Blog

  • জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টা

    জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টা

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে ডিসি নিয়োগে ঘুস লেনদেনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।এটি তদন্তের জন্য তিনজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

    দুর্গাপূজা উপলক্ষে নেওয়া কার্যক্রম বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা জানান সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

    উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান যে, অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে জনপ্রশাসন সচিব তদন্ত করেন। তার বিরুদ্ধে ওঠা ডিসি নিয়োগে ঘুস লেনদেনের অভিযোগ সরকার তদন্ত করবে কি না?

    জবাবে উপদেষ্টা শারমীন বলেন, ‘অবশ্যই আমরা এটার তদন্ত করব, সরকার (তদন্ত) করবে। কিন্তু এখানে দুটি জিনিস মিডিয়াকে মাথায় নিতে হবে।এটাও কিন্তু আমরা তলিয়ে দেখছি যে ক্লিপটা সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত হয়ে গেল, সেটা কতখানি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রডিউসড। সেটা কতখানি রিয়েল, কতখানি ফেক আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে এটার টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কী- সেটা জানার জন্য কেবিনেটে (উপদেষ্টা পরিষদে) কথা হয়েছে।’

    উপদেষ্টা বলেন, ‘সেটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে। আমরা অবশ্যই তদন্ত করব।’

    তিনি বলেন, ‘অত্যন্ত দায়িত্বশীল জায়গায় প্রতিষ্ঠিত কর্মকর্তাদের কোনো ধরনের দায়িত্বহীনতা মেনে নেওয়া যাবে না। এটাও আমাদের অনুশাসনের অধীনে আনতে হবে।এ বিষয়ে উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া হয়েছে।একটা কমিটি করে তারা এটা দেখবেন। তথ্যপ্রযুক্তি উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই তিনজনের কথা বলা হয়েছে, এর মানে এই নয় যে অন্যরা এতে যুক্ত হতে পারবেন না। একটি কমিটি করে এটা তদন্ত করা হবে।’

    আরেক প্রশ্নের জবাবে শারমীন এস মুরশিদ বলেন, ‘একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এ রকম কথা। এটি নিয়ে অবশ্যই আমরা উদ্বিগ্ন। এ কথাটা (ঘুস লেনদেনের অভিযোগ) কেন উঠল, এটার সূত্র কী, এটার কারণ কী- সেটা তলিয়ে (খতিয়ে) দেখতে হবে। আমরা তো এখন এনালগ যুগে নেই, এজন্য আমাদের বাড়তি কষ্টটা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যেটাই আসছে, আমরা লাফ দিয়ে ধরে নিতে পারছি না- এটাই সত্য। আমাদের এটাকে যাচাই করতে হয়।’

  • সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে: আসিফ নজরুল

    সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে: আসিফ নজরুল

    সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে এবং নাগরিক সুরক্ষা আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    বৃহস্পতিবার বিকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    এর আগে গত ৩০ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সাইবার আইনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    একইসঙ্গে এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানিয়েছে আইন মন্ত্রণালয়।

    এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ হাজার ৮১৮টি মামলা চলমান রয়েছে।

    এ ছাড়া বর্তমানে ‘স্পিচ অফেন্স’ সম্পর্কিত এক হাজার ৩৪০টি মামলা চলমান। এরমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে ২৭৫টি মামলা চলমান। এসব মামলার মধ্যে ৪৬১টি মামলা তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন এবং ৮৭৯টি মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন।

  • আমিরাতের শপিং সেন্টারে দেখা মিলল শামীম ওসমানের

    আমিরাতের শপিং সেন্টারে দেখা মিলল শামীম ওসমানের

    ভারতের নিজাম উদ্দিন আউলিয়ার মাজারের এবার সংযুক্ত আরব আমিরাতে দেখা মিলল নারায়ণগঞ্জের আলোচিত সাবেক এমপি শামীম ওসমানের। মঙ্গলবার (১ অক্টোবর) আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে। রাত ৯টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা।

    এ সময় তার সঙ্গে বোরকা পরিহিত দুজন নারীকেও দেখা যায়। তাদের তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ভারতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধেছেন তারা।

    প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানান, আইফোন ১৬ প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন।

    এর আগে সম্প্রতি দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় দেখা গেছে শামীম ওসমানকে। সরকার পতনের পর দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের এই নেতা। সেখান থেকেই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি।

    শামীম ওসমান ও তার ভাই একেএম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে।

  • শপথ নিয়ে যে প্রত্যয় ব্যক্ত করলেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট

    শপথ নিয়ে যে প্রত্যয় ব্যক্ত করলেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট

    মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শাইনবাউম শপথ নিয়েছেন৷ আগামী ছয় বছরের জন্য মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন ক্লাউদিয়া৷ শপথে দেশে নারী অধিকার নিশ্চিত করা ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে নিরাপদ বিনিয়োগের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি৷

    অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে ক্লাউদিয়া বলেন, এখন পরিবর্তনের সময়, এবার নারীদের পালা৷ আমি একজন মা, দাদি, বিজ্ঞানী ও নারী এবং আজ থেকে মেক্সিকোর জনগণের ইচ্ছায় তাদের প্রেসিডেন্ট৷

    বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ বিনিয়োগের জায়গা হবে মেক্সিকো৷

    শাইনবাউমকে ১৯৮০ সালের পর সবচেয়ে বড় বাজেট ঘাটতি মোকাবেলা করতে হবে৷ বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ক্লাউদিয়া শাইনবাউমকে রাজস্ব আয় বাড়াতে অবশ্যই কর ব্যবস্থা পুনর্গঠন করতে হবে৷ তবে শাইনবাউম বলেছেন, তিনি কর আদায়ের ওপর জোর দেবেন৷

    তিনি বলেন, আমি সবার প্রেসিডেন্ট হব এবং আমি নিশ্চিত করব যেন আমি আমার অর্জিত জ্ঞান, শিক্ষা, শক্তি ও ইতিহাস এ দেশ ও দেশের জনগণের জন্য প্রয়োগ করতে পারি৷

  • ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজায় আরও ৯৯ জন ফিলিস্তিনি নিহত

    ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজায় আরও ৯৯ জন ফিলিস্তিনি নিহত

    ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজায় আরও ৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় মোট মৃতের সংখ্যা ৪১,৭৮৮ জনে পৌঁছেছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

    চলমান আক্রমণে ৯৬,৭৯৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলেও জানানো হয় মন্ত্রণালয়ের বিবৃতিতে।

    এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী ৮টি পরিবারের ওপর হামলা চালিয়ে ৯৯ জনকে হত্যা করেছে এবং ১৬৯ জনকে আহত করেছে। এখনও অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকে আছেন। তবে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরাইল গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।

    এই আক্রমণের ফলে গাজার প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে।

    ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

  • ইরানের হামলায় ইসরাইলি বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ

    ইরানের হামলায় ইসরাইলি বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ

    ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের দক্ষিণাঞ্চলে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

    গত মঙ্গলবার রাতের এ হামলা ইরানের ‘অপারেশন ট্রু প্রমিস-২’ এর অংশ হিসেবে চালানো হয়। যা ইসরাইলের ওপর চালানো সাম্প্রতিককালের সবচেয়ে বড় ধরনের আক্রমণ।

    হামলার পর স্যাটেলাইট চিত্রে দেখা যায়, নেভাতিম ঘাঁটির মূল রানওয়ের পাশে সারিবদ্ধ ভবনগুলোর একটির ছাদে বড় আকারের গর্ত সৃষ্টি হয়েছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

    নেভাতিম বিমান ঘাঁটিটি মূলত ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে এফ-৩৫ যুদ্ধবিমান, গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহৃত এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (AEW&C) বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম রাখা ছিল।

    নেভাতিম ঘাঁটিতে ইসরাইলের কৌশলগত এয়ার কমান্ডের সদর দপ্তরও রয়েছে। এটি ইসরাইলি বিমানবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি। এছাড়া ইসরাইলি প্রেসিডেন্টের ‘উইং অব জায়ন’ বিমানও এই ঘাঁটিতে অবস্থান করে।

    ইরানের বিপ্লবী গার্ড কর্পস (IRGC) জানিয়েছে, তারা এই হামলায় যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে, তার ৯০ শতাংশই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

    ইরান জানিয়েছে, এই হামলাটি ছিল ইসরাইলি আক্রমণের প্রতিশোধ এবং এটি আন্তর্জাতিক আইন অনুযায়ীই বৈধ প্রতিরক্ষা অধিকার হিসেবে পরিচালিত হয়েছে।

    এদিকে ইসরাইলি নেভাতিম ঘাঁটি ছাড়াও হাটসারিম ঘাঁটি এবং তেল নফ ঘাঁটিতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে সিএনএন। এসব ঘাঁটিতে মূলত এফ-১৫ যুদ্ধবিমান রাখা ছিল।

    এছাড়াও মঙ্গলবার রাতে রাজধানী তেলআবিবে অবস্থিত মোসাদের সদর দপ্তরের কাছেও দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ভিডিও ফুটেজে দেখা গেছে।

    ইরানে এসব মিসাইল হামলায় ইসরাইলের সামরিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    ইরান দাবি করেছে, তারা তাদের মহান ভাই হিজবুল্লাহর নেতা ও মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবেই এ হামলা চালিয়েছে। সূত্র: আল-মায়াদিন

  • টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ

    টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ

    ‘বয়স ২৬ বছরেরও কম। তবে এই বয়সেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক ব্যক্তিকে মসনদ থেকে নামাতে তার ভূমিকা অনস্বীকার্য। সমাজবিজ্ঞান বিভাগের এই স্নাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ। অনেক প্রতিবাদী নেতার মধ্যে একজন তিনি। দেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলোর হাতে নির্যাতিত হওয়ার পরে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন।’

    নাহিদ ইসলাম সম্পর্কে ওয়েবসাইটে এভাবেই বর্ণনা করেছে টাইম ম্যাগাজিন। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে নিউইয়র্কভিত্তিক বিখ্যাত এই মার্কিন সাময়িকীটি। এবার সেই তালিকায় জায়গা করে নিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্বতম সমন্বয়ক ও সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

    শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন নাহিদ।

    টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে আরও লিখেছে, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে ‘জেন জি’র দুই উপদেষ্টার একজন নাহিদ। অন্যজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    টাইম বলছে, ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে।

    এ বিষয়ে নাহিদের ভাষ্য, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম– অবশ্যই তার অবসান হতে হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১০২২

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১০২২

    ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ২২ জন।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৭৭ জন। তাদের মধ্যে ৮৬ জন পুরুষ ও ৯১ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১২১ জন।

    বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। এই সময়ে ৯১৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

  • বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি: রাষ্ট্রদূত

    বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি: রাষ্ট্রদূত

    ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেছেন, ইতালি বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা এবং দেশটিতে আনুষ্ঠানিক অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করবে।

    বৃহস্পতিবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রদূত একথা বলেন।

    আলোচনায় ইতালিতে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশ সংস্কার প্রাধান্য পেয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পরে এ সাক্ষাৎ হলো।

    জাতিসংঘের বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে ইতালিতে বড় আকারে আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান। মেলোনি বলেন, উভয় দেশেরই অবৈধ অভিবাসন ঠেকাতে জোর প্রচেষ্টা চালানো উচিত। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের অভিবাসীদের রক্ষা করতে চাই। আমাদের আরও উন্নত নিয়মিত অভিবাসনের জন্য কাজ করতে হবে।’

    ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণসহ পুলিশ সংস্কারে ইতালির সহায়তার প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আমাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এ সহায়তা দিয়ে থাকে।’

    রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ‘শিগগিরই ঘুরে দাঁড়াবে’। তিনি বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার।

    তিনি জানান, ইতালি দূতাবাসও শিগগিরই একটি চলচ্চিত্র উৎসব ও একটি ব্যালে অনুষ্ঠানের আয়োজন করবে।

  • ডিসি নিয়োগে ঘুস, সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

    ডিসি নিয়োগে ঘুস, সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং বিতর্কিত দুজন যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য।

    বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি জানায় তারা।

    বিবৃতিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেছস উর রহমান ও কয়েকজন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের অবিশ্বাস্য রকম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় সম্প্রতি যেসব তথ্যনির্ভর খবর পরিবেশিত হয়েছে; তা জেনে আমরা স্তম্ভিত ও উদ্বিগ্ন। তারা উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনের নেতৃত্বদানকারী কয়েকজন ‘সমন্বয়কারীর’ নাম ভাঙিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাদের এই অপকর্ম বর্তমান অন্তর্বর্তী সরকার, সমগ্র জনপ্রশাসন, দেশ ও জাতিকে গভীরভাবে হেয়প্রতিপন্ন করেছে। আমরা তাদের এ কুকর্মকে কখনই মেনে নিতে পারি না।

    বিবৃতিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য জানায়, আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেস উর রহমান ও দায়ী অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের চাকরি থেকে অপসারণপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি পূরণ না হলে আগামী রোববার (০৬ অক্টোবর) সকাল ৯টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ ঘোষণা করছি।

    প্রসঙ্গ, একটি জাতীয় পত্রিকায় আজ প্রকাশিত এক সংবাদ দাবি করা হয়, সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে ভয়াবহ কেলেঙ্কারি হয়েছে। এ নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম সরাসরি জড়িত। টাকা-পয়সার লেনদেন নিয়ে হোয়াটসঅ্যাপের কথোপকথনের কিছু তথ্যও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে। এর পরই আলোচনা শুরু হয় বিষয়টি নিয়ে। যদিও অভিযোগ অস্বীকার করে সংবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।