Category: বিনোদন

  • অভিনেতা মাহফুজের বাড়িতে হামলার ঘটনায় ওবায়দুল কাদেরের নিন্দা

    অভিনেতা মাহফুজের বাড়িতে হামলার ঘটনায় ওবায়দুল কাদেরের নিন্দা

    বিএনপি-জামাত-ঐক্যফ্রন্টের সন্ত্রাসী বাহিনী কর্তৃক জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ-এর লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

    আজ এক বিবৃতিতে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় বিএনপি-জামাত-ঐক্যফ্রন্ট অশুভ জোট সারাদেশে সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ বিনষ্ট করছে। গত কয়েকদিনে তাদের হামলায় আওয়ামী লীগের ৩ জন নেতা-কর্মী নিহত হয়েছে এবং অসংখ্য আওয়ামী লীগ নেতা-কর্মী আহত হয়েছে।

    ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। এক সময়ের দারিদ্র্য, অভাব-অনটন, মঙ্গা, খরা, দুর্যোগ-দুর্ভিক্ষ পীড়িত সমস্যা-সংকুল বাংলাদেশ আজ দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। বাংলাদেশের সামনে আজ বিশ^জয়ের হাতছানি। মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ বাংলাদেশ।

    তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিশিষ্ট নাগরিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন। জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় আজ (রবিবার) তার বাড়িতেও হামলা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। বাংলাদেশ আওয়ামী লীগ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে।

  • বিয়ে করছেন অভিনেতা সিয়াম

    বিয়ে করছেন অভিনেতা সিয়াম

    পোড়ামন-টু’ কিংবা ‘দহন’খ্যাত চিত্রনায়ক সিয়াম আহমেদ বাস্তব জীবনে নতুন এক মোড়কে নিজেকে বাক্সবন্দি করতে চলেছেন। দীর্ঘ ৬ বছরের প্রেমের পর বান্ধবী অবন্তীর সঙ্গে বিবাহ বন্ধনের মাধ্যমে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা।

    সূত্র জানায়, গতকাল শুক্রবার পারিবারিকভাবেই অবন্তীর রাজারবাগের বাসায় গায়ে হলুদের প্রথম পর্ব সম্পন্ন হয়। এরপর আজ শনিবার রাতে সিয়ামের রাজারবাগের বাসায় আরেক দফায় গায়ে হলুদ হবে। এরপর রবিবারই আকদ হওয়ার কথা আছে। তবে বাকি আনুষ্ঠানিকতার জন্য সিয়াম-অবন্তী জুটিকে পরিপূর্ণ জামাই-বৌ হিসেবে দেখতে দর্শককে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। খানিকটা গোপনে বিয়ের আয়োজন হলেও এরই মধ্যে সেটি ছড়িয়ে গেছে শোবিজ অঙ্গনে।

    তবে, প্রেম-বিয়ে নিয়ে প্রথম থেকেই সিয়াম ছিলেন স্পষ্টবাদী। যেখানে নায়কেরা নিজেদের প্রেম-বিয়ে গোপন রাখতেই পছন্দ করেন সেখানে সিয়াম আত্মবিশ্বাসের সাথেই প্রকাশ করেছিলেন নিজের প্রেমিকার নাম। আগে প্রায়ই তিনি ফেসবুকে সেই প্রেমিকার সঙ্গে ছবিও পোস্ট করতেন। আর চলতি বছরের ফেব্রুয়ারির দিকে গণমাধ্যমে জানিয়েও ছিলেন তার প্রেম ও প্রেমিকার ব্যাপারে। এক সাক্ষাৎকারে জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের নাম বলতে গিয়েও তিনি জানিয়েছিলেন সে তালিকায় আছেন তার বাবা-মা, নায়ক সালমান শাহ ও তার বান্ধবী অবন্তী।

  • প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন আর নেই

    প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন আর নেই

    দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।  জানা গেছে, সেখানে শুক্রবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন আমজাদ হোসেন।

    আমজাদ হোসেন গত ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার উন্নত চিকিৎসার খরচ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ নভেম্বর রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যাওয়া হয়।

  • মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে খরচ ১০০ মিলিয়ন ডলার!

    মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে খরচ ১০০ মিলিয়ন ডলার!

    এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তির একজন মুকেশ আম্বানি। তার মেয়ে ইশা আম্বানির (২৭)  বিয়ে আজ বুধবার সম্পন্ন হবে। পাত্র আনন্দ পিরামল (৩৩) ভারতের আরেকটি বিখ্যাত ব্যবসায়ী পরিবারের সন্তান।

    মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৪১.৬ বিলিয়ন ডলার। গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, বিয়ের পরিকল্পনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন সপ্তাহব্যাপী আয়োজিত বিয়ের অনুষ্ঠানে খরচ ধরা হয়েছে ১০০ মিলিয়ন ডলার।

    সে হিসেবে বিশ্বের সবচেয়ে আলোচিত বিয়ে প্রিন্সেস ডায়না ও প্রিন্স চার্লসের বিয়েতে খরচ হয়েছিল ১১০ ডলার। প্রিন্স হ্যারি ও মেগানের বিয়েতে খরচ হয়েছে ৪০ মিলিয়ন ডলার।

    সূত্র: দ্য নিউজ ও নিউ ইয়র্ক টাইমস

  • ‘মার্কা দেখে ভোট দেওয়ার দিন শেষ,জনপ্রিয়তায় আমিই এগিয়ে’

    ‘মার্কা দেখে ভোট দেওয়ার দিন শেষ,জনপ্রিয়তায় আমিই এগিয়ে’

    বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। আজ সোমবার হাইকোর্টের নির্দেশনায় প্রার্থিতা ফিরে পান তিনি।

    এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘প্রথমে রিটার্নিং কর্মকর্তা আমার প্রার্থিতা বাতিল করে। আপিল করলে নির্বাচন কমিশনও (ইসি) প্রার্থিতা বাতিল করেছিল। পরে হাইকোর্টে আপিল করলে আজ হাইকোর্ট আমার প্রার্থিতা গ্রহণের জন্য ইসিকে নির্দেশ দেন ও আমাকে প্রতীক বরাদ্দেরও নির্দেশনা দিয়েছেন। এখন আমি আমার নির্বাচনী এলাকায় (বগুড়া-৪) গিয়ে প্রচারণা চালাব।

    বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়ায় নির্বাচনী মাঠে রয়েছেন ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন এবং আওয়ামী লীগ–সমর্থিত জাসদের প্রার্থী ও বর্তমান সাংসদ এ কে এম রেজাউল করিম তানসেন।

    হেভিওয়েট প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন,‘ মার্কা দেখে ভোট দেওয়ার দিন শেষ। মার্কা বা দল কোনো ফ্যাক্টর নয়। ব্যক্তিই ফ্যাক্টর। নির্বাচনী মাঠে ব্যক্তি হিসেবে আমিই জনপ্রিয়তায় এগিয়ে ও শক্তিশালী প্রার্থী। ভোটারেরা সঙ্গে থাকলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

    ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্রে ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিলেও তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল।

    হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পাটির ‘লাঙ্গল’ মার্কায় মনোনয়ন চেয়ে ব্যর্থ হন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হিরো আলম । এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২৮ নভেম্বর নন্দীগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোছা. শারমিন আখতারের কাছে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেন।

    বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা দেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন। এভাবে হিরো আলমের তৈরি মিউজিক ভিডিও এবং ইউটিউব সিনেমা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় আসেন। তিনি ‘মার ছক্কা’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। বলিউড পরিচালক প্রভাত কুমারের ‘বিজু দ্য হিরো’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান।

    ২০১৬ সালে হিরো আলমের সঙ্গে ছবি তুলে ক্রিকেটার মুশফিকুর রহিম ফেসবুকে প্রকাশ করেন। এরপর বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিড-ডের মতো ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো হিরো আলমকে নিয়ে প্রতিবেদন করে। সেখানে হিরো আলমকে বাংলাদেশের বিনোদন জগতের তারকা বলে উল্লেখ করা হয়।

    গুগলে কাকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়, তার একটি তালিকা করে ইয়াহু ইন্ডিয়া। জরিপে দেখা গেছে, ‘সুলতান’ ও ‘দাবাং’ তারকাখ্যাত সালমান খানের চেয়েও বেশিবার খোঁজা হয়েছে হিরো আলমকে।

    সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিল্পী ও ভক্ত হিরো আলমের ভাস্কর্য তৈরি করেন।

  • বলিউডের গানের সঙ্গে পা মিলিয়েছেন হিলারি

    বলিউডের গানের সঙ্গে পা মিলিয়েছেন হিলারি

    ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরের ওবেরয় উদয় বিলাস হোটেল গতকাল শনিবার সন্ধ্যায় নানা রঙের আলো দিয়ে সাজানো হয়। এই সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত হয় ভারতের অন্যতম ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি আর বিশিষ্ট শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের বিয়ের আগে ‘সংগীত’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নিতে উদয়পুরে এসেছেন বলিউডের অনেক জনপ্রিয় তারকা। তাঁদের মধ্যে আছেন শাহরুখ খান-গৌরী খান, সালমান খান, আমির খান-কিরণ রাও, অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, ক্যাটরিনা কাইফ, কারিশমা কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, করণ জোহর, বরুণ ধাওয়ান, সাক্ষী ধোনি, শচীন টেন্ডুলকার, স্মৃতি ইরানিসহ আরও অনেকে। এই অনুষ্ঠানে যোগ দিতে ভারতে এসেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।

    মা নিতা আম্বানির সঙ্গে ইশা আম্বানিমা নিতা আম্বানির সঙ্গে ইশা আম্বানিসংগীত অনুষ্ঠান শুরু হওয়ার আগে ছিল শ্রীনাথজীর মহা আরতি ও পূজা। সন্ধ্যায় শুরু হয় ইশা আম্বানি আর আনন্দ পিরামলের বিয়ের আগে ‘সংগীত’ অনুষ্ঠান। ঝাড়বাতির আলো আর ফুল দিয়ে সাজানো হয় সবকিছু। প্রাচুর্য, আভিজাত্য, সৌন্দর্য, রাজকীয়তা—সবকিছুই যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এই অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন বলিউডের তারকারা। তারকা দম্পতি শাহরুখ খান আর গৌরী খানের নাচ সবাই খুব উপভোগ করেছেন। ছিল প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ আর কারিশমা কাপুরের পারফরম্যান্স। ‘গুরু’ ছবির ‘তেরে বিনা’ গানের সঙ্গে পা মেলান অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে এই অনুষ্ঠানের শেষে নজর কেড়েছেন হিলারি ক্লিনটন। শাহরুখ খান, অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে মঞ্চে আসনে তিনি। বলিউডের গানের সঙ্গে পা মেলানোর চেষ্টা করেন সাবেক মার্কিন এই ফার্স্ট লেডি।

    নিতা আম্বানি, হিলারি ক্লিনটন ও মুকেশ আম্বানিনিতা আম্বানি, হিলারি ক্লিনটন ও মুকেশ আম্বানিমুম্বাই থেকে সব অতিথি জয়পুর বিমানবন্দরে আসেন। সেখান থেকে বিশেষ অতিথিদের উদয়পুরে নিয়ে যাওয়ার জন্য এক ডজন চার্টার্ড ফ্লাইট রাখা হয়।

    ১২ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন ইশা আম্বানি ও আনন্দ পিরামল। সংগীত আর মেহেদি অনুষ্ঠান উদয়পুরের ওবেরয় উদয় বিলাস হোটেলে হলেও বিয়ের অনুষ্ঠান হবে মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িতে।

    সংগীত মঞ্চে মুকেশ আম্বানি ও অজয় পিরামলের পরিবারের সঙ্গে ইশা আম্বানি ও আনন্দ পিরামলসংগীত মঞ্চে মুকেশ আম্বানি ও অজয় পিরামলের পরিবারের সঙ্গে ইশা আম্বানি ও আনন্দ পিরামল

  • দীপিকা-রণবীরের পার্টিতে কারিনাকে অপমান

    দীপিকা-রণবীরের পার্টিতে কারিনাকে অপমান

    বিয়ের পর শেষ পার্টি নিয়ে হাজির হয়েছিলেন দীপিকা-রণবীর। রাজকীয় বিয়ের ছোঁয়া রেখেছিলেন সবকিছুতেই। এবারও তার বিপরীত কিছু হলো না। লাল গোলাপে সাজানো বড় গেট, দীপিকার ব্লাড রেড গাউন, রণবীরের জেট ব্ল্যাক স্যুট। কোথাও কোন কমতি ছিলনা।

    বলিউড থেকে শুরু করে ক্রীড়াজগতেরও অসংখ্য তারকারা উপস্থিত ছিলেন সেই পার্টিতে। একে একে সকল তারকারা এসে লাল গোলাপে বাঁধানো গেটের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন পাপারাৎজির ক্যামেরায়৷ রণবীর-দীপিকার রিসেপশন বলে কথা, মিডিয়ার নজর এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

    কিন্তু এই গ্র্যান্ড পার্টি শুরু হওয়ার আগেই ঘটে গেল অঘটন। অঘটনের শুরু কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের প্রবেশের সময় থেকে। মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহার করেননি এই তারকা জুটি। সোনমের বিয়েতে কারিনা-সাইফের ফটো তোলা নিয়ে যেরকম সমস্যা শুরু হয়েছিল তেমনও কিছু ঘটেনি।

    সমস্যার কারণ হল কারিনার পোশাক। কারিনা এদিন পরেছিলেন একটি শিম্যরি ব্যাকলেস গাউন। যার পেছনের দিকটা একটু বেশিই কাটা৷ আর সেটাই হজম করতে পারল না সংবাদমাধ্যম। দীপিকা-রিণবীরের পার্টির ভিডিওতে পরিষ্কার শুনতে পাওয়া গেল তাদের কুমন্তব্য।

    কারিনা পোজ দেওয়ার পর পেছন ঘুরে দাঁড়িয়েছিলেন৷ সেই সময় দু-একজন বলে উঠল, “ইচ্ছাকৃত পেছন ঘুরে দাঁড়ালেন করিনা, যাতে ব্যাক দেখাতে পারে৷” তখনের সেই হইচইয়ের মধ্যে এই মন্তব্য স্বাভাবিকভাবেই কারিনা কিংবা সাইফ পর্যন্ত পৌঁছায়নি।

    তবে ক্ষোভে ফেটে পড়ছে কমেন্ট সেকশন৷ তাদের কথায়, ভারতীয় মিডিয়া যে কতটা নিম্নমানের তা প্রমাণ করে দিল। আজ যদি কোনও হিরো শার্টলেস হয়ে আসত তাহলে সকলে বাহবা দিত আজ একজন অভিনেত্রী ব্যাকলেস গাউন পরেছেন বলে এত সমস্যা।

  • বরিশাল-২ আসনে বাদ পড়লেন চিত্রনায়ক সোহেল রানা

    বরিশাল-২ আসনে বাদ পড়লেন চিত্রনায়ক সোহেল রানা

    বরিশাল-২ আসনে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শের-ই-বাংলার নাতি ফাইয়াজুল হকেরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

    রোববার বরিশালের ৬টি সংসদীয় আসনে ৫২ জন প্রার্থীর মধ্যে সর্বমোট নয় জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রোববার দিনভর বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলে।

     

  • শাহরুখের ‘জিরো’ ছবির শুটিংয়ে ভয়াবহ আগুন

    শাহরুখের ‘জিরো’ ছবির শুটিংয়ে ভয়াবহ আগুন

    মুক্তির অপেক্ষায় আছে বলিউড কিং শাহরুখ খান অভিনীত নতুন ছবি ‘জিরো’। পরিচালক আনন্দ এল রাই পরিচালিত ছবিটি নিয়ে আগ্রহের কমতি নেই শাহরুখ ভক্তদের। কারণ ছবিটিতে একজন বামুনের চরিত্রে দেখা মিলবে বলিউড বাদশার। ভক্তরা যখন চমক দেখার অপেক্ষায়, তার আগেই দুর্ঘটনার মুখে পড়লো ছবিটি।

    বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মুম্বাইয়ের ফিল্ম সিটিতে চলছিলো ছবিটির শেষ ভাগের শুটিং। আর সেখানেই ঘটলো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

    জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আচমকাই ‘জিরো’-র সেটে দাউদাউ করে আগুন জ্বলে উঠে। ফলে আতঙ্কিত হয়ে পড়েন সেটে উপস্থিত সকলে। সেসময় সেট থেকে কিছুটা দূরে মেকআপ ভ্যানে বসেছিলেন শাহরুখ খান।দ্রুত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ততোক্ষণে সেটে থাকা সকলেই বাইরে বেরিয়ে আসেন। একে একে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আসে ‘জিরো’-র সেটে। শুরু হয় আগুন নেভানোর কাজ। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ‘জিরো’-র সেটে আগুন লেগেছে। বলিউড ট্রেডের খবর অনুযায়ী ছবিটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০০কোটি টাকা। আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের ফিল্মোগ্রাফি নিয়ে কাজ করায় বাজেট এমন অংকের হতে হয়েছে। আর তা নিয়েই ঘুম হারাম হয়েছিলো প্রযোজকদের। তবে ছবির নায়ক যেহেতু শাহরুখ,আর তাই দুশ্চিন্তা করাটাও বৃথা হয়েছে।

    চমকে যাওয়ার মতো খবর হল ইতোমধ্যেই টিভি স্বত্ব ও মিউজিক ভিডিও কপিরাইট বিক্রি করে ছবিটি আয় করে ফেলেছে ১৩০ কোটি টাকা। আর শুধু তাই নয় শাহরুখ খান নেটফ্লিক্সের কাছে ছবিটির ডিজিটাল স্বত্ব বিক্রির ব্যাপারেও কথা বলছেন। মুক্তির আগেই এই ছবির আয়, বাজেটকে ছাড়িয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। জিরো ছবিটিতে শাহরুখের বিপরীতে দেখা মিলবে ক্যাটরিনা কাইফ। আগামী ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

  • প্রিয়াঙ্কা-নিকের বিয়েবাড়ির হাঁড়ির খবর

    প্রিয়াঙ্কা-নিকের বিয়েবাড়ির হাঁড়ির খবর

    বিয়ের বেশ কয়েক দিন আগেই আলোকসজ্জিত হয়েছিল কনের বাড়ি। এবার আলোয় সাজল উমেদ ভবন প্যালেস। নিজের বাড়িতে পূজার পর প্রিয়াঙ্কা-নিক গতকাল বুধবার সন্ধ্যায় রওনা দিয়েছিলেন যোধপুরে। পূজার সময় প্রিয়াঙ্কার পরনে ছিল আকাশি রঙের সালোয়ার-কামিজ। আর নিক গোলাপি রঙের কুর্তা আর সাদা পায়জামা। পূজার পর আলোকচিত্রীদের সামনে আসেন হবু দম্পতি। তারায় তারায় বিয়ে বলে কথা, উৎসবটি তাই হওয়া চাই জমকালো। প্রিয়াঙ্কা-নিকের জমকালো বিয়ের নানা খবর বেরিয়ে আসছে একের পর এক। এবার পাওয়া গেল বিয়েবাড়ির হাঁড়ির কিছু খবর।

    শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা-নিকের বিয়েতে নাকি উপস্থিত থাকবেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারকা জুটিকে আশীর্বাদ দিতে ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিত হওয়ার সম্ভাবনা প্রবল। কী কী খাবার থাকবে প্রিয়াঙ্কা-নিকের বিয়েতে? নিজের বিয়ের অতিথিদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চান না প্রিয়াঙ্কা। তাই সবকিছু নিজেই তদারকি করছেন। সাবেক এই বিশ্বসুন্দরীর বিয়েতে অতিথিদের জন্য থাকবে বিশেষ সব খাবার। অতিথিরা যাতে নিজেদের পছন্দসই সব খাবার পান, সেদিকে নজর দিয়েছেন বলিউডের এই দেশি গার্ল। সে জন্য দেশি খাবারের পাশাপাশি প্রিয়াঙ্কার বিয়েতে থাকবে বিদেশি খাবারের ভরপুর আয়োজন।

    ভারতীয় খাবারের বাইরে প্রিয়াঙ্কার বিয়েতে থাকবে কন্টিনেন্টাল ফুড, চায়নিজসহ নানান খাবার। আর এসব খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে নামকরা সব রন্ধনশিল্পীদের। রাজস্থানি রসনার নানা পদ থাকবে আমন্ত্রিত অতিথিদের জন্য। সাংগরি কি রোটি, মক্কাই কি রোটি, বাজরা কে রোটি, রাজস্থানি কড়ি পকোড়ে, রাজস্থানি থালি, ডাল-বাটি চুর্মাসহ ৮০ রকমের পদ বিশেষভাবে রান্না হবে। যোধপুরে যেহেতু বিয়ের আসর বসছে, তাই মেনুতে থাকবে সেখানকার স্থানীয় খাবারও।

    আজ বৃহস্পতি থেকে সোমবার—এ পাঁচ দিন অতিথিদের জন্য প্যালেস ভাড়া নেওয়া হয়েছে। এই কয়েক দিন প্যালেসে পর্যটকদের প্রবেশ নিষেধ। এক দিনের জন্য প্যালেসের ভাড়া ৬৪ দশমিক ৪০ লাখ রুপি। সব মিলিয়ে শুধু হোটেলের জন্য প্রিয়াঙ্কার খরচ ৩ দশমিক ২ কোটি রুপি। ক্যাটারিংয়ের খরচ মিলিয়ে সেই খরচ ৪ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

    বিয়ের দিন প্রিয়াঙ্কা পরবেন লাল রঙের লেহেঙ্গা। বর নিকের পরনে থাকবে সোনালি রঙের পোশাক। বিয়ের দিন আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে রিটার্ন গিফট। মুম্বাইয়ের একটি গয়নার দোকান থেকে নাকি বিশেষ উপহার বানিয়ে এনেছেন প্রিয়াঙ্কা। কী সেটি? জানা গেছে, উপহার হিসেবে অতিথিদের রুপার টাকা দেবেন প্রিয়াঙ্কা। সেই টাকার একপাশে থাকবে প্রিয়াঙ্কা-নিকের নামের আদ্যক্ষর (এনপি) এবং অপর পৃষ্ঠে থাকবে লক্ষ্মী-গণেশের ছবি। আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের উৎসব। তাঁদের বিয়েতে নিষিদ্ধ থাকবে মোবাইল।