Blog

  • আন্দোলনে শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত

    আন্দোলনে শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে হাইকোর্ট এলাকায় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেছিলেন ডিএমপির পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেন। দৃশ্যটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
    এবার বরখাস্ত করা হয়েছে সেই পুলিশ কর্মকর্তাকে। 

    রোববার (১৯ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

    এতে বলা হয়েছে, সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তার এরূপ অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম সমন্ধে জনসম্মুখে বিরূপ ধারণার সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় পরিদর্শক (অপারেশন) হিসেবে কর্মরত।

    জানা যায়, আরশাদ হোসেন একজন সাবেক ছাত্রলীগ নেতা। দলীয় কোটায় আওয়ামী লীগ নেতার আত্মীয় পরিচয় চাকরি পেয়েছিলেন। চাকরি পাওয়ার পর তিনি বেপরোয়া হয়ে ওঠেন। শাহবাগ এলাকায় তাকে দায়িত্ব দেওয়ার পর তিনি বেছে বেছে জামায়াত-শিবির এবং বিএনপির কর্মীদের ধরে মিথ্যা মামলা দিতেন। এছাড়া আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমন নিপীড়ন ও তাদেরকে গ্রেফতারে নানা ভূমিকা রাখেন এই আরশাদ।

    আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির বলেও আখ্যায়িত করেছিলেন। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের শিবির বলে আখ্যা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে।

  • সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ

    সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ

    বেসরকারি টেলিভিশন চ্যালেন সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    গত ১০ আগস্ট সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেয়া হয়। সেই দায়িত্ব দেওয়া হয় কোম্পানির পরিচালক শম্পা রহমানকে। 

    ২০০৯ সালে লাইসেন্সের জন্য আবেদন করা সময় টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচার শেষে ২০১১ সালের ১৭ এপ্রিল বাণিজ্যিক সম্প্রচারে আসে।

    লাইসেন্স নেওয়ার সময় তৎকালীন মন্ত্রী কামরুল ইসলামের ভাগ্নে আহমেদ জোবায়েরের নামে ৯৩ শতাংশ শেয়ার ছিল। ব্যবসায়িক ও পারিবারিক সূত্রের তথ্য, এর মধ্যে ৯০ শতাংশ শেয়ার কামরুল ইসলামের হলেও কাগজে কলমে তা ছিল আহমেদ জোবায়েরের নামে।

    অন্য অংশীদারদের মধ্যে কামরুল ইসলামের ভাই মোরশেদুল ইসলামের ৩ শতাংশ এবং নিয়াজ মোরশেদ ও তুষার আবদুল্লাহর ২ শতাংশ করে শেয়ার ছিল।

    এরপর দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী সিটি গ্রুপ সময় টেলিভিশনে ৬৫ কোটি টাকা বিনিয়োগ করে। তাদের কাছে ৭৫ শতাংশ শেয়ার ছেড়ে দেওয়া হয়। তবে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ জোবায়েরের মাধ্যমে মন্ত্রী কামরুলের পরিবারের কাছে থেকে যায়। 

  • ৪৯৫ উপজেলায় প্রশাসক নিয়োগ

    ৪৯৫ উপজেলায় প্রশাসক নিয়োগ

    সারা দেশের ৪৯৫ উপজেলায় প্রশাসক নিয়োগ নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় স্থানীয় সরকার বিভাগ।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট উপজেলার নিবার্হী কর্মকর্তাগণ অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

    পৃথক প্রজ্ঞাপনে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়।

    প্রশাসক নিয়োগের পুরো তালিকা

  • ৩২৩ পৌর মেয়র, ৪৯৩ উপজেলা ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ

    ৩২৩ পৌর মেয়র, ৪৯৩ উপজেলা ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ

    সারা দেশের ৩২৩ পৌরসভার মেয়র, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে সরকার। রোববার এ ব্যাপারে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

    এছাড়া আলাদা আলাদা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) এবং জেলা পরিষদে জেলা প্রশাসকগণ (ডিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

    উল্লেখ্য যে, ৪৯৫ উপজেলা ও ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করেছে। গত ১৬ আগস্টের সরকারি তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। গত ১৭ আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ স্বাক্ষর করেন রাষ্ট্রপতি।

    স্থানীয় সরকার বিভাগের সংশোধিত অধ্যাদেশগুলোর বিধান অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একইসঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।

  • শেখ হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, কূটনীতিকদের ড. ইউনূস

    শেখ হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, কূটনীতিকদের ড. ইউনূস

    শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি দেশ পরিচালনায় বিদেশি কূটনীতিকদের পুরোপুরি সমর্থন চেয়েছেন।

    রোববার (১৮ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকায় বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের ব্রিফিং করেন ড. ইউনূস। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের সামনে দেশের বর্তমান পরিস্থিতির নানা বিষয় তুলে ধরেন।

    পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের পুরোপুরি সমর্থন চেয়েছেন।

    ড. ইউনূস কূটনীতিকদের বলেন, এই সরকারের লক্ষ্য স্বচ্ছ নির্বাচন করা। তবে এর আগে সবক্ষেত্রে সংস্কার করতে চায় সরকার।

    প্রধান উপদেষ্টা বলেন, সরকার এখন দ্রুত আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়।

    এছাড়া জুলাই-আগস্ট মাসে আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের তদন্তকে স্বাগত জানান তিনি।

    প্রধান উপদেষ্টা বলেন, তিনি চান এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। তদন্তে জাতিসংঘকে বাংলাদেশ সরকার সহায়তা দেবে।

    ড. ইউনূস বলেন, বাংলাদেশ যতগুলো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে, তার সব বাস্তবায়ন করবে সরকার।

    মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা প্রত্যাবাসনেও তিনি কূটনীতিকদের সহায়তা চান।

    এর আগে গত ১২ আগস্ট ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূসের এটিই প্রথম কূটনৈতিক ব্রিফিং।

  • সাইফুজ্জামান, আছাদুজ্জামান ও হারুনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

    সাইফুজ্জামান, আছাদুজ্জামান ও হারুনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    রোববার দুদক সচিব খোরশেদা ইয়াসমীন এ তথ্য জানিয়েছেন।

    কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে জেলায় জেলায় সহিংসতায় মাত্র তিন সপ্তাহে কয়েকশ মানুষের প্রাণহানির তথ্য আসে। আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান।

    এরপরই তার সরকারের সময়ের মন্ত্রী-এমপি এবং সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও অর্থপাচারের তথ্য বেরিয়ে আসতে শুরু করে।

    ইতোমধ্যেই বেশ কয়েকজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। শেখ হাসিনা সরকারের প্রভাবশালী একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে, যারা বর্তমানে রিমান্ডে রয়েছেন।

    গত বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার বেলা সোয়া ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরদিন বুধবার তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    গত ৬ আগস্ট বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়েছিল।

    এদিকে ১৩ আগস্ট জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব জব্দ করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

  • আলোচিত সেই হারুন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

    আলোচিত সেই হারুন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

    ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। 

    রোববার তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

    বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে, হারুন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে তাও স্থগিত করতে হবে। অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবেন না

    মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এক মাসের জন্য অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

    এ ছাড়া হারুন, তার স্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের (মা, বাবা, ভাই ও বোন) নামে পরিচালিত সব ধরনের হিসাব সংক্রান্ত তথ্য/দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি দালিলাদি, লেনদেন বিবরণী প্রভৃতি) এবং প্রদত্ত এক্সেল সিট মোতাবেক তথ্যাদি পত্র ইস্যুর তারিখ থেকে তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
     

  • ববি শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ

    ববি শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ

    বরিশাল নগর থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে শিক্ষার্থীদের বাস ভাড়া লাগবে না। তাদের ভাড়া মওকুফ করে দিয়েছে বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল কালাম চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানা গেছে। এর আগে বিআরটিসির বাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩০ শতাংশ ছাড় দিয়েছে।

    বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতির ওপর বিবেচনা করে বিশেষ করে ছাত্র সমাজের অক্লান্ত পরিশ্রম এবং রক্তের বিনিময়ে আমরা একটি দুর্নীতিমুক্ত ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি।

    তাই বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পেশাদারি শ্রমিক নেতৃবৃন্দ এবং সকল পেশাদারি শ্রমিকদের সমন্বয়ে গঠিত একটি জরুরি বৈঠকে আলোচনা, সমালোচনা ও পর্যালোচনার মাধ্যমে কয়েকটি সিদ্বান্ত নেয়া হয়েছে।

    এর মধ্যে নগরের রূপাতলী বাস টার্মিনাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাসে থাকা শিক্ষার্থীদের ভাড়া নেয়া যাবে না। বরিশাল বিশ্ববিদ্যালয় পার হওয়ার পরে ভাড়া নেওয়া শুরু করবে।বিশ্ববিদ্যালয় এলাকায় কোন বাস ওভারটেকিং করবে না। শিক্ষার্থীদের সাথে আপনি সম্বোধন করতে হবে।

    বাস স্ট্যান্ডে ছাত্র/ছাত্রী গাড়িতে উঠানোর সময় হেলপার ও সুপারভাইজার গণ অবশ্যই বিনয়ের সহিত ২-৩ মিনিট অপেক্ষা করতে বলবেন। আগে যাত্রীদের উঠিয়ে এরপর সকল ছাত্র/ছাত্রীদের ওঠানোর নির্দেশনাও দেয়া হয় ওই নোটিশে।

    অপরদিকে বিআরটিসি বাসে দেশের বিভিন্ন গন্তব্যে ৩০ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবে বরিশালের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত বৃহস্পতিবার থেকে এ সুবিধা চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার জামিল হোসেন।

  • নিয়োগের ৩ দিন পরই জননিরাপত্তা থেকে সরানো হলো সচিব মোকাব্বিরকে

    নিয়োগের ৩ দিন পরই জননিরাপত্তা থেকে সরানো হলো সচিব মোকাব্বিরকে

    নিয়োগের তিন দিন পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দায়িত্ব থেকে সরানো হলো জ্যেষ্ঠ সচিব মো. মোকাব্বির হোসেনকে।

    জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার এক আদেশে মোকাব্বিরকে জননিরাপত্তা বিভাগ থেকে সরিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব করার কথা জানিয়েছে।

    এর আগে গত ১৪ আগস্ট তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছিল। ওইদিনই তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন। তার আগে তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। 

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে সরকারের সুরক্ষায় মোকাব্বির শক্ত ভূমিকা নিয়েছিলেন বলে প্রশাসনে গুঞ্জন রয়েছে। গত ৭ আগস্ট প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়াকে সরানোর পর সেখানেও নিয়োগ পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন আগের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনকারী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শুক্রবার উপদেষ্টা পরিষদে রদবদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে।

    এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক আদেশে শিক্ষা সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ) সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

  • ডিএমপির ১৩ কর্মকর্তাকে বদলি

    ডিএমপির ১৩ কর্মকর্তাকে বদলি

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা সবাই ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে ছিলেন।

    শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এক আদেশে তাদের বদলি করা হয়।

    আদেশ অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার পিরোজপুরে বদলি করা হয়েছে।  

    অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবাইয়াত জামানকে অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সুনামগঞ্জে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার (বিপিএ, সারদা) রাজশাহীতে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম জাহাঙ্গীর হাছানকে অতিরিক্ত পুলিশ সুপার নৌপুলিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল পুলিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুক মিয়াকে অতিরিক্ত পুলিশ সুপার রেলওয়ে পুলিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মাকসুদা লিমাকে অতিরিক্ত পুলিশ সুপার পিটিসি টাঙ্গাইল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়ায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাতকে অতিরিক্ত পুলিশ সুপার র‍্যাব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেনকে অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি অফিস রংপুরে বদলি করা হয়েছে। 

    এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে সহকারী পুলিশ সুপার (বিপিএ, সারদা) রাজশাহীতে বদলি করা হয়েছে।