Blog

  • সাইকেল কেনার জন্য জমানো টাকা বন্যার্তদের দিল ছোট্ট মিম

    সাইকেল কেনার জন্য জমানো টাকা বন্যার্তদের দিল ছোট্ট মিম

    তিন বছর ধরে প্লাস্টিকের ব্যাংকটিতে টাকা জমাচ্ছিল মিম। সেই টাকা দিয়ে কিনবে শখের সাইকেল। তবে দেশপ্রেম যেন শখপূরণের চেয়েও বড়। তাই সেই ব্যাংকভর্তি টাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) হাজির হয়েছে ছোট্ট মিম। দীর্ঘদিনের সঞ্চয়ের টাকা দান করে প্রমাণ করল ‘মানুষ মানুষের জন্য’।

    মিমের সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আবারও তিন বছরের সঞ্চয় নিয়ে আসলো আরেক বাচ্চা। ওর নাম মিম। সাইকেল কেনার জন্য সঞ্চয় করছিল।’

    মিমের আগেও আরও দুই শিশু ব্যাংকভর্তি জমানো টাকা দিয়ে গেছে বন্যার্তদের সহায়তায়। আশরেফা অন্য একটি পোস্টে দুটি ব্যাংকের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘একটা সাত-আট বছরের বাচ্চার তিন বছর ধরে জমানো টাকা সবুজ ব্যাংকটার মধ্যে। কি হাসিমুখে ব্যাংকটা দিয়ে গেল আমার হাতে! অথচ টাকাগুলো হয়তো কত শখ করে জমিয়েছিল! যখন টাকার গুরুত্ব ভালোভাবে বুঝতে শেখেনি তখনই জমানো শুরু করেছিল টাকাটা। আজকে বন্যার্তদের জন্য দিয়ে গেল।

    লাল রঙের ব্যাংকটা দিয়ে গেল অন্য আরেক বাচ্চা। ওর মায়ের ওমরাহ করার জন্য জমানো টাকা। এন্ট্রি করার জন্য জিজ্ঞেস করলাম কত টাকা আছে। দুইজনই উত্তর দিলো যে জানেন না। আসলে পরিমাণটা আমাদের কাছেও গুরুত্বপূর্ণ না। যেটা গুরুত্বপূর্ণ তা হলো এই এগিয়ে আসা এবং এগিয়ে দেওয়ার বাংলাদেশ। এই বাংলাদেশকে ঠেকিয়ে রাখার সাধ্য কারো নাই।
    “নতুন প্রজন্ম,নতুন বাংলাদেশ”।’

    এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবি জুবাইর ফেসবুকে লিখেছেন, যা কিছু সুন্দর, তিন বছর ধরে প্লাস্টিকের ব্যাংকে জমানো সব টাকা নিয়ে টিএসসিতে হাজির ৭ বছরের ইহান।

    বৃহস্পতিবার থেকেই টিএসসিতে বন্যার্তদের সহায়তার জন্য গণত্রাণ সংগ্রহ করছে শিক্ষার্থীরা। এদিন মোট সংগ্রহ করা হয়েছে ২৯ লাখ ৭৬ হাজার টাকা। আর শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত সংগৃহীত ত্রাণের পরিমাণ ৩৯ লাখ টাকা।

  • বন্যায় ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল

    বন্যায় ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল

    বন্যার কারণে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের ১২ জেলায় প্রায় দুই হাজার মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

    শুক্রবার বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্যা আক্রান্ত ১২টি জেলার ১২ হাজার ২৫০টি সাইট বা টাওয়ারের মধ্যে ১০ হাজার ৪৪৩টি সাইট সচল আছে। আর অচল হয়ে পড়েছে ১ হাজার ৮০৭টি।

    মোস্তাফিজুর রহমান জানান, এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীতে; এই জেলায় ৯০ শতাংশের বেশি টাওয়ার অচল। এই এলাকার ৬৫৬টি টাওয়ারের মধ্যে ৫৯০টিই অচল হয়ে গেছে।

    এছাড়া নোয়াখালীতে ৩৮০, লক্ষ্মীপুরে ৫৪, কুমিল্লায় ৫৩৩, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩, চাঁদপুরে ৪৭, চট্টগ্রামে ৭৫, খাগড়াছড়িতে ৩৬, হবিগঞ্জে ২, মৌলভীবাজারে ৩৯, সুনামগঞ্জে ১১ এবং রাঙামাটিতে ১৭টি টাওয়ার কাজ করছে না।

    মোবাইল অপারেটরদের কাছ থেকে বিটিআরসি জেনেছে- বন্যাকবলিত অঞ্চলে অপারেটরদের টাওয়ার এলাকা ডুবে গেছে। এসব টাওয়ারে বিদ্যুৎ সংযোগও নেই। অন্যদিকে তুমুল স্রোতে অন্যান্য প্রয়োজনীয় যান্ত্রিক সহযোগিতা পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ কারণে নেটওয়ার্ক পুনরায় চালু করা যাচ্ছে না। স্রোত না কমা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় নেটওয়ার্ক পুনঃসংযোগ করা সম্ভব নয়।

    কাজী মোস্তাফিজুর রহমান বলেন, টাওয়ার সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। একই সঙ্গে ব্যাটারি ব্যাকআপ, ডিজেল জেনারেটর কিংবা পোর্টেবল জেনারেটরের মাধ্যমে টাওয়ার সচল রাখতে সংস্থাটি মোবাইল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।

    নিয়ন্ত্রণ কক্ষ চালু

    বন্যার মধ্যে টেলিযোগাযোগ সেবা সচল রাখতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বিটিআরসি।

    সংস্থাটি বলছে, এ পরিস্থিতিতে ১৫ জনের ইমার্জেন্সি রেসপন্স দল গঠন করা হয়েছে। যারা দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করবেন।

    বিটিআরসির ইমার্জেন্সি রেসপন্স দলের সঙ্গে যোগাযোগ করতে +৮৮০২২২২২১৭১৫২ নম্বরে ফোন করতে হবে। বিটিআরসির কল সেন্টার ১০০ ব্যবহার করেও ওই দলের সঙ্গে যোগাযোগ করা যাবে।

  • ঢাবিতে একদিনে ৮৬ লাখ টাকা গণত্রাণ সংগ্রহ

    ঢাবিতে একদিনে ৮৬ লাখ টাকা গণত্রাণ সংগ্রহ

    বন্যার্তদের জন্য গণত্রাণ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ঢাবির ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মোট ৮৬ লাখ টাকা ত্রাণ সংগ্রহ করা হয়েছে।

    ফেসবুকে এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, টিএসসি গণত্রাণ সংগ্রহ কর্মসূচি থেকে আজ রাত ৮টা পর্যন্ত ছিয়াশি লক্ষ বাইশ হাজার একশো বাহাত্তর টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। শেষ এক ঘন্টায় সংগ্রহ ১৫ লক্ষ টাকা।

    এর আগে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সহায়তায় ফান্ডের একমাত্র বিকাশ/নগদ/রকেট মার্চেন্ট নাম্বার: 01886969859+(7forRocket) Send money নয়, payment করতে হবে। 

    বৃহস্পতিবারও ঢাবির টিএসসিতে গণত্রাণ কর্মসূচি থেকে ২৯ লাখ টাকা ত্রাণ সরবরাহ করা হয়েছে।

  • ৭৫৭ পুলিশ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের দাবি

    ৭৫৭ পুলিশ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের দাবি

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফোন কলে কথা বলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা বরগুনার সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও তার ছেলের নামে মামলা হয়েছে।

    মঙ্গলবার (২০ আগস্ট) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিক।

    বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক বুধবার (২১ আগস্ট) নালিশি মামলায় আনা অভিযোগ তদন্ত করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

    মামলার বিবাদী হলেন- বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গির কবির ও তার ছেলে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আদনান অনিক।

    আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, নালিশি আবেদনে আসামি মো. জাহাঙ্গির কবির ও জুবায়ের আদনান অনিক তাদের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে ভিডিও কলে কথা বলার বার্তা পরস্পরের নিজ নিজ মোবাইল নম্বর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের প্রয়োজন। আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আছে কিনা সেই বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বরগুনা সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

    নালিশিতে বাদী অভিযোগ করেছেন, গত ১২ আগস্ট রাত ৮টা ১০ মিনিটে আসামি জাহাঙ্গির কবির বরগুনা পৌর এলাকার আমতলার পাড় সড়কের নিজ বাসভবনের ড্রয়িং রুমে বসে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেন।

    সেখানে জাহাঙ্গির কবির শেখ হাসিনাকে বলেন, ‘আপা আপনি ঘাবড়াবেন না, মনোবল হারাবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি। যা প্রয়োজন তা করবো। শেখ হাসিনা বলেন, আমি ঘাবড়াবো কেন। আমি ভয় পাইনি।

    আপনারা দেখছেন আমাদের কর্মীদের মেরেছে। বোরকা পড়ে মেরেছে। আরও অনেক কথাবার্তা বলেছেন। ফোনালাপের এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে প্রকাশ করে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। যা দেশ ও জন সাধারণের জন্য অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা বিরাজ করছে।

    বেঞ্চ সহকারী আরও জানান, মামলায় মোট ৩১ জনকে আসামি করা হয়েছে। কিন্তু বাকি ২৯ জনের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণাদি না দেওয়ায় আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেননি। তাদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

  • বন্যার মধ্যেই দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টির আভাস

    বন্যার মধ্যেই দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টির আভাস

    বন্যার মধ্যেই দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

    বন্যার মধ্যেই দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

    সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৭৫ মিলিমিটার। দ্বিতীয় সর্বোচ্চ ১৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে কুমিল্লাতে। 

    এছাড়া ফেনীতে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    আগামীকাল শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আগামী শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়। রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে।

  • সতর্কতা ছাড়া বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

    সতর্কতা ছাড়া বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

    কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

    তিনি বলেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে।

    কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

    তিনি বলেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে।

  • রাশেদ খান মেনন গ্রেপ্তার

    রাশেদ খান মেনন গ্রেপ্তার

    ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় মেননকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

    প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি দায়ের করা কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।

  • বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

    বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

    দেশের বর্তমান পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকাগুলোতে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালুসহ আটটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে উল্লেখ করা হয়, সম্প্রতি বন্যাকবলিত এলাকায় নিম্নলিখিত নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    নির্দেশনাগুলো হলো:
    ১) বন্যাকবলিত এলাকার সব সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পিনা কর্মকর্তা কার্যালয়ে সার্বক্ষণিক কন্ট্রোলরুম চালু রাখতে হবে।

    ২) প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদিসহ মেডিকেল টিম গঠন করে দুর্যোগ মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে।

    ৩) বন্যাকবলিত এলাকায় প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি ডায়রিয়া, সর্প দংশনসহ বন্যা সংক্রান্ত অন্যান্য রোগের চিকিৎসার জন্য যথোপযুক্ত প্রস্তুতি রাখতে হবে। প্রচুর পরিমাণে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, এন্টি ভেনম ইত্যাদি মজুত রাখতে হবে।

    ৪) বন্যাদুর্গত এলাকার হাসপাতালে যন্ত্রপাতিগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উচু স্থানে সংরক্ষণ করতে হবে।

    ৫) জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী মজুত এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রীসহ অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে।

    ৬) বন্যাদুর্গত জেলাগুলোর সব চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারী বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

    ৭) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য বন্যাদুর্গত এলাকার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুরোধ করা হলো।

    ৮) বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ গঠিত কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও যোগাযোগ রাখতে হবে।

    এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলেও জানানো হয়।

  • বন্যায় তলিয়ে গেছে ২ লাখ ৩০ হাজার হেক্টরের ফসল

    বন্যায় তলিয়ে গেছে ২ লাখ ৩০ হাজার হেক্টরের ফসল

    ফেনী, নোয়াখালীসহ দেশের ১২ জেলায় বন্যায় ২ লাখ ৩০ হাজার হেক্টরের ফসল তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) পর্যন্ত পাওয়া তথ্যে প্রাথমিকভাবে এ প্রতিবেদন দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

    সংস্থাটি বলছে, ১২ জেলায় এক লাখ ৩৮ হাজার ৬১৯ হেক্টরের আমন ধান, ৫৭০ হেক্টরের বোনা আমন ও ১২ হাজার ৯১০ হেক্টরের আমন বীজতলা প্লাবিত হয়েছে। এছাড়া ৬৮ হাজার ২০৯ হেক্টরের আউশ, ৯ হাজার ৫১৯ হেক্টরের শাকসবজি, ৩৮ হেক্টরের আখ এবং ১৯১ হেক্টরের পান প্লাবিত হয়েছে।

    এ প্রতিবেদন তৈরি করা হয়েছে গত ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত সময়ের বন্যার তথ্য দিয়ে।

    এতে জেলাভিত্তিক তথ্যে বলা হয়েছে, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আক্রান্ত ফসলি জমির পরিমাণ মুন্সিগঞ্জে ২৩০ দশমিক ৭ হেক্টর, সিলেটে ৩ হাজার ৩৮৯ হেক্টর, মৌলভীবাজারে ৪৩ হাজার ২৭১ হেক্টর, হবিগঞ্জে ৬ হাজার ৮৯৪ হেক্টর।

    এছাড়া চট্টগ্রামে ১২ হাজার ৮৯ হেক্টর, কক্সবাজারে ৪ হাজার ২৮৯ হেক্টর, নোয়াখালীতে ৩৬ হাজার ৭৪৫ হেক্টর, ফেনীতে ৩১ হাজার ৫৪৫ হেক্টর, লক্ষ্মীপুরে ৯ হাজার ৪৭৮ হেক্টর, কুমিল্লায় ৬৫ হাজার ১৩৫ হেক্টর, ব্রাহ্মণবাড়িয়ায় ৬ হাজার ৪১৪ হেক্টর এবং চাঁদপুরে ১০ হাজার ৯২২ হেক্টর।

  • বন্যায় চার জেলায় ৮ জনের মৃত্যু

    বন্যায় চার জেলায় ৮ জনের মৃত্যু

    টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এর মধ্যে চার জেলায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    চলমান বন্যায় কুমিল্লায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন বন্যার পানিতে তলিয়ে, একজন বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং একজন মাথায় গাছ পড়ে মারা গেছেন।

    মৃতরা হলেন- নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার কেরামত আলী (৪৫), কুমিল্লা শহরের ছোট এলাকার কিশোর রাফি (১৫), চৌদ্দগ্রাম উপজেলার সোনাকাটিয়া গ্রামের কানু মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৩৪) এবং লাকসামে পানিতে তলিয়ে মারা যাওয়া শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

    স্থানীয়দের বরাত দিয়ে নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, বুধবার রাতে মাছ ধরতে গিয়ে স্থানীয় একটি সেতুর নিচে তলিয়ে যান নাঙ্গলকোটের দাউদপুর এলাকার কেরামত আলী। প্রবল স্রোতে হারিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে একটু দূরে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এদিকে বুধবার (২১ আগস্ট) বিকেলে বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাফি (১৫) নামে কুমিল্লা নগরের এক কিশোর মারা যায়। কুমিল্লা জেনারেল হাসপাতালের চিকিৎসক যোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

    চৌদ্দগ্রামে বন্যার পানিতে মাছ ধরার সময় গাছ পড়ে শাহাদাত হোসেন (৩৪) নামের এক প্রবাসী মারা যান। বুধবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া (আদর্শ গ্রাম) পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে গত সোমবার বিকেলে সোহরাব হোসেন নামে এক আইনজীবী বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডায়াগনস্টিক সেন্টারে রেখে বের হলে বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি মারা যান। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    টানা কয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলে কক্সবাজারে দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৩ লাখ মানুষ পানিবন্দি। এসব এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়ক পানিতে ডুবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া পানিতে ভেসে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (২২ আগস্ট) তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- রামু উপজেলার সাচিং মারমা (২৬) ও আমজাদ হোছন (২২)।

    এদিকে ঈদগাঁও, চকরিয়া-পেকুয়া আর রামুতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট। নিরাপদ আশ্রয়ে ছুটছেন এসব উপজেলার শতাধিক গ্রামের মানুষ।

    রামু উপজেলার গর্জনিয়ার ক্যাজরবিল, ডেঙ্গারচর, পশ্চিম বোমাংখিল, জুমপাড়া, পাতালবরপাড়া, রাজঘাট, জাউচপাড়া, মরিচ্যাচার, জুমছড়ি, পূর্বজুমছড়ি, মইন্যাকাটা, পূর্ববোমাংখিল, বোমাংখিল ও মাঝিরকাটার একাংশের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন।

    রামুর বাসিন্দা রোমান বলেন, টানা বৃষ্টিতে রামুর বিভিন্ন নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া ঢলের পানির স্রোতে ভেসে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

    রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে রামুর বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া ঢলের পানির স্রোতে ভেসে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

    ঈঁদগাও উপজেলার ইসলামাবাদ, পোকখালী ও ইসলামপুর এলাকার মানুষও পানিবন্দি হয়ে পড়েছেন। ভেসে গেছে মাছের ঘের, গবাদিপশুর খামার।

    যুব রেড ক্রিসেন্টের টিম লিডার আজিজুল ইসলাম আরজু বলেন, পাহাড়ি ঢলের পানিতে অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তারা রান্না করতে পারছেন না। এই মুহূর্তে ত্রাণ তৎপরতা দরকার।

    কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেন, টানা বৃষ্টিতে কক্সবাজারের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানে উদ্ধার কার্যক্রম ও শুকনো খাবার দেওয়ার প্রস্তুতি চলছে।

    ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার পানিতে ডুবে একজন মারা গেছেন। তবে তার পরিচয় জানা যায়নি।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়টি বিষয়টি জানিয়েছে।

    আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজারের ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭  লাখ ৯৬ হাজার ২৪৮ জন।

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুর্বণা আক্তার বীরচন্দ্রপুর গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ আগস্ট) রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। বুধবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের পাশ বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে পুরো স্থলবন্দর এলাকা পানিতে প্লাবিত হয়। এত বন্ধ হয়ে যায় বন্দরের যাত্রী পারাপার ও আমদানি-রপ্তানির কাজ।

    পাহাড়ি ঢলের পানি গ্রামেও ঢুকে পড়েছে। পানি সুবর্ণাদের ঘরে ঢুকে পড়ে। সুবর্ণার ভাই তাদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য প্রথমে তার প্রথম সন্তানকে ঘর থেকে রাস্তায় রেখে আসতে যান। পরবর্তীতে সুবর্ণাকে নিয়ে যাওয়ার কথা ছিল তার। তবে সুবর্ণা তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতে গিয়ে হোঁচট খেয়ে পানিতে পড়ে ডুবে যান। পরে তার ভাই ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন জানান, সুবর্ণাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। স্বজনরা জানিয়েছেন তিনি পাহাড়ি ঢলের পানিতে পড়ে গিয়ে ডুবে যান। তবে হাসপাতালে আনার আগেই সুবর্ণার মৃত্যু হয়।