Blog

  • বরিশালে বিএনপির সচেতনতা কর্মসূচি

    বরিশালে বিএনপির সচেতনতা কর্মসূচি

    বরিশাল নগরীর বিভিন্ন বাজারে চাঁদাবাজ প্রতিরোধে সচেতন করতে সাইনবোর্ড টানিয়েছে মহানগর বিএনপি। সোমবার বিকেলে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার সাইনবোর্ড টানান। 

    জিয়াউদ্দিন সিকদার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাসহ বিভিন্ন সাংবাদিকরা ফোন করে জানতে চায় বরিশাল নগরের বিভিন্ন বাজার থেকে বিএনপির নেতাকর্মীদের চাঁদা নেয়ার অভিযোগ করে। কিন্তু কাজে বিএনপি কিংবা অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীরা জড়িত নয়। কিছু সুযোগ সন্ধানীরা এসব কাজ করে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর উপর দায় চাপিয়ে দেয়। এসব চাঁদাবাজি বন্ধে বিকেলে নগরের নথুল্লাবাদ এলাকার দুইটি বাজারে সচেতনমুলক সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য বাজারে টানিয়ে দেয়া হবে। 

    সাইনবোর্ডে লেখা হয়েছে বিএনপি বা সংশ্লিষ্ট যে কোন সংগঠনের নামে চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অর্পন করুন। জিয়াউদ্দিন সিকদার তার নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে লিখেছেন অবহিত করলে চাঁদাবাজকে দল থেকে বহিস্কার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-প্রক্টরের পদত্যাগ, শিক্ষার্থীদের আনন্দ মিছিল

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-প্রক্টরের পদত্যাগ, শিক্ষার্থীদের আনন্দ মিছিল

    আন্দোলনের মুখে পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বদরুজ্জামান ভুঁইয়া। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তিনি এই পদত্যাগপত্র পাঠান। ববি রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এ তথ্যের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। এদিকে উপাচার্যের পদত্যাগে ক্যাম্পাসে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে বদরুজ্জামান ভুঁইয়া ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্বেচ্ছায় পদত্যাগের কথা উল্লেখ করেছেন।

    এদিকে উপাচার্যের পদত্যাগে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁরা সকাল থেকে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছিলেন। শিক্ষার্থী সিহাব, মেহেদী বলেন, অবশেষে স্বৈরাচারের দোসর ভিসি পদত্যাগ করায় ববি স্বাধীন হলো।

    উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। এ ছাড়া প্রক্টর ড. আব্দুল কাইউম বরিশাল সিটি নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন।

    জানা গেছে, ছাত্র আন্দোলনের কারণে গতকাল সোমবার দুপুর থেকে ড. বদরুজ্জামান ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে যান। তিনি এর মধ্যে সোমবার সন্ধ্যায় ১০ মিনিট সিন্ডিকেট সভা এবং আজ মঙ্গলবার শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। দুটিই ছিল ভার্চুয়ালি সভা।

  • বিভিন্ন গণমাধ্যমে হামলা-ভাংচুরের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

    বিভিন্ন গণমাধ্যমে হামলা-ভাংচুরের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

    ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সেসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা-ভাংচুরের প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বরিশাল সাংবাদিক সমাজের আয়োজনে মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৪ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বরিশালে কর্মরত সাংবাদিকবৃন্দসহ ছাত্র সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে একাত্মা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক সুজয় বিশ্বাস শুভ, ভূমিকা সরকারসহ ছাত্র সমাজ।

    এসময় তারা বলেন, আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে স্বৈরশাসকদের একটি পক্ষ গণমাধ্যমের বন্ধুদের ওপর হামলা চালিয়েছে, সংবাদ প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এরপর একটি আন্দোলনের মধ্য দিয়ে আজ যখন দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, তখন আবার একটি পক্ষ গণমাধ্যমের বন্ধুদের ওপর হামলা চালাচ্ছে। শুধু গণমাধ্যমের বন্ধুদের নয়, এবার তারা গণমাধ্যমের প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালাচ্ছে। কিন্তু গণমাধ্যমের বন্ধুদের আশ্বস্ত করতে চাই, স্বাধীন এই দেশে আমরা ছাত্র-জনতা মিলে এই দুর্বৃত্তদের প্রতিহত করবো, চুপ করে থাকবো না। সেইসাথে যারা গণমাধ্যমের সাথে আছেন তারা আর সত্য প্রকাশে পিছ পা হবে না, এজন্য আপনাদের পাশে আমরা থাকবো। প্রয়োজনে আপনাদের রক্ষায় বুক পেতে দিব।

    তারা বলেন, বিগত দিনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইনের মতো কীভাবে কালো আইন করে সাংবাদিকদের কুণ্ঠ রোধ করে রাখার অপপ্রয়াস চালানো হয়েছে। আমরা অবিলম্বে এ আইন বাতিলের যেমন দাবি জানাচ্ছি, তেমনি গণমাধ্যম ও গণমাধ্যমের কর্মীদের ওপর প্রতিটি হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    মানববন্ধনে সাংবাদিক সাইফুর রহমান মিরন ও মুশফিক সৌরভের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হুমায়ুন কবির, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, ৭১ টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার, কালেরকণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কাওসার হোসেন রানা, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজ, সিনিয়র সাংবাদিক সাঈদ মেমন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা, মাইটিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল, কবি ও সাংবাদিক সৈয়দ মেহেদি হাসান, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি খান মনিরুজ্জামান, তরুণ সাংবাদিক ফোরাম বরিশালের সাবেক সভাপতি মজিবর রহমান নাহিদ প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সেসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা-ভাংচুরসহ গণমাধ্যম কর্মীদের ওপর হামলার যে ঘটনা ঘটেছে। তার কোনটিতেই আমরা শিক্ষার্থী ভাইদের উপস্থিতি দেখতে পাইনি। যারা এ হামলা করছে তারা সমাজের দুর্বৃত্ত। শিক্ষার্থীদের আন্দোলনের সুফলকে বাধাগ্রস্ত করতে এ হামলা কিনা সেটি খতিয়ে দেখার এখন সময় এসেছে। সেইসাথে এ সকল হামলার দৃষ্টান্তমূলক শাস্তিও প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ধৃষ্টতা আর কেউ দেখাতে না পারে।

    বক্তারা বলেন, দুর্বৃত্তদের মনে রাখা উচিত বিগত দিনে সাগর-রুনি হত্যা থেকে গণমাধ্যমের কোন হামলার ঘটনাই আমরা ভুলিনি। আর এ হামলাও ভুলবো না, মৃত্যুর আগ পর্যন্ত হামলার বিচার চেয়ে যাবো। হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না।

    বক্তারা বলেন, আন্দোলন শেষে দেশ যখন গোছানোর কাজ চলছে, তখন ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার এ ঘটনা গণমাধ্যমের জন্য অশনিসংকেত। কারণ যখন স্বাধীন সাংবাদিকতার কথা বলা হচ্ছে তখন এ হামলার মাধ্যমে কি বোঝানো হচ্ছে তা এখন জাতির কাছে স্পষ্ট। আমরা চাই এই হামলাকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেয়া হোকে। যাতে ভবিষ্যতে আর কেউ গণমাধ্যম এবং কর্মীদের ওপর হামলা করার আগে চিন্তা করে।

    মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মেহেদী হাসান শুভ, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বরিশালের সহ-সভাপতি জুয়েল হোসেন রানা, সাধারণ সম্পাদক রাতুল আহম্মেদসহ বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    উপস্থিত ছিলেন, সিনিয়র চিত্র সাংবাদিক জুয়েল সরকার, সাংবাদিক বরিশাল রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রাসেল হোসেন, তন্ময় তপু, আল আমিন জুয়েল, ইফতেখার মাহমুদ শাকিল, তন্ময় নাথ, সৈয়দ বাবু, জিয়াউল করিম মিনার, জুবায়ের হোসেন, আল আমিন, তানজিমুল ইসলাম রিসাদ, চিত্র সাংবাদিক জুয়েল রানা, সুমন হাসান, এন আমিন রাসেল, সাইফুল ইসলাম, আল আমিন সাগর, সাজ্জাদ হোসেন হৃদয়, মনির হোসেন, মো.শাইক শুভ, সাকিউজ্জামান মিলন, অপূর্ব বাড়ৈ, সাব্বির আহম্মেদ রুম্মান, লিটন আকন প্রমুখ।

  • এইচএসসির বাকি পরীক্ষা বাতিল

    এইচএসসির বাকি পরীক্ষা বাতিল

    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

    মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য এ বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি করেনি মন্ত্রণালয়।

    এদিন পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, চলতি বছরের এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। পুনরায় পরীক্ষা শুরুর তারিখ ১১ সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পেছাবে।

    তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

    এর আগে, পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এসময় তারা ‘আমাদের দাবি একটাই-পরীক্ষা বাতিল চাই’, ‘দাবি মোদের একটাই-পরীক্ষা বাতিল চাই’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’, ‘পরীক্ষা না বিকল্প, বিকল্প-বিকল্প’, ‘যুক্তি দিয়ে আন্দোলন-বন্ধ করা যাবে না’, ‘চলছে লড়াই-চলবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

    সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন পরীক্ষার্থীরা। দাবি আদায়ে দুপুরের দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন।

    পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান এবং আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেন। সে সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

  • সিকিমে ভয়াবহ ভূমিধসে গুঁড়িয়ে গেল তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র

    সিকিমে ভয়াবহ ভূমিধসে গুঁড়িয়ে গেল তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র

    ভারতের সিকিমে ভয়াবহ ভূমিধসে ধসে পড়েছে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র। মঙ্গলবার (২০ আগস্ট) সকালের দিকে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি) তিস্তা স্টেজ ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে।

    প্রাথমিকভাবে জানা গেছে, ভারী বৃষ্টির কারণে এই ভূমিধস ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও বাঁধের পার্শ্ববর্তী বেশকিছু বাড়িঘর ভূমিধসে ধ্বংস হয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন সূত্রে জানা গেছে, ৫১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। ছোট ছোট ভূমিধসের কারণে গত কয়েকদিন ধরেই পাহাড়টি ধসে পড়ার ঝুঁকিতে ছিল।

    মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। আগে থেকেই বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেওয়ায় ভূমিধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    ভূমিবিজ্ঞানীরা বলছেন, সিকিমের এই অঞ্চলে ভূমিক্ষয়ের সমস্যা বেড়ে যাওয়ার কারণে এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

    উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ ফেটে যায়। এরপর থেকেই তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল।

  • আলোচিত মেয়র সূচনাকে অপসারণ

    আলোচিত মেয়র সূচনাকে অপসারণ

    কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) আলোচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনাকে দায়িত্ব ও পদ থেকে অপসারণ করা হয়েছে।

    সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। ওই আদেশে দেশের মোট ১২টি সিটি করপোরেশন মেয়রকে অপসারণের বিষয় উল্লেখ করা হয়েছে।

    এর আগে গত ৪ আগস্ট কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুরের শাহিন মিয়ার ছেলে মাসুম মিয়াকে আওয়ামী লীগের লোকজন কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাহসীন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উল্লেখ করে এবং ৪০০ জনকে অজ্ঞাতপরিচয় করে একটি হত্যা মামলা করা হয়।

    জানা যায়, এ বছরের ১০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে তাহসীন বাহার সূচনা। গেজেট প্রকাশের পর ৮ এপ্রিল তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিন মাসের বেশি সময় সূচনা দায়িত্বে ছিলেন। তার দায়িত্বকালীন সময়ে বিএনপি ও জামায়াত সমর্থিত ১১ কাউন্সিলরকে সিটি করপোরেশনের বরাদ্দ দেওয়া থেকে বঞ্চিত করা হতো বলে অভিযোগ রয়েছে।

    গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর কুমিল্লা থেকে আত্মগোপনে চলে যান তাহসীন বাহার সূচনা।

  • পানিতে ডুবে ৪ ভাইবোনের মৃত্যু

    পানিতে ডুবে ৪ ভাইবোনের মৃত্যু

    কুড়িগ্রামের রাজিবপুর ও নেত্রকোনার পূর্বধলায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।  তারা সম্পর্কে ভাইবোন সোমবার এ ঘটনা ঘটে।

    রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের দুলাল মোড় নামক এলাকার আব্দুল আলীম ছেলে দেলোয়ার হোসেন (২) ও নুরুন্নবীর ছেলে কামরুল হাসানের (২) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। 

    তারা সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে রাস্তায় খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে যায়।  ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম বলেন, আমাদের এলাকার একই পরিবারের দুই চাচাতো ভাই খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে। 

    এদিকে পূর্বধলায় পানিতে ডুবে আরমান (৩) ও নুসাইবা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার খলিশাপুর ইউনিয়নের ইচুলিয়ার খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    আরমান ওই গ্রামের মো. সবুজ মিয়ার ও নুসাইবা নুর উদ্দিনের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। পরিবার সূত্রে জানা গেছে, আরমান ও নুসাইবা খেলতে বের হয়েছিল। এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও শিশু দুটি কোথাও দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাদের খুঁজতে থাকেন। একপর্যায়ে তারা বাড়ি থেকে একটু দূরে শিশু দুটির মৃতদেহ পুকুরে ভাসতে দেখে। পরিবারের লোকজন ধারণা করছেন খেলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় তারা।

  • সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনার বিরুদ্ধে গুলি চালানোর মামলা

    সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনার বিরুদ্ধে গুলি চালানোর মামলা

    কুমিল্লার প্রভাবশালী সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি মেয়রের পদ থেকে অপসারিত তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে এবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

    সোমবার রাতে নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া মামলাটি করেন। এ তথ্য জানিয়েছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন।

    মামলায় বাহার ও সূচনাসহ এজাহারনামীয় ২২৫ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থক।

    এর আগে রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মাছুম মিয়াকে (২২) কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যার ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বাহার ও সূচনাসহ ৬২ জনকে আসামি করে একটি মামলা হয়েছিল।

    সোমবার রাতে হওয়া মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকালে কুমিল্লায় নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকা থেকে মামলার বাদীসহ অর্ধশতাধিক ছাত্র জনতা মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় আসছিল।

    এ সময় মামলার প্রধান আসামি বাহার ও তার মেয়ে সূচনার নির্দেশে বিভিন্ন অস্ত্র নিয়ে মামলার অন্য আসামিরা হামলা চালায়। এ সময় গুলি চালিয়ে, পিটিয়ে ও কুপিয়ে অনেককে আহত করা হয়।

    মামলায় আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- কুমিল্লা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মেদ নিয়াজ পাভেল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সিটি কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদী, সরকার মাহমুদ জাবেদ, আবদুস ছাত্তার, সৈয়দ রায়হান আহাম্মদ, আবুল হাসান, কাউছারা বেগম সুমী, সাবেক কাউন্সিলর শাহ আলম খান, ইউপি চেয়ারম্যান হাসান রাফি রাজু, মোজাম্মেল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ।

    ওসি ফিরোজ হোসেন বলেন, সরকার পতনের পর মামলার আসামিদের প্রায় সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন৷ তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • আরও ২২ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি

    আরও ২২ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি

    উপসচিব থেকে যুগ্মসচিব পদে আরও ২২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. আলমগীর কবিরের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত রোববার (১৮ আগস্ট) ২০১ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

    পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্মসচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।

    প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা তাদের যোগদানপত্র ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাতে পারবেন।

    পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অনেকেই গত আওয়ামী লীগের সরকারের আমলে বঞ্চিত হয়েছেন।

    প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোন কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

    যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।

    পরবর্তী সময়ে কোন কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    পদোন্নতি পেলেন যারা:

  • ববি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চেয়ে বিক্ষোভ

    ববি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চেয়ে বিক্ষোভ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চেয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৯ আগস্ট) দুপুর ১টায় প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে এ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

    এ সময় শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের পদত্যাগ করার আল্টিমেটাম দেন।

    শিক্ষার্থীরা বলেন, বর্তমান উপাচার্য ও প্রক্টর ছাত্র আন্দোলন চলাকালীন নানাভাবে শিক্ষার্থীদের হয়রানি করেছে। এমনকি তাদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের নানা অভিযোগ থাকলেও সবসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের তাঁবেদারি করার কারণে কোনো প্রশ্নের সম্মুখীন হননি। এই ভিসি ও প্রক্টর যতদিন শিক্ষার্থীদের ঘাড়ে চেপে থাকবেন, ততদিন সত্যিকারের স্বাধীনতার স্বাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবেন না।

    শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো চলতো বরিশাল সিটি করপোরেশন সাবেক দুই মেয়রের কথায়, আবার কখনো চলতো সদরের সংসদ সদস্যদের কথায়। বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরসহ অনেক শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের চাইতে আওয়ামী লীগের নেতাদের বাসায় বেশি দেখা যেতো। এসব বিষয় কখনোই সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নেননি।

    সমাবেশ থেকে তাদের দুজনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা; অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব স্তরে আওয়ামী লীগের শাসনামলে নিযুক্ত ব্যক্তিদের গণপদত্যাগের সম্মুখীন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক। তিনি ট্রেজারার হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালে যোগদান করেন।  এরপর তৎকালীন উপাচার্যের মেয়াদকাল শেষে হলে ২০২৩ সালের নভেম্বর মাস থেকে উপাচার্যের দায়িত্ব পালন করেন ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। পরে আলোচনায় থাকা সিনিয়র অধ্যাপকদের পেছনে ফেলে রাজনৈতিক বিবেচনায় ২০২৪ সালে সরাসরি উপাচার্য পদে নিয়োগ পান তিনি।  

    সম্প্রতি ছাত্র আন্দোলনে সরকার পতনের আগে একাধিক সভা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করার জন্য পুলিশের পাশাপাশি শিক্ষকদের ব্যবহার করার অভিযোগ রয়েছে উপাচার্যের বিরুদ্ধে। পাশাপাশি যে শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে অবস্থান নেন তাদের ওপরও চাপ সৃষ্টি করেন। তবে সম্প্রতি প্রকাশ্যে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে আবারও আলোচনায় আসেন তিনি।

    সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, মার্কেটিং বিভাগের মো. সিহাব, ইংরেজি বিভাগের মিজানুর রহমান মিজান, ইতিহাস বিভাগের মোশারফ হোসেন, বাংলা বিভাগের মো. আশিক আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।