Blog

  • ৬ নারীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

    ৬ নারীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

    শরীয়তপুরে ছয় নারীকে ফাঁদে ফেলে ধর্ষণ ও সেসব দৃশ্য গোপনে ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আরিফ হোসেন হাওলাদার গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে গোসাইরহাট উপজেলার সাইক্কা ব্রিজ এলাকায় জয়ন্তিকা নদী থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

    আরিফ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক। ভুক্তভোগী নারীদের একজন ১১ নভেম্বর আরিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে ভেদরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। একই দিন আরিফকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রলীগ।

    শরীয়তপুরের গোসাইরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) থান্দার খায়রুল হাসান বলেন, আরিফ চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে ট্রলারে করে গোসাইরহাট আসছিলেন। তিনি তাঁর বাবা ও মামার সঙ্গে মোবাইলে যোগাযোগ করছিলেন। ওই ফোনের কল ট্র্যাকিং করে তাঁর অবস্থান নিশ্চিত হওয়া গেছে। পদ্মা ও মেঘনা নদী পাড় হয়ে জয়ন্তিয়া নদীতে প্রবেশ করলেই পুলিশ তাঁকে ঘেরাও দিয়ে আটক করে। তাঁকে ভেদরগঞ্জ থানায় নেওয়া হচ্ছে।

    আরিফের বিরুদ্ধে অভিযোগ, গোসলখানায় গোপন ক্যামেরা লাগিয়ে গৃহবধূর ভিডিও ধারণ করেন প্রথমে। পরে সেই ভিডিও দেখিয়ে তাঁকে ফাঁদে ফেলে ধর্ষণ করেন। সেটাও গোপনে ভিডিও করেন। গত ১৫ অক্টোবর থেকে ধর্ষণের ভিডিওগুলো গ্রামের মানুষের মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে।

  • বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ছাত্রলীগ নেতার ব্যানার

    বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ছাত্রলীগ নেতার ব্যানার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি গাছ থেকে খুলে ফেলে একই স্থানে নিজের ছবি টাঙ্গিয়ে দিয়েছেন পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব। এছাড়াও খুলে ফেলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বুধবার সারাদিন ও সারা রাত ফেলে রাখা হয়েছে ঐ ছাত্রলীগ নেতার ছবির নিচে মাটির উপর।

    বুধবার রাতে দেখা যায় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সামনে থাকা সারিবদ্ধ নারিকেল গাছের গোড়ায় পড়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। আর এসব গাছেই তাদের ছবির ওপর টাঙ্গানো হয়েছে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা সংবলিত পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদকের ব্যানার ও প্লাকার্ড।

    এসব ব্যানারে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইনের ছবিও দেখা যায়। এছাড়াও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি মাটিতে পড়ে থাকার বিষয়টি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বঙ্গবন্ধুর ছবি অবমাননার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিবাবকরা।

    বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, পবিপ্রবি ইউনিট ছাত্রলীগের সভাপতি থাকাকালীন বঙ্গবন্ধুর ছবি সংবলিত প্লাকার্ড লাগিয়েছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো.আনিসুজ্জামান আনিস। তবে গত মঙ্গলবার রাতে সেই প্লাকার্ডগুলো খুলে নিজের ছবি লাগিয়েছেন বর্তমান সাধারন সম্পাদক রাকিব। সাবেক সভাপতি আনিসুজ্জামান আনিস একাডেমিক ভবনের সামনে তার নিজের প্লাকার্ড থাকার বিষয়টি নিশ্চত করেছেন।

    অভিযুক্ত পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব(০১৭১৯০১১৬৩৯) বলেন, আবহাওয়া খারাপ থাকায় বাতাস ও বৃষ্টিতে ব্যানারগুলো মাটিতে পড়ে যায়। তবে স্থানীয় লোকজন ও আবহাওয়া অফিসের সাথে কথা বলে ঐদিন বাতাস-বৃষ্টি থাকার কোন প্রান পাওয়া যায়নি।

  • ডিবি পুলিশ পরিচয়ে চেয়ারম্যান লিটন মোল্লার ত্রাস- আহত ২

    ডিবি পুলিশ পরিচয়ে চেয়ারম্যান লিটন মোল্লার ত্রাস- আহত ২

    এবার ডিবি পুলিশের পরিচয়ে নগর জুড়ে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লার ত্রাস। গতকাল সোমবার বেলা ১২ টায় নগরীর জেল খানার মোড় থেকে সি এনজি এলপি গ্যাস চালিত শ্রমিক ইউনিয়নের সদস্য খোরশেদ (৩৬) ও মোরসালিন (২৪) নামে দুই যুবককে চেয়ারম্যান লিটন মোল্লার সন্ত্রাসী বাহিনী ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে তুলে নিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা রক্তাত অবস্থায় খোরশেদ ও মোরসালিনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা খোরশেদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার জন্য পরার্মশ দেন।

    আহত মোরসালিন জানায়, সি এনজি এলপি গ্যাস চালিত শ্রমিক ইউনিয়নের শ্রমিক কল্যান ফান্ডের ২০ টাকা করে চাঁদা র্দীঘ ২১ মাস ধরে অবৈধ ভাবে নগরজুড়ে বরিশাল মাহেন্দ্রা আটো ও টেম্পু (৫১৭) শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে চাঁদা উত্তলন করে আসছে। অবৈধ ভাবে সি এনজি এলপি গ্যাস চালিত শ্রমিক ইউনিয়নের টাকা উত্তলন নিয়ে কিছু দিন আগে দুই গ্রুপের মধ্যে ব্যাপক ঝামেলা সৃষ্টি হয়েছিল। পরে লিটন মোল্লা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সি এনজি এলপি গ্যাস চালিত শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে তাদের মারধর করে আসছে তার সন্ত্রারাসী বাহিনী।

    তার ধারাবাহিকতায় গতকাল বেলা ১২ টায় সি এনজি এলপি গ্যাস চালিত শ্রমিক ইউনিয়নের সদস্য খোরশেদ ও মোরসালিন শ্রমিকদের কল্যান ফান্ডের মাসিক চাঁদা উত্তলন করার সময় চেয়াম্যান লিটন মোল্লার নেতৃত্বে আটো ও টেম্পু (৫১৭) শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক খলিল ও মেম্বার সামিমসহ আরো ৪ জন সন্ত্রাসী ডিবি পুলিশ পরিচয় দিয়ে খোরশেদ ও মোরসালিনকে নতুন বাজার মাহেন্দ্রা আটো ও টেম্পু (৫১৭) শ্রমিক ইউনিয়নের কার্যলয় তুলে নিয়ে গিয়ে খোরশেদের হাত পা ভেঙ্গে দেয় এবং ডান পাশ্বের কান কেটে ফেলে দেন। এসময় মোরসালিন বাধা দিলে তাকেও মারধর করে। এব্যাপারে সি এনজি এলপি গ্যাস চালিত আটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ন কবির মোতালেব বলেন, র্দীঘ দিন ধরেই চেয়ারম্যান লিটন মোল্লা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের সংগঠনের শ্রমিক কল্যান সমিতির টাকা উত্তলন করে আসছে। এবং আমরা তাদের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও দিয়েছি। তারই ধারাবাহিকতায় গতকাল আমার সংগঠনের দুই সদস্যকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে কুপিয়ে জখম করে রাস্তা ফেলে যায় ঐ সন্ত্রাসী বাহিনীরা। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

  • বরিশালে বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    বরিশালে বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড.খন্দকার মোসারেফ হোসেনের বরিশাল দলীয় সাংগঠনিক সফর উপলক্ষে এক প্রস্তুতি সভা করেছে বরিশাল মহানগর বিএনপি।

    সোমবার সকাল ১১টায় বরিশাল বিএনপি দলীয় কার্যলয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি যুগ্ন মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, ফিরোজ আহমেদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা জি এম ফারুকসহ নগরের ৩০টি ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন। আগামী ২৭ই ডিসেম্বর অশ্বিনী কুমার টাউন হলে প্রতিনিধি সমাবেশে ড. খন্দকার মোসারেফ হোসেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন।

  • পলিটেকনিক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    পলিটেকনিক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সুমন কির্তনীয়ার (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত সুমন উপজেলার উত্তর বারপাইকা (হাওলা) গ্রামের সুধাংশু কির্তনীয়ার ছেলে এবং বেসরকারি ইনফ্রা পলিটেকনিকের মেকানিক্যাল বিভাগের শেষ বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যা ভুগছিলেন সুমন। পরিবারের পক্ষে তার চিকিৎসা ব্যয় চালানো অসম্ভব ছিল। এ হতাশার কারণেই রোববার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, সুমনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

  • স্কুল ছাত্র আবির হত্যার বিচার দাবীতে মানববন্ধন

    স্কুল ছাত্র আবির হত্যার বিচার দাবীতে মানববন্ধন

    বরিশালে নগরের আছমত আলি খান একে ইনস্টিটিউট স্কুলে ৮ম শ্রেনীর ছাত্র ও ছাত্র ইউনিয়নের কর্মী আবির রবি দাসের হত্যা কারীকে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদ।

    সোমবার সকাল ১০টায় নগরের সদররোডে এ মানববন্ধন অনুষ্টিত হয়। বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি গৌতম কুন্ড এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি এ্যাড. একে আজাদ,ললিত দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি জামাল, নারী শ্রমীক ইউনিয়নের জোৎসা বেগম। বক্তরা এসময় বলেন অবিলম্বে আবিরের হত্যাকারী মিরাজকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

  • ১৩ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ কলেজ ছাত্রী

    ১৩ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ কলেজ ছাত্রী

    পিরোজপুর সরকারি মহিলা কলেজের এক ছাত্রী নিখোঁজ হওয়ার ১৩ দিনেও উদ্ধার হয়নি। তাকে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নাসির হোসেনকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর সকালে সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী জান্নাতুল ফেরদৌস অন্তরা শহরের মুসলিম পাড়ার বাসা থেকে কলেজে যাওয়ার পর আর বাসায় ফিরেনি। দুপুরে তার মোবাইল ফোনে তার মা কল করলে তা বন্ধ পায়। এ ঘটনার পর স্বজনদের বাসা-বাড়িসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজির এক পর্যায় তার মা রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর পুলিশ তার সন্ধানের উদ্যোগ নেয়। দুবাই প্রবাসী মফিদুল ইসলামের মেয়ে অন্তরা তার মা ও এক বোনের সঙ্গে শহরের মুসলিম পাড়ায় একটি ভাড়া করা বাসায় থাকতেন।

    এ দিকে ১৭ ডিসেম্বর রাতে নিখোঁজ ছাত্রীর মায়ের মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে দু’বার কল আসে। ফোনের অপরপ্রান্ত থেকে কোনো কথা না বলে কান্নার শব্দ আসে। ফোনের সংযোগ বিচ্ছিন্ন করার পর তার মা কল করলে কেউ রিসিভ করেনি। পরদিন সেই নম্বরটি পুলিশকে দিলে পুলিশ ফোনের সূত্র খুঁজতে গিয়ে জানতে পারেন ফোন নম্বরটি নাসির হোসেনের মায়ের। নাসির শহরের পাল পাড়ার মো. সালেক সেখের ছেলে। সে পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গরিব পরিবারের সন্তান নাসির হোসেন লেখাপড়ার পাশাপাশি প্রেসক্লাবের কর্মচারী হিসেবে চাকরি করতো।

    নিখোঁজ হওয়া ছাত্রীর মায়ের দেয়া ফোন নম্বরটির অনুসন্ধান করতে গিয়ে পুলিশ নিশ্চিত হয় নাসিরের মা সখিনা বেগমের নামে সিমটি নিবন্ধন করা। এ ঘটনার পর ওই ছাত্রীর মা শাহিদা ইয়াসমিন বাদী হয়ে ১৮ ডিসেম্বর রাতে নাসির হোসেনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ নাসিরকে গ্রেফতার করে। থানায় পুলিশের কাছে নাসির জানিয়েছে কলেজছাত্রীকে অপহরণের সঙ্গে একজন সাংবাদিকসহ কয়েকজন জড়িত। সে জড়িতদের নামও প্রকাশ করেছে বলে একটি সূত্র জানিয়েছে। মামলার বাদী শাহিদা ইয়াসমিন জানান, এক সময় তার ছোট মেয়ের রক্তের প্রয়োজন হওয়ায় নাসির তাকে রক্ত দান করে ছিলেন। সে থেকে নাসিরের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে।

    অপহরণের সঙ্গে একটি প্রভাবশালী চক্র জড়িত বলে নাসির জানিয়েছে। তাদের নাম প্রকাশ করলে নাসিরের পরিবারের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে নাসির দাবি করছে। নাসিরের মা  সখিনাজানিয়েছেন অপহরণের সঙ্গে তার ছেলে জড়িত না। ঘটনাচক্রে সে ফেঁসে গেছে। তিনি জানান, আমি কারও বিরুদ্ধে অভিযোগ করবো না। শুধু মেয়েটিকে জীবিত ফেরত দিন, ওকে নিয়ে বহু দূর চরে যাব। সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ জানিয়েছেন, নিখোঁজ ছাত্রীর সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রেখেছে। নাসিরের দেয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে।

  • বরিশালে গৃহবধূর ঘরে প্রবেশ করে দু’দিন ধরে গণধর্ষণ- আটক ২

    বরিশালে গৃহবধূর ঘরে প্রবেশ করে দু’দিন ধরে গণধর্ষণ- আটক ২

    বরিশালের হিজলা উপজেলার দূর্গম চরাঞ্চল চরজানপুরে এক নারীকে নিজ ঘরের মধ্যে দু’দিন আটকে রেখে পালাক্রমে গণধর্ষণ করা হয়েছে। খবর পেয়ে হিজলা পুলিশ ওই নারীকে উদ্ধার ও দুই ধর্ষককে গ্রেফতার করেছে। ধর্ষিতা নারী বাদী হয়ে দুই ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছেন।

    মামলার আসামিরা হলেন, হিজলার চরখলিসাপুরের মো. আকতার হোসেন মাঝি ও চরকিল্লা পূর্বের চরের জসিম মল্লিক। গ্রেফতার হওয়া দুজন পুলিশের কাছে গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করলেও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তা অস্বীকার করেছে। সোমবার বিকেলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাম্মি আকাতারের আদালতে তাদের সোপর্দ করে পুলিশ। পরে তারা বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

    জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিবন্ধন কর্মকর্তা (জিআরও হিজলা) এ এসআই জিয়াউল হক জানান, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তারা বলেন, ওই নারী (ধর্ষিতা) নিজ ইচ্ছায় তাদের সঙ্গে মেলামেশা করেছে। তাকে জোরপূর্বক কোনো কিছু করা হয়নি। জবানবন্দি গ্রহণ শেষে আদালত অভিযুক্ত দুই জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার বাদীকে (ধর্ষিতা) ধর্ষণ-সংক্রান্ত মেডিকেল পরীক্ষার জন্য শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো জন্য বলেন।

    হিজলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাকসুদুর রহমান মামলার আরজির বরাত দিয়ে জানান, চরজানপুর হিজলা-গৌরবদী ইউনিয়নের পূর্বপ্রান্তের মেঘনার একটি চর। উপজেলা সদর থেকে ওই চরে যেতে ট্রলারে ৩/৪ ঘণ্টা সময় লাগে। সেখানে জনবসতিও কম। কাজের সন্ধানে গৃহবধূর স্বামী অন্যত্র যাওয়ায় তার স্ত্রীকে আটকে রেখে গত ২২ ও ২৩ ডিসেম্বর আসামিরা পালাক্রমে ধর্ষণ করে।

  • শেখ হাসিনার অধীনে সংবিধান মোতাবেক নির্বাচন হবে: এরশাদ

    জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান মোতাবেক নির্বাচন হবে। সরকার ভালো অবস্থানে আছে, উপ-নির্বাচনের কোন সম্ভাবনা নাই। নির্বাচন সময় মত হবে।

    সোমবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটায় ব্যক্তিগত সফরে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    এরশাদ বলেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সবাই এক সাথে বসার পরে সিদ্বান্ত গ্রহণ করবো কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো। বিএনপির অবস্থানের উপর নির্ভর করছে আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচনের সিদ্ধান্ত। তবে রংপুরের নির্বাচন একটি উদাহরণ তৈরি করেছে। কোন রকম গণ্ডগোল হয়নি।

    কুয়াকাটা গ্রান্ড হোটেলের হেলিপ্যাডে সকাল সোয়া ১১টায় অবতরণের পর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর পৌর মেয়র আ. বারেক মোল্লা ও স্থানীয় জাতীয় পাটিঁর সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার ফুলেল শুভেচ্ছা জানান।

    এরপর কুয়াকাটা গ্রান্ড হোটেলে তিনি কিছু সময় অবস্থান করেন। কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন শেষে সোমবার বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। এসময় তার সাথে ছিলেন ছেলে সন্তান এরিক এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

  • বিশ্ব সেরার তকমা ধরে রেখেছেন সাকিব

    বিশ্ব সেরার তকমা ধরে রেখেছেন সাকিব

    ভারত-শ্রীলংকা টি২০ সিরিজ শেষে নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর এ তালিকায় ব্যাটসম্যান ও বোলারদের শীর্ষ স্থানের লড়াইতে রদবদল হলেও সাকিবকে হঠিয়ে বিশ্ব সেরা অলরাউন্ডারের খেতাব কেড়ে নিতে পারেননি কোনও ক্রিকেটার।

    নতুন র‌্যাংকিং প্রকাশের আগে ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। তাকে সরিয়ে শীর্ষস্থান দখলে নিলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তার রেটিং এখন ৭৮৪। ৪ রেটিং কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন লুইস। ব্যক্তিগত কারনে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে অংশ না নেয়া ভারতের অধিনায়ক বিরাট কোহলি নেমে গেছেন তৃতীয়স্থানে। তার রেটিং ৭৭৬। লুইসের সাথে কোহলির রেটিং ব্যবধান ৪।

    বোলারদের র‌্যাংকিং-এ শীর্ষস্থান হারালেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। শ্রীলংকার বিপক্ষে প্রথম দু’ম্যাচে উইকেটশুন্য ছিলেন তিনি। ফলে তৃতীয় ম্যাচে দলে সুযোগই হয়নি বুমরাহর। ভারতের ডান-হাতি পেসার উইকেট না পাওয়ায়, কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলেও শীর্ষে উঠলেন পাকিস্তানের ইমাদ। ৭১৮ রেটিং নিয়ে সবার উপরে আছেন ইমাদ। ১ রেটিং কম নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান। শীর্ষস্থান হারিয়ে ৭০২ রেটিং নিয়ে তৃতীয়স্থানে নেমে গেছেন বুমরাহ। এই তালিকায় সপ্তম ও নবমস্থানে রয়েছেন যথাক্রমে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

    ব্যাটসম্যান ও বোলারদের তালিকার শীর্ষস্থানে পরিবর্তন হলেও, এই ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষস্থানে কোন পরিবর্তন হয়নি। ৩৫৩ রেটিং নিয়ে শীর্ষেই রয়েছেন সাকিব আল হাসান।