Blog

  • এখনও যোগদান না করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে

    এখনও যোগদান না করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে

    পুলিশের যেসব সদস্য এখনও কাজে যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এখনও যোগদান করেনি তাদের আমরা পুলিশ বলব না। তাদের ক্রিমিনাল বলব। আমরা আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। দু’একদিনের মধ্যে আপনারা সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন।

    জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজ ছিল আইনশৃঙ্খলা উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভা। বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়েছে। আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি, এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে, সবচেয়ে ভালো হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। আশুলিয়ায় শিল্পকারখানায় যে ঝামেলা চলছে, তা নিয়েও কথা বলেছি। অস্ত্র উদ্ধার অভিযান ও মাদকের ব্যবহার রোধ নিয়েও বিস্তারিত কথা বলেছি। মিয়ানমার সীমান্ত নিয়েও আমরা কথা বলেছি।

    তিনি বলেন, পূজা নির্বিঘ্ন করতে যা যা পদক্ষেপ নেওয়ার, সবই নেব। আশা করব এবারের পূজা আগের বারের চেয়ে অনেক ভালো হবে। এজন্য সবার সাহায্য ও সহযোগিতা দরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি যেটা হয়েছে, সেটা সন্তোষজনক। যত দিন যাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

    উপদেষ্টা বলেন, এ ছাড়া বিভিন্ন মাজার ও দরগায় কীভাবে নিরাপত্তা দেওয়া যায়, তা নিয়ে বৈঠকে আমরা আলোচনা করেছি। বিশেষ করে গার্মেন্টস খাত নিয়ে আমরা কথা বলেছি।

    কতজন পুলিশ এখনও কাজে যোগ দেয়নি– জানতে চাইলে তিনি বলেন, ১৮৭ জনের মতো ছিল। পরে মনে হয় আর কেউ যোগদান করেননি। যারা যোগ দেননি, তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের আমরা পুলিশ বলব না, তাদের আমরা অপরাধী হিসেবে গণ্য করব।

  • বাংলাদেশকে হারাতে আড়াই দিনও লাগেনি ভারতের

    বাংলাদেশকে হারাতে আড়াই দিনও লাগেনি ভারতের

    টেস্ট ম্যাচ কিভাবে ক্ষণে ক্ষণে রং বদলায়, কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট দেখলে আরও স্পষ্ট বোঝা যাবে। গ্রিন পার্কে সব মিলে খেলা হয়নি আড়াই দিনও। তবু ভারত হেসেখেলে হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয়রা জিতেছে ২-০ ব্যবধানে।

    কানপুরে গতকাল চতুর্থ দিনে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালরা বেধড়ক পিটুনি দিয়েছিলেন বাংলাদেশের বোলারদের। ওভারপ্রতি ৮ এর বেশি রানরেটে ব্যাটিংয়ে টেস্ট ইতিহাসের অনেক রেকর্ড ওলটপালট করে দিয়েছিল ভারত। সেখানে আজ পঞ্চম দিনে তেমন আক্রমণাত্মক না হলেও স্বাগতিকেরা খেলেছে ওয়ানডে মেজাজে। ১৭.২ ওভারে ৩ উইকেটে করে ফেলে ৯৭ রান। ৭ উইকেটের এই জয়ে তুলির শেষ আচড় দিয়েছেন ঋষভ পন্ত।

    ৯৫ রানের লক্ষ্যে নেমে প্রথম ২ ওভারে ১৮ রান করে ফেলে ভারত। তৃতীয় ওভারের প্রথম বলে মেহেদী হাসান মিরাজকে স্লগ সুইপ করতে যান রোহিত শর্মা। ঠিকমতো টাইমিং না হওয়া বল লং লেগে সহজেই তালুবন্দী করেন হাসান মাহমুদ। ভারতীয় অধিনায়ক ৭ বলে করেছেন ৮ রান। তিনে ব্যাটিংয়ে নামেন শুবমান গিল। তিনি অবশ্য চড়াও হওয়ার সুযোগ পাননি। পঞ্চম ওভারের পঞ্চম বলে গিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। গিলও আউট হয়েছেন এক অঙ্কের ঘরে (৬ রান)।

    রোহিত-গিলের বিদায়ে ভারতের স্কোর হয়ে যায় ৪.৫ ওভারে ২ উইকেটে ৩৪ রান। দ্রুত ২ উইকেট হারালেও বাংলাদেশের বোলারদের জেঁকে বসতে দেননি জয়সওয়াল। পাল্টা আক্রমণে দ্বিতীয় ইনিংসে ৪৩ বলে তুলে নিয়েছেন ফিফটি। ভারতীয় এই ব্যাটারের টেস্টে এটা সপ্তম ফিফটি।

  • সাগর-রুনি হত্যা: রাষ্ট্রপক্ষকে সহায়তার অনুমতি পেলেন ৯ আইনজীবী

    সাগর-রুনি হত্যা: রাষ্ট্রপক্ষকে সহায়তার অনুমতি পেলেন ৯ আইনজীবী

    সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় বাদীর ব্যক্তিগত খরচে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরসহ ৯ আইনজীবীকে মামলা পরিচালনা করার আনুমতি দিয়েছেন আদালত।

    মঙ্গলবার মামলার বাদী রুনির ভাই নওশের আলী রোমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার একই আদালতে এ মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার জন্য ৯ আইনজীবীকে নিয়োগের আবেদন করেন বাদী। শুনানি শেষে আদালত বাদীর উপস্থিতিতে এ বিষয় শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

    আবেদনে বলা হয়, মামলার ভিকটিম সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে অজ্ঞাতপরিচয়ের আসামিরা ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করে। মামলাটি দীর্ঘ ১২ বছর তদন্ত চলামান থাকলেও কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। আবেদনে আরও বলা হয়, দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পরও মামলায় কোনো প্রকার অগ্রগতি নেই। মামলাটি দ্রুত নিষ্পত্তির ও ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটরকে সহায়তার জন্য বাদী পক্ষে নিজ খরচে আইনজীবী নিয়োগ করা আব্যশ্যক।

    শিশির মনির ছাড়া অন্য আইনজীবীরা হলেন-অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, মিজানুল হক, মোস্তফা জামাল, আবু রাসেল, মহিউদ্দিন, আব্দুল্লাহ আল ফারুক, ইকবাল হোসেন ও মোত্তাকিন হোসাইন।

    আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অন্য আসামিরা হলেন— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

    ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

    এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

    দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। সেই থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি।

  • কাল থেকে টানা ৪ দিন বৃষ্টির আভাস

    কাল থেকে টানা ৪ দিন বৃষ্টির আভাস

    সারাদেশে টানা চার দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল থেকে সারাদেশে টানা বৃষ্টি শুরু হবে, যা ৪ তারিখ পর্যন্ত চলবে।

    আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকাসহ চট্টগ্রাম বিভাগ এমনকি সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সর্বোচ্চ ৭০ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা বেশি।

    আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, মৌসুমি বায়ু প্রবাহের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিবাগত রাত থেকে দেশের সিলেট বিভাগে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। সেই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগে কোথাও-কোথাও ভারী, আবার কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে সিলেটে, ১১৩ মিলিমিটার। এসময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলায়, ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

    মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    তবে পরদিন বুধবার সারা দেশেই বৃষ্টিসহ ১ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

    এ মাসের শুরুতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। আজ আবহাওয়া অফিস সূত্র জানাচ্ছে, বৃষ্টি হতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। গত আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে ৪৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল।

  • সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেফতার

    সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেফতার

    মৌলভীবাজার পৌর শহর থেকে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. লাবু তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।

    সোমবার বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সোনাপুর এলাকার আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়ার বাসা থেকে র‌্যাব তাদের গ্রেফতার করে র‌্যাব।

    সূত্র যায়, সাবেক সংসদ সদস্য হেনরি ও তার স্বামী লাবু কয়েক দিন যাবত গোপনে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাসায় আশ্রয় নিয়েছিলেন। এই দম্পতির পরিকল্পনা ছিল মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়া।

    র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুননবী গ্রেফতারের সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।

  • এক যুগেও সাগর-রুনি হত্যার তদন্ত শেষ না হওয়া দুঃখজনক: হাইকোর্ট

    এক যুগেও সাগর-রুনি হত্যার তদন্ত শেষ না হওয়া দুঃখজনক: হাইকোর্ট

    সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত দীর্ঘদিনেও শেষ না হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ১২ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া শুধু তার পরিবারের জন্য না, সমগ্র জাতির জন্য দুঃখজনক। বিচার বিভাগের জন্যও এটা কষ্টের কারণ।

    রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিকালে সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। বাদীপক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির শুনানি করেন। রিটের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন।

    শুনানি শেষে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠন করতে বলা হয়। টাস্কফোর্স গঠনের পর ৬ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

    হাইকোর্ট বলেছেন, আশা করি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে এবং তদন্তের জন্য দেওয়া এবারের ছয় মাস, মানে ছয় মাস।

    গত ২৯ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যার ঘটনায় করা মামলায় সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে নিয়োগ দেওয়া হয়। পরে মামলার বাদী নওশের রোমান সাংবাদিকদের এ তথ্য দেন।

    নিয়োগের বিষয়ে আইনজীবী শিশির মনির বলেছিলেন, আমরা সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচনে কাজ শুরু করবো। এর অংশ হিসেবে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে খুবই দ্রুত মিটিং করবো। একইসঙ্গে হত্যার রহস্য উন্মোচনে নিম্ন আদালত ও উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাবো।

    সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ১১৩ বার সময় বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৫ অক্টোবর দিন ধার্য রয়েছে।

    ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।

  • আশুলিয়ায় শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৫

    আশুলিয়ায় শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৫

    শিল্পাঞ্চলের আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে কাউসার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া চারজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ শ্রমিক আহত হয়েছেন।

    বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ৫টি গাড়ি ভাঙচুর করেছেন। এ ঘটনায় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমসহ যৌথ বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন।

    সোমবার দুপুর ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকার মণ্ডল গ্রুপের কারখানার সামনে এ ঘটনা ঘটে।

    নিহত ওই শ্রমিকের নাম কাউসার হোসাইন খান (২৭)। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাঙ্গো টেক্স লিমিটেড কারখানার শ্রমিক। দুপুর ২টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেলে কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ আলী।

    গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শিল্পাঞ্চলে শ্রমিক হতাহতের ঘটনা এটাই প্রথম।

    প্রাথমিকভাবে আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুজনের নাম জানা গেছে। তারা হলেন- ন্যাচারাল ডেনিমসের শ্রমিক হাবীব ও ন্যাচারাল ইন্ডিগো কারখানার শ্রমিক নাজমুল হাসান। আহত অন্যান্যদের নাম-পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধ দুজন শ্রমিককে পিএমকে হাসপাতাল ও দুজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শ্রমিকরা জানান, সকালে মণ্ডল গ্রুপের শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্রিপক্ষীয় মিটিং চলছিল। এ সময় সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। পরে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করেন। শ্রমিকরা র‍্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে শ্রমিকরা আরও উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি চালায়। এ সময় ৫ জন শ্রমিক গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনাম মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক কাউসার হোসাইন খানকে মৃত ঘোষণা করেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।

    এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, আমাদের হাসপাতালে গুলিবিদ্ধ তিনজনকে আনা হয়। এদের মধ্যে কাউসার মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে।

    ন্যাচারাল ডেনিমসের শ্রমিক সুমন বলেন, সকালে তাদের কারখানায় সবাই কাজ করছিল। তাদের কারখানায় কোনো ধরনের আন্দোলন হয়নি। তবে মণ্ডল গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে আন্দোলন শুরু করলে তাদের শ্রমিকরা সংহতি জানিয়ে মণ্ডল গ্রুপের কারখানার সামনে যান। সেখানে আরও কয়েকটি কারখানার শ্রমিকরা যোগ দেন। এ সময় শ্রমিকদের ওপর লাঠিচার্জ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে গুলি ছুড়লে ৫ জন গুলিবিদ্ধ হন। পরে আমি তাদের মধ্যে দুজনকে হাসপাতালে নিয়ে আসি। এছাড়া প্রায় ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    পিএমকে হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার নাজিম উদ্দিন বলেন, আমাদের হাসপাতালে ৪ জন শ্রমিককে আহত অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে দুজনের পায়ে গুলি লেগেছে। তাদের চিকিৎসা চলছে।

    এ ব্যাপারে ন্যাচারাল ডেনিম কারখানার এইচআর অ্যাডমিন সবুজ হাওলাদার বলেন, আমাদের কারখানায় কোনো সমস্যা ছিল না। সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছিল। হঠাৎ শ্রমিকদের কাছে গুজব আসে পাশের মণ্ডল গার্মেন্টসের শ্রমিক মারা গেছেন। এটা শুনেই সব শ্রমিক একসঙ্গে কারখানা থেকে বেরিয়ে মণ্ডল গার্মেন্টসের সামনে চলে যান। পরে ওখানে কী ঘটেছে আমার জানা নেই।

    এ বিষয়ে মোবাইল ফোনে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    এদিকে সকালের দিকে পুলিশ জানায়, সোমবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবরোধ করে এই বিক্ষোভ শুরু করে বার্ডস গ্রুপের শ্রমিকরা। ২৮ আগস্ট থেকে আশুলিয়ার বুড়িবাজার এলাকার বার্ডস গ্রুপ বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। সোমবার শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা করেনি। এরই প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরোধের কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে সড়কের যান চলাচল।

    শিল্পাঞ্চল আশুলিয়ায় সোমবার খোলা দেখা গেছে অধিকাংশ তৈরি পোশাক কারখানা। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি, ও সাধারণ ছুটির কারণে ৭টিসহ মোট ১৮টি কারখানা বন্ধ রয়েছে।

    শিল্প পুলিশ বলছে, যেকোনো ধরনের সহিংসতা এড়াতে, শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথবাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্মস পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা।

  • ধানের শীষের প্রচারণা শুরু, শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপির ৩ সংগঠন

    ধানের শীষের প্রচারণা শুরু, শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপির ৩ সংগঠন

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ‘রাজনৈতিক প্রাণ’ ফিরে পেয়েছে বিএনপি। সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে দলটি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টার্গেট সুস্থ ধারার রাজনীতি চর্চা। এজন্য দলের শৃঙ্খলা রক্ষায় জোর দিচ্ছেন দলের নেতারা। বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন সেজন্য মাঠে নেমেছে দলটির তিন অঙ্গ-সহযোগী সংগঠন। হাইকমান্ডের নির্দেশে নেতাকর্মীদের আরও জবাবদিহির আওতায় আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে যৌথ কর্মিসভা শুরু করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। একইসঙ্গে দলীয় প্রতীক ধানের শীষের প্রচার-প্রচারণায় নেমেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

    জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে লুটপাট ও দখলবাজির অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনায় বিব্রত বিএনপি হাইকমান্ড। এরই প্রেক্ষাপটে বহিষ্কারও হন কয়েকশ নেতাকর্মী। প্রথম থেকেই দুর্নীতি, লুটপাট, দখল ও নির্যাতন-নিপীড়নের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে বার্তা দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের জানমালের নিরাপত্তা ও দলীয়শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানও নেন তিনি। আগামী দিনগুলোতে দলীয় নেতাকর্মীদের আরও বেশি সতর্ক রাখা ও জবাবদিহির আওতায় আনতে এখন সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন শীর্ষ পর্যায়ের নেতারা। তারই প্রাথমিক অংশ হিসাবে সারা দেশে যৌথ কর্মিসভা শুরু করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। ভবিষৎ বাংলাদেশের রাজনীতি ও জনগণ নিয়ে তারেক রহমানের যে বার্তা তা দলীয় নেতাকর্মীদের মধ্যে পৌঁছে দেবেন সংগঠনের নেতারা।

    এদিকে শনিবার থেকে যৌথ কর্মিসভা শুরু করেছে জাতীয়তাবাদী দলের তিন সংগঠন। ‘আমরা যদি থাকি সৎ-দেশ সংস্কার সম্ভব’ স্লোগান নিয়ে সিলেট, চট্টগ্রাম ও ঝালকাঠিতে প্রথমদিন সভা করেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এছাড়াও আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ থাকা, সংগঠনকে শক্তিশালী করা, সাংগঠনিক কাঠামো যাচাই-বাছাই করা এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর বার্তা তৃণমূলে পৌঁছাবেন তারা। পাশাপাশি তৃণমূলের নেতা এবং বিএনপির কাছে সাধারণ জনগণের প্রত্যাশা কী, এ বিষয়েও জনগণের মতামত নেবেন তিন সংগঠনের শীর্ষ নেতারা। এদিকে আজ থেকে জেলায় দলের নির্বাচনি প্রতীক ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণ করবেন তারা। পর্যায়ক্রমে অন্যান্য জেলাও যৌথ কর্মিসভা ও লিফলেট বিতরণ করবে ৩ সংগঠন। তবে এবারের লিফলেটে শুধু ধানের শীষ প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ছাড়া কোনো লেখা কিংবা নেতার ছবি থাকছে না। নেতারা বলেন, যৌথ কর্মিসভার পরে সংশ্লিষ্ট জেলার থানা পর্যায়ে ধানের শীষ লিফলেট বিতরণ হবে। এর উদ্দেশ্য হচ্ছে-দলকে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ত করা। দেশ ও জনগণকে নিয়ে বিএনপির চিন্তাধারা গণমানুষের মধ্যে শেয়ার করা।

    এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন শনিবার বলেন, সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসাবেই মাঠে নেমেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড ও লক্ষ্য আগামী নির্বাচনের দিকে। এটাই গণতান্ত্রিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তিনি বলেন, এখন যারা সরকারে আসছেন, তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন। জনগণের অধিকার ও গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার। আশা করি, যত দ্রুত সম্ভব এই সরকার নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নেবে। সেজন্যে আমার এই সরকারকে সমর্থন দিয়েছি, এখনো দিচ্ছি এবং অতি দ্রুত নির্বাচনের দাবি করছি। সেই সঙ্গে আমাদের দল ও অঙ্গ-সংগঠন সাংগঠনিক ও নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে।

    বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, বিগত ১৫ বছরে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। তরুণ প্রজন্ম ভোটার হয়েও ভোট বিমুখ। অনেকেই ব্যালট পেপার কিংবা ব্যালটে ‘ধানের শীর্ষ’ প্রতীক দেখেননি। এখন বিএনপির টার্গেট তরুণ ভোটারদের উজ্জীবিত করে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে সুস্থ ধারার রাজনীতির চর্চা করা। গতানুগতিক রাজনীতির গুণগত পরিবর্তনেও জোর দিচ্ছেন বিএনপির নীতিনির্ধারকরা। এজন্য সারা দেশে নতুনভাবে সংগঠনিক শক্তি সঞ্চয়ে বিভিন্ন উপায়ে মাঠে নেমেছেন দলটির নেতারা। এছাড়াও রাজনৈতিক সংকট থেকে উত্তরণে নির্বাচনের বিকল্প দেখছেন না তারা।

    বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আগামী নির্বাচন খুবই গুরুত্বর্পূণ। নির্বাচনের দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকলেও বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিভিন্ন রাজনৈতিক দলগুলোও দ্রুত সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এজন্য সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি রয়েছে বিএনপির। ধানের শীষের লিফলেট এটা একটা নির্বাচনি প্রস্তুতির সংকেত।

    যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, আমরা প্রথমে বিভাগীয় কর্মসূচি করেছি, এখন জেলায় জেলায় যাচ্ছি। আমাদের নেতাকর্মীরা যাতে সংযত থাকে। মূলত কোনো বিশৃঙ্খলায় যাতে না জড়ান এবং প্ররোচিত হয়ে যাতে অপরাধ না করতে পারেন। শৃঙ্খলায় নেতাকর্মীদের সতর্ক করার পাশাপাশি রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসুক এটা আমরা চাই। আগে কোথাও গেলে শত শত মোটরসাইকেল, গাড়িবহর রিসিভ করত। যা সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হতো, জনভোগান্তি হতো। পরিবর্তিত পরিস্থিতিতে যাতে এসব না হয় সে বিষয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করছি। বিনা কারণে ব্যানার ফেস্টুন দিয়ে এলাকা ছেয়ে দেওয়া, পার্টি অফিস ঢেকে দেওয়ার যে প্রবণতা, আমরা সেখান থেকে বের হয়ে আসছি।

    স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, তিন সংগঠনের যৌথসভার মূল উদ্দেশ্য হচ্ছে-রাজনীতি সম্পর্কে নেতাকর্মীদের আগে যে ধারণা ছিল, সেই ধারণা অধিকাংশ ক্ষেত্রে সঠিক না। স্বাধীনতার মূল চেতনা-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে যে রাজনীতি দরকার, আমরা সেই রাজনীতি চর্চা করতে চাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতির যে দর্শন, সেই সম্পর্কে এই নতুন রাজনীতিতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ ও সচেতন করা হবে। যারা জনগণের মন জয় করতে পারবে, তারাই এই দেশে সুনামের সঙ্গে রাজনীতি করতে পারবে। তিনি বলেন, দলীয় শৃঙ্খলার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর নির্দেশনা আছে। ছোট কিংবা বড় কোনো অন্যায়কে বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠন ছাড় দেবে না।

    ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, যৌথ কর্মিসভায় নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা দেওয়া হবে। নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে। নির্বাচনের আগ পর্যন্ত যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এগুলো মোকাবিলা করে মাঠে থাকতে হবে। মাঠে দু-একটি বিশৃঙ্খলা ঘটছে, সেখান থেকে নেতাকর্মীরা যেন সচেতন থাকে, নিজেদের বিরত রাখে এবং অভ্যন্তরীণ বিভাজন না ঘটে, এসব বিষয়ে দলের নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে জনগণের প্রত্যাশার কথাগুলো বিএনপিকে অবহিত করা হবে।

  • ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী পুলিশ সদস্যের মৃত্যু

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী পুলিশ সদস্যের মৃত্যু

    খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য ফারজানা খাতুন নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফুটবল মাঠের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেল যোগে খুলনা থেকে ডুমুরিয়া আসার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হন নারী কনস্টেবল ফারজানা। তিনি ডুমুরিয়া থানায় কর্মরত ছিলেন। নিহত ফারজানা তার ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়াতে আসছিলেন। পথিমধ্যে রাস্তার মাঝে সৃষ্ট গর্তে পড়ে তিনি ছিটকে পড়েন। পরবর্তীতে পেছন থেকে আগত ডাম্পার ট্রাক (খুলনা মেট্রো- ১১-০৪৪৫) এর চাকায় পৃষ্ঠ হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা তার ভাই এবং ছেলে অক্ষত রয়েছেন বলে জানা যায়।

    এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এম.এ হক জানান, নিহতের লাশ ময়না তদন্তাধীন রয়েছে। ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও ট্রাকের ড্রাইভার এবং হেলপার পলাতক রয়েছে।

  • ২৩৩ রানে অলআউট বাংলাদেশ, মুমিনুলের একার ১০৭

    ২৩৩ রানে অলআউট বাংলাদেশ, মুমিনুলের একার ১০৭

    কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হল বাংলাদেশ। মুমিনুল হকের একার অপরাজিত ১০৭ রানের পরও চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাতে পারলো না সফরকারীরা।

    বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ এবং আলোক স্বল্পতার কারণে প্রথম দিনে ৩৫ ওভার পর বন্ধ হয়ে যায় খেলা। এরপর ভেজা আউটফিল্ডের কারণে টানা দুদিন পরিত্যক্ত হয়। আজ চতুর্থ দিন অবশেষে ব্যাটিংয়ে নামার সুযোগ পায় বাংলাদেশ। ৩ উইকেটে ১০৭ রান নিয়ে আজ ব্যাট করতে নেমে টাইগাররা গুটিয়ে গেছে ২৩৩ রানে। দিনের প্রথম সেশনে বাংলাদেশ হারায় মুশফিকুর রহিম, লিটন দাস এবং সাকিব আল হাসানের উইকেট।

    সতীর্থদের আসা যাওয়ার মিছিলের ভিড়ে একাই লড়েছেন মুমিনুল হক। লাঞ্চ বিরতির ঠিক আগে ১৭৬ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৩ তম সেঞ্চুরি। দ্বিতীয় সেশনে বাংলাদেশ হারায় একে একে মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদের উইকেট। ৭৪.২ ওভারে শেষ ব্যাটার হিসেবে রবীন্দ্র জাদেজার বলে আউট হন খালেদ আহমেদ। টেস্ট ক্যারিয়ারে এটি জাদেজার ৩০০ তম উইকেট।

    স্রােতের বিপরীতে একপ্রান্তে আগলে থাকা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মুমিনুল। ১৯৪ বলে ১৭ চার এবং ১ ছক্কায় এই বাঁহাতি ব্যাটারের ব্যাট থেকে আসে ১০৭ রান । ১৯৮৪ সালের পর কানপুরে এটি সফরকারী কোনো ব্যাটারের দ্বিতীয় কোনো সেঞ্চুরি। এর আগে ২০০৪ সালে এই ভেন্যুতে সেঞ্চুরি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল। আর ভারতের মাটিতে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন মুমিনুল। তার আগে ২০১৭ সালে ভারতের মাটিতে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম।

    বাংলাদেশ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। ৩০ এর গন্ডি পেরোতে পারেননি আর কেউ।

    বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল জশপ্রীত বুমরাহ। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন আকাশ দীপ, রবিচন্দ্রন অশ্বিন এবং মোহাম্মদ সিরাজ।