Blog

  • সংসদে স্বাস্থ্যমন্ত্রী : রোগী আটকে টাকা আদায় বন্ধে সরকার আইন করছে

    সংসদে স্বাস্থ্যমন্ত্রী : রোগী আটকে টাকা আদায় বন্ধে সরকার আইন করছে

    স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, বেসরকারি হাসপাতালে সেবার নামে হয়রানি ও অর্থ আদায় বন্ধে সরকার একটি নতুন আইন করতে যাচ্ছে।

    তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য নূর ই হাসনা লিলি চৌধুরীর কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে আনীত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে বলেন, ‘রোগীকে আটকে রেখে টাকা আদায় করা জঘন্য অপরাধ, এটি একটি ক্রাইম। এ ধরনের অপরাধ বন্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন করা হবে।’

    নূর ই হাসনা লিলি চৌধুরী নোটিশে বলেন, রাজধানীসহ দেশের বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টের নামে রোগীকে আটকে রেখে লাখ লাখ টাকা আদায় ও নানা ধরনের হয়রানি করা হয়।

    জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেক বেসরকারি হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটছে। আমরাও অনেক অভিযোগ পেয়েছি। মুমূর্ষু রোগীকে আটকে রেখে টাকা আদায় করা হয়। মানুষকে জিম্মি করে টাকা আদায় করা হয়।’

    তিনি বলেন, এমনও প্রমাণ আছে, রোগী মারা গেছে কিন্তু রোগী লাইফ সাপোর্টে আছে বলে টাকা আদায় করা হয়েছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হয় বলে তিনি জানান।

    অনেকে ফাইভ স্টার হোটেলের মতো হাসপাতাল চালায় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাদের বোঝা উচিত, মানুষ জীবন বাঁচাতে হাসপাতালে যায়। অথচ এই রোগীদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করা হয়। এটা একটা ক্রাইম।’

  • আতিকুল ইসলামই আওয়ামী লীগের মেয়র প্রার্থী

    আতিকুল ইসলামই আওয়ামী লীগের মেয়র প্রার্থী

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে আতিকুল ইসলামকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

    ডিএনসিসি উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ভোট করতে আগ্রহী ১৭ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেন। যারা মনোনয়নপত্র জমা দেন, তারা হলেন- বিজেএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল, রাসেল আশেকী, আদম তমিজি হক, মনিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন, সাবেক অধ্যক্ষ শাহ আলম, এফবিসিসিআইর পরিচালক হেলাল উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশ টুডের সম্পাদক জোবায়ের আলম, মো. আবেদ মনসুর, মো. ইয়াদ আলী ফকির, শামীম হাসান, মোমতাজ উদ্দিন আহমেদ (মেহেদী), মো. আবুল বাসার, মো. জামাল ভূঁইয়া, মো. ওসমান গণি ও আসমা জেরিন ঝুমুসহ ১৭ জন।

    নির্বাচনে দুই নারীসহ মোট ১৮ জন মনোনয়নের জন্য আবেদন করেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    কাদের বলেন, আমাদের কোনো প্রার্থীর যোগ্যতা কম নয়। ১৮ জন থেকে একজন খুঁজে বের করা কঠিন।

    তিনি বলেন, মনোনয়ন বোর্ডে সবার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লিন ইমেজের সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তানকে মনোনয়ন দেয়া হয়েছে।

    উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে আনিসুল হক মেয়র নির্বাচিত হন। মেয়র নির্বাচিত হওয়ার পরই তিনি উত্তর সিটি কর্পোরেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেন। সিটি কর্পোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ছাড়াও বেশ কিছু উন্নয়ন কাজে হাত দেন। এ ছাড়া উত্তরের যানজট নিরসনেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তার কর্মপরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপে খুব অল্প সময়ে জনগণের প্রসংশা কুড়ান। গত ৩০ নভেম্বর লন্ডনে মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর ৪ ডিসেম্বর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

    pm

    এদিকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে মনোনয়ন দিয়েছে বিএনপি। গতকাল সোমবার গুলশান কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগেও ডিএনসিসি নির্বাচনে প্রয়াত মেয়র আনিসুল হকের বিপরীতে অংশ নিয়েছিলেন তাবিথ। তবে ভোটের দিন দুপুরে নির্বাচন বর্জন করেন ২০ দলীয় জোটের এ প্রার্থী।

    আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনে মোট ২৯ লাখ ৪৮ হাজার ৫১০ জন ভোটার ভোটদানে সুযোগ পাচ্ছেন। ভোটগ্রহণ হবে ১ হাজার ৩৪৯টি কেন্দ্রের ৭ হাজার ৫১৬টি ভোটকক্ষে।

    এছাড়া নতুন ১৮টি ওয়ার্ডে ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনে ৫ লাখ ৭১ হাজার ৬৮৪ জন ভোটার ভোটদানের সুযোগ পাবেন।

  • মুস্তাফিজ ও মুশফিককে নিয়ে যা বললেন সাকিব

    মুস্তাফিজ ও মুশফিককে নিয়ে যা বললেন সাকিব

    মিরপুরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে বছর শুরু করেছে বাংলাদেশ। ৮ উইকেটের বড় জয়ে দারুণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ৩ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৩৭ রান। আর তাই দিন শেষে ম্যাচ সেরার পুরস্কারটা তার হাতেই উঠল।

    অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে মুশফিক, তামিম ও মুস্তাফিজকে ক্রেডিট দিতে ভুলে যাননি টেস্ট স্কিপার।

    মুশফিকের উইকেট কিপিং প্রসঙ্গে সাকিব বলেন- আমার মনে হয় মুশফিক ভাই ভালো পিক করেছে। কারণ ডাউন দ্য লেগে যে কোনো কিপারের জন্য ক্যাচ ধরা কঠিন। আজকে উনার দিনটা ভালো ছিল। বেশকিছু ক্যাচও ধরেছেন তিনি।

    মুস্তাফিজের পারফরম্যান্সেও মুগ্ধ সাকিব বললেন- ‘মুস্তাফিজ সব সময়ই ভালো বোলিং করেছে। একজন মানুষ সব ম্যাচে উইকেট পাবে, এটা সম্ভব নয়। আমি মনে করি মুস্তাফিজ সব সময়ই ভালো বোলিং করে। এই ম্যাচেও ভালো করেছে।’.

    এছাড়া এদিন তামিম ইকবালের ৮৪ রানে ইনিংস, রুবেল হোসেনের ১০০ উইকেট প্রাপ্তি, সানজামুলের বোলিং ও অধিনায়ক মাশরাফির প্রশংসাও করেন সাকিব।

  • জাপান উপকূলে আবারও ‘রহস্যময়’ নৌকা, ৮ লাশ উদ্ধার

    জাপান উপকূলে আবারও ‘রহস্যময়’ নৌকা, ৮ লাশ উদ্ধার

    জাপানের মধ্যাঞ্চলীয় উপকূল জলসীমায় আবারও একটি নৌকা ভেসে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভাঙ্গা ঐ নৌকা থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এটি উত্তর কোরিয়ার নৌকা বলে ধারণা করা হচ্ছে।

    মঙ্গলবার এ ব্যাপারে সিনিয়র পুলিশ কর্মকর্তা হিরোশি অ্যাবে বলেন, গত সপ্তাহ জাপানের মধ্যাঞ্চলীয় কানাজাওয়ায় ভেসে আসা ওই নৌকার ভিতর থেকে কোস্টগার্ড সদস্যরা সাতজনের লাশ উদ্ধার করে। এ নৌকার প্রায় ১৫ মিটার দূর থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, লাশগুলো পঁচা শুরু করায় এগুলো চিহ্নিত করা কঠিন হচ্ছে। লাশটি পঁচে গিয়েছিল।

    এদিকে জাপান কোস্টগার্ডের পক্ষ থেকে জানা গেছে, গত বছর রেকর্ড সংখ্যক উত্তর কোরিয়ার মাছ ধরা নৌকা জাপানের জলসীমায় ভেসে আসে। ২০১৬ সালে এ সংখ্যা ৬৬ হলেও গত বছর এ সংখ্যা ছিল ১০৪।

    সূত্র: এএফপি

  • মুস্তাফিজকে দলে ভেড়াতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স

    মুস্তাফিজকে দলে ভেড়াতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স

    বিশ্বের অন্যতম জমজমাট ক্রিকেট লিগ আইপিএল। আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর একাদশ আসর। আর এবারের আসরকে সামনে রেখে নতুন করে নিলাম ডেকেছে আইপিএল আয়োজক কর্তৃপক্ষ। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে আইপিএলের এ নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে ১১২২ জন ক্রিকেটার নিলামে উঠবেন।
    অার সেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন আট ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন সাকিব, তামিম, মুস্তাফিজ, সাব্বির, লিটন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ ও আবুল হাসান রাজু।
    আর এবার বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে কিনতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এ আসরে প্রতিটি দলকেই প্রায় নতুন করে দল সাজাতে হচ্ছে। পাঁচজন খেলোয়াড় ধরে রাখার নিয়ম থাকলেও অধিকাংশ দলই তিনজন করে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে। টাইগার তারকা মুস্তাফিজকেও ছেড়ে দিয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।
    গত আসর গুলোতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। আইপিএলে নিজের প্রথম আসরে দলের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। নির্বাচিত হন সেরা উদীয়মান খেলোয়াড়। কিন্তু গত আসরে বল হাতে বিবর্ণ ছিল এ বাঁহাতি পেসারের পারফরম্যান্স। নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় মাত্র এক ম্যাচে মাঠে নামেন এই তারকা। এবারের নিলামের মুস্তাফিজের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি থেকে।
    এদিকে বাংলাদেশের আরেক খেলোয়াড় সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে শাহরুখের কলকতা নাইট রাইডার্স। তাই এবার আসরে সাকিবকেও নিলামে তোলা হবে।
  • আদালতে খালেদার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ

    আদালতে খালেদার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ

    দুর্নীতির দুই মামলায় রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এর আগে আজ মঙ্গলবার সকাল ১১টা ৩৭ মিনিটে ঢাকার বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে হাজির হন ‍তিনি।

    টানা তিনদিন (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) আদালতে উপস্থিত হয়ে যুক্তিতর্ক উত্থাপনের দিন ধার্য রয়েছে। আজ দশম দিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেছেন তার আইনজীবীরা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটিও রয়েছে অপেক্ষমাণ।

    উল্লেখ্য, ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    মামলার অপর আসামিরা হলেন, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

    অন্যদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার দু’বছর আগে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে রমনা থানায় আরও একটি মামলা করে দুদক। এই মামলার অন্য আসামিরা হলেন, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

  • একনেকে ১৮ হাজার ৪৮৩ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৮ হাজার ৪৮৩ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক’র সভায় ১৮ হাজার ৪৮৩ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।

    সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে ১৪ প্রকল্পের অনুমোদনের বিষয়টি জানান।

  • নাসরিনকে কাঁদিয়েছেন মৌসুমী-শাবনূর-পূর্ণিমা

    সেন্স অফ হিউমার নামের একটি অনুষ্ঠানে বড় নায়িকাদের নায়িকাদের নিয়ে মুখ খুলেছেন আলোচিত অভিনেত্রী নাসরিন। ক্যারিয়ারে প্রাপ্তি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, অনেক কিছুই পেয়েছি। আবার অনেক কিছু পাইনি। তার জন্য বড় নায়িকারা দায়ী।

    সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় সেসব নায়িকার নাম জানতে চাইলে নাসরিন বলেন, মৌসুমী আপা, শাবনূর। ছবিতে আমি থাকলে আমার ক্লোজ আপটা (সাবজেক্টের খুব কাছ থেকে নেয়া শট) থাকবে না। তারা বলতো লাইট-ক্যামেরা অন্যরকম করে দিতে। এসব নিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি। মেকআপ রুমে কেঁদেছি। পূর্ণিমা তৈরি হয়েছে শুধু আমার জন্য। পরে ওই আমাকে বাদ দিয়েছে। বলেছে, আমি থাকলে সে কাজ করবে না।

    পূর্ণিমা বাদ না দিলে আপনি পূর্ণিমার জায়গায় যেতে পারতেন-সঞ্চালকের প্রশ্নে নাসরিন বলেন, হ্যাঁ। আমি তাই মনে করি। আমাকে রাজ্জাক ভাই বাপ্পার সাথে নায়িকাও বানাতে চেয়েছিলেন।’

    নাসরিন আরো বলেন, রাজ্জাক ভাই’র ছবিতে বাপ্পার নায়িকা ছিল কাজল। শুটিং শুরুর আগে তার বাবা মারা যায় তখন আমাকে নায়িকা হতে বলে। কিন্তু আমি হয়নি। কারণ তখন ওই মেয়েটার বাবা মারা গেছে। এমনিতেই মন ভালো ছিলো না, এর মাঝে যদি এসে দেখত যে কাজটাও ছুটে গেছে তাহলে তো আরো কষ্ট পেতো। এমনও অনেক নায়িকা আছে যারা নাচ পারতো না। আমি তাদেরকে নাচ শিখিয়ে পরে শট দিতে পাঠিয়েছি।

    নাসরিন বলেন, দিলদার ভাইয়ের (জনপ্রিয় অভিনেতা দিলদার) সাথে আমার অনেক কাজ করা হয়েছে। যার ফলে অনেকেই আমাকে দিলদারের নায়িকা হিসেবে ডাকতো। যেটা আমার ক্যারিয়ারের জন্য বাজে ছিলো। কেননা দিলদারের নায়িকা হিসেবে ডাকার কারণে অনেক পরিচালক আমাকে কাজ দিতো না। শুধু তাই নয়, এখনো আমি রাস্তায় বের হলে মানুষ বলে ঐ যে দিলদারের নায়িকা। আমি কিন্তু দিলদারের জন্য পরিচিত না, জনপ্রিয় হই নি। বরং আমার সাথে জুটি বেঁধে দিলদার ভাইয়ের লাভ হয়েছে। মোট কথা সবাই আমাকে ব্যবহার করেছে।

  • প্রণব মুখার্জিকে ডি-লিট ডিগ্রি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের

    প্রণব মুখার্জিকে ডি-লিট ডিগ্রি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের

    ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

    মঙ্গলবার দুপুুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হল মাঠে এ সম্মানসূচক ডিগ্রি তার হাতে তুলে দেওয়া হয়।

    ডিগ্রি গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।বক্তৃতায় প্রণব মুখার্জি শিক্ষার মান বিশেষ করে উচ্চশিক্ষার মান ও গবেষণার প্রতি গুরুত্ব আরোপ করেন।

    তিনি বলেন, আমি যখন ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করি। তখন শতাধিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সেসব প্রতিষ্ঠানের দায়িত্বও আমার উপর বর্তায়। এটি পালন একটি বড় কাজ।

    এছাড়া বক্তব্যে তিনি গণতন্ত্রের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, ‘গণতন্ত্রের মধ্য দিয়ে দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া যায়।’

  • এখন ‘এক’ ক্লিকেই হিটলারের সঙ্গে সেলফি, মোনালিসাকে চুমু

    গুগল আর্টস এন্ড কালচারাল অ্যাপ’র কল্যাণে বিশ্বের খ্যাতিমান ব্যক্তিত্বের জায়গায় এখন নিজেকে পাবেন আপনিও। কয়েকদিন আগে এই অ্যাপটির নতুন একটি ফিচার যোগ হয়। সেই ফিচারের দৌলতে জনপ্রিয় হয়ে গেছে অ্যাপটি। যার ফলে শুধু ফোনের একটা ক্লিক, মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে যাবেন আপনি।

    খবর অনুযায়ী, প্রথমে অ্যাপটি খোলা হলে সেলফি তোলার অপশন আসবে। তারপর আপনার মুখের সঙ্গে কিছুটা মিল রয়েছে এমন ঐতিহাসিক ব্যক্তিত্ব কিংবা ইতিহাস প্রসিদ্ধ শিল্পকর্মের স্রষ্টাদের সঙ্গে মিলিয়ে একটি ছবি পেয়ে যাবেন আপনি। সেই ছবি শেয়ার করা যাবে ফেসবুক, ট্যুইটার ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল সাইটগুলিতেও।

    তবে শুধু বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব নয়, জনপ্রিয় পেন্টিংয়ের সঙ্গে নিজের ছবি বানানোরও সুযোগ থাকছে এখানে। ফলে হিটলারের হাত ধরে দাঁড়ানো বা মোনালিসাকে চুমু খাওয়া আপনার কাছে এক ক্লিক দূরত্বে। তবে শুধু এটি নয়, এর আগেও বিভিন্ন অ্যাপ মারফত আগেও প্রতিকৃতি করার সুযোগ এসেছে।

    কিন্তু গুগল আর্টস এন্ড কালচারাল অ্যাপে এডিট হওয়া ছবির সঙ্গে গ্রাহকদের মুখের অবিকল মিল থাকায় সহজেই জনপ্রিয় হয়ে গেছে। জানা গেছে, প্রায় ১২০০ মিউজিয়াম, গ্যালারি ও শিল্পকলা, ব্যক্তিত্বের ইমেজ রয়েছে সেই অ্যাপটিতে। তবে শুধু সাধারণ মানুষই নয়, গুগল আর্টস এন্ড কালচারাল অ্যাপে মেতেছেন বিশ্বের তাবড় তাবড় সেলিব্রেটিরাও।