Category: বিনোদন

  • হাসপাতালে কোরআন-সাহিত্য পড়ে দিন কাটে এটিএম শামসুজ্জামানের

    হাসপাতালে কোরআন-সাহিত্য পড়ে দিন কাটে এটিএম শামসুজ্জামানের

    ঈদুল ফিতরের মতো এবারের ঈদুল আজহাও হাসপাতালেই কেটেছে এটিএম শামসুজ্জামানের। এই অভিনেতা গত ২৬ এপ্রিল থেকে হাসপাতালে আছেন। প্রথমে কয়েক সপ্তাহ রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে থাকার পর বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছেন নন্দিত এই অভিনেতা। জাগো নিউজ

    সোমবার দুপুরে জাগো নিউজকে এটিএম শামসুজ্জামানের বর্তমান অবস্থা জানিয়েছেন তারই মেজো মেয়ে কোয়েল। সারাক্ষণ অভিনয় নিয়ে মেতে থাকা চঞ্চল মনের এই মানুষটি হাসপাতালে কীভাবে দিনের পর দিন পার করে চলেছেন জানা গেলো সেই বিষয়ে।

    কোয়েল বললেন, ‘বাবা এখন অনেক ভালো আছেন। ঈদুল আযহার ঈদে আগে একটা অপারেশন হয়েছিলো সেটা সফল হয়েছে। ঈদের আগের দিন আইসিইউ থেকে উনাকে কেবিনে দেওয়া হয়েছে। এখন সেখানেই আছেন। অনেকেই জানেন, এটি এম শামসুজ্জামানের প্রচুর বই পড়ার অভ্যেস। তার বাসায় রুম ভর্তি বই আর বই। তার সঙ্গে দেখা করতে গেলে এই ঘরে বসেই আড্ডা দিতেন তিনি। এই ঘরে পড়তেন ও স্ক্রিপ্ট লিখতেন।

    এখন হাসপাতালে কীভাবে সময় কাটে তার? কোয়েল বললেন, ‘হাসপাতালেও অনেক বই পড়েন বাবা। যখন যে বই পড়তে চান, আম্মা বাসা থেকে এনে দেন। বাবাকে যারা দেখতে আসছেন অনেকেই বই নিয়ে আসেন। সেগুলোও পড়ছেন বাবা।
    সম্প্রতি বুলবুল আহমেদ চাচার স্ত্রী ডেইজি আহমেদ চাচি অনেকগুলো বই উপহার দিয়েছেন। রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার এসেছিলেন। তারাও বই উপহার দিয়েছেন বাবাকে।’

    এখন কী ধরণের বই পড়ছেন? কোয়েল জানালেন, কোরআন-হাদিসের বই, রবীন্দ্রনাথ, নজরুল বিভিন্ন ধরণের সাহিত্যের বই পড়েন তিনি। বিক্রম শেঠের বই পড়েন। বিশেষ করে বিক্রম শেঠ এর ‘সৎপাত্র’বাবার অনেক পছন্দের। আমিও মাঝে মধ্যে বই নিয়ে যাই বাবার জন্য। সবাই বাবার জন্য দোয়া করবেন, উনি যেনো সুস্থ থাকেন ভালো থাকেন।’

    ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিনেতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে। নিয়মিত এটিএম শামসুজ্জামানের খোঁজ খবরও রাখেন প্রধানমন্ত্রী।

  • চমক নিয়ে পর্দা কাঁপাতে আসছেন নাটালি পোর্টম্যান

    চমক নিয়ে পর্দা কাঁপাতে আসছেন নাটালি পোর্টম্যান

    হলিউডের সাড়া জাগানো ছবি ‘দ্য প্রফেশনাল’-এ মাত্র ১৪ বছর বয়সে দুর্দান্ত অভিনয় করে নজর কেড়েছিলেন হলিউড তারকা নাটালি পোর্টম্যান। তারপর দিনে দিনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি অনন্য উচ্চতায়।

    বৈচিত্রময় চরিত্রে কাজ করে তিনি দুনিয়া কাঁপিয়েছেন। হলিউড ভক্তদের জন্য এবার চমক নিয়ে আসছেন নাটালি। মারভেল কমিকসের সুপারহিরো ‘থর’র বিপরীতে ‘লেডি থর’ রূপে অভিষেক ঘটতে যাচ্ছে এই তারকার।

    সম্প্রতি মারভেল স্টুডিওজ ঘোষণা দিয়েছে তাদের সুপারহিরো সিরিজ ‘থর’র চতুর্থ কিস্তি নির্মাণের। ‘থর : লাভ এন্ড থান্ডার’ শিরোনামে ছবিটিতে গড অব থান্ডারের চরিত্রে থাকবেন চিরচেনা হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ।

    তবে ছবিটিতে নারী থরের চরিত্রের মাধ্যমে মারভেল কমিকসে অভিষেক ঘটতে যাচ্ছে সুন্দরী নাটালি পোর্টম্যানের। পরিচালক টাইকা ওয়েতিতিও আবার পরিচালনায় ফিরছেন এ ছবিটির মাধ্যমে।

    টাইকা জানান, পোর্টম্যানকে ফিমেল থর হিসেবে পেয়ে তিনি বেজায় খুশি। ছবিটি নির্মাণের পর বাচ্চাদের নিয়ে সিনেমা হলে বসে একসাথে দেখতে চান তিনি। কারণ ছবিটি দুর্দান্ত হবে। গল্পটি অন্তত সে কথাই বলছে।

  • ‘গিটারের জাদুকর’র ৫৭তম জন্মদিন আজ

    ‘গিটারের জাদুকর’র ৫৭তম জন্মদিন আজ

    রুপালি গিটার ফেলে আইয়ুব বাচ্চু এখন না ফেরার দেশে। বাংলা সঙ্গীতাঙ্গনের এই কিংবদন্তির মাত্র ৫৬ বছর বয়সে জীবনাবসান হয়। শুক্রবার (১৬ আগস্ট) ‘গিটারের জাদুকর’র ৫৭ জন্মদিন। তাকে ছাড়াও এবারই প্রথম তার জন্মদিন উদযাপন করবে পরিবার ও ভক্ত-অনুসারীরা।

    দীর্ঘদিনের হৃদযন্ত্রের ব্যথাটা আর সহ্য করতে না পেরে ২০১৮ সালের ১৮ অক্টোবর সকালে অগণিত ভক্তদের কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবি। সবার পছন্দের এই মানুষটিকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি সঙ্গীতাঙ্গন।

    ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম আইয়ুব বাচ্চুর। মৃত্যুর পর সেই চট্টগ্রামেই তাকে চিরশায়িত করা হয়েছে।

    কলেজে জীবনে বন্ধুদের নিয়ে ‘গোল্ডেন বয়েজ’ নামে একটা ব্যান্ডদল গড়ে তোলেন আইয়ুব বাচ্চু, পরে অবশ্য এর নাম পাল্টে রাখা হয় ‘আগলি বয়েজ’। বিয়েবাড়ি, জন্মদিন আর ছোটখাটো নানা অনুষ্ঠানে তাদের এই ব্যান্ডদল গান করতো।আইয়ুব বাচ্চুবন্ধুরা যে যার মতো একেক দিকে ছড়িয়ে পড়লেও আইয়ুব বাচ্চু ব্যান্ডদল ‘ফিলিংস’র সঙ্গে যুক্ত হয়ে যান। এরপর ১৯৮০ সালে তিনি যোগ দেন ‘সোলস’ ব্যান্ডে। এই ব্যান্ডের লিডগিটার বাজানোর দায়িত্বে ছিলেন টানা ১০ বছর। ১৯৯১ সালের ৫ এপ্রিল গড়ে তোলেন নতুন ব্যান্ড ‘এলআরবি’।

    বাংলা ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন আইয়ুব বাচ্চু মঞ্চ পারফরম্যান্সে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। শ্রোতা-ভক্তদের কাছে ‘এবি’ নামে পরিচিত এই গুণীশিল্পীর ডাকনাম রবিন। মূলত রক ধাঁচের কণ্ঠের অধিকারী হলেও আধুনিক, ক্লাসিকাল সংগীত এবং লোকগীতি গেয়েও শ্রোতাদের মুগ্ধতায় ভাসিয়েছেন ‘এবি’।

    আইয়ুব বাচ্চুর অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’, ‘এক আকাশের তারা তুই একা গুনিসনি’, ‘এখন অনেক রাত’, ‘উড়াল দেবো আকাশে’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘হাসতে দেখো গাইতে দেখো,  ‘এই রূপালি গিটার ফেলে একদিন…’। এসব গান বছরের পর বছর ধরে দর্শকশ্রোতাদের মুখে মুখে।

    তার একক অ্যালবামের মধ্যে- রক্তগোলাপ (১৯৮৬), ময়না (১৯৮৮), কষ্ট (১৯৯৫), একা (১৯৯৯), রিমঝিম বৃষ্টি (২০০৮), বলিনি কখনো (২০০৯) ইত্যাদি উল্লেখযোগ্য। এলআরবি ব্যান্ডের অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হলো- জীবনের গল্প (২০১৫), ফেরারী মন (১৯৯৬)।

  • ফারহান-ইভানা জুটির ঈদের চমক

    ফারহান-ইভানা জুটির ঈদের চমক

    ঈদুল আযহা উপলক্ষে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো শর্ট ফিল্ম ‘তুমিও আমার হতে পারতে’। আজব কারখানা নির্মিত এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন এ সময়ের তরুণদের পছন্দের জুটি মুশফিক আর ফারহান ও পারসা ইভানা।

    জয় শাহরিয়ার এর গল্প ও চিত্রনাট্যে ‘তুমিও আমার হতে পারতে’ পরিচালনা করেছেন স্বরাজ দেব। লেখার পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। এডিট ও কালার করেছেন শাহরিয়ার শাহরুখ। ডি.ও.পি ছিলেন আমির হামজা।

    চিরন্তন প্রেমের গল্প আর এই সময়ের প্রেক্ষাপটে এক যুগলের গল্প নিয়েই এই শর্ট ফিল্ম। এ প্রসংগে স্বরাজ দেব বলেন, ‘এই ঈদে বেশ কিছু কাজ করেছি যার মধ্যে এটা স্পেশাল। কারণ এর গল্প ও সবার টীম ওয়ার্ক।’

    মুশফিক ফারহান বলেন, ‘এই ঈদে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছি। তাই সবচেয়ে ভালো কিছু কাজও এবার দর্শকরা পাবেন আমার কাছে আশা করি। যার অন্যতম হবে ‘তুমিও আমার হতে পারতে।’

    ইভানা বলেন, ‘আমি আর ফারহান জুটি হিসেবে গত এক বছরে বেশ কিছু আলোচিত কাজ করেছি। তাই এখন একদম মনের মত, বিশেষ কিছু না হলে আমরা একসাথে কাজ করিনা। এটা তেমনি একটা বিশেষ কাজ।’

    প্রথমবারের মত চিত্রনাট্য লেখার বিষয়ে জয় শাহরিয়ার বলেন, ‘আমি গানের মানুষ। গান লেখার বাইরেও অন্য মাধ্যমে মাঝে মাঝে লিখেছি, তবে এটাই প্রথম চিত্রনাট্য। আমার ভালোই লেগেছে লিখতে। আর গান গুলো যেহেতু আমারই এই কাজে তাই সেটাও সাহায্য করেছে পুরো গল্প সাজাতে। আজব কারখানা ও আজব রেকর্ডসের প্রথম প্রযোজনা যেহেতু তাই আনন্দ ও উৎকণ্ঠা দুটোই বেশি।’

  • ঈদে হুমায়ুন আহমেদের ৭ নাটক

    ঈদে হুমায়ুন আহমেদের ৭ নাটক

    অনলাইন ডেস্ক ::

    পবিত্র ঈদুল আযহার ৮ দিনব্যাপি আয়োজনে চ্যানেল আই সংযুক্ত করেছে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭টি জনপ্রিয় নাটক। এগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১৫ মিনিটে।

    ‘গ্রামীণফোন এক্সক্লুসিভ’ নামের এ আসরে ঈদের দিন দেখানো হবে নাটক ‘বুয়া বিলাস’, ঈদের পরদিন নাটক ‘মহান চিকিৎসক ওয়াং পি’, ঈদের ৩য় দিন নাটক ‘আমরা তিনজন’, ঈদের ৪র্থ দিন নাটক ‘চার দুকোনে চার’, ঈদের ৫ম দিন নাটক ‘জলে ভাসা পদ্ম’, ঈদের ৬ষ্ঠ দিন নাটক ‘মীরার দিন রাত্রী’ এবং ঈদের ৭ম দিন একই সময়ে রয়েছে নাটক ‘রহস্য’।

    নাটকগুলোতে অভিনয় করেছেন রিয়াজ, স্বাধীন খসরু, জয়ন্ত চট্টোপাধ্যায়, এজাজুল ইসলাম, আলমগীর, আমীরুল হক চৌধুরী, আসাদুজ্জামান নূর, চ্যালেঞ্জার, মীম, জামনুন মিজান, নাজনীন নাজ, ফারুক আহমেদ, মাসুম আজিজ, সালেহ আহমেদ, গাজী রাকায়েত।

    আরও দেখা যাবে শামীম শাহেদ, শম্পা, মুনমুন, বাঁধন, পুতুল কমল, সুরুভী, তুফান, মিঠু, শাওন, অরিন, আঁচল, কনা, মাসুদ আখন্দ, এহসানুর রহমান, শ্রেয়সী, লেখা, শাহীন হাসান প্রমুখ।

    নাটকগুলো পুনঃপ্রচার হবে। এর আগে এগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে। আসছে ঈদে নাটকগুলো প্রচার হলে দর্শকের মনে আলাদা করে দাগ কাটবে বলে প্রত্যাশা চ্যানেল আই কর্তৃপক্ষের।

  • বলিউড অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক দীপিকার

    বলিউড অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক দীপিকার

    দীপিকা, অনুষ্কা থেকে কঙ্গনা প্রিয়াঙ্কা … বলিউডের হেভিওয়েট তারকাদের ফিল্ম প্রতি পারিশ্রমিক কত? ভারতীয় একটি সংবাদমাধ্যম নিউজ এইটিন সূত্রে জেনে নিন একনজরে…

    সোনাক্ষী সিনহা– ফিল্ম প্রতি নিয়ে থাকেন -৬ কোটি রুপি।

    বিদ্যা বালন–ফিল্ম প্রতি নিয়ে থাকেন ৬-৭ কোটি রুপি।

    প্রিয়াঙ্কা চোপড়া–ফিল্ম প্রতি নিয়ে থাকেন ৪-৬ কোটি রুপি।

    অনুষ্কা শর্মা–ফিল্ম প্রতি নিয়ে থাকেন ৭-৯ কোটি।

    কঙ্গনা রানাওয়াত–ফিল্ম প্রতি নিয়ে থাকেন ১১ কোটি রুপি।

    দীপিকা পাড়ুকোন ফিল্ম প্রতি নিয়ে থাকেন ১৫ কোটি রুপি! ব্র্যান্ড এনডর্সমেন্টের অঙ্ক ৮ কোটি। এই মুহূর্তে পারিশ্রমিকের অঙ্কে দীপিকাই বলিটাউনের অভিনেত্রীদের মধ্যে সবার উপরে রাজত্ব করছেন।

  • দরদমাখা কণ্ঠে ‘পেয়ার কি নাগমা’ গেয়ে ভাইরাল এই নারী

    দরদমাখা কণ্ঠে ‘পেয়ার কি নাগমা’ গেয়ে ভাইরাল এই নারী

    লতা মুঙ্গেশকরের গাওয়া ‘এক পেয়ার কি নাগমা হে’ কণ্ঠে তুলে আলোচনায় এসেছেন এক নারী। নিতান্তই সাধারণ ওই নারীর গায়কীতে বুঁদ হয়েছেন নেটিজেনরা। কোনো প্রশিক্ষণ ছাড়া এমন দারুণভাবে গানটি গলায় তুলেছেন অজ্ঞাতনামা সেই নারী। ১৯৭২ সালের ‘শোর’ মুভির গানটি গেয়েছিলেন লতা মুঙ্গেশকর।

    ‘বার্পেতা টাউন দ্য প্লেস অব পিস’ নামের এক ফেসবুক পেজভিডিওটিশেয়ার করেছে। পেজটির মালিক কৃষান দাস জুবু জানান, ভিডিওটি পশ্চিমবঙ্গের রানাঘাট রেলওয়ে স্টেশনে ধারণ করেন কলকাতার অতিন্দ্র নামের এক ব্যক্তি। পরে তপন নামের আরেক ব্যক্তি ভিডিওটি তার কাছে পাঠিয়ে দেন। তবে এই নারীর নাম জানা যায়নি।

    শেয়ার করার পর থেকেই ভিডিওটি ২০ লাখের বেশি বার দেখা হয়েছে। ৪ হাজারের বেশি মানুষ সেখানে কমেন্ট করেছেন। প্রশংসায় ভাসছেন অতি সাধারণ এই নারী।

  • মুক্তিযুদ্ধ ভিত্তিক নতুন নাটক ’বৈশাখিনী’

    মুক্তিযুদ্ধ ভিত্তিক নতুন নাটক ’বৈশাখিনী’

    শোকাবহ আগস্টে শব্দাবলী’র মঞ্চস্থ করবে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ’বৈশাখিনী’। নাটকটি আগমী ০৩ আগস্ট শব্দাবলীর নিজস্ব স্টুডিও থিয়েটার মঞ্চে সন্ধ্যা ৭টা নাটকটি মঞ্চস্থ হবে। বাংলাদেশের অন্যতম বরিশালের এই নাট্যসংগঠনের এটি ৬৫ তম প্রযোজনা। বাঙালির মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনীর বর্বর নির্যতনের প্রতিচ্ছবি এই নাটক। সত্য ঘটনা অবলম্ব এক বিরঙ্গনার গল্প গাঁথায় এই নাটকটির মূল গল্প লিখেছেন ভারতের প্রখ্যাত নাট্যকার চন্দন সেন।

    নব নাট্যরূপ দিয়েছেন ড.মাহফুজা হিলালী ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ দুলাল। নাটকটি উৎস্বর্গ করা হয়েছে ৭১’র খেতাব প্রাপ্ত বীর নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি ( বীরপ্রতীক ) কে।

    চার প্রজন্মে চার নারী। যাদের একজন ৭১’র বীরঙ্গনা তাকে ঘিরেই এই নাটকের গল্প। মুক্তিযুদ্ধের ৪৮ বছর পরেও সেই সময়ে সভ্রম হারানো এজন নারী প্রজন্মের পর প্রজন্ম ধরে আজো সংগ্রম করে যাচ্ছে স্বাধীন বাংলাদেশে। একই সাথে এই নাটকের মধ্য দিয়ে বিচারের দাবী জানানো হয়েছে মুক্তিযুদ্ধে বাঙালির উপর বর্বর নির্যাতন কারী আজকের সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত পাকিস্তানের।

  • বাবা সাইফের ছবির সিক্যুয়েলে কন্যা সারা

    বাবা সাইফের ছবির সিক্যুয়েলে কন্যা সারা

    ১০ বছর আগে মুক্তি পেয়েছিল সাইফ আলি খান ও দীপিকা পাডুকোন অভিনীত ছবি ‘লাভ আজ কাল’। ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবি বদলে দিয়েছিল বহু প্রচলিত ধারণা। হিন্দি ছবির দুনিয়ায় এনেছিল এক নতুন জোয়ার।
    সেই ছবির সিক্যুয়েলে এবার দেখা যাবে সাইফ-কন্যা সারা আলি খানকে। তাহলে কী বাবার লেগেসি এগিয়ে নিয়ে যাচ্ছেন আদরের মেয়ে।

    সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে এমন দাবি উড়িয়ে দিলেন সাইফ। জানালেন, ‘কখনও এমন করে ভেবে দেখিনি। লাভ আজ কাল আমার লেগেসি নয়। এমননকি আমার মনে হয় না সারা এই ফ্রাঞ্চাইজি এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা আগা গোড়া ইমতিয়াজের ছবি, ওর ফ্রাঞ্চাইজি এবং অবশ্যই লেগেসি। আমি শুধু সেই সফরের অংশ ছিলাম।’

    তার লেগেসি যদি নাই হয়, তা হলে সিক্যুয়েলে কেন সারাকে বেছে নেওয়া হল? উত্তরে সাইফ বলেন, ‘সারা এই ছবির অংশ, তাতে কী! আমার জন্যে ও কাজ পায়নি। সারা মানুষ হিসেবে ভীষণই ইন্টারেস্টিং। ও খুবই স্মার্ট এবং বিভিন্ন বিষয়ে নিজের স্পষ্ট মতামত রয়েছে। আর দুটি ছবির মধ্যেও কোনও মিল আমি পাচ্ছি না।’

  • গানে গুজব প্রচার, শিল্পী গ্রেফতার

    গানে গুজব প্রচার, শিল্পী গ্রেফতার

    আঞ্চলিক ভাষায় পদ্মা সেতু ও ছেলেধরা নিয়ে গান তৈরি এবং প্রচারের অভিযোগে কথিত এক শিল্পীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) নগরীর হালিশহরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ কে এম এমরান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

    গ্রেফতার শিল্পীর নাম আলমগীর বিন কবির (৩৪)। ফটিকছড়ি উপজেলার চাড়ালিয়াহাট এলাকার কবির আহমদের ছেলে তিনি। বুধবার (৩১ জুলাই) রাতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার হাসপাতাল রোডে বদিউল আলমের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    সংবাদ সম্মেলনে এ কে এম এমরান ভূঁইয়া জানান, ফটিকছড়িতে আঞ্চলিক ভাষায় সুর করে গান গেয়ে ভিডিও তৈরি করেছেন কথিত শিল্পী আলমগীর বিন কবির। নবজাগরণ শিল্পীগোষ্ঠী নামে তার একটি সংগঠনও রয়েছে। সম্প্রতি তাদের তৈরি করা ‘কল্লাকাটনি’ শিরোনামে ৫ মিনিটের একটি আঞ্চলিক গানের ভিডিও ফেসবুকে ছাড়া হয়েছে, যা পুলিশের হাতে এসেছে।

    তিনি বলেন, ভিডিওটিতে দেখা যায়, গ্রেফতার আলমগীর পদ্মাসেতু, ছেলেধরা, কল্লাকাটার গুজব ছড়িয়ে এলাকার শিশু-কিশোরদের স্কুল-মাদরাসায় একা না পাঠানো সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে গান পরিবেশন করছেন। পাশাপাশি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে গান ও ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশ করেছে আলমগীর ও তার সহযোগীরা। যা ফেসবুকে কয়েক হাজারবার শেয়ার হয়েছে।

    পরে বুধবার (৩১ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আলমগীরের কাছ থেকে ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

    সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, মহিউদ্দিন মাহমুদ সোহেল ও আবদুল্লাহ আল মাসুম উপস্থিত ছিলেন।