Blog

  • ৫ সিটি কর্পোরেশনে জুনেই নির্বাচন করতে চায় সরকার

    ৫ সিটি কর্পোরেশনে জুনেই নির্বাচন করতে চায় সরকার

    দেশের পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন করতে দু-এক দিনের মধ্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো শুরু করবে স্থানীয় সরকার বিভাগ। তারা চায়, জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হোক। তবে নির্বাচন কমিশন (ইসি) জুলাইয়ে এই নির্বাচন করতে ইচ্ছুক।

    স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যেকোনো সময় ভোট গ্রহণ করতে হবে। সে অনুযায়ী আনুষ্ঠানিক এই চিঠি দেওয়া হচ্ছে। পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর, সিলেটের ৮ অক্টোবর ও বরিশালের ২৪ অক্টোবর।

    তবে ইসি বলছে, নির্বাচনের জন্য চিঠি পাঠানোর বাইরেও সীমানা নির্ধারণ-সংক্রান্ত বিষয়সহ নানা জটিলতা নিরসন করে নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্থানীয় সরকার বিভাগকে জানাতে হবে। কমিশন এবার সব জটিলতা শেষ করেই নির্বাচনের প্রস্তুতি নেবে।

    স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা জানায়, গাজীপুর নিয়ে এখনো সীমানা জটিলতা আছে। সেখানকার ছয়টি মৌজা ঢাকার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নভুক্ত। এ নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম। হাইকোর্ট এটি নিষ্পত্তির নির্দেশ দিলেও এ বিষয়ে এখনো ফয়সালা হয়নি। তবে বাকি সিটিগুলোয় মামলাজনিত কোনো সমস্যা নেই। এর মধ্যে সীমানা জটিলতায় থমকে গেছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন।

    জানতে চাইলে স্থানীয় সরকারসচিব আবদুল মালেক বলেন, ‘সেপ্টেম্বর-অক্টোবর মাসে পাঁচটি সিটি করপোরেশনের পাঁচ বছর পূর্তি হবে। সে অনুযায়ী আমরা দু-এক দিনে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আমাদের দায়িত্ব শেষ করব। তবে আমি মনে করি, জুনের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন শেষ করা উচিত। কেননা ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। আর সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকা প্রণয়নসহ নানা কাজের ঝামেলা থাকে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশনই।’

    নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজে লাগানো হবে। তাই অন্তত ছয় মাস আগে নির্বাচন সম্পন্ন করার চিন্তাভাবনা রয়েছে কমিশনের। সে অনুযায়ী আগামী জুন-জুলাইয়ের যেকোনো সময় এক দিনে সব সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর আগেও দশম জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস আগে ২০১৩ সালের জুন-জুলাইয়ে পাঁচ সিটিতে নির্বাচন হয়। পাঁচটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিএনপির প্রার্থীদের কাছে পরাজিত হন।

    নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন বলেন, স্থানীয় সরকার বিভাগের চিঠি পেলে কমিশন পাঁচজন কমিশনারকে নিয়ে বসে সবকিছু ঠিক করবে। একসঙ্গে পাঁচ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠান করার বিষয়সহ বিভিন্ন বিষয় আলোচনা করে দিনক্ষণ ঠিক করা হবে। তবে কমিশনের পরিকল্পনা হচ্ছে জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা।

    এদিকে ইসির আরেকটি সূত্র জানায়, এবার স্থানীয় সরকার বিভাগ নির্বাচন করার জন্য চিঠি দিলেই হবে না; তাদের স্পষ্ট জানাতে হবে, কোনো সিটি করপোরেশনের সীমানা বেড়েছে কি না, নতুন ওয়ার্ড হয়েছে কি না বা অন্য কোনো জটিলতা রয়েছে কি না। ঢাকার মতো এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের সময় যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়, তাই সবকিছু ঠিক করেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

    এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের আগে স্থানীয় সরকার বিভাগেরও অনেক দায়িত্ব রয়েছে। সব ধরনের জটিলতা এড়াতে আমরা এবার প্রস্তুতি নিয়েই তফসিল ঘোষণা করব, যাতে ঢাকা সিটি করপোরেশনের মতো কোনো জটিলতা না হয়। আমরা সাধারণত বৃষ্টি-বাদলের সময়, রমজানের সময় নির্বাচনের তারিখ দিতে চাই না। এ ছাড়া আমাদের কিছু পৌরসভা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন রয়েছে। সব মিলিয়ে কমিশন বসে আলোচনা করেই নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে।’ ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে অনুষ্ঠিত হয় ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এরপর হয় কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচন।

  • চট্টগ্রামে ইয়াবা ও হেরোইনসহ নারী গ্রেফতার

    চট্টগ্রামের আলোচিত মাদক আখড়া বরিশাল কলোনীতে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার হওয়া ওই নারীর নাম মনোয়ারা বেগম (৪০)।

    শনিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়ার মনোয়ারা ওই এলাকার মাহবুব আলমের স্ত্রী।

    চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনীতে অভিযান চালানো হয়। অভিযানে ৫০০ পুরিয়া হেরোইন এবং ৪০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সুজনের পদে কোর্টনি ওয়ালশকে দেওয়ার কারণ জানাল বিসিবি

    সুজনের পদে কোর্টনি ওয়ালশকে দেওয়ার কারণ জানাল বিসিবি

    আবারও সুজনকে দেওয়া হয়েছে টিম ম্যানেজারের দায়িত্ব। আর প্রধান কোচ করা হয় কোর্টনি ওয়ালশকে।

    এই ব্যাপারে বিসিবির প্রেসিডেন্ট পাপন বলেন, ক্রিকেটাররা শ্রদ্ধা করে এমন কাউকে নিদাহাস ট্রফিতে দায়িত্ব দিতে চান তারা। আর সেই জন্যই ওয়ালশকে দেওয়া হলো কোচের দায়িত্বে। এই পদে ওয়ালশকেই সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন ক্রিকেটাররা।

    পাপন আরও বলেন, শ্রীলঙ্কায় ম্যানেজার হিসেবে সফর করতে সে (সুজন) রাজি না। আমরা এখনই তার কথাকে চূড়ান্ত মনে করছি না। তার সিদ্ধান্ত সে পরিবর্তন করতেও পারে। আমাদের বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সুজনকে তার সিদ্ধান্ত বদলানোর কথা ভেবে দেখতে বলবেন।

    ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ দলের কোচ হতেও ইচ্ছে প্রকাশ করেছিলেন খালেদ মাহমুদ সুজন। আর সেই ত্রিদেশীয় সিরিজে তাকে দেওয়াও হয়েছিল কোচ সমমান পদ, টেকনিক্যাল ডিরেক্টর পদে। আর ফল যা হওয়ার তাই হলো।

    দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে হার, শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ হার, টি-২০তে যা ইচ্ছে তাই পারফর্মেন্স। এরপরেই বিসিবি পরিচালনা পর্যদে পরিবর্তন আনে বিসিবি।

  • অস্কার পুরস্কার নিয়ে সোফায় বসা মূর্তিটি যৌন হেনস্থায় অভিযুক্ত

    অস্কার পুরস্কার নিয়ে সোফায় বসা মূর্তিটি যৌন হেনস্থায় অভিযুক্ত

    ডলবি থিয়েটার হলে রবিবার রাতে অনুষ্ঠিত হবে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। হলিউডের সবচেয়ে বড় এই পুরস্কার মঞ্চে ওঠার জন্য অপেক্ষা করেন সকলে। আর শুধু হলিউডই কেন, সারা বিশ্বের চলচ্চিত্র মহলের সবাই তরোয়ালধারী সোনালি পুরুষকে হাতে পেতে মরিয়া। কিন্তু এবছর অস্কার ট্রোফির থেকেও এখন সবার বেশি নজর ডলবি থিয়েটারের সামনে হলিউড বুলেভার্ডের একটি মূর্তিতে।

    অর্ধেক খোলা বাথরোব পরে, এক হাতে অস্কার পুরস্কার নিয়ে সোফায় বসা মূর্তিটি যৌন হেনস্থায় অভিযুক্ত চিত্র পরিচালক হার্ভে ওয়ানস্টেইনের।

    যা ব্যক্ত করছে ওয়াইনস্টেইনের বিরুদ্ধে ওঠা কাস্টিং কাউচের অভিযোগকে। ওই মূর্তির সামনে দাঁড়িয়ে এখন ফোটো চুলতে ব্যস্ত পর্যটকরা। গত বছরই অ্যাকাডেমি পুরস্কারের বদলে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ওয়াইনস্টেইনের বিরুদ্ধে।

    সালমা হায়েক, উমা থারম্যান, লুপিটা নিয়ওঙ্গো, কেট ব্লানশেটের মতো অভিনেত্রীরা ‘মি টু’ স্লোগানে তাদের সাথে ঘটা যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। সেই ‘’মি টু’-র ঢেউ আছড়ে পড়ে সারা বিশ্বে। হলিউড কমিউনিটি থেকে ছেঁটে ফেলা হয় ওয়াইনস্টেইনকে।

  • স্বামীর পরকীয়া জেনে ফেলায় বান্ধবীর সঙ্গে সম্পর্কচ্ছেদ!

    স্বামীর পরকীয়া জেনে ফেলায় বান্ধবীর সঙ্গে সম্পর্কচ্ছেদ!

    ৩০ বছর আগে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের নিকোলা ও মাইকের (ছদ্মনাম) সঙ্গে আমার দেখা হয়েছিল। আমাদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল। মাইক মজা করে বলতো তাদের বিয়েতে আমার উচিত তার এবং একইসঙ্গে তার হবু বধূ নিকোলার সঙ্গী হতে। ২৮ বছর বয়সে আমি বিয়ে করি। একটি দুর্ঘটনায় আমার স্বামী মারা যায়। হতাশায় ভেঙে পড়েছিলাম। মাইক আর্থিক সাহায্য করেছে, নিকোলা খাইয়ে দিয়েছে, নিদ্রাহীন রাতে সঙ্গ দিয়েছে। কয়েক বছর পর বেনের সঙ্গে দেখা হয় এবং আমরা বিয়ে করি। আমাদের দুইটি সন্তান ছিল। নিকোলা-মাইক ও তাদের তিন সন্তানকে নিয়ে আমরা একসঙ্গে বেড়াতে যেতাম।

    কিন্তু এক বছর পর সবকিছু পরিবর্তন হয়ে যায়। আমি একটি কান্ট্রি হোটেলে সম্মেলনে ছিলাম। কফি পানের সময়টাতে আমি জানালা দিয়ে মাইককে গলফ কোর্সে দেখলাম। একটি খাটো, লাল চুলের মেয়ে তার পাশে ছিল, সে মাইককে জড়িয়ে ধরলো। মাইক তার সঙ্গে অন্তরঙ্গ হচ্ছিল দেখে আমি বিস্মিত হই।

    সারাদিন আর কাজে মনোযোগ দিতে পারিনি এবং পরে তাকে খুঁজতে বের হই। তাকে না পেয়ে মেয়েটাকে খুঁজে বের করি। সবকিছু মেলানোর চেষ্টা করছিলাম, যত ভাবছিলাম ততই রাগ হচ্ছিল। রাতে খাবারের পর আমি মেয়েটার দরজায় কড়া নাড়ি। সে দরজা খুলে দিল। মাইককে তার বিছানায় স্বল্প পোশাকে দেখলাম। মেয়েটাকে ধাক্কা দিয়ে মাইকের সঙ্গে রাগারাগি শুরু করি। বলি যে নিকোলাকে সব বলে দিব। উত্তরে মাইক জানায়, ‘এতে আমার নাক গলানোর কিছু নেই।’ এটা বলে সে আমার হাত ধরে সেখান থেকে বের করে দিল। সারারাত জেগে ভেবেছি কীভাবে এসব নিকোলাকে বলবো। বেনকে ফোন করলাম। সেও বিস্মিত হল। কিন্তু এটাও বললো, ‘এখানে আমাদের করার কিছু নেই।’ আমি যুক্তি বললাম নিকোলার এসব জানার অধিকার আছে।

    কয়েকসপ্তাহ পর নিকোলাকে কফি খাওয়ার জন্য ডাকলাম। সব বলার পর তার চোখ অশ্রুতে পরিপূর্ণ হয়ে উঠল এবং স্বীকার করল যে সেও এমনটা সন্দেহ করছিল কারণ মাইক অনেকটা সময় বাইরে বাইরে কাটাতো। নিকোলাকে প্রথমে দুঃখিত মনে হলেও পরে সে খুব রেগে গেল যখন জানল হোটেলে আমি মাইকের সঙ্গে রাগারাগি করেছি। নিকোলা জানাল, সে এ সম্পর্ক ভাঙতে চায় না। বলেই সে সোজা উঠে দাঁড়াল এবং চলে গেল। সেই বারই তার সঙ্গে শেষ কথা হয়েছে। এরপর চার মাস হয়ে গেছে, নিকোলাকে খুব মিস করি। মাইককেও। তাদের দুজনের কাছেই ক্ষমা চেয়ে বার্তা পাঠিয়েছি। কিন্তু কোনো সাড়া পাইনি। নিকোলা আমার ফোন কেটে দিয়েছে। তার সঙ্গে দেখা হলেই শুধু মাথা নাড়ায়। মনে হচ্ছে মাইকের পরিবর্তে নিকোলা আমাকেই শাস্তি দিচ্ছে। আমি খুবই বিপর্যস্ত। তবে তাকে এসব বলেছি এজন্য আমি অনুতপ্তও নই। সূত্র: টেলিগ্রাফ

  • বিশ্ব সন্ত্রাসের সবচেয়ে বড় জঙ্গি যুক্তরাষ্ট্র : হাফিজ সাঈদ

    বিশ্ব সন্ত্রাসের সবচেয়ে বড় জঙ্গি যুক্তরাষ্ট্র : হাফিজ সাঈদ

    বিশ্বে পরমাণু যুদ্ধের হুমকি বাড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের সবচেয়ে বড় হুমকিদাতা৷ তাই বিশ্ব সন্ত্রাসের সবচেয়ে বড় জঙ্গি যুক্তরাষ্ট্র৷ এই ভাষাতেই যুক্তরাষ্ট্রকে বিঁধল জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সাঈদ৷

    এক ধর্মীয় জনসভায় গতকাল শুক্রবার সাঈদ বলেন, বিশ্বে পরমাণু যুদ্ধের হুমকি বিগত কয়েক দশক ধরে মাথা চাড়া দিয়ে উঠেছে৷ তার প্রধান কারণ আমেরিকার হস্তক্ষেপ৷ পাশাপাশি, আমেরিকার কথা মেনে চলার জন্য পাকিস্তানকেও এক হাত নেন তিনি৷

    হাফিজ এদিন সন্ত্রাস প্রসঙ্গে সেই  সভায় বলেন, আমেরিকার তোষামোদ করার জন্যই এখন পাকিস্তান ও আফগানিস্তানের এই সন্ত্রাস বিদ্ধস্ত হাল৷ আফগানিস্তানে আমেরিকার ব্যর্থতার দায়ভার পাকিস্তানের ওপর চাপালেও, তা সঠিক নয় বলে জানিয়েছে এই কুখ্যাত জঙ্গি৷

    এর আগে, মার্কিন সেনাবাহিনীকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করে ইরান। আইএস নয়, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি বাহিনী হিসাবে মর্যাদা পেতে পারে মার্কিন সেনাবাহিনী। আমেরিকাকে আক্রমণ করে ইরানের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র সায়েদ হোসেন নাকাভি হোসেইনি এই মন্তব্য করেন।

  • শুটিংয়ের মাঝেই ঘুমিয়ে পড়লেন শাহরুখ খান!

    শুটিংয়ের মাঝেই ঘুমিয়ে পড়লেন শাহরুখ খান!

    কী কাণ্ড বলুন দেখি! পেশাদার অভিনেতা হয়ে এভাবে প্রযোজকের পয়সা নষ্ট করা কতটা ঠিক। শাহরুখ খানের যারা ভক্ত, তারা জোর গলায় বলবেন- ‘জিরো’ ছবিটা তো প্রযোজনা করছেন গৌরী খান! কাজেই শাহরুখ যদি নিজের পয়সা নয়-ছয় করেন, কার কী বলার থাকতে পারে!

    কিন্তু গৌরী খান তো স্রেফ যুগ্ম প্রযোজকদের একজন! ছবির আরেক প্রযোজক তো আনন্দ এল রাই নিজে, যিনি কি না আবার ছবির পরিচালকও! কিন্তু প্রযোজকের পয়সা নষ্ট করার প্রশ্নটা উঠছে কেন?

    কেন না, সম্প্রতি শাহরুখ খানের একটি টুইট সে কথা ভাবাতে বাধ্য করেছে। সেই টুইটের সাথে ছবিতে দেখা যাচ্ছে, একটা ক্যান্টিনের মতো জায়গায় ঘুমিয়ে পড়েছেন শাহরুখ। ক্যাটরিনা কাইফ তার দিকে হস্ত নির্দেশ করে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন অসহায় চাহনি নিয়ে।

    পরিচালক আনন্দ এল রাই, কে জানে কেন, হাসছেন ঘুমন্ত খানকে দেখে! বোধহয় অর্ধেক আর্থিক ক্ষতি হচ্ছে বলে! এছাড়া ছবির চিত্র নাট্যকার হিমাংশু শর্মাও অপেক্ষায় রয়েছেন ছবির ফ্রেমে নায়কের ঘুম ভাঙার!

    সঙ্গীরা এতটাই চনমনে এবং উদ্দীপক যে চোখ খুলে রাখাই দায়! ওদের সাথে উচিত ব্যবহারই করেছি সাত তাড়াতাড়ি আমায় ঘুম থেকে ডেকে তোলার জন্য, লিখেছেন টুইটে খান। সাথে আবার ছবি তোলার জন্য ঋণস্বীকার করেছেন ক্যাটরিনা কাইফের কাছে। তবে সেখানেও রয়েছে ব্যঙ্গ- ‘চিত্র সৌজন্য ক্যাটরিনা, আমার মিডিয়া ম্যানেজার!

    দেখা যাক, শেষ পর্যন্ত ‘জিরো’ বক্স অফিসে ব্যঙ্গের খোরাক হয়, না অনেক দিন পরে একটা হিট ছবির মুখ দেখায় শাহরুখকে!

  • ঋতুপর্ণার ভয় আর পাওলির লুকানো ইচ্ছা

    ঋতুপর্ণার ভয় আর পাওলির লুকানো ইচ্ছা

    ঋতুপর্ণার ক্ষেত্রে বলা হচ্ছে বটে ‘আমার ভয়’! তবে ভয়টা নায়িকার মনে না কি তা সঞ্চারিত হবে দর্শকের মনে- সে কথা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না!

    কেন না, এই ‘আমার ভয়’ আদতে ঋতুপর্ণার নতুন ছবির নাম। পরিচালক মহুয়া চক্রবর্তী কোমর বেঁধে তৈরি- এমন এক ভুতুড়ে ছবি দর্শককে উপহার দেওয়ার জন্য যা দেখার পরে ভয়ে শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত তো বয়ে যাবেই, একই সাথে ছবি দেখার পর আর প্রেক্ষাগৃহের আসন ছেড়ে নড়তেও সাহস হবে না!

    জানা গেছে, এই ছবিতে ঋতুপর্ণার না কি যোগাযোগ থাকবে পরলোকের সঙ্গে। অর্থাৎ তাকে দেখা যাবে প্রেততত্ত্ববিদের চরিত্রে। এই প্রেততত্ত্ববিদের অশান্ত জীবন এবং তার দাদাকে কেন্দ্র করেই ভয়ের আবহ চিত্রনাট্যের শরীরে বুনবেন বলে জানা গেছে মহুয়া। ছবিতে নায়িকার দাদার চরিত্রে দেখা যাবে অনুরাগ মোহান্তিকে। আর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র।

    তবে ঋতুপর্ণার ক্ষেত্রে গল্পটা সেই রুপালি পর্দার খাতে চলে গেলেও পাওলি দামের ক্ষেত্রে কিন্তু তা নয়। বরং, এই লুকিয়ে রাখা ইচ্ছা তার একান্তই ব্যক্তিগত। সেই ইচ্ছা জড়িয়ে রয়েছে জীবনের চাওয়া এবং অন্য কিছু হওয়ার সাথে।

    সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন পাওলি দাম, তার নাকি অভিনেত্রী হওয়ার বাসনা কোনো কালেই ছিল না। খুব ছোটো থেকেই তিনি হতে চাইতেন বিমানচালক। কিন্তু ওই, জীবন তো আর সব সময় পরিকল্পনার পথে চলে না। ফলে আকাশ নয়, লাইট-ক্যামেরা-অ্যাকশন নিয়ে ভক্তের মনের আকাশেই আসন পাতলেন তিনি!

  • শিশুদের স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে

    শিশুদের স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে

    শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য তাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। শনিবার  নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে স্থানীয় সংগঠন ভিশন-২০২১ আয়োজিত ক্ষুদে শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।

    আসাদুজ্জামান নুর বলেন, ‘আমাদের অভিভাবকরা চায় বাচ্চারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করুক। কিন্তু কোনো প্রতিযোগিতায় বাচ্চারা এক, দুই, তিন, চারের মধ্যে থাকলো কি-না সেটি বিবেচ্য বিষয় না। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে চেতনা জাগ্রত করার বিষয়টি বড়।

    ভিশন-২০২১-র প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক হারুন আর রশিদ, জেলা প্রশাসক খালেদ রহীম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. মজিবুল হাসান চৌধুরী, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরোয়ার মানিক প্রমুখ।

  • জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে আওয়ামী লীগের খবর থাকবে না

    জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে আওয়ামী লীগের খবর থাকবে না

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশের মানুষ আর একবার ভোট দেয়ার সুযোগ পেলে আওয়ামী লীগের কোনো খবর থাকবে না। তারা বিএনপিকে ভোট দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবে।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার লেবার পার্টির আলোচনা সভায় এই কথা বলেন তিনি।

    খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

    প্রধানমন্ত্রীর সমালোচনা করে মওদুদ বলেন, আপনারা সরকারি খরচে নৌকায় ভোট চাইবেন আর আমাদের নেত্রীকে কারাগারে রাখবেন তা হবে না। সভা সমাবেশে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন। নির্বাচন আইনে আছে তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক দল ও নেতা কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না। তাই শেখ হাসিনা এখন জনসভা করে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এটি জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটু সংযত হলে দেশকে আরও এগিয়ে নেয়া যেত। দেশের গণতন্ত্রকে সুসংহত করা যেত। তার সামনে সুযোগ ছিল বাকশাল কায়েমের মাধ্যমে আওয়ামী লীগের কপালে যে কালিমা লেপন হয়েছে তা মুছে ফেলার। কিন্তু তিনিও সেটা না করে করলেন উল্টোটা। তিনি চাইলে পারতেন মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র সুসংহত করতে। কিন্তু শেখ হাসিনা সেটা না করে করলেন একদলীয় শাসন কায়েম।

    মওদুদ আহমদ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করতে কোনো স্লোগান দরকার হবে না। খালেদা জিয়া আমাদের সাথে থাকবেন আর স্লোগান হবে ৭০ টাকা দরে চাল খাব না, নৌকায় ভোট দেব না। ১৫০ টাকায় পেঁয়াজ খাব না নৌকায় ভোট দেব না।

    লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মীর নাসির, বরকত উল্লাহ বুলু, বাবু নিতাই রায় চৌধুরী প্রমুখ।