Category: বিনোদন

  • এফডিসিতে গেলে মেরে লাশ গুমের হুমকি, থানায় নায়িকা

    এফডিসিতে গেলে মেরে লাশ গুমের হুমকি, থানায় নায়িকা

    বিনোদন ডেস্কঃ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ঢাকাই ছবির চিত্রনায়িকা পুষ্পিতা পপিকে। এমনই অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। চাঁদপুরের হাজীগঞ্জ থানায় গত ১৩ জুলাই সাধারণ ডায়েরি করেন তিনি। ডায়েরি নম্বর-৬৭০।

    তবে কে বা কারা এই হুমকি দিয়েছেন যে বিষয়টি উল্লেখ করেননি পুষ্পিতা। ডায়েরি অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়েছে। ডায়েরির লিখিত বক্তব্য থেকে জানা যায়, পুষ্পিতা অভিনয় বাদ দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন।

    গত ৩০ জুন চাঁদপুর কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা কিছু লোক তার গাড়ির গতি রোধ করে। এসময় তাকে বের হয়ে আসতে বলা হয়। তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে, আর কখনও এফডিসিতে যাওয়া আসা করলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলা হবে। এরপর পুষ্পিতা চিৎকার দিলে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

    বিষয়টি নিয়ে পুষ্পিতা বলেন, ‘এমন ঘটনর পর থেকে শঙ্কিত আমি। বুঝতে পারছি না আমার সঙ্গে এমনটি কেনো ঘটল। আমি নিরাপত্তা চাই।

    পুষ্পিতা পপি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এখন পর্যন্ত ১১ টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং সম্পূর্ণ করেছেন ৮টি সিনেমা। আর মুক্তি পেয়েছে ৭টি সিনেমা।

    ২০১৯ সালের মে মাসে চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। সে সময় বলেছিলেন, ‘আমি ধার্মিক পরিবারের মেয়ে। শখ করে অভিনয়ে পা রেখেছিলাম। পরে আমার উপলব্ধি থেকে সিনেমার জীবন ছাড়ার সিদ্ধান্ত নিই।

    উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার সুবাদে অভিনয় পা রাখেন পুষ্পিতা পপি। তবে নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ছবিতে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এটি মুক্তি পায় ২০১৪ সালে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধূসর কুয়াশা’।

  • বিয়ে হয়নি, আংটিও পরিনি: সুস্মিতা সেন

    বিয়ে হয়নি, আংটিও পরিনি: সুস্মিতা সেন

    ব্যবসায়ী ললিত মোদীর এক টুইটের পর বৃহস্পতিবার রাত থেকেই চর্চায় সুস্মিতা সেন। টুইটে প্রাক্তন এ বিশ্বসুন্দরীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেন ললিত।

    সেখানে লেখেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে লন্ডনে ফিরলাম। আর বেটার হাফ সুস্মিতাকে নিয়ে নতুন করে কী বলবো…নতুন শুরু, নতুন পরিবার… স্বপ্নের দেশে আছি।’

    তবে কিছুক্ষণ পরই আবার টুইট করেন ললিত মোদী। এবার তিনি আগের পোস্টে দেওয়া তথ্যের আংশিক সংশোধনী দেন। লেখেন, ‘সুস্মিতাকে আমি নিজের বেটার হাফ লিখলেও এখনো বিয়ে হয়নি। তবে ডেট করছি। খুব দ্রুত বিয়ে করতে চাই আমরা।’

    ললিত মোদীর সঙ্গে সুস্মিতার প্রেম কপালে পড়েছে অনেকেরই। প্রশ্ন উঠেছিল, ‘টাকার জন্যই কি এ সম্পর্কে সুস্মিতা?’

    শুক্রবার (১৫ জুলাই) দিনভর এ নিয়ে জল্পনা চললেও সাড়া মেলেনি সুস্মিতার পক্ষ থেকে। অবশেষে বিকেলে এ নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন এ বিশ্বসুন্দরী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানিয়ে দিলেন, ‘বিয়েও হয়নি, আংটিও পরেননি।’

    ইনস্টাগ্রামে দুই মেয়ের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি খুব আনন্দে আছি। বিয়ে হয়নি, আংটিও পরিনি। নিঃশর্ত ভালোবাসায় ঘিরে আছি। যথেষ্ট স্পষ্ট করে বলে দিয়েছি। এবার নিজের জীবনে এবং কাজে ফিরি।’

    এরআগে সকালে সুস্মিতার ভাই এ নিয়ে প্রথম মুখ খোলেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমিও অবাক হয়েছি। দিদির সঙ্গে কথা বলবো। আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। দিদির পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো কনফারমেশন আসেনি। আমার পক্ষে মন্তব্য করাও সম্ভব হবে না।’

    একই সুর সুস্মিতা সেনের বাবার কণ্ঠেও। তিনি বলেন, ‘এ সম্পর্ক নিয়ে আমার কাছে কোনো খবর নেই।’

  • প্লাস্টিক সার্জারি করেছেন দিশা পাটানি?

    প্লাস্টিক সার্জারি করেছেন দিশা পাটানি?

    বলিউডে সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত দিশা পাটানি। খোলামেলা পোশাক, স্টাইল সেন্সের জন্য প্রায়ই চর্চায় থাকেন তিনি। ‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে শিগগির দেখা যাবে এ অভিনেত্রীকে। বর্তমানে ছবিটির প্রচারে দারুণ ব্যস্ত নায়িকা।

    সম্প্রতি নতুন একটি ছবির প্রমোশনে এসে নিজের লুকের জন্য ট্রলড হয়েছেন দিশা পাটানি। সাদা পোশাকে ভক্তদের সামনে ধরা দেওয়া দিশার মুখে স্পষ্ট পরিবর্তন দেখছেন নেটিজেনরা! এ নিয়ে নানান মন্তব্য করছেন তারা। কেউ কেউ মন্তব্য করেছেন, সার্জারি করানোর পর দিশাকে ‘বিশ্রি’ লাগছে!

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী একজন মন্তব্য করেছেন, ‘ওনার মুখে কী কোনো সমস্যা হয়েছে? বিশ্রি লাগছে!’ আরেকজন লিখেছেন, ‘চোখের পাতায় কিছু একটা সমস্যা হয়েছে… দিশা।’ ‘লিপ জব করানোর আগেই ভালো লাগত দিশাকে’ মন্তব্য আরেক ভক্তের।

    ‘এক ভিলেন রিটার্নস’-এর ট্রেলার প্রকাশের সময়ও ট্রলড হয়েছিলেন দিশা। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, নায়িকা প্লাস্টিক সার্জারি করেছেন কি না? আগেই দিশাকে বেশি ভালো লাগতো। যদিও প্লাস্টিক সার্জারির বিষয় এখনো কোনো মন্তব্য করেননি দিশা।

    দিশা ছাড়াও ‘এক ভিলেন রিটার্নস’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর, জন আব্রাহাম এবং তারা সুতারিয়া। এটি একটি সাসপেন্স থ্রিলার ফিল্ম। ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি। ২০২২ সালের ২৯ জুলাই সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি।

  • বাংলাদেশি গায়িকার গানের মডেল বলিউডের শেফালী

    বাংলাদেশি গায়িকার গানের মডেল বলিউডের শেফালী

    বাংলাদেশের কণ্ঠশিল্পীর একটি গানের ভিডিওতে অংশ নিয়েছেন বলিউডের ‘কাঁটা লাগা’ অভিনেত্রী শেফালী জরিওয়ালা। ‘পিরিতির কারবার’ শিরোনামের গানটি তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী নাদিয়া ডোরা।

    তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানের নাম ‘পিরিতির কারবার’। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটির টিজার। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

    ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। এ গানের মধ্য দিয়ে প্রথমবার মৌলিক গানে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তরুণ প্রজন্মের শিল্পী নাদিয়া ডোরা।

    আগামী ১৪ জুলাই টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে মুক্তি পেতে যাচ্ছে পুরো গানটি।

  • শর্মিলী আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    শর্মিলী আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শুক্রবার (৮ জুলাই) এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে বাংলা নাটক ও চলচ্চিত্রে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হল।

    প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

    জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) শুক্রবার (৮ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

  • অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

    অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

    জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলী আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

    অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে, অভিনেতা-নির্মাতা শাহেদ আলী জানান, অভিনেত্রী শর্মিলী আহমেদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার কেমো চলছিল। সম্প্রতি সর্বশেষ কেমো দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

    শর্মিলী আহমেদ ১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন।

    ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন শর্মিলী আহমেদ। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক ‘দম্পতি’তে কাজ করেন। ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ নাটকে প্রথমবারের মতো মায়ের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।

    শর্মিলী আহমেদ ‘দহন’ সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনয় করে ১৯৮৫ সালে বাচসাস পুরস্কার পান।

  • বিয়ের পর ফুলসজ্জার রাত বলে কিছু হয় না, শুধুই ক্লান্তি: আলিয়া

    বিয়ের পর ফুলসজ্জার রাত বলে কিছু হয় না, শুধুই ক্লান্তি: আলিয়া

    বলিউড জনপ্রিয় নির্মাতা করণ জোহর। তার জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’। শোটির জন্য অপেক্ষায় থাকেন দর্শকরা। এবার আসছে শোটির সপ্তম সিজন। সম্প্রতি শোটির টিজার প্রকাশ পায়। তার কিছুদিন পর শোর প্রথম পর্বের টিজার মুক্তি পায়।

    সেখানে অতিথি হিসেবে রণভীর সিং ও আলিয়া ভাটকে দেখা যায়। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন মূল পর্বটি দেখার।

    টিজারে দেখা যায় আলিয়ার কাছে করণ জানতে চান, বিয়ে সম্পর্কে তিনি কি এমন শুনেছিলেন যা একদমই সত্যি নয়। সেই প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, ‘বিয়ের পর ফুলসজ্জার রাত বলে কিছু হয় না, শুধুই ক্লান্তি।’

    আলিয়ার এমন উত্তরে হেসে ওঠেন করণ ও রণভীর। তবে ভক্তরা ভেবেছিলেন আলিয়া তার স্বামী রণবীর কাপুরের সঙ্গে শোতে হাজির হবেন। কিন্তু অভিনেত্রী বন্ধু রণভীর সিংয়ের সঙ্গে আসবেন। তারা দুজন একসঙ্গে সিনেমা করছেন। মূলত সেই সিনেমার জন্যই তারা এক হয়ে করণের অতিথি হলেন।

    ‘কফি উইথ করণ’র নতুন সিজনের প্রথম পর্ব আজ ৭ জুলাই প্রকাশ পাবে ডিজনি + হটস্টারে। এতে থাকবেন আরও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

  • সন্তান কোলে নেওয়া শিখছেন রণবীর, হতে চান সেরা বাবা!

    সন্তান কোলে নেওয়া শিখছেন রণবীর, হতে চান সেরা বাবা!

    বলিউডের পর্দায় তুমুল জনপ্রিয় রণবীর কাপুর। আর আলিয়া ভাটের কাছে তিনি সেরা প্রেমিক, সেরা স্বামী। এবার রণবীরের সেরা বাবা হওয়ার পালা! এজন্য তিনি ভালো বাবা হওয়ার সব প্রস্তুতি নিচ্ছেন। শিখছেন বাচ্চাকে খাওয়ানো, ন্যাপি পরানোর মতো কাজ।

    সম্প্রতি স্টার পরিবার শোতে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। সেখানে ছিলেন অনুপমা ধারাবাহিকের অভিনেত্রী রুপালী গঙ্গোপাধ্যয়। সুযোগ পেয়ে রুপালীর কাছ থেকে টিপস নিলেন রণবীর।

    শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, কোলে একটি পুতুল নিয়ে তাকে ফিডার খাওয়াচ্ছেন রণবীর। বাচ্চার ন্যাপি পরানোর কাজও আয়ত্ত করছেন তিনি। রণবীরের এ ভিডিও দেখে তার ভক্তরা আপ্লুত হয়েছেন। অনেকে মন্তব্য করে শুভকামনার পাশাপাশি রণবীরের প্রসংশা করেছেন।

    গত ২৭ জুন ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মা হওয়ার সুখবর জানিয়েছিলেন আলিয়া ভাট। ওই পোস্টে দুটি ছবি শেয়ার করেছিলেন আলিয়ায়। একটি ছবিতে আলিয়াকে কোনো একটি বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারের বেডে শুয়ে থাকতে দেখা যায়। ছবিতে স্পষ্ট তিনি আলট্রা সোনোগ্রাফি করাতে গিয়েছিলেন।

    কারণ বেডের সামনেই রাখা একটি স্ক্রিন, যার ওপরে একটি লাল হৃদয়ের (লাভ) ইমোজি। দ্বিতীয় ছবিটিতে সুখী পরিবারের ইঙ্গিত। সেই ছবিটিতে দেখা যাচ্ছে, সিংহের গালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি সিংহী। আর বাবা-মায়ের দিকে তাকিয়ে রয়েছে খুদে ছানা।

    তবে ছবির ক্যাপশনেই বাজিমাত করেছেন আলিয়া। তিনি লিখেছিলেন, ‘আমাদের সন্তান…শিগগির আসছে।’ তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দুজনে। কেউ কেউ আবার জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে সাবধানে থাকার পরামর্শও দিয়েছেন।

  • বডিগার্ডের সঙ্গে নোরার আচরণে নেটদুনিয়ায় সমালোচনা

    বডিগার্ডের সঙ্গে নোরার আচরণে নেটদুনিয়ায় সমালোচনা

    নিজের সর্পিল ডান্স মুভস আর ফ্যাশন সেন্সের জেরে নেটদুনিয়ায় হামেশাই চর্চায় থাকেন নোরা ফাতেহি। আপতত একটি ডান্স রিয়ালিটি শো’র বিচারকের আসনে দেখা যাচ্ছে তাকে। সোমবার (৪ জুলাই) বৃষ্টিভেজা মুম্বাইয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে লেন্সবন্দি হন নোরা। হালকা গোলাপি শাড়িতে ঠিকরে বেরোচ্ছে নোরার গ্ল্যামারাস। তবে গাড়ি থেকে নেমে ইন্ডাস্ট্রির ভেতরে যাওয়ার সময়ের এক ভিডিওর জেরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রোষের মুখে পড়েছেন এ নায়িকা।

    কী রয়েছে সেই ভিডিওতে? দেখা যাচ্ছে মুম্বাইয়ের ভারি বৃষ্টিতে নিজের আউটফিট সামলাতে গিয়ে নাকাল নোরা। তার পুরো টিম এগিয়ে আসে নায়িকাকে গাড়ির দরজা থেকে ভ্যানিটিতে পৌঁছে দিতে। সেখানে দেখা যায় বৃষ্টিতে তখন কাকভেজা নোরার শাড়ির নিচের অংশ ধরে রেখেছেন তার বডিগার্ড। এ দৃশ্য মোটে পছন্দ হয়নি নেটদুনিয়ার। মহারানির মতো গটগটিয়ে হেঁটে যাচ্ছেন নোরা, আর তার জন্য হয়রানির মধ্যে পড়ছেন বডিগার্ড।

    নোরার এ আচরণ চরম সমালোচনার মুখে পড়লো। একজন লেখেন, ‘এদের এমন হাবভাব কেন? মহারানি নিজের পোশাকটাও সামলাতে পারে না’। অপর একজন লেখেন, ‘আশা করি ওই ব্যক্তি সুস্থ আছেন’। অপর এক নেটিজেন লেখেন, ‘খুব নিচু মনের পরিচয়, বেতন দেয় বলে এমন ব্যবহার উচিত নয়’।

    কালার্স টিভির এ ডান্স রিয়ালিটি শো’র অন্তিম পর্বের শ্যুটিংয়ে ব্যস্ত নোরা। যেখানে তার সঙ্গে বিচারকের আসনে রয়েছেন নীতু কাপুর ও মাস্টার মর্জি। ফাইনালে বিশেষ অতিথি হিসেবে হাজির হবেন রণবীর কাপুর ও বাণী কাপুর।

  • আলিয়ার মা হওয়ার খবরে কাঁদলেন করণ জোহর!

    আলিয়ার মা হওয়ার খবরে কাঁদলেন করণ জোহর!

    বিয়ের আড়াই মাস যেতে না যেতেই বলিউডে গুঞ্জন উঠেছে আলিয়া ভাটের মা হওয়া নিয়ে। কাপুর পরিবারের এই নববধূ সম্প্রতি নিজের মুখেই রণবীর কাপুরের বাবা হওয়ার খুশির খবরটি সবাইকে জানিয়েছেন। এরপর থেকে বলিউডসহ রণবীর ও আলিয়ার পরিবারে খুশির বান ডেকেছে। তবে ব্যতিক্রম শুধু বলিউডের প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক করণ জোহর। আলিয়ার মা হওয়ার খবরে করণ নাকি কেদেও ফেলেছেন!

    করণ জোহরের হাত ধরেই বলিউডে অভিষেক হয়েছিল মহেশ ভাট কন্যা আলিয়ার। তাদের মধ্যে বোঝাপড়াটাও চমৎকার। রণালিয়ার বিয়ের আসরেও হাজির ছিলেন। কিন্তু নবদম্পতির ঘরে নতুন অতিথি আসার সুসংবাদে কেন চোখের জল ফেলছেন করণ!

    আসলে করণের কাছে আলিয়ার মা হওয়ার খবরটা এতোটাই খুশির ছিল যে তিনি খুশিতে চোখের জল ধরে রাখতে পারেননি। রণবীর-আলিয়ার বিয়ের আসরেই রণবীরকে জামাতা বলে সম্বোধন করেছিলেন করণ। তাই মেয়ে আলিয়ার মা হওয়ার খুশির খবরে চোখের পাতা ভিজে উঠলো তার।

    ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছেন করণ জোহর। তার কথায়, আলিয়া আমার অফিসে এসেছিল। সেখানেই এ খুশির খবরটা দিয়েছিল। সেদিন আমার চুলের অবস্থা খুব খারাপ ছিল। হুডি মাথায় দিয়ে বসেছিলাম। সে রকম পরিস্থিতিতে আলিয়া যখন মা হওয়ার খবরটা আমাকে দিলো খুশিতে আমি কেঁদে ফেলেছিলাম। আমাকে জড়িয়ে ধরে খুশিতে একেবারে ডগমগ ছিল আলিয়া। আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার ছোট্ট মেয়েটা মা হতে চলেছে। এটা আমার কাছে অন্যরকম এক আবেগের মুহূর্ত ছিল।

    করণ জোহর আরও বলেন, মাত্র ১৭ বছর বয়স থেকেই আলিয়ার আমার অফিসে আসা-যাওয়া। ওর সান্নিধ্যে এসেই আমি প্রথম পিতৃত্ব বা মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম। আজ আলিয়ার বয়স ২৯। দীর্ঘ ১২ বছরের এ ভালোবাসা, বন্ধুত্ব সত্যিই ভোলার নয়। তাই ওর জীবনের এই খুশির মুহূর্তে আমি চোখের জল আর সত্যিই ধরে রাখতে পারলাম না। আলিয়ার সন্তানকে কোলে নিয়ে আদর করার জন্য অপেক্ষায় আছি। আমার যেন আর তর সইছে না। ওর সন্তানকে কোলে নিলে আমার মনে হবে যেন নিজের সন্তানকেই কোলে নিয়ে আদর করছি।

    আগামী ৭ জুলাই থেকে করণ জোহরের সঞ্চালনায় শুরু হচ্ছে কফি উইথ করণ। করণের নতুন শোয়ের প্রথম অতিথির তালিকায় থাকছেন আলিয়া ভাট ও রণবীর সিং।