Blog

  • বরিশালে শিক্ষার্থীদের দাবির মুখে কমলো পরীক্ষা ফি

    বরিশালে শিক্ষার্থীদের দাবির মুখে কমলো পরীক্ষা ফি

    স্নাতক (অনার্স) ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার অতিরিক্ত ফি কমাতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বরিশাল সরকারি বিএম (ব্রজমোহন) কলেজের শিক্ষার্থীরা। পরে তাদের দাবির প্রেক্ষিতে এক হাজার টাকা করে পরীক্ষা ফি কমানো হয় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

    রোববার (২৫ আগস্ট) বেলা ১২টা থেকে ঘণ্টাখানেক নতুনবাজার-নথুল্লাবাদ সড়কটি অবরোধ করে তারা। এর আগে গত বৃহস্পতিবার একইভাবে অবরোধ শেষে দাবি মেনে নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। আজ বেলা ৩টার দিকে কলেজ অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি সমাধান হয়ে গেছে বলে জানান তিনি।

    এর আগে বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। এসময় ধার্যকৃত অতিরিক্ত ফি কমাতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এসময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রশাসনিক ভবনে জড়ো হয়ে অধ্যক্ষের কক্ষের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে বৃষ্টি কিছুটা কমে আসলে ক্যাম্পাস সংলগ্ন সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীদের একটি অংশ।

    সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমাদের ডিপার্টমেন্ট ভেদে সাড়ে ৪ হাজার থেকে শুরু করে ৬ হাজার টাকা পর্যন্ত পরীক্ষা ফি ধার্য করা হয়েছিল। আমরা অতিরিক্ত ফি প্রত্যাহারে যৌক্তিক আন্দোলন করলে সবাইকে ১ হাজার টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল হক বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিক সমাধান দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা ফি প্রদানে আর কোনো সমস্যা নেই।

  • পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ইতিহাস বাংলাদেশের

    পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ইতিহাস বাংলাদেশের

    ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো পাকিস্তানের রাওয়ালপিন্ডি। পাঞ্জাব প্রদেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের ইতিহাস তৈরি করলো বাংলাদেশ।

    শুধু জয় বললে ভুল হবে। এই ম্যাচে তাদেরই মাটিতে পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে টাইগাররা। জয়ের জন্য মাত্র ৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের বিশাল জয়টি পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম।

    এর আগে ২০০১ সাল থেকে পাকিস্তানের ১৩টি টেস্ট ম্যাচ খেললেও জয় পায়নি বাংলাদেশ। অবশেষে আজ রোববার ২৪ বছরের অপেক্ষা ঘুচলো বাংলাদেশের।

    এই ম্যাচে একটি দুর্দান্ত রেকর্ডও করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে মাত্র ১৪৬ রানে অলআউট করে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে টেস্টে এটিই পাকিস্তানের সর্বনিম্ম স্কোর। এর আগে ২০০৩ সালে মুলতানে টাইগারদের কাছে ১৭৫ রানে অলআউট হয়েছিল পাকিস্তান।

    ৩০ রানের লক্ষ্য তাড়ায় স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন দুই টাইগার ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। সাদমানের ৯ আর জাকিরের ১৫ রানের সুবাদে জয় অর্জিত হয় বাংলাদেশের।

    রোববার ১ উইকেটে ২৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। উইকেট শিকারের মাধ্যমে দিন শুরু করে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার।

    যদিও প্রথমবারের আবেদনে আম্পায়ার মাথা নাড়িয়ে নেতিবাচক সিদ্ধান্ত দেন। তবে রিভিউ কথা বলে বাংলাদেশের পক্ষে। রিভিউতে দেখা যায়, হাসান মাহমুদের বাউন্সি বল শান মাসুদের ব্যাটে সামান্য স্পর্শ করেছে। ফলে ৩৭ বলে ১৪ রান করে ফেরত যেতে হয় শান মাসুদকে।

    এরপর আরও একটি উইকেট শিকারের সুযোগ মিস করে বাংলাদেশ। মাসুদ ফেরত যাওয়ার পরের ওভারেই শরীফুল ইসলামের বলে বাবর আজমের সহজ ক্যাচ ফেলে দেন লিটন।

    ২৫তম ওভারের তৃতীয় বলে বাবরের লেগ স্টাম্প উপড়ে ফেলেন পেসার নাহিদ রানা। বাবর ফেরেন ২২ রানে। পরের ওভারে আঘাত হানেন সাকিব আল হাসান। ২৬তম ওভারের শেষ বলে সাকিবকে সামনে এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন সৌদ শাকিল। তবে বলটি মিস করেন আগের ইনিংসে ১৪১ রান করা শাকিল। বল পেয়ে মোটেও ভুল করলেন না লিটন। দ্রুতগতিতে স্টাস্পড করেন তিনি। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথে হাঁটেন শাকিল।

    ৩৩তম ওভারের শেষ বলে সাকিবকে উড়িয়ে মারতে যান আব্দুল্লাহ শফিক। ব্যাটে-বলে ভালো মতো সংযোগ ঘটাতে না পেরে মিড অফে সাদমান ইসলামের হাতে ক্যাচ হন পাকিস্তান ওপেনার (৩৭ রান)। এই ইনিংসে এটি সাকিবের দ্বিতীয় শিকার।

    পরের ওভারেই নতুন ব্যাটার সালমান আলি আগাকে (০) বোকা বানান মেহেদী হাসান মিরাজ। মিরাজকে ঠেকাতে গিয়ে প্রথম স্লিপে সাদমানের ক্যাচ হন তিনি। এতে ১০৫ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। এরপর ১১৮ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় স্বাগতিকরা।

    বিরতি থেকে আসার পর শাহিন শাহ আফ্রিদির (১৬ বলে ২) উইকেট তুলে নেন মিরাজ। এরপর নাসিম শাহকে (২২ বলে ৩) নিজের তৃতীয় শিকার বানান সাকিব।

    এরপর বাংলাদেশের সামনে কাঁটা হয়ে দাঁড়ান মোহাম্মদ রিজওয়ান। খুররম শেহজাদকে নিয়ে ২৪ রানের জুটি করেন তিনি। এরমধ্যে হাঁকিয়ে ফেলেন ফিফটিও। তবে রিজওয়ানকে ফিফটির পর বেশি দূর যেতে দেননি মিরাজ। ৮০ বলে ৫১ রান করা পাকিস্তানের ডানহাতি এই ব্যাটারকে বোল্ড করেন টাইগার স্পিনার।

    পাকিস্তানের সর্বশেষ উইকেটও তুলে নেন মিরাজ। মোহাম্মদ আলিকে রানের খাতাই খুলতে দেননি তিনি।

    এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ৫৬৫ রানের পাহাড় গড়ে অলআউট হয় বাংলাদেশ।

  • বরিশালে সাংবাদিক হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

    বরিশালে সাংবাদিক হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

    বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেছেন, অতীতে বহু সাংবাদিককে হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। আহত করা হয়েছে অনেক সাংবাদিককে।

    সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
    রোববার (২৫ আগস্ট) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

    তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৪ সাংবাদিক খুন, আহত হয়েছেন অনেকে। এসব ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে হবে। নিহত ও আহত সাংবাদিকদের পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা প্রদান ও পরিবারের সদস্যদের পুনর্বাসন করতে হবে। একই সঙ্গে বন্ধ করে দেয়া সব গণমাধ্যম খুলে দিয়ে বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

    বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল পেশাজীবী সমম্বয় পরিষদের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ আকতার ফারুক শাহিন, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক দিনকালের সাংবাদিক মো. হুমায়ুন কবির, দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ অ্যাডভোকেট মু. শাহে আলম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা ও দপ্তর সম্পাদক মামুন অর রশিদ।

    মানববন্ধনে বরিশালের বিভিন্ন উপজেলার সাংবাদিকসহ বরিশাল নগরীর শতাধিক সাংবাদিক ও পেশাজীবী অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।

  • বরিশালে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

    বরিশালে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

    বরিশাল জেলার গৌরনদীতে যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

    রোববার (২৫ আগস্ট) বেলা দেড়টার দিকে গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের বেজহার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলো, সুমি আক্তার (৩০) ও তার ছেলে আজমাইন (৪)। নিহত সুমি আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকার বাসিন্দা আজম মৃধার স্ত্রী।

    এ খবর নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা গৌরনদী হাইওয়ে থানার এসআই জামান জানিয়েছেন, ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা থ্রি-হুইলারের (মাহিন্দ্রার) মুখোমুখি সংঘর্ষ হয়।

    বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, দুর্ঘটনায় মাহিন্দ্রাটি সামনের দিক থেকে দুমড়ে মুচড়ে যায়।

    মাহিন্দ্রায় থাকা আরও ৬-৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মা-ছেলের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, ঘটনার পর পরই দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে সড়ক স্বাভাবিক, গাড়ি চলাচল করছে।

  • বরিশালে দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

    বরিশালে দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

    প্রতারণার মাধ্যমে আমানতকারীদের ৯৫ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় বরিশাল ডাকঘরের সাব পোস্টমাস্টার আলাউদ্দিন সিকদার ও আমর্ড গার্ড শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

    রোববার (২৫ আগস্ট) দুপুরে মামলাটি দায়ের করেন দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা।

    এ মামলায় অভিযুক্তরা ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বরিশাল মেডিকেল কলেজ টাউন পোস্ট অফিসে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটিয়েছে। তখন বিভিন্ন সময়ে একাধিক আমানতকারীর পাস বই থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
    বর্তমানে তারা বরিশাল কেন্দ্রীয় ডাকঘরে একই পদে বরখাস্ত অবস্থায় রয়েছেন।

    মামলায় উল্লেখ করা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বরিশাল প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল আবদুর রশিদ মেডিকেল কলেজ কলেজ টাউন পোস্ট অফিসে হঠাৎ পরিদর্শনে যান। তখন এসব অনিয়ম ধরা পড়লে তদন্ত শেষে এ মামলা দায়ের করা হয়েছে।

    আসামিরা দুজনের যোগসাজশে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমানতকারীদের অবহিত না করেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

  • বরিশালে ২ জনকে কুপিয়ে হত্যা

    বরিশালে ২ জনকে কুপিয়ে হত্যা

    এলাকায় আধিপত্য বিস্তার ও মাছের ঘেরের দখল নিয়ে বিরোধের জেরে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারের ফিড ব্যবসায়ী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

    রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আহমেদ।

    ওসি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য কাজ শুরু করেছে। নিহত দুইজনের লাশ মর্গে রয়েছে।

    নিহত ইদ্রিস হাওলাদারের পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, যুবলীগ নেতা আসাদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার বাদী ছিলেন নিহত ইদ্রিস হাওলাদার। মৎস্য ঘেরে হামলা ও লুটপাটের মামলায় প্রায় চার মাস আগে বিএনপি নেতা ইলিয়াস হাওলাদার, তার ভাই ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ও আসাদ হাওলাদার জেল-হাজতে ছিলেন।

    নিহতদের পরিবারের অভিযোগ, মামলার আসামিরা দুইজনকে কুপিয়ে হত্যা করেছে।

    স্থানীয়রা জানান, রোববার ভোররাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইদ্রিস হাওলাদার তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাতলা ব্রিজের পশ্চিমপাড় অতিক্রমকালে সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে দুজনকেই এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ইদ্রিস হাওলাদার মৃত্যুবরণ করেন। গুরুতর আহত সাগর হাওলাদার রোববার সকাল সাড়ে ৯টার দিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    নিহত ইদ্রিসের স্ত্রী রেশমা খানম অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে ইদ্রিস হাওলাদারের দায়ের করা মামলার আসামিরা তাকে (ইদ্রিস) হত্যার হুমকি দিয়ে আসছিল। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জের ধরেই তার স্বামী ও দেবরকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

  • আ.লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ গ্রেফতার

    আ.লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ গ্রেফতার

    বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারের পর আব্দুস সোবহান গোলাপকে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, সাবেক এমপি আবদুস সোবহান গোলাপকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

    মো. আবদুস সোবহান মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। এর আগে তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন।

  • শিগগিরই প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের আদেশ

    শিগগিরই প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের আদেশ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী দেড় দশক পর প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। দলটির কার্যালয় এরইমধ্যে খুলে দেওয়া হয়েছে। যদিও রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা।

    ৫ই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে। যদিও কাগজে-কলমে দলটি এখনো নিষিদ্ধ। তবে শেষ পর্যন্ত জামায়াত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে।

    সরকারের একাধিক সূত্র জানিয়েছে দুএকদিনের মধ্যেই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে। নিষিদ্ধের আদেশ এবং নিবন্ধনের বিষয়টি ফয়সালার জন্য জামায়াত এরইমধ্যে শিশির মনিরকে আইনজীবী নিয়োগ দিয়েছে।

    যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, জামায়াত নিষিদ্ধের নির্বাহী আদেশটি ন্যায্যতার ভিত্তিতে দেওয়া হয়নি। আমরা আশা করি খুব দ্রুতই ওই আদেশ প্রত্যাহার করে নেওয়া হবে।

    তিনি জানান, আমরা আইনগত আলাপ আলোচনা করেছি। তাতে আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস, সরকারই নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে নেবে। আমাদের কার্যক্রমটি সরকারের নিকট প্রক্রিয়াধীন। আশা করি শিগগিরই এ বিষয়ে জানতে পারবেন।

    সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানও আশা প্রকাশ করেন দ্রুত জামায়াত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হবে।
    তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ফেরাতেই জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও এক সংবাদ সম্মেলনে দলটি নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

    শিক্ষার্থী-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পহেলা গত আগস্ট জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

    সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। সে সময় জামায়াত তীব্র কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পরে ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান।

  • স্বরাষ্ট্র উপদেষ্টার যে আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ালেন আনসাররা

    স্বরাষ্ট্র উপদেষ্টার যে আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ালেন আনসাররা

    আনসারদের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
    রোববার বিকালে সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসারদের ৬ মাসের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।

    এদিকে রোববারের এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছেন আনসার সদস্যরা।

    উল্লেখ্য, রোববার চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত কয়েক হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। বিকালে ওই বৈঠক শেষে আনসারদের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

  • আর কালোটাকা তৈরি করতে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

    আর কালোটাকা তৈরি করতে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে আর কালোটাকা তৈরি করতে দেওয়া হবে না। একই সঙ্গে দেশ থেকে বিদেশেও টাকা পাচার করতে দেওয়া হবে না। টাকা পাচার রোধ করার সব ব্যবস্থা নেওয়া হবে।

    রোববার দুপুরে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে এ সভা হয়।

    অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা জানতে চেয়েছেন, উন্নয়নে আমাদের অগ্রাধিকার কী? জবাবে বলেছি, আর্থিক খাতের সংস্কার আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার। এ ছাড়া প্রবৃদ্ধিতে সমতাভিত্তিক টেকসই উন্নয়নও আমাদের অগ্রাধিকার। আমরা নারীর বৈষম্যহীন উন্নয়নও চাই।

    সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, আমাদের চাহিদার ওপর ভিত্তি করে উন্নয়ন সহযোগীরা অর্থ দেবে।

    তিনি আরও বলেন, জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএনএইচসিআরকে বলেছি, মিয়ানমার থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত নাগরিকদের জন্য অন্যরা খাবারদাবার দিচ্ছে। ইউএনএইচসিআর যেন তাদের সে দেশে পুনর্বাসনের ব্যবস্থা করে।

    বিদেশি ঋণের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমরা এখন থেকে বেছে বেছে ঋণ নেব। এক বছরের প্রকল্প পাঁচ বছরে হবে কিংবা সেতু আছে রাস্তা নেই—এমন প্রকল্প আর হবে না। কারণ ঋণের বোঝা দিন দিন বাড়ছে।

    বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে চলমান বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কে সালেহউদ্দিন আহমেদ বলেন, এই বৈষম্য উপেক্ষা করতে পারি না। এত দিন তারা চেপে ছিল, আগের সরকারের ধারেকাছে তারা যেতে পারেনি। আমরা এই বৈষম্য কমানোর চেষ্টা করব।