Blog

  • অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ৭১’র চেতনা’র মানববন্ধন

    অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ৭১’র চেতনা’র মানববন্ধন

    হুজাইফা রহমানঃ

    লেখক অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন ৭১’র চেতনা,বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে সোমবার সকাল ১০:১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মানববন্ধন করা হয়।

    এ সময় ৭১’র চেতনা,বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নিলয় আহাম্মেদ রাজু, যুগ্ম-সাধারন সম্পাদক মাজারুল ইসলাম,কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইসরাইল ইভান, সংগঠনটির সাবেক সভাপতি পরাগ প্রলয় ও মার্কেটিং বিভাগের এম.বি.এ পড়ুয়া শিক্ষার্থী নয়ন কর্মকার।

    এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ সংগঠনের সদস্যবৃন্দ। বক্তারা বলেন, অধ্যাপক জাফর ইকবাল বিশেষ করে তরুণ-কিশোরদের মেধা মনন গঠনের ক্ষেত্রে তার লেখার মধ্য দিয়ে যে কাজ করে যাচ্ছেন, তা বন্ধ করতেই এ হামলা হয়েছে। শিক্ষার্থীদের পাঠক্রমে প্রগতিবাদী দর্শনের প্রতিফলন না হলে এ সব হামলা আরও বাড়তে থাকবে।

    অধ্যাপক জাফর ইকবাল বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। দেশ সঙ্কটে পড়লে তার কাছে পরামর্শ চাওয়া হয়। তারই জীবন যখন অনিরাপদ তখন সাধারণদের জীবনের নিরাপত্তার কথা ভাবাও যায় না। তারা জাফর ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেন এবং অনতিবিলম্বে অপরাধী চক্রকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • আজ ঐতিহাসিক ৭ই মার্চ

    আজ ঐতিহাসিক ৭ই মার্চ

    হুজাইফা রহমানঃ

    আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের ৭ই মার্চের এই দিনে ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান ) অনুষ্ঠিত জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন। ১৮ মিনিট স্থায়ী এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এই ভাষণের একটি লিখিত ভাষ্য অচিরেই বিতরণ করা হয়েছিল। এটি তাজউদ্দীন আহমদ কর্তৃক কিছু পরিমার্জিত হয়েছিল।

    পরিমার্জনার মূল উদ্দেশ্য ছিল সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবীটির ওপর গুরুত্ব আরোপ করা। ১২টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়৷ নিউজউইক ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৭০ খ্রিস্টাব্দে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী এই দলের কাছে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করতে শুরু করে। প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য ছিল, যে-কোনভাবে ক্ষমতা পশ্চিম পাকিস্তানী রাজনীতিবিদদের হাতে কুক্ষিগত করে রাখা।

    এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ৩রা মার্চ জাতীয় পরিষদ অধিবেশন আহ্বান করেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে ১লা মার্চ এই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। এই সংবাদে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২রা মার্চ ঢাকায় এবং ৩রা মার্চ সারাদেশে একযোগে হরতাল পালিত হয়। তিনি ৩রা মার্চ পল্টন ময়দানে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় সমগ্র পূর্ব বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

    এই পটভূমিতেই ৭ই মার্চ রেসকোর্স ময়দানের জনসভায় বিপুল সংখ্যক লোক একত্রিত হয়; পুরো ময়দান পরিণত হয় এক জনসমুদ্রে। এই জনতা এবং সার্বিকভাবে সমগ্র জাতির উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন। ২০১৭ সালের অক্টোবরের শেষে ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে “ডকুমেন্টারী হেরিটেজ” (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণটি সহ মোট ৭৭ টি গুরুত্বপুর্ণ নথিকে একইসাথে স্বীকৃতি দেওয়া হয়।

    ইউনেস্কো পুরো বিশ্বের গুরুত্বপুর্ণ দলিলকে সংরক্ষিত করে থাকে। ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে (এমওডব্লিউ) ’ ৭ মার্চের ভাষণসহ এখন পর্যন্ত ৪২৭ টি গুরতুপুর্ণ নথি সংগৃহীত হয়েছে। এর প্রতিক্রিয়ায় প্রধাননন্ত্রী শেখ হাসিনা একে ইতিহাসের প্রতিশোধ হিসেবে তুলনা করেছেন। কারণ স্বাধীন দেশে দীর্ঘসময় এই ভাষণের প্রচার নিষিদ্ধ ছিল।

    শাবিপ্রবির শিক্ষক জাফর ইকবাল প্রতিক্রিয়ায় বলেন, বঙ্গবন্ধু নয় বরং ইউনেস্কোই এই ভাষণকে স্বীকৃতি দিয়ে সম্মানিত হয়েছে। কারণ এখন তাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণটি আছে, এমনটা তারা বলতে পারবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সচিবালয়ে প্রতিক্রিয়ায় বলেন শেখ মুজিবুর রহমান অত্যন্ত সতর্কতার সঙ্গে ওই ভাষণ দিয়েছিলেন৷ একদিকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন, অন্যদিকে তাকে যেন বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিহিত করা না হয়, সেদিকেও তাঁর সতর্ক দৃষ্টি ছিল৷

    তিনি পাকিস্তান ভাঙার দায়িত্ব নেননি৷ তার এই সতর্ক কৌশলের কারণেই ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানের সেনাবাহিনী এই জনসভার ওপর হামলা করার প্রস্তুতি নিলেও তা করতে পারেনি৷ পাকিস্তান সেনাবাহিনীর এক গোয়েন্দা প্রতিবেদনেও শেখ মুজিবকে ‘চতুর’ হিসেবে উল্লেখ করা হয়৷ প্রতিবেদনে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, শেখ মুজিব কৌশলে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলো, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না৷’

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ডয়চে ভেলেকে বলেন, “২০১৫ সালে ক্যানাডার একজন অধ্যাপক সারা বিশ্বের ঐতিহাসিক ভাষণ নিয়ে একটা গ্রস্থ প্রকাশ করেছিলেন৷ সেখানেও বঙ্গবন্ধুর এই ভাষণ ছিল৷ তখন অ্যাকাডেমিক স্বীকৃতি পেলেও এবার পেলো আন্তর্জাতিক স্বীকৃতি৷”

  • ৭ই মার্চে সাজছে সোহরাওয়ার্দী উদ্যান

    ৭ই মার্চে সাজছে সোহরাওয়ার্দী উদ্যান

    মুক্তিযুদ্ধে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ৭ই মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার প্রস্তুতির কাজ চলছে। দিবসটিতে প্রতিবছর আওয়ামী লীগ সমাবেশ করলেও এবারের আয়োজন পেয়েছে ভিন্নমাত্রা। কারণ ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে গত বছরের অক্টোবরে।

    মঙ্গলবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, সমাবেশ উপলক্ষে প্রস্তুতি চলছে পুরোদমে। অনুষ্ঠানস্থলের চারপাশ পরিষ্কার করা হচ্ছে। ব্যানার, ফেস্টুন লাগানোর জন্য চলছে টাওয়ার নির্মাণের কাজ। আর মাটিতে বাঁশ পুঁতে তার উপরে বসানো হচ্ছে রঙ-বেরঙের নৌকার পাল।

    প্রস্তুতির কাজ করছেন রমজান আলী। জানতে চাইলে  তিনি বলেন, এই প্রথম আমরা কোনো সমাবেশে ব্যানার লাগানোর জন্য এ ধরনের টাওয়ার করছি। এরকম পাঁচটি টাওয়ার তৈরি করা হবে, পাল থাকবে ৫০টি।
    আওয়ামী লীগের জনসভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়েছে লেকের পূর্বপাশে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলেই। মঞ্চের কাজও শেষ পর্যায়ে।

    অনুষ্ঠানস্থলের দক্ষিণ অংশে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) উদ্যোগে প্রস্তুত করা হয়েছে ‘হেলথ ক্যাম্প’। এছাড়া পানি সরবরাহের ব্যবস্থা ও অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

    বিকেলে সমাবেশস্থল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক

    এ সময় সড়ক ওবায়দুল কাদের বলেন, একাত্তরের চেতনাকে তৃণমূলে পৌঁছে দেয়ার আহ্বান থাকবে আগামীকালের (বুধবার) সমাবেশে। একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক অপশক্তি বাংলার মাটি থেকে এখনো নির্মূল হয়নি। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ বিজয়কে সংহত করার পথে অন্তরায়। সাম্প্রদায়িক বিষবৃক্ষ উৎপাটনে জনগণের সহযোগিতা চাইবেন নেত্রী।

    অন্যদিকে এ সমাবেশ বিশাল গণজমায়েতের জন্য আওয়ামী লীগের পাশাপাশি ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোও প্রচারণা চালাচ্ছে। ৬ দিন ধরে সমাবেশের মাইকিং করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

    ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, আমরা ছাত্রলীগের ২০টি টিম প্রচারণার কাজ করেছি। আশা করছি বিপুল সংখ্যক লোকসমাগম হবে। তার মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকবে প্রায় ৭০ হাজার।

  • বরিশাল নগরীর আবাসিক হোটেলে পুলিশের অভিযান- ৩ দেহ ব্যবসায়ী আটক

    বরিশাল নগরীর আবাসিক হোটেলে পুলিশের অভিযান- ৩ দেহ ব্যবসায়ী আটক

    বরিশাল নগরীর আবাসিক হোটেল গালিবে অভিযান চালিয়ে ৩ দেহ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর দক্ষিন চকবাজার এলাকার হোটেলে গালিব থেকে তাদের আটক করে। পুলিশ জানায়, অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারনে তাদের আটক করা হয়। আটক ৩ দেহ ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয় বলে জানায় পুলিশ।
    উল্লেখ্য, বর্তমান পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন যোগদান করার পর থেকে বরিশাল নগরীর কোন আবাসিক হোটেলে দেহ ব্যবসা করা যাবেনা বলে হুশিয়ারী দেন। কিন্তু কিছু অসাধু হোটেল ব্যবসায়ীরা পুলিশের চোখ ফাকি দিয়ে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। অসাধু ব্যবসায়ীদের মধ্যে মনির তার নিজের আবাসিক হোটেল গালিব ও হোটেল পাতারহাটে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

  • সজীব ওয়াজেদ জয় হত্যাচেষ্টা মামলা- শফিক রেহমানকে গ্রেপ্তারের নির্দেশ

    সজীব ওয়াজেদ জয় হত্যাচেষ্টা মামলা- শফিক রেহমানকে গ্রেপ্তারের নির্দেশ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা, যাদের মধ্যে শফিক রেহমানও আছেন।

    মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী শুনানি শেষে এই অভিযোগ গ্রহণ করেন। শফিক রেহমান ছাড়া যাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে, তারা হলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

    আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, শুনানির সময় মাহমুদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। শফিক রহমান উপস্থিত না হতে পারায় সময় আবেদন করা হয়। এর আগে গত ২০ ফেব্রুয়ারি মামলাটিতে গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আরাফাত আদালতে উল্লেখিত পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বলা হয়েছে, মামুনের ছেলে রিজভী আহাম্মেদ যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের কাছ থেকে সজীব ওয়াজেদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন এবং পরে তা অন্য আসামিদের সরবরাহ করেন। আর প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান এই ষড়যন্ত্রে অর্থ যোগানোর পাশাপাশি পরামর্শদাতা হিসেবে যুক্ত ছিলেন।

    মামুন জাসাসের কেন্দ্রীয় সহ সভাপতির পাশাপাশি যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ছিলেন। তিনি এখনও সে দেশেই বসবাস করেন। জয়ের ক্ষতি করার উদ্দেশ্যে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত গোপন তথ্য পেতে এফবিআইএর এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অপরাধে ২০১৫ সালে মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারকে কারাদ- হয়েছে। এই ঘটনাটি বাংলাদেশে প্রকাশ পেলে তোলপাড় হয়। তখন জয়ও বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া দেন। বলেন, যারা এই চক্রান্তে জড়িত, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। যুক্তরাষ্ট্রে সাজা পাওয়া বিএনপি নেতা রিজভী আহমেদ সিজার যুক্তরাষ্ট্রের আদালতের নথি অনুযায়ী জয়ের ব্যক্তিগত তথ্য তিনি বাংলাদেশি এক সাংবাদিককে দিয়েছিলেন এবং এর বিনিময়ে ৩০ হাজার ডলার পেয়েছিলেন।

    ২০১৫ সালের ৪ আগস্ট ডিবির পরিদর্শক ফজলুর রহমান এ বিষয়ে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যা পরে মামলায় রূপান্তরিত হয়। এতে জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র আনা হয়। মামলায় বলা হয়, জাসাসের সহ-সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ উল্লাহ মামুন এবং দেশে ও দেশের বাইরে অবস্থানরত বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করছে। ‘প্রাপ্ত তথ্যসমূহ পর্যালোচনা করে সন্দেহ করা হচ্ছে যে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জীবননাশসহ যে কোনো ধরনের ক্ষতির ষড়যন্ত্রে লিপ্ত আছেন।

    এই ষড়যন্ত্র বাস্তবায়নে বিএনপির হাইকমান্ড দেশ ও দেশের বাইরে থেকে অর্থায়ন করছে।’ ২০১৬ সালের এপ্রিলে শফিক রেহমানকে তার ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার বাসা থেকে জয় সংক্রান্ত কিছু তথ্য ও গোপনীয় নথিও পাওয়া গেছে। পাঁচ মাস পর উচ্চ আদালতের আদেশে জামিনে মুক্তি পান শফিক রেহমান। অন্যদিকে দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ২০১৩ সালের ১১ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারের কার্যালয় থেকে গ্রেপ্তার হন। ২০১৬ সালের এপ্রিলে তাকে জয়কে অপহরণ ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই বছরের নভেম্বরে মাহমুদুর রহমান জামিনে মুক্তি পান।

  • চরমোনাই’র বার্ষিক ওয়াজ মাহফিল শুরু আজ

    চরমোনাই’র বার্ষিক ওয়াজ মাহফিল শুরু আজ

    ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসা ময়দানে বুধবার থেকে ৩ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে। এ মাহফিলে যোগদানের লক্ষ্যে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক ও নৌপথে হাজার-হাজার মুরিদানসহ মুসুল্লীবৃন্দ চরমোনাই দরবারে পৌছতে শুরু করেছেন।

    এবারই প্রথম বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ সড়ক হয়ে নব নির্মিত সাহেবের হাট সেতু অতিক্রম করে মুসল্লীবাহী যানবাহন চরমোনাই দরবারে পৌছছে। এলজিইডি সাহেবের হাট নদীর ওপর একটি ‘প্রী-স্ট্রেসড কংক্রিট গার্ডার’ সেতুর কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে। বুধবার চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করিম উদ্বোধনী বয়ানের মাধ্যমে এ মাহফিলের কার্যক্রম শুরু হবে।

    মাহফিল উপলক্ষে চরমোনাই দরবারসহ সন্নিহিত বিশাল এলাকায় ইতোমধ্যে ব্যাপক আয়োজন সমপন্ন হয়েছে। বিশাল এলাকায় আগত মুসুল্লীয়ানদের অবস্থান, অজু-গোসল ও জামাতে নামাজ আদায়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ মাইকের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। শুক্রবার চরমোনাই দরবারে কয়েক লাখ মুসুল্লী এক জামাতে জুম্মা নামাজ আদায় করবেন বলে আশা করা যাচ্ছে। শনিবার বাদ ফজর বয়ান শেষে চরমোনাইর পীর মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করিম সমবেত মুসুল্লীয়ানদের নিয়ে ৮ টার দেকে আখেরী মোনাজাত পরিচালনা করবে।

  • দুই গৃহকর্মী নির্যাতনের ঘটনায় আটক স্বামী-স্ত্রীকে আদালতে প্রেরণ

    দুই গৃহকর্মী নির্যাতনের ঘটনায় আটক স্বামী-স্ত্রীকে আদালতে প্রেরণ

    বরিশালে গৃহকর্মী নির্যাতনে আটক দম্পতিকে আদালতে প্রেরণ।
    আটক দম্পতি ব্যবসায়ী জুয়েল আহমেদ ও তার স্ত্রী ইশরাত জাহান দিনা বরিশাল নগরীর বাজার রোডের একটি বাসায় দুই গৃহকর্মী নির্যাতনের ঘটনায় আটককৃত দম্পতিকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

    এছাড়া গৃহকর্মী নির্যাতনের কাজে ব্যবহৃত তিনটি শিকল ও তিনটি তালা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শিশু আইনে থানায় মামলা দায়ের করেছে। কোতয়ালী থানা পুলিশ আশফিয়া ও আয়েশা নির্যাতনের ঘটনায় আটক ব্যবসায়ী জুয়েল আহমেদ ও তার স্ত্রী ইশরাত জাহান দিনাকে আদালতে সোপর্দ করেছে।

    এর আগে তাদের বাজার রোডের এক আত্মীয়ের বাড়ি থেকে তিনটি শিকল ও তিনটি তালা উদ্ধার করে পুলিশ। শিকল ও তালা দিয়ে আশফিয়াকে বেঁধে রাখা হত বলে পুলিশকে জানায় আশফিয়া। আশফিয়ার কেউ না থাকায় মামলার বাদী হয়েছে পুলিশ। নির্যাতনের ঘটনায় শিশু আইনের ৭০ ধারায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, শিকল দিয়ে বেঁধে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে গত সোমবার নগরীর বাজার রোড থেকে ব্যবসায়ী জুয়েল ও তার স্ত্রী দিনাকে আটক করে পুলিশ।

  • দেড় বছর ধরে দুই গৃহকর্মীকে শিকলে বেঁধে নির্যাতন, স্বামী-স্ত্রী আটক

    দেড় বছর ধরে দুই গৃহকর্মীকে শিকলে বেঁধে নির্যাতন, স্বামী-স্ত্রী আটক

    বরিশাল নগরীতে দুই গৃহকর্মীকে দেড় বছর ধরে নির্যাতনের ঘটনায় গৃহকর্তা ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর বাজার রোড এলাকার নিজ বাসা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো, বাজার রোডের এএন্ডজে এন্টারপ্রাইজের প্রোপাইটর জুয়েল আহম্মেদ ও তার স্ত্রী ইসরাত জাহান দিনা।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন জানান, গৃহকর্তা ও তার স্ত্রীর নির্যাতনের শিকার হয়ে আসফিয়া নামের একটি মেয়ে তাদের বাসা থেকে পালিয়ে যায়। সে পালিয়ে গিয়ে এয়ারপোর্ট থানাধীন দক্ষিণ বাঘিয়া এলাকায় চলে যায়। তারপর পুলিশ সেখান থেকে তাকে উদ্ধারের পর আসফিয়া পুলিশের কাছে নির্যাতনের কথা জানান। তার সাথে আরো এক গৃহকর্মী আয়শাকেও নির্যাতন করা হয় বলেও জানায় আসফিয়া। সেই সূত্র ধরে তাকে নিয়ে পুলিশ এই বাসায় এসে নির্যাতনের সত্যতা পায় এবং অপর গৃহকর্মীকেও উদ্ধার করা হয়।

    ঘটনার সত্যতা পাওয়ায় ওই বাসার গৃহকর্তা জুয়েল ও তার স্ত্রী দিনাকে আটক করা হয়েছে। পুলিশ কমিশনার জানান, দুই গৃহকর্মীকে এই বাসায় শিকল দিয়ে বেঁধে রাখা হত। এদের দুইজনকেই জোড় করে আটকে রেখে যে নির্যাতন করা হয়েছে তার প্রমাণ মিলেছে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে।

    এসএম রুহুল আমিন বলেন, গৃহকর্তী ইসরাত জাহান দিনার সাথে কথা বলেছি আমরা। তিনি উচ্চ শিক্ষিত একজন নারী। এমন শিক্ষিত লোকজনদের দ্বারা এমন আচরণ আসলেই খুব দুঃখজনক। নির্যাতনের শিকার আসফিয়া জানায়, দেড়বছর যাবৎ তাকে আটকে রাখা হয়েছিল এই বাসায়। ঠিকমত খাবার দিলেও নির্যাতন করা হত প্রচুর। এই নির্যাতন থেকে বাঁচতে সে পালিয়ে এয়ারপোর্ট থানাধীন দক্ষিণ বাঘিয়া এলাকার বাসিন্দা রেনু বেগমের বাসায় গিয়ে পানি পান করতে চাই এবং সেখানে বসে এই ঘটনা বলি। এরপরেই পুলিশ আমাকে সেখান থেকে নিয়ে যায়।

    জানা গেছে, ২৯নং ওয়ার্ড এলাকার রাজ্জাক খান সড়কের বাসিন্দা রাহাত হাওলাদার ও বরিশাল প্রতিদিন পত্রিকার সংবাদকর্মী মনিরুজ্জামান খানকে বিষয়টি জানানোর পর ওই সংবাদকর্মী পুলিশকে বিষয়টি অবহিত করলে গৃহকর্মীকে উদ্ধার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. শাখাওয়াত হোসেন বলেন, নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং নির্যাতনের শিকার দুই গৃহকর্মীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে আনা হয়েছে।

  • আগামী এপ্রিলে উড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইট

    আগামী এপ্রিলে উড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইট

    আগামী এপ্রিলের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই মহাকাশে যাত্রা করবে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’। ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালে অবস্থিত স্পেস এক্স-এর লন্ড প্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হবে। ঢাকায় নব নির্মিত উপগ্রহ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্লোরিডায় থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

    নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।

    শাহজাহান মাহমুদ জানান, প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এই স্যাটেলাইট প্রকল্পের উদ্বোধনকে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে প্রচার আর প্রসারে সরকার মহাপরিকল্পনা নিয়েছে। ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস নামের প্রতিষ্ঠানটি ইতিমধ্যে এই স্যাটেলাইট নির্মাণকাজ সম্পন্ন করেছে। বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরও করা হয়েছে। এখন সেটি রাখা আছে ফ্রান্সে। কয়েক দিনের মধ্য সেটি বিমানে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নেওয়া হবে।

    এই স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রকেট নির্মাণ করেছে বিশ্ববিখ্যাত গাড়ি প্রস্তুতকারক টেলসলার প্রধান নির্বাহী অ্যালেন মস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্প। ফ্যালকন-৯ নামক একটি রকেট দিয়ে এটির উৎক্ষেপণ করা হবে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

    এপ্রিলের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে এটির উৎক্ষেপণ করা হবে। বিটিআরসির চেয়ারম্যান জানিয়েছেন, দিন তারিখ ঠিক হওয়ার মাত্র ১৫ দিন আগে আমাদের জানানো হবে।

    এই স্যাটেলাইটটি ২০১৭ সালের ডিসেম্বরে উৎক্ষেপণের দিন ধার্য ছিল। তবে, স্পেস এক্স-এর রকেট উৎক্ষেপণ কেন্দ্রে আগুন ধরে প্যাড ক্ষতিগ্রস্ত হওয়ায় বিলম্ব হলো বলে জানানো হয় ব্রিফিংয়ে।

    স্যাটেলাইটটি সঠিকভাবে মহাকাশে পাঠানো গেলে ৮ দিন পর এটি মহাকাশে বরাদ্দ পাওয়া ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশের নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে। সেখান থেকে নজরদারি চালাতে সক্ষম হবে বাংলাদেশ। সেই সঙ্গে, বাংলাদেশের প্রায় ৩৭টি স্যাটেলাইট টিভি চ্যানেল যারা এখন বিদেশের স্যাটেলাইট নির্ভর ফ্রিকোয়েন্সিতে প্রচারণা চালাচ্ছে, তাদের কাছে ফ্রিকোয়েন্সি বিক্রির মাধ্যমে প্রায় ১২৫ কোটি ডলার আয় করা যাবে। তবে, এই টিভি চ্যানেলগুলি এখনকার প্রচলিত ক্যাবল ভিত্তিক প্রচারণার পরিবর্তে ছোট ছোট ডিস অ্যানটেনার ডাইরেক্ট টিভি সিগনাল পাবে। সেই সিগনাল ফ্রিকোয়েন্সি বরাদ্দের দায়িত্ব থাকবে দুটি প্রতিষ্ঠান। বেক্সিমকো গ্রুপ এবং বায়ার মিডিয়া এই পুরো টিভি চ্যানেল ফ্রিকোয়েন্সি বরাদ্দ এবং সিগন্যাল বিকিকিনির পুরো ব্যবসায়িক দিকটি উপভোগ করবে। এদের ছাড়া অন্য কোনো কোম্পানি এখানে ডিটিএস প্রযুক্তির ব্যবসায় নামতে পারবে না বলে জানানো হয়েছে।

    কোন পন্থায় মাত্র দুটি কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান বিটিআরসির চেয়ারম্যান। তিনি জানান, ‘এটি তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এটা স্পর্শকাতর একটি বিষয়, আমার কাছে সঠিক উত্তর নেই’।

    বাংলাদেশের গাজীপুরে প্রায় ১৩ একর জায়গার ৫ একর জুড়ে এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের নিয়ন্ত্রণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে বিদেশি স্যাটেলাইট ইঞ্জিনিয়ার কাজ করছে। প্রায় ১৫ জনের দলে একমাত্র বাংলাদেশি ছিলেন তাসনিয় তাহমিদ নামের একজন।

    বঙ্গবন্ধু স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডার থাকবে, যার ২০টি বাংলাদেশ ব্যবহার করবে। বাকি ২০টি বিদেশি বা প্রতিবেশী দেশের কাছে ভাড়া দিতে পারবে। উৎক্ষেপণের পর পরবর্তী ১ বছর পর্যন্ত এর তদারকি করবে নির্মাণকারী প্রতিষ্ঠান। এটি আগামী ১৮ বছর পর্যন্ত মহাকাশে থেকে প্রয়োজনীয় তথ্যাদি এবং কাজ করতে পারবে বলে জানানো হয়।

    সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দীন আহমেদ, জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহমেদ এনডিসি, বিটিআরসি রেগুলেটরি কমিশনের সচিব মোহাম্মদ সারোয়ার আলম আর বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের কনস্যালট্যান্সি প্রতিষ্ঠান, স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালের (এসপিআই) ম্যানেজিং পার্টনার শফিক এ চৌধুরী প্রমুখ ।

  • ৫ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানবন্ধন

    ৫ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানবন্ধন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে। গতকাল রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র জহিরুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল-আমিন সহ অন্যান্যরা। শিক্ষার্থী বক্তারা বলেন, বর্তমানে সরকারি চাকরিতে ৫৬ ভাগ কোটা রয়েছে। এটিকে ১০ ভাগে নামিয়ে আনতে হবে। কোটায় কোন ধরনের বিশেষ পরীক্ষা নেয়া যাবেনা। চাকরির জন্য সবার ক্ষেত্রে অভিন্ন নম্বর ও বয়সসীমা নির্ধারণ করেতে হবে।

    কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এছাড়া কোটা সুবিধা একাধিক বার ব্যবহারের নিয়ম বন্ধ করার দাবি জানান তারা। বক্তারা বলেন, বর্তমান নিয়মে মেধাবীরা বৈষম্যের শিকার হচ্ছে। তাই অবিলম্বে কোটা পদ্ধতি সংস্কারসহ ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।