Blog

  • শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের বিবৃতি

    শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের বিবৃতি

    সাভারে পোশাক শ্রমিক নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    মঙ্গলবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

    তিনি বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শ্রমিক নিহতের এই ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দেশের মানুষের প্রত্যাশা ঐতিহাসিক গণবিপ্লবের পর বিনা বিচারে আর কোনো নাগরিকের মৃত্যু ঘটবে না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে এ জাতীয় ঘটনা আরও ধৈর্য ও সহনশীলতার সাথে মোকাবেলা করার এবং গুলি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

    বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ৩০ সেপ্টেম্বর সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর ত্রিপক্ষীয় মিটিং চলছিল। সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। পরে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করেন। শ্রমিকরা র‍্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে শ্রমিকরা আরও উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি চালায়। এ সময় ৫ জন শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত আরও ৩০ জন শ্রমিক আহত হন। গুলিবিদ্ধ ৫ জনকে উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর গুলিবিদ্ধ কাউসার হোসাইন খানকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আমি এ ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। সেই সাথে নিহত কাউসার হোসাইন খানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

    পৃথক আরেক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমান ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ভূমিকা পালন করেছেন। তিনি অকুতোভয় সৈনিক হিসেবে জালিম সরকারের অপশাসনের বিরুদ্ধে ক্ষুরধার লেখনীর মাধ্যমে জনগণকে সচেতন করেছেন। এতে তিনি সরকারের রোষানলে পড়ে অকথ্য জুলুম-নির্যাতনের শিকার হন এবং শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন। এমনকি তার সম্পাদনায় প্রকাশিত ‘আমার দেশ’ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি তিনি দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ২৯ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাঁকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে এটা জাতির জন্য খুবই লজ্জার বিষয়। তাকে জামিন না দেওয়ায় আমরা হতবাক ও বিস্মিত হয়েছি।

    তিনি বলেন, বিরোধীমত দমনের নামে জালিম সরকারের আমলে দেয়া প্রতিটি মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা জালিম হাসিনা সরকারের মিথ্যা, সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সকলেই জামিন পাবেন। সরকারের দায়ের করা এমনই একটি নিকৃষ্ট মিথ্যা মামলায় মাহমুদুর রহমান জামিন না পাওয়ায় আমরা হতাশ হয়েছি।

  • সেপ্টেম্বরে এলো সর্বোচ্চ রেমিট্যান্স

    সেপ্টেম্বরে এলো সর্বোচ্চ রেমিট্যান্স

    চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই মাসে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ হাজার ৮৫৬ কোটি ৪০ লাখ টাকা।

    মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। অন্যদিকে আগস্টে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ডলার। সে হিসাবে সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এ মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২ লাখ ডলার।

    আগের বছরের (২০২৩ সাল) সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছিল ১৩৩ কোটি ডলার। আর চলতি বছরের (২০২৪ সাল) সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০৭ কোটি ডলার। সেই হিসাবে এই সময়ের মধ্যে রেমিট্যান্স বেড়েছে ৮২ দশমিক ২০ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, সেপ্টেম্বরে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৫ কোটি ৩ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ১০ হাজার ডলার।

    এর আগে গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার। যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম ছিল।

  • পাথরঘাটায় জালে পেঁচানো অজগর সাপ উদ্ধার

    পাথরঘাটায় জালে পেঁচানো অজগর সাপ উদ্ধার

    ‎১৪ দিনের ব্যবধানে লোকালয় থেকে আবারও উদ্ধার হয়েছে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ। জালে পেঁচানো অবস্থায় সাপটিকে উদ্ধার করেছে বন বিভাগ।

    মঙ্গলবার (১ অক্টোবর) সকাল নয়টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বরের ভাবলাতলা এলাকা থেকে পাথরঘাটা বন বিভাগের সদস্যরা সাপটিকে উদ্ধার করে।

    ‎এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকেও জালে পেঁচানো অবস্থায় একটি সাপ উদ্ধার করা হয়েছিল। ১৪ দিনের ব্যবধানে পৌরসভায় দুটি সাপ উদ্ধার হওয়ায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে।

    ‎স্থানীয় ফারুক হোসেন বলেন, বাড়িতে সকাল ৭টার দিকে আমার স্ত্রী প্রথমে সাপটিকে জালে পেঁচানো অবস্থায় দেখতে পায়। তখন সাপটি ফোঁস ফোঁস করে শব্দ করতে থাকে। এসময় পার্শ্ববর্তী লোকজনকে জানালে তারা বন বিভাগকে জানায়।

    স্থানীয় ‎মনির হোসেন বলেন, হঠাৎ করে লোকালয় থেকে একের পর এক সাপ উদ্ধার হচ্ছে। ছোট ছোট শিশুদের নিয়ে ভয়ে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের।

    ‎বন বিভাগের কর্মী জহির হোসেন বলেন, সকালে মোবাইলে কর করে স্থানীয়রা একটি সাপ আটকা পড়ার কথা জানায়। পরে সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাপটি একটি অজগর। পরবর্তী কালে পাথরঘাটার একটি সংরক্ষিত বনে উদ্ধারকৃত অজগর সাপটিকে অবমুক্ত করা হয়।

    ‎পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সাপ জঙ্গল থেকে লোকালয় চলে আসছে।

    এর আগে ছোট ছোট সাপ ধরা পরলেও গত কিছুদিন ধরে পাথরঘাটায় বড় সাপ ধরা পড়ছে। এ নিয়ে জনমনে আতঙ্ক বাড়ছে। ‎বন বিভাগে লোকবল বৃদ্ধিসহ বন্যপ্রাণী উদ্ধারে প্রশিক্ষিত কর্মী নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।

  • একদফা দাবিতে বরিশালে নার্সদের কর্মবিরতি

    একদফা দাবিতে বরিশালে নার্সদের কর্মবিরতি

    একদফা দাবিতে বরিশালে কর্মবিরতি পালন করছেন নার্সরা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়।

    নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ বরিশাল মহানগর শাখার আহ্বায়ক মো. আলী আজগর বলেন, আমাদের একদফা দাবি হলো- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব প্রশাসন ক্যাডারদের প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দাবি আদায়ের লক্ষ্যে তিনদিনের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ বরিশাল মহানগর শাখার সদস্য সচিব মো. শাহা আলম বলেন, আমরা ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু সরকার আমাদের দাবির প্রতি কোনো প্রকার ইতিবাচক সাড়া না দেওয়ায় কেন্দ্রীয় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা শোষণ করে কর্মবিরতি পালন করা হচ্ছে।

  • হোয়াটসঅ্যাপের ক্যামেরায় নতুন ফিচার

    হোয়াটসঅ্যাপের ক্যামেরায় নতুন ফিচার

    সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী জনপ্রিয়। বার্তা বিনিময়ের পাশাপাশি অডিও ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার আনছে জনপ্রিয় এ অ্যাপটি।

    ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যবহারকারীদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপের ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণের সময় ব্যাকগ্রাউন্ড ও ইফেক্ট ব্যবহার করতে পারবেন। ফলে ব্যবহারকারীদের আর কোনো থার্ড পার্টির অ্যাপ ব্যবহার করতে হবে না। নতুন এ ফিচার গুগল প্লে স্টোরের বিটা প্রোগ্রামের মাধ্যমে চালু করা হবে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডের (২.২৪. ২০.২০) সংস্করণের এসব ফিচার দেখা গেছে।

    নতুন ফিচারে ক্যামেরায় ফিলটার হিসেবে রয়েছে- ওয়ার্ম, কুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। আর ব্যাকগ্রাউন্ড হিসেবে রয়েছে, ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মশ, বিচ, সানসেট, সেলিব্রেশস ও ফরেস্ট। ফিলটার ও ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে বা একইসঙ্গে ব্যবহার করা যাবে। নতুন কম আলোতে ভালো ছবি তোলার জন্য হোয়াটসঅ্যাপে ‘লো লাইট মোড’ যুক্ত করা হয়েছে।

  • শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সমন্বয়ে জবিতে কমিটি

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছয় শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সমন্বয়ের মাধ্যমে সুরাহা করার জন্য বিশ্ববিদ্যালয়টিতে এই কমিটি গঠন করা হয়।

    কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দীনকে আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হককে সদস্যসচিব করা হয়েছে।

    মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

    আদেশে বলা হয়, এ কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট সব বিষয়াদি সমন্বয় করবে। জকসু গঠনের আইনগত দিক পর্যালোচনা করে চূড়ান্ত নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (সেন্ট্রাল) অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ কমিটি প্রয়োজনে নিজ তত্ত্বাবধানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।

    কমিটির অন্য সদস্যরা হলেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শরমীন, ছাত্রকল্যাণ পরিচালক ড. রিফাত হাসান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন আহমেদ ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন।

  • কঠিন কাজ পূর্ণ ও সহজ হওয়ার দোয়া

    কঠিন কাজ পূর্ণ ও সহজ হওয়ার দোয়া

    দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সা. আমাদের দোয়া শিখিয়েছেন। এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন।

    যেকোনো কাজে চেষ্টা-প্রচেষ্টা উপলক্ষমাত্র। কাজ সম্পাদনের এবং তা কঠিন বা সহজ করে দেওয়া আল্লাহর কুদরতের অধীন। আল্লাহ তাআলা চাইলে কারো কঠিন কাজ সহজ করে দেন এবং তিনি ইচ্ছা করলে সহজ কাজও কঠিন হয়ে যায়।

    তাই মুসা (আ.) আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন, ‘আর (হে আল্লাহ) আমার কাজ সহজ করে দাও।’ (সুরা ত্বহা: ২৬)

    এ কারণে ছোট-বড় যে কোনো কাজ করার পর আল্লাহতায়ালার কাছে তাওফিক চেয়ে দোয়া করা। অসখ্য হাদিসে নেক কাজের তাওফিক লাভের জন্য দোয়া করার কথা বর্ণিত হয়েছে।

    এই তাওফিক লাভের দোয়ায় কঠিন কাজ সহজ হওয়ার একটি উপায়। অভিধানমতে, তাওফিক অর্থ ক্ষমতা, শক্তি ও সামর্থ্য। কিন্তু ইসলামের পরিভাষায় তাওফিক হলো, খারাপ কাজের পথ রুদ্ধ করা এবং ভালো কাজের পথ সহজ করা। (আল-মুজামুল ওয়াসিত)

    কাজ পূর্ণ হওয়ার বিষয়ে পবিত্র কুরআনে বর্ণিত একটি দোয়া ব্যাপক কার্যকরী। দোয়াটি হলো-

    رَبَّـنَـا تَـقَـبَّـلْ مِـنَّـا اِنَّـكَ اَنْـتَ السَّـمِـيْـعُ الْـعَـلِـمُ وَتُـبْ عَـلَـيْـنَـا اِنَّـكَ اَنْـتَ الـتَّـوَّابُ الرَّحِـيْـمُ

    উচ্চারণ: রাব্বানা তাক্বাব্বাল মিন্না ইন্নাকা আংতাস্ সামী‘ঊল ‘আলীম। ওয়াতুব্ ‘আলাইনা, ইন্নাকা আন্তাত্ তাওয়্যা-বুর রাহিম।

    অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদের এ কাজকে তুমি কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত; এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও। তুমিতো অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।

    কঠিন কাজ সহজ হওয়ার বিষয়ে হাদিসের বিখ্যাত গ্রন্থ ইবনে হিব্বানে একটি দোয়া এসেছে।

    اللهم لا سهل الا ماجعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا

    উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাঝনা ইজা শিতা সাহলান।

    অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ২৪২৭)

  • পাকিস্তান ক্রিকেটের নির্বাচক কমিটি থেকে সরে গেলেন ইউসুফ

    পাকিস্তান ক্রিকেটের নির্বাচক কমিটি থেকে সরে গেলেন ইউসুফ

    কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফকে জাতীয় দলের নির্বাচক কমিটিতে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি); কিন্তু দায়িত্ব থেকে হঠাৎই সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পিসিবি।

    ইউসুফের ওপর দায়িত্ব শুধু একটা নয়। হাই পারফরম্যান্স দলের ব্যাটিং কোচের দায়িত্বও ছিল তার ওপর। মূলত সেই দায়িত্বটা ভালোভাবে পালনের লক্ষ্যেই তিনি সরে দাঁড়িয়েছেন নির্বাচকের পদ থেকে।

    পিসিবির বিবৃতিতে বলা হয়, নির্বাচক কমিটির সদস্য হিসেবে তার অমূল্য অবদানের জন্য পিসিবি মোহাম্মদ ইউসুফের প্রতি কৃতজ্ঞ। ইউসুফ পিসিবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকবেন। তার অভিজ্ঞতা আর জ্ঞান তিনি কাজে লাগাবেন হাইপারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচের দায়িত্বে।

    পেশাদার ক্রিকেট থেকে অবসরের পর মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। তার অধীনে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল পাকিস্তান।

    মোহাম্মদ ইউসুফ পাকিস্তান দলে অভিষের পর একের পর এক দারুণ পারফরম্যান্সে নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে যান। ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর তিনি পাকিস্তানের মুসলিম ক্রিকেটারদের চরিত্র-মাধুর্য্যে মুগ্ধ হয়ে নিজের খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হন।

    ৫০ বছর বয়সি এই সাবেক তারকা ক্রিকেটার পাকিস্তানের হয়ে ২৮৮টি ওয়ানডে, ৯০টি টেস্ট আর ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। ব্যাট হাতে ৩৯টি সেঞ্চুরি আর ৯৭টি ফিফটির সাহায্যে ১৭ হাজার ৩০০ রান সংগ্রহ করেন।

  • আমিও যৌন হেনস্তার শিকার: ভূমি পেডনেকার

    আমিও যৌন হেনস্তার শিকার: ভূমি পেডনেকার

    ভারতীয় অভিনেত্রী ভূমি পেডনেকার অভিযোগ করে বলেছেন, আমিও যৌন হেনস্তার শিকার হয়েছি।

    সম্প্রতি কলকাতার আরজি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো ভারতে তোলপাড় শুরু হয়েছে। সেই ঘটনার পর থেকেই অনেক অভিনেত্রী ক্যারিয়ারের বিভিন্ন সময়ে যৌন হেনস্তার শিকারের ঘটনা প্রকাশ্যে আনছেন।

    যৌন হেনস্তা নিয়ে এবার মুখ খুলেন অভিনেত্রী ভূমি পেডনেকার। তিনি বলেছেন, যুগ যুগ ধরে চলে আসা অত্যাচারে জর্জরিত নারী। এক কথায় সেই সমস্যার সমাধান সম্ভব নয়; কিন্তু মেয়েদের এবার মুখ খুলতে হবে। মুখ বুজে সহ্য করার বদলে মুখ খুলতে হবে। জানাতে হবে তাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটে যাওয়া অত্যাচারের কথা। সমাজকে জানাতে হবে। তবেই সমাজকে পাশে পাবেন তারা।

    অভিনেত্রী বলেন, দেশের প্রত্যেকটি পরিবারের মেয়েরা কোনো না কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন। আমিও আক্রান্ত হয়েছি। দিনের পর দিন সেই ঘটনা মনের মধ্যে পুষে রেখেছি। যার ছাপ এবং চাপ পড়েছে জীবনযাত্রার ওপর যা কাম্য নয়।

    তিনি আরও বলেন, ঘর থেকেই পরিবর্তন শুরু হোক। নারী যেমন পুরুষকে সম্মান করবেন, তেমনই পুরুষও সম্মান করতে শিখুক নারীকে। তবেই লিঙ্গবৈষম্য দূর হবে। এখনকার শিশুরা যেন আগের তুলনায় অনেক বেশি অমানবিক। ওরা অনায়াসে কুকুরের লেজে বাজি বেঁধে জ্বালায়।

  • কোন শিক্ষায় বড় করছেন মেয়েকে, জানালেন ঐশ্বরিয়া

    কোন শিক্ষায় বড় করছেন মেয়েকে, জানালেন ঐশ্বরিয়া

    সম্প্রতি আবুধাবিতে কন্যাকে সঙ্গে নিয়েই একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের সাবেক বিশ্বসুন্দরীকে ঐশ্বরিয়া।

    সেই অনুষ্ঠানে উপস্থিত এক নারী সাংবাদিক ঐশ্বরিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সাংবাদিক জানতে চান মা হিসেবে ঐশ্বরিয়া তার সন্তানকে কী পরামর্শ দেন।

    অভিনেত্রী বলেন, ‘আপনিও (সাংবাদিক) কিন্তু একজন মা। আপনি সবচেয়ে ভালো বুঝবেন। আমরা সকলে মানুষ। বসে বসে পরস্পরকে এ নিয়ে পরামর্শ দিয়ে কোনো লাভ নেই। এর কোনো নিয়মাবলি নিয়ে আমাদের জন্ম হয় না। কোনো রকমের নিয়মকানুন হয় না।

    ঐশ্বরিয়া আরও বলেন, আপনি আপনার মতো করে নিজের সন্তানকে বড় করুন। আপনি নিজেই একজন অসাধারণ মা। আপনাকে ও আপনার মেয়ের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা।

    একই অনুষ্ঠানে আরও একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় ঐশ্বরিয়াকে। উত্তরে অভিনেত্রী বলেন, ও আমার মেয়ে। আমার সঙ্গে সব জায়গায় যেতে পারে।

    ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির সময়ে ঐশ্বরিয়ার প্রেমে পড়েছিলেন অভিষেক বচ্চন। ২০০৭ সালের ২০ এপ্রিল ধূমধাম করে বিয়ে করেন এই তারকা জুটি। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার কোলে আসে প্রথম সন্তান— আরাধ্যা বচ্চন।

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটে ঐশ্বরিয়া-অভিষেক বচ্চনের সুখের সংসারে নাকি চিড় ধরেছে!