Category: বিনোদন

  • এমপির ওপর ক্ষুব্ধ কুদ্দুস বয়াতি

    এমপির ওপর ক্ষুব্ধ কুদ্দুস বয়াতি

    বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি স্থানীয় প্রশাসনের ওপর বেশ ক্ষুব্ধ। একটি ভিডিও বার্তায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। যেখানে তিনি তার এলাকার দুই কিলোমিটার রাস্তার সংস্কার না হওয়ার অভিযোগ তুলেন।

    ১২ জুলাই ওই ভিডিও বার্তায় স্থানীয় সংসদ সদস্যের অবহেলার কথা তুলে ধরে সরকারের কাছে এলাকার দুই কিলোমিটারের মাটির রাস্তাটি উন্নত করার আবেদন জানান। সাংসদের কাছে বারবার ধরনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

    ভিডিও বার্তায় কুদ্দুস বয়াতি বলেন, ‘১৬ কোটি লোক জানে আমি দেশের জন্য কী করেছি। দেশেরও এখন অনেক উন্নতি হচ্ছে। এই দিন দিন নয় আরও দিন আছে, এই দিনেরও নিচ্ছে তারা ওই দিনেরও কাছে। অথচ আমার এই রাস্তাটা হলো না। চার-পাঁচটা গ্রামের মানুষ এই কাদা নিয়ে বিপদে আছে। এমপি’র বাড়ির রাস্তা ঠিকই হয়ে গেছে, আমার রাস্তাটাই হলো না। আমি সরকারের প্রতি আবেদন জানাই আমার রাস্তাটা অচিরেই করে দেওয়ার জন্য।’

    উল্লেখ্য, নেত্রকোনার কেন্দুয়া থানার রাজীবপুর গ্রামে বসবাস করেন কুদ্দুস বয়াতি। ১৯৯২ সালে তার গাওয়া ‘এই দিন দিন না আরও দিন আছে’ গানটি সারা দেশে দারুণ জনপ্রিয়তা পায়। এরপর থেকে তিনি জাতীয় পর্যায়ে নিজের প্রতিভা তুলে ধরেন।

  • আবার জুটি বাঁধলেন নোবেল ও শখ

    আবার জুটি বাঁধলেন নোবেল ও শখ

    দীর্ঘদিন পর আবারও একটি এক ঘণ্টার নাটকে একসঙ্গে অভিনয় করবেন মডেল নোবেল ও অভিনেত্রী শখ। নাটকটির নাম ‘অহংকার’। শুটিং হবে ১৩ ও ১৯ জুলাই। নাটকটির গল্প লিখেছেন সাব্বির চৌধুরী। চিত্রনাট্য তৈরি করেছেন রিয়াজুল আলম শাওন। পরিচালনা করবেন শেখ সেলিম।

    এর আগে সর্বশেষ নোবেল আর শখ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৬ সালে। নাটকের নাম ছিল ‘দ্য হিরো’।

    অনেক দিন পর নোবেলের বিপরীতে অভিনয় প্রসঙ্গে শখ বলেন, ‘নোবেল দেশের একজন নামকরা মডেল। আমি নিজেই তাঁর ভক্ত। তিনি একজন ভালো মনের মানুষ। তাঁর বিপরীতে কাজ করতে যাচ্ছি, অবশ্যই ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘এর আগে ২০১৬ সালে “দ্য হিরো” নামে একটি নাটকে আমরা দুজন একসঙ্গে কাজ করেছিলাম, ওই সময় নাটকটি দর্শকেরা বেশ পছন্দ করেছিলেন।’

    নাটকটি গল্প এমন, অহংকার পতনের মূল। বেশি সম্পদশালী হয়ে গেলে কোনো কোনো মানুষের চলাফেরা, আচরণ পরিবর্তন হয়ে যায়, মানুষকে মানুষ মনে করেন না, অহংকারী হয়ে ওঠেন। শেষে পতন হয়। এমনই গল্প নাটকটির। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘নাটকটির গল্প ভালো। বাস্তবের সঙ্গে মিল রেখেই গল্পটি লেখা হয়েছে। পড়ে ভালো লেগেছে।’ এই মডেল ও অভিনেতা আরও বলেন, ‘আমি চাকরি করি, মিডিয়াতে কাজের সময় একদমই সময় পাই না। কাজটি ভালো হবে মনে করে ছুটির দিনগুলো বেছে নিয়ে কাজ করতে যাচ্ছি।’

    পরিচালক শেখ সেলিম বলেন, ‘নোবেলের হাতে কাজের সময় নেই। ছুটির দিনগুলো সিডিউল দিয়েছেন। সে অনুযায়ী ১৩ ও ১৯ জুলাই উত্তরার লোকেশনে শুটিং করব।’ পরিচালক বলেন, ‘এখনো চ্যানেল ঠিক হয়নি। আশা করছি, আগামী ঈদে যেকোনো একটি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।’

  • বিয়ে করলেন ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব

    বিয়ে করলেন ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব

    ক্লোজআপ ওয়ান ২০০৫-এর তারকা মেহরাব বিয়ে করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী রুশী চৌধুরী সঙ্গে গত ৮ জুলাই পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রুশী চৌধুরী সম্পর্কে তার কাজিন।

    শিল্পী মেহরাবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দীর্ঘদিনের প্রেম, প্রেম থেকে প্রণয়। ঘরোয়া পরিবেশে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।’ তিনি সামনের দিনগুলোর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

    ২০০৬ সালে মেহরাবের প্রথম ডুয়েট অ্যালবাম ‘আড্ডা’ প্রকাশিত হয়। ২০০৮ সালে প্রিন্স মাহমুদের মিক্সড অ্যালবামেও কাজ করেন তিনি। ২০১০ সালে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে প্রকাশিত হয়েছিল মেহরাবের প্রথম একক গানের অ্যালবাম ‘সাইরেন’। ২০১৬ সালে ‘তোমাকে দিয়ে শুরু’ মিক্সড অ্যালবামেও গান করেছেন তিনি।

    এরমধ্যে ২০১৩ সালে তিশার স্বপ্ন স্বপ্ন খেলা নামক একটি নাটকে অভিনয় করেন মেহরাব। দাউদ হোসাইন রনির লেখা নাটকটি পরিচালনা করেছিলেন পার্থ সরকার।

    গত মার্চে মেহরাব ‘আমি শুধু ভালোবাসতেই চাই’ এবং বৈশাখে ‘এল রে বৈশাখ’ শিরোনামে দুটি গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।

  • অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে হাসপাতালে কবরী

    অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে হাসপাতালে কবরী

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে যান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অভিনেত্রী সারাহ বেগম কবরী।

    শুক্রবার বেলা সাড়ে ১১টায় এটিএম শামসুজ্জামানকে দেখতে হাসপাতালে যান কবরী। এসময় তিনি এই অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এসময় কবরীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, মো. লিপ্টন, কণ্ঠশিল্পী বৃষ্টি রাণী সরকার প্রমুখ।

    গত ২৬ এপ্রিল রাত ১১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় এটিএম শামসুজ্জামানকে রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন সকালে তার পিত্তথলির একটি নালীতে সফল অস্ত্রোপচার করা হয়।

    প্রায় দুই মাস আজগর আলী হাসপাতালের চিকিৎসা শেষে গত ১৫ জুন শাহবাগের বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করানো হয় কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। এটিএম শামসুজ্জামান বিএসএমএমইউ হাসপাতালের ২১২ নম্বর ভিআইপি কেবিনে চিকিৎসাধীন।

  • শ্রদ্ধা কাপুরের বিয়ের গুঞ্জন

    শ্রদ্ধা কাপুরের বিয়ের গুঞ্জন

    বলিউড পাড়ায় হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বিয়ের গুঞ্জন। ২০২০ সালে রোহান শ্রেষ্ঠ নামের এক ভক্তের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ‘স্ত্রী’খ্যাত এই তারকা। বৃহস্পতিবার (১১ জুলাই) শ্রদ্ধার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর, বিষয়টির সত্যতা যাচাই করতে ভারতীয় একটি সংবাদমাধ্যম থেকে তার বাবা শক্তি কাপুরের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন প্রবীণ এই অভিনেতা স্বভাবসুলভভাবে রসিকতা করে বিষয়টি উড়িয়ে দেন।মজার ছলে শক্তি কাপুর বলেন, ‘সত্যি? আমার মেয়ে বিয়ে করতে যাচ্ছে? অনুগ্রহ করে এই বিয়েতে আমাকে দাওয়াত দিতে ভুলবেন না!’ অপরদিকে আবার শোনা যাচ্ছে শ্রদ্ধার মা শিবাঙ্গী কাপুর মেয়ের বিয়ের ব্যপারে অনেক কিছু ভেবে রেখেছেন। ইতিমধ্যেই বিয়ের তোড়জোড়ও নাকি শুরু হয়ে গিয়েছে কাপুর বাড়িতে।

    ফারহানের সঙ্গে সম্পর্কে ভাঙার পর শ্রদ্ধা আর দেরি করতে চাইছেন না। শ্রদ্ধা চাইছেন দেরি না করে রোহনের সঙ্গে এবার বিয়েটা সেরে ফেলতে। তবে শ্রদ্ধাও নাকি ঠিক করেছেন অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের মতো বিয়ের পরেও অভিনয় বজায় রাখবেন।

    এর আগে শ্রদ্ধার সঙ্গে সম্পর্কের বিষয়ে রোহন বলেছিলেন, “গত ৯ বছর ধরে আমাদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু আমি ওকে ডেট করছি না। একটা পার্টিতে আমি প্রথম ওকে দেখি। প্রথম দেখাতেই খুব মিষ্টি লেগেছিল ওকে। কিন্তু আমরা শুধুই ভাল বন্ধু।”

    প্রসঙ্গত, রোহন শ্রেষ্ঠা খ্যাতনামা ফটোগ্রাফার রাকেশ শ্রেষ্ঠার ছেলে। রোহন নিজেও একজন সেলিব্রিটি ফটোগ্রাফার। এ বছরের শেষে কিংবা ২০২০র প্রথমেই রোহন ও শ্রদ্ধা সাত পাকে বাঁধা পড়বেন বলে খবর শোনা যাচ্ছে।

    এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত `সাহো`র টিজার ও প্রথম গান। এটি শ্রদ্ধার প্রথম দক্ষিণী ছবি। এছাড়াও আগামী বছর মুক্তি পাবে `স্ট্রিট ডান্সার 3D`ও `বাঘি 3` সহ শ্রদ্ধার বেশ কয়েকটি ছবি।

  • প্রথম বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন ডিপজল

    প্রথম বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন ডিপজল

    ঢালিউডে দীর্ঘ সময় ধরে দাপিয়ে বেড়ালেও কখনো বিজ্ঞাপনে কাজ করতে দেখা যায়নি আলোচিত খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি। এ মাধ্যমে অভিষেকেই সাড়া ফেলে দিয়েছেন ডিপজল। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের ভিডিওটি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। চলচ্চিত্রের মতো এখানেও তার দুর্দান্ত অভিনয় ও সংলাপ বলার স্টাইলের প্রশংসা করছেন সবাই।

    সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতামূলক ওই বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, সামনে এসে টোকা দিয়ে ডিপজল বলছেন, কি ভাতিজা, নবাব হইছো? রং সাইডে গাড়ি চালাও- রাস্তা চেন না? ফিডার খাও?

    ডিপজলের বাংলা সিনেমায় আগমন হয় পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে ১৯৮৬ সালে। তার প্রথম ছবি ‘টাকার পাহাড়’। টানা কয়েক বছর ভিলেন হিসেবে দাপটের সঙ্গে অভিনয়ের পর বিরতি নিয়ে আবার ফিরেন।

  • খান-কাপুরদের পেছনে ফেলে ফিটনেসে এগিয়ে নরেন্দ্র মোদী

    খান-কাপুরদের পেছনে ফেলে ফিটনেসে এগিয়ে নরেন্দ্র মোদী

    ভারতের তারকা অভিনেতারা ফিট থেকে ৫০ পেরিয়েও বয়সটাকে আটকে দিয়েছেন ৩০-এর ঘরে। কিন্তু এই বড় বড় সিক্সপ্যাক-এইটপ্যাক সুপারস্টারদের পেছনে ফেলে ফিটনেসে সবার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি দেশটির স্বাস্থ্য সংস্থা ‘জিঅক্যুআইআই’ এক সমীক্ষা চালিয়ে দেখেছে স্বাস্থ্য সচেতনতা ও ফিটনেসে প্রথম স্থানে রয়েছেন নরেন্দ্র মোদী।

    তালিকায় মোদীর পর দ্বিতীয় স্থানে জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও তৃতীয় হয়েছেন যোগগুরু বাবা রামদেব। এরপরে রয়েছেন যথাক্রমে ধোনি, রণবীর সিং, করিনা কাপুর, টাইগার শ্রফ, প্রিয়াঙ্কা চোপড়া, বিরাট কোহলি আর দীপিকা পাড়ুকোন।

    এবিষয়ে ‘জিঅক্যুআইআই’-এর প্রতিষ্ঠাতা এবং সিইও বিশাল গোন্ডল জানান, আমাদের দেশে কোন কোন বিশিষ্ট ব্যক্তিত্ব স্বাস্থ্য সচেতন সেই খবর প্রকাশ্যে আনতেই এই সমীক্ষা চালানো হয়।

    তিনি বলেন, নিজের সঙ্গে সঙ্গে মোদী দেশবাসীর স্বাস্থ্য নিয়ে বরাবরই সজাগ থাকেন। আন্তর্জাতিক যোগ দিবস চালু করার পেছনে মোদীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ৬৮ বছর বয়সেও তিনি ফিট।

    নরেন্দ্র মোদী সুস্থতার জন্য নিয়মিত যোগব্যায়াম করেন। নিরামিষ খেয়েই দিব্যি ভালো রয়েছেন তিনি। আর নিয়মতান্ত্রিক জীবন যাপনের ফলেই কোনো দিন ডাক্তার বা ব্যয়বহুল ওষুধের ওপর নির্ভর করতে হয়নি তাকে।

    ফিটনেসের সঙ্গে তার ফ্যাশন সচেতনতাও লক্ষ করার মতো। সব সময়ই অনুষ্ঠান বুঝে সঠিক-মানানসই পোশাকই বেছে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

  • সাবেক স্বামীর বিরুদ্ধে এবার মিলার ডিজিটাল আইনে মামলা

    সাবেক স্বামীর বিরুদ্ধে এবার মিলার ডিজিটাল আইনে মামলা

    অনলাইন ডেস্ক :

    মারধর ও যৌতুক দাবির অভিযোগে মামলা করার পর এবার সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অভিযোগে সাবেক স্বামী পাইলট পারভেজ সানজারিসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সংগীতশিল্পী মিলা।

    বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে তিনি এ মামলা করেন। মামলার অন্য দুই আসামি হলেন এসএম আর রহমান এবং খান আল-আমিন।

    আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশের কাউন্টার টেরোরিজমের সাইবার ইউনিটকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

    ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় সংগীতশিল্পী মিলার নামে অপপ্রচার চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি এ মামলা করেছেন।

    এর আগে ২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে সাবেক স্বামী পারভেজ সানজারির নামে মামলা করেন। মামলার পরই সানজারিকে গ্রেফতার করে পুলিশ।

    পরে এসিড হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে পারভেজ সানজারি গায়িকা মিলার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে রয়েছেন তিনি। সেই সঙ্গে আট সপ্তাহ পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

  • গানে নারীদের অপমান করায় হানি সিং গ্রেফতার

    গানে নারীদের অপমান করায় হানি সিং গ্রেফতার

    গানের সংলাপে নারীদের অপমান ও অশ্লীল শব্দ ব্যবহার করায় ভারতের পাঞ্জাবের জনপ্রিয় ব়্যাপার হানি সিংকে গ্রেফতার করা হয়ছে। একই অভিযোগ আনা হয়েছে সংগীত প্রযোজক ভূষণ কুমারের বিরুদ্ধেও।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ‘মাখনা’ গানের জন্য ভ্ক্তদের রোষানোলে পড়েছেন হানি সিং। তার বিরুদ্ধে অভিযোগ, ‘ম্যায় হুঁ ওম্যানাইজার’, ‘সিলিকন ওয়ালি লড়কিয়োঁকো ম্যায় পটাতা হুঁ’র মতো বেশ কয়েকটি লাইন রয়েছে এই গানে, যা অত্যন্ত আপত্তিকর। আর সেই কারণেই পাঞ্জাবের নারী কমিশনের তরফে তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়।

    হানি সিংয়ের গাওয়া ‘মাখনা’ গানটি গত বছর ২১ ডিসেম্বর টি-সিরিজের ইউটিউব চ্যানেল এসেছে। এরপর গানটি দেখা হয়েছে ২১ কোটি ৬ লাখ ৮২ হাজার ৬৪১ বার। পাঞ্জাব নারী কমিশন অভিযোগ জানিয়েছে, হানি সিং তার এই গানে নারীদের নিয়ে অশ্লীল রসিকতা করেছেন, যা খুবই অপমানজনক। হানি সিংসহ এই গানের সঙ্গে যারা জড়িত, তাদের সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    পাঞ্জাবের নারী কমিশনের চেয়ারপারসন মণীষা গুলাটি সংবাদমাধ্যকে জানান, পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল ও অ্যাডিশনাল চিফ সেক্রেটারির কাছে এ নিয়ে অভিযোগ করা হয়েছে। হানি সিং তার গানে এমন কিছু কথা ও শব্দ ব্যবহার করেছেন, যা নারীদের জন্য অত্যন্ত অপমানজনক।

    গানের এমন কথার জন্য টি-সিরিজের ভূষণ কুমার, গায়ক হানি সিং ও গায়িকা নেহা কক্করের বিরুদ্ধে পুলিশি তদন্তের দাবিও জানান মণীষা গুলাটি। সেই সঙ্গে তিনি সেন্সর বোর্ডেও অভিযোগ জানান। পাঞ্জাবে গানটির ওপর নিষেধাজ্ঞা জারির দাবি তুলে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন মণীষা। মোহালির মাতাউর থানায় লিখিত অভিযোগ করা হয়।

    মোহালির সিনিয়র এসপি হরচরণ সিং ভুল্লার বলেন, ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং ৫০৯ নম্বর ধারায় হানি সিংয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।

    গানের কথা নিয়ে বিতর্কে জড়ানোর ঘটনা হানি সিংয়ের প্রথম নয়। এর আগে ২০১৩ সালেও একবার গানের কথা নিয়ে বিতর্কে জড়ান তিনি। ওই গানটিতে হানি সিং লিখেছিলেন, ‘ম্যায় হুঁ বলৎকারি’। এছাড়া ‘লাক ২৮’, ‘ব্লু আইজ’, ‘কিকলিকালেরেদ্রি’ ও ‘ব্লাউন রং’ গান নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন বলিউডের জনপ্রিয় এই ব়্যাপার।

  • ঢাকায় আসছেন জিৎ-কোয়েল

    ঢাকায় আসছেন জিৎ-কোয়েল

    ঈদে শাকিবের ‘পাসওয়ার্ড’ ছবির পাশাপাশি সাফটা চুক্তির মাধ্যমে দেশে মুক্তি পাওয়ার কথা ছিল কলকাতার ছবি ‘শুরু থেকে শেষ’। এই ছবিতে দীর্ঘ দুই বছর পর জুটি বেঁধে অভিনয় করেছেন জিৎ ও কোয়েল মল্লিক। ঈদে মুক্তি পায়নি ছবিটি। তবে শিগগিরই মুক্তি পাবে। এ মাসেই ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে দেখা যাবে জিৎ-কোয়েলকে।

    বাংলাদেশের সেন্সর বোর্ডে জমা পড়া ছবিটি আজ বুধবার সেন্সর বোর্ডে দেখা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

    জিৎ-কোয়েলের ‘শুরু থেকে শেষ’ ছবিটি ১৯ জুলাই সারাদেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবির আমদানিকারী প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

    তিনি বলেন, ‘ছবিটির সেন্সরের অপেক্ষায় আছি আমরা। ছবির মুক্তির তারিখও নির্ধারণ করেছি। সবকিছু ঠিক থাকলে ১৯ জুলাই সারাদেশে মুক্তি পাবে ছবিটি।

    এ ছবির মাধ্যমে দুই বছর পর জুটি হয়েছেন জিৎ-কোয়েল। এর আগে এই জুটিকে ২০১৭ সালে পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল রাজা চন্দের ‘বেশ করেছি, প্রেম করেছি’ ছবিতে। দীর্ঘ বিরতির পর প্রিয় জুটিকে এক সিনেমায় দেখতে আগ্রহের শেষ নেই ভক্তদের।

    ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। ছবিতে জিৎকে দেখা যাবে মাহিদের চরিত্রে আর কোয়েল হয়েছেন তার পূজারিণী। অর্থাৎ মুসলিম ও হিন্দু; দুই ধর্মের মানুষের প্রেম ও সেই প্রেম নিয়ে দ্বন্দ্ব-সংঘাতের গল্প নিয়েই নির্মিত ‘শুরু থেকে শেষ’। যেখানে দেখা যাবে, ধর্মের সংঘাতে রক্তাক্ত জিৎ-কোয়েলের প্রেম।

    ছবিটি প্রযোজনা করছে জিৎয়ের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস। ছবিতে কোয়েল ছাড়াও দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে।