Category: শিক্ষাঙ্গন

  • বরিশালের কোচিং সেন্টারগুলো নিবন্ধনের আওতায় আসছে

    বরিশালের কোচিং সেন্টারগুলো নিবন্ধনের আওতায় আসছে

    বরিশালে কোচিং সেন্টারের নৈরাজ্য নিয়ন্ত্রণে মাঠে নামছে বরিশাল জেলা প্রশাসন। শুক্র ও শনিবার শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দেওয়ার জন্য কোচিং বন্ধ রাখার কথা বলা হয়।২৬ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার মালিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভার সভাপতি জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এই ইঙ্গিত দেন।

    ওই সভায় সিদ্ধান্ত হয়, সংশ্লিষ্ট দপ্তরের লাইসেন্স ছাড়া কোচিং ব্যবসা করা যাবে না। বিশেষ করে সিটি করপোরেশনের ট্রেডলাইসেন্স অনুযায়ী নির্দিষ্ট পরিমাপ ব্যতীত কোচিং সেন্টারের কোনো ধরনের ব্যানার, পোস্টার সাঁটানো যাবে না।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী, নগরীসহ গোটা জেলায় প্রতি শুক্রবার কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি এমপিওভুক্ত কোনো শিক্ষক কোচিং সেন্টারের সাথে জড়িত হতে পারবেন না। শিক্ষকরা বাসা ভাড়া করে প্রাইভেট পড়াতেও পারবেন না। স্কুল চলাকালীন কোচিং এ ছাত্র-ছাত্রীরা থাকতে পারবেনা। সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্সের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাপে এবং নির্দিষ্ট স্থানে ব্যানার, পোস্টার সাঁটাতে হবে।

    মিথ্যা প্রচার করে শিক্ষার্থীদের প্রলোভনে ফেলা যাবে না। সভায় সিদ্ধান্ত হয়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ফি নেয়া যাবে না এবং নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণরা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না। মতবিনিময় সভায় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, কোচিং সেন্টারের কারণে ছাত্র-ছাত্রীরা খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না।

    তাই এগুলোকে নিরুৎসাহিত করার আহ্বান জানান তিনি। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইকবাল আক্তার বলেন, কোচিং সেন্টার ব্যবসা প্রতিষ্ঠান। এটি নিবন্ধিত হতে হবে। অন্যথায় পরিচালনা করা যাবে না।

  • বরিশাল বিএম কলেজের ফরম পূরনে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা

    বরিশাল বিএম কলেজের ফরম পূরনে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা

    স্টাফ রিপোর্টার/ শামীম ইসলাম:

    বরিশালে বিএম কলেজের ফরম পূরনে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে আজ ২য় দিনের ন্যায়, বিক্ষোভ মিছিল করে সাধারন শিক্ষার্থীরা।

  • ববির ভর্তি পরীক্ষায় পাসের হার ৩০ দশমিক ১৫ ভাগ

    ববির ভর্তি পরীক্ষায় পাসের হার ৩০ দশমিক ১৫ ভাগ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষার পাসের হার ৩০ দশমিক ১৫ ভাগ। রোববার বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

    এবার ‘ক’ ইউনিটে পাসের হার ৩০ দশমিক ৮৫ ভাগ, ‘খ’ ইউনিটের পাসের হার ২৮ দশমিক ৩১ ভাগ এবং ‘গ’ ইউনিটে পাসের হার ৩০ দশমিক ৬১ ভাগ। ৩টি ইউনিটে সামগ্রিকভাবে পাসের হার ৩০ দশমিক ১৫ ভাগ। গত বছরের মতো এ বছরও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় বরিশাল বোর্ডের শিক্ষার্থীরাই শীর্ষে রয়েছে।

    বিকেলে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, সিন্ডিকেট সদস্য কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, সিন্ডিকেট সদস্য জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, সিন্ডিকেট সদস্য ফলাফল প্রস্তুতকরণ ও তথ্যপ্রদান ইউনিটের সমন্বয়ক সিএসই বিভাগের চেয়ারম্যান বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি শেরে বাংলা হলের প্রভোস্ট মো. ইব্রাহীম মোল্লা, সাধারণ সম্পাদক ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়া ও বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

    প্রসঙ্গত, গত শুক্র ও শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগের এক হাজার ৪৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ২২ হাজার ১০২ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ছিলেন ২০ জন পরীক্ষার্থী। এবার পূর্বের ২২টি বিভাগের সঙ্গে চলতি শিক্ষাবর্ষে যুক্ত করা হয়েছে নতুন ২টি ‘ইতিহাস’ এবং ‘পরিসংখ্যান’ বিভাগ।

  • ভারতের কর্নাটকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২৫

    ভারতের কর্নাটকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২৫

    ভারতের কর্নাটকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী। শনিবার দুপুরের দিকে রাজ্যটির মন্ধ্যা জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বাসটিকে পানির মধ্যে দেখতে পেয়ে উদ্ধারকাজে হাত লাগায়।

    জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জেলার পন্দাভাপুরা এলাকার ভিসি লেকে পড়ে যাওয়ার পরই তা পানির তলায় তলিয়ে যায়। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও স্পষ্ট নয়। কারণ বাসটির ভেতরে থাকা সকলেই নিহত হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে বাসটি লেকে পড়ার ঠিক আগের মুহুর্তে পানিতে ঝাঁপ দেয়ায় এক শিক্ষার্থী প্রাণে বেঁচে গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই প্রকৃত তথ্য জানা যেতে পারে বলে পুলিশের ধারণা।

    বাসটি দুর্ঘটনার পরে ঘটনাস্থলে জেলার পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা গিয়ে উদ্ধারকাজও শুরু করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকীদের খোঁজে এখনও উদ্ধারকাজ চলছে।  অন্যদিকে ক্রেনের সহায়তায় পানি থেকে বাসটিকে উপরে তোলার চেষ্টা চলছে। লাশগুলোকে ময়নাতদন্তের জন্য এমআইএমএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    মন্ধ্যা জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ পন্ডাভাপুরা এলাকায় একটি বাস জলাশয়ে পড়ে যায় এবং পানিতে ডুবে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। প্রাথমিকভাবে বাস দুর্ঘটনা পেছনে চালকের গাফিলতির প্রমাণ মিলেছে। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী জি.পরমেশ্বরা জানান, দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। আমার বিশ্বাস বাসটির চালকের কোনো গাফিলতি ছিল, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি।

    দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে মুখ্যমন্ত্রী এইচ.ডি.কুমারস্বামী সরকারি কাজ বাতিল রেখে ঘটনাস্থলের পৌঁছেছেন। নিহতদের পরিবার প্রতি আর্থিক ক্ষতিপূরণেরও ঘোষণা দিয়েছেন তিনি।

  • ববি’র ভর্তি পরিক্ষায় আগত শিক্ষার্থীদের জন্য ফ্রি-বাস সার্ভিস চালু করলেন মেয়র সাদিক আবদুল্লাহ

    ববি’র ভর্তি পরিক্ষায় আগত শিক্ষার্থীদের জন্য ফ্রি-বাস সার্ভিস চালু করলেন মেয়র সাদিক আবদুল্লাহ

    সিনিয়র রিপোর্টার//জুয়েল মাহামুদ:

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরিক্ষায় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পরিক্ষায় অংশ গ্রহণ করার জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছেন, বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    নগরীর বিভিন্ন জায়গায় দশ টিরও অধিক বাস নিয়মিত সার্ভিস দিচ্ছে, যা চলবে আগামীকাল ভর্তি পরিক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত।

    বাসগুলো শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল, লঞ্চঘাট, রুপাতলীসহ নগরীর বিভিন্ন স্থান ঘুরে শত শত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রি অানা নেওয়া করেছে। যানবাহন কম থাকায় এই বাস সার্ভিসগুলো চালু করায় ভর্তি পরিক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের দূর্ঘোভ অনেকটা লাঘব হয়েছে।

    বাসগুলো সঠিকপথে চলাচলের জন্য প্রতিটি বাসে একজন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মি ভলানটিয়ার হিসেবে দায়িত্বপালন করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতৃবৃন্দ হেল্পডেস্কের মাধ্যমে শির্ক্ষার্থীদের আসন খুজে দেওয়াসহ সার্বিক সহযোগিতা করেছে।

  • টেস্ট পরীক্ষায় অকৃতকার্যদের পরীক্ষার সুযোগও দুর্নীতি: দুদক চেয়ারম্যান

    টেস্ট পরীক্ষায় অকৃতকার্যদের পরীক্ষার সুযোগও দুর্নীতি: দুদক চেয়ারম্যান

    টেস্ট পরীক্ষায় অকৃতকার্যদের টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়াও এক ধরনের জঘন্য দুর্নীতি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

    মঙ্গলবার অফিস থেকে বের হওয়ার সময় দুদক চেয়ারম্যান সাংবাদিকদের এক অনির্ধারিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

    দুদক চেয়ারম্যান আরও বলেন, যেসব স্কুল এই অতিরিক্ত টাকা নিয়েছে, তারা একটি মামলাযোগ্য অপরাধ সংগঠিত করেছে। এর বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেবে। এরই মধ্যে এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি প্রকল্প শুরু করা হয়েছে। আমরা এ বিষয়ে কঠোর।

    এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও দুদককে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, এই ঘটনায় আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত মর্মাহত। এ বছরের শুরুতেই এজন্য শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাবোর্ড ও মন্ত্রিপরিষদকে এ বিষয়ে সুপারিশ দিয়েছিলাম। অথচ এখন প্রতিদিনই আমাদের কাছে হাজার হাজার অভিযোগ আসছে। আমরা এরইমধ্যে অ্যাকশনে গিয়েছি। জেলা অফিসগুলোকে অ্যাক্টিভ করেছি। জেলা প্রশাসকদের লিখিত ব্যবস্থা নিতে বলেছি।

  • এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া হবে

    এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া হবে

    এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

    তিনি বলেন, এসএসসি’র ফরম পূরণে যে সকল প্রতিষ্ঠানে নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত টাকা আদায় করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ সচিবালয়ে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে একথা বলেন শিক্ষামন্ত্রী।

    শিক্ষামন্ত্রী আরও বলেন, এসএসসির ফরম পূরণে কিছু কিছু প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের কাছ থেকে যারা অতিরিক্ত টাকা নিয়েছেন, তাদের এ টাকা ফেরত দিতে হবে।

  • বরিশাল নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিনব কৌশলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ!

    বরিশাল নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিনব কৌশলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ!

    নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অমান্য করে বরিশালের এস এস সি পরীক্ষার্থীদের কাছ থেকে অভিনব কায়দায় অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ তোলা হয়েছে নগরীর নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ও শিক্ষার্থী অভিযোগ করে বলেন কোচিংয়ের নামে অথবা বিভিন্ন খাত দেখিয়ে জোড় পূর্বক অগ্রীম অর্থ আদায় করা হচ্ছে। এবার শিক্ষা মন্ত্রানালয় নির্ধারিত শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি এর বাইরে অতিরিক্ত ফি কোনক্রমেই নেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জনপ্রতি বোর্ডের নির্ধারিত ফিঃ ১) মানবিকঃ নিয়মিত- ১৬৩০ টাকা, অনিয়মিত-১৭৩০ টাকা। ২) বিজ্ঞানঃ নিয়মিত-১৭২০ টাকা, অনিয়মিতঃ ১৮২০ টাকা। ৩) ব্যবসায় শিক্ষাঃ নিয়মিত- ১৬৩০ টাকা, অনিয়মিত- ১৭৩০ টাকা। এছাড়া ব্যবহারিক ফি বাবদ ২৫ টাকা আদায় করা যাবে বলা হলেও বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র। বরিশালে বিভিন্ন স্কুলে কোচিংয়ের অযুহাত দিয়ে অতিরিক্ত টাকা আদায় করছে স্কুলগুলো, কোন কোন স্কুলে নোটিশ দিয়ে আবার কোথাও নোটিশ ছাড়াই আদায় করা হচ্ছে অতিরিক্ত এ অর্থ। নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কোচিংয়ের দোহাই দিয়ে অগ্রিম টাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন কোচিং ফি বা বিশেষ ক্লাস এর নাম করে মাসিক ফি ১০০০ টাকা করে সর্বোমোট ২০০০ টাকা এবং বোর্ড ফি সহ বিজ্ঞান বিভাগ-৩৭৪৫ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা ৩৬৫৫ টাকা ধার্য করা হয়েছে। আর এই টাকা আদায় করা হচ্ছে বোর্ড ফি এর সঙ্গে। কোচিং ফি না দিলে ফর্ম ফিলাপ করতে দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ এমনটা জানিয়েছেন অনেকেই। এবং রসিদ চাইলে তা দিতেও নারাজ স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা জানায় তাদের দ্বারা জোড়পূর্বক অতিরিক্ত ক্লাস অর্থ্যাৎ কোচিংয়ের জন্য আবেদন করিয়ে কোচিং চালু করা হয়। আইনি বাধা পেরোনোর জন্য এমন অভিনব কৌশল করেছে নূরিয়া মাধ্যমিক বিদ্যালয় বলে দাবী করেন তারা। অভিভাবকরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন প্রতি বছর স্কুল কর্তৃপক্ষ নানা কৌশলে তাদের কাছ থেকে অর্থ আদায় করেন, এতে তাদেরকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বাড়তি ফি আদায় নিয়ে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করলেও কোন লাভ হয়নি উক্ত বিদ্যালয়ে। এবিষয়ে জানতে চেয়ে নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন আমরা সরকার নির্ধারিত ফি’র বাইরে কোনো টাকা নিচ্ছি না। কোচিং বা বিশেষ ক্লাসের নামকরে টাকা নেয়া যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা মন্ত্রানালয়ের নীতিমালায় বলা হয়েছে, দূর্বল শিক্ষার্থীদের জন্য স্কুল সময়ের বাইরে বা সময় থাকলে স্কুলের সময়ের মধ্যেই বিশেষ ক্লাস নেয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস জানান, কোন প্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করে এবং অভিযোগ প্রমানিত হয় তবে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • এমসিকিউবিহীন প্রাথমিক সমাপনী রোববার শুরু

    এমসিকিউবিহীন প্রাথমিক সমাপনী রোববার শুরু

    প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে রোববার, ১৮ নভেম্বর। ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা। এই দুই পরীক্ষায় সারা দেশে মোট পরীক্ষার্থী ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন। এবারের পরীক্ষা থেকে বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে। মোট ছয়টি বিষয়ের প্রতিটিতে নম্বর ১০০।

    আজ বৃহস্পতিবার সচিবালয়ে এই পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। সাধারণ ধারার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক এবং মাদ্রাসার পঞ্চম শ্রেণি স্তরের শিক্ষার্থীদের নিয়ে ইবতেদায়ি শিক্ষা সমাপনী নামে এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট পরীক্ষার্থীর মধ্যে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থী প্রাথমিকের এবং ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে অংশ নেবে। সারা দেশে মোট ৭ হাজার ৪১০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২টি কেন্দ্র বিদেশে অবস্থিত।

    লিখিত বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে যাবতীয় কর্মকাণ্ড শেষ করা হয়েছে। বিশেষ ব্যবস্থা ও নিরাপত্তার সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ কাজ শেষ করা হয়েছে। পরীক্ষার দিন সর্বোচ্চ নিরাপত্তায় প্রশ্নপত্র থানা হেফাজত থেকে কেন্দ্র সচিবের কাছে পৌঁছে দেওয়া হবে। আর দুর্গম ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।

    প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা ১টায়। ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর পরের বছর থেকে শুরু হয় ইবতেদায়ি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা।

  • ভোটের সঙ্গে পেছাল সরকারি স্কুলের ভর্তি

    ভোটের সঙ্গে পেছাল সরকারি স্কুলের ভর্তি

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সারাদেশের বার্ষিক পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। তবে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করায় সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের সিদ্ধান্ত আটকে গেল। নির্বাচনের তারিখ পিছিয়ে যাওয়ায় এখন জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তা করছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

    অধিদফতর সূত্রে জানা গেছে, প্রথম দফায় ২৩ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মাউশি সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষার কার্যক্রম নির্বাচনের পর চূড়ান্ত করা হবে। ফলে তারিখ নির্ধারণ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রাথমিক খসড়ায় ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত করার কথা থাকলেও পরে তা পিছিয়ে ২৮ থেকে ৩০ ডিসেম্বর নেয়ার কথা জানা যায়।

    এদিকে আজ সোমবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে। এর ফলে এখন পূর্বের সম্ভাব্য তারিখেও ভর্তি পরীক্ষা নিতে পারছে না অধিদফতর।

    মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. আব্দুল মান্নান  বলেন, নির্বাচনের তারিখ চূড়ান্ত না হওয়ায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে আজ (সোমবার) খবর পেলাম আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন ভর্তি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে আয়োজন করা সম্ভব হবে।

    কারণ হিসেবে তিনি বলেন, কমিশন আগেই জানিয়েছে, নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। অন্যদিকে ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে।

    পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হতে পারে -জানতে চাইলে তিনি বলেন, তারিখ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে জানুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলাপ করে তারিখ নির্ধারণ করা হবে।

    এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সরকারি বিদ্যালয়) নাজমুল হোসেন  বলেন, নির্বাচনের সময় পিছিয়ে যাওয়ায় আগের প্রস্তাবিত সময়ে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হবে না। এখন জানুয়ারিতে এ পরীক্ষা আয়োজন করতে হবে। এ বিষয়ে মাউশির প্রস্তাবনা পাওয়ার পর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সময় নির্ধারণ করা হবে।

    ১ জানুয়ারিতে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক পেতে সমস্যা হবে কিনা -জানতে চাইলে তিনি বলেন, পাঠ্যবইয়ের চাহিদা আগেই দেয়া হয়েছে, তাই পহেলা জানুয়ারিতে পাঠ্যপুস্তক উৎসব পালিত হওয়ার পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে কোনো সমস্যা হবে। সকল শিক্ষার্থী ক্লাস অনুযায়ী নতুন পাঠ্যপুস্তক হাতে পাবে।

    উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    সোমবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ ঘোষণা দেন।