Category: বিনোদন

  • আগামী মাসেই অর্জুন-মালাইকার বিয়ে

    আগামী মাসেই অর্জুন-মালাইকার বিয়ে

    সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে সংসার পেতেছিলেন মালাইকা অরোরা। কিন্তু নানা দ্বন্দের জেরে ২০১৬ সালে ডিভোর্স হয়ে গেছে এই দুই তারকার। সাবেক স্বামী আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেই মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের সম্পর্ক সামনে আসে। বলিউডের মোস্ট আলেজেড কাপলদের মধ্যে আপাতত শিরোনামে আছেন তারা।

    শোনা যাচ্ছে, আগামী মাসেই বিয়ে করতে যাচ্ছেন তারা। ভারতীয় এক সংবাদমাধ্যম বলছে, ‘মালাইকা ও অর্জুন এপ্রিলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। খ্রিষ্টান ধর্ম মতে নাকি বিয়ে করবেন তারা।

    গেল বছর ল্যাকমে ফ্যাশন উইকের সময় অর্জুন-মালাইকার প্রেমের গুঞ্জন শুরু হয় । ফ্যাশন শোতে দুজনকে পাশাপাশি দেখা যায়। পরে মালাইকার জন্মদিনে মিলানেও হাজির হন অর্জুন। মুম্বাইয়ে ফেরার সময় মিলান বিমানবন্দরে এ জুটিকে হাত ধরা অবস্থায় দেখা গেলে তাদের প্রেমের গুঞ্জন বাড়ে।

    এখানেই শেষ নয়, আবু জানি ও সন্দীপ কোসলার দীপাবলীর পার্টিতেও একসঙ্গে গিয়েছিলেন তারা। সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ কাপুরের পার্টির একটি ছবিতেও অর্জুন-মালাইকাকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়।

    সম্প্রতি ‘কফি উইথ করন’ টক শোয়ের সেরা এন্টারটেইনারকে তা নির্বাচনের জন্য কিরণ খের, মালাইকা আরোরা, বীর দাশ ও কমেডিয়ান মল্লিকা দুয়াকে একটি পর্বে আমন্ত্রণ জানিয়েছেন করন জোহর। এ পর্বের একটি প্রোমো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।

    প্রোমোতে দেখা যায়-করন জোহর জুরিদের কাছে এ সিজনের সেরা পারফর্মারের (পুরুষ) নাম জানতে চাইছেন। জবাবে কিরন খের অর্জুন কাপুরের নাম বলেন। তখন পাশ থেকে মালাইকা বলেন, ‘আমি অর্জুনকে পছন্দ করি, সেটা এভাবে হোক অথবা অন্যভাবে।

    করন জোহরের ‘কফি উইথ করন’ টক শোতে হাজির হয়েছিলেন অর্জুন। সঙ্গে ছিল তার বোন জানভি কাপুর। এক পর্যায়ে অর্জুনকে সঞ্চালক করন জিজ্ঞেস করেন, তিনি বর্তমানে সিঙ্গেল কিনা? জবাবে ইশকজাদে অভিনেতা বলেন, ‘না, আমি সিঙ্গেল নই।’ বিয়ের জন্য প্রস্তুত কিনা, জানতে চাইলে অর্জুন বলেন, ‘হ্যাঁ, আগে ছিলাম না। এখন প্রস্তুত।

  • ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশ গেলেন জোভান

    ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশ গেলেন জোভান

    মিডিয়াতে জোভানের অবস্থান ভালোই। কিন্তু তারপরও সম্প্রতি সমুদ্র পথে বিদেশের উদ্দেশ্যে অজানা গন্তোব্যে বেরিয়ে পড়েছেন তিনি। তার সদ্য বিবাহিতা স্ত্রী মরিয়ম যিনি দু’মাসের অন্তসত্তা তার কথাও একবার ভাবলেন না! ভাবলেন না তার বৃদ্ধা মা এবং ছোট ভাইয়ের কথাও!

    কিন্তু জোভান কী জানতেন এ পথে গেলে তার ভাগ্যের চাকা উল্টো দিকেও যেতে পারে? আসলে কেউই জানেন না কার ভাগ্যের চাকা কোন দিকে গেলে কী হবে ? আটমাস যাবত নিখোঁজ তিনি। এমন গল্পেই নির্মিত হয়েছে টেলিছবি ‘কুটুম পাখি।

    মানস পালের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। এতে জোভান অভিনয় করেছেন আলাল চরিত্রে। আর তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শবনম ফারিয়াকে। ছোট ভাই দুলালের চরিত্রে মুকুল সিরাজ। মা চরিত্রে অভিনয় করেছেন শিরিন আলম।

    নির্মাতা সূত্রে জানা গেছে চ্যানেল আইতে শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

  • ক্যাটরিনার বিয়ে

    ক্যাটরিনার বিয়ে

    একের পর এক বিয়ের সানাই বেজেই চলেছে বলিউড পাড়ায়। আনুশকা-সোনমের পর সাত পাকে বাঁধা পড়েছেন দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া। এবার নাকি বাজবে ক্যাটরিনা কাইফের বিয়ের সানাই। বলিপাড়ায় ছড়িয়েছে ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জন।

    বর্তমানে সাবেক প্রেমিক সুপাস্টার সালমান খানের সঙ্গে ‘ভারত’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আবারও তাদের পুরোনো প্রেম জোড়া লেগেছে বলে ধারণা করছেন অনেকেই। কিন্তু বিয়ে? সালমান খানকেই কি বিয়ে করবেন ক্যাটরিনা।

    কিছুদিন আগে সিনেমার সেটে বিয়ের সাজে সেজেছিলেন সালমান-ক্যাটরিনা। সেটা ছিল সিনেমার প্রয়োজনেই। কিন্তু বাস্তবে কার গলায় মালা পরাবেন ক্যাট জানা যায়নি এখনো। তবে শোনা যাচ্ছে চলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন এই নায়িকা।

    এর আগে প্রেমিক রণবীর কাপুরের সাথে বিয়ের খবর প্রায় চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়। সম্প্রতি একটি সাক্ষাত্কারে তাকে প্রশ্ন করা হয়, ২০১৯ সালে কী কী চান?

    সেখানেই ক্যাট উত্তর দেন, একটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড চাই, নিজের প্রোডাকশন হাউজ চাই ও আর সিঙ্গেল থাকতে চাই না।

    সেই থেকে বলিউড পাড়ায় গুঞ্জন রটেছে এ বছর বিয়ে করছেন ক্যাটরিনা। এরপর থেকে বিভিন্ন সাক্ষাৎকারে তাকে এ নিয়ে জানতে চাওয়া হলে ক্যাটরিনা বলেন, ‘এ বছরের এখনো অনেকটা সময় আছে। এখনই কোনো সিদ্ধান্ত জানাতে চাই না। বিয়ে যদিও হয় সেটি সবাই জানবে।

  • তারকাদের কাজের স্বীকৃতি দিলে তারা আরও এগিয়ে যাবেন: মোরশেদ আলম

    তারকাদের কাজের স্বীকৃতি দিলে তারা আরও এগিয়ে যাবেন: মোরশেদ আলম

    বাংলাদেশের নায়ক-গায়ক, অভিনেতা-অভিনেত্রী হিসেবে যারা আছেন তাদের কাজের স্বীকৃতি দিলে তারা আরও বেশি এগিয়ে যাবেন, দেশের সংস্কৃতিকে অনেক উঁচুতে নিয়ে যাবেন, দেশের মুখ উজ্জ্বল করবেন। বলছিলেন বেঙ্গল গ্রুপ ও আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি।

    ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ অনুষ্ঠিত হয়েছে আরটিভির ৮ম স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এতে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি।

    অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন আরটিভির সিইও সৈয়দ আশিক রহমানসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা।

    মোরশেদ আলম বলেন, ভাষাবিজ্ঞানী ড. শহিদুল্লাহ বলেছিলেন, যে দেশে গুণের কদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না। বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে যে সকল শিল্পী, তারকারা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আরটিভি সবসময় তাদের পথচলার সঙ্গী হতে চেয়েছে।

    প্রতিবছর আরটিভিতে যেসব নাটক, সংগীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান প্রচার হয়, তার মধ্য থেকে সম্মানিত বিচারকমণ্ডলী যাদেরকে মনোনয়ন দেন, আমরা তাদেরকে সম্মাননা প্রদান করে থাকি।

    আমরা যদি স্বীকৃতি না দিই, তাহলে আপনারা কাজ করার জন্য উৎসাহিত হবেন না। বড় কথা যেকোনো ব্যক্তি যদি তার কাজ করার স্বীকৃতি না পায় তাহলে কাজ করার জন্য উদ্বুদ্ধ হয় না। ভবিষ্যতে আরও ভালো কিছু করার ইচ্ছা পোষণ করেন না।

    আরটিভি যেন প্রতিবছর এভাবে জ্ঞানীগুণীদের পুরস্কৃত করতে পারে সেই প্রত্যাশা করি। যারা এই ক্ষেত্রে ভালো করছেন আজ না হলেও আগামীতে পুরস্কৃত হবেন।

    বেঙ্গলগ্রুপের ব্যবসায়িক সফলতার কথা উল্লেখ করে মোরশেদ আলম বলেন, আমি একজন ব্যবসায়ী। আমি ১৯৬৯ সালে ব্যবসা শুরু করেছি। আমি মোরশেদ আলম নোয়াখালী-২ আসন থেকে দ্বিতীয়বারের মতো এমপি হয়েছি। আমার ব্যবসায়িক জীবন ৫০ বছর। এই দীর্ঘদিন সফলতার সঙ্গে ব্যবসা করে আসছি, বেঙ্গল গ্রুপ সৃষ্টি করেছি। সেই বেঙ্গলগ্রুপের একটি প্রতিষ্ঠান আরটিভি।

    আমি এই ৫০ বছরে ঘাম-শ্রম দিয়ে সততার সঙ্গে ব্যবসা করে আজকের এই অবস্থানে। আরটিভির মতো একটি প্রতিষ্ঠান আমরা পরিচালনা করছি।

    আমি এই বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান। আমার ভাই জসিম উদ্দিন ভাইস চেয়ারম্যান। আমরা আপনাদের দোয়ায় যখন যে ইন্ডাস্ট্রিতে গেছি সফল হয়েছি। আমরা চেষ্টা করেছি স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার জন্য। তার মধ্যে আরটিভিও একটি উদাহরণ হিসেবে আছে।

    আরটিভির সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, আরটিভি আমাদের গ্রুপে যুক্ত হবার আগে কী অবস্থানে ছিল, অনেকেই সে সম্পর্কে হয়ত জানেন না। আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আরটিভির সঙ্গে থাকবেন। আমরা যেন ভালো কিছু অনুষ্ঠান উপহার দিতে পারি।

    আরটিভির অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিয়ে তিনি বলেন, আমি সবসময় একটি কথা বলি। তা হলো- সত্য শাশ্বত ও চিরন্তন। সত্যের মৃত্যু নেই। সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, যা দেখলে দেশের মানুষ উপকৃত হবে, সমাজের পরিবর্তন হবে এমন কিছু অনুষ্ঠান উপহার দেবার জন্য আমাদের ম্যানেজমেন্টের প্রতি নির্দেশ আছে। আমি আরটিভিকে ব্যবসায়িক উদ্দেশ্যে হাতে নিইনি। আরটিভি যখন আমাদের হাতে আসে তখন লোকসানে ছিল। সে অবস্থা থেকে আজ মুক্তি মিলেছে। দেশে বিদেশে আজ আরটিভির অগণিত দর্শক। আমি অনেক স্থানে গিয়ে আরটিভির প্রশংসা পাই। তখন আমার নিজের কাছে ভালো লাগে।

    বেঙ্গলগ্রুপের নতুন একটি প্রতিষ্ঠান আসছে উল্লেখ করে মোরশেদ আলম জানান, আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করি। হাতিরঝিলের পাশে আমরা একটি ফাইভ স্টার হোটেল করতে যাচ্ছি। সেটিও মনোরম পরিবেশে হবে। বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দর একটি প্রতিষ্ঠান হবে। আশা করি আমাদের সঙ্গে থাকবেন।

  • পাকিস্তানের ভেতরে ঢুকে মারো, বিমানবাহিনীকে অক্ষয়

    পাকিস্তানের ভেতরে ঢুকে মারো, বিমানবাহিনীকে অক্ষয়

    পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। এই উত্তেজনার পারদ আরও বাড়িয়েছে ভারতের এয়ার স্ট্রাইক। মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে ভারতীয় বিমানবাহিনী।

    পাকিস্তানে চালানো এই হামলাকে অভিনন্দন জানাচ্ছেন ভারতবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক শুভেচ্ছাবার্তা শেয়ার হচ্ছে। পিছিয়ে নেই চলচ্চিত্র অঙ্গনের তারকারাও। হামলার ঘটনার পরেই বলিউড অভিনেতা অক্ষয় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে বলেছেন, ‘ভেতরে ঢুকে গিয়ে মারো’।

    টুইটের মাধ্যমে ভারতের বিমানবাহিনীকে পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা চালানোর আহ্বান জানান তিনি।

    গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানার পরও প্রতিক্রিয়া জানিয়েছিলেন অক্ষয়। তিনি লিখেছিলেন, ‘… পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের আত্মার শান্তি কামনা করি। তাদের পরিবারকে আরও শক্ত হতে হবে। আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠুন। আমরা এটা ভুলে যাব না।

    শুধু অক্ষয় নন। বলিউডের অজয় দেবগণ, অনুপম খের, অভিষেক বচ্চন, তাপসী পান্নু, সঞ্জয় দত্ত, স্বরা ভাস্কর, রবিনা ট্যান্ডন, সেলিনা জেটলি, সোনাক্ষী সিন্‌হার মতো শিল্পীরাও নিজেদের মতামত জানিয়েছেন।

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারির জঙ্গি হামলায় ৪০ জনের বেশি জওয়ান নিহত হওয়ার পর প্রতিশোধ নিতে মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের একটি ক্যাম্পে বোমা হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী।

  • যে কারণে টিকে আছে কাজল-অজয়ের সংসার

    যে কারণে টিকে আছে কাজল-অজয়ের সংসার

    দাম্পত্য জীবনের ২০ বছর পার করে দিয়েছেন অজয়-কাজল জুটি। গেল ২৪ ফেব্রুয়ারি ছিল তাদের বিবাহ বার্ষিকী। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা। এর পর থেকে ভালো-মন্দে, সুখে-দুঃখে এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন এত্তগুলো বছর। তাদের ঘর আলো করেছে দুই সন্তান মেয়ে নাইসা ও ছেলে যুগ।

    মিডিয়াতে যখন সংসার ভাঙার হিড়িক। প্রতি বছরের সালতামামিতে যখন উঠে আসে সুপাস্টারদের ঘর ভাঙ্গার গল্প। তখন তারা এক মনে বুনে গেছেন ভালোবাসার গল্প। তাদের এই সুখী দাম্পত্যের রহস্য সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা তথা প্রযোজক অজয় দেবগন।

    অজয় বলেন, ‘আমাদের দাম্পত্যের সবচেয়ে ভালো বিষয় হল, আমরা যেটা যে নয়, সেটা কখনওই একে অপরের কাছে জাহির করার চেষ্টা করিনি। সম্পর্কে আমরা দুজনেই দুজনকে স্পেস দেওয়ার চেষ্টা করেছি সবসময়। যখন ওর নিজের মতো করে সময় কাটানোর দরকার পড়েছে তখন আমি ওকে দিয়েছি।

    আবার যখন আমার নিজের মতো সময় কাটানোর প্রয়োজন হয়েছে তখন কাজল আমায় কখনও বিরক্ত করেনি। অনেক সময় এমনও ঘটেছে, আমরা দুজনেই একই ঘরে রয়েছে, ও ওর মতো করে কাজ করছে, আর আমি আমার, দুজনে হয়ত কথাও বলিনি, অসুবিধা হয়নি কখনও।

    আবার একসঙ্গেও সময় কাটিয়েছি। একসঙ্গে সেই সমস্ত মানুষগুলির সঙ্গেই থাকা যায়, যারা বিচক্ষণ। আর এই কারণে আমরা এতো বছর একসঙ্গে রয়েছি। সম্পর্কে একে অপরকে স্পেস না দিলে কখনওই একসঙ্গে থাকতে পারবেন না।

  • ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে যত সিনেমা

    ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে যত সিনেমা

    কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি ভয়াবহ আত্মঘাতী হামলায় ভারতের সিআরপিএফের কমপক্ষে ৪০ সেনা নিহত হয়েছেন। ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ।

    এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনী হামলা করেছে। এ হামলায় অন্তত ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ট্যুডে।

    এই হামলার পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যে। আসন্ন যুদ্ধের হাওয়া দুই দেশের সংস্কৃতি অঙ্গনেও। বিভিন্ন অঙ্গনের তারকারা বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। এতে বেশ এগিয়ে রয়েছে বলিউড।

    তবে পাক-ভারত যুদ্ধ নিয়ে বলিউড এগিয়ে রয়েছে চলচ্চিত্র নির্মাণেও। খোঁজ নিয়ে পাওয়া গেল বেশ কিছু সিনেমা নির্মিত হয়েছে ভারতে যেখানে পাকিস্তানের সঙ্গে নানা যুদ্ধের গল্প উঠে এসেছে।

    দেখে নেয়া যাক সেই তালিকাটি-

    এলওসি কার্গিল
    ১৯৯৯ সালের মে-জুলাই মাসে কাশ্মীরের কার্গিল জেলায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সশস্ত্র সংঘর্ষটি ইতিহাসে ‘কার্গিল যুদ্ধ’ নামে পরিচিত। এই যুদ্ধ নিয়ে বেশ কয়টি ছবি বলিউডে নির্মিত হয়েছে। তার মধ্যে অন্যতম ‘এলওসি কার্গিল’। ২০০৩ সালে ছবিটি পরিচালনা করেন জে পি দত্ত।

    ‘এলওসি কার্গিল’ ছবিটি তৈরি হয় কার্গিল অপরাশেনে ভারতের বিজয়কে কেন্দ্র করে। ক্যাপ্টেন বিক্রম বত্রা, সুবেদার যোগেন্দ্র সিং যাদব এবং মেজর দীপক রামপালের মতো বীর সেনারা কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন। তাদেরকেই তুলে আনা হয়েছে এর গল্পে।

    এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আয়ুব খান, সুনীল শেঠি, সাইফ আলি খান ও অভিষেক বচ্চন, কারিনা কাপুর প্রমুখ।

    আরও একটি কারণে এই ছবিটি বলিউডের ইতিহাসে উজ্জ্বল। সেটি হলো ভারতের সবচেয়ে দীর্ঘ ছবিগুলির মধ্যে এটি একটি। যার দৈর্ঘ ৪ ঘণ্টা ১৫ মিনিট।

    লক্ষ্য
    দায়িত্বজ্ঞানহীন যুবক থেকে দায়িত্ববান সেনা অফিসারের চরিত্রে অভিনয় করে ‘লক্ষ্য’ ছবিতে দারুণ প্রশংসিত হয়েছিলেন হৃতিক রোশন। এই ছবির পরিচালক ফারহান আখতার। তিনি কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটেই বুনেছিলেন ছবির গল্প।

    ‘লক্ষ্য’ ছবির ক্লাইম্যাক্সে পাহাড়ে চড়ার দৃশ্য ইতিহাস হয়ে রয়েছে। প্রায় ১৮,০০০ ফুট উচুঁ থেকে শুট করা হয়েছিল এই দৃশ্য। কিন্তু এতকিছু সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবিটি।

    ২০০৪ সালে নির্মিত এই ছবিতে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রীতি জিনতা। আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ওম পুরিসহ অনেক তারকা।

    ট্যাঙ্গো চার্লি
    পরিচালক মণি শঙ্করের এই ছবি সরাসরি যুদ্ধের ছবি না হলেও শক্রদের বিরূদ্ধে লড়তে লড়তে নিজেদের জীবনযুদ্ধের ছবি প্রকাশ্যে এনেছে ‘ট্যাঙ্গো চার্লি’। ২০০৫ সালে মুক্তি পাওয়া ছবিটি বেশ প্রশংসা পেয়েছিলো।

    অজয় দেবগণ ও ববি দেওল অভিনীত এই ছবিতে সেনাদের সংগ্রামের কথা বলা হয়েছে। নিজের ভালবাসার মানুষগুলো থেকে আলাদা থাকার যন্ত্রণার অভিব্যক্তি ফুটে উঠেছে এই ছবিতে।

    দ্য ঘাজি অ্যাটাক
    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে ৪ ডিসেম্বর পাকিস্তানি নৌ-বাহিনীর সাবমেরিন ‘পিএনএস ঘাজি’ রহস্যজনকভাবে ডুবে গিয়েছিল। ভারতীয় নৌ-বাহিনীর জাহাজ ‘আইএনএস রাজপুত’-এর কয়েকজন নেভি অফিসার পাকিস্তানি সাবমেরিনটি ডুবিয়ে দিয়েছিলেন। এ জন্য টানা ১৮ দিন সমুদ্রের তলদেশে থাকতে হয়েছিল তাদের।

    সেই ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘দ্য ঘাজি অ্যাটাক’ ছবিটি। সিনেমাটি এই বছর ১৭ ফেব্রুয়ারি মুক্তি পায়। দুটি সাবমেরিনে সংগঠিত লড়াইয়ের গল্প দেখানো হয়েছে এই সিনেমায়। এতে মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন ‘বাহুবলি’র খল-অভিনেতা রানা ডাগুবাতি ও ‘পিঙ্ক’ ছবির নায়িকা তাপসী পান্নু।

    ছবিটি পরিচালনা করেছেন সংকল্প রেড্ডি। নিজের লেখা উপন্যাস ‘দ্য ব্লু ফিশ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। ভারতে নির্মিত সাবমেরিন ভিত্তিক প্রথম ছবি এটি।

    এতে রানা অভিনয় করেছেন নৌ-বাহিনীর একজন ক্যাপ্টেনের চরিত্রে, এবং একজন শরণার্থী বাংলাদেশি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তাপসী। এ সিনেমার একটি দৃশ্যে অভিনেত্রী তাপসী পান্নুকে বাংলাদেশের জাতীয় সংগীতের লাইন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ বলতে শোনা গেছে। ২০১৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রযোজনা করেছেন করণ জোহর।

    গুন্ডে
    যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। ১৯৭১-এর যুদ্ধে শরণার্থী শিবির থেকে পরিবারহারা দুই শিশুর পালিয়ে কলকাতায় গিয়ে আসর জমানোর গল্প নিয়ে ছবিটির কাহিনি। সেখানে দেখানো হয়েছে ভারত-পাকিস্তানের যুদ্ধ।

    মূলত ছবিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। যেখানে নির্মাতা যুদ্ধটিকে পাকিস্তানের সঙ্গে ভারতের দাবি করে বিতর্কিত হয়েছেন। ছবির শুরুর প্রেক্ষাপট নির্মাণকারীর নেপথ্য ভাষ্যের ছোট্ট দুটি কথা সে সময় বিতর্ক সৃষ্টি করে। সেখানে বলা হয়, ‘১৯৭১-এর পাক-ভারত ৯ মাসের ভয়ংকর যুদ্ধ। যার পরিণতিতে জন্ম নেয় ছোট্ট এক রাষ্ট্র বাংলাদেশ’।

    বাংলাদেশকে পাক-ভারত যুদ্ধের ফসল হিসেবে মাথা পেতে নেয়াটা সহজভাবে নিতে পারেনি বাংলাদেশের তরুণ সমাজ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেজের ওয়েবসাইটে ওঠে নিন্দার ঝড়। আলোড়ন তুলতে সক্ষম একটি ছবি রাতারাতি পরিণত হয় বিতর্ক আর তিরস্কারের লক্ষ্য বস্তুতে। শেষ অব্দি মান বাঁচাতে ক্ষমা চাইতে বাধ্য হয় ছবির নির্মাতা।

    এমনকি মূল ছবিটি তাৎক্ষণিকভাবে বাজার থেকে তুলে নিয়ে সেই নেপথ্য ভাষ্যে পরিবর্তনও আনা হয়। ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয় করেছিলেন রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া ও অর্জুন কাপুর।

    ১৯৭১
    ২০০৭ সালে মুক্তি পায় বলিউড সিনেমা ‘১৯৭১’। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হলেও ছবিটি কৌশলে পাক-ভারতের যুদ্ধ হিসেবেই দেখানো হয়েছে। কিছু দুর্লভ ফুটেজ আর বঙ্গবন্ধুর চিত্রায়ণের মাধ্যমে ১৯৭১ শিরোনামের ছবির গল্প স্থাপনের শুরুই রয়েছে বাংলাদেশের যুদ্ধের সময়ের ঘটনাকে কেন্দ্র করে। পরবর্তী সময়ে পাক-ভারত সীমান্ত আর ভারতে পাকিস্তানি গুপ্তচরদের নানা ফন্দি-ফিকিরের দিকে ঝুঁকে সিনেমার কাহিনী।

    এই সিনেমায় অভিনয় করেন মনোজ বাজপেয়ী, রাভি কিষাণ, দীপক ডোব্রিয়াল, পীযূষ মিশরা। ছবিটি ২০০৭ সালে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি পুরস্কার অর্জন করে। সেরা অডিওগ্রাফি ও সেরা সিনেমার খেতাব জয় করে ‘১৯৭১’ নামের সিনেমাটি।

    বর্ডার 
    ভারত-পকিস্তান যুদ্ধের উপর তৈরি হওয়া জেপি দত্তর এই ছবিটি তুমুল আলোড়ন ফেলেছিল। সানি দেওল, সুনীল শেঠি, অক্ষয় খান্না, জ্যাকি শ্রফ অভিনীত এই ছবিটি বক্স অফিস দারুণ সাড়া ফেলেছিল।

    ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সেনাদের দেশপ্রেম নিয়ে তৈরি এই সিনেমা এক নতুন ধারার জন্ম দিয়েছিল। এ ছবির টিকিট বিক্রী হয়েছিল ৩ কোটি ৭০ লক্ষেরও বেশি। ছবিটি মুক্তি পায় ১৯৯৭ সালে।

    আরও আছে ১৯৬৭ সালে মুক্তি পাওয়া ‘উপকার’, ১৯৭৩ ও ১৯৯৯ সালের ‘হিন্দুস্তান কি কসম’, ২০০৩ সালের ‘স্টাম্পড’, ২০১১ সালের ‘মৌসুম’, ২০১৮ সালের ‘রাজি’ সিনেমাতেও দেখা যায় ভারত-পাকিস্তান যুদ্ধের আবহ ও আমেজ।

  • বইমেলায় রাজ্জাককে নিয়ে বই

    বইমেলায় রাজ্জাককে নিয়ে বই

    এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ‘নায়করাজ রাজ্জাক: জীবন ও কর্ম’ নামের গ্রন্থটি। বইটি প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়ের অন্তর্গত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। পাওয়া যাবে একুশে বইমেলায় বাংলা একাডেমি চত্বরে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ২৬ নাম্বার স্টলে।

    গবেষণামূলক এ গ্রন্থটিতে উঠে এসেছে এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেও নায়করাজ কীভাবে সংস্কৃতিমনা হয়ে উঠলেন। একজন ফুটবলার হয়েও অভিনয়কে কেনই বা বেছে নিলেন। থিয়েটার থেকে রূপালি পর্দায়, এরপর নায়ক থেকে নায়করাজ সবই তুলে ধরেছেন এ গবেষণায়।

    জীবন উত্থানের নানা পর্যায়, নানা অভিজ্ঞতা সাথে যুদ্ধ করে কীভাবে ‘নায়করাজ উপাধি’ পেয়েছেন। এমন অনেক অব্যক্ত না বলা অনেক কথা রয়েছে বইটিতে।

    বইমেলার পাশপাশি অনলাইন বিপণন প্রতিষ্ঠান রকমারি ডটকমেও পাওয়া যাবে বইটি।

  • বাঙালিদের এমপি হবেন হেমা মালিনী

    বাঙালিদের এমপি হবেন হেমা মালিনী

    রাজনীতিতে শেষ বলে কিছু নেই। প্রতিনিয়তই এখানে পরিবর্তন আসে। দেখা যায় নানারকম চমকও। তেমনি চমক নিয়ে হাজির হচ্ছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি।

    তারা কলকাতার রাজনীতিতে মাঠে নামাতে চাইছেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীকে। ভারতীয় গণমাধ্যম এই খবরই নিশ্চিত করছে।

    লোকসভা নির্বাচন সামনে রেখে ভারতের রাজনীতির মাঠ এখন গরম। কাকে কোন আসন থেকে প্রার্থী করা হবে তা নিয়ে ব্যস্ত বড় দলগুলো। অনেকে ভোটারদের মন পেতে দলে ভিড়াচ্ছেন নানা অঙ্গনের তারকাদের।

    শোনা যাচ্ছে, ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা থেকে প্রার্থী হবেন ড্রিমগার্লখ্যাত হেমা মালিনী। কলকাতা থেকে না হলেও পশ্চিমবঙ্গেরই যে কোনো আসনে দেখা মিলবে তার। কলকাতায় তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব হেমার উপরই আস্থা রাখতে চাইছে।

    বিজেপির প্রার্থী না থাকায় বাইরে থেকে হেমাকে আনতে হচ্ছে। তবে বিজেপির এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসসহ অন্য বিরোধীরা।

  • সাবেক মন্ত্রীকে বিয়ে করছেন সানাই

    সাবেক মন্ত্রীকে বিয়ে করছেন সানাই

    আলোচিত মডেল ও নবাগত চিত্রনায়িকা সানাই মাহবুব সুপ্রভা। সম্প্রতি আপত্তিকর কিছু ছবি ও ভিডিও দিয়ে সমালোচিত হন তিনি। সর্বশেষ সাইবার ক্রাইমের হেফাজতে লাইভে গিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি।

    সেই সানাই এবার বসছেন বিয়ের পিঁড়িতে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজেই এই খবর নিশ্চিত করলেন তিনি। তবে বরের নাম ও পরিচয় প্রকাশ করতে চান না তিনি। শুধু জানালেন, পাত্র আওয়ামী লীগের সাবেক মন্ত্রী।

    সানাই বলেন, ‘পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছি। আজ (২৩ ফেব্রুয়ারি) সকালে আমাদের বাগদান হয়ে গেল। আমার বাসাতেই আয়োজন হলো। সবার কাছে দোয়া চাই আমার নতুন জীবনের জন্য।

    ‘সবশেষে আমি একজন মেয়ে। আমার একটা ছোট বোন আছে। অনেক দায়িত্ব আমার ওপর। তাই জীবনটাকে নতুন করে সাজাতে চাই’- যোগ করেন এই মডেল।

    sanai

    সানাই জানান, তার বর দশম জাতীয় সংসদে তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তবে সর্বশেষ নির্বাচনে অংশ নেননি। জড়িত আছেন সরাসরি রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকেন। তিনি একজন ব্যবসায়ীও।

    ব্যক্তি জীবনে তিনি ডিভোর্সি। সানাইয়ের সঙ্গে তার বয়সের পার্থক্য ২২ বছর।

    সানাই বলেন, ‘বরের নাম পরিচয় এখন জানাতে চাই না। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিয়ের সব আয়োজন হবে। তখনই জানাব। ওর এটি দ্বিতীয় বিয়ে। আমাদের বয়সেও গ্যাপ আছে। তাতে আমার কোনো আপত্তি নেই।

    আর দশটা নারীর মতো আমি চেষ্টা করবো সুখের জীবন গড়ে তুলতে।

    পাশাপাশি চলচ্চিত্রে নিয়মিত হবেন বলেও জানালেন সানাই। শিগগিরই মুক্তি পাবে তার প্রথম সিনেমা ‘ময়নার ইতিকথা’।