Blog

  • উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

    উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

    অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অংশ নেন।

    জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান প্রধান উপদেষ্টা। জাতিসংঘে ভাষণ এবং বিভিন্ন দেশ-আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে দেশে ফেরেন তিনি। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো আজ।

  • শেবাচিম হাসপাতাল পরিচালনায় সেনা কর্মকর্তা চান শিক্ষার্থীরা

    শেবাচিম হাসপাতাল পরিচালনায় সেনা কর্মকর্তা চান শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক হিসেবে সেনা কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন মাধ্যমে এ দাবি জানানোর পাশাপাশি মঙ্গলবার (১ অক্টোবর) এ নিয়ে সচিবালয়েও যান তারা।

    বুধবার কলেজ প্রাঙ্গণে গিয়ে দাবি সংবলিত পোস্টার এবং ব্যানার লাগানো দেখা যায়। মূলত হাসপাতালকে অনিয়ম-অব্যবস্থাপনার হাত থেকে রক্ষা করতেই এমন দাবি করছেন বলে জানিয়েছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হাসপাতাল পরিচালনার সঙ্গে জড়িত প্রশাসনের ঊধ্র্বতন কেউ।

    এর আগে গত রোববার ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (শেবাচিম) পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম পদত্যাগ করেন। এরপর থেকেই সংশ্লিষ্টদের মাঝে সেনাবাহিনী থেকে পরিচালক নিয়োগের দাবি উঠেছে।

    এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী আরাফাত রহমান বলেন, বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) কোনো শিশুর জন্ম হলে টাকা ছাড়া নবজাতকের মুখ দেখতে পারেন না বাবা-মা। প্রতিটি পদে পদে দালালদের টাকা দিতে হয় এবং একটা সিন্ডিকেট পরিচালকদের থেকে শুরু করে সবাইকে নিয়ন্ত্রণ করে। এই অবস্থা থেকে পরিত্রাণে সেনাবাহিনীর কোনো কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন শেবাচিমের মেডিক্যাল শিক্ষার্থীরা।

    তিনি আরো বলেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অবস্থা আমাদের চেয়েও খারাপ ছিল। সেখানে সেনবাহিনীর সদস্যকে দায়িত্ব দেবার পর সেবার মান আমূল পাল্টে গেছে। এমন উদাহরণ আরো আছে। তাই দক্ষিণাঞ্চলের সেবাপ্রত্যাশী কোটি মানুষের কথা চিন্তা করে একজন সেনাবাহিনীর একজন দক্ষ ব্যক্তিকে শেবাচিমে দেয়া উচিত।

    এমবিবিএস ৫ম ব্যাচের আরেক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিগত দিনগুলোতে দেখা গেছে যে চিকিৎসকেরা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে তারা সিন্ডিকেট নির্ভর হয়ে পরেছিলেন। সেসব সিন্ডিকেটের সঙ্গী হয়ে নানা অনিয়ম – বিতর্কের জন্ম দিলেও হাসপাতালের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে পারেন নি তারা। তাই আমরা এবার পরিচালক হিসেবে একজন সেনা কর্মকর্তাকে নিয়োগ দেবার দাবি জানাই।

    ইন্টার্ন চিকিৎসক ডা. হেদায়েত উল্লাহ জানান, হাসপাতালে বিগত দিনে যেমন অনিয়ম, দুর্নীতি এবং চিকিৎসকদের নিরাপত্তাহীনতার চিত্র দেখা গেছে তার পুনরাবৃত্তি কেউই চায় না। যেহেতু বাংলাদেশের বিভিন্ন সরকারি হাসপাতালে সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়োজিত করে চোখে পরার মতো উন্নয়ন ও সংস্কার হয়েছে তাই শেবাচিমেও একজন সেনা কর্মকর্তা নিয়োগের দাবি তাদের।

  • বরিশালে জোড়া খুনের ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি

    বরিশালে জোড়া খুনের ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি

    বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় জোড়া খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।

    বুধবার (২ অক্টোবর) দুপুরে সাতলা ইউনিয়নের শান্তিপ্রিয় জনগণের ব্যানারে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

    মানববন্ধনে নিহত ব্যবসায়ী ইদ্রিস হাওলাদারের ছেলে মো. নায়েব হাওলাদারের সহপাঠীরাও অংশগ্রহণ করেন।

    এ সময় তারা বলেন, হত্যার ঘটনায় যারা জড়িত তাদের অনেককেই এখনো আইনশৃঙ্খলা বাহিনী আইনের আওতায় আনতে পারেনি। সে সঙ্গে যাদের আনা হয়েছে, তাদের মধ্যে হত্যার সঙ্গে জড়িত দুই আসামিকে জামিনও দেওয়া হয়েছে।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান।

    চলতি বছরের গত ২৪ আগস্ট মধ্যরাতে উজিরপুর উপজেলার সাতলা বাজারের ব্যবসায়ী মো. ইদ্রিস হাওলাদার তার চাচাতো ভাই সাগর হাওলাদার (২৭) মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাবার পথে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে সংলগ্ন স্থানে কুপিয়ে জখম করে। গত ২৯ আগস্ট কয়েক হাজার এলাকাবাসী দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করে। নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী বাদী হয়ে ২৬ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

    জোড়া খুনের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি কিবরিয়া হাওলাদার ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেছেন, গত ১৭ মার্চ গভীর রাতে ইদ্রিস হাওলাদারের মালিকানাধীন মাছের ঘের জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের কারণে মুরগির খামার, পানি সেচ পাম্পে অগ্নিসংযোগের ঘটনায় ইদ্রিস হাওলাদার ও সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহীন হাওলদারের ও তার চাচাতো ভাই আসাদ হাওলাদারসহ ৪০-৪৫ জনের নামে মামলা করা হয়। তার প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে নিহতের স্বজনদের দাবি।

  • বরিশালে নানা আয়োজনে মহালয়া অনুষ্ঠিত

    বরিশালে নানা আয়োজনে মহালয়া অনুষ্ঠিত

    চণ্ডীপাঠ ও আগমনি গান পরিবেশনের মধ্য দিয়ে বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহালয়া অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

    বুধবার (২ অক্টোবর) সকাল ৬টায় বরিশাল নগরের স্ব-রোডের শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস মন্দিরে অগ্রগামী যুব সংঘের আয়োজনে মহালয়া উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৬টায় গীতাপাঠ ও উলুধ্বনির মাধ্যমে মহালয়ার সূচনা হয়।

    বিশ্বনাথ রায়ের চন্ডি পাঠের সঙ্গে আগমনি সংগীত পরিবেশন করেন মৈত্রী ঘরাই ও কমল ঘোষের নেতৃত্বে শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ গীতিনাট্য “মাতৃরূপেণ সংস্থিতা”পরিবেশন করে তিলকস গ্রুপ।

    শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস মন্দিরে সাধারণ সম্পাদক ভানু লাল দে জানান, বরিশালে শারদীয় উৎসব ছড়িয়ে দিতে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।ব্যতিক্রমী এ আয়োজন বরিশালে উৎসবে ভিন্ন মাত্রা বিরাজ করে।

    এছাড়াও বরিশাল নগরের শীতলা খোলা মন্দিরের আয়োজনে মহালয়া উৎসব অনুষ্ঠিত হয়।

    আশ্বিন মাসের শুক্লপক্ষ তিথিকে বলা হয় ‘দেবীপক্ষ’। হিন্দু শাস্ত্র অনুযায়ী এদিন কৈলাসের শ্বশুরালয় ছেড়ে সন্তানদের নিয়ে পৃথিবীতে আসেন দেবীদূর্গা। মণ্ডপে দুর্গাপূজার ক্ষণগণনাও শুরু হয় এদিন থেকে।

    আগামী ৮ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দেবীদূর্গা এবার দোলায় আগমন এবং ঘোটকে গমন।

    রাধা গোবিন্দ নিবাস পূজা উদ্‌যাপন পর্ষদের সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা জানান, মহালয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকেই শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে।

    সনাতন ধর্মাবলম্বীরা জানান, এবারের পূজা নিয়ে শঙ্কিত তারা। তবে দেবীর আগমনের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি ফিরে আসবে বলে বিশ্বাস তাদের।

    এ ছাড়াও বরিশাল নগরের বিভিন্ন মন্দিরে মহালয়া অনুষ্ঠিত হয়।

  • এবারও বরিশালের অধিনায়ক তামিম

    এবারও বরিশালের অধিনায়ক তামিম

    বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই অধিনায়কের নাম প্রকাশ করল ফরচুন বরিশাল। বরিশালের অধিনায়কের দায়িত্বে এবারও থাকছেন তামিম ইকবাল।

    ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন তামিম ইকবাল। তিনি শীঘ্রই মাঠে ফিরছেন, আর তা হতে পারে বিপিএল দিয়েই। মাঠে ফেরার আগেই তামিমকে আবারও অধিনায়ক ঘোষণা করল ফরচুন বরিশাল।

    বিপিএলের প্রথম চার মৌসুমের তিনটিতেই ছিল না বরিশালের ফ্র্যাঞ্চাইজি। আর ২০২২ সালে প্রথমবার বিপিএলে আসে ফরচুন বরিশাল। ২০২২ ও ২০২৩ বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে ২০২৪ সালে আস্থা রাখা হয় তামিমের উপর।

    তামিমের অধিনায়কত্বে প্রথম আসরেই শিরোপা জেতে ফ্র্যাঞ্চাইজিটি। তামিমের পাশাপাশি বরিশাল দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সৌম্য, মুশফিক ও মাহমুদউল্লাহর মতো ক্রিকেটাররা।

    এদিকে তামিমকে অধিনায়ক করার পাশাপাশি বরিশাল নতুন চুক্তি করেছে মুশফিকের সঙ্গে। এছাড়াও, বরিশাল তাদের দলে টানতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ইংল্যান্ডের ডেভিড মালানকে। আর পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফকে চুক্তি করিয়েছে দলটি।

    সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

  • আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে পিছিয়ে গেছেন বাবর

    আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে পিছিয়ে গেছেন বাবর

    পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম আইসিসির সবশেষ হালনাগাদে পিছিয়ে গেছেন। টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহ।

    বুধবার র‌্যাংকিংয়ের হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই হালনাগাদে এক ধাপ পিছিয়ে ১২তম স্থানে নেমে গেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম।তার রেটিং পয়েন্ট ৭১২। তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ান ৭২০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সপ্তম স্থানে আছেন।

    বাংলাদেশ দলের বিপক্ষে মঙ্গলবার শেষ হওয়া কানপুর টেস্টে ৬ উইকেট শিকার করে নিজের হারানো শীর্ষস্থান পূররুদ্ধার করেন ভারতীয় তারকা পেস বোলার বুমরাহ। তিনি ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে।

    বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের। মিরাজ চার ধাপ এগিয়ে ১৮তম পজিশনে। সাকিব পাঁচ ধাপ এগিয়ে ২৮তম স্থানে রয়েছেন।

    নিউজিল্যান্ডের বিপক্ষে গলে ৯ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা ৮০১ রেটিং পেয়েছেন প্রাবাথ জয়াসুরিয়া। একধাপ এগিয়ে এখন সাত নম্বরে আছেন শ্রীলঙ্কান এই বাঁহাতি স্পিনার।

    দুই ইনিংস মিলিয়ে ৭৬ রান করে ৬ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন বিরাট কোহলি। পিছিয়ে গেছেন রোহিত শার্মা, শুভমান গিল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা।

    গলে ক্যারিয়ার সেরা ১৮২ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন লংকান তারকা কামিন্দু মেন্ডিস। তার রেটিং এখন ৭১৬ পয়েন্ট। একই ম্যাচে সেঞ্চুরি করে দিনেশ চান্দিমাল ৬ ধাপ এগিয়ে উঠেছেন ২০ নম্বরে।

    ব্যাটসম্যানদের তালিকায় ৮৯৯ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ তারকা জো রুট।

    অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠেছেন মেহেদি হাসান মিরাজ। আগের মতোই এক নম্বরে ভারতীয় তারকা রবিন্দ্র জাদেজা।

  • সারিকা-ইমনের মায়া নিয়ে যা বললেন রায়হান রাফী

    সারিকা-ইমনের মায়া নিয়ে যা বললেন রায়হান রাফী

    ঢালিউডে বিঞ্জ ওটিটিতে মুক্তি পেয়েছে বিউটি ব্র্যান্ড লিলি নিবেদিত ওয়েব ফিল্ম ‘মায়া’।

    এটি পরিচালনা করেছেন ‘তুফান’খ্যাত নির্মাতা রায়হান রাফী। এ উপলক্ষ্যে গতকাল আড়ম্বপূর্ণ এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় রিমার্ক এইচবির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুকসহ লিলি টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন একঝাঁক বিনোদন জগতের তারকা।

    সেই সঙ্গে উপস্থিত ছিলেন এ ওয়েব ফিল্মের কেন্দ্রীয় অভিনেতা ইমন ও অভিনেত্রী সারিকা। এ ছাড়া ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি, রোকাইয়া জাহান চমকসহ অনেকেই। বিশেষ প্রদর্শনী শেষে মায়া নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন বিদ্যা সিনহা মিম, দীঘি।

    মায়ার অভিনেতা ইমন বলেন, এটি আমার প্রথম ওটিটি কন্টেন্ট। তাই আমার জন্য— মায়া সত্যিই মায়াময়। রায়হান রাফী তার অপূর্ব নির্মাণশৈলী দিয়ে এটি তৈরি করেছেন। আমি আশা রাখি মায়া দর্শকদের ভালোবাসায় একটি সুপারহিট ওটিটি কন্টেন্ট হিসেবে জায়গা করে নেবে।

    এ ওয়েব ফিল্ম ‘মায়া’ একটি পারিবারিক গল্পে আবর্ত। পরিবারের দাম্পত্য জীবনে নানান টানাপোড়েন নিয়ে এটি এগিয়ে যাবে। তার পরও অদ্ভূত এক মায়ায় দুজন মানুষ সংসারে মজে থাকে। সারাজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। এমন গল্পকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’।

    মূলত মাদক, নারীর সংগ্রাম, পারিবারিক টানাপোড়েনসহ সমাজের নানান বাস্তব ঘটনা কেন্দ্র করে নির্মিত হয়েছে ফিল্মটি। যাতে দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও অভিনেত্রী সারিকা সাবরিন। ওটিটির জন্য এটি নির্মাণ করেছেন রায়হান রাফী।

    এ ওয়েব ফিল্ম সম্পর্কে পরিচালক বলেন, এটা আমার একদমই অন্যরকম একটি ছবি। আপনারা জানেন— আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই। এটি তুফানের আগেই বানিয়েছিলাম। এটা বানানোর আগে চিন্তা করছিলাম এই সিনেমাতে আমি এমন দুজনকে কাস্ট করব, যারা একসময়ে বড় স্টার ছিল, অনেক জনপ্রিয় ছিল এবং এখনো কাজ করছে। চিন্তামতো ওই সময়ের একটা জনপ্রিয় জুটিকে নিয়েই কাজ করার চেষ্টা করেছি। তারা হলেন ইমন-সারিকা। তিনি বলেন, আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে নতুন করে আবিষ্কার করার। সেটা আমি করেছি। এখন বাকিটা দর্শক দেখে জানাবেন।

    রায়হান রাফী বলেন, যারা তুফান দেখেছেন, তারা মায়া দেখবেন। ওটিটির হলেও এটি দারুণ ও মানবিক গল্পের ছবি। যে গল্প দেখে কখনো আপনি আবেগপ্রবণ হবেন, আশপাশের অনেক কিছুর সঙ্গে মিল খুঁজে পাবেন।’

  • ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিত

    ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিত

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে আদালতের দেওয়া দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার।

    বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

    এতে বলা হয়, ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত দন্ডাদেশ

  • রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেবকের পরিচয় দেবে জামায়াত

    রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেবকের পরিচয় দেবে জামায়াত

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিজেদের জনগণের শাসক নয়, সেবক ও খাদেম পরিচয় দেবে জামায়াতে ইসলামী। জামায়াত কর্মীরা আজীবন সমাজকর্মী হয়ে থাকবে।

    বুধবার রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে চকবাজার থানা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেবে বলে ঘরে ঘরে মামলা আর লাশ দিয়েছে। জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণকেই হত্যা করেছে আওয়ামী লীগ। বিগত ১৫ বছর দেশের প্রতিটি নাগরিক কোনো না কোনোভাবে আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছে।

    আগামী নির্বাচন নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যারা বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তাদের বলব আওয়ামী লীগ নির্বাচন কবে চেয়েছে? ২০১৪ সালে একদলীয় নির্বাচন। ২০১৮ সালে রাতের ভোট, সবশেষ ২০২৪ সালে ডামি ভোট করা আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচন বিশ্বাস করে না। আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়, শুধু ভয় নয় চরম ভয় পায়। সে জন্য বিরোধী দলমত সহ্য করতে পারে না। বিরোধী দলমত দমন করে তারা চেয়েছে আজীবন ক্ষমতায় টিকে থাকতে। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েও টিকে থাকতে না পেরে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে গোষ্ঠীসহ দেশ থেকে পালিয়ে গেছে।

    নতুন বাংলাদেশকে আর কোন মাফিয়ার হাতে যেতে দেওয়া হবে না উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলদারমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজন আদর্শবান নেতৃত্বের। সেই নেতৃত্বে রয়েছে জামায়াতে ইসলামীর। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

    জামায়াত আমির বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব। দলমত ভিন্ন হতে পারে তবে জাতীর স্বার্থে এক হয়ে যাব। কোনো বিভাজন সহ্য করা হবে না। যারা বিভাজন সৃষ্টি করবে তারা জাতীয় শত্রু। নির্বাচনি রোডম্যাপের আগে সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানাই।

    চকবাজার থানা আমির আনিসুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. রফিকুল ইসলাম ও আবুল হোসেন রাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

  • দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

    দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

    দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

    সন্ধ্যা সাড়ে ৬টার পর দেওয়া ওই পোস্টে আজহারী বলেন, ‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।’

    আলাদা পোষ্টে মিজানুর রহমান আজহারীর মামা মোশারফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভুমি বাংলাদেশে’।

    এর আগে, গত ৬ আগস্ট শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

    নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরবো। আমি তাদের বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরবো। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শিগগির সাম্য, মানবিকতার মুক্ত-স্বাধীন, বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।

    ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। এরপর থেকে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি।

    তখন এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।’