Blog

  • ঢাকায় অক্টোবর বিপ্লব এবং কাজী নজরুল ইসলাম সেমিনার অনুষ্ঠিত

    ঢাকায় অক্টোবর বিপ্লব এবং কাজী নজরুল ইসলাম সেমিনার অনুষ্ঠিত

    হুজাইফা রহমান:

    ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগার শাহবাগে ১৮ নভেম্বর ২০১৭ শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় অক্টোবর বিপ্লব এবং কাজী নজরুল ইসলাম সেমিনার। ১৯১৭ সালে অক্টোবর বিপ্লব সংঘঠিত হয়, যা সারা বিশ্বকে কাঁপিয়ে দেয়। বিদ্রোহ এবং বিপ্লবের কবি কাজী নজরুল ইসলাম সেই অক্টোবর বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং এদেশের সাথে সেতুবন্ধন রচনা করেছিলেন।

    এবছর অক্টোবর বিপ্লবের শতবার্ষিকী। এই উপলক্ষে নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’ অক্টোবর বিপ্লব ও কাজী নজরুল ইসলাম সেমিনার- এর আয়োজন করে। সেমিনারে ড. মোঃ খালেকুজ্জামান’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মোঃ জাকির হোসেন, সাধারন সম্পাদক, বাঁশরী; এরপর আলোচনা করেন, অধ্যাপক সফিকউজ্জামান, অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম আকাশ, অধ্যাপক আবুল বারাকাত, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ খান, কমরেড জোনায়েদ সাকী, কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

    এছাড়াও সেমিনারে বাংলাদেশের সমাজ এবং রাজনীতির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজিত চৌধুরী, বাঁশরী।

  • বরিশাল শেবামেক হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বরিশাল শেবামেক হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় মেডিকেল কলেজ ক্যাম্পাসের মুক্ত মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শেরে-ই বাংলা মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোড়ালো দাবি উচ্চারিত হয়।

     

    সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। পরে সাদা পায়রা এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন শেরে-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা এবং শেরে-ই বাংলা মেডিকেল কলেজের সাবেক ছাত্র বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সরফুদ্দিন আহমেদ। এ সময় কলেজের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ক্যাপ্টেন ডা. সিরাজুল ইসলাম, বিএমএ বরিশাল জেলার শাখার সভাপতি ডা. মো. ইশতিয়াক হোসেন ও সাধারন সম্পাদক ডা. মনিরুজ্জামান শাহিন, জেলা স্বাচিপের সভাপতি ডা. মু. কামরুল হাসান সেলিম ও শিক্ষক সমিতির সভাপতি ডা. এসএম সারওয়ার সহ মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    আনুষ্ঠানিকভাবে উদ্ধোধনের পর মেডিকেল কলেজের অডিটোরিয়ামের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা। পরে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর নিজস্ব অডিটোরিয়ামে আড্ডা এবং স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে কলেজের খেলার মাঠে ক্রীড়া বিনোদন এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার কথা রয়েছে।

    ১৯৬৮ সালের এই দিনে বরিশাল নগরীর আলেকান্দায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পথচলা শুরু হয়।

    ৬৮ সালের ২০ নভেম্বর শেরে-ই বাংলা মেডিকেল কলেজের প্রথম ছাত্র হিসেবে ভর্তি হন রংপুরের লুৎফুর রহমান। গত ৪৯ বছরে এখানে এমবিবিএস কোর্সে ৪৯টি ব্যাচ ভর্তি হয়।

    আগামী বছর শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সুবর্ন জয়ন্তি উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর কথা বলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা।

  • ৭ মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

    ৭ মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

    ৭ মার্চের ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একই সঙ্গে ৭ মার্চের ভাষণের স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও জাদুঘর প্রতিষ্ঠার ঘোষণা চাওয়া হয়েছে।

    সোমবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট বশিরুল্লাহ।

    দুপুর ২টার পর হাইকোর্টের একটি বেঞ্চে বিষয়টি নিয়ে শুনানির কথা রয়েছে বলে জানা গেছে।

    প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ওই ঘোষণার পর গত শনিবার নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • শেখ হাসিনা, সিনহা’র প্রসঙ্গ টেনে নওয়াজ কন্যা’র ট্যুইট

    শেখ হাসিনা, সিনহা’র প্রসঙ্গ টেনে নওয়াজ কন্যা’র ট্যুইট

    পাকিস্তানের সুপ্রিম কোর্টের সমালোচনা করতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার উদাহরণ টেনেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ শরীফ। টেলিভিশনে দেখানো শেখ হাসিনার একটি ছবি যুক্ত করে গত ১৬ নভেম্বর ট্যুইট করেন মরিয়ম।

    সেখানে তিনি বাংলাদেশের বিচার বিভাগে পাকিস্তানের প্রসঙ্গ টানায় নিজের দেশকে ছোট করা হয়েছে বলে অভিযোগ করে বলেন, এভাবেই অন্য দেশ আপনাদের বিচার বিভাগকে দেখছে। একটি খারাপ সিদ্ধান্ত ন্যায় বিচারের সব সুনাম ক্ষুন্ন করে।

    উল্লেখ্য, সম্প্রতি আপিল বিভাগে এক শুনানিতে পাকিস্তানের বিচার বিভাগের উদাহরণ টানেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। তার এই বক্তব্যের পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এস কে সিনহার নাম উল্লেখ না করে সমালোচনা করে বলেন, তার পদত্যাগ করা উচিত। পাকিস্তানের সঙ্গে তুলনা করা সবচেয়ে অপমানজনক বিষয়। এটি সহ্য করা হবে না।

  • মেহেরপুরে বিএনপির সাবেক এমপির বাড়ির গেটে বোমা

    মেহেরপুরে বিএনপির সাবেক এমপির বাড়ির গেটে বোমা

    মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর (গাংনী) ২  আসনের সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেনের বাড়ির মূল ফটক থেকে একটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার সকাল ৯টার দিকে ফোর্স নিয়ে বোমাটি উদ্ধার করেন গাংনী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) স্বপন কুমার।

    গাংনী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) স্বপন কুমার জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাল টেপ দিয়ে মড়ানো বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিস্ক্রিয় করা হয়েছে।

    মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেন বলেন, তারেক রহমানের জন্মবার্ষিকীর কর্মসূচি ছিল। এ কর্মসূচি যাতে পালন না করতে পারি- এজন্য বাড়ির মূল গেটে বোমা রাখা হতে পারে।

    গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত বোমাটি কে বা কারা কি উদ্যেশে রেখেছিল তা তদন্ত করা হচ্ছে।

  • রংপুরে সংখ্যালঘুদের ওপর হামলার তদন্ত করবে বিএনপি: ফখরুল

    রংপুরে সংখ্যালঘুদের ওপর হামলার তদন্ত করবে বিএনপি: ফখরুল

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রংপুরে ঠাকুরপাড়ায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় দলটির পক্ষ থেকে তদন্ত দল গঠন করা হবে। সোমবার সকালে পাগলাপীরে হামলা-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হিন্দু অধ্যুষিত ঠাকুরপাড়া পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

    এসময় ফখরুল ইসলাম আলমগীর বলেন, রংপুরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। তবে ওই তদন্তের কাজে এমন কাউকে নিয়োগ করা যাবে না, যারা সরকার প্রভাবিত। বিএনপি সবসময় চায় দেশের মানুষ শান্তিতে থাকুক।

    তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেই বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। পরিসংখ্যান খুঁজলে সেটিই দেখা যাবে।

    এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেনসহ স্থানীয় ও দলের কেন্দ্রীয় নেতারা।

    উল্লেখ্য, গত ১০ নভেম্বর ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুর সদরের ঠাকুরপাড়া এলাকায় হিন্দুদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটে। এতে কয়েকটি হিন্দু পরিবারের ১৮টি ঘর ভস্মীভূত হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাবিবুর রহমান নামে একজন নিহত হন।

    পুলিশসহ আহত হন আরো ৩০ জন।

  • হাসান আলীর তাণ্ডবে অসহায় ঢাকা ডাইনামাইটস

    হাসান আলীর তাণ্ডবে অসহায় ঢাকা ডাইনামাইটস

    ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে বল হাতে আগুন ঝরালেন হাসান আলী। একাই ধসিয়ে দিলেন ঢাকাকে।

    তার বোলিং তাণ্ডবে তারকাবহুল শক্তিশালী ঢাকা থেমে গেল ১২৮ রানে। হাসান আলি একাই তুলে নেন ৫ উইকেট।

    শুরুতেই ঢাকা ডাইনামাইটসের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পাকিস্তানি পেসার। তার তৃতীয় শিকার মোসাদ্দেক হোসেন হন সরাসরি বোল্ড। এটি ইনিংসের ১৬তম ওভারের ঘটনা। ইনিংসের ১৮ তম ওভারে আবারও জোরা আঘাত হানেন হাসান আলি।

    বিপিএলে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা হাসান আলির বোলিং ফিগার দেখলেই বোঝা যায় আসলেই তাণ্ডব চালিয়েছেন তিনি। ৩.৩ ওভার বল করে মাত্র ২০ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৫ টি উইকেট।

  • বরিশালে তারেক রহমানের জন্মদিন পালন করলো মহানগর যুবদল

    বরিশালে তারেক রহমানের জন্মদিন পালন করলো মহানগর যুবদল

    শেখ সুমন :

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) এর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তিপ্পান্নতম জন্মদিন পালন করলো বরিশাল মহানগর যুবদল ।আজ সকাল এগারোটার সময় বরিশাল সদর রোডের বরিশাল মহানগর কার্যালয়ের সামনে কেক কেটে জন্মদিন পালন করা হয় ।

    এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের সভাপতি: আক্তারুজ্জামান শামিম,সহ-সভাপতি :কামরুজ্জামান রতন,সাধারণ সম্পাদক :মাসুদ আল মামুন,সাংগঠনিক সম্পাদক :ফিরোজ আমিন পলাশ সহ প্রমুখ নেতৃ বৃন্দ।এসময় তারা তারেক রহমানের সুযোগ স্বাস্থ্য কামনা করেন।

  • যুবরত্ন সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর জন্মদিনে দোয়া মোনাজাতের আয়োজন

    যুবরত্ন সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর জন্মদিনে দোয়া মোনাজাতের আয়োজন

    শেখ সুমন :

    বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর জন্মদিনে দোয়া মোনাজাত ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

    বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি মিয়া মো: বাহউদ্দিন জাহাঙ্গীর এর সার্বিক ব্যাবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হয় দোয়া মোনাজাতের ।দোয়া অনুষ্ঠানের শেষে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় ।

    এসময় বরিশাল বাসীর প্রানের মানুষ সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ যেন আজীবন মানুষের সেবা করতে পারে এ জন্য আল্লাহ্ এর কাছে দোয়া প্রার্থনা করা হয়

  • প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রে উত্তর লিখে দিলেন শিক্ষকরা!

    প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রে উত্তর লিখে দিলেন শিক্ষকরা!

    পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে উপজেলার ৬৩ নং দক্ষিণ ঘোষের টিকিকাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রশ্নপত্রে উত্তর লিখে দিয়েছেন শিক্ষকরা।

    বিয়ষটি নিয়ে কেন্দ্র পরিদর্শক ও শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তাকে ম্যানেজ করে কেন্দ্রসচিব ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে টিক, ছক মিলানো, রিঅ্যারেঞ্জসহ অধিকাংশ উত্তর লিখে দেন।

    রোববার দেখা যায়, ওই পরীক্ষা কেন্দ্রের ১২টি বিদ্যালয়ের ২২৯ জন শিক্ষার্থীর অধিকাংশের প্রশ্নে উত্তর লেখা দেখা যায়। এই কেন্দ্রের সচিব ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল মিয়া বলেন, শিক্ষার্থীরা নিজেরাই প্রশ্নপত্রে উত্তর লিখে নিয়েছে।

    কেন্দ্রর দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা হেমায়েত উদ্দিন প্রশ্নে লেখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীরা বাসায় মিলানোর জন্য প্রশ্নপত্রে টিক দিয়েছে। এদিকে, প্রশ্নপত্র ফাঁস ও দায়িত্বে অবহেলার কারণে ১০২ নং গুলিসাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রসচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার মিত্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, প্রশ্নপত্রে উত্তর লেখা বেআইনি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।