Blog

  • প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন বিচারকরা

    প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন বিচারকরা

    চলমান বন্যা পরিস্থিতিতে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দিচ্ছেন জেলা আদালতে কর্মরত বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার গঠিত ত্রাণ তহবিলে এ অনুদান প্রদান করা হবে। শুক্রবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন বিচারকবৃন্দ। জেলা আদালতে কর্মরত বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন ২৩ আগস্ট এই সিদ্ধান্ত নিয়েছে’।

    ‘সারা দেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের একদিনের বেতনের অর্থ দিয়ে একটি জরুরি তহবিল গঠন করা হয়েছে। এছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমেও অংশ নিচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে দুর্গত এলাকাগুলোতে বন্যাকবলিত জনসাধারণের মধ্যে শুকনো খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে’।

    এতে আরো বলা হয়, ‘সংগঠনটির জরুরি ত্রাণ তহবিলে অনুদান প্রেরণের ক্ষেত্রে ইতোমধ্যে বিচারকরা আশাব্যঞ্জক সাড়া প্রদান করেছেন। আগামী দুই দিনের মধ্যে বিচারকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে উক্ত অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

  • বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে গুগল প্লে স্টোরে

    বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে গুগল প্লে স্টোরে

    বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে গুগল প্লে স্টোরে। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্লে স্টোর থেকে হাজার হাজার অ্যাপ ডিলিট করা হতে পারে। মূলত ব্যবহারকারীদের নিরাপত্তা এবং গুগল প্লে স্টোরকে আরও নিরাপদ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রত্যক্ষ প্রভাব পড়বে বিশ্বের কোটি কোটি অ্যান্ড্রয়েড ইউজারদের ওপর। 
    গুগল প্লে স্টোরে নতুন পরিবর্তন ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এই পরিবর্তনের ফলে কিছু ব্যবহারকারী অসুবিধায় পড়তে পারেন। তবে দীর্ঘমেয়াদে এটি ব্যবহারকারীদের জন্যই উপকারী হবে। 

    গত কয়েক বছরে অনেক ব্যবহারকারী ম্যালওয়্যার ধারণকারী অ্যাপের শিকার হয়েছেন, যার ফলে তাদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। এমনকি এক নারী একটি ক্রিপ্টো অ্যাপের শিকার হয়েছিলেন, যার ফলে তিনি বিপুল অর্থ হারিয়েছিলেন। এই ধরনের ঘটনাগুলো গুগলকে প্লে স্টোরের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করতে বাধ্য করেছে।

    গুগল প্লে স্টোরের নিরাপত্তা নিয়ে আগেও প্রশ্ন উঠে ছিল। মেটা সুইজারল্যান্ডের ইপিএফএল এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো অ্যান্ড্রয়েডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সময়ে সময়ে প্লে স্টোর থেকে অনেক বিপজ্জনক অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। হ্যাকাররা প্লে স্টোরের অ্যাপগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের ডাটা চুরি ও প্রতারণা করেছে।

    গুগলের নতুন নীতি অনুযায়ী, তৃতীয় পক্ষ অ্যাপ স্টোর থেকে এপিকে আপলোড করা নিষিদ্ধ হবে। এর ফলে ব্যবহারকারীরা আর প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন না। এই নতুন নিয়মের ফলে ম্যালওয়্যার ধারণকারী অ্যাপগুলো প্লে স্টোরে প্রবেশ করার সম্ভাবনা কমবে এবং ব্যবহারকারীরা আরও নিরাপদ থাকবে।

  • বন্যায় ১৮ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৯ লাখ ৩৮ হাজার মানুষ

    বন্যায় ১৮ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৯ লাখ ৩৮ হাজার মানুষ

    দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে।

    শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এসব কথা বলেন। বন্যা পরিস্থিতির ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

    ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি।

    তিনি বলেন, মৃত্যু ১৮ জনের মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে তিনজন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।

    কামরুল হাসান জানান, এ পর্যন্ত তিন হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে দুই লাখ ৮৪ হাজার ৮৮৮ জন আশ্রয় নিয়েছেন।

    ত্রাণ কার্যক্রমের বিষয়ে সচিব বলেন, বন্যাদুর্গত ১১ জেলায় মোট ৩ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২০ হাজার ১৫০ টন। এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ হাজার পিস। শিশুর খাদ্য কেনার জন্য ৩৫ লাখ এবং গো-খাদ্য কেনার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

  • লঞ্চের ছাদে রাত কাটল বরিশালের নবদম্পতির

    লঞ্চের ছাদে রাত কাটল বরিশালের নবদম্পতির

    কেবিন না পাওয়ায় নতুন বউকে নিয়ে লঞ্চের ছাদেই ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন রাসেল। বাধ্য হয়েই লঞ্চের ছাদে রাত কাটাতে হয়েছে নবদম্পতিকে। বরিশাল নদীবন্দরে নোঙর করা ঢাকা-বরিশাল রুটের ঢাকাগামী পারাবত-১০ লঞ্চের ছাদে বৃহস্পতিবার সন্ধ্যায় এ চিত্র দেখা গেছে।

    রাসেল উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের সেলসম্যান। নববধূ সোনিয়া একই ইউনিয়নের বাসিন্দা। রাসেলের বোন পারভিন বলেন, বিয়ে হওয়ার কথা ছিল গত ঈদে। কিন্তু তখন লকডাউন পড়বে দেখে আয়োজন করা হয়নি। এরপর এ কুরবানি ঈদে বিয়ের সিদ্ধান্ত নেয় দুই পরিবার। আমরা ভেবেছিলাম, সরকার আগের ১৪ দিন লকডাউন দেওয়ায় কুরবানির পর লকডাউন দেবে না।

    এজন্য ঈদের পর দিন বিয়ের আয়োজন করা হয়। বুধবারও জানতাম না, শুক্রবার থেকে আবার লকডাউন হবে। বৃহস্পতিবার দুপুরে শুনেছি। আয়োজন ছিল খাবারের। কিন্তু লকডাউন ঘোষণার কথা জেনে খাওয়া-দাওয়া না করেই নতুন বউ নিয়ে ঢাকা রওয়ানা দিয়েছি। যেতে কষ্ট হবে। কিন্তু কিছু করার নেই। রাসেল বলেন, একটা কেবিনের চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। নতুন বউ নিয়ে এভাবে খোলা আকাশের নিচেই যেতে হবে।

  • সাবেক এমপি পঙ্কজ নাথের নামে মামলা

    সাবেক এমপি পঙ্কজ নাথের নামে মামলা

    বরিশাল-৪ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের ১৬৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করা হয় বলে ওসি ইয়াসিনুল হক জানান।

    দুই বছর আগে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ এনে মামলা করেছেন মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু। বাদী বিএনপি নেতা দিনু জানান, ২০২২ সালে মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে মধ্যবাজার এলাকায় তার চৌধুরী ব্রিকসের অফিসে হামলা-ভাঙচুর ও লুট করা হয়।

    এতে তার ১৫-১৬ লাখ টাকার ক্ষতি হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় মামলা করতে পারেননি। তাই বৃহস্পতিবার মেহেন্দিগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে বলে বিএনপি নেতা দিনু জানিয়েছেন।

    মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, বিএনপি নেতার অফিস কক্ষে হামলা-ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্যসহ নামধারী ৪৫ জন ও অজ্ঞাত ১২০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। মামলার কোনো আসামি গ্রেপ্তার নেই। তাদের গ্রেপ্তারে অভিযান করা হচ্ছে।

    মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহাজান সোহেল মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবি আব্দুল্লাহ দোলন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির জোমাদ্দার ও সাবেক সাংসদের ভাই মনজ দেবনাথ।

  • সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

    সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

    বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

    শুক্রবার (২৩ আগস্ট) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

    আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।

    গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর ভাগনি জামাই আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

    মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ প্রমুখ।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল চলছিল। এসময় কিছু আসামির যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে নিরাপরাধ মানুষের ওপর গুলি করা হলে ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমান, মো. আবু মূসা, মাঈনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেনসহ অনেক নিরস্ত্র ছাত্র-জনতা ও সাধারণ পথচারী আহত হন। আব্দুল ওয়াদুদ (৪৫) নিউমার্কেট থানার প্রিয়াঙ্গন শপিং সেন্টারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ২০০৮ সাল থেকে টানা তিন দফায় ঢাকা-৮ আসন থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রাশেদ খান মেনন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচিত হন।

    রাশেদ খান মেননের জন্ম ১৮ মে ১৯৪৩ সালে। তার পৈতৃক নিবাস বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও ১৯৬৪ সালে একই বিষয়ে স্নাতকোত্তর করেন।

    ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে নেতৃত্বে আসেন মেনন। রাজনৈতিক কারণে তাকে বারবার জেলে যেতে হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছিল তাকে। এমএ পাস করেছেন জেলখানায় বসে পরীক্ষা দিয়ে। সে সময়ের প্রধান ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন রাশেদ খান মেনন। ছিলেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি)।

  • কমছে নদীর পানি, ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির

    কমছে নদীর পানি, ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির

    দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি ধীরগতিতে কমছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের পূর্বাঞ্চল ও ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়নি। আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাতের আভাস নেই। ফলে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

    শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এসব তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, বিগত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টি হয়নি। ফলে উজানে নদ-নদীর পানি কমতে শুরু করেছে। এতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম জেলার বন্য পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

    বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায়ও দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আভাস নেই। ফলে দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, গোমতী ও হালদা নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

    চট্টগ্রামের ফটিকছড়িতে আজ সকাল থেকে হালদা নদীর পানি কমতে শুরু করে। এতে ওই এলাকায় বন্য পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজ্জামেল হক চৌধুরী।

    তিনি বলেন, পানি নামছে ধীরে। অনেকেই ত্রাণ ও বোট নিয়ে এসেছেন। তবে বড় বোট নামানো যাচ্ছে না। আবার রাস্তা ভেঙে যাওয়ায় সড়ক পথেও সব এলাকায় যাওয়া যাচ্ছে না।

    তবে উজান থেকে নেমে আসা পানিতে নতুন করে চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জের নুতন এলাকা প্লাবিত হচ্ছে বলে খবর এসেছে।

  • ঝালকাঠিতে পৃথক দুটি বাস দুর্ঘটনায় আহত ২০ যাত্রী

    ঝালকাঠিতে পৃথক দুটি বাস দুর্ঘটনায় আহত ২০ যাত্রী

    ঝালকাঠির রাজাপুর ও কাঠালিায় পৃথক দুটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় সকাল থেকে ঢাকা-পাথরঘাটা রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

    শুক্রবার (২৩ আগস্ট) সকালে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুরের নৈকাঠি পালবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস বৈশালী ক্ল্যাসিক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে ১৫ যাত্রী আহত হয়েছে।

    অপরদিকে ঢাকা-পাথরঘাটা রুটের কাঠালিয়ার আমুয়া তালতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী লাবিব পরিবহনের একটি বাস ব্রিজের রেলিংয়ে উঠে গিয়ে অন্তত ৫ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় পাথরঘাটা-ঢাকা রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

    পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, দুর্ঘটনার শিকার বাস দুটি উদ্ধারে কাজ চলছে। তবে ইজিবাইক চলাচল করলেও বাস ও ট্রাকসহ বড় গাড়ি বন্ধ রয়েছে।

    রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, রাজাপুরের নৈকাঠি পালবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস থেকে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। তারা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

    রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, রেকার খবর দেয়া হয়েছে। বাসটিকে পুকুর থেকে তোলার পর নিশ্চিত হওয়া যাবে নিচে কেউ আছে কিনা, তবে এখন (বিকেল ৩টা) পর্যন্ত কেউ নিখোঁজ বা নিহত নেই।

    কাঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, কাঠালিয়ার আমুয়া তালতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লাবিব পরিবহনের একটি ঢাকাগামী বাস ব্রিজের রেলিংয়ে উঠে গিয়ে ৫ যাত্রী আহত হয়েছে। ইজিবাইক চলাচল করলেও বাস ও ট্রাকসহ বড় গাড়ি বন্ধ রয়েছে।

  • বরিশালে মেয়র-প্রতিমন্ত্রীসহ ১১০০ আ. লীগ নেতাকর্মীর নামে মামলা

    বরিশালে মেয়র-প্রতিমন্ত্রীসহ ১১০০ আ. লীগ নেতাকর্মীর নামে মামলা

    বরিশাল নগরীর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও লুটের অভিযোগে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী, সাবেক দুই সিটি মেয়র, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৮১ জন নামধারীসহ অজ্ঞাতনামা আরও ৭০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

    বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা করেন।

    কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    মামলার প্রধান আসামি হলেন-সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল অব. জাহিদ ফারুক শামীম।

    এছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন-বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

    এছাড়া মামলায় বরিশাল সিটি করপোরেশনের ১৬ জন কাউন্সিলরকে আসামি করা হয়েছে।

    মামলার আসামিদের বিরুদ্ধে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো ও সহায়তার অপরাধসহ বেআইনি জনতায় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করা, অনধিকার প্রবেশ করে চুরি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও খুন জখমের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

    মামলার এজাহারে বাদী অভিযোগ করেন গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টায় নামধারীরাসহ অজ্ঞাত ৭০০ সন্ত্রাসী প্রকৃতির লোক পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে পিস্তল, শর্টগান, ককটেল, রামদা, চাপাতি, চায়নিজ কুড়াল, শাবল নিয়ে নগরের সদর রোডের টাউন হলের পাশে হামলা করে।

    তারা গুলি করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিজনক পরিস্থিতি সৃষ্টি করে দলীয় কার্যালয়ে প্রবেশ করে টিভি, কম্পিউটার, সাউন্ড সিস্টেমসহ সাড়ে ৪ লাখ টাকার মালামাল ভাঙচুর করে।

    এছাড়া দ্বিতীয় তলার জিয়া স্মৃতি পাঠাগারের আগুন দিয়ে ৩০ লাখ টাকার ক্ষতি করেছে। দলীয় কার্যালয়ের সামনে রাখা চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন আগুন নিভাতে গেলে তাদের হুমকি দেওয়া হয়।

  • ভোলায় অতি জোয়ারে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ

    ভোলায় অতি জোয়ারে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ

    এখনও স্বাভাবিক হয়নি ভোলার উপকূলের বন্যা পরিস্থিতি। টানা নবম দিনের মতো জোয়ারে তলিয়ে গেছে ভোলার উপকূলের বিস্তীর্ণ জনপদ।

    পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।
    রাস্তাঘাট, বসত ঘরসহ বিস্তীর্ণ এলাকা ডুবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উপকূলজুড়ে। এ ছাড়া খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ।

    ভোলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শুক্রবার বিকেলে মেঘনার পানি দৌলতখান পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার এবং তজুমদ্দিন পয়েন্ট দিয়ে ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

    এদিকে ভোলা সদরের রাজাপুর ইউনিয়সের সাত গ্রামসহ কাচিয়া, মাঝের চর, ধনিয়া, মদনপুর, মেদিয়া, চর পাতিলা ও ঢালচর সহ অন্তত ২০ গ্রামে প্রবেশ করেছে মেঘনার জোয়ারের পানি।

    পানিবন্দি আকলিমা, সিরাজ, তাহমিনা ও রাজিয়াসহ অন্যরা জানান, নয়দিন ধরে জোয়ারে পানির কষ্টে ভুগছেন তারা। তবে কেউ ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসেনি। দুই দফা জোয়ার এসে তলিয়ে গেছে ঘর ভিটা। । রান্নার চুলা জ্বলছে না অনেকের ঘরে। বাঁধ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

    ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, আমরা বিষয়টি মনিটরিং করছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পরিদর্শন করতে বলা হয়েছে। তবে স্থায়ী বন্যার সৃষ্টি হলে ত্রাণ সহায়তা দেওয়া হবে। একইসঙ্গে মেডিকেল টিমকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

    পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, যে পরিস্তিতি বিরাজ করছে, তাতে বন্যার সম্ভাবনা নেই। পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে।