Blog

  • সব থানাকে কড়া নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    সব থানাকে কড়া নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা নিতে দেরি না করতে থানাগুলোকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    বুধবার বিকালে জনস্বার্থে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

    পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সব মহানগরের পুলিশ কমিশনার ও সব জেলার পুলিশ সুপারের (এসপি) কাছে পরিপত্রটি পাঠানো হয়েছে।

    জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে জারি হওয়া পরিপত্রে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

    পরিপত্রে বলা হয়, ‘প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জননিরাপত্তা বিভাগ অবহিত হয়েছে যে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো থানায় জিডি/এফআইআর/মামলা গ্রহণে অসম্মতি জ্ঞাপন/বিলম্ব করা হচ্ছে। এক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে; পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না।’

    এতে বলা হয়, বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

  • সরকার অনুমতি দিলে পিস টিভি বাংলা আবার চালু হবে: জাকির নায়েক

    সরকার অনুমতি দিলে পিস টিভি বাংলা আবার চালু হবে: জাকির নায়েক

    ভারতের খ্যাতনামা ইসলামি বক্তা ও পিস টিভি বাংলার মালিক জাকির নায়েক বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যেই পিস টিভি বাংলা আবার চালু হবে।

    সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। এক দর্শক জাকির নায়েককে প্রশ্ন করেন, নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কী চালু করতে পারবেন?

    জবাবে জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেওয়ায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছেন।

    তিনি বলেন, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে।

    ২০১৬ সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিজানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এ অভিযোগের পর থেকে বাংলাদেশে পিস টিভি বাংলার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

    হোলি আর্টিজানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের ওপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় এই ইসলাম প্রচারক ৭ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত আছেন। সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে।

  • বিএনপির শামা ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত

    বিএনপির শামা ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত

    বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে।

    বুধবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

    সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে।

  • বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

    বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

    গত কয়েকদিন ধরে ক্রীড়াঙ্গনে গুঞ্জন, বিসিবি সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হাসান পাপন। আর পাপনের স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক টাইগার অধিনায়ক ফারুক আহমেদ। আজ বুধবার পাপনের আনুষ্ঠানিক পদত্যাগের মধ্য দিয়ে, সেই গুঞ্জনই সত্যি হল।

    দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে ব্যাপক রদবদল হচ্ছে। এবার দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিবির শীর্ষ পদেও পরিবর্তন এল।

    সূত্র বলছে, বিসিবি পুনর্গঠনের জন্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কার্যালয় থেকে কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন ফারুক আহমেদ।

    বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে আলোচনায় ছিলেন দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। আলোচনায় ছিলেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের নামও। তবে শেষ পর্যন্ত ফারুক আহমেদের কাঁধেই উঠলো ক্রিকেট বোর্ডের শীর্ষ প্রধানের দায়িত্ব।

    উল্লেখ্য, এর আগে দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত, আর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত। দ্বিতীয় মেয়াদে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বোর্ডের সঙ্গে কলহের জের ধরে পদত্যাগ করেন তিনি।

  • পুলিশের ১২ ডিআইজি ও ১১ এসপিকে রদবদল

    পুলিশের ১২ ডিআইজি ও ১১ এসপিকে রদবদল

    বাংলাদেশ পুলিশের ১২ উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ পুলিশ সুপারকে (এসপি) রদবদল করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

  • সোবহান, আনভির ও মোজাম্মেল বাবুসহ ১৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    সোবহান, আনভির ও মোজাম্মেল বাবুসহ ১৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়া ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুসহ ১৮০ জনের নাম উল্লেখ করে রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করা হয়েছে। 

    আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বাড্ডা থানা। 

    বাড্ডা থানার এজহার থেকে জানা যায় গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) এ মামলাটি করেন মোছা. মাছুমা নামে একজন নারী। এজহারে তিনি উল্লেখ করেছেন গত ১৯ জুলাই বেলা ১২টার দিকে আমার ছেলে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হন। এ সময় প্রগতি স্বরণী রাস্তায় বৈষম্য ছাত্র জনতার কোটাবিরোধী মিছিল হচ্ছিল। সে সময় মিছিল উদ্দেশ্য করে গুলি ছুড়ে আসামিরা। পরে হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলে সেখানে মারা যান। 

  • বাংলাদেশ ব্যাংকে বড় রদবদল, ৮৫ কর্মকর্তাকে একযোগে বদলি

    বাংলাদেশ ব্যাংকে বড় রদবদল, ৮৫ কর্মকর্তাকে একযোগে বদলি

    ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের আর্থিকখাতকে ঠেলে সাজানোর জন্য কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ধারাবাহিকতায় বড় ধরনের রদবদল করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। গত তিন বছরের বেশি সময় একই বিভাগে দায়িত্বে থাকা ব্যাংকটির ২২ জন অতিরিক্ত পরিচালক (সাবেক উপমহাব্যবস্থাপক) পর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে দপ্তর পরিবর্তন করা হয়েছে আরও ৬৩ জন যুগ্ম পরিচালকের। সব মিলিয়ে ৮৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

    মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ আলাদা আলাদা দুটি অভ্যন্তরীণ চিঠিতে এসব কর্মকর্তাদের বিভিন্ন বিভাগ ও অফিসে বদলি করেছে
    কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকটিতে এতদিন বদলি নীতিমালা মানা হয়নি। বছরের পর বছর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা একই বিভাগে বহাল ছিলেন। একই সঙ্গে দুটি বিভাগেও দায়িত্ব পালন করছেন কেউ কেউ।

    তবে নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর তিন বছরের বেশি সময় ধরে যারা একই বিভাগে ছিলেন, তাদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছেন। পর্যায়ক্রমে বাকিদেরও বদলি করা হবে।

    জানা যায়, ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের ফিরোজ মাহমুদ ইসলামকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ বদলি করা হয়। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (ডিভিশন-২) রাশিদা খানমকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে (ডিভিশন-১), ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের (ডিভিশন-১) কাজী শৈবাল সিদ্দিকীকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (ডিভিশন-২), অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের (ডিভিশন-১) মোহাম্মদ আবদুল হাইকে ব্যাংকিং পরিদর্শন বিভাগ-২, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আনোয়ার হোসেনকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে (ডিভিশন-১) বদলি করা হয়।

    বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সৈয়দ কামরুল ইসলাম, জোবায়দা আফরোজ এবং মো. মাসুদ রানাকে যথাক্রমে ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, সাসটেইনেবল ফিন্যান্স ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে বদলি করা হয়।

    এছাড়া ব্যাংক পরিদর্শন বিভাগ-২-এর মোহাম্মদ আরফান আলীকে অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টে (ডিভিশন-১), কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১-এর মো. তারিকুল ইসলামকে ব্যাংক পরিদর্শন বিভাগ-৭, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির আমাতুর রাব ও তাহমিদা জামানকে যথাক্রমে ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট ও ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর হাসনে আরা বেগমকে সচিব বিভাগ, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের (ডিভিশন-১) শাহ জিয়া-উল-হককে ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্রাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে, সাসটেইনেবল ফিন্যান্স ডিপার্টমেন্টের রাবেয়া খন্দকারকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে (ডিভিশন-১)।

    সচিব বিভাগের মো. কামরুজ্জামান কল্লোলকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর শেখ আহমেদ জামীকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর আঞ্জুমান আরা বেগমকে কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১, ব্যাংক পরিদর্শন বিভাগ-৭-এর মোহাম্মদ উল্ল্যাহকে সদরঘাট অফিস, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের (ডিভিশন-১) সৈয়দ গোলাম শাহাজারুল ও ব্যাংক পরিদর্শন বিভাগ-৭-এর মো. রায়হানুল ইসলামকে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে বদলি করা হয়।

    এ ছাড়া মতিঝিল অফিসের রেজিয়া খাতুনকে ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে বদলি করা হয়।

    কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ২০০০ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১২তম সভায় বদলি নীতিমালা পর্যালোচনা ও অনুমোদিত হয়। সভায় আন্তঃবিভাগীয় বদলির ক্ষেত্রে পরিদর্শন বিভাগে পাঁচ বছর ও অন্যান্য বিভাগে তিন বছর বদলি রাখার নীতিমালা অনুমোদিত হয়।

  • নসরুল হামিদের ‘প্রিয় প্রাঙ্গণে’ শুধু নোটের বান্ডেল আর বিদেশি মুদ্রা

    নসরুল হামিদের ‘প্রিয় প্রাঙ্গণে’ শুধু নোটের বান্ডেল আর বিদেশি মুদ্রা

    রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ, জ্বালানিমন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার ভোর সাড়ে ৪টা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর ‘প্রিয় প্রাঙ্গণে’ এ যৌথ অভিযান চলে। অভিযানে নগদ অর্থসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। 

    অভিযানকালে ‘প্রিয় প্রাঙ্গণ’ বিল্ডিংয়ের লিফটের দোতলায় হামিদ গ্রুপের অফিসে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে বড় ভল্ট ও পাশের টেবিলের ড্রয়ার থেকে ৫০০ টাকার ৪টি বান্ডেল, যার প্রতিটিতে ১০০টি করে নোট (মোট দুই লাখ টাকা), ১০০০ টাকার নোট-৭৫টি (মোট ৭৫ হাজার টাকা), ২০০ টাকার নোট ১০০টি (মোট ২০ হাজার টাকা), ৫০০ টাকার মোট ২২টি (মোট ১১ হাজার), ১০০ টাকার নোট ২৭টি (মোট ২৭০০ টাকা)। সর্বমোট ৩ লাখ ৮ হাজার ৭০০ টাকা পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। একই রুমের বামদিকে আরেকটি ড্রয়ার হতে ৫০০ টাকার ১০০টি নোট, ৫০০ টাকার ৩০টি নোট, ১০০ টাকার ১০০টি নোট, ১০০ টাকার ৪৬টি নোট, ৫০০ টাকার ৪টি নোট, ১০০ টাকার ৪০টি নোটসহ সর্বমোট ৮৫ হাজার ৬০০ টাকা।  উক্ত ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমের ২টি ড্রয়ার থেকে সর্বমোট ৩ লাখ ৯৪ হাজার ৩০০/- টাকা জব্দ করা হয়। 

    ওই বিল্ডিংয়ের ছয় তালায় অবস্থিত হামিদ গ্রুপের অফিস থেকে ১০০০ টাকার বান্ডেল ২০টি, প্রতি বান্ডেলে ১০০টি করে নোট, ৫০০ টাকার নোট ১২০টি, ১০০ টাকার বান্ডেল ৩টা, ১০০ টাকার নোট ২০টি, ১০০০ টাকার নোট একটি। সর্বমোট ২০ হাজার ৯৩ হাজার টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ করা হলো। 

    অফিস থেকে ৫০ পাউন্ডের ৪টি নোট, যার একটি ছেড়া, তুর্কি মুদ্রা (লিরা) ২০০ লিরার নোট একটি, ১০০ লিরার মোট ২টি, ৫০ লিরার নোট একটি, ২০ লিরার নোট একটি ও ১০ লিরার নোট ৪টি। সর্বমোট ৫১০ লিরা জব্দ করা হয়। 

    অভিযানকালে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

  • ২৫ ডিসিকে প্রত্যাহার

    ২৫ ডিসিকে প্রত্যাহার

    দেশের ২৫ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

    রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয়।

    প্রত্যাহারের পাশাপাশি একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    তালিকায় ঢাকা, সিলেট, রংপুর, কক্সবাজার , চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাঁদপুর, খুলনা ও গোপালগঞ্জের ডিসি রয়েছেন।

  • নসরুল হামিদ ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব স্থগিত

    নসরুল হামিদ ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব স্থগিত

    সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তাদের স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে।

    মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

    হিসাব জব্দ করা ব্যক্তিদের নামে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

    লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।

    চিঠিতে নসরুল হামিদ, তার স্ত্রী সীমা হামিদ, ছেলে জারেফ হামিদ ও মেয়ে আলিফা হামিদ এবং পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী সন্তানদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

    বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।