Category: বিনোদন

  • বয়ফ্রেন্ড বেঈমানি করলে আত্মহত্যা করবেন সোনাক্ষী

    বয়ফ্রেন্ড বেঈমানি করলে আত্মহত্যা করবেন সোনাক্ষী

    নায়িকাদের প্রেম বিয়ে নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। সেই আগ্রহ মেটাতে সাংবাদিকরা চেষ্টা করেন তথ্য বের করে নিয়ে আসতে। এই যেমন দাবাং গার্ল খ্যাত সোনাক্ষী সিনহার বিয়ের খবর জানতে সরব হয়ে উঠেছেন বলিউডের সাংবাদিকগণ।

    কিন্তু বিয়ে নিয়ে মুখ খুলছেন না সোনাক্ষী। কেবল রহস্যই করে গেলেন। তিনি জানান, সুশীল পাত্র পেলেই বিয়ে করবেন।

    ঘটনার সূত্রপাত সোনাক্ষীর বাবা ও মা শত্রুঘ্ন ও পুনম সিনহার বক্তব্যে! মেয়ের বিয়ের জন্য চিন্তায় পড়েছেন তারা। সোনাক্ষী সিনহা নিজেই জানালেন, সুশীল পাত্রের সঙ্গে প্রেম করতে বলেছেন তার মা-বাবা। তেমন পাত্র পেলে তার সঙ্গেই বিয়ে দেবেন।

    সেই সুশীল পাত্রের সংজ্ঞা কী? কিংবা কি যোগ্যতা থাকলে পরে সুশীল পাত্র হওয়া যায় সেই প্রশ্নের জবাবেও রহস্য করে সোনাক্ষী বলেন, ‘বলিউডে আসলে এমন পাত্রের দেখা পাওয়া খুব কঠিন।’ হয়তো তিনি এই উত্তরে এটাই বোঝাতে চাইলেন বলিউডের ভেতরে কাউকে বিয়ে করার সম্ভাবনা নেই তার।

    সম্প্রতি একটি অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইন্ডাস্ট্রির কারও সঙ্গে প্রেম করছেন কিনা। এর উত্তরে অকপট সোনাক্ষী বলেন, ‘আমার মা-বাবা চান যাতে কোনো সুশীল পাত্রের সঙ্গে প্রেম করি আমি। কিন্তু বলিউডে এমন পাত্র কে আছে বলুন।’

    একই সঙ্গে এও জানালেন, ‘আমি কিন্তু বেশ কিছুদিন এই ইন্ডাস্ট্রিরই এক সেলেবকে ডেট করেছি। কিন্তু কেউ সে কথা জানতেও পারেননি।’

    কে তিনি? এই প্রশ্ন অবশ্য এড়িয়ে গেলেন সোনাক্ষী। বরং বললেন, তার বয়ফ্রেন্ড যদি কোনোদিন বেঈমানি করে তাকে ভুলে যায় তাহলে আত্মহত্যা করবেন তিনি। বয়ফ্রেন্ডকে ছাড়া এই পৃথিবী একটা দিনের জন্যও দেখতে চান না।

    শিল্পী দাশগুপ্ত পরিচালিত সোনাক্ষির পরবর্তী ছবি ‘খানদানি শাফাখানা’ মুক্তি পাবে আগামী ২ অগস্ট। অন্যদিকে সালমান খানের বিপরীতে ‘দাবাং থ্রি’ ছবির শুটিং শুরু করেছেন তিনি।

  • ভক্তের আঁকা ছবিতে আবেগ আপ্লুত সালমান!

    ভক্তের আঁকা ছবিতে আবেগ আপ্লুত সালমান!

    শুধু দেশের মানুষ যে সালমান খানের ভক্ত হবেন, তা কেন! সালমানের প্রশংসা করার জন্য নিশ্চয়ই কাঁটাতার বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। বলিউডের গণ্ডি পেরিয়ে তাই এই তারকার প্রশংসা করেছেন হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালন। হ্যাঁ, ৭৩ বছর বয়সী সেই সিলভেস্টার স্ট্যালন, বড় পর্দায় যাঁর শরীরে জীবন্ত হয়েছে ‘র‍্যাম্বো’।

    সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁদের ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি, সালমান খান তাঁদের একজন। ঘটনাটি গত বৃহস্পতিবারের। একটা ভিডিও দ্রুত ভাইরাল হয় অনলাইন মাধ্যমে। সেখানে দেখা যায়, একজন প্রতিবন্ধী নারী, তাঁর দুহাত একেবারেই অচল। পায়ের সাহায্যে তিনি রং–তুলি দিয়ে সালমান খানকে তুলে ধরেছেন। বিছানার ওপর পড়ে রয়েছে একটি মোবাইল। আর সেখানে সালমান খানের সেই ছবি দেখা যাচ্ছে, ঠিক যে ছবিটি তিনি আঁকছেন। আর পেছনে বেজে চলছে সালমান খানের ‘হ্যালো ব্রাদার’ ছবির গান।

    সালমান খান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সৃষ্টিকর্তার আশীর্বাদধন্য হোন। যে ভালোবাসা আপনি আমার জন্য দেখিয়েছেন, তা কোনো কিছুর বিনিময়ে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তারপরও আমার ভালোবাসা জানবেন।’

    মুহূর্তেই তা তোলপাড় করেছে সামাজিক যোগাযোগমাধ্যমকে। এ পর্যন্ত এই ভিডিওটি অর্ধকোটিবার দেখা হয়েছে। ১৭ লাখ মানুষ পছন্দ করেছেন ভিডিওটি। আর মন্তব্য জড়ো হয়েছে ৫০ হাজার। সালমান খান আর সিলভেস্টার স্ট্যালনের কখনো দেখা হয়েছে কি না জানা যায়নি। তবে ইনস্টাগ্রামে একজন আরেকজনকে ‘ফলো’ করেন। সালমান খানের শেয়ার করা ভিডিওতে যাঁরা মন্তব্য করেছেন, তাঁদের একজন সিলভেস্টার স্ট্যালন। ভিডিওটি ছুঁয়ে গেছে হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালনের হৃদয়। তাই তিনি সেখানে মন্তব্য করেছেন, ‘এটাই ভালোবাসা আর একনিষ্ঠতা।’

    যা হোক, ‘ভারত’ ছবির পর সালমান খান ব্যস্ত আছেন ‘দাবাং থ্রি’ নিয়ে। আর লাইন ধরে দাঁড়িয়ে আছে সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাল্লাহ’। এখানে তিনি প্রথমাবারের মতো পর্দা ভাগ করবেন আলিয়া ভাটের সঙ্গে।

  • ‘চলচ্চিত্রের প্রতি দায়বদ্ধতা থেকে কাজটি করছি’

    ‘চলচ্চিত্রের প্রতি দায়বদ্ধতা থেকে কাজটি করছি’

    এখন থেকে নিয়মিত প্রযোজনা করার ঘোষণা দিয়েছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। এবার দেশের দুই শতাধিক প্রেক্ষাগৃহে ‘ডিজিটাল মেশিন’ বসানোর উদ্যোগ নিয়েছেন তিনি। কোরবানির ঈদ থেকেই ‘এসকে বিগ স্ক্রিন’ নামে এসব ডিজিটাল মেশিন বসানোর কাজ শুরু হবে।

    এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করার দায়িত্ব সবারই। আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি, করছি। এবারের অত্যাধুনিক প্রজেকশন মেশিন বসানোর উদ্যোগ সাধারণ প্রযোজকদের কথা ভেবেই। এরইমধ্যে কাজ শুরু হয়েছে। ঈদুল আজহা থেকেই হলগুলোতে এসব মেশিনের সুফল ভোগ করবেন সবাই।’

    শকিব খান আরো বলেন, ‘বর্তমান স্ক্রিনগুলোতে ছবির আসল রঙ এবং শব্দ পাওয়া যায় না। এতে অনেক বড় বাজেটের এবং ভালোমানের ছবি দেখতে গেলেও দর্শক বিরক্ত হন। যার ফলে সাধারণ প্রযোজক ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই আমার নতুন এই উদ্যোগ। শুধু ব্যবসায়িক ভাবনা থেকে এটা করার সিদ্ধান্ত নিইনি। চলচ্চিত্রের প্রতি দায়বদ্ধতা থেকে কাজটি করছি। একজন প্রযোজক সিনেমায় কোটি কোটি টাকা লগ্নি করেন। অথচ দুর্বল প্রজেকশন মেশিনের কারণে দর্শকরা আনন্দ নিয়ে ছবিটি দেখতে পারেন না। আর এ কারণেই আমার এই উদ্যোগ নেওয়া।’

  • যে কারণে শাকিবের ছবিতে থাকছেন না মৌসুমী ও আমিন খান

    যে কারণে শাকিবের ছবিতে থাকছেন না মৌসুমী ও আমিন খান

    জনপ্রিয় নায়ক শাকিব খান ‘আগুন’ নামে নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন। এই ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন নবাগত জাহারা মিতু। এই ছবির মাধ্যমেই তিনি অভিষিক্ত হবেন ঢালিউডে।

    তবে এই ছবিতে আরও একটি জুটি হিসেবে অভিনয় করবেন বলে জানিয়েছিলেন ছবির পরিচালক বদিউল আলম খোকন। তবে শেষ পর্যন্ত এই দুই তারকাকে এখানে জুটি বাঁধতে দেখা যাবে না। খোকন জানান, ছবির গল্প বদলে যাওয়ায় আমিন খান ও মৌসুমীর চরিত্র দুটি থাকছে না।

    তিনি বলেন, ‘যে গল্প নিয়ে ছবিটি করার কথা ছিলো তাতে অনেক পরিবর্তন এসেছে। যার ফলে আমিন খান ও মৌসুমীর অভিনয় করার কথা থাকলেও সেটা হচ্ছে না। তারা এই ছবির অংশ হলে সেটা খুবই দারুণ হতো। কিন্তু বাধ্য হয়েই সিদ্ধান্ত বদলাতে হলো।’

    এদিকে ছবিটিতে অভিনয় না করলেও এর জন্য শুভকামনা জানিয়েছেন চিত্রনায়ক আমিন খান। তার মতে, সিনেমার ক্রান্তিলগ্নে প্রতিটি সিনেমার জন্যই সবার শুভকামনা রাখা উচিত।

    আজ বৃহস্পতিবার দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজনায় ‘আগুন’ ছবির শুটিং শুরু হওয়ার কথা। তবে নির্ধারিত সময় শুটিং শুরু হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বেশ কিছু কাজ এখনো গুছিয়ে নিতে পারেনি এ ছবির টিম।

  • অবশেষে বুবলীই হচ্ছেন শাকিবের ‘বীর’ ছবির নায়িকা

    অবশেষে বুবলীই হচ্ছেন শাকিবের ‘বীর’ ছবির নায়িকা

    ‘আম্মাজান’ খ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত নির্মাণ করতে যাচ্ছেন তার ৫০তম ছবি। আর এ ছবিতে থাকছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। এ ছবির নায়িকা কে হবে তা নিয়ে চিত্রপাড়ায় অনেক কথা শুনা যাচ্ছিল। অবশেষে জানা গেলো এই ছবিতে শাকিবের নায়িকা হচ্ছেন বুবলী। বিষয়টি নিশ্চিত করেছেন বুবলী নিজেই।

    বুবলী বলেন, ‘মৌখিক ভাবে ছবিটির বিষয়ে কথা হয়েছে। এই ছবির নায়িকা হিসেবে আমাকে ভাবার জন্য নায়ক, পরিচালক ও প্রযোজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।’

    সোমবার থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘বীর’র শুটিং শুরু হয়েছে। তবে প্রথম লটে শুটিংয়ে অংশ নিচ্ছেন না শাকিব খান ও বুবলী। এই পর্যায় শুধুমাত্র শাকিব খানের ছোটবেলার কিছু অংশের শুটিং করছেন নির্মাতা। সিনেমার মূল শুটিং শুরু হবে আসন্ন ঈদুল আজহার পর।

    কাজী হায়াতের পঞ্চাশতম সিনেমাটিতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, নানা শাহ, হাবিব, শিবা সানুসহ অনেকে।

    গত বছর ডিসেম্বরে একটি গানের রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ‘বীর’র কাজ শুরু হয়। সিনেমাটি নির্মিত হচ্ছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে।

  • মুরাদ-অপর্ণার ‘লিলিথ’ সিনেমায় কে এই ঈশ্বর মিত্র?

    মুরাদ-অপর্ণার ‘লিলিথ’ সিনেমায় কে এই ঈশ্বর মিত্র?

    প্রকাশিত হলো ‘লিলিথ’ চলচ্চিত্রের ট্রেলার। কামরুল হাসান নাসিমের গল্প চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটি শিগগিরই আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। গতানুগতিক কাহিনিনির্ভর চলচ্চিত্রের বাইরে দাঁড়িয়ে পৌরাণিক রহস্যময় চরিত্র ‘লিলিথ’-এর সূত্র ধরে একটি দার্শনিক ভ্রমণ ঘটেছে এ চলচ্চিত্রে। যার আঁচ পাওয়া গেলো দুই মিনিট আটান্ন সেকেন্ডের ট্রেলারে। চলচ্চিত্রটির কেন্দ্রিয় চরিত্র ইশ্বর মিত্রের ভূমিকায় অভিনয় করেছেন নির্মাতা নিজেই।

    কে এই ইশ্বর মিত্র? যাকে খুঁজছে আমেরিকায় বসবাসকারী পউলা ব্র্যান্ডেজ ও তার সংস্থা? বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যেও ইশ্বর মিত্রের আদর্শিক অবস্থান নিয়ে কৌতুহলের অন্ত নেই। অন্যদিকে লেখক তুষার এর চরিত্রে আরমান পারভেজ মুরাদ এবং পত্রিকার সম্পাদক আলেয়া যুথী’র চরিত্রে অপর্ণা ঘোষেরও দেখা মিলেছে ট্রেলারে।

    চলচ্চিত্রটিকে ‘মুভি অব দ্য প্ল্যানেট’ আখ্যা দিয়ে নির্মাতা বলেন, “ট্রেলার দেখে ‘লিলিথ’ চলচ্চিত্রের ধরণ সম্পর্কে খুব বেশি বোঝার সুযোগ নেই। প্রাথমিকভাবে এটিকে হরর ফিল্ম মনে হলেও আসলে শেষ পর্যন্ত একটি আধ্যাত্মিক উচ্ছ্বাসে ভাসবেন দর্শক। সংলাপ ও গভীরতা-এই দুই দিক থেকে ‘লিলিথ’ এর মতো চলচ্চিত্র পৃথিবীতে বিরল মনে করছি। ‘লিলিথ’ এই গ্রহের চলচ্চিত্র।

    পৃথিবীর সকল মানুষের জন্য নির্মাণ করা হয়েছে এই চলচ্চিত্রটি। ফলত দর্শক নয়, মানুষের জন্য এই সিনেমা। মানুষের দায়িত্বটা কি তা এই ফিল্মে ধরা দিবে।”

    নির্মাতা জানালেন, চলচ্চিত্রটির মূল গল্পের বিবেচনায় ট্রেলারের মধ্যে থাকা সব দৃশ্যকে চুম্বক অংশ বলে বিবেচনা করার কোন সুযোগই নেই। তবে এই চলচ্চিত্রের কেন্দ্রিয় চরিত্র ঈশ্বরমিত্রের আধ্যাত্মিক দার্শনিক পথচলা, লেখক তুষার ও তার স্ত্রী আলেয়া যুথী এবং তার বন্ধু শিশিরকে সামনে আনা হয়েছে।

    নির্মাতা আরও জানান, আন্তর্জাতিক নানা উৎসবে অংশগ্রহণের পাশাপাশি চলতি বছর সেপ্টেম্বরে আমেরিকার লস এঞ্জেলেসে ‘লিলিথ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

    তবে, বাংলাদেশে মুক্তির সম্ভাবনা নেই চলচ্চিত্রটির। এমন কথা জানিয়ে নির্মাতা নাসিম বলেন, “বাংলাদেশে এ চলচ্চিত্রের দর্শক খুব সীমিত। তবে, খুব শিগগিরই আমরা বিদগ্ধজন ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি ঘরোয়া প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছি। আন্তর্জাতিক মুক্তি ও উৎসব ঘুরে চলচ্চিত্রটি অন্তর্জালে উন্মুক্ত করে দেয়া হবে।”

    চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আয়েশা এরিন, ইন্দ্রনীল ছেত্রী, মেহরাব পিয়াস, জাভেদ ওমর, শিমুল চৌধুরী, লরিন খান, এনামুল হক প্রমুখ। বর্তমানে চলচ্চিত্রটির চূড়ান্ত সম্পাদনা ও আবহ সঙ্গীতের কাজ চলছে মুম্বাইয়ে। চলচ্চিত্রটি নির্মাণ করছে কেএইচএন মিডিয়া ও বৈষ্টমী।

  • মেক্সিকোয় জন্মদিন কাটালেন ক্যাটরিনা

    মেক্সিকোয় জন্মদিন কাটালেন ক্যাটরিনা

    বলিউড অভিনেত্রী ক্যাটরিনার জন্মদিন ছিল মঙ্গলবার। ৩৬ বছরে পা দিলেন তিনি। জীবনের এই বিশেষ দিনটি পালন করতে কয়েকদিন আগেই মেক্সিকো উড়ে যান ক্যাটরিনা।

    পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। যদিও পরিবারের সঙ্গে বিশেষ কেউ আছেন কি না, তা জানা যায়নি। ছুটির আমেজের মুহূর্তগুলো তিনি ভক্তদের মধ্যে ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামের মাধ্যমে। যেমন, গত রোববারই মেক্সিকোর জঙ্গল ঘেরা নদীর ধারে সময় কাটানোর ছবি পোস্ট করেন ক্যাটরিনা। সেই ছবিতে তাকে দেখা গেছে রং বেরঙের বিকিনিতে। আর সেই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। সে ছবিতে ক্যাটকে জন্মদিনের আগাম শুভেচ্ছাও জানান অনেক বলিউড তারকা।

    সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সালমান খান। রণবীরের সঙ্গে ডেট করা নিয়ে আলিয়া ভাটের সঙ্গেও ক্যাটের দূরত্ব তৈরি হয়েছিল বলে শোনা যায়। তবে আলিয়াও ইনস্টাগ্রামে ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

  • পাঁচ লুকে দেখা যাবে আমির-কারিনাকে

    পাঁচ লুকে দেখা যাবে আমির-কারিনাকে

    শক্তিশালী চরিত্রে অভিনয়ে নাম-ডাক রয়েছে আমির খানের। সিনেমার প্রয়োজনে প্রায় নিজেকে খোল-নলচে বদলে নেন তিনি। অল্প ব্যতিক্রম ছাড়াই তার হালের সিনেমাগুলো ব্লকবাস্টারের খেতাব পেয়েছে।

    ‘থাগস অব হিন্দুস্তান’-এর ভরাডুবি মেনে নিয়ে ফের উঠে দাঁড়িয়েছেন এই তারকা। বর্তমানে পরের সিনেমা ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত। অদ্বৈত চন্দনের পরিচালনায় এই সিনেমাতে আমিরের বিপরীতে আছেন কারিনা কাপুর খান। এর আগে তারা ‘থ্রি ইডিয়টস’ ও ‘তালাশ’-এ একসঙ্গে অভিনয় করেন।

    শোনা যাচ্ছে, ‘লাল সিং চাড্ডা’য় লুক নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা হবে। এর আগে দঙ্গল, পিকে, গজনিতে ওজন বাড়ানো-ঝরানোর মধ্য দিয়ে গেছেন আমির খান। এবার তার সঙ্গে লুক বদলের কসরতে শামিল হবেন কারিনা। তাদের অনেকগুলো লুকে দেখা যাবে।

    পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা যায়, দশক হিসেব করে এই ছবিতে চার থেকে পাঁচটি লুকে হাজির হবেন আমির খান। লুক পরিবর্তনে ওই সময়ের পোশাক ও সাংস্কৃতিক অনুষঙ্গকে গুরুত্ব দিচ্ছেন নায়ক ও নির্মাতা। তারা ছবির প্রথম শিডিউলের আগেই এই বিষয়ে সবকিছু চূড়ান্ত করে ফেলবেন।

    এই সিনেমার জন্য বেশ আগেই ওজন ঝরানো শুরু করেছেন আমির। কয়েক মাস আগে তিনি বলেন, “এই সিনেমায় আমি তরুণ বয়সী চরিত্রে অভিনয় করছি। তাই ২০ কেজি ওজন কমাতে হবে। ইতিমধ্যে দুই সপ্তাহের চেষ্টায় আমি সাড়ে তিন কেজি কমিয়েও ফেলেছি।”

    আমিরের সমান্তরাল চরিত্রের কারণে কারিনাকেও একাধিক লুকে দেখা যাবে। এর জন্য তাকে নায়িকা হিসেবে সঠিক বাছাই বলে ভাবছে ‘লাল সিং চাড্ডা’ টিম।

    অক্টোবর থেকে তিনটি শিডিউলে সিনেমাটির দৃশ্যায়ন হবে। যার গল্পে থাকবে সত্তর দশক থেকে বর্তমান সময়। ভারতের জরুরি অবস্থা, কারগিল যুদ্ধ, পুলওয়ামা-উরি হামলা ও সরকার পরিবর্তন ধারাবাহিকভাবে উঠে আসবে। সব মিলিয়ে সর্বশেষ পাঁচ দশকে ভারতের সামাজিক-রাজনৈতিক পরিবর্তন তুলে আনবে ‘লাল সিং চাড্ডা’।

    আগস্টের মধ্যে পুরো কাস্টিং চূড়ান্ত হবে। অক্টোবরে শুটিং শুরু হওয়ার আগে হাতের ব্যস্ততা ঝেড়ে ফেলবেন কারিনা। বর্তমানে ‘অ্যাংরেজি মিডিয়াম’ সিনেমার শুটিংয়ে তিনি লন্ডন আছেন। এছাড়া একটি রিয়্যালিটি শো’র বিচারক হিসেবে কাজ করছেন।

    ‘লাল সিং চাড্ডা’ নির্মিত হবে ১৯৯৪ সালের রবার্ট জেমেকিস পরিচালিত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক হিসেবে। উইস্টন গ্রুমের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি ওই ছবিতে অভিনয় করেন টম হ্যাঙ্কস। এর জন্য তিনি সেরা অভিনেতার অস্কার পুরস্কার লাভ করেন। মুক্তির পরপর ‘ফরেস্ট গাম্প’ বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রধান অনুপ্রেরণাদায়ক ছবির তালিকায় জায়গা করে নেয়।

    আমির খান জানান, বেশ আগেই সিনেমাটির হিন্দি রিমেকের পরিকল্পনা করেন। সেই অনুসারে প্যারামাউন্ট পিকচার্স থেকে স্বত্ত্ব কিনে নেন। ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে ২০২০ সালের বড়দিনে।

  • হিজড়াদের তোপের মুখে জোহানসন

    হিজড়াদের তোপের মুখে জোহানসন

    নতুন ছবিতে তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করতে গিয়ে বিপাকে পড়েছেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। এ চরিত্রে তাকে মেনে নিতে পারছেন না হিজড়া সম্প্রদায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা।

    ‘রাব অ্যান্ড টাগ’ নামের একটি ছবিতে দেখা যাবে স্কারলেটকে। এ চরিত্রে তার অভিনয় করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় বয়ে গেছে।

    এ প্রসঙ্গে একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে স্কারলেট বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে যে কোনো চরিত্রে অভিনয়ের অধিকার আমার আছে। আমি গাছ বা পশুর চরিত্রেও অভিনয় করতে পারি, যদি চরিত্রটি সে রকম হয়।’

    ‘অভিনয় একটি শিল্প, একে রাখতে হবে মুক্ত। এটা করা যাবে না, ওটা করা যাবে না; এসব বিধিনিষেধ অভিনয়শিল্পীর জন্য নয়।’

    গত বছরের জুলাই মাসে স্কারলেট যুক্ত হন ‘রাব অ্যান্ড টাগ’ ছবিতে। সত্তর-আশির দশকের কুখ্যাত মার্কিন হিজড়া গ্যাংস্টার ও ম্যাসেজ পারলারের মালিক লুইস জেন গিল ওরফে দান্তে টেক্স গিলকে নিয়ে এ ছবিটি। হিজড়া সম্প্রদায়ের দাবি, এই চরিত্রে স্কারলেট কেন, একজন হিজড়া অভিনেতাকেই এ চরিত্র করতে দেওয়া উচিত।

  • অরুণিমা ঘোষকে বাজে মন্তব্য করায় যুবক গ্রেফতার

    অরুণিমা ঘোষকে বাজে মন্তব্য করায় যুবক গ্রেফতার

    যে কোনো অভিনেত্রীর ক্ষেত্রেই ঘটে থাকে এমন ঘটনা। ফেসবুক টুইটারে তারা নিজের কোনো ছবি পোস্ট করলেই এক শ্রেনীর মানুষ বাজে বাজে মন্তব্য করতে উঠে পড়ে লাগে। এবার এমন ঘটনা ঘটানোর কারণে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অরুণিমা ঘোষকে অনেকদিন থেকে ফলো করছিলো মুকেশ কুমার সাউ নামের একজন ব্যবসায়ী। সোশ্যাল সাইটে অরুণিমাকে নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করত এই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ।

    ওই ব্যক্তিকে আদালতে নেওয়া হলে বিচারক আগামী ২৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে, এই যুবক মুকেশ কুমার সাউ, ময়ূখ সাহা ও আরও নাানা ফেক আইডি দিয়ে অভিনেত্রী অরুণিমা ঘোষের সোশ্যাল সাইটে কুরুচিকর মন্তব্য করত। প্রায় ছ’মাস ধরে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর মন্তব্য করে আসছিলো ওই যুবক।

    উল্লেখ্য, অরুণিমা ঘোষ কলকাতার ছোট পর্দার পরিচিত মুখ। বেশ কিছু আলোচিত ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সিনেমাতের অভিনয় করেছেন অরুণিমা। তার অভিনীতে সিনেমাগুলোর মধ্যে আছে অরিন্দম শীলের ‘আসছে আবার শবর’, অনিন্দ্যবিকাশ দত্তের ‘নীলাচলে কিরীটি’, সত্রাজিৎ সেনের ‘মাইকেল’, রঞ্জন ঘোষের ‘রংবেরঙের কড়ি’, পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘সোনার পাহাড়’।