Category: বরিশাল

  • বরিশালে নতুন ৩৬১ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

    বরিশালে নতুন ৩৬১ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ১০৭ জন।

    মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এতথ্য নিশ্চিত করেন।

    মারা যাওয়া যুবকের নাম মোহাম্মদ হোসেন (২৩)। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। সোমবার (২ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হযন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৫ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ২৪৭ জন। বিভাগে এখন পর্যন্ত ১০৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭৭ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ছয়জন এবং ঝালকাঠি হাসপাতালে একজন রয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৬১ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১১০, পটুয়াখালীতে ৯১, পিরোজপুরে ৬১, ভোলায় ৪৩, বরগুনায় ৪৪ এবং ঝালকাঠিতে ১২ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ২০৪ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

  • বরিশালে পুত্রবধুর হাতে শাশুরী খুন

    বরিশালে পুত্রবধুর হাতে শাশুরী খুন

    পারিবারিক কলহের জেরধরে পুত্রবধুদের হাতে বৃদ্ধা শাশুরী হেরোনা বেগম (৬৩) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের লাশ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত দুই পুত্রবধু, ছেলে ও নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে জেলার গৌরনদী উপজেলার চর দিয়াশুর গ্রামে। নিহত হেরোনা ওই গ্রামের হায়দার প্যাদার স্ত্রী।

    নিহতের ভাই মনির হোসেন সিকদার অভিযোগ করে বলেন, প্রায়ই তার বোন হেরোনা বেগমকে সৌদি প্রবাসী ভাগ্নের স্ত্রী রাখি বেগম, ছোট ভাগ্নে সুমন প্যাদা ও স্ত্রী তুলি বেগম শারীরিক ভাবে নির্যাতন করে আসছিলো। গত পাঁচদিন পূর্বেও তার বৃদ্ধা বোনকে মারধর করে পুত্রবধুরা। সোমবার আমার বোনের মেয়েরা তাদের বৃদ্ধা মাকে (হেরোনা) দেখতে বাবার বাড়ি চর দিয়াশুর আসলে পুত্রবধুরা বৃদ্ধা হেরোনা ও তার মেয়েদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে বাবার বাড়ি থেকে রাগ করে চলে যায় হেরোনার মেয়েরা। এনিয়ে ওইদিন রাতে পুত্রবধুদের সাথে বাগ্বিতন্ডার একপর্যায়ে শাশুরি হেরোনা বেগমের মাথায় সীল পাটার পূতো দিয়ে আঘাত করা হলে অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়।

    অভিযোগ করে নিহতের ভাই আরও বলেন, হত্যা মামলা থেকে বাঁচতে বাড়ির পাশে একটি বাথরুমে লাশের গলায় ফাঁস লাগিয়ে হাঁটু ভাজ করে ঝুলিয়ে রাখা হয়। মঙ্গলবার সকালে হেরেনা আত্মহত্যা করেছে বলে আমার ভাগ্নে (নিহতের ছোট ছেলে) সুমন প্যাদা গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারনা করেন। একপর্যায়ে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুত্রবধু রাখি বেগম, তুলি বেগম, পুত্র সুমন প্যাদা ও স্বামী হায়দার প্যাদাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ বিষয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারমিন সুলতানা রাখী জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়। তবে প্রাথমিক ভাবে বিষয়টি হত্যাকান্ড বলে মনে হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

  • বরিশালে স্ত্রীর নির্যাতন থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ফোন দিলেন স্বামী

    বরিশালে স্ত্রীর নির্যাতন থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ফোন দিলেন স্বামী

    বরিশালে স্ত্রীর নির্যাতন থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ফোন করে সহায়তা চেয়েছন এক বৃদ্ধ। খবর পেয়ে পুলিশ গিয়ে তার খোঁজ খবর নেন। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর নথুল্লবাদ লুফর রহমান সড়কে তুষার ভিলায়।দীর্ঘদিনের প্যারালাইজড ওই বৃদ্ধ মো খলিলুর রহমান জানান, তিনি পূর্বে বিডিআর (বর্তমান নাম বর্ডার গার্ড) এ চাকরি করতেন। দীর্ঘদিন ধরে তিনি রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে রয়েছেন। এই অবস্থায় তার স্ত্রী তার সঙ্গে দুর্ব্যবহার করেন। তার দুর্ব্যবহারের কারণে তার সন্তানেরাও বাসায় তাকতে পারে না।

    তার সঙ্গে তার আপন ভাইয়েরা বাড়িতে এসে দেখা পর্যন্ত করতে পারেন না। তার মোবাইল ফোনও নিয়ে নিয়েছেন তার স্ত্রী। সেই ফোনে কারো সঙ্গে কথা পর্যন্ত বলতে দেন না। এই অবস্থায় ৩ দিন আগে তার স্ত্রী তাকে ঘরে তালাবদ্ধ করে চলে যায়। তিনি এই নির্যাতনের হাত থেকে রেহাই পেতে পুলিশের সহযোগিতা চেয়েছেন।

    তার স্বজনরা জানান, তার এখন বৃদ্ধ বয়স। এই বয়সে তিনি যেখানে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন সেখানেই যেন তাকে থাকতে দেয়া হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তার স্ত্রী হোসনেয়ারা বেগম। ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা জানান, তারা খবর পেয়ে এসে ওই বৃদ্ধের সঙ্গে অন্যান্য আত্মীয়স্বজনকে দেখতে পেয়েছেন। এখন তারা যদি কোনো লিখিত অভিযোগ করে তাহলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।

  • পাথরঘাটায় অভাবের জেরে ফাঁস দিয়ে আত্মহত্যা

    পাথরঘাটায় অভাবের জেরে ফাঁস দিয়ে আত্মহত্যা

    বরগুনার পাথরঘাটায় অভাব-অনটন ও মানসিক চাপ থেকে রেহাই পেতে মো: জাকির হোসেন খাঁন (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

    মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকা এ ঘটনা ঘটে।

    জাকির হোসেন খাঁন নতুন বাজার এলাকার মরহুম আব্দুস ছত্তার খানের ছেলে।

    স্থানীয়রা জানিয়েছে, অভাব-অনটনের কারণে তার পরিবারে কলহ লেগে থাকত। এ মানসিক চাপ সহ্য করতে না পেরে মঙ্গলবার সকালে বাড়ির পেছনের জামরুল গাছের সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন জাকির। পরিবারের লোকজন খোঁজা-খুঁজি পর বাড়ির পেছনের গাছের সাথে তাকে ঝুঁলতে দেখে ডাক-চিৎকার করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম হাওলাদার বলেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে থানায় একটি অপমৃত মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

  • বরিশালে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

    বরিশালে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

    বরিশাল ॥ বরিশালের গৌরনদী উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ফরিদ উদ্দিন (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

    সোমবার (২ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকার।

    তিনি বলেন, ইল্লা মা ফিলিং স্টেশনের সামনে থেকে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হওয়া ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। ঘাতক বাসটির খোঁজ নিয়ে আটকের চেষ্টা চলছে।

    নিহত ফরিদ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার মৃত সৈয়দ আলী খানের পুত্র ছেলে।

  • বরিশালে আরও ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু, শনাক্ত ৩৩৯

    বরিশালে আরও ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু, শনাক্ত ৩৩৯

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। একই সময়ে আরও ৩৩৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

    রোববার (১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

    মৃতরা হলেন- বরগুনার সদর উপজেলার বাসিন্দা আবিদ (১৬), পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা মারুফা (৩৫) ও বরিশাল বিমানবন্দর এলাকার বাসিন্দা আলেয়া বেগম (৬৭)।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৪ হাজার ৮২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৫৯০ জন। মারা গেছেন ১০৫ জন ডেঙ্গুরোগী। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭৫ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে দশ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ছয়জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১১৯, পটুয়াখালীতে ৬৭ জন, পিরোজপুরে ৭৫ জন, ভোলায় ৩৬ জন, বরগুনায় ৩০ জন ও ঝালকাঠিতে ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ১১২ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন

  • বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

    বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

    আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি’র মধ্য দিয়ে বিভাগীয় শহর বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।

    দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদফতর এবং প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান এর আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি র‍্যালি বের হয়।

    পরে সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিথি ছিলেন, জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, সমাজসেবা অধিদফতর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী, জেলা সমাজসেবা উপ-পরিচালক এ,কে,এম আখতারুজ্জামান তালুকদার।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান বরিশালের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আলম।

    এসময় বরিশাল প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • প্রশিক্ষণে গিয়ে ঢলে পড়লেন বরিশালের ডিবি কর্মকর্তার মৃত্যু

    প্রশিক্ষণে গিয়ে ঢলে পড়লেন বরিশালের ডিবি কর্মকর্তার মৃত্যু

    টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় অসুস্থ হয়ে কামাল হোসেন (৪৬) নামে গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারের ফাইনাল পরীক্ষার দৌঁড়ে অংশ নিয়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

    পটুয়াখালীর বাউফল উপজেলার পাকঢাল গ্রামের মোকছেদ আলী ফকিরের ছেলে কামাল হোসেন বরিশাল জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার ডিসি নম্বর (৪৪)। এই তথ্য বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান নিশ্চিত করেন।

    মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমাডেন্ট ডিআইজি মো. নজরুল ইসলাম এনডিসি সাংবাদিকদের জানান, আজ সকালে তাদের প্রশিক্ষণের ফাইনাল পরীক্ষা ছিল। প্রথম এক কিলোমিটার দৌড়ানোর পরে তিনি দ্বিতীয় পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অপেক্ষা করছিলেন। প্রথম পরীক্ষায় তিনি শতভাগ নম্বরও পেয়েছিল। দ্বিতীয় পরীক্ষায় অংশ নেয়ার জন্য অপেক্ষারত থাকা অবস্থায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসারত অবস্থায় সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাসহ পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

    উপ-পরিদর্শক কামাল হোসেন পারিবারিকভাবে তিন সন্তানের জনক ছিলেন। ১৯৯৭ সালে তিনি পুলিশে যোগদান করেন। তার মৃত্যুর ঘটনায় পুলিশের এডিশনাল ডিআইজি আশফাকুল আলমকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ডিআইজি নজরুল ইসলাম এনডিসি জানিয়েছেন।

    টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক মো. আলমগীর হোসেন জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ইসিজি করা অবস্থায় তার মৃত্যু ঘটে।’

  • ১৭ মিনিটের ব্যবধানে মারা গেলেন দুইজন সংসদ সদস্য

    ১৭ মিনিটের ব্যবধানে মারা গেলেন দুইজন সংসদ সদস্য

    মাত্র ১৭ মিনিটের ব্যবধানে দুই সংসদ সদস্য মারা গেছেন। সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এবং সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    শুক্রবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এবং ৩টা ১৯ মিনিটে একেএম শাহজাহান কামাল মারা গেছেন।

    আবদুস সাত্তার ভূঁইয়ার একমাত্র ছেলে মাইনুল হাসান তুষার তার বাবার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবা দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে এক সপ্তাহ আগে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। শুক্রবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

    অন্যদিকে শাহজাহান কামালের ছোটভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

    উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ১৯৭৯ সালে প্রথম তৎকালীন কুমিল্লা-১ (নাসিরনগর ও সরাইলের একাংশ) বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগদান করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে ১৯৯১ সালে, ১৯৯৬ সালে অনুষ্ঠিত ১৫ ফেব্রুয়ারির নির্বাচনসহ দুটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে বিজয়ী হন।

    গত বছরের ১১ ডিসেম্বর বিএনপির আন্দোলনের অংশ হিসেবে দলটির সাত সংসদ সদস্য দলের সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করেন। তার মধ্যে উকিল আবদুস সাত্তারও ছিলেন। পরে তিনি একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এতে দল থেকে আবদুস সাত্তারকে বহিষ্কার করে বিএনপি। ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আবদুস সাত্তার অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

    এদিকে শাহজাহান কামাল ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নোয়াখালী-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ২০১৮ সালে প্রায় এক বছর তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

  • বরিশালে ভারী বর্ষণের আভাস

    বরিশালে ভারী বর্ষণের আভাস

    মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়েছে। তাই দেশের তিনটি বিভাগে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী রোববার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

    অন্য এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

    এছাড়া উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরে বহাল রাখা হয়েছে তিন নম্বর সংকেত।

    শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

    এতে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, বগুড়া, রংপুর, সৈয়দপুর ও পঞ্চগড় জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।