলেজছাত্রী সেখানে পৌছালে বনি আমিন তাকে গাড়িতে ওঠার প্রস্তাব দেয়। কিন্তু এতে সে রাজি না হলে একপর্যায়ে জোরপূর্বক তোলা হয় এবং গাড়িটি দ্রুত চালিয়ে ত্যাগ করে। ওইদিন রাতে কিশোরীকে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে নিয়ে রেখে ধর্ষণ করে এবং পরদিন অর্থাৎ সোমবার রাতে তাকে ঝালকাঠিতে পৌঁছে দেয়।

    এই ঘটনায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বরিশালটাইমসকে জানান, কিশোরীকে উদ্ধারে করে ডাক্তারী পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

    এদিকে এ ঘটনাটি প্রকাশ পাওয়ার পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জেলা ছাত্রলীগ। সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন- কোন ব্যক্তি বিশেষের দায় বাংলদেশ ছাত্রলীগ বহন করবে না। এই ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানিয়ে কেন্দ্রকে চিঠি দেওয়া হবে।

  • বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই

    বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই

    র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই। যেখানেই লুকিয়ে থাক না কেন তাদের খুঁজে বের করে দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে। এই কাজে সহযোগিতা করার জন্য আগামীর বাংলাদেশের সোনালি ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসতে হবে।
    মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ায় র‌্যাব-১২ আয়োজিত মাদকবিরোধী সাইকেল র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নের বড় বাধা হচ্ছে মাদক। দেশের ৮০ লাখ মানুষ মাদকসেবী। দেশে প্রতিদিন আড়াইশ কোটি টাকা শুধু মাদক সেবনে অপচয় হয়।

    বগুড়া সরকারি আজিজুল হক কলেজে (পুরাতন ভবন) আয়োজিত মাদকবিরোধী এ সাইকেল র‌্যালিতে অন্যান্যের মধ্যে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আকতার, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহামেদ, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    সাইকেল র‌্যালিতে বগুড়া শহরের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৮০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। র‌্যালিটি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে শুরু হয়ে শিববাটি, কালিতলা, দত্তবাড়ি, বড়গোলা, থানার মোড়, সাতমাথা হয়ে সেন্ট্রাল স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

  • বরিশালে শিশু ধর্ষণ অপরাধে বৃদ্ধর যাবজ্জীবন কারাদণ্ড

    বরিশালে শিশু ধর্ষণ অপরাধে বৃদ্ধর যাবজ্জীবন কারাদণ্ড

    বরিশালে শিশু ধর্ষণের অপরাধে শাজাহান রাঢী নামের এক বৃদ্ধর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা অথবা আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আসামির উপস্থিতে সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন।
    আদালত সূত্র জানায়- ২০১০ সালের ৩ মার্চ ১০ বছরের শিশুকন্যা শুকনো কাপড়-চোপড় আনতে বাড়ির পাশের মাঠে গেলে পড়শী শাজাহান রাঢী তাকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে একটি ঘরে আটকে ধর্ষণ করে। এই ঘটনায় শিশুর মা বাদী হয়ে একই বছরের ৭ মার্চ অভিযুক্ত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ইয়ারবেগ গ্রামের মৃত সেয়দ জামান রাঢ়ীর ছেলে শাজাহানের বিরুদ্ধে মামলা করেন।

    সংশ্লিষ্ট মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক হাওলাদার একই বছরের ১৫ মে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত মামলাটিতে ৬জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ আদেশ ঘোষণা করলেন।

  • বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশাল নগর ও আগৈলঝাড়া উপজেলায় পৃথক দু’টি অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

    সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরের কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের সহযোগীতায় অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বা ওষুধ বিক্রয় করায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ এবং ৫১ ধারা মোতাবেক জিনিয়া অয়েল মিলের প্রোপাইটার আ. জলিল গোলদারকে ৫ হাজার ও বাংলাদেশ মেডিসিনের প্রোপাইটর মো. মেজবাহ উদ্দিন আজাদকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

    অপরদিকে, একই দিন সকালে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের ত্রিমুখী নামক স্থানে খালের পাশে দীর্ঘদিন ধরে মায়ের দোয়া পোল্ট্রি ফিডের বর্জ ফেলে পরিবেশ দূষণ করায় ব্যবসায়ী জাকির হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভুয়া পদবি ব্যবহার করায় উপজেলা সদরের আঁখি ডেন্টাল কেয়ারের মালিক দীপংকর বেপারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    উভয় অভিযান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।