Blog

  • এফডিসিতে কাল সম্মাননা পাচ্ছেন শাকিব খান-অপু বিশ্বাস

    এফডিসিতে কাল সম্মাননা পাচ্ছেন শাকিব খান-অপু বিশ্বাস

    শাকিব খান-অপু বিশ্বাস জুটিকে এফডিসিতে সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম ক্লাব।  বাংলা চলচ্চিত্রের অন্ধকার যুগ-পরবর্তী সময়ে শাকিব-অপু জুটিবদ্ধ হয়ে ৭৩টি ছবিতে অভিনয় করেছেন। যা দেশীয় চলচ্চিত্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখে।ছবিগুলোর অধিকাংশই ‘হিট’ তকমাও পায়। আর এই কারণে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে ক্লাবটি। ফিল্ম ক্লাবের মেম্বার ইনচার্জ আবদুল্লাহ জেয়াদ সম্মাননা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    সংগঠনটির ২০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার এফডিসির আট নম্বর ফ্লোরে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

    জেয়াদ আরও জানান, ‘শাকিব-অপু দুজনকেই সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা আসবেন কিনা সেটি জানা নেই। ‘ এদিন চিত্রনায়ক ডি এ তায়েবকেও সম্মাননা দেওয়া হবে। ঐতিহ্যবাহী সিনেমা হল লায়ন, প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা, সর্বাধিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লি. এবং উইজার্ড মিডিয়া ডিরেক্টরিও চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পাবে।

    এ ছাড়াও চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পাবেন নায়করাজ রাজ্জাক (মরণোত্তর), চিত্রপরিচালক আজিজুর রহমান, আমজাদ হোসেন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, অভিনেত্রী ববিতা, নায়ক আলমগীর, কণ্ঠশিল্পী রুনা লায়লা, খুরশীদ আলম, শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, নায়ক ফারুক, নায়ক-প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা), আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জ্বল, চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও চলচ্চিত্র গ্রাহক মাহফুজুর রহমান খান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

  • মোদি-মমতাকে মেলালেন সাবেক প্রধানমন্ত্রী!

    মোদি-মমতাকে মেলালেন সাবেক প্রধানমন্ত্রী!

    নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জি। একজন দেশের প্রধানমন্ত্রী অন্যজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। জাতীয় রাজনীতিতে কখনই তাদের একমত হতে দেখা যায় না। তবে আজ বড়দিনের সকালে দেখা গেল অদ্ভুত মিল। তাদের মিলিয়ে দিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।

    আজ বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার ৯৩ তম জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষ্যেই মোদি ও মমতা দু’জনে শুভেচ্ছা জানালেন বাজপেয়ীকে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালে পৌঁছে যান অটলবিহারী বাজপেয়ীর বাড়িতে। সেখানে গিয়ে দেখা করেন তার সঙ্গে। এদিন অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-সহ অনেকে। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ফেসবুক ও ট্যুইটারে অটলজির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

    প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ীর আমলে এনডিএ-র শরিক ছিলেন। বাজপেয়ীর মন্ত্রিসভায় তিনি ছিলেন রেলমন্ত্রী। সেই সময় রেলমন্ত্রী হিসেবে তার কাজ প্রশংসিতও হয়েছিল। একই সঙ্গে বাজপেয়ীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও বেশ ভাল ছিল।

    তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, মোদি-অমিতের বিজেপির সঙ্গে যে অটল-আদবাণীর বিজেপির তফাৎ রয়েছে, তা-ই এদিনের শুভেচ্ছার মাধ্যমে বার্তা দিলেন মমতা।

  • মঙ্গলবার আদালতে যাবেন খালেদা

    মঙ্গলবার আদালতে যাবেন খালেদা

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

    চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার সকাল ১০টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠের বিশেষ আদালতে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।

    উল্লেখ্য, ২০১০ সালের ০৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

    এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ০৩ জুলাই দুদক রমনা থানায় মামলা করে। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এই মামলায়।

  • যুদ্ধাপরাধীদের বিচারে বিএনপি কেন নীরব ছিল’

    যুদ্ধাপরাধীদের বিচারে বিএনপি কেন নীরব ছিল’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী নির্বাচনেও মহান একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বিজয়ী হবে।  তিনি বলেন, আগামী নির্বাচনে (বিএনপি চেয়ারপারসন) খালেদা জিয়াকে জবাব দিতে হবে যে, যুদ্ধাপরাধীদের বিচারে পাকিস্তান বিরোধিতায় বিএনপি প্রতিবাদ না করে কেন নীরব ছিল।  মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতীয় জাদুঘরে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুতও হয়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, ভুলত্রুটি থাকতে পারত, কিন্তু আওয়ামী লীগ কারও সঙ্গে আপোস করেনি। অনেক চাপ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে যুদ্ধাপরাধীদের বিচার করেছে আওয়ামী লীগ সরকার।  তিনি বলেন, আগামী নির্বাচন হবে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ও সাতচল্লিশের পাকিস্তানের চেতনার মধ্যে। এ নির্বাচনে অবশ্যই একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বিজয়ী হবে। আপনারা পাকিস্তানের চেতনা নিয়ে আছেন, পড়ে থাকেন।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আয়োজক সমিতির সভাপতি একে আজাদ চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

  • নাটোরে ছাত্রলীগের সেক্রেটারিকে গণধোলাই

    নাটোরে ছাত্রলীগের সেক্রেটারিকে গণধোলাই

    কথায় বলে দশ দিন চোরের একদিন গৃহস্থের। এমনই ঘটনা ঘটেছে, নাটোরের বাগাতীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াবাসেবী আলিফ মাহমুদের বেলায়।
    ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি, প্রতারণাসহ সাধারণ মানুষকে জিম্মি করে অত্যাচার নির্যাতনের অভিযোগ নতুন নয়। তার বিরুদ্ধে থানায় বা আওয়ামী লীগ নেতাদের কাছে রয়েছে অভিযোগের পাহাড়।
    আজ সোমবার সন্ধ্যায় লালপুর উপজেলার চকশোভ গ্রামের কামরুল ইসলাম নামে এক নিরীহ যুবককে তুলে নিয়ে এসে মারপিট করে টাকা পয়সা, মোবাইল এবং কাপড় খুলে নিয়ে দিগম্বর করে পানিতে নামানোর ঘটনাকে কেন্দ্র করে ক্ষীপ্ত হয়ে ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঘটনাস্থল থেকে তাকে আটক করে উপস্থিত নেতাকর্মীকে গণধোলাই দেয়। এ সময় জনগণের দাবির মুখে মাদকাসক্ত বাগাতিপাড়া উপজেলা সাধারণ সম্পাদক অলিফ মাহমুদ স্বেচ্ছায় পদত্যাগ পত্র প্রদান করে।

    আলিফ মাহমুদ বাবা বাগাতিপাড়া মহিলা কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক ইউনুছ আলী।

  • চুয়াডাঙ্গায় এসআইকে কুপিয়ে জখম

    চুয়াডাঙ্গায় এসআইকে কুপিয়ে জখম

    চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অহিদুল ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মিন্টু নামে এক যুবককে আটক করা হয়েছে।

    সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ফার্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির

    সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির

    বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য আরও সুদৃঢ় করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

    সোমবার বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।  এসময় তার স্ত্রী রাশিদা খানমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রপতি আরও বলেন, ‘এ সম্প্রীতি আমাদের আবহমান কালের ঐতিহ্য। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।’

    শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশের কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • ‘সকল ধর্মের মানুষকে নিয়ে কাজ করে যেতে চাই

    ‘সকল ধর্মের মানুষকে নিয়ে কাজ করে যেতে চাই

    জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ধর্ম যার যার, বাংলাদেশ সবার। এই স্বপ্নকে ভুলন্ঠিত করার জন্য একটি অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যার পরও ক্ষান্ত হয়নি।  কিন্তু শেখ হাসিনা অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন।  মুসলিম, হিন্ধু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ সকল ধর্মের মানুষ এ দেশে সকল অধিকার একই থাকবে।

    আজ হুইপ ইকবালুর রহিম দিনাজপুর ধর্মপ্রদেশ ও উত্তরবঙ্গ খ্রীষ্টান এসোসিয়েশনের আয়োজনে কসবাস্থ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল প্রাঙ্গণে বড়দিন উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    দিনাজপুর ধর্ম প্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. হামিদুল আলম, শ্রী রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ওমেয়াত্মানন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, রাজারামপুর জপমালা রানী মারীয়ার তীর্থ মন্দিরের ফাদার বাইয়ো, পিমে, উত্তরবঙ্গ খ্রীষ্টান এসোসিয়েশনের আহবায়ক মি. যোগেন জুলিয়ান বেসরা প্রমুখ।

    অনুষ্ঠানের মাঝে মাঝে খ্রীষ্টান সম্প্রদায়দের সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে শুভ বড় দিন উপলক্ষে কেক কেটে শুভ সূচনা করা হয়।

  • শীতার্তদের পাশে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ

    শীতার্তদের পাশে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ

    জাকারিয়া আলম দিপু.

    গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকে, তার মধ্যে ‘শীতবস্ত্র বিতরণ’উল্লেখযোগ্য।  প্রতি বছরের মত এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। গতকাল রাত ৯ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের নথুল্লাবাদ সংলগ্ন ক্যাম্পাসে ইইই ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয় । এ ছাড়াও বরিশাল স্টেডিয়াম কলোনী এবং লঞ্চঘাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতারন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন ইইই ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান মো: জিয়াউল আলম, প্রভাষক শহীদুল ইসলাম সহ শিক্ষকমন্ডলী এবং ইইই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীবৃন্দ। প্রায় ২ শতাধিক গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়।

    শীতবস্ত্র বিতরন কার্যক্রমে বিশেষভাবে সহযোগিতা করেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নার্গিস, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর তপন কুমার বল ।

     

  • কৃষিব্যাংকের অফিসার (ক্যাশ) পদ ত্রুটিপূর্ণ ফল প্রকাশ করে সরিয়ে ফেললো কর্তৃপক্ষ

    কৃষিব্যাংকের অফিসার (ক্যাশ) পদ ত্রুটিপূর্ণ ফল প্রকাশ করে সরিয়ে ফেললো কর্তৃপক্ষ

    রাষ্ট্রয়াত্ত্ব কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করে তা সরিয়ে ফেললো ব্যাংকার্স সিলেকশন কমিটি। রবিবার দুপুরে এই ফল ওয়েবসাইটে প্রকাশের পর সন্ধ্যায় তা প্রত্যাহার করা হয়। আগামী ২৭ ডিসেম্বর পুনরায় ফল প্রকাশের কথা ইত্তেফাককে জানায় কর্তৃপক্ষ। প্রথমে যে ফলাফল প্রকাশিত হয়েছিল তা ছিল ত্রুটিপূর্ণ। ফলাফল নিয়ে প্রশ্ন তুলে পরীক্ষার্থীরা বলেন, ফলাফলে মারাত্মক ত্রুটি হয়েছে। ৭০ পেয়েও অনেকে চান্স পায়নি। আবার এর চেয়ে কম পেয়েও অনেকে চান্স পেয়েছে।
    গত ২৭ অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের একঘণ্টা ব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতিতে নেয়া এই পরীক্ষার ফল প্রকাশ নিয়ে বিলম্ব হয়। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১০০০২৬ থেকে শুরু করে ১০০০৪৭ পর্যন্ত রোল নম্বরে যারা ছিল সবাই পাশ করে। এরপরে শতশত পরীক্ষার্থীর কেউ পাস করেনি। এক লাফে ১০০৬৩৩। এই ফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয় ব্যাংকার্স সিলেকশ কমিটির।
    এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকার্স সিলেকশন কমিটির উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুর রহমান খান ইত্তেফাককে বলেন, এখনো ফল প্রকাশ করা হয়নি। আগামী ২৭ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে। তবে কিভাবে ফলাফল ওয়েবসাইটে দেয়া হলো-সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা ভুলক্রমে প্রকাশিত হয়েছে। এখন ওয়েবসাইটে নেই।