Blog

  • ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

    ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

    ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।প্রকাশিত ফলে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাশের হার ২৪ শতাংশ।

    সোমবার বিকালে এনটিআরসিএ ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

    গত ১২ ও ১৩ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    এর আগে গত ১৫ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। ১৫ মে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়।

    স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে মোট পাশ করেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পাশের হার ছিল ৩৫ দশমিক ৮০ শতাংশ।

  • পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

    পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

    জাতিসংঘের এনভায়রনমেন্ট অ্যাসেম্বলির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০৩০ সাল পর্যন্ত একবার ব্যবহার্য পলিথিন ও প্লাস্টিক নিষিদ্ধে সময় চান ব্যবসায়ীরা।

    সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং, রোল ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা যৌথ সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

    লিখিত বক্তৃতায় বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সামিম আহমেদ বলেন, গত ২৭ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৭টি একবার ব্যবহার্য প্লাস্টিকের একটি তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করেছে।

    তিনি বলেন, সে অনুযায়ী একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করার প্রচেষ্টা চলছে। ফলে প্লাস্টিক সেক্টরের ব্যবসা বাণিজ্য এবং লিংকেজ হিসেবে অন্যান্য সেক্টরের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই আইনের কারণে শিল্প বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং বাজারে নেগেটিভ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    এ সময় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী আয়োডিনযুক্ত লবণ প্লাস্টিক ছাড়া মোড়কীকরণ সম্ভব নয় উল্লেখ করে সামিম আহমেদ বলেন, অন্য কোনো পণ্য দিয়ে মোড়কীকরণ করা হলে তার গুণগত মান থাকবে না।

    এছাড়া বর্তমান সরকার ভোজ্য তেলের সঙ্গে ভিটামিন এ যুক্ত করতে চায়, যা প্লাস্টিক কন্টেইনার ছাড়া সম্ভব নয়। তরল দুধ প্লাস্টিক প্যাকেজিং ছাড়া বাজারজাত সম্ভব নয়। কারণ ইউভি লাইট সুরক্ষা না থাকলে দুধ নষ্ট হয়ে যায়। ওষুধের গুণগত মান রক্ষায়ও প্লাস্টিক প্যাকেজিং ছাড়া কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

    সামিম আহমেদ বলেন, ইউএনইএ রেজ্যুলেশনে প্লাস্টিককে বর্তমান আধুনিক মানব সভ্যতায় তার ভূমিকা এবং অবদান লিপিবদ্ধ করেছেন এবং স্বীকৃতি দিয়েছেন। আইএনসি প্লাস্টিক দুষণ প্রতিরোধে চলমান আলোচনায়ও প্লাস্টিক বন্ধ করার কথা বলা হয়নি।

    ২০০২ সালের পলিথিন ব্যাগ নিষিদ্ধের আইন বাস্তবায়নযোগ্য করার জন্য বিকল্প ব্যাগসমূহের মূল্য সহনীয় পর্যায়ে নেওয়ার ব্যবস্থা করার পরামর্শ দেন সামিম আহমেদ।

    প্লাস্টিক বন্ধে অর্থনৈতিক প্রভাব কী হবে তা বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিডা, এফবিসিসিআই এবং অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ারও অনুরোধ জানান তিনি।

    এ সময় জাতিসংঘের ইনভায়রনমেন্ট এসেম্বলির একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার বন্ধের সিদ্ধান্ত অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত পণ্যটি বন্ধে সময় নিতে সরকারের প্রতি আহবান জানান সামিম আহাম্মেদ।

    এছাড়া একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারের তালিকায় এমন কিছু পণ্য আছে, যার সঙ্গে জড়িত লাখো লোকের কর্মসংস্থান উল্লেখ করে তিনি বলেন, ১৩ লাখ ক্ষুদ্র বিক্রেতার কর্মসংস্থানের সঙ্গে জড়িত। যেখান থেকে সরকারের কোষাগারে প্রতি বছর প্রায় ৪০,০০০ কোটি টাকা জমা হয় বলে তিনি জানান।

  • সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার

    সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার

    সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক গ্রেফতার হয়েছেন। সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

    তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসন থেকে ২০০১ সালের পর টানা সংসদ সদস্য নির্বাচিত হন।

    জুলাই-আগস্টে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতারা গ্রেফতার হচ্ছেন।

    তারই ধারাবাহিকতায় সোমবার গ্রেফতার হলেন আব্দুর রাজ্জাক।

    খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসমুক্ষে দেখা যায়নি।

  • গৃহবধূকে তুলে নিয়ে শ্যালক-ভগ্নিপতিসহ ৪ জন মিলে ধর্ষণ

    গৃহবধূকে তুলে নিয়ে শ্যালক-ভগ্নিপতিসহ ৪ জন মিলে ধর্ষণ

    নীলফামারীর ডিমলায় গৃহবধূকে ভগ্নিপতির বাড়িতে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে শ্যালক-দুলাভাইসহ ৪ জনের বিরুদ্ধে। রংপুর মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা শেষে ভিকটিম নিজেই বাদি হয়ে থানায় মামলা করেছেন।

    রোববার রাতে কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

    অভিযুক্তরা হলেন-পানিয়াল পুকুর দেওয়ানিপাড়া গ্রামের মাসুদের ছেলে সুমন (২৩) ও তার ভগ্নিপতি ডিমলা উপজেলার চাপানি খালুয়াটারী গ্রামের খলিলের ছেলে রব্বানী (২৫), সুমনের বন্ধু এজিজুলের ছেলে লিখন (১৯) ও আফজালের ছেলে মাজেদুল (২০)।

    মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে সুমনের বাড়ির পাশে ওই গৃহবধূর বিয়ে হয়। গত ৬ অক্টোবর পানিয়াল পুকুর কাচারীর বাজারে তাদের দেখা হয়। সুমন কৌশলে তাকে মোটরসাইকেলে করে তার ভগ্নিপতির বাড়ি ডিমলায় নিয়ে যায়।

    বোন বাড়িতে না থাকায় ভগ্নিপতি ও তার দুই বন্ধুসহ ৪ জন মিলে সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন সিএনজি চালিত অটোরিকশাযোগে ওই নারীকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে রংপুর মেডিকেলে চিকিৎসা শেষে শনিবার রাতে ভিকটিম থানায় অভিযোগ করেন।

  • এইচএসসির ফল প্রকাশ কাল, যেভাবে জানা যাবে

    এইচএসসির ফল প্রকাশ কাল, যেভাবে জানা যাবে

    চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে।

    বেলা ১১টায় সারা দেশের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবেন। এছাড়া ঘরে বসেও জানা যাবে ফল। নিচে এ বিষয়ে বিস্তারিত দেওয়া হল-

    প্রার্থীরা অনলাইনে বা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। এক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

    উদাহরণ—HSC DHA 123456 2024 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।

    এ ছাড়া, http://www.educationboardresults.gov.bd, http://www.eduboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রবেশ করে ফলাফল শিট ডাউনলোড করা যাবে।

    এবার এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। মোট পরীক্ষার্থী সাড়ে ১৪ লাখের মতো। সাতটি পরীক্ষা হওয়ার পর সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। তখন পর্যন্ত ছয়টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষাও বাকি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়।

    পরে সিদ্ধান্ত হয় যে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। যদিও তা হয়নি। সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও ঘেরাও করলে এবারের এইচএসসি বা সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।

    মাঝপথে বাতিল করা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে।

  • ট্রাফিক আইন লঙ্ঘন, রাজধানীতে একদিনে ৭৯৯ মামলা

    ট্রাফিক আইন লঙ্ঘন, রাজধানীতে একদিনে ৭৯৯ মামলা

    রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ৭৯৯টি মামলা এবং ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়াও অভিযানকালে ৫৩টি গাড়ি ডাম্পিং ও ২৯টি গাড়ি রেকার করা হয়েছে।

    রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে বলে জানানো হয়।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

  • সরকারি চাকরিতে প্রবেশে পুরুষের ৩৫, নারীর ৩৭ বছর করার সুপারিশ

    সরকারি চাকরিতে প্রবেশে পুরুষের ৩৫, নারীর ৩৭ বছর করার সুপারিশ

    সরকারি চাকরিতে প্রবেশে পুরুষের বয়স ৩৫ ও নারীদের ৩৭ করার সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি। তবে অবসরের বিষয়ে কোন সুপারিশ করা হয়নি।

    সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষের ৩৫ ও নারীদের ৩৭ বছর করার সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এখন উপদেষ্টা পরিষদে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

    আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, মেয়েদের একটু আলাদা করে বেশি বয়স দেওয়া হয়েছে। মেয়েদের আমরা এই কারণে দিয়েছি যে, মেয়েদের ছেলেদের মতো ওই বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না। ফ্যামিলি অব্লিগেশন্স থাকে, বিয়ে হয়ে যায়, বাচ্চা-কাচ্চা হয়। তাই তারা যেন আসতে পারেন। এছাড়া আমাদের নারী কর্মকর্তার সংখ্যা তুলনামূলক কম। কোটা আছে, কিন্তু অতটা ফুলফিল হয় না এখনো।

  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

    ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৩ জন।

    এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯৬ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৮২২ জন।

    বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

    স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৭৩৭ জন, বাকি ১ হাজার ৭৩৮ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

  • হিজবুল্লাহর রকেট হামলায় ২ ইসরাইলি নিহত

    হিজবুল্লাহর রকেট হামলায় ২ ইসরাইলি নিহত

    উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা শহরে চালানো হিজবুল্লাহর রকেট হামলায় দুই ইসরাইলি নিহত হয়েছেন।

    নিহতরা ছিলেন চল্লিশোর্ধ দম্পতি এবং বুধবার বিকালে তারা তাদের একটি কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন।

    ইসরাইলের অ্যাম্বুলেন্স পরিষেবা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

    ইসরাইলি সামরিক সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ কিরিয়াত শমোনা শহরের দিকে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, তারা একটি ‘শত্রু বাহিনীর সমাবেশ’কে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

    ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলার পর ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা পৌঁছান এবং আহতদের চিকিৎসা দেওয়া হয়।

    এদিকে রকেট হামলার ফলে শহরটির বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। ফায়ার এবং রেসকিউ সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের পাঁচটি দমকল দলের কাজ করছে। বিভিন্ন ভবনে আগুন লাগার কারণে পরিস্থিতি বেশ উদ্বেগজনক হয়ে উঠেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় শহরটির বেশিরভাগই খালি করা ছিল, তারপরেও কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এতে শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা নিরাপত্তার কারণে ঘরে থাকতে বাধ্য হচ্ছেন।

    ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

  • খাদ্যের মাধ্যমে শরীরে এন্টিবায়োটিক ঢুকে রেজিস্ট্যান্স হচ্ছে

    খাদ্যের মাধ্যমে শরীরে এন্টিবায়োটিক ঢুকে রেজিস্ট্যান্স হচ্ছে

    পোল্ট্রি মুরগিসহ বিভিন্ন খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে এন্টিবায়োটিক প্রবেশ করছে। যার ফলে চিকিৎসা করতে গিয়ে দেখা যাচ্ছে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। তাদেরকে চিকিৎসা করা কঠিন হয়ে পড়ছে। তাছাড়া কীটনাশক ব্যবহারের ফলে আমরা হয়তো কিছু ধান উৎপাদন বাড়াতে পেরেছি। কিন্তু অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে হাওর ও জলাশয়ের মাছ নিধন হয়ে হচ্ছে।

    বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান কৃষি, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

    ফরিদা আখতার নিজ মন্ত্রণালয়ের সমস্যার কথা তুলে ধরে বলেন, ডিমের কথা যদি আপনি বলেন তাহলে পোল্ট্রি ফার্ম। মুরগি এখন পোল্ট্রি হয়ে গেছে। এ কারণে মুরগি আর খাবার খায় না। তাকে ফিড খাওয়াতে হয়। এই ফিড আমেরিকা-ব্রাজিল থেকে আমদানি হয়ে আসে। যেগুলো ‘জেনিটিক্যালি মডিফাইড’।এগুলোতে এন্টিবায়োটিক ব্যবহার করে তারা। এসব ব্যবহারের কারণে যে পরিমাণ এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে এবং আপনারা যদি কোনো হাসপাতালে অসুখ নিয়ে ডাক্তারের কাছে যান, তাহলে দেখবেন একটা-দুইটা-তিনটা এন্টিবায়োটিক দিয়ে কোনো কাজ করছে না। এমনও ঘটনা ঘটেছে যে, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে এবং পঙ্গু হাসপাতালে। সেখানে ডাক্তারকে জিজ্ঞাসা করার পর বলছে, অনেকের ৮-৯টি এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। ওদেরকে চিকিৎসা করা কঠিন হয়ে যাচ্ছে।

    তিনি বলেন, ‘ভূমিদস্যু হাটাও ভূমিহীন বাঁচাও’- এটা যে কতটা প্রয়োজনীয় আন্দোলন, সেটা আমি এই মন্ত্রণালয়ে এসে জেলেদের জন্য কিছু কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি। সব জলাশয়গুলো দখল হয়ে যাচ্ছে। মৎস্যজীবী ও জেলেরা উৎখাত হয়ে যাচ্ছে। শুধুমাত্র ভূমিগুলো দখল হয়ে যাওয়ার কারণে। তারা যে জীবিকা নির্বাহ করবে তার কোনো সুযোগ নেই। এই (ভূমিহীন) আন্দোলনটি আমাদের হওয়া উচিত।

    তিনি বলেন, আমার খুব অবাক লাগে আগে কৃষি মন্ত্রণালয়ের অধীনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ছিল। তখন একসঙ্গে কাজ করা যেত। এখন ভাগ করে দেওয়া হয়েছে। আগে আধুনিক কৃষিতে দেদারছে কীটনাশক ও হাইব্রিড ব্যবহারের কারণে তারা হয়তো ধানের উৎপাদন কিছুটা বাড়াতে পেরেছে, বা দেখাচ্ছে। কিন্তু মাছ শেষ হয়ে যাচ্ছে শুধু কীটনাশক ব্যবহারের কারণে। হাওড়ে মাছ নেই। অথচ হাওর রীতিমতো মাছের আধার। এখানে শুধু মাছ নয়, চরাঞ্চলগুলো আমাদের গবাদি পশুর জায়গা, এখানে কীটনাশক ব্যবহারের কারণে এগুলো কিছু করা যাচ্ছে না। কাজেই কৃষিতে সংস্কার না আনতে পারলে আমি এখানে কাজ করতে পারব না।

    রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- এএল আরডির নির্বাহী শামসুল আলম, নাগরিক উদ্যোগের নির্বাহী জাকির হোসেন, শহীদুল আলম ও দিদারুল ভূইয়া প্রমুখ।