Blog

  • দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয়’

    দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয়’

    দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয় মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, দুর্নীতি ভালো কাজ নয়, তারপরও মানুষ এটি করছে। এজন্য আরও বেশি সচেতনতা বাড়ানো উচিত।

    দুদক বড় বড় দুর্নীতিবাজদের ধরতে পারেনি।  দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয়। তবে সমাজের বড় একটি অংশ দুর্নীতিবাজ হলে একা দুদকের পক্ষে সেটা দমন করাও সম্ভব নয়।  আজ দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি।

    ফরাস উদ্দিন আরো বলেন, গত ১১ বছরে বাংলাদেশ থেকে ৬৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৩ সালে ৫৬ বিলিয়ন ডলার ও ২০০৯ সালে ৯ বিলিয়ন ডলার। কাজেই দুদককে আরও বেশি শক্তিশালী হতে হবে।

    সকালে সকল কর্মকর্তা-কমর্চারীকে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।  আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- দুদকের সচিব শামসুল আরেফিন, কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, ড. নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।

  • বরিশাল ল’ কলেজের অধ্যক্ষের পদত্যাগ

    বরিশাল ল’ কলেজের অধ্যক্ষের পদত্যাগ

    বরিশাল ল কলেজের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করলেন সিদ্ধার্থ শংকর চ্যাটার্জী।
    গত রোববার ডাকযোগে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বরাবরে পদত্যাগ পত্র প্রেরন করে অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।
    এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে কলেজের সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কলেজ পরিচালনা পর্ষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনির হোসেন হাওলাদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে খন্ডকালিন দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও অতি দ্রুত স্থায়ীভাবে অধ্যক্ষ নিয়োগ দেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।
    পদত্যাগের বিষয়ে বরিশাল ল কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর চ্যাটার্জী জানান, শারিরিক অসুস্থতা এবং আইন পেশাকে মনোনিবেশ করার লক্ষ্যেই তিনি এই পদ থেকে পদত্যাগ করেছেন। এছাড়া তার এই পদত্যাগের ফলে কলেজ ভারমুক্ত হয়েছে। পাশাপাশি কলেজের সার্বিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশাব্যক্ত করেন।

  • আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না: সেতুমন্ত্রী

    আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না: সেতুমন্ত্রী

    “আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছি।

    “আজ সোমবার বিকেলে ফেনীর মহিপালে নির্মাণাধীন ছয় লেন ফ্লাইওভার নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়াকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে- বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, “ওনাকে খালাস দেওয়া বা শাস্তি দেওয়া আদালতের এখতিয়ার। এতে আমাদের কিছু বলার নেই। ” সৈয়দপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, তার সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং কুশল বিনিময় হয়েছে। তার সঙ্গে  সংলাপ বা অন্য কোনো বিষয়ে কোনো আলাপ হয়নি।

    ফেনীর মহিপালে নির্মাণাধীণ ফ্লাইওভার প্রসঙ্গে মন্ত্রী বলেন, “১৮১ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হচ্ছে। আশা করি ডিসেম্বরে এটি চালু করা সম্ভব হবে। ” মাননীয় প্রধানমন্ত্রীর এটি উদ্বোধন করার কথা রয়েছে বলেও জানান তিনি। এ সময় পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ‘শেখ হাসিনার সামনে দুটি পথ আছে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার’

    ‘শেখ হাসিনার সামনে দুটি পথ আছে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার’

    সরকারকে হুঁশিয়ার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ আছে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার। একটা হল সম্মানজনকভাবে বিদায় নেওয়া।

    আরেকটি হল একেবারে অপমানিত-লাঞ্ছিত এবং একেবারে অসম্মানের সঙ্গে পদত্যাগ করা বা সরকার থেকে চলে যাওয়া।

    আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী যুব ফোরামের উদ্যোগে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের কারাবন্দি সভাপতি রফিকুল আলম মজনুর মুক্তির দাবি সভার আয়োজন করা হয়।

    মওদুদ আরও বলেন, প্রধানমন্ত্রীকে এখন পছন্দ করতে হবে যে কোনটা উনি চান। যদি উনি সম্মানের সঙ্গে যেতে চান, তাহলে সমঝোতায় আসতে হবে। একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেখানে আওয়ামী লীগ যদি হেরেও যায়, তবুও প্রধানমন্ত্রী সম্মানের সঙ্গে বিদায় নেবেন।

    তিনি বলেন, যদি তারা সমঝোতায় না আসে, আর যদি সুষ্ঠ নির্বাচনের কোনো ব্যবস্থা না করে, তাহলে যার কপালে তা, আমাদের কিছু বলার থাকবে না।

    দেশের মানুষ পরিবর্তন দেখতে চায় মন্তব্য করে মওদুদ বলেন, সেই পরিবর্তন ইনশাল্লাহ আসবে।

    সমঝোতায় সরকার যদি না আসে তাহলে রাজপথে কর্মসূচি দেওয়া হবে। এর কোনো বিকল্প নাই। আমরা জানি কী করে দাবি আদায় করতে হয়।

  • সাকিবের পর এবার বিগ ব্যাশে রুমানা-খাদিজা

    সাকিবের পর এবার বিগ ব্যাশে রুমানা-খাদিজা

    বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফক রচিত হলো। অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া লিগ বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন জাতীয় নারী ক্রিকেট দলের দুই তারকা রুমানা আহমেদ এবং খাদিজাতুল কুবরা।

    ছেলে-মেয়ে মিলিয়ে এখন পর্যন্ত মাত্র একজন বাংলাদেশিই এই লিগে খেলেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

    দুজন অবশ্য এক দলে খেলছেন না। বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের শীর্ষ দুই দল বেছে নিয়েছে বাংলাদেশের দুই তারকাকে। টাইগ্রেস অধিনায়ক রুমানা খেলবেন ব্রিজবেন হিটের হয়ে। আর মেলবোর্ন স্টার্সের হয়ে মাঠ মাতাবেন খাদিজা। দুজনের উড়াল দেওয়ার তারিখও ভিন্ন। রুমানা যাবেন ১০ জানুয়ারি, আর ১৬ জানুয়ারি যাবেন খাদিজা।

    আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ চলার এক ফাঁকে সাংবাদিকদের রুমানা বলেন, ‘প্রথমবারের মত এই লিগে খেলার সুযোগ পেয়ে ভালো লাগছে।

    বিগ ব্যাশ অনেক বড় টুর্নামেন্ট। আমরা যেভাবে উন্নতি করছি, তাতে আশা করছি আরও অনেকে সেখানে সুযোগ পাবে। অনেক কিছু শিখতেও পারব। এটা দেশের নারী ক্রিকেটের জন্য ভালো খবর। ‘

  • রুদ্ধশ্বাস জয়ে রংপুর রাইডার্সের রাজসিক প্রত্যাবর্তন

    রুদ্ধশ্বাস জয়ে রংপুর রাইডার্সের রাজসিক প্রত্যাবর্তন

    দুর্দান্ত জয়ে জয়ের ধারায় ফিরল টুর্নামেন্টের হট ফেবারিট রংপুর রাইডার্স। ব্যাট হাতে ঝলক দেখালেন গেইল-ম্যাককালাম।

    এরপর বোলিংয়ে নেমে সিলেট সিক্সার্স ব্যাটসম্যানদের চেপে ধরে রংপুরের বোলাররা। রংপুরের ১৬৯ রানের জবাবে ৪ উইকেটে ১৬২ রানেই থামল সিলেট। দুর্দান্ত টিম পারফর্মেন্সে টানা তিন ম্যাচ হারের পর ৭ রানে নাসির হোসেনের সিলেট সিক্সার্সকে হারিয়ে রাজসিক প্রত্যাবর্তন ঘটল মাশরাফি বাহিনীর।

    ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানেই প্রথম উইকেট হারায় সিলেট। সোহাগ গাজীর বলে বোল্ড হয়ে যান ৪ বলে ৮ রান করা গুনাথিলাকা। সিলেট শিবিরে দ্বিতীয় আঘাত হানেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাশের বলে রবি বোপারার তালুবন্দি হন ২ রান করা বাবর আজম। এরপরেই দলের হাল ধরেই অধিনায়ক নাসির হোসেন এবং সাব্বির রহমান।

    দুজনের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিলেন সাব্বির।

    চলতি বিপিএলে ফর্ম ফিরে পাওয়া জাতীয় দলের এই তরুণ ৪৯ বলে ৭ চার ২ ছক্কায় ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে পেরেরার বলে ম্যককালামের তালুবন্দি হন। ভাঙে ১১৭ রানের বিশাল জুটি। তখন জয় থেকে মাত্র ২৮ রান দূরে সিলেট সিক্সার্স। এর মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন নাসির। কিন্তু সেটা কোনো কাজে আসেনি। ৪৩ বলে ১ চার ১ ছক্কায় ৫০ রান করে মাঠ ছাড়েন নাসির।

    আজ সোমবার দিনের দ্বিতীয় খেলায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৯ রান তুলে রংপুর রাইডার্স। ওপেন করতে নেমেই সিলেট বোলারদের বেদম প্রহার শুরু করেন গেইল-ম্যাককালাম। ৮.৩ ওভারে দুজনে মিলে গড়েন ৮০ রানের ওপেনিং জুটি। শেষ পর্যন্ত নাসির হোসেনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে প্ল্যাংকেটের তালুবন্দি হন ২১ বলে ৩ চার ৩ ছক্কায় ৩৩ রান করা ম্যাককালাম। অপর প্রান্তে থাকা গেইল ঠিকই ৩৮ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি।

    আবুল হাসানের বলে বোল্ড হওয়ার আগে  তার সংগ্রহ ৩৯ বলে ২ চার ৫ ছক্কায় ৫০ রান। এই দুজনের বিদায়ের পরই খেই হারিয়ে ফেলে রংপুরের ব্যাটসম্যানরা। আবুল হাসানের দ্বিতীয় শিকার হওয়ার আগে ৮ রান করেন শাহরিয়ার নাফীস। ২৫ রান করে প্ল্যাংকেটের বলে এলবিডাব্লিউ হয়ে যান মোহাম্মদ মিথুন। শেষদিকে রবি বোপারার দৃঢ়তায় রানের চাকা ঘুরতে থাকে। বোপারাও ১২ বলে ২৮ রান করে রান-আউট হয়ে যান।

  • সংসদে বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস

    সংসদে বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস

    জাতীয় পর্যায়ে উচ্চ শিক্ষা ও আধুনিক বিজ্ঞান চর্চা সম্প্রসারণে জামালপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এ জন্য জাতীয় সংসদে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০১৭’ নামের একটি বিল পাস হয়েছে।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মো. ফখরুল ইমামসহ অন্যদের বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

    পাস হওয়া বিলে জামালপুর জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করে সেই বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের যোগ্যতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি, মঞ্জুরি কমিশনের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, গ্রন্থাগারিক, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান প্রকৌশলী, প্রধান চিকিৎসক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা নিয়োগ এবং কর্মকর্তাদের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিধান রাখা হয়েছে।

    এ ছাড়া বিলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল গঠন এবং কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব, অনুষদ গঠন ও এর দায়িত্ব-কর্তব্য, ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিভাগ গঠন, বিশ্ববিদ্যালয় তহবিল, অর্থ কমিটি গঠন, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠন, বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ভর্তি, পরীক্ষা, পরীক্ষা পদ্ধতি, চাকরির শর্তাবলী, সংবিধি প্রণয়ন, বিশ্ববিদ্যালয় বিধি-প্রবিধি প্রণয়ন, বার্ষিক প্রতিবেদন, বার্ষিক হিসাবসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে।

  • ‘ফখরুল সাহেব এলে ভালো হতো, দুজনে একসঙ্গে ঘুরতাম’

    ‘ফখরুল সাহেব এলে ভালো হতো, দুজনে একসঙ্গে ঘুরতাম’

    ‘ফখরুল সাহেব আজ এখানে আসার কথা ছিল, কিন্তু  নিরাপত্তার অজুহাত দেখিয়ে তিনি এলেন না। তিনি এলে ভালো হতো।

    দু’জনে আমরা একসঙ্গে থাকতাম, একসঙ্গে ঘুরতাম। ‘ রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা-ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    এসময় হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা-ভাংচুর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে সরকারের সম্পর্কের অবনতি ঘটানোর জন্য একটি মহল পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। নাসিরনগর ও রামুর ঘটনার ধারাবাহিকতায় রংপুরে হামলা হয়েছে।

    হামলাকারীদের উদ্দেশে তিনি বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে আইনের কাঠগড়ায় আনা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যারা গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তাদের আশা পূরণ হবে না।

    উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রবিবার ঠাকুরপাড়ায় যাওয়ার কথা থাকলেও শনিবার রাতে তা স্থগিত করা হয়।

    রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু শনিবার রাতে জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোববার আসছেন, তাই বিএনপি মহাসচিবের ঠাকুরপাড়ায় আসার কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

    এদিকে ওবায়দুল কাদের ঘর পুড়ে যাওয়া নয় পরিবারের প্রত্যেকটিকে ২৫ হাজার টাকা, ভাংচুর হওয়া সাত পরিবারের প্রত্যেকটিকে ১০ হাজার টাকা এবং মন্দির নির্মাণের জন্য ১০ হাজার টাকা অনুদান দেন।

    এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী ও বিএম মোম্মেল হক এবং স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

  • হঠাৎ দেখা কাদের-ফখরুল কী কথা হলো

    হঠাৎ দেখা কাদের-ফখরুল কী কথা হলো

    নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে হঠাৎই দুই মিনিটের দেখা-সাক্ষাৎ হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গতকাল বিকালে তাদের হাস্যোজ্জ্বল পরিবেশে কথাও হয়।

    দুজন হ্যান্ডসেকও করেন। সেখানে কয়েকজন আওয়ামী লীগ নেতাকেও দেখা যায়। একাধিক প্রত্যক্ষদর্শী  এ তথ্য নিশ্চিত করেন। ইউএস বাংলা বিমানে ঢাকায় ফিরতে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সৈয়দপুর বিমানবন্দরে আসেন। এর আগেই বিমানবন্দর লাউঞ্জে বসা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিআইপি লাউঞ্জ দিয়ে যাওয়ার পর ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে দেখে তার কাছে এসে বলেন, ‘ভাই কেমন আছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মিত হেসে বলছেন, ‘ভালো আছি, আপনি কেমন আছেন ভাই। ’ ‘ভালো আছি’ বলে ওবায়দুল কাদের আরও বললেন, ‘আমরা যেহেতু রাজনীতি করি, তাই আলাপ-আলোচনার পথ খোলা রাখাই ভালো।

    ’ ফখরুলের সঙ্গে কুশল বিনিময়ের সময় ওবায়দুল কাদের আরও বলেন, ঢাকায় এয়ারপোর্টে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু শুনলাম আপনি আসছেন না। একসঙ্গে এলে ভালো হতো। কথা বলা যেত। ’ জবাবে মির্জা ফখরুল বলেন, আমি সকালের ফ্লাইটেই আসতাম। কিন্তু পারিবারিক কারণে একটু পরে আসতে হয়েছে। ’ দুই মিনিটের কুশল বিনিময়ের পর ওবায়দুল কাদের বলেন, ‘যাই বিমান রেডি হয়ে আছে। ’ জবাবে মির্জা ফখরুলও বলেন, ‘ধন্যবাদ। ’ এরপর ইউএস বাংলার ফ্লাইটে ঢাকায় চলে আসেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিছু সময় পর নভএয়ারের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

    দুই নেতার আলাপের সময় ওবায়দুল কাদেরের সঙ্গে সেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত নন্দী, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরী, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকায় ফেরার পর সন্ধ্যায় টেলিফোনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয়েছে কি না—জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ঢাকা ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনালের লাউঞ্জে কুশল বিনিময় হয়েছে। এর বেশি কিছু না। ’ দীর্ঘ কয়েক বছর আগে ভারপ্রাপ্ত মহাসচিব থাকা অবস্থায় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে টেলিফোনে কথা হলেও ওবায়দুল কাদেরের সঙ্গে বিএনপি মহাসচিবের মুখোমুখি কথা এটাই প্রথম।

    জানা গেছে, কাদের ও ফখরুলের গতকাল ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে একটি বেসরকারি উড়োজাহাজ কোম্পানির ফ্লাইটে সৈয়দপুর যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মির্জা ফখরুল সফর স্থগিত করেন। ফলে একই ফ্লাইটে দুই বড় দলের দুই নেতার সাক্ষাৎ হওয়ার সুযোগ নষ্ট হয়।

  • সার্বজনীন শিশু দিবসে বাংলাদেশ মানবাধিকার কমিশন, বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

    সার্বজনীন শিশু দিবসে বাংলাদেশ মানবাধিকার কমিশন, বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

    নুরই মাহাবুব

    সার্বজনীন শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন, বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে আজ ২০ নভেম্বর সন্ধ্যা ৬ টায় জমজম নার্সিং ইন্সটিটিউটের সভাকক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ মানবাধিকার কমিশন,বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি জনাব আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম,বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল জেলা শাখার সভাপতি জনাব মাহমুদুল হক খান মামুন,বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি ড.বাহাউদ্দিন গোলাপ এবং সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মনজুর আলম ডালিমি।এছাড়াও বক্তব্য রাখেন জনাব মনিরুল ইসলাম,বাবলু মিয়া,জুয়েল মাহমুদ, সাইফুল ইসলাম, মো:কবির,লোকমান হোসেন,নজরুল হোসেন এবং আরহাম সাইদ।

    বক্তাগন বলেন যে, শিশুর অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকার জাতীয় শিশু নীতিমালা ২০১১, শিশু আইন ২০১৩, জাতীয় শিক্ষা নীতিমালা ২০১০ এবং জাতীয় শিশু শ্রম নিরোধ নীতিমালা ২০১০ প্রনয়নসহ বিভিন্ন প্রশংসণীয় উদ্যোগ নিয়েছে। ফলে দেশে শিশু শিক্ষার হার বেড়েছে, কমেছে শিশু মৃত্যহার, স্কুলে শারীরিক শাস্তি অবৈধ করা গেছে। তাদের স্কুলে ধরে রাখার জন্য উদ্যোগ দরকার। কোন কোন ক্ষেত্রে সরকারের উদ্যোগ আছে, আরো ব্যাপকভাবে নিতে হবে।শিশু মৃত্যুহার কমানোর ক্ষেত্রে বাংলাদেশ সফল। তবে পানিতে ডুবে, দুর্ঘটনায়, হত্যা ও ধর্ষণের শিকার হয়ে অনেক শিশু অকালে ঝড়ে যাচ্ছে। এ ধরণের শিশুমৃত্যু শিশু সুরক্ষার পথে চ্যালেঞ্জ হিসেবে উল্লেক করে বক্তাগন বলেন, আইনের প্রয়োগ সাথে সাথে হলেই শিশু হত্যার মতো ঘটনাগুলো কমবে। পাশাপাশি শিশু অধিকার সম্পর্কে সচেতন থাকা, শিশু আইন বিষয়ে জনগণকে জানানো। রাজন-রাকিবসহ সাম্প্রতিক শিশু হত্যা বিশ্লেষণে দেখা গেছে, হত্যাকারীরা মনে করে, এভাবে হত্যা করলে কিছু হয় না।

    এই ধারণাগুলো ভাঙতে হবে। বক্তাগন শিশুদের জন্য পৃথক কমিশন গঠনের সুপারিশ করে বলেন, দেশের ৪৫ শতাংশ জনগোষ্ঠীর (শিশু) দেখাশুনার জন্য মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে একটি মাত্র ডেস্ক আছে। মাঠ পর্যায়ে কোন কর্মকর্তা নেই। দেশের মোট জনগোষ্ঠীর ৪৫ শতাংশ শিশু। এই বিশাল সংখ্যক শিশুর দেখভালের দায়িত্ব রয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপর। এই মন্ত্রণালয়ের অধীনে নারী উন্নয়নে কর্মকান্ড পরিচালনার জন্য মহিলা অধিদপ্তর থাকলেও শিশুদের জন্য সেরকম কোন ব্যবস্থা নেই। ফলে শিশুরা যথাযথ মনোযোগ ও গুরুত্ব পাচ্ছে না। তাই শিশুদের জন্য পৃথক অধিদপ্তর এখন সময়ের দাবি। সভাটি পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, বরিশাল আঞ্চলিক শাখার সহ-সভাপতি জনাব সাজ্জাদুল হক।