Blog

  • পিএসসির চেয়ারম্যান হলেন মোবাশ্বের মোনেম

    পিএসসির চেয়ারম্যান হলেন মোবাশ্বের মোনেম

    বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে ড. মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছে সরকার।

    আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

    এতে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ হতে ৫ বছর অথবা তার আগে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।

    প্রসঙ্গত, ড. মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক।

  • সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে হবে: জামায়াত

    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে হবে: জামায়াত

    রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। বুধবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাব’ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পক্ষে প্রস্তাবগুলো তুলে ধরা হয়৷

    আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

    যেখানে ১০টি ধাপে রয়েছে আইন ও বিচার, সংসদ বিষয়ক সংস্কার, নির্বাচনব্যবস্থা সংস্কার, আইনশৃঙ্খলা সংস্কার (পুলিশ বাহিনী ও র‌্যাব বিষয়ক সংস্কার, জনপ্রশাসন সংস্কার, দুর্নীতি, সংবিধান সংস্কার, শিক্ষা ও সংস্কৃতি সংস্কার, সংস্কৃতি সংস্কার, পররাষ্ট্র বিষয়ক সংস্কার ও ধর্ম মন্ত্রণালয় সংস্কার।

    জনপ্রশাসন সংস্কার প্রস্তাবে দলটি উল্লেখ করে-

    জনবল নিয়োগ, বদলি, পদায়নে তদবির, সুপারিশ ও দলীয় আনুগত্যের পরিবর্তে যোগ্যতা, দক্ষতা ও সততাকে প্রাধান্য দিতে হবে।
    যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত সময়ক্ষেপণ না করে যৌক্তিক সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
    সরকারি চাকরিতে আবেদন বিনামূল্যে করতে হবে।
    চাকরিতে আবেদনের বয়সসীমা আগামী ২ বছরের জন্য ৩৫ বছর ও পরবর্তী বয়সসীমা স্থায়ীভাবে ৩৩ বছর এবং অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে।
    চাকরির আবেদনে সকল ক্ষেত্রে বয়সসীমার বৈষম্য নিরসন করতে হবে।
    সকল সরকারি দপ্তরে দুর্নীতি নিরোধকল্পে বিশেষ ব্যবস্থা তৈরি করা যাতে করে কেউ দুর্নীতি করার সুযোগ না পায়। এ জন্য প্রয়োজনীয় মনিটরিং-এর ব্যবস্থা করতে হবে।
    চাকরিতে বিরাজমান আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে হবে।
    বিগত আওয়ামী সরকারের আমলে সরকারি চাকরিতে যারা প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি, জালিয়াতি ও দলীয় বিবেচনায় চাকরি পেয়েছে তাদের নিয়োগ বাতিল করতে হবে।
    এর আগে, অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রজনতার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ।

    সংস্কারের প্রস্তাবনা তুলে ধরে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জামায়াতের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে সংক্ষিপ্ত প্রস্তাব তুলে ধরা হয়েছে। রাষ্ট্র সংস্কারে দলের পক্ষ থেকে মূল ৪১টি প্রস্তাবনা রয়েছে।

  • হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

    হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

    র‍্যাবের সদ্য সাবেক মহাপরিচালক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদসহ তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

    বাকি দুই কর্মকর্তা হলেন- হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত ড. খ. মহিদ উদ্দিন।

    বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

    রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপন তিনটিতে সই করেন।

  • ঝালকাঠির চার থানার ওসিকে বদলি

    ঝালকাঠির চার থানার ওসিকে বদলি

    ঝালকাঠি জেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার ঢাকা পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখার এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ ইমরান।

    অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত দায়িত্বে) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় কর্মরত ৪২ জন পুলিশ পরিদর্শককে বদলির আদেশ দেওয়া হয়। এর মধ্যে ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম ও রাজাপুর থানার ওসি মু. আতাউর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এবং কাঁঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার ও নলছিটি থানার ওসি মো. মুরাদ আলীকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

  • আবুল হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    আবুল হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে এবং বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌরনদী আমলি আদালতে এ হত্যা মামলার আবেদন করা হয়।

    মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের নাজির ইলিয়াস বালী। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি হুমায়ুন কবির এবং সাবেক পুলিশ সুপার এহসান উল্লাহ প্রমুখ।

    এ বিষয়ে আদালতের নাজির ইলিয়াস বালী বলেন, সাবেক মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। অপরদিকে, আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

    একইসঙ্গে তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে। ব্যাংক হিসাব স্থগিত করা পরিবারের সদস্যরা হলেন, হাসানাত আবদুল্লাহর প্রয়াত স্ত্রী সাহান আরা আবদুল্লাহ, হাসানাতের তিন ছেলে- এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ, বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ,

    সাদিক আব্দুল্লাহর সহধর্মিণী লিপি আব্দুল্লাহ ও তাদের পরিবারের আরেক সদস্য ফিরোজা সুলতানা। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে হিসাব জব্দ করা হয়েছে।

  • চট্টগ্রাম বন্দর পরিচালনা বিদেশিদের হাতে দিলে প্রতিরোধের হুঁশিয়ারি

    চট্টগ্রাম বন্দর পরিচালনা বিদেশিদের হাতে দিলে প্রতিরোধের হুঁশিয়ারি

    চট্টগ্রাম বন্দর পরিচালনা বিদেশিদের হাতে দিলে প্রতিরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম।

    তিনি অভিযোগ করে বলেন, ‘চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রক্রিয়া আওয়ামী লীগ সরকার অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছিল। সেই প্রক্রিয়ায় দুর্নীতি করে লাভবান হতো আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের দোসরদের। কিন্তু সেই ফ্যাসিস্টের পতন হলেও এর প্রতিভূ যেন এখনো রয়ে গেছে।’

    মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন সেলিম।

    তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি একটি আয়বর্ধক টার্মিনাল। এতে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে যথেষ্ট বিনিয়োগ রয়েছে।টার্মিনালটি দেশীয় অপারেটর দ্বারা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে বিদেশি বিনিয়োগের কোনো প্রয়োজন নেই এবং বিনিয়োগের কোনো সুযোগও নেই। গত সরকারের আমলে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার পাঁয়তারা সৃষ্টি করেছিল। সরকার পরিবর্তনের পরেও পূর্বের ফ্যাসিবাদী সরকারের দোসররা কোনো একটি নির্দিষ্ট মহলের ওপর ভর করে টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্তে এখনো লিপ্ত আছে। এখান থেকে বর্তমান সরকারকে সরে আসতে হবে।’

    শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীরা বেকার হয়ে পড়বে এবং শ্রমিক অসন্তোসসহ বিভিন্ন জটিলতা সৃষ্টি হবে।’

    তিনি বলেন, ‘বতর্মানে চট্টগ্রাম বন্দর দেশীয় বার্থ অপারেটর ও টার্মিনাল অপারেটর দ্বারা অপারেশনাল কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাদের বন্দর পরিচালনায় দীর্ঘ ৩০-৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তাদের দেশীয় ও আন্তর্জাতিকমানের টার্মিনাল পরিচালনার সক্ষমতা রয়েছে। তাদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কোনোভাবেই অবজ্ঞা করার অবকাশ নেই।’

    বিএলডিপির মহাসচিব বলেন, ‘সম্প্রতি সরকারের পক্ষ থেকে বিদেশি একটি প্রতিষ্ঠানের কাছে নিউমুরিং কন্টেইনার টার্মিনালটি তুলে দেওয়ার ব্যাপারে আলোচনা করেছে অন্তবর্তীকালীন সরকার। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নই। তবে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে না দিয়ে অন্য জায়গায় বিদেশি বিনিয়োগের মাধ্যমে নতুন টার্মিনাল করতে পারে।’

    ‘দেশীয় প্রতিষ্ঠানকে লোকসানের মুখে রেখে, দেশীয় অপারেটরদের ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত করে কাকে লাভবান করতে চায় সরকার’- প্রশ্ন রেখে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকেই এনসিটি পরিচালনার ভার দিতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। এখন সেই সরকারের প্রতিনিধিত্ব করা হচ্ছে কি সেই একই প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে?’

    সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের প্রভাবে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হয়েছিল। তাতে লাভ হতো সালমানের। ফলে অবিলম্বে দেশবিরোধী এই চক্রান্ত থেকে সরে না এলে আমরা রাজনৈতিকভাবে কর্মসূচি দিতে বাধ্য হবো।’

  • গ্রেফতারের দুই দিন পরই কারামুক্ত সাবের হোসেন

    গ্রেফতারের দুই দিন পরই কারামুক্ত সাবের হোসেন

    বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া রাজধানীর পল্টন থানার দুই এবং খিলগাঁও থানার চার মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

    মঙ্গলবার বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলাদা দুই আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন। এরপর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আদালতের হাজতখানা থেকে মুক্তি পান তিনি।

    সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন বলেন, অসুস্থ থাকায় তাকে জামিন দিয়েছেন আদালত। অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবীরা বলেন, অসুস্থতার কথা বলে ম‍্যাজিকাল কারণে সাবের হোসেন চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে।

    এদিকে সোমবার বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির এক কর্মী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    এর আগে রোববার বিকালে রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করে।

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সবশেষ মন্ত্রিসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী। ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পান তিনি।

  • বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

    নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

    নিহতের বড় ভাই হিরন মিয়া জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন পাহাড়পুর সীমান্তে ভারতীয় সীমান্তের ২৫ গজ ভেতরে গিয়েছিলেন বলে কামাল হোসেনকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে। পরে বিএসএফ ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে করে কামালের মৃতদেহ তুলে নিয়ে যায়। যশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সঙ্গে মরদেহ আনার বিষয়ে যোগাযোগ করলে তিনি অপেক্ষা করতে বলেন। তবে এখনো পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়নি বলে জানান।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।

    এ ব্যাপারে জানতে চাইলে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা এখনো অবগত নই।

  • চেয়ারম্যানসহ পিএসসির ১২ সদস্যের পদত্যাগ

    চেয়ারম্যানসহ পিএসসির ১২ সদস্যের পদত্যাগ

    সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ সদস্য পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিকালে পিএসসির সচিবের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

    পিএসসি সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, পিএসসি চেয়ারম্যানসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা এসব পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দিয়েছি। বাকি তিনজন এখনো পদত্যাগপত্র জমা দেননি। তারা আগামীকালের (বুধবার) মধ্যে জমা দেবেন।

    পদত্যাগ করা সদস্যরা হলেন—সাবেক সিনিয়র সচিব ফয়েজ আহম্মদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক সিনিয়র সচিব কে এম আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন, এন সিদ্দিকা খানম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

    তবে ২ জন সদস্য এখনো পদত্যাগপত্র জমা দেননি। তারা হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক সচিব ও সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম।

    সোহরাব হোসাইন ২০২০ সালের ২১ সেপ্টেম্বর পিএসসির চেয়ারম্যান পদে যোগ দেন। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। কয়েক দিন ধরে পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

    সোহরাব হোসাইন চাকরিজীবনে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির বিগত চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের মেয়াদ শেষে সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যান হন।

  • তৃতীয় বিয়ের প্রশ্নে যা বললেন আরবাজ খান

    তৃতীয় বিয়ের প্রশ্নে যা বললেন আরবাজ খান

    অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে ১৯ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর থেকেই আরবাজ খানের ব্যক্তি জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েই চলছে। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের পর মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে তার নাম জড়ায়। তবে সে সম্পর্কও টেকেনি। ২০২৩ সালে অনেকটা হঠাৎ করেই মেক-আপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ।

    সম্প্রতি ইন্সটাগ্রামে ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে তাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, পরের বিয়ে কবে? সে প্রশ্নের বিপরীতে আরবাজের সোজাসাপ্টা জবাব, ‘বাস হো গায়া ভাই (আর না ভাই)।’

    অন্য এক প্রশ্নের জবাবে নিজের বর্তমান স্ত্রী শুরা খানের রান্নার প্রশংসা করেছেন আরবাজ। লিখেছেন, ‘সে খুব ভালো খাসির বিরিয়ানি রাঁধতে পারে।’

    এছাড়া ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বাবা সেলিম খান এবং ভাই সালমানকে প্রশংসায় ভাসিয়েছেন আরবাজ। বাবা সেলিম খানের সততা এবং ভাই সালমানের নিবেদন তাকে অনুপ্রেরণা জোগায়।