Blog

  • বরিশাল রেঞ্জ ডিআইজি ও বিএমপি কমিশনারকে প্রত্যাহার

    বরিশাল রেঞ্জ ডিআইজি ও বিএমপি কমিশনারকে প্রত্যাহার

    বাংলাদেশ পুলিশের সব বিভাগের রেঞ্জ ডিআইজি ও মহানগরীর পুলিশ কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

    রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ এ প্রজ্ঞাপনে সই করেন।

    বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা ও খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হককে রাজশাহীর সারদায় পুলিশ অ্যাকাডেমিতে, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমানকে রেলওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমানকে নৌ-পুলিশে, বরিশাল রেঞ্জের ডিআইজিকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেনকে ট্যুরিস্ট পুলিশে সংযুক্ত করা হয়েছে।

    এদিকে চট্টগ্রাম মহানগরী পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সাইফুল ইসলামকে রাজশাহীর সারদায় পুলিশ অ্যাকাডেমিতে, রাজশাহী মহানগরী পুলিশ কমিশনার (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদারকে টিঅ্যান্ডআইএমে, সিলেট মহানগরী পুলিশ কমিশনার (ডিআইজি) মো. জাকির হোসেন খানকে পুলিশ ব্যুরো অব ইনিভেস্টিগেশনে (পিবিআই), গাজীপুর মহানগরী পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মাহবুব আলমকে রেলওয়ে পুলিশে এবং বরিশাল মহানগরী পুলিশ কমিশনার (ডিআইজি) জিহাদুল কবিরকে পুলিশ ব্যুরো অব ইনিভেস্টিগেশনে (পিবিআই) সংযুক্ত করা হয়েছে।

  • বাংলাদেশ এখন অনুপ্রেরণা, পাকিস্তানে বিক্রি হচ্ছে লাল-সবুজের পতাকা

    বাংলাদেশ এখন অনুপ্রেরণা, পাকিস্তানে বিক্রি হচ্ছে লাল-সবুজের পতাকা

    পাকিস্তানিদের কাছে বাংলাদেশ এখন এক অনুপ্রেরণার নাম। বাংলাদেশি ছাত্র-জনতা যেভাবে অসীম সাহসিকতার সঙ্গে অস্ত্রের সামনে দাঁড়িয়েছে, ক্ষমতাচ্যুত করেছে দোর্দণ্ড প্রতাপশালী সরকারকে; তা দেখেই অনুপ্রাণিত পাকিস্তানিরা। বিশেষ করে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা সরকারবিরোধী আন্দোলনে বারবার বাংলাদেশের উদাহরণ টেনে আনছেন। এ অবস্থায় বাংলাদেশি পতাকা বিক্রির রীতিমতো ধুম পড়েছে দক্ষিণ এশীয় দেশটিতে।

    গত ১৪ আগস্ট ছিল পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস। এই দিনটি বেশ ধুমধামে উদযাপন করেন পাকিস্তানিরা। স্বাভাবিকভাবেই, প্রতি বছর এ উৎসব ঘিরে পাকিস্তানের পতাকা বিক্রি বেড়ে যায়। কিন্তু এবারের ঘটনা যেন কিছুটা ভিন্ন। কারণ, দেশটিতে এ বছর পাকিস্তানের পাশাপাশি দেদারছে বিক্রি হয়েছে বাংলাদেশের পতাকাও।

    এ নিয়ে গত ১৪ আগস্ট একটি ভিডিও প্রকাশ করেন মুহাম্মদ রেহান নামে একজন পাকিস্তানি ইউটিউবার। তিনি মূলত বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এবং বাংলাদেশিদের বিষয়ে পাকিস্তানিদের মনোভাব নিয়েই ভিডিও তৈরি করেন। ১৪ আগস্টের ভিডিওতে পাকিস্তানের বেশ কয়েকজন পতাকা বিক্রেতার সাক্ষাৎকার নেন রেহান।

    ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের দোকানগুলোতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের পতাকাও বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের কাছে বাংলাদেশি পতাকার প্রচুর চাহিদা থাকায় তারা সেগুলো দোকানে রেখেছেন।

    একজন বিক্রেতা জানান, তিনি এ পর্যন্ত ১২-১৩শ বাংলাদেশি পতাকা বিক্রি করেছেন। আকারভেদে ৩৫০-৫০০ রুপিতে বিক্রি হচ্ছে পতাকাগুলো।

    আরেক বিক্রেতাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কেন দোকানে বাংলাদেশের পতাকা রেখেছেন? জবাবে তিনি বলেন, মানুষ পছন্দ করে, কিনতে আসে। এজন্যই বাংলাদেশের পতাকা রেখেছি।

    এসময় একজন ক্রেতার সঙ্গেও কথা বলেন রেহান, যিনি বাংলাদেশের পতাকা কিনতে এসেছিলেন। কারণ জানতে চাইলে সেই তরুণ জানান, বাংলাদেশে সম্প্রতি যে পরিবর্তন এসেছে, তিনি সেটি সমর্থন করেন। বাংলাদেশের এ ঘটনায় তিনি অনুপ্রাণিতবোধ করছেন। এ কারণে এবারের স্বাধীনতা দিবসে তিনি পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের পতাকাও উড়াবেন।

    ভিডিওতে দেখা যায়, আরেক বিক্রেতা বলছেন, তার কাছেও বাংলাদেশের পতাকা ছিল। কিন্তু সবগুলোই দ্রুত বিক্রি হয়েছে।

    পাকিস্তানিরা কেন বাংলাদেশি পতাকা কিনছেন জানতে চাইলে তিনিও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের কথা বলেন। বিক্রেতা বলেন, যারা ঐক্যবদ্ধ হতে জানে, তারা ঐক্যবদ্ধ হয়। বাংলাদেশের ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে। এ কারণেই তারা উন্নতির দিকে যাচ্ছে।

  • ফেনী-কুমিল্লায় ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি উন্নতির সম্ভাবনা নেই

    ফেনী-কুমিল্লায় ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি উন্নতির সম্ভাবনা নেই

    আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী ও চট্টগ্রাম জেলার মুহুরী এবং হালদা নদীর পানি সমতল বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে এ বন্যা আকস্মিক। গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতা ছিল। তবে ভারতের বাঁধ খুলে যাওয়ার ফলে নদীগুলোর পানি বিপৎসীমার উপর দিয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি কমে গেলে কিছুটা উন্নতি হতে পারে।

    তিনি বলেন, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় এ অঞ্চলের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ও গোমতী নদীর পানি সামগ্রিকভাবে স্থিতিশীল থাকতে পারে।

    এক বিজ্ঞপ্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলের কুমিল্লা জেলার গোমতী নদীর পানি সমতল বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে গোমতী নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

    আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ফলে এ সময় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীগুলোর পানি সমতলে কিছু পয়েন্টে কখনো কখনো বাড়তে পারে।

    আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানি সমতল বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

    টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে কুমিল্লার গোমতী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পানি বাড়তে শুরু করেছে নোয়াখালী অঞ্চলেও।

  • ৮ জেলা বন্যাকবলিত, আরও বিস্তৃত হতে পারে

    ৮ জেলা বন্যাকবলিত, আরও বিস্তৃত হতে পারে

    দেশের মধ্যে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে। বন্যা আরও নতুন নতুন অঞ্চলে বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

    বুধবার (২১ আগস্ট) বিকেলে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

    তিনি বলেন, দেশের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যাকবলিত হয়েছে।

    অতিরিক্ত সচিব বলেন, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণটায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানি সমতল কতিপয় পয়েন্টে সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।

    তিনি বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি এই মুহূর্তে বাড়ছে।

    কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী, হালদা নদীর পানি ৭টি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলেও জানিয়েছেন আলী রেজা।

  • চট্টগ্রামে অতিভারী বৃষ্টি, বন্যা-ভূমিধসের শঙ্কা

    চট্টগ্রামে অতিভারী বৃষ্টি, বন্যা-ভূমিধসের শঙ্কা

    চট্টগ্রামসহ আশপাশের জেলায় বৃহস্পতিবার (২১ আগস্ট) মধ্যরাত পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ভূমিধস ও বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং আবহাওয়া বিশেষজ্ঞরা।

    কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ‘ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, কুমিল্লা ও ফেনী জেলায় ২০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

    ‘আজ সারারাত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। ফলে সাঙ্গু নদীতে ভয়াবহ পাহাড়ি ঢল নামার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ভারী বৃষ্টিতে আগামী শুক্রবার পর্যন্ত উত্তর চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ভূমিধসের প্রবল ঝুঁকি রয়েছে।’

    এদিকে সরকারের বন্যা পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্যানুসারে, আগামী ২৪ ঘণ্টায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার বন্যা পরিস্থিতির চরম অবনতির রয়েছে। বাড়তে পারে ফেনী, হালদা, কর্নফুলী ও সাঙ্গু নদীর পানি।

    পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী সব নদ-নদীর পানি বন্যা বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে (আজ সকাল ৯ টার সময় পাওয়া তথ্য অনুসারে)। যেহেতু আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে ও আজ সারারাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের সব নদ-নদীর পানি বন্যা বিপৎসীমার উপর দিয়ে অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

    এদিকে স্থানীয়ভাবে পাওয়া খবরে জানা যায়, অতিবৃষ্টিতে এরই মধ্যে উত্তর চট্টগ্রামের হালদা, কর্ণফুলীর চেঙ্গী ও বান্দরবানের সাঙ্গু অববাহিকায় পানি বৃষ্টি পেয়ে বিপৎসীমার কাছাকাছি রয়েছে।

    পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া বলেন, ‘দেশব্যাপী চলমান এ ভারী বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। শুক্রবার থেকে বৃষ্টি কামার সম্ভাবনা রয়েছে।’

  • বিপৎসীমার ওপরে দক্ষিণের সব নদীর পানি

    বিপৎসীমার ওপরে দক্ষিণের সব নদীর পানি

    বৈরী আবহাওয়া ও ভারত থেকে আসা ঢলে দক্ষিণাঞ্চলের ১২টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে আরও দুটি নদীর পানি।

    বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম।

    তাজুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ বেশকটি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। এরমধ্যে সবশেষ বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণাঞ্চলের ১২টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভাগের নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেলেও ভাটায় তা আবার নেমে যাবে।

    পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার, ঝালকাঠির বিষখালী নদীর পানি ১৪ সেন্টিমিটার, বরগুনার বেতাগী উপজেলা পয়েন্টে বিষখালী নদীর পানি ২০ সেন্টিমিটার, ভোলার দৌলতখান উপজেলার সুরমা-মেঘনা নদীর পানি ৭৪ সেন্টিমিটার, তজুমদ্দিন উপজেলার সুরমা-মেঘনার পানি ৯২ সেন্টিমিটার, ভোলার খেয়াঘাট তেঁতুলিয়া নদীর পানি ৯ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীর পানি ১২ সেন্টিমিটার, বরগুনার আমতলী উপজেলা পয়েন্টে পায়রা নদীর পানি ৩ সেন্টিমিটার, বরগুনা সদর উপজেলার বিষখালী নদীর পানি ১৪ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর পানি ২০ সেন্টিমিটার, উমেদপুর পয়েন্টে কচা নদীর পানি ১৭ সেন্টিমিটার ও পিরোজপুরের বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, পূর্ণিমা ও উজানের পানির চাপে ১২টি নদীর পানি বেড়েছে। তবে দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত বন্যার কোনো প্রভাব নেই।

  • শেখ হাসিনার বিরুদ্ধে একদিনে ঢাকায় আরও পাঁচ হত্যা মামলা

    শেখ হাসিনার বিরুদ্ধে একদিনে ঢাকায় আরও পাঁচ হত্যা মামলা

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছয়জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচটি হত্যা মামলা হয়েছে। বুধবার (২১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চারটি মামলা হয়। আদালত চারটি মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। অন্য মামলা হয়েছে রাজধানীর বাড্ডা থানায়। 

    এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। এছাড়াও রয়েছেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান, সাবেক সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ তিন শতাধিক ব্যক্তি। 

  • যান চলাচল বন্ধ, সাজেকে আটকা দুই শতাধিক পর্যটক

    যান চলাচল বন্ধ, সাজেকে আটকা দুই শতাধিক পর্যটক

    প্রায় সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি এলাকার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সড়কের বিভিন্ন অংশ ডুবে যাওয়ায় বাঘাইছড়ি-সাজেক-দীঘিনালা-খাগড়াছড়ি সড়কসহ অভ্যন্তরীণ যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে পর্যটন এলাকা সাজেক ঘুরতে যাওয়া অন্তত দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে।

    বন্যাকবলিত হয়ে পড়েছে নিচু এলাকার বহু পরিবারের বাড়িঘর ও ফসলি জমি। পানিবন্দি হয়ে ভোগান্তিতে পড়েছেন বহু লোকজন।

    বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

    জানা যায়, অতি বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলা সদর, মাস্টারপাড়া, বটতলী, রূপকারি, বারবিন্দু ঘাট, এফব্লক, পুরাতন মারিশ্যা, পশ্চিম মুসলিম ব্লক, কলেজপাড়া, মাদ্রাসাপাড়া, হাজীপাড়া, বাবুপাড়া, লাল্যাঘোনাসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বিস্তীর্ণ ফসলি, স্থাপনা ও বহু পরিবারের বাড়িঘরে পানি ওঠে ডুবে গেছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ডুবে গেছে উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের একাধিক স্থানের নিচু অংশ। মঙ্গলবার বিকাল থেকে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে দুই শতাধিক পর্যটক আটকে পড়েছেন।

    এছাড়া পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিম্নাঞ্চল। এতে বিভিন্ন এলাকার সড়ক ডুবে দীঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক, বাঘাইছড়ি এবং লংগদুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

    মঙ্গলবার ১৭টি জিপ, অটোরিকশা ও মোটরসাইকেলযোগে দুই শতাধিক পর্যটক সাজেক পর্যটন কেন্দ্রে ঘুরতে যান। এদিন দুপুরে ভারি বৃষ্টি হলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইহাট-সাজেক সড়কের বাঘাইহাটবাজার ও মাচালংবাজার এলাকায় সড়ক ফুট পানির নিচে তলিয়ে যায়। ফলে সাজেক ঘুরতে পর্যটকরা আটকা পড়েন এবং বুধবার কোনো পর্যটক সাজেকে যেতে পারেননি বলে জানান স্থানীয়রা।

    সাজেক পর্যটন কেন্দ্রের হিলভিউ কটেজের মালিক ইন্দ্রজিৎ চাকমা বলেন, সাজেক-বাঘাইহাট সড়কে পানি ওঠায় সাজেকে বেড়াতে যাওয়া দুই শতাধিক পর্যটক খাগড়াছড়িতে ফিরতে পারেননি। সড়ক থেকে পানি না সরলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে না।

    বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, সাজেকে আটকে পড়া পর্যটকদের খবর নেওয়া হচ্ছে। সড়ক থেকে পানি কমে গেলে তাদের ফিরে যেতে সহায়তা করা হবে। সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং ও বাঘাইহাটবাজার এলাকায় সড়ক ডুবে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেক ঘুরতে যাওয়া প্রায় আড়াইশ পর্যটক আটকে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। দুর্গত লোকজনের জন্য উপজেলায় ৫৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্গত লোকজনদের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সাংবাদিক শাকিল ও ফারজানা রুপাকে গ্রেফতার দেখাল পুলিশ

    সাংবাদিক শাকিল ও ফারজানা রুপাকে গ্রেফতার দেখাল পুলিশ

    ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার বিকালে উত্তরা পূর্ব থানার মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের। এর আগে বুধবার তারা বিদেশে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে ডিবিতে হস্তান্তর করে।

    জানা যায়, একাত্তর টিভির প্রধানবার্তা সম্পাদক শাকিল, তার স্ত্রী উক্ত চ্যানেলের প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা রুপা এবং তাদের মেয়েকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। পরবর্তীতে তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয়।

    তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে (TK-713) ইস্তানবুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্য বিমানবন্দরে যান। সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

    গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট ২০২৪ থেকে শাকিল আহমেদ- হেড অব নিউজ, ফারজানা রুপা- প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

  • ‘প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার’

    ‘প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার’

    তিস্তাসহ ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে, সেগুলোতে নিজেদের অধিকারের বিষয়ে দেশটির সরকারের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    তিনি বলেন, তিস্তাপারের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে।

    বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন, তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাব। ভারতের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক বজায় রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তীকালীন সরকার।

    নদী রক্ষায় হাজার কোটি না হলেও ছোট ছোট প্রকল্প নেওয়া হবে বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

    এর আগে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশের নদী রক্ষায় বিশ্বব্যাংক আর্থিক ও কারিগরি সহায়তা দেবে বলেও জানান তিনি।

    এরই মধ্যে পরিবেশ অধিদফতরকে দেশের সবচেয়ে দূষিত নদীর তালিকা এবং দূষণকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা দিতে বলা হয়েছে বলেও জানান উপদেষ্টা।

    তিনি আরও বলেন, পলিথিন বন্ধে আগামী সেপ্টেম্বর মাস থেকে অভিযান শুরু হবে।